
গত বছরের সেপ্টেম্বরে জানা গিয়েছিল ভারতে শুটিং করছেন অভিনেতা আরিফিন শুভ। অনেকটা গোপনেই সেই শুটিং হয়। পরে জানা যায়, প্রথমবারের মতো বিদেশের ওয়েব সিরিজে নাম লেখাচ্ছেন বাংলাদেশের এই তারকা। এই সিরিজের নাম ‘জ্যাজ সিটি’। ভক্তদের আগ্রহ–জাগানো সিরিজটি আগামী ১৯ মার্চ মুক্তি পাবে।
ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে এটি মুক্তি পাবে। সনি লিভ কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজনৈতিক এই থ্রিলার ‘জ্যাজ সিটি’ মুক্তি পাবে হিন্দি ও ইংরেজি সংস্করণের পাশাপাশি বাংলায়। এটিই হবে প্ল্যাটফর্মটিতে মুক্তি পাওয়া প্রথম বাংলা ভাষার কোনো সিরিজ। এটি পরিচালনা করেছেন বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার ও নির্মাতা সৌমিক সেন।
সিরিজটিতে গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনয় করেছেন আরিফিন শুভ। তাঁকে দেখা যাবে জিমি রয় চরিত্রে। তাঁকে ঘিরেই কাহিনি আবর্তিত হয়েছে। এর আগে সিরিজটির প্রচারণায় প্রকাশ্যে আসে ২ মিনিট ৩০ সেকেন্ডের ভিডিও ক্লিপ। সেখানে আরিফিন শুভকে দেখা গেছে একাধিক ভিন্ন রূপে। কোথাও তিনি ধূসর রঙের স্যুটে মার্জিত ভঙ্গিতে, কোথাও আবার সাদা ঝকঝকে স্যুট পরে নৃত্যে মগ্ন। এর মধ্য দিয়ে ১৯৭০-এর দশকের আবহ ফুটে উঠেছে।
জিমি রয় চরিত্র আরিফিন শুভ অভিনয় করেছেন চারটি ভাষায়—বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি। সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিনেতা বলেন, ‘জ্যাজ সিটি একটি বহুমাত্রিক গল্প, যেখানে শুধু সংলাপ নয়, সংগীতও গল্প বলে। চরিত্রের অনুভূতি ও পরিস্থিতি সংলাপের বাইরে ফুটে ওঠে। সংগীত, সংলাপ আর নীরবতার সমন্বয়ে জ্যাজ সিটির পুরো আবহ অনুভব করা যাবে।’
এর আগে প্রকাশিত টিজারে দেখা গেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের পটভূমি নিয়েই এই সিরিজ। সেই সময়ের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা, মানুষের টানাপোড়েন এবং পরিবর্তনের গল্প উঠে এসেছে।
সিরিজটির পরিচালনা ছাড়াও গল্প ও চিত্রনাট্য লিখেছেন সৌমিক সেন। তিনি এর আগে আলোচিত ‘জুবিলি’ সিরিজ বানিয়ে প্রশংসিত হন। এই সিরিজে আরিফিন শুভর বিপরীতে দেখা যাবে সৌরসেনী মিত্রকে। আরও রয়েছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শাতাফ ফিগার, আলেকজান্দ্রা টেলর, অমিত সাহা প্রমুখ।

No comments:
Post a Comment