
যুক্তরাষ্ট্রকে ‘আলটিমেটামের ভাষা’ পরিহারের আহ্বান রাশিয়ার
ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রকে আলটিমেটাম বা হুমকির ভাষা পরিহার করার আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, সংঘাত না বাড়িয়ে ওয়াশিংটনের উচিত আলোচনার টেবিলে ফিরে আসা।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে লাভরভ আশা প্রকাশ করেন যে, যুদ্ধ প্রশমিত করার চলমান প্রচেষ্টাগুলো সফল হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি হুমকির ভাষা ত্যাগ করে পরিস্থিতিকে আলোচনার ধারায় ফিরিয়ে আনে, তবে তা সংকট সমাধানে সহায়ক হবে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, দুই দেশই জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ সব পক্ষকে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে, যা রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের অবশিষ্ট সুযোগগুলোকে নষ্ট করতে পারে।
সূত্র: আল–জাজিরা।
হরমুজ প্রণালিতে ড্রোন পাঠানোর কথা ভাবছে ব্রিটেন
বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে ইরানের আধিপত্য কমাতে সেখানে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর কথা ভাবছে ব্রিটেন।
এর আগে ওই অঞ্চলে তেলবাহী ট্যাংকারগুলোর সুরক্ষায় মিত্র দেশগুলোর যুদ্ধজাহাজ মোতায়েনের আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ‘নানা ধরনের বিকল্প’ খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, বিশ্বের মোট উত্তোলিত তেলের প্রায় ২০ শতাংশ প্রতিদিন এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়।
প্রথমবারের মতো ওই প্রস্তাবের খবর সামনে এনেছে দ্য সানডে টাইমস। সংবাদমাধ্যমটি জানায়, ব্রিটিশ রয়্যাল নেভির ‘মাইন অ্যান্ড থ্রেট এক্সপ্লোয়িটেশন গ্রুপ’ থেকে এসব ড্রোন মোতায়েন করা হতে পারে; যারা বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে।
তবে বর্তমানে ঠিক কতগুলো ড্রোন কার্যকর রয়েছে এবং এর মধ্যে কতটি মোতায়েন করা সম্ভব, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পত্রিকাটি।
এদিকে দ্য সানডে টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের জন্য বিশেষভাবে তৈরি করা ব্রিটিশ ইন্টারসেপ্টর ড্রোনগুলো ইরানের ‘শাহেদ’ ড্রোন প্রতিহত করতেও ব্যবহার করা হতে পারে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
আগের লাইভ দেখতে ক্লিক করুন:
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ইরানকে ড্রোন দিচ্ছে রাশিয়া: জেলেনস্কি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ব্যবহারের জন্য ইরানকে ‘শাহেদ’ ড্রোন সরবরাহ করছে রাশিয়া।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল শনিবার সাক্ষাৎকারের এই অংশটি প্রচারিত হয়।
সিএনএনের ফরিদ জাকারিয়াকে জেলেনস্কি বলেন, এটি ‘শতভাগ সত্য’ যে মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে ইরান রাশিয়ার তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে। এ
অঞ্চলের অন্যান্য দেশে চালানো হামলার সঙ্গেও শাহেদ ড্রোনের যোগসূত্র পাওয়া গেছে। তবে এসব ড্রোনের প্রস্তুতকারক কারা, তা সবসময় স্পষ্ট নয়।
মূলত ইরানই প্রথম এ শাহেদ ড্রোন তৈরি করে, যা ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক সাশ্রয়ী।
ইউক্রেনের দাবি, ২০২২ সালের শরৎকাল থেকে রাশিয়ার ইউক্রেন আক্রমণে এই ড্রোনের ব্যাপক ব্যবহার দেখা যায়। তখন থেকে রুশ বাহিনী হাজার হাজার শাহেদ ড্রোন উৎক্ষেপণ করেছে।
শুরুতে ইরান এসব ড্রোন সরবরাহ করলেও এখন রাশিয়া নিজেই শাহেদ ড্রোন তৈরি করছে। ইতিমধ্যে, মার্কিন সেনাবাহিনীসহ অন্য দেশের সশস্ত্র বাহিনীও শাহেদ ঘরানার ড্রোন গ্রহণ করেছে।
মার্কিন সামরিক বাহিনীর মতে, ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে এই ড্রোনগুলো ব্যবহার করা তাদের পরিকল্পনার অংশ।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানের অভ্যন্তর থেকে নিজেদের ভূখণ্ড লক্ষ্য করে কিছুক্ষণ আগে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।
সামাজিক যোগাযোগমাধ্যমে আজ রোববার দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, আকাশপথে আসা এ হুমকি মোকাবিলায় তাদের ‘প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়’ রয়েছে।
একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে নিজেদের নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
সিএনএন জানিয়েছে, ইসরায়েলের তেল আবিব শহরের বেশ কয়েকটি স্থানে গোলাবারুদ বা ক্ষেপণাস্ত্রের আঘাত হানার ঘটনা তদারকি করছে দেশটির পুলিশ। এক পুলিশ মুখপাত্র বলেছেন, ক্ষতিগ্রস্ত স্থানগুলো আলাদা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে পুলিশ সদস্য ও বোমা বিশেষজ্ঞ দল কাজ করছে।
তবে এখন পর্যন্ত এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।
মানামায় বিস্ফোরণ
বাহরাইনের রাজধানী মানামায় ভোরে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বাহরাইন কর্তৃপক্ষ দাবি করেছে, ইরানের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ১২৫টি ক্ষেপণাস্ত্র ও ২০৩টি ড্রোন প্রতিহত করেছে তারা। এসব হামলায় বাহরাইনে এ পর্যন্ত দুজন এবং পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোতে আরও ২৪ জন নিহত হয়েছেন।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইরাক ও কুয়েতে তিন মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের
ইসরায়েলের পাশাপাশি ইরাক ও কুয়েতে অবস্থিত তিনটি মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলে ‘অ্যাম্বুলেন্সের সাইরেনের অবিরাম শব্দ’ এবং হতাহতের সংখ্যা বৃদ্ধির বিষয়ে দেশটির কর্তৃপক্ষের স্বীকারোক্তিই বলে দিচ্ছে যে তেল আবিবের শিল্পাঞ্চলগুলোতে ইরানের ভারী ক্ষেপণাস্ত্রগুলো কতটা শক্তিশালী প্রভাব ফেলেছে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, ইরাকের ইরবিলে অবস্থিত হারির মার্কিন বিমানঘাঁটি এবং কুয়েতে মার্কিন সেনা মোতায়েন থাকা আলি আল সালেম ও আরিফজান ঘাঁটি ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতে ‘ধ্বংস’ হয়ে গেছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরানের ইসফাহানে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা, নিহত অন্তত ১৫
ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ ইসফাহানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরানি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার চেষ্টা ইসরায়েলের
নেতানিয়াহুকে হত্যার হুমকি দিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিশানা করার অঙ্গীকার করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আজ রোববার আইআরজিসির নিজস্ব ওয়েবসাইট ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত এক বিবৃতিতে নেতানিয়াহু সম্পর্কে বলা হয়, ‘আমরা পূর্ণ শক্তি দিয়ে তাঁকে ধাওয়া ও হত্যা করার প্রচেষ্টা চালিয়ে যাব।’
দুই সপ্তাহ আগে ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতনের ডাক দিয়ে দেশটির সঙ্গে এ যুদ্ধ শুরু করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর প্রথম দিন অর্থাৎ গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন দীর্ঘ ৩৭ বছর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্বে থাকা আয়াতুল্লাহ আলী খামেনি। তাঁর মৃত্যুর পর দ্বিতীয় পুত্র আয়াতুল্লাহ মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন।
চলতি সপ্তাহের শুরুর দিকে নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়েছিল, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ও হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেমের বিরুদ্ধে ইসরায়েল কী ব্যবস্থা নিতে পারে? জবাবে তিনি বলেছেন, ‘আমি এই ‘‘সন্ত্রাসী’’ নেতাদের কারোরই জীবনবিমার নিশ্চয়তা দেব না।’
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইসরায়েলে গত ২৪ ঘণ্টায় শতাধিক ব্যক্তি আহত
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে গত ২৪ ঘণ্টায় আহত ১০৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
দ্য টাইমস অব ইসরায়েল পত্রিকা থেকে এ তথ্য জানা গেছে।
পত্রিকাটি বলেছে, এ ১০৮ জনের আহত হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য মন্ত্রণালয় দেয়নি। তাঁদের মধ্যে কেউ কেউ ক্ষেপণাস্ত্র বা রকেট হামলার জেরে আশ্রয়কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে আহত হয়ে থাকতে পারেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে আজ রোববার সকাল পর্যন্ত মোট ৩ হাজার ১৯৫ জন ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে এখন ৮১ জন চিকিৎসাধীন রয়েছেন।
তথ্যসূত্র: আল–জাজিরা
যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ
সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটে দ্রুত দেশটি ছাড়ার জরুরি নির্দেশ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।
এক জরুরি নিরাপত্তা সতর্ক বার্তায় দূতাবাস জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। মার্কিন নাগরিকদের নিরাপত্তাই এখন প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং স্টেট ডিপার্টমেন্টের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।
তথ্যসূত্র: গালফ নিউজ
প্রতিবেশী দেশগুলোতে হামলার জন্য ‘শত্রু’ পক্ষকে দুষছে ইরান
মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের পাল্টা হামলা নিয়ে তীব্র উত্তেজনার মধ্যেই প্রতিবেশী দেশগুলোতে হামলার জন্য ‘শত্রু’ পক্ষকে দায়ী করেছে তেহরান।
ইরানের অভিযোগ, শত্রু পক্ষ তাদের ড্রোনের হুবহু নকল ব্যবহার করে এসব দেশগুলোতে হামলা চালাচ্ছে, যাতে এর দায় তেহরানের ওপর চাপানো যায়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির সামরিক বাহিনীর যৌথ কমান্ড থেকে এ অভিযোগ করা হয়েছে। তবে এর সপক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি। ইরান সাধারণত ‘শত্রু’ বলতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বুঝিয়ে থাকে।
দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে (মূলত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে) ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে পাল্টা জবাব দিচ্ছে ইরানি সামরিক বাহিনী। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলো।
সংযুক্ত আরব আমিরাত আজ রোববার সকালে একটি ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় বাহরাইনে বেজেছে সতর্ক সংকেত (সাইরেন)।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির রাজধানী রিয়াদ ও পূর্বাঞ্চলীয় এলাকায় তারা ১০টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে।
আজকের বিবৃতিতে ইরান কোনো প্রমাণ ছাড়া দাবি করেছে, তাদের তৈরি ‘শাহেদ-১৩৬’ ড্রোনের নকল (যা ‘লুকাস’ নামে পরিচিত) ব্যবহার করে তুরস্ক, ইরাক ও কুয়েতসহ এ অঞ্চলের বিভিন্ন দেশের ‘অপ্রাসঙ্গিক লক্ষ্যবস্তুতে’ আঘাত হানা হয়েছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে হামলার দাবি ইরানের
ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান।
ইরানের সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমে বলা হয়েছে, রোববার সকালে ইসরায়েলের ‘লাহাভ ৪৩৩’ বিশেষ পুলিশ ইউনিট সদর দপ্তর এবং গিলাত প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে লক্ষ্য করে ‘শক্তিশালী ড্রোন হামলা’ চালানো হয়েছে।
তবে বিবৃতিতে হামলার লক্ষ্যবস্তুর স্থান বা হামলার পরের পরিস্থিতি নিয়ে কোনো নির্দিষ্ট জানানো হয়।
সূত্র: আল–জাজিরা।
ইরানের হামলায় ইসরায়েলে দুজন আহত
ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত দুই ব্যক্তি আহত হয়েছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে দুই ব্যক্তি সামান্য আহত হয়েছে। ক্লাস্টার (গুচ্ছ) বোমার ওয়ারহেডযুক্ত একটি ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়। ইসরায়েলের আকাষশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই ক্ষেপণাস্ত্র প্রতিহত করলেও এলাত শহরসহ বেশ কিছু এলাকায় গুচ্ছ বোমা ছড়িয়ে পড়ে।
সূত্র: আল–জাজিরা।
‘এপস্টিনের গ্যাং’ ইরানের বিরুদ্ধে ‘৯/১১ এর মতো একটি ঘটনা’ সাজানোর ষড়যন্ত্র করছে: লারজানি
যুক্তরাষ্ট্র ৯/১১ এর মতো ভয়াবহ হামলার ঘটনা ঘটিয়ে তার দায় ইরানের ওপর চাপানোর ষড়যন্ত্র করছে বলে মনে করেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি। যুক্তরাষ্ট্রের নেতাদের নাম উল্লেখ না করে তিনি বলেছেন, ‘শুনেছি এপস্টিনের গ্যাং এর বাকি সদস্যরা ৯/১১ এর মতো একটি ঘটনা সৃষ্টি করে এর জন্য ইরানকে দায়ী করার ষড়যন্ত্র করেছে।’
লারিজানি আরও বলেন, ইরান এমন সন্ত্রাসী পরিকল্পনার বিরোধী এবং আমেরিকান জনগণের সঙ্গে তেহরানের কোনো যুদ্ধ নেই।
ইরানের বিরুদ্ধে যুদ্ধ এমন এক সময়ে শুরু করা হয়েছে, যখন মার্কিন সরকারের অনেক গোপন নথি প্রকাশ করা হচ্ছে। এসব নথি প্রয়াত ভয়ঙ্কর যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে ধনী ও ক্ষমতাবান ব্যক্তিদের সঙ্গে সম্পৃক্ততা প্রমাণ করে।
লারিজানি এখানে এপস্টিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, ব্যবসায়িক এবং সামাজিক অভিজাতদের সম্পর্কের দিকে ইঙ্গিত করেছেন।
এপস্টিনকে ‘ঘৃণ্য ব্যক্তি’ হিসেবে নিন্দা করেছিলেন ট্রাম্প।
উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট ১৯ ব্যক্তি চারটি উড়োজাহাজ ছিনতাই করে আত্মঘাতী হামলা চালান যুক্তরাষ্ট্রের তিনটি স্থানে। এর মধ্যে দুটি উড়োজাহাজ আঘাত হানে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইন টাওয়ারে। তৃতীয় উড়োজাহাজ ভার্জিনিয়ায় মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে ও চতুর্থটি পেনসিলভানিয়ায় আছড়ে পড়ে। ভয়াবহ হামলায় প্রাণ হারান প্রায় ৩ হাজার মানুষ। ‘নাইন-ইলেভেন’ নামে পরিচিত পায়।
সূত্র: আল–জাজিরা।
ইসরায়েলে রকেট হামলায় চারজন আহত
ইসরায়েলে রকেট হামলায় চারজন আহত হয়েছেন। দেশটির জাতীয় জরুরি পরিষেবা মাগেন ডেভিড এডম জানিয়েছে, ইসরায়েলের বিনেই ব্রাক এলাকায় একজন, রামাত গান এলাকায় একজন ও পেতাহ তিকভা এলাকায় দুজন আহত হয়েছেন।
সূত্র: আল–জাজিরা।
যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে, আশা মার্কিন জ্বালানিমন্ত্রীর
যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেছেন, তাঁর আশা, ইরানের সঙ্গে যুদ্ধ ‘পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে’ শেষ হবে।
ক্রিস রাইট বলেন, এই যুদ্ধ অবশ্যই পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে, এর চেয়ে আগেও শেষ হতে পারে। যুদ্ধ শেষ হওয়ার পর জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে ও দাম কমে যাবে।
এবিসি নিউজের অনুষ্ঠান ‘দিস উইক’ এ এসব কথা বলেন মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট।
সূত্র: আল–জাজিরা।
কুয়েতে ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা
কুয়েতে ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ইতালির সেনাবাহিনী জানিয়েছে, কুয়েতে ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ওই ঘাঁটি ব্যবহার করে ইতালি।
এই হামলার ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সূত্র: আল–জাজিরা।
কুয়েতে বিমানবন্দরে ড্রোন হামলা, ক্ষয়ক্ষতি
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তিনটি ড্রোন দিয়ে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালানো হয়েছে। এতে বিমানবন্দরের রাডার সিস্টেমে ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের সশস্ত্র বাহিনী অতিরিক্ত পাঁচটি ড্রোন ধ্বংস করেছে।
সূত্র: আল–জাজিরা।
বাগদাদ বিমানবন্দরের কাছে রকেট হামলায় আহত ৪
ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে রোববার রকেট হামলায় চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
নিরাপত্তা মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, বিমানবন্দর ও এর পার্শ্ববর্তী এলাকা লক্ষ্য করে পাঁচটি রকেট ছোড়া হয়। এতে চারজন আহত হয়েছেন।
তথ্যসূত্র : আল–জাজিরা
গাজার রাফা ক্রসিং খোলার ঘোষণা ইসরায়েলের ইসরায়েলি
সরকারি সংস্থা জানিয়েছে, আগামী ১৮ মার্চ থেকে রাফা ক্রসিং উভয়মুখী চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়া হবে। তবে এটি শুধু সীমিত পর্যায়ে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে গত ১ মার্চ রাফা ক্রসিং বন্ধ করে দেয় ইসরায়েল সরকার। এর আগে দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর ফেব্রুয়ারিতে এটি একবার খোলা হয়েছিল।
তথ্যসূত্র : আল–জাজিরা
৮৪ নাবিকের জানাজা বুধবার
মার্কিন সাবমেরিন হামলায় গত ৪ মার্চ ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘ আইআরআইএস ডেনা’র ৮৪ নাবিকের জানাজা ও শোকমিছিল আগামী বুধবার অনুষ্ঠিত হবে।
তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মধ্য তেহরানে এই শোকমিছিল অনুষ্ঠিত হবে।
এ ছাড়া মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বেশ কয়েকটি প্রধান চত্বরে বিদায় অনুষ্ঠানেরও পরিকল্পনা করা হয়েছে।
গত শুক্রবার শ্রীলঙ্কা জানায়, তারা ওই নাবিকদের মরদেহ তেহরানে পাঠাচ্ছে। আন্তর্জাতিক জলসীমায় নিরস্ত্র অবস্থায় থাকাকালে মার্কিন সাবমেরিনের টর্পেডো আঘাতে তাদের যুদ্ধজাহাজটি বিধ্বস্ত হলে তারা নিহত হন।
তথ্যসূত্র : আল–জাজিরা
ভিডিও পোস্ট করলেন নেতানিয়াহু
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আহত বা নিহত হয়েছেন বলে নানা গুঞ্জন চলছিল। এর জবাবে রোববার নিজের একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।
ভিডিওতে তাঁকে কফি খেতে এবং সহকারীর সঙ্গে আড্ডা দিতে দেখা গেছে।
জেরুজালেমের উপকণ্ঠে একটি ক্যাফেতে ধারণ করা ভিডিওটি নেতানিয়াহুর টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়। সেখানে তাঁর সহকারী তাকে এসব গুজব সম্পর্কে প্রশ্ন করেন।
রয়টার্স ওই ক্যাফেটির পুরোনো ছবির সঙ্গে ভিডিওর ভেতরের দৃশ্য মিলিয়ে এর অবস্থান নিশ্চিত করেছে।
তথ্যসূত্র : রয়টার্স
‘ওয়াশিংটন আলোচনায় ফিরতে বাধ্য হতে পারে’
ক্যাপিটল হিল এবং পুরো যুক্তরাষ্ট্রজুড়ে বর্তমানে স্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে। হোয়াইট হাউজ এই যুদ্ধকে স্বল্পমেয়াদী এবং সহজ হিসেবে তুলে ধরার যে চেষ্টা করছে। তবে তাতে অভ্যন্তরীণ বিভক্তি কমাতে কোনোভাবেই সহায়ক হচ্ছে না।
মার্কিন ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক কেভিন হ্যাসেট বলেছেন, এই সংঘাত চার থেকে ছয় সপ্তাহ স্থায়ী হতে পারে। এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যেরই প্রতিফলন। ট্রাম্প দাবি করেছিলেন, অভিযানে যুক্তরাষ্ট্র নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে আছে। জ্বালানি সচিব ক্রিস রাইটও একই ধরনের মন্তব্য করেছেন।
তবে তাঁরা এমন সময়ে এসব বক্তব্য দিচ্ছেন যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলছেন, তাদের দেশ যত দিন প্রয়োজন তত দিন লড়াই করতে প্রস্তুত এবং সক্ষম।
ওয়াশিংটনের অনেক বিশ্লেষক এবং বিশেষজ্ঞ ইরানের এই অবস্থানকে ‘ক্ষয়িষ্ণু যুদ্ধের’ প্রস্তুতি হিসেবে দেখছেন। এটি মূলত রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সংঘাতকে দীর্ঘায়িত করার একটি কৌশল। যদি হোয়াইট হাউজ তাদের ‘স্বল্পমেয়াদী যুদ্ধের’ বয়ান টিকিয়ে রাখতে না পারে, তবে স্বাভাবিকভাবে ওয়াশিংটন আবারও আলোচনার টেবিলে ফিরতে এবং একটি কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে বাধ্য হতে পারে।
আল–জাজিরার বিশ্লেষণ
চার মার্কিন বিমানঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, রোববার ভোরে তাদের নৌবাহিনী একযোগে চারটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।
এসব হামলায় কমান্ড সেন্টার, এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে।
তথ্যসূত্র : আল–জাজিরা
হরমুজ প্রণালি খোলা নিয়ে ট্রাম্প–স্টারমার আলোচনা
হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ডাউনিং স্ট্রিট এ তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্যের এক মুখপাত্রের মতে, এই গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ হওয়ার কারণে বিশ্বব্যাপী জাহাজ চলাচলে যে বিঘ্ন ঘটছে, তা নিয়ে দুই নেতা কথা বলেছেন।
স্টারমার বর্তমান পরিস্থিতির অর্থনৈতিক প্রভাব নিয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গেও আলোচনা করেছেন। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে দুই নেতা একমত হয়েছেন।
‘শত্রুকে’ তথ্য দেওয়ার অভিযোগে ইরানে ৫০০ জন গ্রেপ্তার
ইরানের পুলিশ প্রধান বলেছেন, শত্রুদের কাছে তথ্য পাঠানোর অভিযোগে দেশটিতে ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আহমাদরেজা রাদান বলেন, এসব ঘটনার অর্ধেকই ছিল অত্যন্ত গুরুতর। এর মধ্যে এমন ব্যক্তিরাও রয়েছেন যাঁরা লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য তথ্য সরবরাহ করেছেন এবং হামলার স্থানের ভিডিও ধারণ করে পাঠিয়েছেন। তবে এই গ্রেপ্তার ঠিক কবে করা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ২০ জনকে গ্রেপ্তারের বিষয়ে আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম জানায়, ওই অঞ্চলের প্রসিকিউটর অফিসের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনার অবস্থানসংক্রান্ত তথ্য ইসরায়েলের কাছে পাঠানোর অভিযোগ আনা হয়েছে।
হরমুজ প্রণালীতে জাহাজের পাহারায় জোট গঠনের ঘোষণা দিতে পারে ট্রাম্প প্রশাসন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চলতি সপ্তাহেই হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে পাহারা দেওয়ার জন্য কয়েকটি দেশের সমন্বয়ে একটি সামরিক জোট গঠনের ঘোষণা দিতে পারে।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে গত রবিবার ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
মার্কিন বিমানবাহী রণতরিকে সহায়তাকারীদের লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি ইরানের
মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরিকে সহায়তাকারী যে কেউ লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানি বাহিনী।
ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের একজন মুখপাত্র বলেছেন, ‘লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরি জেরাল্ড ফোর্ডের উপস্থিতিকে ইরানের বিরুদ্ধে একটি হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে।’
ওই মুখপাত্র আরও বলেন, লোহিত সাগরে উল্লিখিত নৌবহরটির জন্য নিয়োজিত লজিস্টিক ও সার্ভিস সেন্টারগুলোকে ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তথ্যসূত্র : আল–জাজিরা
‘সাহস থাকলে ট্রাম্প তাঁর জাহাজ উপসাগরে পাঠাক’
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি ইরানের নৌ-সক্ষমতা ধ্বংস হয়ে যাওয়ার মার্কিন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম-এর এক প্রতিবেদনে বলা হয়, নাইনি বলেছেন, ‘হরমুজ প্রণালি ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো আগ্রাসনের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনীকে ধ্বংস করে দিয়েছে বলে ট্রাম্প যে মন্তব্য করেছিলেন, তাকে চ্যালেঞ্জ জানিয়ে নাইনি বলেন, ‘ট্রাম্প কি বলেননি যে, ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে? যদি তাই হয়, তবে সাহস থাকলে তিনি পারস্য উপসাগরে তার জাহাজ পাঠাক।’
আইআরজিসি মুখপাত্র আরও দাবি করেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ‘আমেরিকান এবং জায়নবাদী’ লক্ষ্যবস্তুগুলোতে ইতিমধ্যে প্রায় ৭০০ ক্ষেপণাস্ত্র এবং ৩ হাজার ৬০০ ড্রোন নিক্ষেপ করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের আরও শক্তিশালী অস্ত্রশস্ত্র এখনও অব্যবহৃত রয়ে গেছে।
বৈরুতে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল
বৈরুতের দক্ষিণ শহরতলি হিসেবে পরিচিত দাহিয়েহতে বড় ধরনের হামলা চালাচ্ছে ইসরায়েল।
লেবাননের রাজধানীতে একটি বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বৈরুতের আকাশে ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে নিচু হয়ে উড়তে দেখা গেছে।
তথ্যসূত্র : আল–জাজিরা
বাগদাদ বিমানবন্দরে ড্রোন ও রকেট হামলা
বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর কমপ্লেক্সের কাছে অবস্থিত একটি লজিস্টিক সাপোর্ট ক্যাম্প লক্ষ্য করে রোববার রাতে ড্রোন ও অন্তত পাঁচটি কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে।
তথ্যসূত্র : আল–জাজিরা
উত্তর ইরাকে ইরানি কুর্দি বিরোধী দলের অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা
ইরাকি কুর্দিস্তানের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলের সুলাইমানিয়ার জরগুয়েজ এলাকায় ইরানি কুর্দি বিরোধী দল কোমালার একটি অবস্থানে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
দলের একজন জ্যেষ্ঠ সদস্য আলী রঞ্জবারি রুদাও নিউজ প্ল্যাটফর্মকে জানিয়েছেন, এই হামলায় ওই স্থানের কোনো ক্ষতি হয়নি।
যুদ্ধ বন্ধের আকুতি নিহত মার্কিন সেনা পরিবারের
ইরাকে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ওহাইয়োর এক সেনা নিহতের ঘটনায় তাঁর পরিবার ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের আকুতি জানিয়েছে। তাঁদের মতে, এই যুদ্ধ ছিল ‘অনভিপ্রেত’ এবং এই প্রাণহানি সম্পূর্ণরূপে রোধ করা সম্ভব ছিল।
গত শুক্রবার ইরাকে বিধ্বস্ত হওয়া ওই বিমানে থাকা ২৮ বছর বয়সী টাইলার সিমন্স মার্কিন বিমান বাহিনীর সদস্য ছিলেন। তাঁর এই মৃত্যুতে ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ১৩ তে দাঁড়িয়েছে।
শোকসন্তপ্ত সিমন্সের পরিবার যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। তাঁর চাচাতো ভাই স্টিফান ডগলাস এনবিসি৪-কে বলেন, ‘এটি রোধ করা যেত। আমাদের এই যুদ্ধে জড়ানোর কোনো প্রয়োজন ছিল না। এটি অনভিপ্রেত এবং শেষ পর্যন্ত আমাদের কপালে এটাই জুটল।’
সিমন্সের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর পরিবার রাজনৈতিক পরিবর্তনের আহ্বান জানিয়েছে।
তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান
অনিয়ন্ত্রিত উত্তেজনা পুরো অঞ্চলকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে : মাখোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন। তিনি সতর্ক করে বলেছেন, অনিয়ন্ত্রিত উত্তেজনা পুরো অঞ্চলকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে।
ফরাসি প্রেসিডেন্ট বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা যত দ্রুত সম্ভব পুনরুদ্ধার করতে হবে বলে মন্তব্য করেছেন মাখোঁ। তাঁর যুক্তি শান্তি এবং নিরাপত্তা কেবল একটি নতুন রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোর মাধ্যমেই অর্জন করা সম্ভব।
মাখোঁ বলেন, ‘এমন একটি কাঠামো অবশ্যই নিশ্চিত করবে যেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, পাশাপাশি তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে তাদের অস্থিতিশীল কার্যকলাপের ফলে তৈরি হওয়া হুমকিগুলোও মোকাবেলা করতে হবে।’
ফরাসি প্রেসিডেন্ট আরও বলেছেন, তিনি পেজেশকিয়ানকে ইরান প্রত্যক্ষভাবে বা প্রক্সিদের মাধ্যমে লেবানন ও ইরাকসহ অঞ্চলের দেশগুলোর ওপর যে অগ্রহণযোগ্য হামলা চালাচ্ছে, তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
কাতারের প্রধানমন্ত্রী এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জাসিম আল থানি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আব্দুল্লাহ আল সাউদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, এই দুই শীর্ষ কর্মকর্তা অঞ্চলের সামরিক উত্তেজনা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর এর মারাত্মক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘উভয় পক্ষ কাতার রাষ্ট্র, সৌদি আরব এবং বেশ কয়েকটি ভ্রাতৃপ্রতিম দেশের ওপর ইরানের অন্যায্য হামলার নিন্দা পুনর্ব্যক্ত করেছে।
এবার ন্যাটোকে সতর্ক করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধে মিত্ররা যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে ব্যর্থ হলে ন্যাটোর সামনে ‘খুবই খারাপ ভবিষ্যৎ’। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে সতর্ক করে এ কথা বলেন।
ট্রাম্প বলেন, মিত্ররা যদি হরমুজ প্রণালি উন্মুক্ত করতে সহায়তা না করে, তবে ন্যাটো একটি খুবই খারাপ ভবিষ্যতের সম্মুখীন হবে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের মিত্রদের সমালোচনা করা ট্রাম্প বলেন, ‘ন্যাটো নামক আমাদের একটি জিনিস আছে।’
ট্রাম্প বলেন, ‘আমরা খুব দয়ালু হয়েছি। ইউক্রেন নিয়ে তাদের সাহায্য করার প্রয়োজন যুক্তরাষ্ট্রের ছিল না। ইউক্রেন আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে। কিন্তু আমরা তাদের সাহায্য করেছি। এখন দেখা যাক, তারা আমাদের সাহায্য করে কি না। কারণ আমি অনেক দিন ধরেই বলছি যে, আমরা তাদের পাশে থাকব কিন্তু তারা আমাদের পাশে থাকবে না। আর তারা আমাদের পাশে থাকবে কি না সে বিষয়ে আমি নিশ্চিত নই।’
তার ঠিক কী ধরণের সাহায্য প্রয়োজন তা সুনির্দিষ্টভাবে জানতে চাইলে ট্রাম্প বলেছেন, যা কিছু প্রয়োজন । তিনি যুক্তরাজ্যের অবস্থান নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন।
ট্রাম্প বলেন, ‘যুক্তরাজ্যকে হয়তো এক নম্বর মিত্র, সবচেয়ে দীর্ঘদিনের সঙ্গী ইত্যাদি হিসেবে বিবেচনা করা হতে পারে, কিন্তু যখন আমি তাদের আসতে বললাম, তারা আসতে চাইল না।’
ট্রাম্প আরও বলেন, ‘আর যখন আমরা মূলত ইরানের বিপদজনক সক্ষমতা নিশ্চিহ্ন করে দিলাম, তখন তারা বলল, ‘ওহ আচ্ছা আমরা দুটো জাহাজ পাঠাব’, তখন আমি বললাম, ‘আমাদের এই জাহাজগুলো জেতার আগে দরকার, জেতার পরে নয়’। আমি দীর্ঘদিন ধরে বলছি যে ন্যাটো একটি একমুখী রাস্তা।’
ট্রাম্প ফিনান্সিয়াল টাইমসকে আরও বলেছেন, তিনি গুরুত্বপূর্ণ এই জলপথটি উন্মুক্ত করতে চীন সরকারকে চাপ দেওয়ার লক্ষ্যে এই মাসের শেষের দিকে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে তাঁর নির্ধারিত সম্মেলন পিছিয়ে দিতে পারেন। ট্রাম্পের যুক্তি, যারা এই প্রণালির সুবিধাভোগী, এটা কেবল তাদের জন্যই সমীচীন যে, তারা সেখানে খারাপ কিছু না ঘটা নিশ্চিত করতে সহায়তা করবে।
মার্কিন সংবাদমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পের ক্ষোভ
ইরান যুদ্ধের কাভারেজ নিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলোর ওপর তীব্র ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যেসব গণমাধ্যম মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনার আহ্বান জানিয়েছেন তিনি।
ট্রুথ সোশ্যাল দেওয়া পোস্টে ট্রাম্প মার্কিন গণমাধ্যমগুলোকে ইরানের মাধ্যমে চালিত হওয়ার অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন, ইরান কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অপতথ্য ছড়াচ্ছে।
ট্রাম্প লিখেছেন, ইরান, ফেক নিউজ মিডিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করে আমাদের মহান ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজকে সমুদ্রে অনিয়ন্ত্রিতভাবে জ্বলতে দেখাচ্ছে। যেসব মিডিয়া আউটলেট এটি তৈরি করেছে, ভুল তথ্য প্রচারের জন্য তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা উচিত!
ট্রাম্প আরও বলেন, আসল বিষয় হলো, ইরান ধ্বংস হয়ে যাচ্ছে। তারা কেবল সেই যুদ্ধগুলোতেই ‘জয়ী’ হচ্ছে যা তারা এআই-এর মাধ্যমে তৈরি করছে এবং দুর্নীতিবাজ মিডিয়া আউটলেটগুলো তা প্রচার করছে। ট্রাম্প মার্কিন নিয়ন্ত্রক সংস্থার প্রধান ব্রেন্ডন কারেরও প্রশংসা করেছেন।
উল্লেখ্য, অপতথ্য ছড়ানোর অভিযোগে অভিযুক্ত আউটলেটগুলোর সম্প্রচার লাইসেন্স পর্যালোচনার ঘোষণা দিয়েছেন কার।
ইরান সমঝোতা করতে মরিয়া হয়ে আছে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান মরিয়া হয়ে সমঝোতা করতে চায়।
প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের কাছে ট্রাম্প এ কথা বলেন।
ট্রাম্প আবারও দাবি করেছেন যে, ইরান মরিয়া সমঝোতা করতে চায়, কিন্তু তিনি মনে করেন না যে, যা করা প্রয়োজন তা করার জন্য ইরান প্রস্তুত।
ট্রাম্প বলেন, ‘আমি মনে করি কোনো এক সময়ে তারা সমঝোতা করবে। ইরানের পুরো পরিস্থিতির ক্ষেত্রে আমরা খুব ভালো করছি।’
ইরানের পক্ষ থেকে ক্রমাগত পাল্টা হামলার হুমকির মধ্যে ট্রাম্প আরও বলেন, তিনি হরমুজ প্রণালি পাহারা দেওয়ার বিষয়ে অন্য দেশগুলোর সঙ্গে কথা বলছেন।
ইরান জোর দিয়ে বলছে , হরমুজ প্রণালী অন্যান্য জাহাজের জন্য উন্মুক্ত রয়েছে, তবে এটি যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের জাহাজের জন্য বন্ধ।
ড্রোন–সংক্রান্ত ঘটনার পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট স্থগিত
ড্রোন–সংক্রান্ত একটি ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ বলছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই তারা এই পদক্ষেপ নিয়েছে।
ভ্রমণকারীদের তাঁদের ফ্লাইটসংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে সংশ্লিষ্ট উড়োজাহাজ সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাত শুরু হওয়ার আগে পর্যন্ত যাত্রীসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর ছিল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। ২০২৫ সালে প্রায় ৯ কোটি যাত্রী এই বিমানবন্দর দিয়ে চলাচল করেন।
তথ্যসূত্র: বিবিসি
শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান
শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে ৫০০ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার এই তথ্য জানিয়েছেন দেশটির পুলিশপ্রধান আহমেদরেজা রাদান।
রাদান বলেন, এসব ঘটনার অর্ধেকই গুরুতর বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে এমন লোকজন রয়েছেন, যাঁরা শত্রুদের হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে তথ্য সরবরাহ করেছেন। আবার কেউ কেউ হামলার স্থানগুলোর ভিডিও বা ছবি ধারণ করে তা শত্রুদের পাঠিয়েছেন।
তবে এই ব্যক্তিদের ঠিক কবে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি রাদান।
তথ্যসূত্র: রয়টার্স
ইরানের সঙ্গে যুদ্ধে কত ইসরায়েলি নিহত
ইরানের সঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ১৫ ইসরায়েলি নিহত হয়েছেন। ইসরায়েলের জরুরি পরিসেবা সংস্থা (এমডিএ) এই তথ্য জানিয়েছে।
সংস্থাটির তথ্যানুযায়ী, ইরানের সঙ্গে চলমান সংঘাতে ৯০০ জনের বেশি ইসরায়েলি আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন গুরুতর আহত।
গতকাল রোববার ৬৯ জন ইসরায়েলি আহত হন বলে জানায় ইসরায়েলের জরুরি পরিসেবা সংস্থা।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। আজ সোমবার এই যুদ্ধের ১৭তম দিন।
তথ্যসূত্র: বিবিসি
শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) গতকাল রোববার ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ‘সেজিল’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে। ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির খবরে এমনটা বলা হয়।
তাসনিম নিউজ বলছে, ইরানে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র–ইসরায়েলের আগ্রাসন শুরুর পর তেহরান প্রথমবার এই কৌশলগত সলিড-ফুয়েল সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করল।
আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই ক্ষেপণাস্ত্রের আনুমানিক সীমা ২ হাজার থেকে ২ হাজার ৫০০ কিলোমিটার। এর গতি শব্দের চেয়ে ১৩ গুণ বেশি।
দ্য ন্যাশনাল ইন্টারেস্ট ম্যাগাজিনের তথ্যমতে, এই ক্ষেপণাস্ত্র অন্যান্য লক্ষ্যবস্তুর পাশাপাশি ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরের বিস্তৃত অঞ্চলে আঘাত হানতে সক্ষম।
তথ্যসূত্র: তাসনিম ও আল–জাজিরা
ইরানে এখনো হাজারো লক্ষ্যবস্তু, অন্তত তিন সপ্তাহের পরিকল্পনা প্রস্তুত: ইসরায়েল
ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ইরানে এখনো হাজার হাজার সম্ভাব্য লক্ষ্যবস্তু রয়েছে। তারা এসব লক্ষ্যবস্তুর ওপর নজর রাখছে।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন গতকাল রোববার এ কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের এখনো ইরানে হাজার হাজার লক্ষ্যবস্তু রয়েছে। এবং আমরা প্রতিদিন নতুন লক্ষ্যবস্তু চিহ্নিত করছি।’
এফি ডেফরিন বলেন, তাঁরা তাঁদের মার্কিন সহযোগীদের সঙ্গে সমন্বয় করে আগামী অন্তত তিন সপ্তাহের (ইহুদিদের পাসওভার উৎসব পর্যন্ত) পরিকল্পনা প্রস্তুত রেখেছেন। শুধু তা–ই নয়, এই তিন সপ্তাহের পরের সময়ের জন্য আরও গভীর পরিকল্পনা তাঁরা হাতে রেখেছেন।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
সৌদির পূর্বাঞ্চলে দেড় ঘণ্টায় ধেয়ে গেল ৩৭ ড্রোন, সবগুলো ধ্বংস করার দাবি রিয়াদের
সৌদি আরবের পূর্বাঞ্চলে দেড় ঘণ্টায় ৩৭টি ড্রোন ধেয়ে গেছে। এসব ড্রোন প্রতিহত ও ধ্বংস করার কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তবে এই ড্রোনগুলো ঠিক কোথা থেকে পাঠানো হয়েছিল, তা সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়নি।
সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়েতি আগে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, সম্প্রতি সৌদির তেল অবকাঠামোগুলোতে হামলার ঘটনায় তেহরান দায়ী নয়।
আলিরেজা এনায়েতি বলেন, এসব হামলার জন্য ইরান দায়ী নয়। আর ইরান যদি এসব হামলা চালাত, তবে তা অবশ্যই ঘোষণা দিত।
তথ্যসূত্র: আল–জাজিরা
যুক্তরাষ্ট্রের এই রণতরিকে সহায়তা করা যেকোনো কেন্দ্র হামলার নিশানা হবে: ইরান
যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডকে সহায়তা করা যেকোনো কেন্দ্র ইরানের হামলার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে বলে সতর্ক করেছে তেহরান।
ইরানের খাতাম আল-আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র গতকাল রোববার এই হুমকি দেন। তিনি বলেন, লোহিত সাগরে ইউএসএস জেরাল্ড ফোর্ডের উপস্থিতি ইরানের জন্য হুমকি তৈরি করছে।
এই মুখপাত্র বলেন, লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরিটিকে যেসব কেন্দ্র লজিস্টিকসহ অন্যান্য সহায়তা দিচ্ছে, সেগুলো ইরানি সশস্ত্র বাহিনীর হামলার লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।
খাতাম আল-আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তর হলো ইরানি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অধীন একটি শাখা। এর দায়িত্ব বিভিন্ন ইরানি সামরিক ইউনিটকে নিয়ে পরিচালিত অভিযানের পরিকল্পনা ও সমন্বয় করা।
তথ্যসূত্র: তাসনিম নিউজ এজেন্সি
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার ব্যবহৃত উড়োজাহাজ ধ্বংসের দাবি ইসরায়েলের
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, গতকাল সোমবার রাতে ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে তারা একটি ‘নির্ভুল হামলা’ চালিয়ে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ব্যবহৃত উড়োজাহাজটি ধ্বংস করেছে।
টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী এই দাবি করে।
বিবৃতিতে বলা হয়, এই উড়োজাহাজটি ধ্বংস করার ফলে ইরানের মিত্র অক্ষভুক্ত দেশগুলোর সঙ্গে ইরানি নেতৃত্বের সমন্বয় করার সক্ষমতা, দেশটির সামরিক শক্তি বাড়ানোর প্রচেষ্টা ও নিজেদের সক্ষমতা পুনর্গঠনের ক্ষমতা বিঘ্নিত হবে।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরান যুদ্ধ খুব সম্ভবত আরও কয়েক সপ্তাহ চলবে: ইসরায়েলি মন্ত্রী
ইসরায়েলের সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী মিকি জোহার বলেছেন, চলমান যুদ্ধে আগামী কয়েক দিনে উত্তেজনা বাড়তে পারে। সে জন্য তাঁর দেশকে প্রস্তুত থাকতে হবে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের চলমান যুদ্ধ খুব সম্ভবত আরও কয়েক সপ্তাহ চলবে।
ইসরায়েলের রেডিও ১০৩ এফএমকে এসব কথা বলেন মিকি জোহার। তিনি বলেন, ‘আমরা জানি, আগামী কয়েক দিনে উত্তেজনা বাড়তে পারে। ইসরায়েলের পুরো রাষ্ট্র, আমাদের সবাইকে আগামী কয়েক দিনের জন্য আরও প্রস্তুত থাকতে হবে। যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চলার সম্ভাবনা খুব বেশি।’
তথ্যসূত্র: আল–জাজিরা
যুদ্ধ শুরুর পর ৩৩৬৯ ইসরায়েলি আহত, গত ২৪ ঘণ্টায় আহত ১৪২
যুদ্ধ শুরুর পর হামলায় ৩ হাজার ৩৬৯ ইসরায়েলে আহত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন ১৪২ জন।
আজ সোমবার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৩ হাজার ৩৬৯ জন বেসামরিক এবং সামরিক ব্যক্তি আহত হয়েছেন।
আজ স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের সংখ্যা উল্লেখ করেনি। তবে এর আগে জানানো হয়েছিল, হামলায় ১৫ জন ইসরায়েলি নিহত হয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন–ইসরায়েলি হামলা শুরু হয়। জবাবে ইসরায়েলে এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে পাল্টা হামলা শুরু করে ইরান। ইরানপন্থী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহও ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে।
সূত্র: আল–জাজিরা।
তেহরানসহ তিন শহরে একযোগে হামলা চলছে: ইসরায়েল
ইরানের তেহরান, শিরাজ এবং তাবরিজে বড় পরিসরে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছে, তারা একই সঙ্গে ইরানের তেহরান, শিরাজ এবং তাবরিজে বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে বিস্তৃত আকারে হামলা শুরু করেছে।
ইরানের রাজধানী তেহরান দেশের উত্তরাঞ্চলে অবস্থিত। তাবরিজ দেশটির চতুর্থ বৃহত্তম শহর—যা দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থিত। তাবরিজের অবস্থান তুরস্ক, আর্মেনিয়া এবং আজারবাইজান সীমানার কাছে। আর শিরাজ ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর।
সূত্র: আল–জাজিরা।
যুক্তরাষ্ট্র–ইসরায়েল শিক্ষা পেয়েছে, ইরান যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে যতদূর প্রয়োজন যুদ্ধ চালিয়ে যেতে তেহরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
আরাগচি বলেন, তেহরান দেখিয়ে দিয়েছে তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত—সেটা যত দূর প্রয়োজন হয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মনে করি এখন তারা (যুক্তরাষ্ট্র–ইসরায়েল) একটি ভালো শিক্ষা পেয়েছে এবং বুঝেছে, তারা কেমন জাতির বিরুদ্ধে লেগেছে। ইরানিরা এমন এক জাতি যারা আত্মরক্ষা করতে দ্বিধা করে না; যারা প্রস্তুত থাকে যে কোনো স্থানে যুদ্ধ চালিয়ে যেতে যত দূর পর্যন্ত তা প্রয়োজন হয়।’
সূত্র: আল–জাজিরা।
ট্রাম্পের ডাকে ‘না’, যুদ্ধে জড়াবে না জার্মানি
ইউরোপের দেশ জার্মানি ইরান যুদ্ধে জড়াবে না। বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি সামরিক শক্তি দিয়ে খোলা রাখার প্রক্রিয়ায়ও যুক্ত হবে না দেশটি। গ্রিস একই অবস্থানের কথা জানিয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তাঁর আশা হরমুজ প্রণালি বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়া দেশগুলো গুরুত্বপূর্ণ এই জলপথ খোলা রাখতে যুদ্ধজাহাজ পাঠাবে। সামরিক জোট ন্যাটোরও ভূমিকা প্রত্যাশা করেছেন তিনি।
ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার পর তেহরান ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করলে হামলা চালানো হবে।
জার্মান সরকারের একজন মুখপাত্র আজ সোমবার বলেছেন, ইরানে যুদ্ধের সঙ্গে ন্যাটোর কোনো সম্পর্ক নেই। জার্মানি যুদ্ধ বা সামরিক উপায়ে হরমুজ প্রণালি খোলা রাখার কোনো চেষ্টায় যোগ দেবে না।
গ্রিসও হরমুজ প্রণালিতে কোন সামরিক তৎপরতায় জড়াবে না বলে জানিয়েছেন গ্রিস সরকারের মুখপাত্র পাভলোস মারিনাকিস।
সূত্র: আল–জাজিরা।
মধ্যপ্রাচ্যের বিস্তৃত যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য: ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার
ইরানের মার্কিন–ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া বিস্তৃত যুদ্ধে যুক্তরাজ্য জড়াবে না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, যুক্তরাজ্যের অগ্রাধিকার হচ্ছে ওই অঞ্চলে অবস্থানরত তার নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাজ্যসহ মিত্রদেশগুলো এই অঞ্চলে সামরিক সহায়তা না দিলে সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে। এরপরই ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, যুক্তরাজ্য কোনো বিস্তৃত যুদ্ধে জড়াবে না।
কিয়ার স্টারমার বলেন, ব্রিটেন নিজেকে কোনো বৃহত্তর সংঘাতের মধ্যে টেনে নিতে দেবে না। পাশাপাশি ওই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে একটি দ্রুত সমাধানের জন্য কাজ করে যাবে।
সূত্র: আল–জাজিরা
তেহরানে ইসরায়েলি বিমান হামলায় হতাহতের খবর
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সির তথ্যমতে, তেহরানের পূর্বাঞ্চলে অবস্থিত বিদ্যুৎ বিভাগের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।
তবে ওই প্রতিবেদনে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি।
এর আগে ইসরায়েল জানিয়েছিল ইরানের তেহরান, শিরাজ এবং তাবরিজে বড় পরিসরে হামলা চালাচ্ছে তারা।
সূত্র: আল–জাজিরা।
কাতার–বাহরাইনে হামলার সতর্কসংকেত, জেরুজালেমে বিস্ফোরণ
কাতারে এক ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার হামলার সতর্কসংকেত পেলেন দেশটির নাগরিকেরা। প্রথম দফায় সতর্কসংকেত দেওয়ার কিছু সময় পর কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির সশস্ত্র বাহিনী একটি ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিহত করেছে।
এই খবর জানানোর পর দ্বিতীয়বার কাতারের নাগরিকদের দ্বিতীয় দফায় সতর্কসংকেত দেওয়া হয়। এ সময় সবাইকে ঘরের ভেতরে নিরাপদে অবস্থানের নির্দেশ দেওয়া হয়। এর কিছু সময় পর সতর্কতা তুলে নেওয়া হয়।
বাহরাইন: বাহরাইনে হামলার সতর্কসংকেত দেওয়া হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সতর্কতা সাইরেন সক্রিয় করা হয়েছে। এই সময়ে ‘আমরা নাগরিক নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার জন্য অনুরোধ করছি।’
জেরুজালেমে বিস্ফোরণ: ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের মধ্যাঞ্চল ও জেরুজালেম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সতর্কতা জারির পর জেরুজালেমে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন।
সূত্র: আল–জাজিরা।
হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সামর্থ্য ৯০ শতাংশ কমেছে, দাবি ট্রাম্পের
মার্কিন–ইসরায়েলি হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সামর্থ্য ৯০ শতাংশে কমিয়ে আনা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কেনেডি সেন্টারের বোর্ড সদস্যদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের আগে সাংবাদিকদের ইরানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে ট্রাম্প এই দাবি করেন।
ট্রাম্প বলেন, ‘সংঘাতের শুরু থেকে আমরা ইরানজুড়ে ৭ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছি। আর এগুলোর বেশিরভাগই ছিল বাণিজ্যিক ও সামরিক লক্ষ্যবস্তু। আমরা তাদের ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ ৯০% এবং ড্রোন হামলা ৯৫% কমিয়ে আনতে সক্ষম হয়েছি।’
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, আজ সোমবারও মার্কিন সামরিক বাহিনী ইরানের তিনটি মিসাইল ও ড্রোন তৈরির কারখানায় আঘাত হেনেছে।
সূত্র: রয়টার্স।
কিছু দেশ সহায়তা করতে আগ্রহী নয়, যাদের বহু বছর সাহায্য করেছি: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি স্বাভাবিক করতে কিছু দেশ আগ্রহী কিছু দেশ অনাগ্রহী। অনাগ্রহীদের তালিকায় এমন কিছু দেশ রয়েছে যাদের যুক্তরাষ্ট্র বহু বছর ধরে সহায়তা দিয়ে আসছে।
কেনেডি সেন্টারের বোর্ড সদস্যদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের আগে সাংবাদিকদের ইরানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে ট্রাম্প এই কথা বলেন।
ট্রাম্প বলেন, ‘অনেক দেশ আমাকে বলেছে যে তারা (হরমুজ প্রণালির) পথে রয়েছে। কেউ কেউ এ ব্যাপারে খুবই আগ্রহী এবং কেউ কেউ নয়।’ তিনি বলেন, ‘কিছু দেশ রয়েছে, যাদের আমরা বহু বহু বছর ধরে সাহায্য করেছি। আমরা তাদের ভয়ঙ্কর ঝুঁকি থেকে রক্ষা করেছি। কিন্তু তারা (সহায়তায়) অতটা আগ্রহী ছিল না। আর উৎসাহের মাত্রা আমার কাছে গুরুত্বপূর্ণ।’
বেশ কয়েকটি মার্কিন মিত্র দেশ আজ সোমবার জানিয়েছে, হরমুজ চালু করার লক্ষ্যে জাহাজ পাঠানোর তাৎক্ষণিক পরিকল্পনা তাদের নেই।
ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে ৩০টি মাইন স্থাপনকারী জাহাজ ধ্বংস করেছে। তবে তিনি নিশ্চিত নন ইতিমধ্যে সেখানে কোনো মাইন স্থাপন করা হয়েছে কি না।
সূত্র: রয়টার্স।
যুক্তরাজ্য ও ফ্রান্স সহায়তা দেবে, আশা ট্রাম্পের
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাজ্য ও ফ্রান্স সহায়তা দেবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কেনেডি সেন্টারের বোর্ড সদস্যদের সঙ্গে হোয়াইট হাউসে সোমবার বৈঠকের আগে সাংবাদিকদের ইরানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে ট্রাম্প এই কথা বলেন।
ট্রাম্প বলেন, তিনি এ বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েলে মাখোঁর সঙ্গে কথা বলেছেন। কিন্তু তাঁর প্রতিক্রিয়া যুতসই নয়। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি তিনি (মাখোঁ) সাহায্য করবেন।’ ট্রাম্প সাংবাদিকদের বলেন, মাখোঁ সহায়তা করবেন—এ সম্ভাবনায় ১০ এর মধ্যে ৮ দেবেন তিনি। ট্রাম্পের আশা, যুক্তরাজ্যও হরমুজ মিশনে যুক্ত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগেই বলেছিলেন, যুক্তরাজ্য তার মিত্রদের সঙ্গে নিয়ে ‘একটি কার্যকরী, সম্মিলিত পরিকল্পনা’ নিয়ে কাজ করছে হরমুজ প্রণালিতে চলাচল স্বাভাবিক নিয়ে কাজ করতে।
সূত্র: রয়টার্স।
লেবাননে ইসরায়েলি সেনা আহত
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি এক সেনা আহত হয়েছে। ইসরায়েলের সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ওই এলাকায় স্থল অভিযান চালানোর সময় গিভতি ব্রিগেডের ওই সেনা আহত হন।
সূত্র: আল–জাজিরা
ড্রোন বিস্ফোরণে বাগদাদের একটি হোটেলের কাছে আগুন
ইরাকের রাজধানী বাগদাদে একটি হোটেলের কাছে একটি ড্রোন বিস্ফোরণে আগুন লেগেছে। স্থানীয় পুলিশের মতে, আল-রশিদ হোটেলের কাছে এই ঘটনার ফলে সম্পদের ক্ষতি হয়েছে। পুলিশ জানিয়েছে, ‘নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলেছে এবং রাস্তাগুলো বন্ধ করেছে।’
সূত্র: আল জাজিরা
ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ২০০
ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ১৩ মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০০ জন, এদের মধ্যে ১০ জন গুরুতর আহত হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স এ তথ্য জানিয়েছেন।
হকিন্স বলেছেন, ১৮০ জন সেনাসদস্য ইতিমধ্যেই কাজে ফিরে এসেছেন। আহতদের মধ্যে দগ্ধ হওয়া, আঘাতজনিত মস্তিষ্কের ক্ষতি এবং বিস্ফোরণের টুকরো দ্বারা আঘাত অন্তর্ভুক্ত।
সামরিক কর্মকর্তারা বলেছেন, অনেক আক্রমণ ইরানের ‘একমুখী’ ড্রোন হামলার কারণে ঘটেছে। মার্কিন বাহিনীর যৌথ চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন গত সপ্তাহে বলেছিলেন, এই ধরনের ড্রোন বেশিরভাগ হতাহতের জন্য দায়ী।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত কয়েকটি উপসাগরীয় দেশে পাল্টা হামলা চালাচ্ছে।
সূত্র: আল জাজিরা
মার্কিন দূত উইটকফের সাথে সর্বশেষ যোগাযোগ হয়েছিল আক্রমণের আগে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
সম্প্রতি মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে যোগাযোগ করার খবর নাকচ করে দিয়ে একটি বিবৃতি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে ওই যোগাযোগের দাবি করা হয়েছিল।
আরাগচি বলেন, ‘উইটকফের নিয়োগদাতার পক্ষ থেকে ইরানের ওপর আরেকটি অবৈধ সামরিক হামলা চালিয়ে কূটনীতিকে নস্যাৎ করার সিদ্ধান্তের আগে তাঁর সঙ্গে আমার শেষ যোগাযোগ হয়েছিল।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এর বিপরীত যেকোনো দাবি কেবল তেলের ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার লক্ষ্যেই করা হচ্ছে বলে প্রতীয়মান হয়।’
উইটকফ এবং আরাগচির মধ্যে সরাসরি যোগাযোগের পথ সম্প্রতি ফের চালু হয়েছে—অ্যাক্সিওসের এমন প্রতিবেদনের পরই আরাগচির এই বক্তব্য এল। একজন মার্কিন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিষয়ে অবগত এক সূত্রের বরাত দিয়ে ওই খবর প্রকাশ করেছিল অ্যাক্সিওস।
অ্যাক্সিওস তাদের সূত্রের বরাতে জানায়, আরাগচি উইটকফকে খুদে বার্তা পাঠিয়েছিলেন। তবে ওই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ওয়াশিংটন তেহরানের সঙ্গে ‘কথা বলছে না’।
সূত্র: আল জাজিরা
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় আহত অন্তত ১১
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, বিনত জবেইল জেলার শাকরা শহরে ইসরায়েলি অভিযানে প্রাথমিকভাবে সাতজন বেসামরিক নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পার্শ্ববর্তী স্রিফা শহরে আরেকটি হামলায় চারজন আহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা
বাগদাদে মার্কিন দূতাবাসে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা
ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, ইরাকের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ‘তিনটি ড্রোন ও চারটি রকেট দিয়ে দূতাবাসে এ হামলা চালানো হয়। এর মধ্যে অন্তত একটি ড্রোন দূতাবাস প্রাঙ্গণের ভেতরে আছড়ে পড়েছে।’
একজন প্রত্যক্ষদর্শী জানান, দূতাবাস চত্বরে বিস্ফোরণের পর সেখান থেকে কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠতে দেখা গেছে। এ সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরেকটি ড্রোনকে মাঝপথে রুখে দেয়। এর কয়েক ঘণ্টা আগে দূতাবাসে আরও একটি রকেট হামলা নসাৎ করে দিয়েছিল দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলমান ইরান যুদ্ধে ইরাকে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা শুরু হওয়ার পর থেকে এটিই ছিল দূতাবাসে চালানো সবচেয়ে শক্তিশালী বা তীব্র আক্রমণ। এ অভিযানে অন্তত পাঁচটি ড্রোন ব্যবহার করা হয়েছে।
রয়টার্স আরও জানায়, বাগদাদের জাদরিয়া এলাকায় শিয়া মিলিশিয়াদের জোট ‘পপুলার মোবিলাইজেশন ফোর্সেস’-এর সদর দপ্তর হিসেবে ব্যবহৃত একটি বাড়িতেও দুটি বিমান হামলা চালানো হয়েছে। নিরাপত্তা সূত্রগুলো বলছে, ওই হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইরান যুদ্ধে মিত্র ব্রিটেনের ভূমিকায় ক্ষুব্ধ ও বিস্মিত ট্রাম্প
ইরান যুদ্ধে যুক্তরাজ্যের অবস্থানে ‘অসন্তোষ’ ও ‘খুবই বিস্ময়’ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে জাহাজ পাঠানোর মার্কিন অনুরোধ ফিরিয়ে দিয়েছিল যুক্তরাজ্য। পরে বিমানবাহী রণতরি পাঠানোর প্রস্তাব দিলেও তা অনেক দেরি হয়ে গেছে বলে ইঙ্গিত দেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় তারা সম্ভবত এতে (যুদ্ধে) যুক্ত হবে। তবে তাদের স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হওয়া উচিত ছিল।’
তবে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে কথা হয়েছে জানিয়ে ট্রাম্প বলেন, মাখোঁ হরমুজ প্রণালির বাধা দূর করতে সহায়তা করতে আগ্রহী।
কোন দেশগুলো যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে ইচ্ছুক, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শিগগিরই তাদের নাম ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।
একই অনুষ্ঠানে ট্রাম্প হরমুজ প্রণালিতে নৌযান চলাচল আবার শুরু করতে অন্যান্য দেশগুলোর প্রতি তাঁর আহ্বানের পুনরাবৃত্তি করেন। তিনি জানান, কিছু দেশ সহায়তার জন্য এগিয়ে আসার কথা জানালেও অন্য দেশগুলো ‘তেমন একটা উৎসাহ’ দেখাচ্ছে না।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান ড্রোন, ক্ষেপণাস্ত্র ও মাইন ব্যবহার করে হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) এক-পঞ্চমাংশ গুরুত্বপূর্ণ এ সমুদ্রপথ দিয়ে পরিবহন করা হয়।
নৌপথটি পাহারায় বিভিন্ন দেশের সহায়তা চেয়ে ট্রাম্প বলেন, ‘কেউ কেউ এতে খুবই আগ্রহী, আবার কেউ নয়। এমন কিছু দেশও আছে যাদের আমরা বহু বছর ধরে সাহায্য করেছি ও বাইরের ভয়াবহ শত্রু থেকে রক্ষা করেছি; অথচ তারা খুব একটা আগ্রহ দেখায়নি। এ আগ্রহের মাত্রাটা আমার কাছে গুরুত্বপূর্ণ।’
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
সংযুক্ত আরব আমিরাত উপকূলে তেলের ট্যাংকারে হামলা
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ থেকে ২৩ নটিক্যাল মাইল পূর্বে একটি তেলের ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সমুদ্র চলাচল বিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। এতে জাহাজটির কাঠামোগত সামান্য ক্ষতি হয়েছে।
ইউকেএমটিও জানিয়েছে, এ ঘটনায় জাহাজের কোনো ক্রু বা নাবিক আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এছাড়া পরিবেশের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়ার তথ্যও পাওয়া যায়নি।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ডে ৩০ ঘণ্টা ধরে আগুন জ্বলেছে, অসুস্থ বেশ কয়েকজন সেনা
যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ও বিশালাকৃতির বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড-এ গত সপ্তাহে লাগা আগুন টানা ৩০ ঘণ্টার বেশি সময় ধরে জ্বলেছে। এতে রণতরিটির বেশ কয়েকজন নৌসেনা ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে গতকাল সোমবার এ তথ্য জানানো হয়েছে।
রণতরিটির কয়েকজন নাবিক ও সামরিক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, গত সপ্তাহে রণতরিটির লন্ড্রি (কাপড় ধোয়ার জায়গা) অংশে এ অগ্নিকাণ্ড ঘটে।
এর আগে মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এটি কোনো যুদ্ধকালীন হামলার ঘটনা নয়। ওই ঘটনায় দুই নাবিক সামান্য আহত হয়েছেন বলেও জানানো হয়েছিল।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সময় লোহিত সাগরে মোতায়েন করা ১ লাখ টন ওজনের এ রণতরির সামরিক কার্যক্রম ব্যাহত হয়নি বলে নৌবাহিনী দাবি করেছে। তবে ১৩ বিলিয়ন (১ হাজার ৩০০ কোটি) ডলার মূল্যের এ রণতরিতে থাকা প্রায় ৪ হাজার ৫০০ ক্রু ও বিমান সেনার অবস্থা বর্তমানে ‘চরম অস্বস্তিকর’।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, অগ্নিকাণ্ডের ফলে অন্তত ৬০০ নাবিক তাঁদের থাকার জায়গা হারিয়েছেন। তাঁরা এখন রণতরির টেবিল বা মেঝেতে ঘুমাচ্ছেন। এ ছাড়া লন্ড্রি পুড়ে যাওয়ায় অনেকেই কাপড় ধুতে পারছেন না।
পারস্য উপসাগর ও লোহিত সাগরের দায়িত্বে থাকা মার্কিন পঞ্চম নৌবহরের কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চেয়েছে সিএনএন।
১০ মাস ধরে মোতায়েন থাকা এ রণতরিটিতে টয়লেট সমস্যাও প্রকট হয়ে উঠেছে। এনপিআরের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছর ধরে এর টয়লেট মেরামতে বারবার বাইরে থেকে সাহায্য নিতে হয়েছে।
গত জুন মাসে ভার্জিনিয়ার নরফোক বন্দর ছাড়ার পর থেকে রণতরিটি আটলান্টিক, ভূমধ্যসাগর ও ক্যারিবীয় অঞ্চল হয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যদি এই মোতায়েন এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত গড়ায়, তবে তা হবে ভিয়েতনাম যুদ্ধের পর কোনো মার্কিন রণতরির দীর্ঘতম মোতায়েন।
তথ্যসূত্র: সিএনএন
কাতারের শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আগুন
কাতারের আকাশসীমায় একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর এর ধ্বংসাবশেষ পড়ে একটি শিল্প এলাকায় অগ্নিকাণ্ড ঘটেছে। দেশটির স্বরাষ্ট্র ও বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিভিল ডিফেন্সের কর্মীরা ওই ‘সীমিত পর্যায়ের আগুন’ নিয়ন্ত্রণে কাজ করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর কিছুক্ষণ আগে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তারা একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। মূলত ওই ক্ষেপণাস্ত্র ধ্বংস করার পর সেটির খণ্ডাংশ নিচে পড়লে আগুনের সূত্রপাত হয়।
তথ্যসূত্র: আল–জাজিরা
বাগদাদে মার্কিন সেনা ও ইরানপন্থী গোষ্ঠীর পাল্টাপাল্টি হামলা, নিহত ৪
ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সেনা ও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে একটি ইরানপন্থী গোষ্ঠীর ব্যবহৃত ভবনে বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।
এ ছাড়া বাগদাদের উচ্চ নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রগুলো নিশ্চিত করেছে।
বাগদাদের জাদরিয়া এলাকায় এই প্রাণঘাতী হামলার কিছুক্ষণ আগেই মার্কিন দূতাবাস প্রাঙ্গণের কাছ থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। আল-জাজিরার তরফে যাচাইকৃত ভিডিও ও স্থিরচিত্রে দেখা গেছে, মার্কিন দূতাবাসের কাছ থেকে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী উঠছে। অন্যান্য ফুটেজে দূতাবাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বেশ কিছু ড্রোন মাঝপথে রুখে দিতে দেখা গেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ মঙ্গলবার ভোরে দূতাবাসের ‘সি-র্যাম’ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে একটি ড্রোন দূতাবাস প্রাঙ্গণের ভেতরে আছড়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকায় যে আগুন ও ধোঁয়া দেখা গেছে, তা দূতাবাস প্রাঙ্গণের ভেতর থেকেই উঠছিল।
তথ্যসূত্র: আল–জাজিরা
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বালানি ট্যাংকে ড্রোনের আঘাত
আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নিহত পাকিস্তানি নাগরিক
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর সেটির ধ্বংসাবশেষ পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার আবুধাবির বানি ইয়াস এলাকায় এ ঘটনা ঘটে বলে আমিরাত মিডিয়া অফিস জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মিডিয়া অফিস জানিয়েছে, নিহত ব্যক্তি একজন পাকিস্তানি নাগরিক। দেশটির প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্রটি মাঝপথে রুখে দিলেও সেটির খণ্ডাংশ বা ধ্বংসাবশেষ নিচে পড়লে এই প্রাণহানির ঘটনা ঘটে।
তথ্যসূত্র: আল–জাজিরা
মোজতবা খামেনি অল্পের জন্য ‘বেঁচে গেছেন’
ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেই ভয়াবহ হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন, যে হামলায় তাঁর বাবা আয়াতুল্লাহ আলী খামেনি ও পরিবারের অন্য সদস্যরা নিহত হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর হাতে আসা একটি ফাঁস হওয়া অডিও রেকর্ড থেকে জানা গেছে, বিস্ফোরণের মাত্র কয়েক মিনিট আগে ব্যক্তিগত কাজে ভবন থেকে বাইরে পা রাখায় প্রাণে বেঁচে যান তিনি।
অডিও রেকর্ডে গত ২৮ ফেব্রুয়ারির সেই হামলার রোমহর্ষক বর্ণনা পাওয়া গেছে। এতে বলা হয়, হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, পরিবারের বেশ কয়েকজন সদস্য ও তাঁর শীর্ষস্থানীয় কর্মকর্তারা নিহত হন। হামলায় ইরানের সামরিক প্রধানের শরীর ছিন্নভিন্ন হয়ে ‘কয়েক কেজি মাংসে’ পরিণত হয় এবং খামেনির এক জামাতার মাথা দ্বিখণ্ডিত হয়ে যায়।
যেভাবে মৃত্যুফাঁদ এড়ালেন মোজতবা খামেনি
এনডিটিভি এই অডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে না পারলেও দ্য টেলিগ্রাফ জানিয়েছে, রেকর্ডটি নিহত আলী খামেনির কার্যালয়ের প্রটোকল প্রধান মাজাহের হোসেনির। গত ১২ মার্চ তেহরানে এক বৈঠকে তিনি এ বর্ণনা দেন।
প্রতিবেদন অনুযায়ী, খামেনি পরিবার ও ইরানের শীর্ষ নেতৃত্বকে একসঙ্গে নির্মূল করার এক সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবে গত ২৮ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ৯টা ৩২ মিনিটে খামেনির ওই কম্পাউন্ডে (বাসভবন) হামলা চালানো হয়।
মাজাহের হোসেনি জানান, ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি হামলার ঠিক আগমুহূর্তে উঠানে বের হয়েছিলেন ও আবারও ওপরে যাওয়ার সময় ভবনটিতে আঘাত হানা হয়। এতে তিনি পায়ে সামান্য আঘাত পেলেও বেঁচে যান। তবে হামলায় তাঁর স্ত্রী জোহরা হাদ্দাদ আদেল ও তাঁদের ছেলে তাৎক্ষণিকভাবে নিহত হন।
হামলার নৃশংস বর্ণনা
আয়াতুল্লাহ আলী খামেনির অন্য ছেলে মোস্তফা খামেনিও হামলার সময় কাছাকাছি অবস্থানে ছিলেন। তিনি ও তাঁর স্ত্রী অক্ষত অবস্থায় বেঁচে ফিরতে সক্ষম হয়েছেন।
হোসেনি জানান, ওই হামলা এতটাই শক্তিশালী ছিল যে ইরানের সামরিক প্রধান মোহাম্মদ শিরাজির দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। তাঁকে শনাক্ত করার জন্য শুধু ‘কয়েক কেজি মাংস’ অবশিষ্ট ছিল। এ ছাড়া খামেনির জামাতা মেসবাহ আল-হুদা বাঘেরি কানির দেহ পাওয়ার সময় দেখা যায়, তাঁর মাথা দ্বিখণ্ডিত হয়ে আছে।
হোসেনির দেওয়া তথ্য অনুযায়ী, খামেনি পরিবারের সদস্যদের থাকার জায়গাসহ ওই কমপ্লেক্সের বিভিন্ন অংশে একই সঙ্গে একাধিক হামলা চালানো হয়েছিল।
তথ্যসূত্র: এনডিটিভি
ইরানে ১০ ‘বিদেশি গুপ্তচর’ গ্রেপ্তার
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলার মধ্যে ১০ জন ‘বিদেশি গুপ্তচর’ গ্রেপ্তার করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি ইরানের ইসনা নিউজ এজেন্সির বরাত দিয়ে জানায়, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজাভি খোরাসান প্রদেশের আইআরজিসির গোয়েন্দা শাখা এক বিবৃতিতে বলেছে, ‘১০ ভাড়াটে ও বিশ্বাসঘাতককে শনাক্তের পর গ্রেপ্তার করা হয়েছে।’
তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইসনা।
বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন ইরানের ‘সংবেদনশীল স্থাপনা ও অর্থনৈতিক অবকাঠামো’র তথ্য সংগ্রহ করছিলেন। বাকিরা একটি ‘রাজতন্ত্রপন্থী সন্ত্রাসী’ গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
মার্কিন–ইসরায়েলি হামলা: ১৮ দিনে তেহরানে ১২ হাজার ভবন ক্ষতিগ্রস্ত
ইরানের রাজধানী তেহরানে গত ১৮ দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত ১২ হাজার ঘরবাড়ি আংশিক বা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।
মেহের নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছেন তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেঘ মোতামাদিয়ান।
গভর্নর জানান, ক্ষতিগ্রস্ত বাসিন্দারা ক্ষতিপূরণের জন্য পৌরসভা কার্যালয়ে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই
ইসলামী বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্স প্রধান সোলাইমানি নিহত, দাবি ইসরায়েলের
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আওতাধীন আধাসামরিক বাহিনী ‘বাসিজ ফোর্সের’ কমান্ডার গোলামরেজা সোলাইমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
গতকাল সোমবার রাতে এক হামলায় সোলাইমানি নিহত হয়েছেন বলে এ দাবি করা হয়েছে।
ইসরায়েলি বাহিনীর দাবি, সোলাইমানির এ মৃত্যু ইরানের ‘কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল’ বা সামরিক নিয়ন্ত্রণ কাঠামোর জন্য একটি ‘বড় ধরনের ধাক্কা’।
একই সঙ্গে ইরানি কমান্ডারদের বিরুদ্ধে ‘শক্তি প্রয়োগ অব্যাহত’ রাখার অঙ্গীকারও করেছে ইসরায়েল।
তবে এই খবরের বিষয়ে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু করার পর থেকেই ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এসব হামলায় দেশটির ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হয়েছেন।
বিশ্লেষকদের মতে, সোলাইমানিকে হত্যার ফলে বাসিজ ফোর্সের নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও দুর্বল হয়ে পড়তে পারে।
ইরানে বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে যেকোনো সম্ভাব্য বিদ্রোহ দমনে এ বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মূলত এই কারণেই বাসিজসহ অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীগুলোকে শুরু থেকেই লক্ষ্যবস্তু বানাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
তথ্যসূত্র: আল–জাজিরা ও এপি
ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের
ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। লারিজানি ইরানের বেঁচে থাকা সর্বজ্যেষ্ঠ নেতাদের একজন ছিলেন।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েল কাৎজ এই তথ্য জানান।
তবে এই খবরের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।
লারিজানি নিহত হওয়ার খবরটি নিয়ে আরও বিস্তারিত তথ্য আসার অপেক্ষায় রয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
উল্লেখ্য, গত কয়েক দশক ধরে আলী লারিজানি ছিলেন ইরানের ক্ষমতা কাঠামোর শান্ত ও বাস্তববাদী মুখ। তিনি অষ্টাদশ শতাব্দীর জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের ওপর বই লিখেছেন ও পশ্চিমাদের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করেছেন।
তবে গত ১ মার্চ ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পর্ষদের ৬৭ বছর বয়সী এই সেক্রেটারির কথার ধরন বদলে যায়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থিত হয়ে লারিজানি জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন।
তথ্যসূত্র: আল–জাজিরা
নতুন হামলা শুরু করেছে ইরান
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানিয়েছে, ইসরায়েল ও মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে নতুন করে হামলা শুরু করেছে ইরান। আজ সকাল থেকে নতুন দফার এই হামলা শুরু হয়েছে।
আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে ইরানের সংবাদমাধ্যমে বলা হয়, নতুন দফার হামলায় ‘সলিড এবং লিকুইড ফুয়েল যুক্ত একাধিক ওয়ারহেড’, সেইসঙ্গে ড্রোন ব্যবহার করা হচ্ছে।
ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে: ইসরায়েলি সামরিক বাহিনী
ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র আটকাতে কাজ করছে।
সূত্র: আল–জাজিরা।
ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি কাতারের
কাতার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলছে, ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। নিরাপত্তা হুমকি আর নেই। পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
সূত্র: আল–জাজিরা।
বৈরুত বিমানবন্দরের কাছে ইসরায়েলি বিমান হামলা
লেবাননে রাজধানী বৈরুতে বিমানবন্দরের কাছের একটি সড়কে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো আজ দক্ষিণ শহরতলিতে তৃতীয়বারের মতো হামলা চালিয়েছে। এবারের লক্ষ্যবস্তু ছিল বুর্জ আল-বারাজনেহ এলাকার আনসার স্টেডিয়ামের কাছে অবস্থিত পুরোনো বিমানবন্দর সড়ক। এই সড়কের অদূরে বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দর।
লেবাননের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান মোহাম্মদ আজিজকে উদ্ধৃত করে প্রতিবেদনে জানানো হয়েছে যে, বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং মূল যাতায়াত পথটি এখনও সচল আছে।
সূত্র: আল–জাজিরা।
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জুনের মধ্যে সাড়ে ৪ কোটি মানুষ তীব্র ক্ষুধার ঝুঁকিতে পড়তে পারে: বিশ্ব খাদ্য কর্মসূচি
ইরানের ওপর হামলায় চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ জুন মাস পর্যন্ত চললে আরও সাড়ে চার কোটি মানুষ তীব্র ক্ষুধার ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব খাদ্য কর্মসূচি। তাদের সাম্প্রতিক এক বিশ্লেষণে বিষয়টি উঠে এসেছে।
বিশ্ব খাদ্য কর্মসূচির উপনির্বাহী পরিচালক কার্ল স্কাউ জেনেভায় সাংবাদিকদের বলেন, খাদ্য, তেল ও শিপিং খরচ বৃদ্ধির ফলে কোটি কোটি মানুষ তীব্র ক্ষুধার শিকার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফলে তীব্র ক্ষুধার বৈশ্বিক পরিসংখ্যান অনুযায়ী ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা বর্তমান রেকর্ড ৩১ কোটি ৯০ লাখ থেকে বেড়ে যাবে।
সূত্র: আল –জাজিরা।
ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ
লেবাননের দক্ষিণাঞ্চলের খিয়াম শহরে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
হিজবুল্লাহর এক্স বার্তায় বলা হয়েছে, ইসরায়েলি সেনারা শহরের একটি পৌরসভা ভবনের কাছাকাছি অবস্থান করছিলেন। তাদের লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে।
এর আগে হিজবুল্লাহ জানিয়েছিল, তারা লেবাননের বিনত জুবাইল জেলার সীমান্ত শহর মারুন আল-রাসে এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সূত্র: আল–জাজিরা।
ইরান যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক পদত্যাগ
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের প্রধান জো কেন্ট পদত্যাগ করেছেন। তিনি এই সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন তিনি।
জো কেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা এক চিঠিতে বলেন, ‘ আমার বিবেক ইরানে চলমান যুদ্ধকে সমর্থন করতে সাড়া দেয় না।’
ওই চিঠি এক্স–এ পোস্ট করা হয়েছে। কেন্ট আরও লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের জন্য ইরান কোনো আসন্ন হুমকি তৈরি করেনি। এটি স্পষ্ট যে আমরা ইসরায়েল ও তাদের প্রভাবশালী আমেরিকান লবির চাপে এই যুদ্ধে লিপ্ত হয়েছি।’
সূত্র: আল–জাজিরা।
কাউন্টারটেররিজম প্রধানের পদত্যাগে ভালো হয়েছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট পদত্যাগ করায় ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, নিরাপত্তা বিষয়ে দুর্বল ছিলেন কেন্ট।
ট্রাম্প বলেন, ‘যখন আমি তাঁর (কেন্ট) বিবৃতি পড়ি, তখন মনে হয়েছে তাঁর চলে যাওয়া ভালো একটা ব্যাপার। কারণ কেন্ট বলেছিলেন, ইরান কোনও হুমকি নয়।’ ট্রাম্প বলেন, ‘প্রত্যেক দেশই বুঝেছিল ইরান কী ধরনের হুমকি ছিল— প্রশ্ন হলো তারা এ বিষয়ে কিছু করতে চায় কিনা।’
সূত্র: আল–জাজিরা।
বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দেশটির বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানির মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম এ কথা জানায়। বিবৃতিতে বলা হয়, সোলাইমানি আমেরিকান-জায়নিস্ট শত্রুদের হামলায় নিহত হয়েছেন।
এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাৎজ দাবি করেন, পৃথক হামলায় ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি ও বাজিস কমান্ডার সোলাইমানিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
আইআরজিসির বিবৃতিতে সোলাইমানির নিহতের কথা জানানো হলেও আলী লারিজানির বিষয়ে কিছু বলা হয়নি।
সূত্র: আল–জাজিরা।
এবার লারিজানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। এর আগে মঙ্গলবার ইসরায়েল দাবি করেছিল, তারা একটি লক্ষ্যভেদী হামলার মাধ্যমে আলী লারিজানিকে হত্যা করেছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরান ও ইসলামি বিপ্লবের উন্নতির জন্য আজীবন সংগ্রামের পর তিনি অবশেষে তাঁর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করেছেন, সত্যের ডাকে সাড়া দিয়েছেন এবং অত্যন্ত গৌরবের সাথে দায়িত্ব পালনরত অবস্থায় শাহাদাতের বরকতময় মর্যাদা লাভ করেছেন।’
সূত্র: আল–জাজিরা।
ইসরায়েলে ইরানের হামলায় নিহত ২
ইসরায়েলের বিভিন্ন এলাকায় ইরানের হামলায় অন্তত দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান।
বেশ কিছু ভিডিওতে দেখা গেছে, আকাশে একটি গুচ্ছবোমা বিস্ফোরিত হচ্ছে এবং বিশাল এলাকা জুড়ে আগুনের খণ্ডগুলো ছড়িয়ে পড়ছে। তেল আবিব এলাকায় এ ধরনের বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
এছাড়া জেরুজালেম, রামাত গান এবং বেনি ব্রাকসহ ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
প্রাথমিক খবর অনুযায়ী, এই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এরা ৭০ বছর বয়সের কাছাকাছি এক নারী ও পুরুষ। ধারণা করা হচ্ছে, হামলার সময় তাঁরা নিরাপদ আশ্রয়ে ছিলেন না। এছাড়া শ্যারন এলাকায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সূত্র: আল–জাজিরা
ইরানের নিরাপত্তা বিষয়ক উপ–প্রধান আলীরেজা বায়েতও নিহত
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান আলীরেজা বায়েত নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা প্রধান আলী লারিজানির ওপর ইসরায়েলের হামলার সময় তিনি তাঁর সঙ্গে ছিলেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এর আগে নিরাপত্তা পরিষদ নিশ্চিত করেছিল, মঙ্গলবার রাতে ইসরায়েলি হামলায় আলী লারিজানি, তাঁর ছেলে এবং একজন সহকারী নিহত হয়েছেন।
ইরানের বার্তাসংস্থা তাসনিম নিউজ আলীরেজা বায়েতকে একজন ‘দক্ষ কিন্তু প্রচারবিমুখ ব্যবস্থাপক’ হিসেবে অভিহিত করেছে। তাসনিমের তথ্য অনুযায়ী, নিরাপত্তা পরিষদে যোগ দেওয়ার আগে বায়েত ইরানের হজ ও তীর্থযাত্রা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এর আগে দেশের বিভিন্ন নিরাপত্তা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
সূত্র: আল–জাজিরা
নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানি সেনাবাহিনীর
ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলায় জাতীয় নিরাপত্তা পর্ষদ প্রধান আলী লারিজানি নিহত হওয়ার ঘটনায় ‘চূড়ান্ত ও অনুশোচনাযোগ্য’ প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি।
এক বিবৃতিতে আমির হাতামি বলেন, ‘সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদ) সেক্রেটারিকে হত্যার ঘটনায় ইরানের প্রতিক্রিয়া হবে চূড়ান্ত ও অনুশোচনাযোগ্য।’
এদিকে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ডস আজ বুধবার এক বিবৃতিতে বলেছে, ‘শহীদ আলী লারিজানি ও তাঁর সঙ্গীদের হত্যার রক্তের প্রতিশোধ নিতে’ মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যাঞ্চলে শক্তিশালী বিস্ফোরণ
ইরানের ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের মধ্যাঞ্চলীয় গুশ দান এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী দেশজুড়ে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারির পর এই বিস্ফোরণের খবর জানায় সংবাদমাধ্যম চ্যানেল ১২।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া অন্তত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে একটি ক্ষেপণাস্ত্রের খণ্ডবিখণ্ড অংশ বিস্ফোরিত হয়ে নিচে পড়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলের হোলন শহরে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটিতে আগুন ধরে গেছে বলে খবর পাওয়া গেছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
দক্ষিণ লেবাননে ইসরায়েলের ‘তীব্র হামলা’ শুরু
দক্ষিণ লেবাননে ‘জোরাল হামলা’ শুরু করার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
লেবাননের টায়ার শহর ও সেখানকার ফিলিস্তিনি শরণার্থী শিবিরের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টা পরই এ হামলা শুরু হলো।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর পক্ষ থেকে ‘ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলার’ জবাবে তারা এ আক্রমণ চালাচ্ছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত তেল আবিবের ট্রেন স্টেশন
ইসরায়েলে হামলার নতুন মাত্রা: ‘ক্লাস্টার ওয়ারহেড’ দিয়ে আঘাত হানল ইরান
ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের তেল আবিবে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত (গুচ্ছ বোমা) ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে তেহরান। আজ বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।
এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) ইরান জানিয়েছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দেশটির বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সংঘাতের সময় সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জানিয়েছে, দুই সপ্তাহের বেশি সময় আগে তারা ইরানে যে হামলা শুরু করেছে, তার অন্যতম লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়া থেকে বিরত রাখা। ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা ও আরও অনেক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন।
ইরান সরকার গতকাল লারিজানি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর প্রথম দিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর লারিজানিই হলেন এখন পর্যন্ত নিহত হওয়া সর্বজ্যেষ্ঠ ব্যক্তি।
ইসরায়েল জানিয়েছে, ইরান বারবার ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করছে। এগুলো মাঝ আকাশে অনেকগুলো ছোট ছোট বিস্ফোরকে বিভক্ত হয়ে পড়ে এবং বিশাল এলাকায় ছড়িয়ে যায়, যা ঠেকানো বেশ কঠিন।
গতকাল রাতে জনবহুল তেল আবিবে চালানো ক্লাস্টার বোমা হামলায় দুজন নিহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধে ইসরায়েলে নিহতের সংখ্যা অন্তত ১৪ জনে দাঁড়িয়েছে।
লারিজানি যে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব ছিলেন, সেই সংস্থা জানিয়েছে, গত সোমবার রাতে ইসরায়েলি হামলায় লারিজানির ছেলে এবং তাঁর ডেপুটি আলিরেজা বায়াতও নিহত হয়েছেন।
তথ্যসূত্র: রয়টার্স
মোসাদকে তথ্য পাচারের অভিযোগ, ইরানে একজনের মৃত্যুদণ্ড
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। দেশটির সংবাদ সংস্থা মিজানের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। ওই ব্যক্তিকে ‘কুরোশ কেইভানি’ নামে চিহ্নিত করা হয়েছে।
আজ বুধবার এক প্রতিবেদনে মিজান জানায়, কুরোশ কেইভানিকে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদকে ইরানের সংবেদনশীল বিভিন্ন জায়গার ছবি ও তথ্য সরবরাহ করার দায়ে দোষীসাব্যস্ত করা হয়েছে।
ইসরায়েলের সঙ্গে কয়েক দশক ধরে ছায়াযুদ্ধে জড়িয়ে রয়েছে ইরান। গত বছর এক দফা প্রকাশ্য যুদ্ধে জড়ায় দুপক্ষ। এ বছর আবারও যুদ্ধ জড়িয়েছে দুই দেশ।
ছায়াযুদ্ধের সময় থেকেই ইরান মোসাদের সঙ্গে যোগসাজশ থাকা ও দেশটির অভ্যন্তরে মোসাদের কার্যক্রমে সহায়তা করার অভিযোগে অনেক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স
বৈরুতের কেন্দ্রে ইসরায়েলি হামলা, নিহত ১২
লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বুধবার ভোরে কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই মধ্য বৈরুতে চালানো ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪১ জন।
একই সময় ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের রাজধানীর আরেকটি এলাকায় হামলার হুমকি দিয়েছে।
গত ২ মার্চ থেকে লেবানন ইরান–ইসরায়েল যুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়ে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে তেহরান–সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা শুরু করে। ফলে এর আগে থেকেই লেবাননে শুরু করা হামলা আরও ব্যাপক ও জোরাল করেছে ইসরায়েল।
লেবাননের বিভিন্ন প্রান্তে তীব্র বিমান হামলা ও দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। বৈরুতের কেন্দ্রস্থলেও কয়েক দফা হামলা চালানো হয়েছে, যার অনেকগুলোই ছিল কোনো আগাম সতর্কতা ছাড়া।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, আজ ভোরে মধ্য বৈরুতের জুকাক আল-ব্লাত এলাকার একটি অ্যাপার্টমেন্টে হামলা চালানো হয়। জনবহুল এ এলাকা সরকারি সদর দপ্তর ও বেশ কয়েকটি বিদেশি দূতাবাসের খুব কাছে অবস্থিত।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইরানের নিরাপত্তাপ্রধান লারিজানি ও বাসিজ বাহিনীর প্রধান সোলাইমানির জানাজা আজ
ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি ও ইসলামী বিপ্লবী গার্ডের (আইআরজিসি) অধীন বাসিজ আধাসামরিক বাহিনীর প্রধান গোলামরেজা সোলাইমানির জানাজা আজ (বুধবার) অনুষ্ঠিত হবে।
গত সোমবার ইসরায়েলি বিমান হামলায় লারিজানি ও সোলাইমানি দুজনই নিহত হয়েছেন।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান লারিজানির উত্তরসূরি কে হচ্ছেন
ইসরায়েলি হামলায় গত সোমবার ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি নিহত হওয়ার পর তাঁর শূন্যস্থান পূরণ করা সহজ হবে না।
প্রবীণ এ রাজনীতিককে অনেক বিশ্লেষক ইরানের অন্যতম প্রধান নীতিনির্ধারক হিসেবে গণ্য করতেন। আন্তর্জাতিক অঙ্গন এবং নিজ দেশের বিভিন্ন রাজনৈতিক শিবিরের মধ্যে সমন্বয়কারী হিসেবে তিনি ছিলেন একজন দক্ষ মধ্যস্থতাকারী।
ইরানের আইন অনুযায়ী, দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরবর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেবেন। তবে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন চলছে যে, প্রভাবশালী ব্যক্তিত্ব সাঈদ জালিলি এ পদে স্থলাভিষিক্ত হতে পারেন।
বিশ্লেষকদের মতে, সাধারণত সর্বোচ্চ নেতার প্রতিনিধিদের মধ্য থেকেই কাউকে জাতীয় নিরাপত্তা পরিষদের এ পদের জন্য বেছে নেওয়া হয়। লারিজানি নিহত হওয়ার পর জালিলিই এখন সবচেয়ে শক্তিশালী বিকল্প।
জালিলি আগেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন এবং ইরানের প্রধান পরমাণু আলোচনাকারী ছিলেন। বর্তমানে দেশটির ‘এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিল’-এর (উচ্চপর্যায়ের নীতি নির্ধারণী পর্ষদ) সদস্য তিনি।
ইয়েল ইউনিভার্সিটির প্রভাষক, ইতিহাসবিদ ও ইরান–বিষয়ক বিশ্লেষক আরশ আজিজি বলেন, ‘জালিলি একজন কট্টরপন্থী নেতা। তিনি ইরানের বর্তমান শাসনব্যবস্থার সবচেয়ে কট্টর পশ্চিমাবিরোধী অংশের নেতৃত্ব দিচ্ছেন।’
তথ্যসূত্র: সিএনএন
এবার ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রীকে লক্ষ্য করে হামলা
ইরানের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার একদিন পরই গতকাল মঙ্গলবার রাতে তেহরানে দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।
ইসরায়েলের একজন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির গণমাধ্যম ‘চ্যানেল ১২’ এ এই দাবি করা হয়েছে।
তবে ওই কর্মকর্তা জানিয়েছেন, ইসমাইল খতিব হামলায় নিহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি ইসরায়েল।
তথ্যসূত্র: সিএনএন ও আল–জাজিরা
ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিবকে হত্যার দাবি ইসরায়েলের
ইরানের গোয়েন্দা বিষয়কমন্ত্রী ইসমাইল খতিব গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এক হামলায় নিহত হয়েছেন। আজ বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ দাবি করেছেন।
তবে খতিবের নিহতের বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
কাৎজ বলেন, তিনি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামরিক বাহিনীকে যেকোনো জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে হত্যার অনুমতি দিয়েছেন। এ জন্য বাড়তি অনুমোদনের প্রয়োজন হবে না।
গোয়েন্দামন্ত্রীকে নিশানা করার আগের দিন রাতেই ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের সেক্রেটারি আলী লারিজানি এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অধীন বাসিজ আধাসামরিক বাহিনীর প্রধান গোলামরেজা সোলাইমানিকে হত্যা করে ইসরায়েল।
তথ্যসূত্র: রয়টার্স
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে যাবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
চীন মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ও সংঘাত বন্ধের জন্য মধ্যস্থতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্টের বিশেষ দূতের সঙ্গে এক বৈঠকে ওয়াং ই বলেন, এই যুদ্ধ কখনো হওয়া উচিত ছিল না। আর এটি চালিয়ে যাওয়ার কোনো কারণ নেই। তিনি আমিরাতের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রেও দেশটির প্রতি সমর্থন ব্যক্ত করেন।
সূত্র: আল–জাজিরা
তেহরানে লারিজানি, বাসিজ প্রধান ও নৌ-সেনাদের জানাজা অনুষ্ঠিত
ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি, আধা-সামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলেইমানি এবং শ্রীলঙ্কার উপকূলে নিহত দেশটির নৌ-সেনাদের জানাজা আজ বুধবার তেহরানে অনুষ্ঠিত হয়েছে।
ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানায়, তাঁদের জানাজায় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার পাশাপাশি বিপুল পরিমাণ মানুষ অংশ নেন।
এর আগে গতকাল মঙ্গলবার ইসরায়েল দাবি করে, গত সোমবার রাতে তেহরানে ইসরায়েলের বিমান হামলায় আলী লারিজানি তাঁর পুত্রসহ নিহত হয়েছেন। একই দিন তেহরানে দেশটির পৃথক বিমান হামলায় বাসিজপ্রধান জেনারেল গোলামরেজা সোলেইমানিও নিহত হন। পরে ইরান তাঁদের মৃত্যুর খবর নিশ্চিত করে।
গত ৪ মার্চ শ্রীলঙ্কার উপকূলে মার্কিন নৌবাহিনীর টর্পেডো হামলায় ইরানের সামরিক জাহাজ ‘দেনা’ ধ্বংস হয়। এতে অন্তত ৮৪ জন ইরানি নৌ-সেনা নিহত হন।
এদিকে আজ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেন, মঙ্গলবার দিবাগত রাতে এক বিমান হামলায় ইরানের গোয়েন্দা বিষয়কমন্ত্রী ইসমাইল খতিব নিহত হয়েছেন। তবে তাঁর নিহতের বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
কাৎজ বলেন, তিনি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামরিক বাহিনীকে যেকোনো জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে হত্যার অনুমতি দিয়েছেন। এর জন্য আর কোনো বাড়তি অনুমোদনের প্রয়োজন হবে না।
গত ২৮ ফেব্রুয়ারি সকালে যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ রাজনৈতিক ও সামরিক একাধিক শীর্ষ নেতা নিহত হন।
সূত্র: তাসনিম ও রয়টার্স
সংযুক্ত আরব আমিরাত আজ ১৩টি ক্ষেপণাস্ত্র ও ২৭টি ড্রোন ছোড়া হয়েছে
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ বুধবার ইরান থেকে তাদের ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৭টি ড্রোন ছোড়া হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তারা মোট ৩২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৬৯৯টি ড্রোন হামলার মুখোমুখি হয়েছে।
সূত্র: আল-জাজিরা
ইরানের নারী ফুটবল দল তুর্কি সীমান্ত পেরিয়ে দেশের পথে
ইরানের নারী জাতীয় ফুটবল দল আজ বুধবার তুর্কি সীমান্ত অতিক্রম করে নিজ দেশের পথে রওনা হয়েছে। বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক জানান, এই দলে এমন কয়েকজন খেলোয়াড়ও রয়েছেন, যারা অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু পরে তা প্রত্যাহার করে নেন।
গত সপ্তাহে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ইরানের জাতীয় নারী ফুটবল দলের সাত সদস্য দেশটির সংগীত গাইতে অস্বীকৃতি জানান। এরপর ইরানে অনেকে তাঁদের ‘বিশ্বাসঘাতক’ বলে উল্লেখ করেন।
এই পরিস্থিতিতে ইরানের নারী ফুটবল দলের সাত সদস্য অস্ট্রেলিয়ায় আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন। তবে পরবর্তীতে অধিনায়ক যাহরা ঘানবারিসহ পাঁচজন তাঁদের সিদ্ধান্ত পরিবর্তন করেন।
দলটি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওমান থেকে ইস্তাম্বুলে পৌঁছায়। এরপর সেখান থেকে উড়োজাহাজে করে তুরস্কের পূর্বাঞ্চলীয় শহর ইগদিরে যায়। সেখান থেকে আজ তাঁরা সড়কপথে নিজ দেশের দিকে রওনা করেন।
ছবি: আল-জাজিরা
ইরানের যেকোনো উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যার অনুমতি দিল ইসরায়েল
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আজ বুধবার জানিয়েছেন, সামরিক বাহিনীকে এখন থেকে যেকোনো জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করার অনুমতি দেওয়া হয়েছে। এ জন্য বাড়তি অনুমোদনের প্রয়োজন হবে না।
এক বিবৃতিতে কাৎজ বলেন, ‘প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) ইরানের এমন যেকোনো উচ্চপদস্থ কর্মকর্তাকে নির্মূলের অনুমতি দিয়েছি, যাদের বিষয়ে গোয়েন্দা তথ্য ও অভিযান পরিচালনার প্রস্তুতি শেষ হয়েছে। এ জন্য নতুন করে অনুমোদনের প্রয়োজন হবে না।’
কাৎজ যোগ করেন, ‘আমরা তাদের সবাইকে নস্যাৎ করা এবং খুঁজে বের করে হত্যা করা অব্যাহত রাখব।’
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এক বিমান হামলায় ইরানের গোয়েন্দা বিষয়কমন্ত্রী ইসমাইল খতিব নিহত হয়েছেন। তবে তাঁর নিহতের বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, ইরানের পাশাপাশি লেবাননেও আগামী কয়েক দিনে আরও ‘চমক’ রয়েছে বলে জানান ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। তিনি জানান, এই যুদ্ধ ইরান ও হিজবুল্লাহ—উভয় ফ্রন্টে অব্যাহত থাকবে।
এর আগে গতকাল মঙ্গলবার ইসরায়েল দাবি করে, গত সোমবার রাতে তেহরানে ইসরায়েলের বিমান হামলায় আলী লারিজানি তাঁর পুত্রসহ নিহত হয়েছেন। একই দিন তেহরানে দেশটির পৃথক বিমান হামলায় বাসিজপ্রধান জেনারেল গোলামরেজা সোলেইমানিও নিহত হন। পরে ইরান তাঁদের মৃত্যুর খবর নিশ্চিত করে।
আজ ইরানের রাজধানী তেহরানে আলী লারিজানি, গোলামরেজা সোলেইমানি এবং শ্রীলঙ্কার উপকূলে নিহত দেশটির নৌ-সেনাদের জানাজা আজ বুধবার তেহরানে অনুষ্ঠিত হয়েছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানায়, তাঁদের জানাজায় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার পাশাপাশি বিপুল পরিমাণ মানুষ অংশ নেন।
গত ২৮ ফেব্রুয়ারি সকালে যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ রাজনৈতিক ও সামরিক একাধিক শীর্ষ নেতা নিহত হন।
ইরানের নেতাদের ওপর ইসরায়েলের ‘রাজনৈতিক হত্যাকাণ্ডের’ তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। গতকাল দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরানের নেতাদের হত্যাকে ‘যুদ্ধের স্বাভাবিক আইনের বাইরে বেআইনি কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন।
সূত্র: এএফপি ও আল-জাজিরা
ইরানে অবস্থিত বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের স্থাপনায় ইসরায়েলের হামলা
ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আজ বুধবার ভোরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের কয়েকটি সংবাদমাধ্যম ও ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এক টেলিগ্রাম বার্তায় জানায়, হামায় স্থাপনাটিতে আগুন ধরে গেছে এবং উদ্ধারকারী ও ফায়ার সার্ভিস কর্মীরা বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন।
উল্লেখ্য, ইরানের সাউথ পার্স বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র। যেখানে ইরান ও কাতার উভয় দেশের গ্যাস উত্তোলন-বিষয়ক স্থাপনা রয়েছে।
এদিকে ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ ইরানের বুশেহর প্রদেশে দেশটির গ্যাস অবকাঠামোতে এই হামলা চালিয়েছে।
গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের ১২ দিনের যুদ্ধের সময়েও সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলা হয়েছিল। ইসরায়েলের ওই হামলার পর গ্যাসক্ষেত্রটির উৎপাদন আংশিকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছিল ইরান।
সূত্র: বিবিসি, আল-জাজিরা ও রয়টার্স
ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার নিন্দা কাতারের
ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে কাতার।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, ‘ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের সঙ্গে যুক্ত স্থাপনাতে ইসরায়েলের এ হামলা এই অঞ্চলের বর্তমান সামরিক উত্তেজনার মধ্যে একটি বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ।’ গ্যাসক্ষেত্রটি কাতারের নর্থ ফিল্ডের একটি বর্ধিত অংশ বলে জানান তিনি।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সতর্ক করে বলেন, ‘জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা বিশ্ব জ্বালানি নিরাপত্তার পাশাপাশি এই অঞ্চলের জনগণ এবং পরিবেশের জন্যও একটি বড় হুমকি।’
তিনি আরও বলেন, ‘গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকা জরুরি। এই বিষয়ের ওপর আমরা বারবার জোর দিয়েছি। এখন সেই আহ্বান পুনর্ব্যক্ত করছি। আমরা সকল পক্ষকে সংযম প্রদর্শন, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে উত্তেজনা কমাতে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি।’
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ পর্যন্ত হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।
সূত্র: আল-জাজিরা
ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে: ইসরায়েল
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে নতুন করে একঝাঁক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এই হামলা প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েল সেনাবাহিনী জানায়, লক্ষ্যবস্তু হওয়া এলাকার বাসিন্দাদের মোবাইলে বার্তার মাধ্যমে সতর্ক করা হয়েছে। হুমকির আশঙ্কা শেষ না হওয়া পর্যন্ত তাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: আল-জাজিরা
সৌদি আরব, কাতার ও আমিরাতের তেল স্থাপনার আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান
সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের পাঁচটি প্রধান তেল স্থাপনার কাছের এলাকায় বসবাসরত সাধারণ মানুষকে অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওই সব দেশের সংশ্লিষ্ট বাসিন্দাদের উদ্দেশ্যে বলেছে, ‘অবিলম্বে এই এলাকাগুলো ত্যাগ করুন এবং কোনো বিলম্ব না করে নিরাপদ দূরত্বে সরে যান।’
এদিকে আজ বুধবার ভোরে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের কয়েকটি সংবাদমাধ্যম ও ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।
এদিকে গ্যাসক্ষেত্রটিতে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, ‘ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের সঙ্গে যুক্ত স্থাপনাতে ইসরায়েলের এ হামলা এই অঞ্চলের বর্তমান সামরিক উত্তেজনার মধ্যে একটি বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ।’ গ্যাসক্ষেত্রটি কাতারের নর্থ ফিল্ডের একটি বর্ধিত অংশ বলে জানান তিনি।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সতর্ক করে বলেন, ‘জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা বিশ্ব জ্বালানি নিরাপত্তার পাশাপাশি এই অঞ্চলের জনগণ এবং পরিবেশের জন্যও একটি বড় হুমকি।’
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ পর্যন্ত হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।
সূত্র: আল–জাজিরা
ইরানের ‘অবশিষ্টাংশ শেষ করে দেওয়ার’ হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এখনো যা কিছু ‘অবশিষ্ট’ আছে তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সেই সব দেশের ওপর ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছেন, যারা জলপথটি ব্যবহার করে, কিন্তু ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে।
আজ বুধবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ হুমকি দেন।
বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের প্রয়োজন নেই জানিয়ে পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমি ভাবছি, আমরা যদি ইরানি সন্ত্রাসী রাষ্ট্রের অবশিষ্টাংশ শেষ করে দিই এবং যারা এই প্রণালি ব্যবহার করে তাদের হাতে এর দায়িত্ব ছেড়ে দিই—তা হলে কী ঘটবে? কারণ আমরা তো এটি ব্যবহার করি না। এটি আমাদের অনেক নিষ্ক্রিয় মিত্রদের দ্রুত লাইনে নিয়ে আসবে!’
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা শুরু করে। যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। যুদ্ধের আগে এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি করা হতো।
ইরান বারবার বলেছে, হরমুজ প্রণালি বন্ধ নয়, খোলা। তবে হামলা বন্ধ না করলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং তাদের মিত্রদের কোনো জাহাজকে প্রণালি পার হতে দেওয়া হবে না। পার হতে চেষ্টা করলে হামলা চালানো হবে। এ পর্যন্ত সেখানে অন্তত ১৬টি জাহাজ ও ট্যাংকারে হামলা হয়েছে। তবে, যুদ্ধ শুরুর পর ইরানের অনুমতি নিয়ে ভারত, তুরস্ক ও পাকিস্তানের কয়েকটি ট্যাংকার প্রণালিটি পার হয়েছে বলে খবর পাওয়া গেছে।
হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়ছে। আজ প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১০৮ ডলার ছাড়িয়েছে, যা যুদ্ধ আগের তুলনায় ৪০ ডলারের বেশি।
জ্বালানির দাম বাড়ায় যুক্তরাষ্ট্রের ওপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে। তাই যুদ্ধের শুরু থেকে ন্যাটো ও এশিয়ার মিত্রদের হরমুজে যুদ্ধ জাহাজ পাঠাতে আহ্বান জানিয়ে আসছেন ট্রাম্প। কয়েক দফা আহ্বান সত্ত্বেও যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, গ্রিস, স্পেসসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রায় কোনো দেশ ট্রাম্পের আহ্বানে এখন পর্যন্ত সাড়া দেয়নি। এগুলো সব ন্যাটোভুক্ত দেশ।
হরমুজ প্রণালি দিয়ে আসা জ্বালানির অধিকাংশ আসে এশিয়ার বিভিন্ন দেশে। এশিয়ার যুক্তরাষ্ট্রের মিত্র দেশ জাপান ও অস্ট্রেলিয়াও হরমুজে জাহাজ পাঠাবে না বলে জানিয়েছে। শুধু দক্ষিণ কোরিয়া বলেছে তারা ট্রাম্পের আহ্বান বিবেচনা করে দেখবে।
প্রণালিটি নিরাপদ রাখতে সেখানে যুদ্ধজাহাজ পাঠাতে চীনের প্রতিও আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। স্বাভাবিকভাবে চীন তাতে সাড়া দেয়নি। মিত্র ও অন্যান্যদের সাড়া না পেয়ে বেশ হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প।
গত মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা হরমুজ উপকূলের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করতে বিশাল ‘বাংকার-বাস্টার’ বোমা ব্যবহার করছে।
সূত্র: এএফপি ও আল-জাজিরা
গোয়েন্দামন্ত্রী খতিবের নিহতের কথা নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজেদের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব ইসরায়েলের হামলায় নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এই খবর নিশ্চিত করেন।
বিবৃতিতে পেজেশকিয়ান এটাকে ‘কাপুরুষোচিত হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছেন।
এর আগে আজ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এক বিমান হামলায় ইরানের গোয়েন্দা বিষয়কমন্ত্রী ইসমাইল খতিব নিহত হয়েছেন।
গত সোমবার রাতে তেহরানে ইসরায়েলের হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি তাঁর পুত্রসহ নিহত হন। ওই দিন পৃথক আরেকটি হামলায় দেশটির আধা-সামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলেইমানিও নিহত হয়।
গত ২৮ ফেব্রুয়ারি সকালে যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ রাজনৈতিক ও সামরিক একাধিক শীর্ষ নেতা নিহত হন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, তাদের সামরিক বাহিনীকে এখন থেকে যেকোনো জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করার অনুমতি দেওয়া হয়েছে। এ জন্য বাড়তি অনুমোদনের প্রয়োজন হবে না।
সূত্র: আল-জাজিরা
হরমুজ প্রণালি পুনরায় খোলার উপায় খুঁজছে ন্যাটো মিত্ররা
হরমুজ প্রণালি কীভাবে পুনরায় খুলে দেওয়া যায়, তা নিয়ে ন্যাটোর মিত্র দেশগুলো সম্মিলিতভাবে আলোচনা করছে বলে জানিয়েছেন সামরিক জোটটির মহাসচিব মার্ক রুত্তে।
নরওয়ে সফরকালে আজ বুধবার রুত্তে সাংবাদিকদের বলেন, ‘বাণিজ্য পথটি আবারও সচল করার বিষয়ে আমরা একমত। আমি যতটুকু জানি, তা কীভাবে করা যায়, তা নিয়ে মিত্ররা একসঙ্গে কাজ করছে এবং আলোচনা করছে। তারা সম্মিলিতভাবে একটি উপায় খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।’
আজ রুত্তের মন্তব্যের কয়েক ঘণ্টা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হরমুজ নিয়ে ন্যাটো মিত্রদের তীব্র সমালোচনা করেন।
বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের প্রয়োজন নেই জানিয়ে পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমি ভাবছি, আমরা যদি ইরানি সন্ত্রাসী রাষ্ট্রের অবশিষ্টাংশ শেষ করে দিই এবং যারা এই প্রণালি ব্যবহার করে তাদের হাতে এর দায়িত্ব ছেড়ে দিই—তা হলে কী ঘটবে? কারণ আমরা তো এটি ব্যবহার করি না। এটি আমাদের অনেক নিষ্ক্রিয় মিত্রদের দ্রুত লাইনে নিয়ে আসবে!’
জ্বালানির দাম বাড়ায় যুক্তরাষ্ট্রের ওপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে। তাই যুদ্ধের শুরু থেকে ন্যাটো ও এশিয়ার মিত্রদের হরমুজে যুদ্ধ জাহাজ পাঠাতে আহ্বান জানিয়ে আসছেন ট্রাম্প। কয়েক দফা আহ্বান সত্ত্বেও যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, গ্রিস, স্পেসসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রায় কোনো দেশ ট্রাম্পের আহ্বানে এখন পর্যন্ত সাড়া দেয়নি। এগুলো সব ন্যাটোভুক্ত দেশ।
সূত্র: আল-জাজিরা
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিমানবন্দরে ৩টি বিমান ক্ষতিগ্রস্ত
ইসরায়েলের তেল আবিবের কাছে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে তিনটি ব্যক্তিগত বিমান ‘ব্যাপকভাবে’ ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ বুধবার ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।
গত কয়েক দিনে এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে একটি বিমানে আগুন ধরে গিয়েছিল।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের চারটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।
যুদ্ধের শুরুর দিকে কুয়েতে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা ‘ভুলবশত’ গুলি করে তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে। পরে ইরাকে যুক্তরাষ্ট্রের জ্বালানি পরিবহনকারী (রিফুয়েলিং) একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়।
ইরাকে বিমান ভূপাতিত হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করে, ‘শত্রুপক্ষ বা মিত্রপক্ষের গুলিতে’ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়নি। তবে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স নামের একটি গোষ্ঠী দাবি করেছে, তারা উড়োজাহাজটি ভূপাতিত করেছে।
সূত্র: আল–জাজিরা
ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার ঘটনায় নিন্দা রাশিয়ার
ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির হত্যার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ বুধবার সাংবাদিকদের নিয়মিত ব্রিফিংয়ে বলেন, ‘সার্বভৌম ও স্বাধীন ইরানের নেতৃত্বের ক্ষতি করার লক্ষ্যে পরিচালিত যেকোনো পদক্ষেপ, বিশেষ করে এই হত্যাকাণ্ডের (নিরাপত্তা প্রধান লারিজানির) আমরা কঠোর নিন্দা জানাই।’
গত সোমবার রাতে তেহরানে ইসরায়েলের হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি তাঁর পুত্রসহ নিহত হন। ওই দিন পৃথক আরেকটি হামলায় দেশটির আধা-সামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলেইমানিও নিহত হয়। ইরান এসব হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে।
ইরান রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। গত ২৮ ফেব্রুয়ারি দেশটির ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার গত জানুয়ারিতে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো যখন ইরানের দিকে রওনা হচ্ছিল, তখন গত জানুয়ারিতে ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন লারিজানি।
সূত্র: আল-জাজিরা
লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা
ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। লারিজানিকে হত্যার প্রায় একদিন পর বুধবার এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত বিবৃতিতে লারিজানিকে একজন ‘বুদ্ধিমান ও অঙ্গীকারবদ্ধ ব্যক্তি’ এবং ইরানের রাজনৈতিক কাঠামোর এক বিশিষ্ট ব্যক্তিত্ব বলে অভিহিত করেন নতুন সর্বোচ্চ নেতা।
বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, ‘এই ধরনের একজন ব্যক্তিত্বের হত্যাকাণ্ড থেকে তিনি কতটা গুরুত্বপূর্ণ এবং ইসলামের শত্রুদের কাছে তিনি কতটা ঘৃণ্য ছিলেন, তা বোঝা যায়।... প্রতিটি রক্তের মূল্য রয়েছে, যা এই শহীদদের খুনিদের অচিরেই পরিশোধ করতে হবে।’
গত সোমবার রাতে তেহরানে ইসরায়েলের হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি তাঁর পুত্রসহ নিহত হন। ওই দিন পৃথক আরেকটি হামলায় দেশটির আধা-সামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলেইমানিও নিহত হয়।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে আরেকটি বিমান হামলায় ইরানের গোয়েন্দা বিষয়কমন্ত্রী ইসমাইল খতিব নিহত হন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খতিব ইসরায়েলের হামলায় নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এটাকে ‘কাপুরুষোচিত হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছেন।
গত ২৮ ফেব্রুয়ারি সকালে যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ রাজনৈতিক ও সামরিক একাধিক শীর্ষ নেতা নিহত হন। একই হামলায় মোজতবা খামেনিও আহত হয়েছিলেন।
বাবা আলী খামেনির মৃত্যুর কয়েক দিন পর মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়।
এদিকে বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, তাদের সামরিক বাহিনীকে এখন থেকে যেকোনো জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করার অনুমতি দেওয়া হয়েছে। এ জন্য বাড়তি অনুমোদনের প্রয়োজন হবে না।
সূত্র: আল-জাজিরা
ইরানে ৭ হাজার ৮০০-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলার কথা জানাল যুক্তরাষ্ট্র
ইরানে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৭ হাজার ৮০০-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সময়ে দেশটির ১২০টিরও বেশি জাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে।
বুধবার এক হালনাগাদে সেন্টকম এ তথ্য জানিয়েছে।
সেন্টকম বলেছে, ‘মার্কিন বাহিনী ইরানের বর্তমান শাসনের নিরাপত্তা কাঠামো ভেঙে দিতে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। যেসব স্থান থেকে তাৎক্ষণিক হুমকির সম্ভাবনা রয়েছে সেগুলোকে অগ্রাধিকার দিচ্ছে।’
সূত্র: আল-জাজিরা
জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে নিজেদের সমস্যার কথা স্বীকার মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের
ইরানের ওপর হামলা শুরু করার পর থেকে নিজেরা জ্বালানির দাম বৃদ্ধি-সংক্রান্ত সমস্যার মুখোমুখি হওয়ার কথা স্বীকার করেছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
মিশিগান অঙ্গরাজ্যের একটি উৎপাদন কারখানায় বুধবার জেডি ভ্যান্স বলেন, ‘গ্যাসের দাম বাড়ছে, আমরা তা জানি। আমরা জানি এর কারণে মানুষ কষ্টে আছে।’
জেডি ভ্যান্স যোগ করেন, ‘আমরা কয়েকটি বিষয় নিয়ে কাজ করছি, যা আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে।’ তবে এই বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগে তিনি কোনো ঘোষণা দিতে চান না।
হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের প্রয়োজন নেই জানিয়ে বুধবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমি ভাবছি, আমরা যদি ইরানি সন্ত্রাসী রাষ্ট্রের অবশিষ্টাংশ শেষ করে দিই এবং যারা এই প্রণালি ব্যবহার করে তাদের হাতে এর দায়িত্ব ছেড়ে দিই—তা হলে কী ঘটবে? কারণ আমরা তো এটি ব্যবহার করি না। এটি আমাদের অনেক নিষ্ক্রিয় মিত্রদের দ্রুত লাইনে নিয়ে আসবে!’
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা শুরু করে। যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। যুদ্ধের আগে এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি করা হতো।
ইরান বারবার বলেছে, হরমুজ প্রণালি বন্ধ নয়, খোলা। তবে হামলা বন্ধ না করলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং তাদের মিত্রদের কোনো জাহাজকে প্রণালি পার হতে দেওয়া হবে না। পার হতে চেষ্টা করলে হামলা চালানো হবে। এ পর্যন্ত সেখানে অন্তত ১৬টি জাহাজ ও ট্যাংকারে হামলা হয়েছে। তবে, যুদ্ধ শুরুর পর ইরানের অনুমতি নিয়ে ভারত, তুরস্ক ও পাকিস্তানের কয়েকটি ট্যাংকার প্রণালিটি পার হয়েছে বলে খবর পাওয়া গেছে।
হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়ছে। বুধবার প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১০৮ ডলার ছাড়িয়েছে, যা যুদ্ধ আগের তুলনায় ৪০ ডলারের বেশি।
জ্বালানির দাম বাড়ায় যুক্তরাষ্ট্রের ওপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে। তাই যুদ্ধের শুরু থেকে ন্যাটো ও এশিয়ার মিত্রদের হরমুজে যুদ্ধ জাহাজ পাঠাতে আহ্বান জানিয়ে আসছেন ট্রাম্প। কয়েক দফা আহ্বান সত্ত্বেও যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, গ্রিস, স্পেসসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রায় কোনো দেশ ট্রাম্পের আহ্বানে এখন পর্যন্ত সাড়া দেয়নি। এগুলো সব ন্যাটোভুক্ত দেশ।
হরমুজ প্রণালি দিয়ে আসা জ্বালানির অধিকাংশ আসে এশিয়ার বিভিন্ন দেশে। এশিয়ার যুক্তরাষ্ট্রের মিত্র দেশ জাপান ও অস্ট্রেলিয়াও হরমুজে জাহাজ পাঠাবে না বলে জানিয়েছে। শুধু দক্ষিণ কোরিয়া বলেছে তারা ট্রাম্পের আহ্বান বিবেচনা করে দেখবে।
প্রণালিটি নিরাপদ রাখতে সেখানে যুদ্ধজাহাজ পাঠাতে চীনের প্রতিও আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। স্বাভাবিকভাবে চীন তাতে সাড়া দেয়নি। মিত্র ও অন্যান্যদের সাড়া না পেয়ে বেশ হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প।
সূত্র: এএফপি ও আল-জাজিরা
ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তা–কর্মচারীদের অবাঞ্ছিত ঘোষণা কাতারের
কাতার ইরানের দূতাবাসের সামরিক, নিরাপত্তা সংলগ্ন কর্মকর্তাদের এবং তাদের কর্মীদের অবাঞ্ছিত ঘোষণা করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, অবাঞ্ছিত ঘোষণা করাদের ২৪ ঘণ্টার মধ্যে কাতার ছাড়তে হবে। ইরান বারবার কাতারে হামলা চালানোয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র: আল–জাজিরা
লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৬
ইসরায়েলের বিমান হামলায় লেবাননের পূর্বাঞ্চলের চাত শহরের কাছে ছয়জন নিহত হয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থার (এনএনএ) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকারী দলগুলি বর্তমানে ধ্বংসস্তুপের নিচে নিখোঁজ হয়ে যাওয়া বেশ কয়েকজন ব্যক্তির সন্ধান করছে।
সূত্র: আল–জাজিরা
ক্ষেপণাস্ত্র হামলায় তিন ফিলিস্তিনি নারীসহ নিহত ৪
ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের হেবরন সংলগ্ন বেইত আওয়ায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ায় তিন ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
এদিকে ইসরায়েলের মধ্যাঞ্চলের মোশাভ আদানিমে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডমের একজন মুখপাত্র জানিয়েছেন, নিহত ব্যক্তি একজন ‘বিদেশি কর্মী’, যাঁর বয়স আনুমানিক ৩০ বছর। তাঁর শরীরে ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টারের আঘাত পাওয়া গেছে।
সূত্র: আল–জাজিরা
রাস লাফানে হামলার পর ট্রাম্প ও থানির সঙ্গে ফোনালাপ মাখোঁর
রাস লাফান শিল্পনগরীতে হামলার পর ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে টেলিফোনে কথা বলেছেন।
কাতারের বিশাল প্রাকৃতিক গ্যাস খনির কেন্দ্রস্থল রাস লাফানে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মাখোঁ বলেন, বেসামরিক অবকাঠামো, বিশেষ করে জ্বালানি এবং পানি সরবরাহ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে চালানো হামলাগুলোর ওপর অবিলম্বে বিরতি টানা আমাদের সকলের সাধারণ স্বার্থের বিষয়।’
মাখোঁ আরও লিখেছেন, ‘বেসামরিক জনগণ এবং তাদের মৌলিক চাহিদাগুলোর পাশাপাশি জ্বালানি সরবরাহের নিরাপত্তাকে অবশ্যই সামরিক উত্তেজনা বৃদ্ধি থেকে রক্ষা করতে হবে।’
সূত্র: আল–জাজিরা
ইরানের জ্বালানি ক্ষেত্রে আর কোনো হামলা চান না ট্রাম্প
ইরানের জ্বালানি অবকাঠামোতে আর কোনো নতুন হামলা হোক, এমনটি চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ইসরায়েল ইরানের অন্যতম বৃহৎ ‘সাউথ পার্স’ গ্যাসক্ষেত্রের স্থাপনাগুলোতে আঘাত হানার পর তাঁর এই অবস্থানের কথা জানা গেছে। ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টার জবাবে তেহরানকে একটি কড়া বার্তা দিতে ট্রাম্প বুধবারের হামলাকে সমর্থন জানিয়েছিলেন। তবে সেই উদ্দেশ্য সফল হওয়ার পর তিনি আপাতত পরবর্তী যেকোনো পদক্ষেপের বিরোধী।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, তবে এই অবস্থান চূড়ান্ত নয়। তেহরান যদি পুনরায় ওই গুরুত্বপূর্ণ জলপথে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তবে ট্রাম্প আবারও ইরানের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার অনুমতি দিতে পারেন।
সূত্র: দি গার্ডিয়ান
সৌদি জ্বালানি স্থাপনায় ইরানের হামলা ‘ব্ল্যাকমেইল’: সৌদি পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, সৌদি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে চালানো ইরানের হামলা ছিল একটি ‘সুস্পষ্ট ব্ল্যাকমেইলের চেষ্টা’।
এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল যে, রিয়াদে আঞ্চলিক ও ইসলামি দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একটি সম্মেলন শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে রিয়াদ অভিমুখী চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার কাছে এটি পরিষ্কার যে, আজকের এই হামলার সময়টি সম্মেলনের সাথে মিলিয়ে নির্ধারণ করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল উপস্থিত প্রতিনিধিদের ভয় দেখানো এবং এই বার্তা দেওয়া যে ইরান থামবে না।’
প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ আরও বলেন, ‘আমি শুধু এটুকুই বলতে পারি, আমরা ভয় পাইনি। ইরান যখন এ ধরনের আচরণ করে, তখন তারা কোনোভাবেই বৈধ অংশীদার হতে পারে বলে আমরা বিশ্বাস করি না। সামান্য যেটুকু আস্থা অবশিষ্ট ছিল, তা এখন পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে।’
সূত্র: আল–জাজিরা
কাতারে এলএনজি উৎপাদন ক্ষেত্রে আবার হামলা, বড় অগ্নিকাণ্ড
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির কয়েকটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন ও রপ্তানি স্থাপনায় আবার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে ইরানের এ হামলায় স্থাপনাগুলোতে ‘বড় ধরনের আগুন’ লাগার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাতার এনার্জি।
রাষ্ট্রায়ত্ত এ জ্বালানি কোম্পানিটি জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে জরুরি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে মোতায়েন করা হয়েছে।
এর আগে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি বিশ্বের সর্ববৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত।
বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদনকারী প্রতিষ্ঠান কাতার এনার্জি জানিয়েছে, ওই হামলায় তাদের ‘পার্ল জিটিএল’ (গ্যাস-টু-লিকুইডস) স্থাপনার ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
কাতারের এলএনজি স্থাপনায় আবার হামলা হলে ইরানের পুরো গ্যাসক্ষেত্র উড়িয়ে দেব: ট্রাম্প
কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থাপনায় ইরান যদি আর কোনো প্রতিশোধমূলক হামলা চালায়, তবে দেশটির পুরো ‘সাউথ পার্স’ গ্যাসক্ষেত্র ‘বিশাল বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাঁর নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এ হুমকি দিয়েছেন।
পোস্টে ট্রাম্প আরও বলেছেন, ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের আগের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা কাতার ‘কিছুই জানত না’। তিনি বলেন, ইসরায়েল ওই গ্যাসক্ষেত্রে ‘আর কোনো হামলা চালাবে না’—যদি ইরান ‘সম্পূর্ণ নির্দোষ একটি দেশ, কাতারের ওপর হামলার সিদ্ধান্ত না নেয়’।
ট্রাম্প বলেন, ‘সে ক্ষেত্রে (কাতারে গ্যাসক্ষেত্রে আবার হামলা করলে) ইসরায়েলের সহায়তা বা সম্মতি থাকুক আর না থাকুক, যুক্তরাষ্ট্র একাই পুরো সাউথ পার্স গ্যাসক্ষেত্রকে এমন শক্তিশালী ও প্রচণ্ড মাত্রার বিস্ফোরণে উড়িয়ে দেবে, যা ইরান এর আগে কখনো দেখেনি বা প্রত্যক্ষ করেনি।’
ট্রাম্প বলেন, ‘আমি এই পর্যায়ের সহিংসতা বা ধ্বংসযজ্ঞের অনুমতি দিতে চাই না। কারণ ইরানের ভবিষ্যতের ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে। কিন্তু কাতারের এলএনজি স্থাপনায় যদি আবার হামলা হয়, তবে আমি এটি করতে দ্বিধা করব না।’
ট্রাম্পের এ পোস্টের আগে বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদনকারী প্রতিষ্ঠান কাতার এনার্জি জানিয়েছে, আজ বৃহস্পতিবার ভোরে তাদের বেশ কয়েকটি এলএনজি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে সেখানে ‘বড় ধরনের আগুন’ লাগার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কাতার এনার্জির এ বক্তব্যের আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছে।
উল্লেখ্য, ইরান ও কাতারের যৌথ মালিকানাধীন ‘সাউথ পার্স’ বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র এবং এটি ইরানের অভ্যন্তরীণ জ্বালানি শক্তির সবচেয়ে বড় উৎস।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইরানে ‘সাউথ পার্স’ গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলা
ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে গতকাল বুধবার ভোরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের কয়েকটি সংবাদমাধ্যম ও ইরানের সংবাদ সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।
এদিকে ওই হামলার পর সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পাঁচটি প্রধান তেল স্থাপনার কাছের এলাকায় বসবাসরত সাধারণ মানুষকে অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর।
BREAKING: THE LARGEST GAS FIELD IN THE WORLD IS ON FIRE
— Spencer Hakimian (@SpencerHakimian) March 18, 2026
pic.twitter.com/3qfg1UsHn5
ইরানে হামলা চালানোর হুমকি দিল সৌদি আরব
ইরানের পক্ষ থেকে বারবার চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে সামরিক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা নাকচ করে দেয়নি সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
রিয়াদে আঞ্চলিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, ইরান হামলার মাধ্যমে তার ‘প্রতিবেশীদের ওপর চাপ সৃষ্টির চেষ্টা’ করছে।
প্রিন্স ফয়সাল আরও বলেন, ‘সৌদি আরব এ ধরনের চাপের মুখে নতি স্বীকার করবে না; বরং উল্টো এ চাপ তাদের (ইরান) ওপরই ফিরে আসবে। আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে, প্রয়োজন মনে করলে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার আমাদের রয়েছে।’
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
হরমুজ প্রণালির কাছে জাহাজে হামলা, আগুন
সংযুক্ত আরব আমিরাত উপকূলে আজ বৃহস্পতিবার ভোরে একটি জাহাজে হামলার পর সেটিতে আগুন ধরে গেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটি জানিয়েছে, জাহাজটিতে ‘অজ্ঞাত একটি বস্তু’ আঘাত হেনেছে। এতে সেখানে অগ্নিকাণ্ড ঘটেছে।
ইউকেএমটিও-এর পক্ষ থেকে আরও জানানো হয়, হামলার শিকার জাহাজটি আরব আমিরাতের খোর ফাক্কান উপকূলের কাছে হরমুজ প্রণালির প্রবেশমুখে অবস্থান করছিল।
উল্লেখ্য, ইরান যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ২০টির বেশি জাহাজে হামলার ঘটনা ঘটেছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
কুয়েতে তেল শোধনাগারে ড্রোন হামলা
কুয়েতের একটি তেল শোধনাগারে আজ বৃহস্পতিবার সকালে ড্রোন হামলা চালানো হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, হামলার ফলে সেখানে ‘সীমিত’ পর্যায়ে অগ্নিকাণ্ড ঘটেছে।
কুয়েত নিউজ এজেন্সি (কেএনএ) কুয়েত পেট্রোলিয়াম করপোরেশনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মিনা আল-আহমাদি শোধনাগারের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে এ ড্রোন হামলা কোথা থেকে চালানো হয়েছে, প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি। তেল শোধনাগারটি কুয়েত সিটি থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণে অবস্থিত। দৈনিক ৭ লাখ ৩০ হাজার ব্যারেল জ্বালানি তেল উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই স্থাপনাটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম তেল শোধনাগার।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইরানের নিরাপত্তাপ্রধান লারিজানিকে হত্যা ‘অগ্রহণযোগ্য’: চীন
ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান আলী লারিজানিকে ইসরায়েলের হত্যা করার ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে চীন। বেইজিং এ হত্যাকাণ্ডকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যায়িত করেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা সব সময়ই শক্তি প্রয়োগের বিরোধিতা করে আসছি। ইরানের রাষ্ট্রীয় নেতাদের হত্যা ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার ঘটনা আরও বেশি অগ্রহণযোগ্য।’
তথ্যসূত্র: আল–জাজিরা
সৌদি আরবের সামরেফ তেল শোধনাগারে ড্রোন বিধ্বস্ত
সৌদি আরবের ইয়ানবু বন্দরের ‘সৌদি আরামকো’র সামরেফ তেল শোধনাগারে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা বর্তমানে ‘মূল্যায়ন করা হচ্ছে’।
BREAKING: Iranian missiles have struck multiple points in Riyadh, Saudi Arabia. pic.twitter.com/QniAO2PPDE
— Clash Report (@clashreport) March 18, 2026
এ ঘটনা নিয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
তথ্যসূত্র: আল–জাজিরা
কুয়েতের দুই তেল শোধনাগারে আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস
কুয়েতের মিনা আল-আহমাদি ও মিনা আবদুল্লাহ—দুই তেল শোধনাগারে একই সঙ্গে লাগা আগুন নিয়ন্ত্রণে লড়াই করছে ফায়ার সার্ভিসের ছয়টি দল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে কুয়েত ফায়ার ফোর্স এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে গুরুত্বপূর্ণ এই জ্বালানি স্থাপনা দুটিতে পরিকল্পিত হামলার পর আগুনের এ সূত্রপাত হয়েছে। বর্তমানে জরুরি উদ্ধারকারী দল দেশের অন্যতম প্রধান এই দুই জ্বালানি কেন্দ্রের ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে কাজ করছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
কাতারে গ্যাস স্থাপনায় হামলায় সবচেয়ে বেশি ঝুঁকিতে পাকিস্তান, বাংলাদেশ ও ভারত
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হওয়ায় পাকিস্তান, বাংলাদেশ ও ভারত বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ও শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় রয়েছে।
এ দেশগুলোর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির এক বড় অংশই আসে কাতার থেকে। কাতারের প্রায় সব প্রাকৃতিক গ্যাস রাস লাফানে প্রক্রিয়াজাত ও সেখান থেকে রপ্তানি করা হয়।
জ্বালানি খাতের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘কেপলার’-এর মতে, পাকিস্তান ও বাংলাদেশ তাদের এলএনজি আমদানির যথাক্রমে ৯৯ শতাংশ ও ৭০ শতাংশ পায় কাতার থেকে।
অন্যদিকে বাজার গবেষণা প্রতিষ্ঠান ‘এসঅ্যান্ডপি গ্লোবাল’-এর তথ্য অনুযায়ী, ভারত তাদের এলএনজি চাহিদার ৪০ শতাংশের বেশি কাতার থেকে সংগ্রহ করে।
রাস লাফান স্থাপনার পরিচালক ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কাতার এনার্জি চলতি মাসের শুরুর দিকে এলএনজি ও সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন স্থগিত করেছিল। তবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা ও ক্ষয়ক্ষতির কারণে স্বাভাবিক উৎপাদনে ফিরতে কোম্পানিটির অনেক বেশি সময় লেগে যেতে পারে।
তথ্যসূত্র: সিএনএন
যুক্তরাজ্যে গ্যাসের দাম ১৪০ শতাংশ বেড়েছে
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাজ্যে পাইকারি গ্যাসের দাম প্রায় ১৪০ শতাংশ বেড়ে প্রতি থার্ম (২ দশমিক ৮ ঘনমিটার) ১৭১ দশমিক ৩৪ পেন্স বা ২ দশমিক ২৯ ডলারে পৌঁছেছে। ২০২৩ সালের জানুয়ারির পর থেকে দেশটিতে গ্যাসের দাম আর কখনো এতটা বাড়েনি।
ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে গতকাল বুধবার ভোরে বিমান হামলা চালায় ইসরায়েল। এটি বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র। গ্যাসক্ষেত্রটির একটি অংশ কাতারের।
সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলার জবাবে সৌদি আরব, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ক্ষেত্রে পাল্টা হামলা চালিয়েছে ইরান।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের রাস লাফান এলএনজি কমপ্লেক্সের কিছু অংশে আগুন লেগেছে। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম গ্যাসের কেন্দ্র হিসেবে পরিচিত।
যুক্তরাজ্য জ্বালানির বিষয়ে এখনো আমদানির ওপর নির্ভরশীল। কাতারসহ পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশ থেকে দেশটিতে অধিকাংশ গ্যাস যায়।
সূত্র: আল-জাজিরা
ইরান হামলায় যুক্তরাষ্ট্রের লক্ষ্য ‘অপরিবর্তিত’ রয়েছে: হেগসেথ
ইরানে চলমান হামলায় যুক্তরাষ্ট্রের লক্ষ্য অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ‘অপরিবর্তিত ও সঠিক পথে রয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী’ চলছে।
সাংবাদিকদের হেগসেথ জানান, ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়া, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক, প্রতিরক্ষা শিল্প কাঠামো এবং নৌবাহিনী ধ্বংস করা যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য।
আগের কয়েকটি সংবাদ সম্মেলনের মতো হেগসেথ যথারীতি বলেন, বৃহস্পতিবার আমরা ইরানের ওপর এযাবৎকালের সবচেয়ে বড় হামলা চালাতে যাচ্ছি।
তিনি আরও জানান, ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা সম্ভবত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: রয়টার্স
ইরানি তেলের ওপর বিধিনিষেধ শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র: অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্থিতিশীল করতে সাগরে থাকা ইরানি তেলের ওপর থেকে বিধিনিষেধ শিথিল করতে পারে বলে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ খবর জানিয়েছেন।
বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্র একতরফাভাবে তাদের নিজস্ব তেলের মজুত থেকেও তেল বাজারে ছাড়তে পারে।
চলতি সপ্তাহের শুরুতে বেসেন্ট জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের অবগতিতেই ইরানি তেলবাহী ট্যাংকারগুলো এরই মধ্যে হরমুজ প্রণালি ছাড়তে শুরু করেছে। এটা বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করছে।
বেসেন্টের মন্তব্যের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা
‘অস্ত্রের গর্জন’ থামলেই কেবল মধ্যপ্রাচ্য বিষয়ে পদক্ষেপ নেবে জার্মানি: চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস
ইরানে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় অংশ নেবে না জার্মানি। দেশটির জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস আজ বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ সম্মেলনে সাংবাদিকের এ কথা বলেছেন।
ফ্রিডরিখ মের্ৎস বলেন, ‘ জার্মানির ভূমিকা শত্রুতা বা যুদ্ধ বন্ধ হওয়ার ওপর নির্ভর করছে। অস্ত্রের গর্জন থামলেই কেবল আমরা এতে (যুদ্ধে) যুক্ত হতে পারব এবং তা করব।’
হরমুজ প্রণালির দিকে ইঙ্গিত করে মের্ৎস বলেন, ‘আমরা সমুদ্রপথ উন্মুক্ত করা এবং তা নিরাপদ রাখাসহ অনেক কিছুই করতে পারি। কিন্তু যুদ্ধ চলাকালীন আমরা তা করব না। কেবল শত্রুতা শেষ হলে আমরা এসব বিষয়ে পদক্ষেপ নেব।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা শুরু করে। যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। যুদ্ধের আগে এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি করা হতো।
ইরান বারবার বলেছে, হরমুজ প্রণালি বন্ধ নয়, খোলা। তবে হামলা বন্ধ না করলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং তাদের মিত্রদের কোনো জাহাজকে প্রণালি পার হতে দেওয়া হবে না। পার হতে চেষ্টা করলে হামলা চালানো হবে। এ পর্যন্ত সেখানে অন্তত ১৬টি জাহাজ ও ট্যাংকারে হামলা হয়েছে। তবে, যুদ্ধ শুরুর পর ইরানের অনুমতি নিয়ে ভারত, তুরস্ক ও পাকিস্তানের কয়েকটি ট্যাংকার প্রণালিটি পার হয়েছে বলে খবর পাওয়া গেছে।
হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়ছে। প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে, যা যুদ্ধ আগের তুলনায় ৪০ ডলারের বেশি।
জ্বালানির দাম বাড়ায় যুক্তরাষ্ট্রের ওপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে। তাই যুদ্ধের শুরু থেকে ন্যাটো ও এশিয়ার মিত্রদের হরমুজে যুদ্ধ জাহাজ পাঠাতে আহ্বান জানিয়ে আসছেন ট্রাম্প। কয়েক দফা আহ্বান সত্ত্বেও যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, গ্রিস, স্পেসসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রায় কোনো দেশ ট্রাম্পের আহ্বানে এখন পর্যন্ত সাড়া দেয়নি। এগুলো সব ন্যাটোভুক্ত দেশ।
হরমুজ প্রণালি দিয়ে আসা জ্বালানির অধিকাংশ আসে এশিয়ার বিভিন্ন দেশে। এশিয়ার যুক্তরাষ্ট্রের মিত্র দেশ জাপান ও অস্ট্রেলিয়াও হরমুজে জাহাজ পাঠাবে না বলে জানিয়েছে। শুধু দক্ষিণ কোরিয়া বলেছে তারা ট্রাম্পের আহ্বান বিবেচনা করে দেখবে।
প্রণালিটি নিরাপদ রাখতে সেখানে যুদ্ধজাহাজ পাঠাতে চীনের প্রতিও আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। স্বাভাবিকভাবে চীন তাতে সাড়া দেয়নি। মিত্র ও অন্যান্যদের সাড়া না পেয়ে বেশ হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প।
সূত্র: এএফপি ও আল-জাজিরা
সৌদি যুবরাজ ও কুয়েতের আমিরের হামলা নিয়ে ফোনালাপ
ইরানের হামলা নিয়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-সাবাহ ফোনালাপ করেছেন। কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেইউএনএ আজ বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।
কেইউএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, দুই নেতা ‘আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় তাদের সমস্ত সক্ষমতা ও সম্পদ ব্যবহার করার’ কথা জানিয়েছেন।
গতকাল বুধবার ভোরে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালায় ইসরায়েল। এটি বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র। গ্যাসক্ষেত্রটির একটি অংশ কাতারের।
সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলার জবাবে সৌদি আরব, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ক্ষেত্রে পাল্টা হামলা চালিয়েছে ইরান।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের রাস লাফান এলএনজি কমপ্লেক্সের কিছু অংশে আগুন লেগেছে। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম গ্যাসের কেন্দ্র হিসেবে পরিচিত।
সূত্র: আল-জাজিরা
কাতারের গ্যাসক্ষেত্রে ইরানি হামলার তীব্র নিন্দা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের
কাতারের প্রধান গ্যাসক্ষেত্র রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গতকাল বুধবার দিবাগত রাতে এতে হামলা চালানো হয়। বিভিন্ন দেশের নেতারা এরই মধ্যে এ হামলার নিন্দা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে স্টারমার লেখেন, ‘আমি কাতারের গ্যাস স্থাপনায় ইরানের গত রাতের হামলার কঠোরতম ভাষায় নিন্দা জানাচ্ছি।’
স্টারমার যোগ করেন, ‘আমরা ব্রিটিশ জনগণের সর্বোত্তম স্বার্থে মধ্যপ্রাচ্য পরিস্থিতির দ্রুত সমাধানের লক্ষ্যে কাজ করছি। এই যুদ্ধের অবসান ঘটানোই জীবনযাত্রার ব্যয় কমানোর দ্রুততম উপায়।’
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাজ্যে পাইকারি গ্যাসের দাম প্রায় ১৪০ শতাংশ বেড়ে প্রতি থার্ম (২ দশমিক ৮ ঘনমিটার) ১৭১ দশমিক ৩৪ পেন্স বা ২ দশমিক ২৯ ডলারে পৌঁছেছে। ২০২৩ সালের জানুয়ারির পর থেকে দেশটিতে গ্যাসের দাম আর কখনো এতটা বাড়েনি।
সূত্র: আল-জাজিরা
ইরানের ‘কিছু’ সামরিক সক্ষমতা এখনো অবশিষ্ট রয়েছে : মার্কিন জেনারেল কেইন
যুদ্ধের প্রায় তিন সপ্তাহ পার হতে চললেও ইরান এখনো কীভাবে হামলা চালাচ্ছে?
আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিয়মিত সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল ড্যান কেইনকে এক সাংবাদিক এই প্রশ্ন করেন।
জবাবে ড্যান কেইন বলেন, ইরান বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধে নেমেছিল। আর সে কারণেই যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে যতটা সম্ভব ‘আক্রমণাত্মক ও কঠোর’ অবস্থান নিচ্ছে।
কেইন আরও বলেন, যুক্তরাষ্ট্র অবিরামভাবে ইরানের লক্ষ্যবস্তু ‘খুঁজে বের করে ধ্বংস করার’ কাজ চালিয়ে যাচ্ছে। তবে তিনি স্বীকার করেন, ইরানের এখনো ‘কিছু সক্ষমতা’ অবশিষ্ট রয়েছে গেছে।
সূত্র: বিবিসি
যুদ্ধ শুরুর পর ১৭৮ মার্কিন-ইসরায়েলি গুপ্তচর গ্রেপ্তার: আইআরজিসি
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে গত ২০ দিনে ১৭৮ জন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরান। এসব ব্যক্তি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে কাজ করতেন বলে অভিযোগ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে।
আইআরজিসির বরাতে ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা রেড ক্রিসেন্টের কেন্দ্র ও চেকপোস্টের ছবি এবং ঠিকানা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোয়েন্দা সংস্থার কাছে পাঠাচ্ছিল, যাতে সেসব স্থানে হামলা চালানো যায়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিক রয়েছেন। তাঁদের কাছ থেকে অস্ত্র, কোনো প্রতিষ্ঠানের অবস্থান শনাক্তকারী যন্ত্র, বিশেষ যোগাযোগ সরঞ্জাম এবং বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে।
সূত্র: আল-জাজিরা
ইরানের ইন্টারনেট বিধিনিষেধের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র: হেগসেথ
ইরান সরকারের ইন্টারনেট বিধিনিষেধের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। যৌথ এ সংবাদ সম্মেলনে দেশটির চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল ড্যান কেইনও অংশ নেন।
ওয়াশিংটন ডিসির পেন্টাগনে আয়োজিত সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, ইরানের শাসনগোষ্ঠী সেদেশের ইন্টারনেট সংযোগের ওপর ‘নিয়ন্ত্রণ আরও শক্ত’ করার চেষ্টা করছে, এটা যুক্তরাষ্ট্রের নজরে এসেছে।
হেগসেথ বলেন, ‘আমরা সুস্পষ্ট কিছু পাল্টা ব্যবস্থা নিচ্ছি। এসব পদক্ষেপের অনেক বিষয় সম্পর্কে এখানে কথা বলা সম্ভব নয়। কেবল সাধারণ ইরানি জনগণই নয়, বরং নির্দিষ্ট কিছু লক্ষ্যগোষ্ঠীর কাছেও যেন আমাদের বার্তা পৌঁছে দেওয়া যায়— সেটাই আমাদের উদ্দেশ্য। বিশেষ করে সেই সব মানুষের কাছে, তাদের ভবিষ্যৎ কেমন হতে পারে বা তাদের সামনে বিকল্প কী কী পথ খোলা আছে, যা তাদের জানা প্রয়োজন।’
গত মঙ্গলবার ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানায়, এক বিশেষ অভিযানের মাধ্যমে দেশজুড়ে শত শত ‘স্টারলিঙ্ক’ সিস্টেম জব্দ করা হয়েছে। ইন্টারনেটে সরকারের কড়াকড়ি এড়াতে দেশটির কিছু মানুষ এই প্রযুক্তি ব্যবহার করছিলেন।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে, এ ধরনের প্রযুক্তি রাখার দায়ে ‘সর্বোচ্চ শাস্তির’ মুখোমুখি হওয়া লাগতে পারে।
সূত্র: রয়টার্স
হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ‘যথাযথ প্রচেষ্টায়’ যোগ দিতে প্রস্তুত যুক্তরাজ্যসহ ৬ দেশ
হরমুজ প্রণালি দিয়ে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ‘যথাযথ প্রচেষ্টায়’ যোগ দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ছয় দেশ। একই সঙ্গে তারা আন্তর্জাতিক জ্বালানি বাজার স্থিতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।
দেশগুলো হলো—যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও জাপান। আজ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তারা নিজেদের অবস্থান জানায়।
যৌথ বিবৃতিতে পারস্য উপসাগরের দেশগুলোর জ্বালানি স্থাপনায় ইরানের হামলার নিন্দা জানিয়ে তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। দেশগুলো বলেছে, উৎপাদন বৃদ্ধি ও বাজার স্থিতিশীল করতে তারা নির্দিষ্ট কিছু জ্বালানি উৎপাদনকারী দেশের সঙ্গে কাজ করবে।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা এই (হরমুজ) প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে যথাযথ প্রচেষ্টায় অবদান রাখার প্রস্তুতি ব্যক্ত করছি। যেসব দেশ এ বিষয়ে প্রাথমিক পরিকল্পনায় যুক্ত আছে, তাদের অঙ্গীকারকে আমরা স্বাগত জানাই।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা শুরু করে। যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। যুদ্ধের আগে এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি করা হতো।
ইরান বারবার বলেছে, হরমুজ প্রণালি বন্ধ নয়, খোলা। তবে হামলা বন্ধ না করলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং তাদের মিত্রদের কোনো জাহাজকে প্রণালি পার হতে দেওয়া হবে না। পার হতে চেষ্টা করলে হামলা চালানো হবে। এ পর্যন্ত সেখানে অন্তত ১৬টি জাহাজ ও ট্যাংকারে হামলা হয়েছে। তবে, যুদ্ধ শুরুর পর ইরানের অনুমতি নিয়ে ভারত, তুরস্ক ও পাকিস্তানের কয়েকটি ট্যাংকার প্রণালিটি পার হয়েছে বলে খবর পাওয়া গেছে।
হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়ছে। প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে, যা যুদ্ধ আগের তুলনায় ৪০ ডলারের বেশি।
জ্বালানির দাম বাড়ায় যুক্তরাষ্ট্রের ওপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে। তাই যুদ্ধের শুরু থেকে ন্যাটো ও এশিয়ার মিত্রদের হরমুজে যুদ্ধ জাহাজ পাঠাতে আহ্বান জানিয়ে আসছেন ট্রাম্প। কয়েক দফা আহ্বান সত্ত্বেও যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, গ্রিস, স্পেসসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রায় কোনো দেশ ট্রাম্পের আহ্বানে এখন পর্যন্ত সাড়া দেয়নি। এগুলো সব ন্যাটোভুক্ত দেশ।
হরমুজ প্রণালি দিয়ে আসা জ্বালানির অধিকাংশ আসে এশিয়ার বিভিন্ন দেশে। এশিয়ার যুক্তরাষ্ট্রের মিত্র দেশ জাপান ও অস্ট্রেলিয়াও হরমুজে জাহাজ পাঠাবে না বলে জানিয়েছে। শুধু দক্ষিণ কোরিয়া বলেছে তারা ট্রাম্পের আহ্বান বিবেচনা করে দেখবে।
প্রণালিটি নিরাপদ রাখতে সেখানে যুদ্ধজাহাজ পাঠাতে চীনের প্রতিও আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। স্বাভাবিকভাবে চীন তাতে সাড়া দেয়নি। মিত্র ও অন্যান্যদের সাড়া না পেয়ে বেশ হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প।
যুদ্ধ শুরুর বাজার স্থিতিশীল করতে প্যারিসভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) ৪০ কোটি ব্যারেল কৌশলগত মজুত জ্বালানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। সাগরে জাহাজে থাকা রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্থিতিশীল করতে সাগরে থাকা ইরানি তেলের ওপর থেকে বিধিনিষেধ শিথিল করতে পারে বলে যুক্তরাষ্ট্র। ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ খবর জানান।
বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্র একতরফাভাবে তাদের নিজস্ব তেলের মজুত থেকেও তেল বাজারে ছাড়তে পারে।
ছয় দেশের যৌথ বিবৃতিতে কৌশলগত পেট্রোলিয়াম মজুত বাজারে ছাড়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলা হয়, ‘আমরা জ্বালানি বাজার স্থিতিশীল করতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নির্দিষ্ট কিছু উৎপাদনকারী দেশের সঙ্গে কাজ করার পাশাপাশি অন্যান্য পদক্ষেপ নেব।’
সূত্র: আল-জাজিরা ও এএফপি
ইরানের হামলায় কাতারের এলএনজি সক্ষমতার ১৭ শতাংশ ক্ষতিগ্রস্ত, মেরামতে লাগবে ৫ বছর
ইরানের সাম্প্রতিক হামলায় কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি সক্ষমতার ১৭ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ও স্থাপনাগুলো মেরামত করতে ৩ থেকে ৫ বছর লাগতে পারে।
আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতারএনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাদ আল-কাবি এ কথা জানিয়েছেন।
আল-কাবি বলেন, ‘আমি স্বপ্নেও ভাবিনি যে কাতার এবং এই অঞ্চল এমন কোনো হামলার শিকার হবে। বিশেষ করে রমজান মাসে আমাদেরই এক মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশের কাছ থেকে এভাবে আক্রান্ত হওয়াটা অকল্পনীয় ছিল।’
গতকাল বুধবার ভোরে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালায় ইসরায়েল। এটি বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র। গ্যাসক্ষেত্রটির একটি অংশ কাতারের।
সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলার জবাবে সৌদি আরব, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ক্ষেত্রে পাল্টা হামলা চালিয়েছে ইরান।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের রাস লাফান এলএনজি কমপ্লেক্সের কিছু অংশে আগুন লেগেছে। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম গ্যাসের কেন্দ্র হিসেবে পরিচিত।
সূত্র: আল-জাজিরা
কূটনীতির মাধ্যমে যুদ্ধ বন্ধের আহ্বান মিসর ও আমিরাতের প্রেসিডেন্টের
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আবুধাবিতে বৈঠক করেছেন। সেখানে তারা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের আঞ্চলিক প্রভাব নিয়ে আলোচনা করেছেন।
আমিরাতের সংবাদ সংস্থা ওয়াম জানায়, দুই নেতা এই অঞ্চলে সামরিক উত্তেজনা অবিলম্বে বন্ধ করার ওপর গুরুত্বারোপ করেছেন। তাঁরা নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সফরকালে প্রেসিডেন্ট আল-সিসি সংযুক্ত আরব আমিরাত এবং উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশে ইরানের হামলার তীব্র নিন্দা জানান। তিনি আমিরাতের সার্বভৌমত্ব ও জনগণকে রক্ষায় দেশটির নেওয়া পদক্ষেপগুলোর প্রতি মিসরের পূর্ণ সংহতি প্রকাশ করেন।
চলতি যুদ্ধে সংযুক্ত আরব আমিরাত ইরানের অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা ইরান থেকে ছোড়া ৩৩৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে।
সূত্র: আল-জাজিরা
মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিশ্ব খাদ্য নিরাপত্তার জন্য হুমকি: ডব্লিউটিও
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ বিশ্ব খাদ্য নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে সতর্ক করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রধান এনগোজি ওকোনজো-ইওয়েলা। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা সচল রাখার আহ্বান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওকোনজো-ইওয়েলা বলেন, ‘মধ্যপ্রাচ্যের এই সংঘাত বিশ্ব খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। কারণ জাহাজ চলাচলে বিঘ্ন ও জ্বালানির উচ্চমূল্যের কারণে সারের সরবরাহ কমে গেছে। ফলে সারের দাম বাড়ছে।’
বিশ্বের মোট নাইট্রোজেন সারের সরবরাহের প্রায় এক-তৃতীয়াংশ হরমুজ প্রণালি দিয়ে যায়।
ওকোনজো-ইওয়েলা বলেন, ‘সরবরাহ ব্যবস্থায় দীর্ঘমেয়াদি বিঘ্ন ঘটলে তা খাদ্য ব্যবস্থার ওপর বিরূপ প্রভাব ফেলবে। এর ফলে কৃষকেরা সারের ব্যবহার কমিয়ে দিতে পারেন এবং কম সার প্রয়োজন হয় এমন ফসল চাষে বাধ্য হতে পারেন।’
ওকোনজো-ইওয়েলা জোর দিয়ে বলেন, ‘বিশ্বব্যাপী খাদ্য বাণিজ্যের পথগুলো উন্মুক্ত এবং স্থিতিশীল রাখা জরুরি, যাতে যেখানে খাদ্যের সবচেয়ে বেশি প্রয়োজন সেখানে তা পৌঁছাতে পারে।’
সূত্র: আল-জাজিরা
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে অগ্নিকাণ্ড
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের হাইফা শহরে একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আগুন লেগেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সেখানে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে উত্তর ও মধ্য ইসরায়েলসহ জেরুজালেম এলাকায় বিমান হামলার সতর্ক সংকেত (সাইরেন) বাজার পরপরই এই হামলার খবর আসে।
তাৎক্ষণিকভাবে হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। তা ছাড়া আগুন নিয়ন্ত্রণে এসেছে কি না, তাও জানা যায়নি।
গত বছর ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ১২ দিনের যুদ্ধের সময়েও হাইফার তেল শোধনাগারটি আক্রান্ত হয়েছিল।
গতকাল বুধবার ভোরে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালায় ইসরায়েল। এটি বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র। গ্যাসক্ষেত্রটির একটি অংশ কাতারের।
সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলার জবাবে সৌদি আরব, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ক্ষেত্রে পাল্টা হামলা চালিয়েছে ইরান।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের রাস লাফান এলএনজি কমপ্লেক্সের কিছু অংশে আগুন লেগেছে। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম গ্যাসের কেন্দ্র হিসেবে পরিচিত।
সূত্র: রয়টার্স ও আল-জাজিরা
ইরানের হামলা ‘ভয়াবহ উত্তেজনা’, তবে যুদ্ধ ‘শুরু করেছে ইসরায়েল’: কাতারের প্রধানমন্ত্রী
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি বলেছেন, এটি এমন একটি যুদ্ধ যা ‘ইসরায়েল শুরু করেছে। ইরান প্রতিশোধ নিতে গিয়ে তাদের প্রতিবেশীদের ওপর আক্রমণ করার পথ বেছে নিয়েছে।’
আজ বৃহস্পতিবার বিকেলে কাতারের রাজধানী দোহায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আল থানি এ কথা বলেন।
শত্রুতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে আল থানি বলেন, উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে পরস্পরের প্রতি ‘বিশ্বাস পুনরুদ্ধারের বিকল্প নেই।
প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনিও ইসরায়েলকে যুদ্ধের সূচনাকারী বলে উল্লেখ করেন। তবে আঞ্চলিক অস্থিরতা না বাড়ানোর ক্ষেত্রে ইরানের একটি ‘ঐতিহাসিক দায়বদ্ধতা’ রয়েছে বলে মনে করে তুরস্ক।
সংবাদ সম্মেলনটি শুরুর ঠিক আগে ওই এলাকায় সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার সতর্ক সংকেত দিতে সাইরেন বেজে উঠেছিল। তবে পূর্বপরিকল্পনা অনুযায়ী সংবাদ সম্মেলনটি সম্পন্ন হয়।
সূত্র: রয়টার্স
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের এফ-৩৫ মডেলের একটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ দাবি করেছে।
এদিকে এ বিষয় সম্পর্কে জানেন এমন দুটি সূত্র সিএনএনকে জানায়, ইরানি বাহিনীর গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের একটি মার্কিন বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করেছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানটি ‘ইরানের বিরুদ্ধে একটি যুদ্ধ অভিযান’ পরিচালনা করার সময় জরুরি অবতরণ করতে বাধ্য হয়। বিমানটি নিরাপদে অবতরণ করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
হকিন্স যোগ করেন, ‘বিমানটি নিরাপদে অবতরণ করেছে। পাইলটের শারীরিক অবস্থা স্থিতিশীল।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর যুদ্ধে অংশ নেওয়া দেশ দুটি কোনো যুদ্ধবিমানে ইরানের হামলার এটাই প্রথম ঘটনা। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলও অত্যাধুনিক প্রযুক্তির এফ-৩৫ ব্যবহার করছে। একটি এফ-৩৫ যুদ্ধবিমান তৈরি করতে ১০ কোটি ডলারের বেশি খরচ হয়।
সূত্র: সিএনএন ও আল-জাজিরা
কাস্পিয়ান সাগরে ইরানের নৌবাহিনীকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা
কাস্পিয়ান সাগরে ইরানের নৌবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধ শুরুর পর সাগরটিতে থাকা ইরানের নৌবাহিনীকে লক্ষ্য করে প্রথমবারের মতো হামলা চালানো ইসরায়েল।
গতকাল বুধবার এ হামলা চালানো হয়েছে। আজ বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি সাংবাদিকদের এ কথা জানান।
নাদাভ শোশানি সাংবাদিকদের বলেন, স্থলভাগ দিয়ে ঘেরা (ইনল্যান্ড) এই সাগরে ইরানের নৌ-সক্ষমতা অনেকাংশে অকেজো করে দেওয়া হয়েছে। ইসরায়েলি বিমানবাহিনী সেখানে কয়েক ডজন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। হামলায় একাধিক ক্ষেপণাস্ত্রবাহী বোট, একটি ছোট যুদ্ধজাহাজ, জাহাজ তৈরি ও মেরামতের একটি শিপইয়ার্ড এবং একটি কমান্ড সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে।
অনলাইন ব্রিফিংয়ে ইসরায়েলের এই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা কাস্পিয়ান সাগরে তাদের নৌ-সক্ষমতা ধ্বংস করতে সক্ষম হয়েছি।’
সূত্র: রয়টার্স
ইসরায়েলের হামলায় লেবাননে নিহত ১ হাজার ছাড়িয়েছে
লেবাননে ইসরায়েলের হামলা নিহতদের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গত ২ মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘন করে বড় পরিসরে লেবাননে হামলা শুরু করে ইসরায়েল। জবাবে দেশটির রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও পাল্টা হামলা চালাচ্ছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বৃহস্পতিবার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১ জনে। আগের দিন বুধবার তা ছিল ৯৬৮ জন।
নিহতদের মধ্যে ৭৯ জন নারী, ১১৮ জন শিশু এবং ৪০ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ ছাড়া ইসরায়েলি হামলায় দেশটিতে এ পর্যন্ত ২ হাজার ৫৮৪ জন আহত হয়েছেন।
সূত্র: আল-জাজিরা
কেবল ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই একমাত্র ব্যক্তি যিনি বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এ মন্তব্য করেন।
তাকাইচি বলেন, সমগ্র বিশ্ব একটি ভয়াবহ নিরাপত্তা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্ব অর্থনীতি একটি ‘বিশাল ধাক্কা’ অনুভব করতে যাচ্ছে।
তাকাইচি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কেবল আপনিই (ট্রাম্প) সারা বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারেন।’ তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের এই বার্তাটি মার্কিন প্রেসিডেন্টের কাছে সরাসরি পৌঁছে দিতেই তিনি হোয়াইট হাউস সফর করছেন।
তাকাইচি আরও বলেন, জাপান ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে। তিনি পারস্য উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের হামলা ও হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার তীব্র নিন্দা জানান।
সূত্র: রয়টার্স
মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েন করছে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইঙ্গিত দিয়েছেন, তিনি মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা মোতায়েনের কথা ভাবছেন না।
এই অঞ্চলে আরও সামরিক সদস্য পাঠানোর পরিকল্পনা আছে কি না—একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প এমন ইঙ্গিত দেন।
ট্রাম্প বলেন, ‘আমি কোথাও সেনা মোতায়েন করছি না। ... যদি করতামও, তা আমি অবশ্যই আপনাদের জানাতাম না। তবে আমি সেনা পাঠাচ্ছি না। আমরা কেবল সেটাই করব, যা করা প্রয়োজন।’
হোয়াইট হাউসের ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এ কথা বলেন।
‘ইরান যুদ্ধের অর্থায়নে আরও অর্থ প্রয়োজন’
ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন এই সংঘাতের জন্য ২০ হাজার কোটি বিলিয়ন ডলার তহবিল চেয়েছে। এমন একটি প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘অনেকগুলো কারণে’ যুক্তরাষ্ট্রের আরও তহবিলের প্রয়োজন।
বৃহস্পতিবার ট্রাম্পের আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সাংবাদিকদের বলেছিলেন, পেন্টাগন ইরান যুদ্ধের জন্য কংগ্রেসের কাছে আরও অর্থ চাইবে।
সূত্র: রয়টার্স
আরব মিত্রদের কাছে ২ হাজার ৩০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
আরব মিত্রদের কাছে ২ হাজার ৩০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র বিভাগ থেকে কংগ্রেসের কাছে পাঠানো একটি নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।
নোটিশর তথ্যমতে, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে ৮০০ কোটি ডলারের বেশি সমমূল্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রি করা হবে। এর মধ্যে ড্রোন, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং এফ-১৬ যুদ্ধবিমানের গোলাবারুদ রয়েছে।
কুয়েতের কাছে বিক্রি করা হবে ৮০০ কোটি ডলার সমমূল্যের সামরিক সরঞ্জাম। এতে রয়েছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার সিস্টেম।
জর্ডানের জন্য সাড়ে ৭ কোটি ডলারের বিমান ও গোলাবারুদ সহায়তা অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া উল্লিখিত দেশ তিনটির কাছে আরও ৬০০ কোটি ডলারের সমমূল্যের সামরিক সরঞ্জাম বিক্রয় অনুমোদন দেওয়া হয়েছে। এই বরাদ্দের বিষয়ে এক মার্কিন কর্মকর্তা জানান, এর জন্য কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানানো দরকার হয়নি। কারণ এগুলো আগে অনুমোদিত প্যাকেজের সমন্বয় বা সেফ্র বাণিজ্যিক বিক্রয়।
সূত্র: মিডল ইস্ট আই
ইরানের আর ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা নেই: নেতানিয়াহু
টানা ২০ দিন ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলার ফলে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির আর কোনো সক্ষমতা নেই বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নেতানিয়াহু বলেন, ‘আমরা বিজয়ী হচ্ছি, আর ইরান ধ্বংস হয়ে যাচ্ছে।’ তিনি আরও উল্লেখ করেন যে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত ব্যাপক মাত্রায় দুর্বল করে দেওয়া হয়েছে এবং তা পুরোপুরি ধ্বংস করা হবে।
নেতানিয়াহু বলেন, ‘আমরা এখন সেই কারখানাগুলো ধ্বংস করছি, যেখানে এসব ক্ষেপণাস্ত্র তৈরির সরঞ্জাম বানানো হয়। পাশাপাশি, তারা যে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, তার সরঞ্জাম তৈরির কারখানাগুলোও আমরা গুঁড়িয়ে দিচ্ছি।’
তবে ইরান যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা হারিয়েছে, এমন দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি নেতানিয়াহু।
এর আগে, গত মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত না রাখার (শূন্যে নামিয়ে আনা) বিষয়ে সম্মত হয়েছিল জানিয়েছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল–বুসাইদি। তবে ওমানের পররাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টা পর গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালিয়ে বসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
জবাবে ইরানও ইসরায়েল এবং উপসাগরীয় অন্যান্য দেশে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলেও তারা বাধা দিচ্ছে।
এদিকে প্রায় তিন সপ্তাহ ধরে যুদ্ধ চললেও, সরকার পতনের দাবিতে ইরানিরা রাস্তায় নামবে কি না—তা এখনই বলার সময় আসেনি বলে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন নেতানিয়াহু।
তিনি বলেন, ‘এটি প্রমাণ করার দায়িত্ব ইরানের জনগণের ওপরই নির্ভর করছে। সঠিক সময় বেছে নিয়ে তাদেরই রুখে দাঁড়াতে হবে।’
এখন পর্যন্ত যুদ্ধ মূলত আকাশপথেই সীমাবদ্ধ রয়েছে। তবে নেতানিয়াহু বলেন, এখানে স্থল অভিযানেরও প্রয়োজন রয়েছে এবং ‘এই স্থল অভিযানের জন্য অনেক ধরনের বিকল্প আমাদের হাতে আছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে টেনে আনার যে অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছে, সেটিও অস্বীকার করেন নেতানিয়াহু।
তিনি বলেন, ‘কেউ কি আসলেই মনে করে যে, প্রেসিডেন্ট ট্রাম্পকে কী করতে হবে, তা অন্য কেউ বলে দিতে পারে?’
সূত্র: রয়টার্স
যুদ্ধ শুরু হওয়ার পর ইরানে ২০৪ শিশু নিহত হয়েছে: রেড ক্রিসেন্ট
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে ২০৪ জনের বেশি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। এর মধ্যে ৫৩টি শিশুর বয়স পাঁচ বছরের কম। এ ছাড়া দুজন অন্তঃসত্ত্বা নারীও প্রাণ হারিয়েছেন।
রেড ক্রিসেন্ট বলেছে, ‘শিশু ও অন্তঃসত্ত্বা নারীদের যখন লক্ষ্যবস্তু করা হয়, তখন সেটি আর নিছক কোনো সামরিক ঘটনা থাকে না। বরং এটি মানবিক মর্যাদার চরম লঙ্ঘনের একটি দৃষ্টান্ত।’
এ ছাড়া এই যুদ্ধে ১৮ হাজারের বেশি বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
গত ৮ মার্চ থেকে চালানো বিমান হামলায় ৪৯৮টি স্কুল, ২৫১টি চিকিৎসাকেন্দ্র এবং ১৭টি রেড ক্রিসেন্ট কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে বেসামরিক মানুষের ব্যবহার্য ৭০ হাজারের বেশি স্থাপনা ক্ষতির মুখে পড়েছে।
সংস্থাটি আরও বলেছে, ‘আমরা আশা করি আন্তর্জাতিক সব প্রতিষ্ঠান, বিশেষ করে মানবাধিকারের ক্ষেত্রে সক্রিয় সংস্থাগুলো এই নগ্ন লঙ্ঘনের মুখে নীরব থাকবে না।’
সূত্র: আল-জাজিরা
ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালানোর দাবি ইরানের
ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান।
ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের শীর্ষ কর্মকর্তাদের এবং কয়েক ডজন নাবিককে হত্যার প্রতিশোধ নিতে তারা ড্রোন দিয়ে পশ্চিম জেরুজালেমে অবস্থিত ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ে হামলা চালিয়েছে।
ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’র ‘বীরদের রক্তের বদলা’ এবং দেশটির গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে।
তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
গত ৪ মার্চ শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে ইরানের যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’ লক্ষ্য করে টর্পেডো হামলা চালায় যুক্তরাষ্ট্র। ভারতে মহড়া শেষে যুদ্ধজাহাজটি দেশে ফিরছিল। মার্কিন ওই হামলায় ইরানের নৌবাহিনীর ৮০ জনের বেশি সদস্য নিহত হন।
অন্যদিকে, চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলের এক বিমান হামলায় নিহত হন ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব।
সূত্র: আল–জাজিরা
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ‘পুরো বিশ্বকে রক্ষা’ করছে: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল বৃহস্পতিবার বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ‘পুরো বিশ্বকে রক্ষা’ করছে।
নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলি হামলায় ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরান এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারছে না। তবে এসব দাবির সপক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জিতছি এবং ইরান ধ্বংস হয়ে যাচ্ছে।’ তিনি জানান, এই অভিযানের লক্ষ্য হলো ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি নির্মূল করা; যাতে সেগুলো মাটির গভীরে নিয়ে যাওয়ার আগেই ধ্বংস করা যায় এবং আকাশপথে হামলা চালিয়ে আর ঠেকানো সম্ভব না হয় এমন পরিস্থিতি তৈরি না হয়।’
‘ইরানের জনগণ যাতে নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণ করতে পারেন, সে পরিবেশ তৈরি করাও’ এ অভিযানের উদ্দেশ্য বলে উল্লেখ করেন নেতানিয়াহু।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে নেতানিয়াহু বলেন, তাঁদের দুজনের ‘চিন্তাভাবনা অভিন্ন’। একই সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এ যুদ্ধে টেনে এনেছে বলে ওঠা দাবিকে ‘ভুয়া খবর’ হিসেবে নাকচ করে দেন তিনি।
নেতানিয়াহু বলেন, ‘কেউ কি সত্যিই মনে করেন যে প্রেসিডেন্ট ট্রাম্পকে কেউ বলে দিতে পারেন, তাঁর কী করা উচিত? এটা ভাবাই যায় না।’
তথ্যসূত্র: সিএনএন
আইসিজেতে ইসরায়েলের পাশ থেকে সরে দাঁড়াল জার্মানি
ফিলিস্তিনের গাজায় জাতিগত হত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মামলায় ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়া থেকে সরে দাঁড়িয়েছে জার্মানি।
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা যখন এ মামলা দায়ের করেছিল, তখন জার্মানি ইসরায়েলকে সমর্থনের প্রতিশ্রুতি দিলেও এখন সেই অবস্থান থেকে পিছু হটল তারা।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র চলতি সপ্তাহে জানিয়েছেন, দ্য হেগের এই মামলায় বার্লিন ইসরায়েলের পক্ষে হস্তক্ষেপ করবে না। অথচ ২০২৪ সালের জানুয়ারিতেও জার্মানি ঘোষণা করেছিল যে তারা ইসরায়েলকে সমর্থন দেবে এবং দক্ষিণ আফ্রিকার অভিযোগগুলো ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছিল।
জার্মানির এ পদক্ষেপ দেশটির প্রকাশ্য অবস্থানে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে হামলার ভিডিও প্রকাশ করল ইরান
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার (আইআরএনএ) বরাতে জানানো হয়েছে, দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে যে তারা ‘ইরানের মধ্যাঞ্চলের আকাশে মার্কিন বাহিনীর একটি কৌশলগত এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত হেনেছে।’
এ ঘটনার একটি ভিডিও–ও প্রকাশ করা হয়েছে। তবে এই দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।
যদি এ তথ্য নিশ্চিত হওয়া যায়, তবে এটি হবে মার্কিন কোনো এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত হানার প্রথম ঘটনা। একই সঙ্গে যুদ্ধ শুরুর পর ইরানের পক্ষ থেকে মার্কিন বিমানে হামলারও প্রথম ঘটনা হবে এটি।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই
ইরানে মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা থেকে পিছু হটলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার ইঙ্গিত দিয়েছেন যে ইরান যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়ালেও মধ্যপ্রাচ্যে (ইরানে) মার্কিন সেনা মোতায়েন করার কোনো পরিকল্পনা তাঁর নেই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, আমি কোথাও সেনা পাঠাচ্ছি না। যদি পাঠাতামও, তবে নিশ্চিতভাবেই আমি আপনাদের তা জানাতাম না। কিন্তু আমি সেনা পাঠাচ্ছি না।’
ইরানের অস্ত্র কর্মসূচি নির্মূল করতে যুক্তরাষ্ট্র কতদূর পর্যন্ত যাবে, তা নিয়ে পর্যালোচনা চলার মধ্যে ট্রাম্পের এ মন্তব্য এল।
গত গ্রীষ্মে এক সামরিক অভিযানের পর ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ‘নিশ্চিহ্ন’ করে দেওয়া হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে এখনো পারমাণবিক সরঞ্জাম চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে এবং সেগুলো জব্দ করার বিষয় আলোচনায় রয়েছে।
এ ধরনের কোনো অভিযান চালাতে হলে ইরানে বিপুলসংখ্যক মার্কিন সেনা পাঠানোর প্রয়োজন হতে পারে।
তথ্যসূত্র: টাইম
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইসলামী বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নায়িনি নিহত
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়িনি নিহত হয়েছেন।
আজ শুক্রবার আইআরজিসির পক্ষ থেকে নায়িনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, আজ ভোরে এ হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় সংস্থাটি নায়িনি নিহত হওয়ার খবর প্রকাশ করে।
এদিকে ইরানের মেহর নিউজের বরাতে একই খবর জানিয়ে ‘তুর্কি টুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, নিহত হওয়ার আগে এক বিবৃতিতে জেনারেল নায়িনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছিলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমাগত হামলা সত্ত্বেও তেহরান এখনো ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম।
যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করে নায়িনি বলেছিলেন, এ লড়াই চলবে। ইরানের জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরে এই জেনারেল বলেন, ‘জনগণ চায়, শত্রু পুরোপুরি নিঃশেষ না হওয়া পর্যন্ত এ যুদ্ধ চলুক।’ যুদ্ধের সমাপ্তি নিয়ে তিনি বলেন, ‘দেশ থেকে যখন যুদ্ধের কালো ছায়া পুরোপুরি সরে যাবে, তখনই এ যুদ্ধের অবসান ঘটা উচিত।’
IRGC spokesperson martyred in US-Israeli attackshttps://t.co/PLOxREI0eC pic.twitter.com/krT3iG8tLj
— IRNA News Agency ☫ (@IrnaEnglish) March 20, 2026
ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইতিমধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও নিরাপত্তাপ্রধান আলী লারিজানিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের তালিকায় আরও রয়েছেন, আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলাইমানি ও গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিব।
তথ্যসূত্র: আল–জাজিরা ও দ্য গার্ডিয়ান
পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা
পবিত্র আল-আকসা মসজিদের প্রাঙ্গণের কাছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে মুসল্লিদের ওপর টিয়ার গ্যাসের শেল ছুড়েছে ও হামলা চালিয়েছে তারা।
ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি কর্তৃপক্ষ পবিত্র আল-আকসা মসজিদ বন্ধ করে রেখেছে। এরই মধ্যে আজ শুক্রবার এ হামলার ঘটনা ঘটল।
তথ্যসূত্র: আল–জাজিরা
উপসাগরীয় দেশগুলোতে খোলামাঠে ঈদের জামাতে নিষেধাজ্ঞা
ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের ফলে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এ বছর উপসাগরীয় দেশগুলোতে খোলামাঠে ঈদের জামাত আয়োজনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আল-জাজিরার বরাতে জানা গেছে, সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ শুধু মসজিদের ভেতর পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের নির্দেশ দিয়েছে।
কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত এরই মধ্যে মুসল্লিদের জানিয়েছে, পবিত্র রমজান মাস শেষে ঈদের নামাজের জন্য ঐতিহ্যবাহী খোলা ময়দানগুলোতে যেন তাঁরা ভিড় না করেন। সাধারণত এসব ময়দানে প্রতিবছর হাজার হাজার মানুষ সমবেত হন।
চলমান সংঘাত ও সম্ভাব্য হামলার আশঙ্কায় জনসমাগমের নিরাপত্তা পুনর্মূল্যায়ন করে এ সিদ্ধান্তকে ‘সতর্কতামূলক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন সরকারি কর্মকর্তারা।
তথ্যসূত্র: ডন
যুক্তরাষ্ট্রে সব ধরনের অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড
ইরান ও ইসরায়েল–যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের কাছে সব ধরনের অস্ত্র রপ্তানি স্থগিত করেছে সুইজারল্যান্ড। নিজেদের ‘নিরপেক্ষতা’ বজায় রাখতেই দেশটি এ কঠোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।
আজ শুক্রবার এক বিবৃতিতে সুইজারল্যান্ড সরকার বলেছে, ‘ইরানের সঙ্গে সশস্ত্র যুদ্ধে লিপ্ত দেশগুলোর কাছে বর্তমানে কোনো যুদ্ধ সরঞ্জাম রপ্তানির অনুমোদন দেওয়া সম্ভব নয়।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বিদ্যমান পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের কাছেও যুদ্ধ সরঞ্জামের রপ্তানি বর্তমানে অনুমোদন করা যাচ্ছে না।’
মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের মধ্যে নিজেদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখতেই সুইজারল্যান্ড এ পদক্ষেপ নিল।
তথ্যসূত্র: আল–জাজিরা
যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমানকে অবতরণের অনুমতি দেয়নি শ্রীলঙ্কা
যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান চলতি মাসের শুরুর দিকে শ্রীলঙ্কার একটি বেসামরিক বিমানবন্দরে অবতরণ করতে চেয়েছিল। কিন্তু দেশটির সরকার অনুমতি দেয়নি। আজ শুক্রবার শ্রীলঙ্কার পার্লামেন্টে প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে এই তথ্য জানিয়েছেন।
দিশানায়েকে আইনপ্রণেতাদের বলেন, যুক্তরাষ্ট্র গত ৪ থেকে ৮ মার্চের মধ্যে শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের মত্তলা রাজাপাকসে আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি বিমান অবতরণের অনুমতি চেয়েছিল।... তারা (যুক্তরাষ্ট্র) সেখানে জিবুতির একটি ঘাঁটি থেকে আটটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রবাহী দুটি যুদ্ধবিমান আনতে চেয়েছিল।’
দিশানায়েকের এ তথ্য শুনে আইনপ্রণেতারা করতালি দেন। এর মধ্যে তিনি যোগ করেন, ‘শ্রীলঙ্কার নিরপেক্ষতা বজায় রাখতে আমরা সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছি।’
যুক্তরাষ্ট্র গত ২৬ ফেব্রুয়ারি এই অনুরোধ করেছিল। একই দিনে ইরানও ৯ থেকে ১৩ মার্চের মধ্যে তাদের তিনটি জাহাজের শ্রীলঙ্কা সফরের অনুমতি চেয়েছিল। ভারতের আয়োজন করা একটি নৌ-মহড়ায় অংশ নেওয়ার পর জাহাজগুলো শ্রীলঙ্কায় যেতে চেয়েছিল। সেই অনুরোধও প্রত্যাখ্যান করা হয়েছিল।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। বর্তমানে তা আঞ্চলিক যুদ্ধের রূপ নিয়েছে। এতে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ফলে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
পার্লামেন্টে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেন, আমরা এই অনুরোধগুলো বিবেচনা করছিলাম। যদি আমরা ইরানকে ‘হ্যাঁ’ বলতাম, তবে আমাদের যুক্তরাষ্ট্রকেও ‘হ্যাঁ’ বলতে হতো।
যুদ্ধ শুরুর পর গত ৪ মার্চ শ্রীলঙ্কার জলসীমায় ইরানের ‘আইআরআইএস ডেনা’ নামের একটি সামরিক জাহাজে যুক্তরাষ্ট্র সাবমেরিন থেকে টর্পেডো হামলা চালায়। জাহাজটি ভারতে নৌ-মহড়ায় অংশ নেওয়ার পর ইরানে ফিরছিল।
হামলায় ইরানের অন্তত ৮৪ জন ক্রু নিহত হন। শ্রীলঙ্কার নৌবাহিনী ৩২ জন ক্রুকে জীবিত উদ্ধার করে। এ ছাড়া কারিগরি ত্রুটির কবলে পড়া দ্বিতীয় একটি ইরানি জাহাজ ‘আইআরআইএস বুশেহর’ এবং এর ক্রুদেরও উদ্ধার করেছিল শ্রীলঙ্কা।
দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর বর্তমানে শ্রীলঙ্কা সফর করছেন। গতকাল তিনি দিশানায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
২০২২ সালের চরম অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে থাকা শ্রীলঙ্কা যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান যুদ্ধের কারণে সরবরাহ সংকটের মুখে পড়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কার বৃহত্তম রপ্তানি বাজার। অন্যদিকে ইরান তাদের চায়ের অন্যতম প্রধান ক্রেতা।
সূত্র : রয়টার্স
হামলার পর বিশ্বজুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের প্রতি হুঁশিয়ারি ইরানের
তেহরানের শত্রুদের জন্য বিশ্বের কোনো ‘পার্ক, বিনোদন এলাকা ও পর্যটন কেন্দ্র’ আর নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
আজ শুক্রবার দেশটির সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র জেনারেল আবুল ফজল শেকারচি এ হুঁশিয়ারি দেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে শেকারচি বলেন, ‘বিশ্বের যে প্রান্তেই হোক না কেন এখন থেকে আপনাদের সম্পর্কে আমাদের কাছে থাকা তথ্যের ভিত্তিতে পার্ক, বিনোদন কেন্দ্র ও পর্যটন গন্তব্যগুলো আপনাদের জন্য আর নিরাপদ থাকবে না।’
যুদ্ধের শুরু থেকে ইরানের শীর্ষ নেতৃত্বকে বিমান হামলার মাধ্যমে হত্যা করছে ইসরায়েল। আজ ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়িনি নিহত হয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিন তেহরানে এক বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক নেতা নিহত হন। এরপর দেশটির নিরাপত্তাপ্রধান আলী লারিজানি, আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলাইমানি ও গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিবও ইসরায়েলের হামলা নিহত হয়েছেন।
তথ্যসূত্র: আল-জাজিরা ও দ্য গার্ডিয়ান
চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ
চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র জায়ান্ট এলবিট সিস্টেমসের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দ্য আর্থকোয়েক ফ্যাকশন নামের একটি গোপন গোষ্ঠী (আন্ডারগ্রাউন্ড গ্রুপ) অগ্নিসংযোগের দায় স্বীকার করেছে।
চেক কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। দেশটির পুলিশ জানিয়েছে, তারা ‘সম্ভাব্য সন্ত্রাসী যোগসূত্র’ খতিয়ে দেখছে।
একটি চেক কোম্পানি ও এলবিট সিস্টেমসের যৌথ উদ্যোগে পরিচালিত ওই স্থাপনায় আজ শুক্রবার ভোরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে স্থাপনাটির বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়ে গেছে।
এলবিট সিস্টেমস নিজেদের ইসরায়েলের সামরিক বাহিনীর স্থল ও আকাশপথে ব্যবহৃত অস্ত্রের প্রধান সরবরাহকারী হিসেবে পরিচয় দেয়। তাঁদের সরবরাহকৃত সামরিক সরঞ্জাম গাজা ও ইরান যুদ্ধে ব্যবহৃত হচ্ছে।
দ্য আর্থকোয়েক ফ্যাকশন বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে লিখেছে, ‘ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারকের ইউরোপীয় কার্যক্রমের জন্য এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখন এটি জ্বলছে।’
তারা আরও লিখেছে, ইসরায়েলের সঙ্গে ‘সহযোগী আন্তর্জাতিক সরকারগুলোর কাছে ভিক্ষা চাওয়ার সময় আর নেই... তাদের হত্যার সরঞ্জামগুলো ধ্বংস করতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
সূত্র: আল-জাজিরা
যুক্তরাজ্যের পারমাণবিক সাবমেরিন ঘাঁটিতে প্রবেশের চেষ্টার অভিযোগে দুজন গ্রেপ্তার
যুক্তরাজ্যের একটি পারমাণবিক সাবমেরিন ঘাঁটিতে প্রবেশের চেষ্টা করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে স্কটল্যান্ড পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করা হয়।
এক বিবৃতিতে স্কটল্যান্ড পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ৩৪ ও ৩১ বছর। একজন পুরুষ ও একজন নারী। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের জাতীয়তা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
স্কটল্যান্ডের পশ্চিম উপকূলে অবস্থিত এই ঘাঁটিতে যুক্তরাজ্যের পারমাণবিক অস্ত্রসম্পন্ন সাবমেরিনের বহর রাখা হয়।
সূত্র: আল-জাজিরা
তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি তেহরান: ইরানের সর্বোচ্চ নেতা
তুরস্ক বা ওমানকে লক্ষ্য করে ইরান কোনো হামলা চালায়নি বলে দাবি করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।
বিবৃতিতে তিনি বলেন, তুরস্ক বা ওমানে সাম্প্রতিক হামলাগুলো ‘কোনোভাবেই ইরানের সশস্ত্র বাহিনী’ বা তাদের মিত্র গোষ্ঠীগুলো চালায়নি। তাঁর দাবি, এগুলো ছিল ইরানের ‘শত্রুদের সাজানো ঘটনা (ফলস ফ্ল্যাগ)’। এসব হামলার উদ্দেশ্য ছিল ‘প্রতিবেশীদের মধ্যে বিবাদ সৃষ্টি করা। এমনটি অন্যান্য দেশেও ঘটতে পারে।’
আফগানিস্তান-পাকিস্তানকে সহায়তার প্রস্তাব
আফগানিস্তান ও পাকিস্তানকে লড়াই বন্ধ করার আহ্বান জানিয়ে দেশ দুটির সম্পর্ক স্বাভাবিক করতে কূটনৈতিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন খামেনি।
বিবৃতিতে খামেনি বলেন, ‘আমরা আমাদের পূর্বদিকের প্রতিবেশীদের অত্যন্ত ঘনিষ্ঠ মনে করি। ... আমি আমাদের দুই ভ্রাতৃপ্রতিম দেশ আফগানিস্তান ও পাকিস্তানকে একে অপরের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের আবেদন জানাচ্ছি... এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমি নিজেও প্রস্তুত।’
সূত্র: আল-জাজিরা
মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার নৌসেনা (মেরিন) ও নাবিক মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার তিনজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।
কর্মকর্তারা রয়টার্সকে বলেন, ইরানে সরাসরি সেনা পাঠানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এই অঞ্চলে ভবিষ্যৎ অভিযানের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সেখানে নতুন সেনা মোতায়েন করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের হামলাকারী উভচর জাহাজ ‘ইউএসএস বক্সারের’ মেরিন এক্সপিডিশনারি ইউনিট এবং সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হচ্ছে বলে সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমন এক সময়ে খবরটি প্রকাশ্যে এল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্যে তাদের অভিযান জোরদার করতে হাজার হাজার সেনা মোতায়েনের কথা ভাবছে।
তবে ট্রাম্প গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘আমি কোথাও কোনো সেনা পাঠাচ্ছেন না। তবে আমি যদি তা করিও, তা আমি সাংবাদিকদের বলব না।’
নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানিয়েছে, অতিরিক্ত এই সেনাদের সুনির্দিষ্ট ভূমিকা কী হবে, তা এখনো স্পষ্ট নয়। একজন কর্মকর্তা জানিয়েছেন, এই সেনারা পূর্বনির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে রওনা হয়েছেন।
হোয়াইট হাউস ও পেন্টাগন এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি। এই অতিরিক্ত মোতায়েন মধ্যপ্রাচ্যে বর্তমানে থাকা ৫০ হাজার মার্কিন সেনার সঙ্গে যুক্ত হবে। এর ফলে এ অঞ্চলে মেরিন এক্সপিডিশনারি ইউনিটের সংখ্যা দাঁড়াবে দুটি। সাধারণত প্রতিটি ইউনিটে আড়াই হাজার মেরিন সেনা থাকেন, যারা জাহাজ থেকে বিমান হামলা চালানো বা স্থলভাগে মোতায়েনের মতো কাজে পারদর্শী।
সূত্রগুলো আগে জানিয়েছিল, ইরানের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের পরবর্তী পদক্ষেপের জন্য মার্কিন সামরিক বাহিনী প্রস্তুতি নিচ্ছে।
রয়টার্সের আগের প্রতিবেদন অনুযায়ী, সেই বিকল্পগুলোর মধ্যে ইরানের উপকূলে মার্কিন বাহিনী মোতায়েনের কথা রয়েছে। যাতে করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা যায়। এ ছাড়া ইরানের খারগ দ্বীপেও সেনা পাঠানোর কথা বিবেচনা করছে ট্রাম্প প্রশাসনে। পারস্য উপসাগরের এই দ্বীপ থেকে ইরানের মোট রপ্তানি তেলের ৯০ শতাংশ প্রক্রিয়াজাত করা হয়।
ইরানে সেনা পাঠানো ট্রাম্পের জন্য সীমিত সময়ের জন্য হলেও বড় রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। কারণ ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে মার্কিন জনগণের সমর্থন খুবই কম। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার আগে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের নতুন কোনো সংঘাতে জড়াবেন না।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত রয়টার্স/ইপসোসের জরিপে দেখা গেছে, প্রায় ৬৫ শতাংশ মার্কিন নাগরিক বিশ্বাস করেন, ট্রাম্প ইরানে বড় পরিসরে স্থল যুদ্ধের নির্দেশ দেবেন। তবে মাত্র ৭ শতাংশ মানুষ তা সমর্থন করেন।
যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের দাবিগুলো ‘বাস্তবতা বিবর্জিত’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও নৌবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি করার মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রের এসব দাবিকে তিনি ‘বাস্তবতা বিবর্জিত’ বলে উল্লেখ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে আজ শুক্রবার এক পোস্টে আরাগচি লিখেছেন, ‘মার্কিন সরকার যা বলছে, বাস্তবতা তার চেয়ে ভিন্ন কথা বলছে। মার্কিন কর্তৃপক্ষ যখন দাবি করছে, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, ঠিক তখনই একটি এফ-৩৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন তারা ঘোষণা করছে, ইরানের নৌবাহিনী শেষ, তখন ইউএসএস জেরাল্ড ফোর্ড ফিরে যাচ্ছে এবং ইউএসএস আব্রাহাম লিংকন আরও দূরে সরে যাচ্ছে।’
ইরানের এই শীর্ষ কূটনীতিক বলেন, যুক্তরাষ্ট্র ১৯৬০ ও ৭০-এর দশকে ভিয়েতনাম যুদ্ধ নিয়ে সাফল্যের যে গল্প দিয়েছিল, এখনো তারা সে ধরনের গল্প দিচ্ছে। তিনি লিখেছেন, ‘ভিন্ন দশক, কিন্তু সেই একই বুলি— ‘আমরা জিতছি’।
‘বিন্দুমাত্র সংযম’ নয়
এক্সে পৃথক একটি পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, তার দেশের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে, যুক্তরাষ্ট্র সাউথ পার্স গ্যাসক্ষেত্রে আবার হামলা চালানোর পরিকল্পনা করছে।
আরাগচি তেহরানের হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করে বলেন, যদি তাদের অবকাঠামোকে আবর লক্ষ্যবস্তু করা হয়, তাহলে তারা ‘বিন্দুমাত্র সংযম’ দেখাবে না।
সূত্র: আল-জাজিরা
ইরান যুদ্ধে যোগ দিতে ব্যর্থ হওয়ায় ন্যাটো মিত্রদের ‘ভীতু’ বললেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো মিত্রদের ‘ভীতু’ বলে অভিহিত করেছেন। স্থানীয় সময় আজ শুক্রবার হোয়াইট হাউসে ‘কমান্ডার ইন চিফ ট্রফি’ প্রদান অনুষ্ঠানে তিনি এ সমালোচনা করেন।
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ন্যাটো মিত্রদের সমর্থন চেয়েছিলেন ট্রাম্প। সামরিক জোটটির মিত্রদের প্রতি তিনি আহ্বান জানিয়েছিলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে তারা যেন সেখানে যুদ্ধজাহাজ মোতায়েন করে। কিন্তু প্রায় কোনো মিত্র দেশই এতে আগ্রহ দেখায়নি। এটা নিয়ে তিনি বেশ হতাশ ও ক্ষুব্ধ।
ট্রাম্প আজ তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রকে ছাড়া ন্যাটো একটি কাগুজে বাঘ!’ তিনি তার মিত্রদের তিরস্কার করে বলেন, তারা ‘একটি পারমাণবিক শক্তিধর ইরানকে থামানোর লড়াইয়ে যোগ দিতে’ ব্যর্থ হয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালি বন্ধ হওয়ার ফলে ‘তেলের উচ্চ দামের জন্য (আমাদের কাছে) অভিযোগ করছে’।
ট্রাম্প তাঁর পোস্টে যোগ করেন, ‘ভীতুর দল, আমরা এটি মনে রাখব!’
সূত্র: মিডল ইস্ট আই
ইরাক থেকে ‘সম্পূর্ণ ন্যাটো মিশন’ সরিয়ে নেওয়া হয়েছে
ইরান যুদ্ধের ফলে সৃষ্ট আঞ্চলিক অস্থিতিশীলতার মধ্যে ইরাক থেকে নিজেদের প্রায় সব কর্মীকে সরিয়ে নিয়েছে ন্যাটো। ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দপ্তরের কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি ও আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রত্যাহার ‘সাময়িক’ এবং যুদ্ধ শেষ হয়ে পরিস্থিতি স্থিতিশীল হলে ন্যাটোর কর্মীরা আবার সেখানে ফিরবেন।
কয়েক শ কর্মী নিয়ে গঠিত এই ন্যাটো মিশন বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে অবস্থান করছিল। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরুর পর মিশনটিতে বারবার হামলা হচ্ছিল। এই পরিস্থিতিতে একটি ছোট দল ছাড়া বাকি সব ইউনিটকে সরিয়ে নেওয়া হয়েছে।
ন্যাটো জেনারেলের ধন্যবাদ জ্ঞাপন
ইরাক থেকে ইতালির নেপলসে ন্যাটোর কমান্ড সেন্টারে কর্মীদের নিরাপদে স্থানান্তরের জন্য ইরাক ও মিত্র দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছে ন্যাটো।
আজ শুক্রবার ন্যাটোর ইউরোপের সুপ্রিম অ্যালাইড কমান্ডার জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেউইচ এক বিবৃতিতে বলেন, ‘আমি ন্যাটো মিশন ইরাকের সেই নিবেদিতপ্রাণ পুরুষ ও নারীদের ধন্যবাদ জানাতে চাই, যারা এই পুরো সময়জুড়ে তাদের দায়িত্ব পালন করে গেছেন। তাঁরা প্রকৃত পেশাদার।’
জোটটি এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ন্যাটো মিশন ইরাকের শেষ কর্মীরা আজ ইরাক ত্যাগ করেছেন এবং তাঁরা নেপলস থেকে তাঁদের কার্যক্রম চালিয়ে যাবেন।
ন্যাটোর ভাষ্য অনুযায়ী, ‘ন্যাটো মিশন ইরাক’ একটি অ-যুদ্ধকালীন (নন-কম্ব্যাট) মিশন। ইরাককে আরও টেকসই ও কার্যকর নিরাপত্তা প্রতিষ্ঠান গড়ে তুলতে পরামর্শ ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা এই মিশনের কাজ। ইরাকের নিরাপত্তা বাহিনীকে তাদের দেশ স্থিতিশীল করতে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে এবং আইএসআইএলের পুনরুত্থান রোধ করতে সক্ষম করে তোলাই তাদের অন্যতম প্রধান কাজ।
সূত্র: মিডল ইস্ট আই
কাতারের আমির ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ, সংঘাত বন্ধের আহ্বান
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ ফোনে কথা বলেছেন। দুই দেশে ইরানের হামলার পর উদ্ভূত সর্বশেষ পরিস্থিতি নিয়ে তাঁরা আলোচনা করেছেন।
কাতারের আমিরের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, উপসাগরীয় এই দুই নেতা এসব হামলার ফলে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর সৃষ্ট মারাত্মক প্রভাবের বিষয়ে আলোচনা করেছেন। তাঁরা বলেছেন, এই হামলা রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের নীতির চরম লঙ্ঘন।
দুই নেতাই অবিলম্বে সব ধরনের সংঘাত বন্ধ, উত্তেজনা প্রশমনে উদ্যোগ গ্রহণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন।
তথ্যসূত্র: আল-জাজিরা
হরমুজ প্রণালিতে ইরানের স্থাপনায় হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি যুক্তরাজ্যের
পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে হামলা চালাতে ব্যবহৃত ইরানি স্থাপনা বা অবস্থানে আঘাত হানতে মার্কিন বাহিনীকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার যুক্তরাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
এর আগে ব্রিটিশ স্বার্থ বা জীবন বিপন্ন করতে পারে—এমন ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছিল ডাউনিং স্ট্রিট।
তবে শুক্রবার এক বৈঠকে মন্ত্রীরা একমত হয়েছেন যে, এখন থেকে হরমুজ প্রণালিতে জাহাজের সুরক্ষা নিশ্চিত করার কাজেও ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহার করতে পারবে যুক্তরাষ্ট্র।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট জানিয়েছে, যুক্তরাজ্য সরাসরি এসব হামলায় অংশ নেবে না এবং ‘এই সংঘাতের বিষয়ে যুক্তরাজ্যের অনুসৃত নীতি অপরিবর্তিত থাকবে’।
ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, ‘হরমুজ প্রণালিতে জাহাজে হামলার কাজে ব্যবহৃত সক্ষমতাগুলোকে’ লক্ষ্যবস্তু করতে মার্কিন বাহিনীর ‘প্রতিরক্ষামূলক অভিযানে’ এখন থেকে ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহার করা যাবে বলে মন্ত্রীরা সম্মত হয়েছেন।
তথ্যসূত্র: বিবিসি
ইরানের বন্দরে হামলায় আঞ্চলিক সংঘাতের ঝুঁকি দেখছে রাশিয়া
ইরানে সাম্প্রতিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। মস্কো সতর্ক করে বলেছে, এসব হামলা সংঘাত আরও বিস্তৃত করার পাশাপাশি তাদের নিজস্ব অর্থনৈতিক স্বার্থকেও ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করেছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইরানজুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা হামলার যে সম্প্রসারিত অভিযান চলছে, মস্কো তা ‘ক্রমবর্ধমান উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে’।
গত ১৮ মার্চ কাস্পিয়ান সাগর তীরের বান্দার-ই আনজালি বন্দরে চালানো একটি হামলার কথা উল্লেখ করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। তিনি বন্দরটিকে খাদ্যশস্য পরিবহনসহ রাশিয়া-ইরান বাণিজ্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ও পণ্য সরবরাহকেন্দ্র হিসেবে বর্ণনা করেন।
উত্তেজনা উসকে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘জোটকে’ অভিযুক্ত করেছেন মারিয়া জাখারোভা। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, তাদের এসব কর্মকাণ্ড কাস্পিয়ান অঞ্চলের দেশগুলোকে আরও বিস্তৃত পরিসরের সংঘাতের দিকে টেনে নেওয়ার ঝুঁকি তৈরি করছে।
সূত্র: আল–জাজিরা
লেবাননে ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় নিহত আরও ২০
লেবাননে ইসরায়েলি বাহিনীর সবশেষ হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৭ জন। লেবাননের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট এ তথ্য জানিয়েছে।
দেশটির সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবারের এই প্রাণহানির মধ্য দিয়ে গত ২ মার্চ থেকে চালানো ইসরায়েলি হামলায় লেবাননে মোট নিহত মানুষের সংখ্যা বেড়ে ১ হাজার ২১ জনে দাঁড়িয়েছে।
এ ছাড়া ইসরায়েলি হামলায় দেশটিতে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৪১। আর বাস্তুচ্যুত ১ লাখ ৩৪ হাজার ৬১৬ জন মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিবন্ধিত হয়েছেন।
সূত্র: আল–জাজিরা।
আরও ইরানি ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার কথা জানাল ইসরায়েলি বাহিনী
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা আরও এক দফা ইরানি ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার বিষয়টি শনাক্ত করেছে। তাদের আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হামলার আশঙ্কায় ইসরায়েলের মধ্যাঞ্চলে সাইরেন বাজানো হতে পারে।
এদিকে, ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলার কারণে শুক্রবার সারা দিন ইসরায়েলজুড়ে অন্তত ১০ বার বিপৎসংকেত (সাইরেন) বাজাতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এর পাশাপাশি লেবাননের প্রতিরোধকামী গোষ্ঠী হিজবুল্লাহর লাগাতার রকেট হামলায় উত্তর ইসরায়েলেও বারবার সাইরেন বেজেছে।
ইরানের ছোড়া এসব নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা সেভাবে না ঘটলেও, ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যেই অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলের আকাশপ্রতিরক্ষা ব্যবস্থার কারণে এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আকাশে ধ্বংস করা একটি ক্ষেপণাস্ত্রের টুকরো বা ধ্বংসাবশেষ পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণের ‘খুব কাছে’ আছড়ে পড়েছে।
ধ্বংসাবশেষটি যেখানে পড়েছে, সেই আল-আকসা মসজিদটি বর্তমানে দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ অন্যায়ভাবে বন্ধ করে রেখেছে। ইসরায়েলের বাধা দেওয়া এই ধ্বংসাবশেষ পড়ার কারণে আশপাশের বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: আল–জাজিরা
আমি কোনো যুদ্ধবিরতি চাই না: ট্রাম্প
ইরানের যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালির অবস্থা নিয়ে নতুন করে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে ‘প্রচুর সহায়তার’ প্রয়োজন। চীন ও জাপানের মতো দেশগুলো এতে যুক্ত হলে বিষয়টি ‘ভালো হবে’ বলেও মন্তব্য করেন তিনি।
তবে যুক্তরাষ্ট্রের কাছে এই জলপথের গুরুত্ব তুলনামূলক কম, এমন ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ইউরোপ ও এশিয়ার দেশগুলোর মতো ‘আমরা হরমুজ প্রণালি ব্যবহার করি না’।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতিতে তাঁর বিন্দুমাত্র আগ্রহ নেই।
ট্রাম্প বলেন, ‘আমি কোনো যুদ্ধবিরতি চাই না। আপনারা জানেন, যখন আপনি অপর পক্ষকে আক্ষরিক অর্থেই নিশ্চিহ্ন করে দিচ্ছেন, তখন আপনি যুদ্ধবিরতিতে যেতে পারেন না।’
সূত্র: আল–জাজিরা
বিশ্বজুড়ে বিনোদন ও পর্যটনকেন্দ্রে হামলার হুমকি ইরানের
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে বিশ্বজুড়ে বিভিন্ন বিনোদন ও পর্যটনকেন্দ্রে পাল্টা হামলার পরিধি বাড়ানোর হুমকি দিয়েছে ইরান।
ইরানের শীর্ষ সামরিক মুখপাত্র জেনারেল আবুলফজল শেকারচি সতর্ক করে বলেছেন, বিশ্বজুড়ে থাকা ‘পার্ক, বিনোদন এলাকা ও পর্যটন গন্তব্যগুলো’ ইরানের শত্রুদের জন্য আর নিরাপদ থাকবে না।
তাঁর এই হুমকির ফলে নতুন করে এই উদ্বেগ দেখা দিয়েছে যে, শত্রুদের ওপর চাপ প্রয়োগের কৌশল হিসেবে ইরান হয়তো মধ্যপ্রাচ্যের বাইরেও অসম (অ্যাসিমেট্রিক) হামলার পথে হাঁটতে পারে।
গত বুধবার ইরানের বিশাল সামুদ্রিক প্রাকৃতিক গ্যাসক্ষেত্র ‘সাউথ পার্স’-এ বোমা হামলা চালায় ইসরায়েল। এর পর থেকেই উপসাগরীয় আরব দেশগুলোর জ্বালানি স্থাপনাগুলোতে হামলা জোরদার করেছে তেহরান।
এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে কুয়েতের একটি তেল শোধনাগারে দুই দফায় ড্রোন হামলা চালায় ইরান। এতে সেখানে আগুন ধরে যায়। মিনা আল-আহমাদি নামের ওই শোধনাগারটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ তেল শোধনাগার, যেখানে প্রতিদিন প্রায় ৭ লাখ ৩০ হাজার ব্যারেল তেল পরিশোধন করা যায়।
সূত্র: আল–জাজিরা
ইরানের তেলের ওপর ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা তুলছে যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেলের সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং দামের ক্ষেত্রে বড় ধাক্কা লেগেছে। এই সংকট কাটাতে আগামী ৩০ দিনের জন্য ইরানের অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, এই সাময়িক অনুমোদন শুধু নিষেধাজ্ঞার আওতায় থাকা সেসব তেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেগুলো ইতিমধ্যে পরিবহনের পথে (ট্রানজিট) রয়েছে। নতুন কোনো ক্রয়াদেশের জন্য না।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জেরে দেশ দুটির সঙ্গে সম্পৃক্ততা আছে এমন জাহাজগুলোতে হামলা চালাচ্ছে ইরান। এর ফলে হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাসের চালান পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানির দামে বড় ধরনের ধাক্কা লেগেছে এবং বৈশ্বিক অর্থনীতিতে এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সূত্র: আল–জাজিরা
মধ্যপ্রাচ্য ছাপিয়ে ভারত মহাসাগরে ব্রিটিশ–মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
দিয়াগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরান অন্তত দুটি মধ্যমপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়েছে, একটি ক্ষেপণাস্ত্র মাঝআকাশে যান্ত্রিক ত্রুটির কারণে লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যটি ধ্বংস করে দেয় মার্কিন যুদ্ধজাহাজ থেকে ছোড়া ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা।
ভারত মহাসাগরের ঠিক মাঝখানে বিষুবরেখার দক্ষিণে দিয়াগো গার্সিয়া দ্বীপের অবস্থান।
রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও হোয়াইট হাউস, ওয়াশিংটনে অবস্থিত ব্রিটিশ দূতাবাস ও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
মার্কিন একজন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন-ও দিয়াগো গার্সিয়াকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়েছে। সংবাদমাধ্যমটি এ দ্বীপকে নিজ ভূখণ্ড থেকে অনেক দূরে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি ও মার্কিন বিমানবাহিনীর ভারী বোমারু বিমানের প্রধান বিমানঘাঁটি হিসেবে উল্লেখ করেছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ইরান থেকে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরে অবস্থিত দিয়াগো গার্সিয়াকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা নির্দেশ করে যে, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা আগের দাবির চেয়ে অনেক বেশি।
গত মাসে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছিলেন, ইরান ইচ্ছাকৃতভাবে তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রেখেছে।
তথ্যসূত্র: আল–জাজিরা ও দ্য গার্ডিয়ান
হরমুজ প্রণালিতে জাপানের মতো দেশগুলোর জাহাজ চলাচলের সুযোগ দেবে ইরান
জাপানের জাহাজগুলোকে পারস্য উপসাগরে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সুযোগ দিতে ইরান প্রস্তুত বলে জাপানি সংবাদমাধ্যম কিয়োদো নিউজকে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে জাপানের সঙ্গে ইরানের আলোচনা চলছে। গতকাল শুক্রবার এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ‘আমরা প্রণালিটি বন্ধ করিনি, এটি উন্মুক্ত রয়েছে।’ তবে তিনি জোর দিয়ে বলেন, ‘তেহরান শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়; বরং যুদ্ধের একটি পূর্ণাঙ্গ, সমন্বিত ও স্থায়ী অবসান চায়।’
আরাগচি জানান, ইরান হরমুজ প্রণালি বন্ধ না করলেও যেসব দেশ ইরানের ওপর হামলায় জড়িত, তাদের জাহাজের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। তবে বর্তমান নিরাপত্তা সংকটের মধ্যেও এ গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে অন্যান্য দেশের জাহাজ চলাচলে সহায়তার প্রস্তাব দিয়েছে তেহরান।
প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের মতো দেশগুলো যদি তেহরানের সঙ্গে সমন্বয় করে, তবে তাদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরান প্রস্তুত বলে জানান আরাগচি। জাপানের অপরিশোধিত তেল আমদানির ৯০ শতাংশের বেশি আসে মধ্যপ্রাচ্য থেকে, যার বড় অংশই এ প্রণালি দিয়ে পরিবহন করা হয়।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ট্রাম্পের নরম সুর: ইরানে অভিযান গুটিয়ে আনার ইঙ্গিত, ইরানি তেল পরিবহনে নিষেধাজ্ঞা শিথিল
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার ইরানে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট মোকাবিলায় ইরানি তেল পরিবহনের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করেছে ওয়াশিংটন।
ট্রাম্প তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে লিখেছেন, ‘মধ্যপ্রাচ্যে আমাদের বিশাল সামরিক প্রচেষ্টাকে গুটিয়ে আনার কথা ভাবছি আমরা। কারণ, আমাদের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছি।’
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এ সংঘাতের শিগগিরই অবসান ঘটতে পারে—ট্রাম্পের এ বার্তাকে এখন পর্যন্ত ইরান যুদ্ধের পরিণতির বিষয়ে তাঁর সবচেয়ে জোরালো ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
ট্রাম্পের এ বার্তার কিছুক্ষণ পরই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে বলেন, ‘প্রেসিডেন্ট ও পেন্টাগন আগেই আভাস দিয়েছিল যে এ মিশন সফল করতে প্রায় ৪ থেকে ৬ সপ্তাহ লাগতে পারে।’
এদিকে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ ঘাটতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইতিমধ্যে জাহাজে তোলা হয়েছে এমন ইরানি তেলের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।
এ অনুমতির ফলে ২০ মার্চের আগে জাহাজে তোলা ইরানের অপরিশোধিত তেল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আগামী ১৯ এপ্রিল পর্যন্ত খালাস ও বিক্রি করা যাবে।
অন্যদিকে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তাঁর দেশের শত্রুদের ‘মাথা ঘুরিয়ে দেওয়ার মতো মোক্ষম জবাব’ দেওয়ার দাবি করার পর সৌদি আরব এবং ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের নতুন দফায় হামলা চালিয়েছে তেহরান।
ইরানি এই হামলার জবাবে আজ শনিবার ভোরে তেহরানের ‘শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তু’তে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
সিরিয়ায় ইসরায়েলি হামলা: সৌদি আরবের তীব্র নিন্দা, বিশ্বসম্প্রদায়কে হস্তক্ষেপের অনুরোধ তুরস্কের
সিরিয়ার সামরিক ঘাঁটিতে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। রিয়াদ এ হামলাকে ‘আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করে এর বিরুদ্ধে বিশ্বসম্প্রদায়কে হস্তক্ষেপে তুরস্কের আহ্বানে একাত্মতা প্রকাশ করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী গতকাল শুক্রবার বলেছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে তারা। সুয়েদা প্রদেশে দ্রুজ সম্প্রদায়ের ওপর হামলার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে দাবি করে ইসরায়েল বলেছে, তারা দ্রুজদের ‘সুরক্ষায় কাজ চালিয়ে যাবে’।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আন্তর্জাতিক আইন ও সিরিয়ার সার্বভৌমত্বের চরম লঙ্ঘন করে ইসরায়েল যে নগ্ন আগ্রাসন চালিয়েছে, তার নিন্দা জানাচ্ছে সৌদি আরব।’
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘ইসরায়েলের আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘনের অবসান ঘটানোর’ আহ্বান জানিয়েছে।
এদিকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি হামলাকে ‘বিপজ্জনক উসকানি’ হিসেবে বর্ণনা করে বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এটি বন্ধ করতে হবে।
গত বছরও সিরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতার সময় ইসরায়েল দেশটিতে বিমান হামলা চালিয়েছিল। তখনো সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষার অজুহাত দিয়েছিল তারা।
ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে সৃষ্ট আঞ্চলিক সংঘাত থেকে সিরিয়া এখন পর্যন্ত নিজেকে দূরে রাখার চেষ্টা করে আসছে।
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ গত বৃহস্পতিবার জানিয়েছে, সুয়েদা প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত চার দ্রুজ যোদ্ধা নিহত হয়েছেন।
সংস্থাটি আরও জানায়, পরে সুয়েদা শহরের আবাসিক এলাকায় ইসরায়েল বোমাবর্ষণ করে।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ওপর ‘ন্যক্কারজনক হামলা’ হিসেবে নিন্দা জানিয়েছে। একই সঙ্গে ইসরায়েলি হামলার কারণকে ‘ভিত্তিহীন অজুহাত’ হিসেবে আখ্যা দিয়েছে দামেস্ক।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইসরায়েলি বাহিনীর ওপর এক দিনে হিজবুল্লাহর রেকর্ড ৫৫ হামলা
লেবানন সীমান্ত ও ইসরায়েলের উত্তরাঞ্চলে এক দিনে দখলদার বাহিনীর ওপর রেকর্ড ৫৫টি হামলা চালানোর দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর ইতিহাসে এক দিনে এটিই সর্বোচ্চসংখ্যক হামলার ঘটনা।
এ পরিস্থিতিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। লেবানন সীমান্তের বিভিন্ন প্রান্তেও বড় ধরনের সংঘাতের খবর পাওয়া গেছে।
লেবাননের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় কুরা এলাকায় আজ শনিবার ইসরায়েলি সেনারা সীমান্ত অতিক্রম করে অগ্রসর হওয়ার চেষ্টা করলে হিজবুল্লাহর হামলার মুখে পড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, লেবাননের পূর্বাঞ্চলীয় খিয়াম ও তাইবেহ এলাকায় হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে লড়াই চলছে।
লেবানন পরিস্থিতির প্রতিনিয়ত অবনতি ঘটছে। রাজধানী বৈরুতে আজ দুটি শক্তিশালী হামলার মাধ্যমে সংঘাতের এ তীব্রতা নতুন করে অনুভূত হয়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরানের ওপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে তোলায় উন্মুক্ত হচ্ছে ১৭ কোটি ব্যারেল তেল
জ্বালানি বাজার বিশ্লেষক সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, বর্তমানে সমুদ্রের বিভিন্ন প্রান্তে জাহাজে প্রায় ১৭০ মিলিয়ন (১৭ কোটি) ব্যারেল ইরানি তেল রয়েছে।
অন্যদিকে পরামর্শক প্রতিষ্ঠান এনার্জি আসপেক্টস ১৯ মার্চ এই তেলের পরিমাণ ১৩–১৪ কোটি ব্যারেল বলে প্রাক্কলন করেছিল।
গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্র ইরানি এ তেলের ওপর থেকে এক মাসের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেওয়ায় তা খালাস ও বিক্রির জন্য উন্মুক্ত হচ্ছে। এখন ভারতসহ এশিয়ার দেশগুলো এ তেল কেনার পরিকল্পনা করছে।
এশিয়ার দেশগুলো তাদের মোট চাহিদার প্রায় ৬০ শতাংশ তেলের জন্য মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। কিন্তু চলতি মাসে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় এ অঞ্চলের শোধনাগারগুলো উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের নৃশংসতা
ইরাকের গোয়েন্দা সদর দপ্তর ও যোগাযোগ ভবনে ড্রোন হামলা
ইরাকের রাজধানী বাগদাদে দেশটির গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্য করে আজ শনিবার ড্রোন হামলা চালানো হয়েছে বলে বিভিন্ন সংবাদ সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ হামলার খবর নিশ্চিত করেছে।
ইরাক সরকারের নিরাপত্তা মিডিয়া ইউনিটের প্রধান জেনারেল সাদ মান নিশ্চিত করেছেন যে সকালে বাগদাদের প্রাণকেন্দ্রে এ হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, এএফপি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বাগদাদের একটি যোগাযোগ ভবনও ড্রোন হামলার শিকার হয়েছে।
এএফপির উল্লেখ করা ওই নিরাপত্তা সূত্রটি আরও জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ভবনটিতে ইরাকের একটি নিরাপত্তা সংস্থার কার্যালয় ছিল। সংস্থাটি দেশটিতে ‘উগ্রবাদবিরোধী’ অভিযানের অংশ হিসেবে মার্কিন নেতৃত্বাধীন জোটের সঙ্গে কাজ করে থাকে।
এদিকে ইরাকের ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস বা জাতীয় গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে বলেছে, বাগদাদে তাদের সদর দপ্তরের কাছে ‘আইনবহির্ভূত গোষ্ঠী’র চালানো ড্রোন হামলায় এক কর্মকর্তা নিহত হয়েছেন।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান ও আল–জাজিরা
ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা, ছড়ায়নি তেজস্ক্রিয় উপাদান
ইরানের একটি পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, আজ শনিবার মধ্য ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে এ হামলা চালানো হয়। তবে এতে কোনো তেজস্ক্রিয় উপাদান ছড়িয়ে পড়েনি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, তেহরান ও ইসফাহানের মাঝামাঝি অবস্থিত এই কেন্দ্রের আশপাশের বাসিন্দারা কোনো ঝুঁকিতে নেই।
এর আগে চলতি মাসের শুরুর দিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছিল, গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা হামলার পর নাতানজ পরমাণু কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইসরায়েলের যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ‘ইরানের আকাশসীমায় ইসরায়েলের বিমানবাহিনীর একটি অভিযান চলাকালে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে।’ তবে কখন এ ঘটনা ঘটেছে তা জানানো হয়নি।
বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েল জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আমাদের ‘ক্রু সদস্যরা নির্ধারিত পদ্ধতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছেন। বিমানে কোনো ক্ষতি হয়নি এবং পরিকল্পনা অনুযায়ী অভিযান শেষ হয়েছে।’
এদিকে তেহরান দাবি করেছে, তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে জ্বালানি ট্যাংক এবং জ্বালানি পরিবহনকারী একটি উড়োজাহাজে (রিফুয়েলিং জেট) তারা ড্রোন হামলা চালিয়েছে। এতে করে ইসরায়েলের সামরিক বিমানের উড্ডয়ন ও জ্বালানি সরবরাহ গুরুতরভাবে ব্যাহত হয়েছে।
দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এই হামলায় ইসরায়েল বেশ কিছু সেনা সদস্যকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে।... ইরানের ওপর থেকে হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা পূর্ণ শক্তি নিয়ে চলবে।
তেল আবিবের কয়েক কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে ইসরায়েলি সামরিক বাহিনীর বিশেষ ইউনিট এবং যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ ও মেরামতের ব্যবস্থা রয়েছে।
সূত্র: আল-জাজিরা
একনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে তেহরানের পাশে রয়েছে মস্কো : পুতিন
ইরানের নেতাদের নওরোজ বা ফারসি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, একনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে তেহরানের পাশে রয়েছে মস্কো।
রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানায়, আজ শনিবার পুতিন এ শুভেচ্ছা জানান। ক্রেমলিনের ভাষ্যমতে, ভ্লাদিমির পুতিন ইরানি জনগণকে এই কঠোর পরীক্ষা সসম্মানে কাটিয়ে ওঠার শুভকামনা জানিয়েছেন।
ক্রেমলিন জানায়, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা পুরো মধ্যপ্রাচ্যকে এক গভীর অতল গহ্বরে ঠেলে দিয়েছে এবং একটি বড় ধরনের বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি করেছে। পুতিন একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে ‘নৃশংস’ বলে নিন্দা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো ওয়াশিংটনের কাছে একটি শর্ত প্রস্তাব করেছিল, যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার বিষয়ে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে, তবে রাশিয়াও ইরানের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ করবে। যুক্তরাষ্ট্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তবে ক্রেমলিন এই প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে।
যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ফলে রাশিয়া এক মিত্রকে হারিয়েছে। তবে কৌশলগত অংশীদার ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার ফলে তেলের উচ্চমূল্য থেকে রাশিয়া অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে।
রাশিয়া ও ইরানের মধ্যে একটি কৌশলগত অংশীদারত্বের চুক্তি রয়েছে। এর প্রকাশিত কাগজ-পত্রে কোনো ‘পারস্পরিক প্রতিরক্ষা ধারা’ নেই।
এদিকে রাশিয়া বারবার বলে আসছে, পারমাণবিক বোমা তৈরি করুক, তা তারা চায় না ইরান। কারণ মস্কোর আশঙ্কা, ইরান পারমাণবিক বোমা তৈরি করলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও তা বানাতে চাইবে।
সূত্র: রয়টার্স
ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের ফোনালাপ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ফোনে কথা হয়েছে।
আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মোদি এ কথা জানান। মোদি জানান, তিনি মধ্যপ্রাচ্য অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি নৌপথ উন্মুক্ত ও নিরাপদ রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন।
মোদি লিখেছেন, ‘ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে (আমি) তেহরানের অব্যাহত সহযোগিতার প্রশংসা করছি।’
সূত্র: রয়টার্স
ইসরায়েলের সাফেদ শহরে হিজবুল্লাহর রকেট হামলা
ঘণ্টাখানেক আগে হিজবুল্লাহর একটি রকেট উত্তর ইসরায়েলের সাফেদ শহরে আঘাত হেনেছে। এতে একটি রাস্তা ও পাশের কয়েকটি ভবনের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা
যুক্তরাষ্ট্র–ইসরায়েলের বিরুদ্ধে পারস্য উপসাগরে ব্যক্তিগত মালিকানার জাহাজে হামলার অভিযোগ ইরানের
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে পারস্য উপসাগরে ব্যক্তিগত মালিকানার জাহাজে হামলার অভিযোগ করেছে ইরান। দেশটির অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ব্যক্তিগত ও যাত্রীবাহী জাহাজে হামলা চালানো হচ্ছে।
ইরানের দাবি, তাদের ‘শক্তিশালী হামলা’ মোকাবিলা করতে ব্যর্থ হয়ে হতাশা থেকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল এসব করছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন মুখপাত্র বলেন, ‘আমরা সতর্ক করছি, যদি এ ধরনের কাপুরুষোচিত আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটে, তাহলে কঠোর ও প্রতিশোধমূলক জবাব দেওয়া হবে।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র–ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। এরপর থেকে উপসাগরীয় অঞ্চলে অন্তত ১৬টি জ্বালানি তেলবাহী জাহাজ ও ট্যাংকারে হামলা হয়েছে। এর মধ্যে ইরান কিছু হামলার দায় স্বীকার করেছে।
ইরান বলেছে, হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বা তাদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ বা ট্যাংকারকে হরমুজ প্রণালি পার হতে দেওয়া হবে না। পার হতে চেষ্টা করলে হামলা চালানো হবে।
সূত্র: আল–জাজিরা
ইরানের রামসার শহরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় শিশু সন্তানসহ দম্পতি নিহত
ইরানের উপকূলীয় শহর রামসারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় এক দম্পতি এবং তাদের সন্তান নিহত হয়েছে। শহরের গভর্নর মেহেদি ইউনেসি এই তথ্য নিশ্চিত করেছেন।
গভর্নর ইউনেসি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, নিজেদের বাড়িতে অবস্থানকালে হামলার শিকার হয়ে ওই পরিবারের সদস্যরা প্রাণ হারান।
ইউনেসি বলেন, ‘নিরপরাধ নাগরিকদের লক্ষ্যবস্তু করা হামলাকারীদের চরম অসহায়ত্বের বহিঃপ্রকাশ। এই ধরনের সহিংস কর্মকাণ্ড ইরানি জাতির মনোবল দুর্বল করতে পারবে না। বরং এটি জাতীয় সংহতি ও ঐক্য আরও বাড়িয়ে দেবে।’
সূত্র: মিডল ইস্ট আই
লেবানন থেকে রকেট হামলায় ইসরায়েলে ভবন ক্ষতিগ্রস্ত
লেবানন থেকে ছোড়া রকেটের ধ্বংসাবশেষের আঘাতে উত্তর ইসরায়েলের দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ শনিবার এ হামলা হয়েছে।
ইসরায়েলের ‘চ্যানেল ১২’ জানিয়েছে, মেতুলা শহর লক্ষ্য করে প্রায় ১০টি রকেট ছোড়া হয়েছে। এর মধ্যে কিছু রকেট আকাশে ধ্বংস করা হয়েছে। বাকি রকেটগুলো খোলা জায়গায় পড়েছে। হামলার সময় উত্তর ইসরায়েলের গ্যালিলি অঞ্চল জুড়ে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
ইসরায়েলের ইয়েদিয়ত আহরোনোত সংবাদমাধ্যম জানিয়েছে, রকেটের টুকরো ও ধ্বংসাবশেষের আঘাতের ফলে মেতুলার একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’ জানিয়েছে, ক্ষয়ক্ষতি সম্পদের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সংস্থাটি আরও নিশ্চিত করেছে, লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে সাফেদ শহরের আরেকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: আল-জাজিরা
তেহরানে আইআরজিসির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানায় হামলার দাবি ইসরায়েলের
ইরানের রাজধানী তেহরানে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির একটি কারখানায় হামলার দাবি করেছে ইসরায়েল।
ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তারা শুক্রবার দিবাগত রাতে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে আইআরজিসির একটি প্রধান কেন্দ্র রয়েছে, যেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম তৈরি করা হয়।
ইসরায়েল আরও জানায়, একটি ক্ষেপণাস্ত্র সরঞ্জাম মজুত রাখার গুদাম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি স্থাপনা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির একটি স্থাপনাতেও হামলা চালানো হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, ‘এসব হামলার ফলে ওই স্থাপনাগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গুরুত্বপূর্ণ সরঞ্জাম তৈরির সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমেছে। এতে করে ইরানের শক্তি কমবে।’
ইসরায়েল এসব হামলায় হতাহতের কোনো সংখ্যা প্রকাশ করেনি। আল-জাজিরা স্বাধীনভাবে ইসরায়েলের এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
সূত্র: আল-জাজিরা
ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের
ইরানের আকাশসীমায় ইসরায়েলের একটি যুদ্ধবিমানে আঘাত করার দাবি করেছে তেহরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ খবর জানিয়েছে। কিন্তু ইসরায়েল তা অস্বীকার করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর এটি এই ধরনের তৃতীয় ঘটনা।
এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছিল, ইরানের আকাশসীমায় তাদের একটি যুদ্ধবিমান বিমান-বিধ্বংসী হামলার মুখে পড়েছিল। তাদের দাবি, বিমানটি সফলভাবে হুমকি শনাক্ত করতে পেরেছে এবং কোনো ক্ষতি ছাড়াই ‘পরিকল্পনা অনুযায়ী’ অভিযান শেষ করেছে।
আইআরজিসির মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের আকাশে ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, জ্বালানি বহনকারী (রিফুয়েলিং) উড়োজাহাজ এবং যুদ্ধবিমানসহ ২০০-এর বেশি আকাশযান ধ্বংস করেছে।
সূত্র: আল-জাজিরা
ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্তের আহ্বান রাশিয়ার
ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কোর মতে, এই ধরনের হামলা অঞ্চলটির জন্য ‘বিপর্যয়’ ডেকে আনতে পারে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এই দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপের একটি বস্তুনিষ্ঠ ও যথাযথ তদন্ত করতে হবে। এই ধরনের কর্মকাণ্ড পুরো মধ্যপ্রাচ্যজুড়ে প্রকৃত বিপর্যয়ের ঝুঁকি তৈরি করছে।’
এর আগে জানা গিয়েছিল, আজ শনিবার নাতানজ স্থাপনায় একটি হামলার বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) জানিয়েছে ইরান। তবে ইরানের দাবি, এই হামলার ফলে কোনো বিকিরণ ছড়িয়ে পড়েনি।
সূত্র: আল-জাজিরা
ইরানে এ পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ২০ হাজারেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
আজ শনিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে তাদের দেশে এ পর্যন্ত অন্তত ২০ হাজার ৯৮৪ জন আহত হয়েছেন।
এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, বর্তমান পরিস্থিতির কারণে সাতটি হাসপাতাল খালি করতে হয়েছে এবং ৩৬টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: আল-জাজিরা
হরমুজ প্রণালিতে বিঘ্ন ঘটানো বন্ধের আহ্বান ইউরোপ ও পারস্য উপসাগরের কয়েকটি দেশের
পারস্য উপসাগরে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোর ওপর ইরানের হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ও উপসাগরীয় অঞ্চলের কিছু দেশ। পাশাপাশি তারা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানো বন্ধের আহ্বান জানিয়েছে। আজ শনিবার এক যৌথ বিবৃতিতে তারা এ নিন্দা ও আহ্বান জানায়।
বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিসহ আরও কিছু দেশ রয়েছে।
বিবৃতিতে দেশগুলো ইরানকে হরমুজ প্রণালি ‘কার্যত বন্ধ’ করে দেওয়ার জন্য অভিযুক্ত করেছে। তারা প্রণালিটি ঘিরে হুমকি দেওয়া, মাইন স্থাপন এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের পরিপন্থী।... জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী ‘অবাধ নৌ-চলাচলের স্বাধীনতা’ অলঙ্ঘনীয়।
দেশগুলো জানিয়েছে, তারা এই প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত। পাশাপাশি জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) মজুত জ্বালানি ছাড়ার সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছে।
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরুর পর প্যারিসভিত্তিক আইইএ সম্প্রতি ৪০ কোটি ব্যারেল মজুত জ্বালানি তেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র: আল-জাজিরা
এ পর্যন্ত ১৪৩টি ক্ষেপণাস্ত্র ও ২৪২টি ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের
যুদ্ধ শুরু হওয়ার পর ইরান থেকে ছোড়া ১৪৩টি ক্ষেপণাস্ত্র ও ২৪২টি ড্রোন ভূপাতিত ও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে বাহরাইন। আজ শনিবার দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে নিজেদের সাধারণ জনগণকে ‘সর্বোচ্চ সতর্কতা অবলম্বন’ করার আহ্বান জানিয়েছে বাহরাইন। পাশাপাশি নাগরিকদের রকেট বা ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত স্থান এবং সন্দেহজনক বস্তু এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া ‘সামরিক অভিযান বা বিধ্বস্ত হওয়ার স্থানের ভিডিও ধারণ করা থেকে বিরত থাকতে’ বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
সূত্র: আল-জাজিরা
হামলা বন্ধে ব্রিকসকে ‘ভূমিকা রাখার’ আহ্বান ইরানের
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আজ শনিবার ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফোনালাপে মোদিকে পেজেশকিয়ান বলেন, ‘ইরানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধে ব্রিকসের স্বাধীন ভূমিকা পালন করা উচিত।’ উদীয়মান অর্থনীতির দেশের জোট ব্রিকসের বর্তমান সভাপতি ভারত।
পাশাপাশি পশ্চিম এশিয়ার দেশগুলো নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাবও দিয়েছেন পেজেশকিয়ান। তিনি ভারতের প্রধানমন্ত্রীকে বলেন, এর লক্ষ্য হবে ‘বিদেশি হস্তক্ষেপ ছাড়া আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা।’
এর আগে পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছিলেন মোদি। এতে মোদি জানান, তিনি মধ্যপ্রাচ্য অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি নৌপথ উন্মুক্ত ও নিরাপদ রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন।
পোস্টে মোদি লিখেছেন, ‘ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে (আমি) তেহরানের অব্যাহত সহযোগিতার প্রশংসা করছি।’
ব্রিকসভুক্ত দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও ইথিওপিয়া।
সূত্র: আল-জাজিরা
ইরানে হামলার জন্য সাইপ্রাসের ঘাঁটি ব্যবহার করবে না যুক্তরাজ্য
ইরানে হামলা চালানো সংশ্লিষ্ট কাজে যুক্তরাজ্য সাইপ্রাসে অবস্থিত নিজেদের কোনো ঘাঁটি ব্যবহার করবে না। সাইপ্রাস সরকারের একজন মুখপাত্র আজ শনিবার এ খবর জানিয়েছেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও সাইপ্রাসের প্রেসিডেন্ট ক্রিস্টোডৌলিডেসের ফোনালাপের পর এ খবর সামনে আসে।
পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র সাইপ্রাসের দুটি ঘাঁটির ওপর যুক্তরাজ্যের সার্বভৌম কর্তৃত্ব রয়েছে। এই দুই ঘাঁটির একটি হলো আরএএফ আক্রোতিরি। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর এই ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে হামলা শুরু করে। এতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পক্ষে এখন পর্যন্ত আরও কোনো দেশ সরাসরি যোগ দিয়েছে বলে জানা যায়নি। হামলার শুরুতে এই দুই দেশকে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দেয়নি যুক্তরাজ্য। তবে দেশটি এখন কিছু কিছু ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে।
সূত্র: আল-জাজিরা
হরমুজে ইরানের হুমকি সৃষ্টির সক্ষমতা কমেছে , দাবি যুক্তরাষ্ট্রের
ইরানের একটি ভূগর্ভস্থ স্থাপনায় চলতি সপ্তাহে বোমা হামলার ফলে হরমুজ প্রণালিতে ইরানের হুমকি সৃষ্টি করার সক্ষমতা কমেছে। ইরান ওই স্থাপনাটিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র মজুত করে রাখত।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় এই দাবি করেন।
এতে তিনি বলেন, ‘আমরা স্থাপনাটি কেবল ধ্বংস করিনি। বরং গোয়েন্দা সহায়তা কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র রাডারও ধ্বংস করেছি, যা জাহাজের চলাচল পর্যবেক্ষণে ব্যবহৃত হতো।’
কুপার আরও বলেন, ‘এর ফলে হরমুজ প্রণালি ও এর আশপাশে নৌ-চলাচলের স্বাধীনতায় বাধা দেওয়ার ইরানি সক্ষমতা কমেছে। আমরা এই ধরনের লক্ষ্যবস্তুগুলোতে আঘাত করা বন্ধ করব না।’
এই মার্কিন সামরিক কর্মকর্তা জানান, এ পর্যন্ত ইরানের ১৩০টি জাহাজসহ ৮ হাজারের বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
সূত্র: আল-জাজিরা
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধস, আহত অন্তত ২০
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের ডিমোনা শহরে একটি ভবন ধসে পড়ার ও অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধার কাজ চলছে। ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো এই খবর জানিয়েছে। শনিবার হামলার এ ঘটনা ঘটেছে।
ইসরায়েলের সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে ক্ষেপণাস্ত্র আঘাত হানার মুহূর্তটি দেখা গেছে। এতে দেখা যায়, আকাশ থেকে একটি বিশাল গোলা তীব্র গতিতে নিচে নেমে আসছে। এরপর একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ইসরায়েলের কান নামের একটি সম্প্রচারমাধ্যম দেশটির জরুরি চিকিৎসা সেবা বিভাগের বরাতে জানিয়েছে, হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ বছরের একটি শিশুও রয়েছে।
রকেট হামলায় আটজন আহত
ইসরায়েলের সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’ জানিয়েছে, উত্তর ইসরায়েলের মা’লোত-তারশিহা এলাকায় রকেট হামলায় অন্তত আটজন আহত হয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের এই এলাকা লক্ষ্য করে একঝাঁক রকেট ছুড়েছে।
সূত্র: আল-জাজিরা
আমিরাত ও কুয়েতের সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের
সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে অবস্থিত সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, ইরানের নৌবাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ ঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটির বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছে।
মেসেজিং অ্যাপ টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে আইআরআইবি জানিয়েছে, এই হামলায় মূলত ‘আমেরিকান-জায়নবাদী বিমান’-এর হ্যাঙ্গার ও জ্বালানির ট্যাংক লক্ষ্যবস্তু করা হয়েছে। তাদের দাবি, ইরানি ভূখণ্ডে হামলার উদ্দেশ্যে এই ঘাঁটিগুলো ব্যবহার করা হচ্ছিল।
তবে ইরানের এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ ছাড়া এ বিষয়ে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল–জাজিরা
ইসরায়েলের পারমাণবিক স্থাপনা থাকা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৩৯
ইসরায়েলের পারমাণবিক স্থাপনা থাকা ডিমোনা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ হামলায় শহরটির একটি তিনতলা ভবন ধসে পড়ার ও অন্তত ৩৯ জন আহত হয়েছে খবর পাওয়া গেছে।
গতকাল শনিবার হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো।
ইসরায়েলের সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে ক্ষেপণাস্ত্র আঘাত হানার মুহূর্তটি দেখা গেছে। এতে দেখা যায়, আকাশ থেকে একটি বিশাল গোলা তীব্র গতিতে নিচে নেমে আসছে। এরপর একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) বরাত দিয়ে জানিয়েছে, এই হামলায় অন্তত ৪৭ জন আহত হয়েছেন।
এমডিএ জানায়, আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সেবা বিভাগ তাঁদের প্রাথমিক চিকিৎসাও দেয়। আহত ব্যক্তিদের বেশির ভাগই বোমার স্প্লিন্টারের আঘাতে জখম হয়েছেন। এর মধ্যে ১০ বছর বয়সী এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।
ডিমোনা শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে ইসরায়েলের নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্র অবস্থিত। ধারণা করা হয়, ডিমোনার বাইরের এই স্থাপনাটিতে ইসরায়েলের অঘোষিত পারমাণবিক অস্ত্রের মজুত রয়েছে। যদিও ইসরায়েল কখনোই নিজেদের পারমাণবিক অস্ত্র থাকার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ডিমোনা শহরে ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবরের বিষয়ে তারা অবগত আছে। সংস্থাটি আরও জানায়, নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতির ইঙ্গিত পাওয়া যায়নি।
এক বিবৃতিতে আইএইএ বলেছে, হামলাকবলিত এলাকায় অস্বাভাবিক কোনো তেজস্ক্রিয় বিকিরণ ধরা পড়েনি।
সূত্র: আল–জাজিরা
কাতারের পর এবার ইরানি দূতাবাস কর্মীদের বহিষ্কার করল সৌদি আরব
কাতারের পর এবার ইরানি দূতাবাসের কর্মীদের বহিষ্কার করেছে সৌদি আরব। ইরানি দূতাবাসের সামরিক অ্যাটাশেসহ কয়েকজন কর্মীকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করেছে সৌদি সরকার। তাঁদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত বুধবার কাতারও একই ধরনের পদক্ষেপ নেয়। রাজধানী দোহায় অবস্থিত ইরানি দূতাবাসের সামরিক ও নিরাপত্তা অ্যাটাশের পাশাপাশি তাঁদের কর্মীদেরও অবাঞ্ছিত ঘোষণা করে দেশটি।
মূলত ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলার জেরে কাতারের প্রধান গ্যাস স্থাপনায় পাল্টা হামলা চালায় তেহরান। ওই হামলার পরই ইরানি কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয় উপসাগরীয় দেশটি। এরপরই একই পথে হাঁটল সৌদি আরব।
সূত্র: আল–জাজিরা
যুদ্ধ শুরুর পর ইসরায়েলে আহত ৪ হাজার ২৯২ জন
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ২৯২ জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছে।
এদিকে আগে পাওয়া খবরে জানা যায়, শনিবার রাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ডিমোনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৯ জন আহত হয়েছেন।
সূত্র: আল–জাজিরা
ইসরায়েলের আরাদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত অর্ধশতাধিক
ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এই হামলার পর শহরটির একটি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো।
ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আরাদ শহরে ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার কারণেই এই হতাহতের ঘটনা ঘটেছে। সবশেষ তথ্য অনুযায়ী, এই হামলায় মোট ৫৯ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে ৬ জনের অবস্থা ‘আশঙ্কাজনক’।
যদিও এর আগে ইসরায়েলের জরুরি সেবা বিভাগ প্রায় ৭০ জনকে চিকিৎসা দেওয়ার কথা বলেছিল। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুর অবস্থা আশঙ্কাজনক।
হামলার পর ইসরায়েলের অগ্নিনির্বাপণ সেবা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, আরাদ শহরের কেন্দ্রস্থলে আবাসিক ভবনের মাঝখানে ক্ষেপণাস্ত্রটি ‘সরাসরি আঘাত’ হেনেছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘হামলাকবলিত স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’
আকাশপ্রতিরক্ষা ব্যর্থতা নিয়ে তদন্ত
এদিকে ইসরায়েলি আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা কেন ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি মাঝপথে ধ্বংস করতে (ইন্টারসেপ্ট) ব্যর্থ হলো, তা নিয়ে তদন্ত করবে ইসরায়েলি বিমানবাহিনী। ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আরুতজ শেভা জানিয়েছে, আকাশপ্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করার দুটি চেষ্টা ব্যর্থ হয়েছিল। এরপরই সেটি আরাদ শহরে সরাসরি আঘাত হানে।
সূত্র: আল–জাজিরা
ইসরায়েলে সশরীরে ক্লাস বাতিল
দক্ষিণ ইসরায়েলের আরাদ ও ডিমোনা শহরে ইরানের জোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীর ক্লাস বাতিল করেছে ইসরায়েলের শিক্ষা মন্ত্রণালয়। রবি ও সোমবার এই নির্দেশ বহাল থাকবে।
ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর থেকে জানা যায়, দক্ষিণ ইসরায়েলের ওই দুই শহরে ইরানের হামলায় প্রায় ১০০ জন আহত হয়েছেন। এর মধ্যে শুধু আরাদ শহরেই আহত হয়েছেন ৫০ জনের বেশি মানুষ।
আরাদ শহরে হামলার পর উদ্ধার ও জরুরি তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে তিনি বলেন, ‘বর্তমানে মাঠে কর্মরত জরুরি ও উদ্ধারকারী বাহিনীগুলোকে আরও শক্তিশালী করা হচ্ছে।’
সূত্র: আল–জাজিরা
ইরান চুক্তি করতে চায়, আমি চাই না: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নতুন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইরান একটি চুক্তি করতে চায়, কিন্তু তিনি তা চান না।
নিজের যুদ্ধকালীন কর্মকাণ্ড নিয়ে দ্য নিউইয়র্ক টাইমসের সাম্প্রতিক একটি বিশ্লেষণের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ‘ইরানকে মানচিত্র থেকে মুছে দিয়েছে’।
ইরানে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন—এমন দাবি নাকচ করে দিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি (লক্ষ্য অর্জন) করেছি, এবং তা নির্ধারিত সময়ের কয়েক সপ্তাহ আগেই।’
ট্রাম্প আরও বলেন, ‘তাদের (ইরানের) নেতৃত্ব শেষ, তাদের নৌ ও বিমানবাহিনী ধ্বংস হয়ে গেছে, তাদের কোনো প্রতিরোধব্যবস্থা নেই। আর এখন তারা একটি চুক্তি করতে চায়। কিন্তু আমি চাই না।’
সূত্র: বিবিসি
৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ট্রাম্পের আল্টিমেটাম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন করে হুমকি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই হুমকি দেন।
ট্রাম্প লিখেছেন, ‘ইরান যদি এখন থেকে ঠিক ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দেয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে সেগুলো গুঁড়িয়ে দেবে। আর শুরু করা হবে সবচেয়ে বড়টি দিয়ে!’
তথ্য: বিবিসি ও আল–জাজিরা
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১৫০০ ছাড়াল
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটিতে নিহতের সংখ্যা ১,৫০০ ছাড়িয়েছে।
সূত্র: আল–জাজিরা
ইসরায়েলের আরাদে ইরানের হামলায় আহতের সংখ্যা বেড়ে ৮৮
ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহতের সংখ্যা বেড়ে অন্তত ৮৮ জনে দাঁড়িয়েছে। দেশটির অ্যাম্বুলেন্স সেবা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
অ্যাম্বুলেন্স সেবা বিভাগ জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। এ ছাড়া ১৯ জনের আঘাত মাঝারি ধরনের।
সূত্র: আল–জাজিরা
ইসরায়েলি শহর ও উপসাগরীয় সামরিক ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তাদের সর্বশেষ ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোতে ইসরায়েলের আরাদ, ডিমোনা, ইলাত, বিরশেবা ও কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা এবং নিরাপত্তাকেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
আইআরজিসি কুয়েতের আলী আল-সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ ও আল-ধাফরা ঘাঁটিতেও হামলা চালিয়েছে বলে দাবি করেছে।
তাদের দাবি, এসব হামলায় ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
তবে ইসরায়েল কোনো নিহতের খবর নিশ্চিত করেনি। দেশটির অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, আরাদ শহরে ৮৮ জন আহত হয়েছেন। এ ছাড়া ডিমোনা থেকে আহত ৩৯ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র: আল–জাজিরা
আমিরাতের শারজাহ উপকূলে পণ্যবাহী জাহাজের কাছে বিস্ফোরণ
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ১৫ নটিক্যাল মাইল (২৮ কিলোমিটার) উত্তরে একটি পণ্যবাহী জাহাজের (বাল্ক ক্যারিয়ার) কাছে বিস্ফোরণের খবর পেয়েছে তারা।
সংস্থাটি বলেছে, ‘জাহাজটির খুব কাছাকাছি উড়ে আসা অজ্ঞাত কোনো বস্তু থেকে’ এই বিস্ফোরণ ঘটে।
তবে জাহাজে থাকা নাবিক দলের সবাই নিরাপদে আছেন বলে জানানো হয়েছে।
সূত্র: আল–জাজিরা
কাতারের জলসীমায় হেলিকপ্টার বিধ্বস্ত, চলছে তল্লাশি
কাতারের জলসীমায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিয়মিত দায়িত্ব পালনের সময় যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
মন্ত্রণালয় এক ঘোষণায় আরও জানিয়েছে, হেলিকপ্টারটিতে থাকা ক্রু ও যাত্রীদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে।
সূত্র: আল–জাজিরা
বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় পাল্টা আঘাতের হুমকি ইরানের
ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো নিশানা করা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত সব জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলার হুমকি দিয়েছে দেশটির সামরিক বাহিনী।
ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র এব্রাহিম জোলফাগারি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত পানিশোধনাগার (ডিস্যালাইনেশন প্ল্যান্ট) এবং তথ্যপ্রযুক্তি অবকাঠামোতেও হামলা চালাবে ইরান।
৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানোর হুমকি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ওই হুমকির পরই ইরানের পক্ষ থেকে এমন সতর্কতা বার্তা দেওয়া হলো।
এদিকে ফারস নিউজ এজেন্সি উল্লেখ করেছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রয়াত প্রধান আলী লারিজানি আগেই সতর্ক করেছিলেন, ইরানের বিদ্যুৎ সঞ্চালন লাইনে (গ্রিড) হামলা হলে ‘আধা ঘণ্টার মধ্যে পুরো অঞ্চল (মধ্যপ্রাচ্য) বিদ্যুৎহীন হয়ে পড়বে’।
সূত্র: আল–জাজিরা
হরমুজ প্রণালি খুলতে ট্রাম্পের আলটিমেটাম—ইরানের হাতে আর কত সময়
ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ সময়ের মধ্যে এটি না খুললে ইরানকে ‘ধ্বংস’ করে দেবে যুক্তরাষ্ট্র।
নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প তাঁর অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেছেন, ‘ঠিক এ মুহূর্ত থেকে’ পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো প্রকার ‘হুমকি ছাড়াই’ ইরানকে এই জলপথ পুরোপুরি খুলে দিতে হবে।
জিএমটি সময় অনুযায়ী ট্রাম্প গতকাল ২১ মার্চ (শনিবার) রাত ১১টা ৪৪ মিনিটে ওই পোস্টটি করেন। সে হিসাবে, হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরান আগামীকাল ২৩ মার্চ (সোমবার) রাত ১১টা ৪৪ মিনিট (তেহরান সময় ২৪ মার্চ রাত ৩টা ১৪ মিনিট) পর্যন্ত সময় পাচ্ছে।
উল্লেখ্য, জিএমটির সঙ্গে বাংলাদেশের সময়ের ব্যবধান ৬ ঘণ্টা। সেই অনুযায়ী, ট্রাম্পের দেওয়া আলটিমেটামের শেষ সময় বাংলাদেশ সময় অনুযায়ী হবে ২৪ মার্চ (মঙ্গলবার) ভোর ৫টা ৪৪ মিনিট।
তথ্যসূত্র: বিবিসি
ইরানের হামলায় ইসরাইলে ব্যাপক ক্ষয়ক্ষতির পর নেতানিয়াহু বললেন ‘অত্যন্ত কঠিন সন্ধ্যা’
গতকাল শনিবার ইসরাইলের দক্ষিণাঞ্চলের ছোট শহর আরাদে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়।
ইসরাইলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, এই হামলার পর ৮৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
ইসরায়েলের পারমাণবিক স্থাপনা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিণ ইসরাইলি শহর ডিমোনাতেও হামলা হয়েছে। এখানেও অনেকে আহত হয়েছেন।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামলার পর তিনি আরাদ শহরের মেয়রের সঙ্গে কথা বলেছেন।
নেতানিয়াহু এই ঘটনাকে শহরটির জন্য ‘অত্যন্ত কঠিন এক সন্ধ্যা’ বলে বর্ণনা করেছেন।
নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, তিনি এই সময়ে মাঠে কাজ করা জরুরি ও উদ্ধারকারী বাহিনীকে আরও শক্তিশালী করবেন। একই সঙ্গে তিনি দেশজুড়ে মানুষকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
নেতানিয়াহু আরও বলেন, ‘সব ফ্রন্টে আমাদের শত্রুদের ওপর হামলা চালিয়ে যেতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’
তথ্যসূত্র: বিবিসি
ইসরায়েলে লেবানন থেকে চালানো রকেট হামলায় নিহত ১
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে লেবানন থেকে ছোড়া রকেট হামলায় আজ রোববার একজন নিহত হয়েছেন। ইসরায়েলের জরুরি উদ্ধারকারী সংস্থার বরাতে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কয়েকটি গাড়িতে রকেটটি আঘাত হানে। পরে একটি গাড়ির আরোহীকে মৃত ঘোষণা করা হয়।
স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, রকেটের ‘সরাসরি আঘাতে’ দুটি গাড়ি দাউ দাউ করে জ্বলতে দেখা গেছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সামরিক ঘাঁটিতে হামলা
ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি সামরিক ঘাঁটিতে আজ রোববার ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার (আইআরএনএ) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ‘বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত ওই সামরিক ঘাঁটিটি আবারও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে।’
ওই কম্পাউন্ড অতীতে মার্কিন সামরিক বাহিনী ব্যবহার করত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতার পর ইসরায়েলে একের পর এক বিস্ফোরণ
ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারির পর আজ রোববার জেরুজালেমে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এএফপির সাংবাদিকেরা এ তথ্য জানিয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী ইরান থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের বিষয়ে সতর্ক করার পরপরই এই বিস্ফোরণগুলো ঘটে।
ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম বলেছে, এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
শত্রুপক্ষ বাদে সবার জন্য উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি: ইরান
ইরানের মেহের নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, একজন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যথাযথ নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা সাপেক্ষে হরমুজ প্রণালি সব ধরনের নৌযানের জন্য উন্মুক্ত। তবে ‘শত্রু’ দেশগুলোর সঙ্গে যুক্ত কোনো জাহাজ এ সুবিধার আওতায় পড়বে না।
জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনে (আইএমও) নিযুক্ত ইরানের প্রতিনিধি আলী মুসাভিকে উদ্ধৃত করে খবরে বলা হয়েছে, এই গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটি কার্যত বন্ধ থাকার মূল কারণ হলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসন।
মুসাভি বলেন, ‘কূটনীতিই ইরানের অগ্রাধিকার। তবে আগ্রাসন পুরোপুরি বন্ধ হওয়া এবং পারস্পরিক আস্থা ও বিশ্বাস পুনর্স্থাপন করা অত্যন্ত জরুরি।’
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
কাতারে হেলিকপ্টার দুর্ঘটনায় তুরস্কের ৩ নাগরিকসহ ৭ জন নিহত
কাতারে একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় সাতজনের সবাই নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন তুরস্কের নাগরিক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহতদের মধ্যে একজন তুর্কি সেনাসদস্য। আর দুজন তুরস্কের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান অ্যাসেলসানের নিরাপত্তা কর্মী।
দুর্ঘটনায় নিহত বাকি চারজন কাতার সশস্ত্র বাহিনীর সদস্য।
তুরস্ক আরও জানিয়েছে, কাতার এ দুর্ঘটনা তদন্ত করে দেখছে। এর মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
আজ রোববার ভোরে কাতার জানিয়েছিল, নিয়মিত দায়িত্ব পালন করতে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে তাদের একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। এতে ছয়জন নিহত হয়। একজন নিখোঁজ রয়েছে। পরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতি নিহতদের নাম প্রকাশ করে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা একটি বিবৃতিতে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘সাতজন আরোহীর মধ্যে ছয়জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।’
পরবর্তীতে এক বিবৃতিতে কাতার নিশ্চিত করে, নিহতদের মধ্যে দুজন তুর্কি বেসামরিক নাগরিক এবং একজন তুর্কি সেনাসদস্য ছিলেন।
সূত্র: আল-জাজিরা
সংযুক্ত আরব আমিরাতের উপকূলে জাহাজের কাছে বিস্ফোরণ
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপকূলে একটি পণ্যবাহী জাহাজের কাছে একটি অজ্ঞাত প্রক্ষিপ্ত বস্তুর কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে জাহাজের সকল ক্রু সদস্য নিরাপদ রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আমিরাতের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, শারজাহ থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল উত্তরে ঘটনাটি ঘটেছে।
ইউকেএমটিওর ভাষ্যমতে, হামলার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি। কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে।
এই ঘটনার পর ওই এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে যাতায়াত করার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: আল-জাজিরা
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান নেতানিয়াহুর
দক্ষিণ ইসরায়েলের আরদ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শিকার একটি স্থান থেকে কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখান থেকে তিনি বিশ্বনেতাদের ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানান।
নেতানিয়াহু দাবি করেন, কিছু দেশ ইতিমধ্যে সেই পথে অগ্রসর হচ্ছে। একই সঙ্গে তিনি এই সংকটে আরও বৃহত্তর আন্তর্জাতিক সম্পৃক্ততার ওপর জোর দেন।
নেতানিয়াহুর অভিযোগ, ইরান ইসরায়েলের বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করছে। তিনি দাবি করেন, ইরানের এখন ইউরোপের গভীরে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত করার সক্ষমতা রয়েছে।
সূত্র: আল-জাজিরা
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে ২৭০০ জনকে সরিয়ে নিল ইসরায়েল
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে এ পর্যন্ত অন্তত ২৭০০ জনকে সরিয়ে নিয়েছে ইসরায়েল। ইসরায়েলের জনকল্যাণ ও সমাজসেবা মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
সরিয়ে নেওয়া ব্যক্তিদের মধ্যে দক্ষিণ ইসরায়েলের আরদ ও দিমোনা শহরের প্রায় ১ হাজার বাসিন্দা রয়েছেন। গতকাল শনিবার রাতে এই দুই শহরে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ইসরায়েলের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, গত রাতের হামলায় ওই দুই শহরে অন্তত ১৮০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দিমোনা শহর থেকে ৬০ জন এবং আরদ শহর থেকে ১১৫ জনেরও বেশি মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সূত্র: আল-জাজিরা
নিজেদের বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে আঞ্চলিক জ্বালানি অবকাঠামোতে ‘অপূরণীয়’ ক্ষতির হুঁশিয়ারি ইরানের
নিজেদের বিদ্যুৎকেন্দ্রগুলোতে কোনো হামলা চালানো হলে ‘তাৎক্ষণিক’ জবাব হিসেবে পুরো অঞ্চলের জ্বালানি ও তেল অবকাঠামোতে প্রতিশোধমূলক হামলা চালানো হবে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক আজ রোববার এ হুঁশিয়ারি দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ লিখেছেন, ‘পুরো অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, জ্বালানি ও তেল অবকাঠামোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে এবং সেগুলোর অপূরণীয় ক্ষতি করা হবে। এসব ক্ষতির ফলে জ্বালানি তেলের দাম দীর্ঘ সময়ের জন্য বৃদ্ধি পাবে।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হুমকির পর গালিবাফের এ হুঁশিয়ারি এল।
গতকাল শনিবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা পুরোপুরি পুনরুদ্ধার না করা হয়, তবে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হবে।
সূত্র: আল–জাজিরা
ইরানে এ পর্যন্ত ৮১ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত
যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় ইরানজুড়ে এ পর্যন্ত ৮১ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি আজ রোববার এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, হামলায় চিকিৎসা কেন্দ্র, বিদ্যালয়, অ্যাম্বুলেন্স এবং ত্রাণ কর্মীদের লক্ষ্যবস্তু করা করা হয়েছে। এটা আন্তর্জাতিক মানবিক আইন ও জেনেভা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন।
প্রসঙ্গত, জেনেভা কনভেনশন হলো আন্তর্জাতিক চুক্তির যুদ্ধ সংক্রান্ত কিছু নিয়মাবলী।
সূত্র: আল–জাজিরা
ইসরায়েলে এ পর্যন্ত ৪০০-এর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইসরায়েলে এ পর্যন্ত ৪০০-এরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর মধ্যে ৯২ শতাংশ ক্ষেপণাস্ত্র মাঝআকাশে ধ্বংস বা প্রতিহত করা হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি আজ রোববার সাংবাদিকদের এ তথ্য জানান।
নাদাভ শোশানি বলেন, ইরান ৪০০-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আমাদের বাধা দেওয়া বা ধ্বংস করার হার বেশ ভালো। আমরা তাদের এসব ক্ষেপণাস্ত্রের প্রায় ৯২ শতাংশ সফলভাবে ধ্বংস বা প্রতিহত করেছি।।
গতকাল শনিবার রাতে দক্ষিণ ইসরায়েলের দুটি শহরে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে প্রায় ১৮০ জন মানুষ আহত হন। কয়েকজনের অবস্থা গুরুতর।
সূত্র: আল-জাজিরা
মধ্যপ্রাচ্যের যুদ্ধকে ‘কলঙ্ক’ উল্লেখ করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পোপ লিও’র
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে মৃত্যু ও যন্ত্রণাকে পুরো ‘মানব পরিবারের জন্য একটি কলঙ্ক’ বলে মন্তব্য করেছেন পোপ চতুর্দশ লিও। একই সঙ্গে তিনি অবিলম্বে যুদ্ধবিরতির জন্য তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
পোপ চতুর্দশ লিও যুক্তরাষ্ট্রের নাগরিক। আজ রোববার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স চত্বরে সাপ্তাহিক অ্যাঞ্জেলাস প্রার্থনা সভায় তিনি বলেন, ‘এত মানুষের কষ্ট এবং এই সংঘাতের শিকার নিরপরাধ মানুষদের দুর্দশার মুখে আমরা চুপ থাকতে পারি না। তাদের যা কষ্ট দিচ্ছে, তা সমগ্র মানবজাতিকেই কষ্ট দিচ্ছে।’
পোপ লিও জানান, তিনি মধ্যপ্রাচ্য ও সহিংসতায় বিধ্বস্ত অন্যান্য অঞ্চলের পরিস্থিতি ‘হতাশার’ সঙ্গে খেয়াল করছেন।
পোপ যোগ করেন, ‘আমি দৃঢ়ভাবে আমার আবেদন পুনর্ব্যক্ত করছি, আমরা যেন প্রার্থনায় অবিচল থাকি, যাতে শত্রুতা বন্ধ হয় এবং শেষ পর্যন্ত শান্তির পথ অবারিত হয়।’
সূত্র: আল-জাজিরা
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
নিজেদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হলে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গতকাল শনিবারের হুমকির জবাবে পাল্টা এই হুঁশিয়ারি দিল ইরান।
আজ রোববার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেয়।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্যবস্তু করা হলে হরমুজ প্রণালি ‘সম্পূর্ণরূপে’ বন্ধ করে দেওয়া হবে। স্থাপনাগুলো পুনরায় নির্মিত না হওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিদ্যুৎকেন্দ্র আক্রান্ত হলে ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি স্থাপনায় ‘ব্যাপক হামলা’ চালানো হবে। এ ছাড়া এই অঞ্চলের যেসব কোম্পানিতে যুক্তরাষ্ট্রের মালিকানা রয়েছে, সেগুলোকেও ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ করে দেওয়া হবে।
আইআরজিসি বিবৃতিতে যোগ করে, এই অঞ্চলের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলোর বিদ্যুৎকেন্দ্রগুলোকেও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর থেকে হরমুজ প্রণালি প্রায় বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির অনুমতি ছাড়া কোনো জাহাজ বা ট্যাংকার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রণালিটি পার হতে পারছে না।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক জ্বালানির বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে। প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানির দাম ১০০ ডলার ছাড়িয়েছে।
বাজার স্থিতিশীল করতে যুক্তরাষ্ট্র নানা পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি ইরানকে বারবার হুমকি দিচ্ছে, যাতে তারা হরমুজে জাহাজ চলাচলে কোনো বাধা তৈরি না করে।
কিন্তু ইরান বারবার বলে আসছে, হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র–ইসরায়েল বা তাদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ হরমুজ পার হতে পারবে না। পার হতে গেলে হামলা চালানো হবে।
আজ ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনে (আইএমও) নিযুক্ত দেশটির প্রতিনিধি আলী মুসাভির বরাতে জানায়, যথাযথ নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা সাপেক্ষে হরমুজ প্রণালি সব ধরনের নৌযানের জন্য উন্মুক্ত। তবে ‘শত্রু’ দেশগুলোর সঙ্গে যুক্ত কোনো জাহাজ এ সুবিধার আওতায় পড়বে না। যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার কারণেই মূলত প্রণালিটি প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে প্রণালিটি উন্মুক্ত রাখতে ন্যাটো মিত্রদের সেখানে যুদ্ধজাহাজ পাঠাতে একাধিকবার অনুরোধ করেছেন ট্রাম্প। কিন্তু অধিকাংশ দেশ বলেছে, বর্তমান পরিস্থিতিতে তারা হরমুজে যুদ্ধজাহাজ পাঠাতে প্রস্তুত নয়।
তবে গত বৃহস্পতিবার (১৯ মার্চ) ছয়টি দেশ জানিয়েছে, যুদ্ধে প্রায় অচল হয়ে পড়া হরমুজ প্রণালি দিয়ে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ‘যথাযথ প্রচেষ্টায়’ তারা যোগ দিতে প্রস্তুত। দেশগুলো হলো যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও জাপান। কিন্তু এ পর্যন্ত তারা কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি।
সূত্র: আল-জাজিরা
যুদ্ধবিরতির মধ্যস্থতায় ইরান, মিসর, যুক্তরাষ্ট্র ও ইইউর সঙ্গে তুরস্কের যোগাযোগ
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান যুদ্ধবিরতি প্রচেষ্টার অংশ হিসেবে ইরান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছেন।
আজ রোববার তুরস্কের একটি কূটনৈতিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর জানায়।
সূত্রটি জানায়, ফিদান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি, ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলাদাভাবে টেলিফোনে কথা বলেছেন।
কিন্তু তাঁদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা জানানো হয়নি।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু জানায়, গত মঙ্গলবার হাকান ফিদান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও ইরান যুদ্ধ নিয়ে ফোনে কথা বলেন। রাশিয়ার সঙ্গে ইরানের সুসম্পর্ক রয়েছে।
সূত্র: রয়টার্স
ইরান যুদ্ধের জন্য ‘বিপুল পরিমাণ অর্থ’ থাকার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
ইরানের বিরুদ্ধে যুদ্ধের খরচ মেটানোর সক্ষমতা ওয়াশিংটনের আছে। এর জন্য কর বাড়ানোর প্রয়োজন হবে না। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ কথা জানিয়েছেন।
এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বেসেন্ট বলেন, ‘এই যুদ্ধের অর্থায়নের জন্য আমাদের কাছে বিপুল পরিমাণ অর্থ রয়েছে।’
তবে সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইরান যুদ্ধের ব্যয় মেটাতে কংগ্রেসের কাছে অতিরিক্ত ২০ হাজার কোটি ডলার বরাদ্দ চেয়েছে পেন্টাগন। এ প্রসঙ্গে বেসেন্ট বলেন, এই অর্থ মূলত সামরিক বাহিনীর ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধির জন্য চাওয়া হয়েছে।
বেসেন্ট আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদের মতো দ্বিতীয় মেয়াদেও সামরিক বাহিনীকে শক্তিশালী করছেন। তিনি নিশ্চিত করতে চান, যেন সেনাবাহিনী ভবিষ্যতে সুসজ্জিত থাকে।’
কিন্তু পেন্টাগন আদৌ ২০ হাজার কোটি ডলার চেয়েছে কিনা, তা নিশ্চিত করেননি বেসেন্ট।
গত বছর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতে বিশাল বরাদ্দ দেওয়া হয়। এরপর এই অতিরিক্ত তহবিলের আবেদন কংগ্রেসে তীব্র বিরোধিতার মুখে পড়ছে। ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান দলের কিছু সদস্যও এই প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
সূত্র: আল-জাজিরা
ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের স্থাপনায় হামলার দাবি ইরানের
ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান। কিন্তু ইসরায়েলের রাষ্ট্রীয় মালিকানাধীন এই প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণা সংস্থায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
ইরানের সরকারি সংবাদ সংস্থার কাছে পাঠানো এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী দাবি করে, তারা ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরের কাছে অবস্থিত আইএআইয়ের স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে।
পাশাপাশি সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে থাকা একটি মার্কিন নজরদারি বিমানেও হামলার দাবি করেছে ইরানের সেনাবাহিনী।
হামলার প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। আল-জাজিরা স্বাধীনভাবে এসব খবরের সত্যতা যাচাই করতে পারেনি। অন্যদিকে এসব হামলার বিষয়ে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে তাদের দেশের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। দেশটির সংবাদমাধ্যমের তথ্যমতে, স্থানীয় সময় রোববার মধ্যরাতের পর ইরানের দিক থেকে এটি অষ্টম দফার হামলা।
দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, দেশটির দক্ষিণাঞ্চলে শিগগির সতর্ক সংকেত বা সাইরেন বাজানোর সম্ভাবনা রয়েছে।
সূত্র: আল-জাজিরা
দুই-তৃতীয়াংশ মার্কিন নাগরিকের মতে ইরান যুদ্ধ ‘ইচ্ছাকৃত’ : জরিপ
যুক্তরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ নাগরিক মনে করেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ যতটা না প্রয়োজন ছিল, তার চেয়ে বেশি ইচ্ছাকৃত। সিবিএস নিউজ ও ইউগভের নতুন জরিপ থেকে এই মতামত জানা গেছে।
গত ১৭ থেকে ২০ মার্চ পর্যন্ত অনলাইনে জরিপটি পরিচালনা করা হয়েছে। এতে ৩ হাজার ৩৩৫ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক মতামত দিয়েছেন।
জরিপে অংশগ্রহণকারী ৬০ শতাংশ মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন, যা চলতি মাসের শুরুতে ছিল ৫৬ শতাংশ।
প্রায় ৬৮ শতাংশ মানুষ মনে করেন, ট্রাম্প প্রশাসন এই যুদ্ধের লক্ষ্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেনি। এ ছাড়া ৫৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, যুদ্ধ আমেরিকার জন্য খারাপ দিকে যাচ্ছে।
সব মিলিয়ে ৬৬ শতাংশ মানুষ এটাকে ‘ইচ্ছাকৃত যুদ্ধ’ এবং ৩৪ শতাংশ ‘প্রয়োজনীয় যুদ্ধ’ বলে মনে করেন। ৯২ শতাংশ ডেমোক্র্যাট ও ৭৩ শতাংশ স্বতন্ত্র ভোটার এটাকে ইচ্ছাকৃত যুদ্ধ মনে করলেও ৬৭ শতাংশ রিপাবলিকান যুদ্ধটিকে প্রয়োজনীয় বলে মনে করেন।
তবে জরিপে অংশ নেওয়াদের প্রায় ৯২ শতাংশ একটি বিষয়ে একমত। তা হলো— ‘এই সংঘাত যত দ্রুত সম্ভব শেষ করা জরুরি’। তা ছাড়া ৮০ শতাংশ মার্কিন নাগরিক ইরানের জনগণের নিরাপত্তা, ৭৩ শতাংশ ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং ৬৮ শতাংশ অন্য দেশের বিরুদ্ধে ইরানের হুমকি বন্ধের ওপর গুরুত্ব দিয়েছেন।
ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন নিয়ে মার্কিন জনমত বিভক্ত। ৪৯ শতাংশ মানুষ ইরানপন্থী নেতৃত্ব চান, অন্যদিকে ৫১ শতাংশ এর প্রয়োজনীয়তা দেখছেন না।
ইরানে বর্তমান শাসনক্ষমতায় থাকা অবস্থায় যুদ্ধ শেষ করা গ্রহণযোগ্য কি না—তা নিয়ে ৪৭ শতাংশ ইতিবাচক এবং ৫৩ শতাংশ নেতিবাচক মত দিয়েছেন।
সূত্র: সিএনএন
ইরানে ইসরায়েলি গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার আরও ২৫ জন
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেশ কিছু সংবাদমাধ্যম, সাংবাদিক, তারকা ও বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ।
ইরানের বিচার বিভাগ দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমকে রোববার জানায়, তারা মামলা, সম্পদ বাজেয়াপ্ত, গ্রেপ্তার ও সংবাদ সংস্থা বন্ধসহ বিভিন্ন ‘শিক্ষামূলক’ সভার আয়োজন করেছে। সব ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ না থাকলেও এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানে টানা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রোববার পর্যন্ত ২৩ দিন ধরে ইন্টারনেট সংযোগ টানা বিচ্ছিন্ন রয়েছে।
দেশটির অল্প কিছু সংখ্যক সাধারণ মানুষ স্টারলিংক ব্যবহার করে গোপনে ইন্টারনেট ব্যববহার করছেন। কিন্তু সরকারি বাহিনী স্টারলিংকের স্যাটেলাইট শনাক্ত করে গুলি করে ধ্বংস করছে।
গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার আরও ২৫ জন
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির মারকাজি প্রদেশ থেকে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সামরিক স্থাপনার তথ্য ইসরায়েল-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে সরবরাহ এবং ‘অশান্তি’ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
তা ছাড়া গোলেস্তান প্রদেশ থেকে পুলিশের কেন্দ্রে হামলার পরিকল্পনার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরানে বিভিন্ন অভিযোগে এ পর্যন্ত কয়েক শ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ইরানের গোয়েন্দা সংস্থা আরও জানায়, বিদেশে থাকা ১৫ জন ইরানি নাগরিকের ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ নথিবদ্ধ করে বিচার বিভাগে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে ইরান সরকার প্রবাসীদের সতর্ক করেছিল, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করলে দেশে থাকা তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।
সূত্র: আল–জাজিরা
ইসরায়েলের হামলায় লেবাননের গুরুত্বপূর্ণ কাসমিয়া সেতু ক্ষতিগ্রস্ত
ইসরায়েলের বিমান বাহিনী দক্ষিণ লেবাননের লিতানি নদীর ওপর অবস্থিত কাসমিয়া সেতুতে ব্যাপক হামলা চালিয়েছে। এতে সেতুটি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় দক্ষিণ লেবাননের আল-খরায়েব পৌর এলাকায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এ খবব জানিয়েছে।
ইসরায়েলের কান সম্প্রচার মাধ্যমে প্রকাশিত কিছু ভিডিওতে সেতুর ওপর ও আশপাশে বিস্ফোরণ হতে দেখা গেছে।
ইসরায়েলের সামরিক বাহিনী আগেই দক্ষিণ লেবাননের লিতানি নদীর ওপরের সব সেতু ও সংযোগস্থলে হামলার হুমকি দিয়েছিল। সেতুটি দক্ষিণ লেবাননের সঙ্গে দেশটির বাকি অংশের সংযোগ রক্ষাকারী প্রধান পথ। এটি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে দক্ষিণ লেবাননের বিশাল অংশ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।
এনএনএ জানিয়েছে, হামলায় স্থানীয় বিদ্যুৎ নেটওয়ার্ক, ক্যাবল এবং আল-খরায়েবে বিদ্যুৎ সরবরাহের প্রধান লাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতকারী দল আগামীকাল সোমবার থেকে বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের কাজ শুরু করার পরিকল্পনা করছে।
অবকাঠামোতে হামলা ‘সামষ্টিক শাস্তি’
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, কাসমিয়া সেতুর মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ইসরায়েলের হামলা মূলত ‘সামষ্টিক শাস্তি ও আগ্রাসনের নীতি’। তিনি একে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন এবং লেবাননের গ্রামাঞ্চলের বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকা ধ্বংসের একটি পদ্ধতিগত পরিকল্পনা বলে হিসেবে উল্লেখ করেছেন।
লেবাননে নিহত বেড়ে ১ হাজার ২৯
লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন পরিসংখ্যান বলছে, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে এ পর্যন্ত ১ হাজার ২৯ জন নিহত হয়েছেন। একই সময়ে আরও ২ হাজার ৭৮৬ জন আহত হয়েছেন।
সূত্র: মিডল ইস্ট আই ও আল–জাজিরা
মার্কিন ট্রেজারি বন্ড কিনলে হামলার হুমকি ইরানের স্পিকারের
মার্কিন সামরিক বাজেটে অর্থায়নকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে অভিহিত করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা মার্কিন ট্রেজারি বন্ড কিনবে, তাদের ওপর হামলা চালানো হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ লিখেছেন, ‘মার্কিন ট্রেজারি বন্ড ইরানিদের রক্তে ভেজা। এই বন্ড কেনার অর্থ হলো আপনাদের সদর দপ্তর ও সম্পদের ওপর হামলার পথ প্রশস্ত করা।’
বিনিয়োগকারীদের সতর্ক করে তিনি আরও বলেন, ‘আমরা আপনাদের পোর্টফোলিও (বিনিয়োগের তালিকা) পর্যবেক্ষণ করছি। এটিই আপনাদের জন্য শেষ সতর্কতা।’
এর আগে তেহরান যদি পুনরায় হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে না দেয় তাহলে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ওই হুমকির জবাবে গালিবাফ ওই অঞ্চলের বিভিন্ন অবকাঠামো ও জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুমকি দেন।
সূত্র: আল–জাজিরা
ইসরায়েলে যুদ্ধে আহত ৪ হাজার ৬৯৭: স্বাস্থ্য মন্ত্রণালয়
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে মোট ৪ হাজার ৬৯৭ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মন্ত্রণালয় বলেছে, আহতদের মধ্যে ১২৪ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ১৪ জনের অবস্থা ‘গুরুতর’।
সূত্র: আল-জাজিরা
জ্বালানি ও খাদ্য সরবরাহ নিয়ে কোনো উদ্বেগ নেই: ইরানের ভাইস প্রেসিডেন্ট
ইরানের জ্বালানি ও খাদ্যের মজুদ ‘ভালো অবস্থায়’ রয়েছে বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ।
বার্তা সংস্থা ইসনার প্রকাশিত এক বিবৃতিতে আরেফ বলেন, ‘জ্বালানি, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিয়ে কোনো উদ্বেগ নেই।’ তিনি আরও জানান, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।
আরেফ বলেন, ‘পণ্য সরবরাহ ব্যবস্থা, ব্যাংকিং সেবা ও পেমেন্ট সিস্টেমগুলো কোনো বিঘ্ন ছাড়াই সচল রয়েছে এবং দেশে জীবনযাত্রা স্বাভাবিক আছে।’
সূত্র: আল–জাজিরা
হরমুজ প্রণালি নিয়ে হুমকিতে বিচলিত হবে না ইরান: আরাগচি
হরমুজ প্রণালি নিয়ে আবারও কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, এই জলপথটি এখন ‘বন্ধ নয়’।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উদ্দেশ্য করে আরাগচি বলেন, ‘ইরানের কারণে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে না; বরং আপনাদের শুরু করা যুদ্ধের আতঙ্কে বীমা কোম্পানিগুলো সরে দাঁড়াচ্ছে। তিনি আরও বলেন, ‘আর কোনো হুমকিতে কোনো বীমাকারী কিংবা কোনো ইরানি বিচলিত হবেন না।’
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে বিঘ্ন সৃষ্টি এবং ক্রমবর্ধমান বিপদের জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ী। সেই বিবৃতির পরই আরাগচির এই পোস্ট দিয়েছেন।
সূত্র: আল-জাজিরা
হরমুজ সংকট: ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর আলোচনা
হরমুজ প্রণালিতে চলমান সংকট নিরসনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা ক্যালাস। গত রোববার তাঁদের মধ্যে এই আলাপ হয় বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন ইইউর এক কর্মকর্তা।
আরাগচি ছাড়াও তুরস্ক, কাতার ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেছেন কালাস। ইইউর ওই কর্মকর্তা জানান, চলমান সংকট নিরসনে কূটনৈতিক পথ খোঁজার অংশ হিসেবেই এই দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছেন তিনি।
ফোনালাপে চলমান যুদ্ধ, জ্বালানি অবকাঠামোতে হামলা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি উঠে আসে। এর আগে গত বুধবারও আরাগচির সঙ্গে আলাপে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছিলেন কালাস।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইইউর ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, ‘বেসামরিক গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার নতুন যে হুমকি দেওয়া হচ্ছে, তা মধ্যপ্রাচ্যসহ অন্যান্য অঞ্চলের কোটি কোটি মানুষের জীবনে ভয়াবহ প্রভাব ফেলতে পারে।’
সূত্র: আল-জাজিরা
হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী
হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন।
এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বেসেন্ট বলেন, ‘হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো দুর্বল করতে সামরিক সক্ষমতা ব্যবহার করে একটি অভিযান শুরু হয়েছে। এসব স্থাপনা পুরোপুরি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত এই অভিযান চলবে।’
যুদ্ধের বিষয়ে সংবাদমাধ্যমের খবর প্রকাশের ধরনের সমালোচনা করেন বেসেন্ট। তাঁর মতে, মার্কিন কর্মকর্তারা আসলে কী করছেন, সে বিষয়ে মার্কিনিদের কাছে ‘সঠিক চিত্র’ তুলে ধরা হচ্ছে না।
এর আগে একই অনুষ্ঠানে ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি দাবি করেছিলেন, ট্রাম্প প্রশাসন ‘যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে’ এবং তারা ‘বাস্তবতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে’। মারফির এই মন্তব্যের কড়া জবাব দিয়ে বেসেন্ট বলেন, ‘সিনেটরের এই দাবি ভুল। আমরা ইরানের সক্ষমতা ধ্বংস করে দিয়েছি।’
সূত্র: আল–জাজিরা
লেবাননের কাসমিয়া সেতুতে ইসরায়েলি হামলা, ত্রাণ সরবরাহ হুমকির মুখে
লেবাননের কাসমিয়া সেতুতে ইসরায়েলি বিমান হামলার ফলে দেশটিতে মানবিক সহায়তা কার্যক্রম বড় ধরনের সংকটের মুখে পড়েছে। এই হামলার ফলে লেবাননের উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।
মানবিক দৃষ্টিকোণ থেকে এই হামলার প্রভাব লেবানন সরকারের জন্য অত্যন্ত ভয়াবহ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। লেবাননের উত্তর ও দক্ষিণ অংশের সংযোগকারী এই সেতুগুলো ধ্বংস হয়ে যাওয়ায় দুর্গত মানুষের কাছে ত্রাণ ও জরুরি সামগ্রী পৌঁছানো এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
বর্তমানে লিটানি নদীর দক্ষিণ অংশে বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক আটকা পড়ে আছেন। তাঁদের বেশিরভাগই বিভিন্ন স্কুল, হাসপাতাল ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। কিন্তু যাতায়াতের প্রধান পথগুলো ভেঙে পড়ায় তাঁদের কাছে পৌঁছানো লেবানন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সূত্র: আল–জাজিরা
আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ভারতীয় নাগরিক আহত
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক ভারতীয় নাগরিক সামান্য আহত হয়েছেন। আবুধাবি মিডিয়া অফিস এই তথ্য নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মিডিয়া অফিস জানিয়েছে, আবুধাবির আল শাওয়ামেখ এলাকায় এই ঘটনা ঘটে। আমিরাতের প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে আকাশেই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করে দিলেও এর খণ্ডিতাংশ নিচে পড়লে ওই ব্যক্তি আহত হন।
সূত্র: আল–জাজিরা
ইসরায়েলজুড়ে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, বিভিন্ন স্থানে সতর্কসংকেত
ইসরায়েলের বিভিন্ন এলাকায় ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। জেরুজালেম ও মধ্য ইসরায়েলসহ দক্ষিণ ইসরায়েলে একাধিক সতর্ক সংকেত জারি করা হয়েছে। এসব এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত হানার খবরে কর্তৃপক্ষ সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
ইসরায়েলের বিভিন্ন জায়গা থেকে আসছে বিস্ফোরণের খবর। ধারণা করা হচ্ছে, হামলায় ইরান ‘ক্লাস্টার’ বা গুচ্ছ-বোমা ব্যবহার করেছে। এগুলো থেকে ছোট ছোট বহু বোমা ছড়িয়ে পড়ে। ইসরায়েলের অন্তত আটটি স্থানে এই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা বিস্ফোরক পড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ক্ষয়ক্ষতির ভিডিও ছড়িয়ে পড়েছে।
এর আগে উত্তর ইসরায়েলের অনেক এলাকায় সতর্ক সাইরেন বাজানো হলেও পরে তা তুলে নেওয়া হয়। সেখানকার মানুষকে শেল্টার থেকে বেরিয়ে আসার অনুমতি দেওয়া হয়েছে।
গত রোববার থেকে ইসরায়েলে এই হামলার ধারা অব্যাহত রয়েছে। বিশেষ করে উত্তর ইসরায়েলে প্রায়ই সতর্ক সংকেত বাজানো হচ্ছে। কারণ এলাকাটি এখন কেবল ইরানের ক্ষেপণাস্ত্র হামলারই নয় বরং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহরও নিয়মিত লক্ষ্যবস্তু হয়ে উঠেছে।
সূত্র: আল–জাজিরা
হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বেড়ে গেছে তেলের দাম
ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম এবং ইসরায়েলের যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণার পর আজ সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, এই সময়ের মধ্যে প্রণালিটি খুলে না দিলে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। অন্যদিকে, ইসরায়েল সতর্ক করেছে যে এ যুদ্ধ আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে।
বার্তা সংস্থা এএফপি জানায়, গ্রিনিচ মান সময় গতকাল রোববার রাত ১০টায় বাজার খোলার পরপরই মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মে মাসের সরবরাহের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে যায়। এতে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে গেছে, যদিও পরে তা কিছুটা কমেছে।
একই সময়ে নর্থ সি ব্রেন্ট ক্রুড তেলের মে মাসের সরবরাহের দামও সমহারে বেড়ে প্রতি ব্যারেল ১১৩ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে। তবে লেনদেন শুরুর ৪৫ মিনিটের মাথায় তা কিছুটা কমে ১১১ ডলারের আশপাশে থিতু হয়।
গত ২৭ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর আগের দিন ডব্লিউটিআই ও ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল যথাক্রমে ব্যারেল প্রতি ৬৭ দশমিক ০২ এবং ৭২ দশমিক ৪৮ ডলার।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইরান যুদ্ধ: দেশের অর্থনীতির ঝুঁকি মোকাবিলায় জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন স্টারমার
ইরান যুদ্ধের কারণে ব্রিটিশ অর্থনীতির ওপর সম্ভাব্য নেতিবাচক প্রভাব মোকাবিলায় আজ সোমবার এক জরুরি বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বৈঠকে চ্যান্সেলর অব দ্য এক্সচেকার (অর্থমন্ত্রী) র্যাচেল রিভস এবং ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি উপস্থিত থাকবেন।
ইরান হুঁশিয়ারি দিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দেওয়ার অজুহাতে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলো ‘তছনছ’ করার হুমকি কার্যকর করেন, তবে তারা পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থায় আঘাত হানবে। এই উত্তেজনা শুরুর পর আর্থিক বাজারগুলো আরও একটি অস্থির সপ্তাহের মুখোমুখি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে বেশ উদ্বেগের সঙ্গে অবস্থা পর্যবেক্ষণ করছে যুক্তরাজ্য। আমদানি করা প্রাকৃতিক গ্যাসের ওপর অত্যধিক নির্ভরতা, টানা উচ্চ মূল্যস্ফীতি এবং সরকারি কোষাগারে টানাটানির কারণে আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশটির সরকারি বন্ডের দর অনেক দ্রুত কমছে।
ব্রিটিশ অর্থ মন্ত্রণালয় বলেছে, ‘কোবরা’ নামের এই জরুরি বৈঠকে যুক্তরাজ্যের সাধারণ পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর ইরান যুদ্ধের সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব, জ্বালানি নিরাপত্তা এবং শিল্প ও সরবরাহ ব্যবস্থার সক্ষমতার পাশাপাশি আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হবে।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এবং জ্বালানিমন্ত্রী এড মিলিব্যান্ডও অংশ নেবেন। র্যাচেল রিভস জানিয়েছেন, ব্রিটিশ অর্থনীতির ওপর এ যুদ্ধের প্রভাব এখনই নিশ্চিত করে বলা কঠিন। সাধারণ মানুষের জন্য বড় ধরনের কোনো ব্যয়-সাশ্রয়ী ব্যবস্থা নেওয়ার দাবি উঠলেও তিনি আপাতত তা নাকচ করে দিয়েছেন। তবে জানিয়েছেন, সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক কিছু সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইরানে একটি রাষ্ট্রীয় সম্প্রচারকেন্দ্রে হামলা, নিহত এক
ইরানের দক্ষিণাঞ্চলে একটি রাষ্ট্রীয় সম্প্রচারকেন্দ্রে হামলায় অন্তত একজন নিহত হয়েছেন বলে আজ সোমবার জানিয়েছে দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল।
বার্তা সংস্থা এএফপির বরাতে রাষ্ট্রীয় মালিকানাধীন ‘ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং’ জানিয়েছে, ‘আমেরিকান-জায়োনিস্ট সন্ত্রাসী বাহিনী ‘পার্সিয়ান গালফ রেডিও অ্যান্ড টেলিভিশন সেন্টার’–এর ১০০ কিলোওয়াটের একটি এএম ট্রান্সমিটারে হামলা চালিয়েছে।’
প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চালানো এ হামলায় ওই কেন্দ্রের একজন নিরাপত্তা কর্মী নিহত এবং আরেকজন আহত হয়েছেন।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ইরানজুড়ে প্রচণ্ড বিস্ফোরণ, আহভাজে হাসপাতাল আক্রান্ত
ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেহরানের মধ্যাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার শব্দের পাশাপাশি রাজধানীর পূর্ব ও পশ্চিমাঞ্চলে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত বিমান হামলার মুখে ইরানের আরও অনেক শহরেই বিস্ফোরণের ঘটনা ঘটছে।
বার্তা সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, বন্দর আব্বাসে একটি রেডিও স্টেশন লক্ষ্য করে চালানো হামলায় একজন নিহত হয়েছেন।
এছাড়া খোররামাবাদ ও উর্মিয়া শহরের দুটি আবাসিক এলাকায় হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। ইরানে চলমান হামলায় এ পর্যন্ত অন্তত ১ হাজার ৫০০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তবে হামলার তীব্রতা বিবেচনায় এ সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ইসফাহান, কারাজ ও আহভাজেও ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে একটি হাসপাতালও হামলার কবলে পড়েছে বলে খবর পাওয়া গেছে।
ইতিমধ্যে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এখন পর্যন্ত ৮০ হাজারের বেশি বেসামরিক স্থাপনা হামলার শিকার হয়েছে, যার মধ্যে বেশ কিছু ভবন মাটির সঙ্গে মিশে গেছে।
ক্ষতিগ্রস্ত এসব স্থাপনার তালিকায় রয়েছে হাসপাতাল, স্কুল, শিক্ষাপ্রতিষ্ঠান ও রেড ক্রিসেন্টের নিজস্ব কার্যালয়ও।
তথ্যসূত্র: আল–জাজিরা
লন্ডনে ইহুদিদের ৪ অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ
যুক্তরাজ্যের লন্ডনে ইহুদি সম্প্রদায়ের একটি জরুরি অ্যাম্বুলেন্স সেবার চারটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
লন্ডন পুলিশ জানিয়েছে, এ ঘটনাকে ইহুদিবিদ্বেষী ঘৃণ্য অপরাধ হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে তারা।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে যে আজ সোমবার (গতকাল দিবাগত রাত) রাত ১টা ৪৫ মিনিটে উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় আগুনের খবর পেয়ে তারা সেখানে পৌঁছায়।
লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, আগুন নেভাতে সেখানে ছয়টি অগ্নিনির্বাপক ইঞ্জিন এবং প্রায় ৪০ জন কর্মী পাঠানো হয়। আগুনে চারটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার ব্রিগেড আরও জানায়, অ্যাম্বুলেন্সগুলোতে থাকা বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাশের একটি ফ্ল্যাটের জানালার কাচ ভেঙে গেছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ সুপার সারাহ জ্যাকসন বলেন, পুলিশ ঘটনাস্থলে জরুরি অনুসন্ধান চালাচ্ছে। তিনি বলেন, ‘আমরা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছি এবং অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওগুলো সম্পর্কেও অবগত আছি।’
কর্তৃপক্ষ এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হামলাকারীদের শনাক্ত করতে স্থানীয় কমিউনিটির সহযোগিতা কামনা করেছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইরানের তাবরিজে আবাসিক এলাকা ও পার্কে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৬
ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক মজিদ ফারসি জানিয়েছেন, তাবরিজ শহরে দুটি প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে।
ফারস নিউজ এজেন্সিকে এই কর্মকর্তা বলেন, মারজদারান এলাকার একটি আবাসিক ভবনে হামলায় চারজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। এছাড়া রাবে রাশিদি এলাকার একটি পার্কে অন্য এক হামলায় দুজন নিহত হন।
তবে এ হামলার দাবির বিষয়টি স্বতন্ত্র কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। আবার যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি কর্মকর্তাদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তথ্যসূত্র: আল–জাজিরা
লেবাননে গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করল ইসরায়েল
লেবাননের সংবাদ সংস্থা ‘ন্যাশনাল নিউজ এজেন্সি’ (এনএনএ) জানিয়েছে, দক্ষিণ লেবাননের টায়ারের আল-শাহাবিয়া এলাকায় ইসরায়েলি বিমান হামলায় একজন বেসামরিক লোক নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলায় আরও চারজন মাঝারি ধরনের আহত হয়েছেন। এছাড়া একটি আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের অবকাঠামো লক্ষ্য করেও হামলা চালিয়েছে। এতে লিতানি নদীর ওপর অবস্থিত কাকাইয়া সেতুটি ধ্বংস হয়ে গেছে। এ গুরুত্বপূর্ণ সেতুটি একটি প্রধান মহাসড়কের অংশ ছিল, যা টায়ারের গ্রামগুলোর সঙ্গে উত্তরের অন্যান্য এলাকার সংযোগ রক্ষা করত।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই
সৌদি আরবে মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের একজন মুখপাত্র দাবি করেছেন, তাদের বাহিনী সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
আইআরজিসির দাবি, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে মার্কিন গোয়েন্দা বিমান মোতায়েন রয়েছে। সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। তারা এ ঘাঁটিকে মার্কিন সামরিক সরঞ্জাম মোতায়েন ও অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বর্ণনা করেছে।
তবে এসব দাবির সত্যতা স্বতন্ত্র কোনো উৎস থেকে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি কর্মকর্তাদের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প
আগামী পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন।
ইরানের এসব অবকাঠামোতে হামলা চালানোর নিজের আল্টিমেটাম শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এই ঘোষণা দিলেন ট্রাম্প।
বড় অক্ষরে ট্রাম্প পোস্টে লেখেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যে আমাদের শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড সম্পূর্ণ ও চূড়ান্ত সমাধানের বিষয়ে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।’
‘এই গভীর, বিস্তারিত ও গঠনমূলক আলোচনার মেজাজ ও সুর বিবেচনা করে আমি প্রতিরক্ষা বিভাগকে আগামী পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছি। এই আলোচনা সপ্তাহজুড়ে চলবে। তবে এটি (হামলা না করার সিদ্ধান্ত) চলমান বৈঠক ও আলোচনার সাফল্যের ওপর নির্ভর করছে। এই বিষয়টির দিকে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ!’
বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর পর থেকে প্রণালিটি তারা প্রায় বন্ধ করে দিয়েছে। ফলে যুদ্ধ শুরুর পর বিশ্ব বাজারে তেলের দাম কখনো কখনো ৫০ শতাংশের বেশি বেড়েছে।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে নানা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রণালিটি খুলে দিতে গত শনিবার তিনি ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন।
ট্রাম্প হুমকি দিয়েছিলেন, এই সময়ের মধ্যে প্রণালিটি উন্মুক্ত করা না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া হবে। এই সময়সীমা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় শেষ হতে চলছিল।
ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছিল, যুক্তরাষ্ট্র তাদের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালালে তারা নৌপথটি পুরোপুরি বন্ধ করে দেবে। অবকাঠামোগুলো মেরামত না করা পর্যন্ত তা বন্ধই থাকবে। তা ছাড়া পুরো অঞ্চলের জ্বালানি ও পানি অবকাঠামোতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। পাশাপাশি পারস্য উপসাগরে নৌ-মাইন মোতায়েনেরও হুমকি দিয়েছিল ইরান।
সূত্র: বিবিসি, আল-জাজিরা ও দ্য গার্ডিয়ান
‘পিছু হটলেন ট্রাম্প!’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিতের ঘোষণা নিয়ে ইরানের দিক থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে।
আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত ইরানি দূতাবাস ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় বলেছে, ইরানের ‘কঠোর সতর্কবার্তার’ কারণেই ট্রাম্প আক্রমণ থেকে বিরত থেকেছেন।
এদিকে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ একটি প্রতিবেদনের শিরোনাম করেছে, ‘পিছু হটলেন ট্রাম্প!’
সূত্র: আল-জাজিরা
ট্রাম্পের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি, তিনি পিছু হটেছেন, ইরানি সংবাদমাধ্যমের দাবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের সরাসরি কোনো যোগাযোগ হয়নি, এমনকি ‘কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমেও নয়’।
ইরানের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাতে দেশটির সংবাদ সংস্থা ফার্স নিউজ এই খবর জানিয়েছে।
সূত্রটি দাবি করেছে, ইরান তাদের পক্ষ থেকে বিদ্যুৎকেন্দ্রে পাল্টা হামলার হুঁশিয়ারি দেওয়ার পর ট্রাম্প ‘পিছু হটেছেন’। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে দাবি করলেও সূত্রটি এই ধরনের কোনো যোগাযোগের কথা সম্পূর্ণ অস্বীকার করেছে।
আল-জাজিরা এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। অন্যদিকে এ বিষয়ে মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা
ইরানে ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় তেলের দাম কমে ৯৬ ডলারে
ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিত করার বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ১৭ ডলার বা ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমে এসেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেল প্রতি ১৩ ডলার বা ১৩ দশমিক ৫ শতাংশ কমে ৮৫ দশমিক ২৮ ডলারে নেমে এসেছে।
বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর পর থেকে প্রণালিটি তারা প্রায় বন্ধ করে দিয়েছে। ফলে যুদ্ধ শুরুর পর বিশ্ব বাজারে তেলের দাম ব্যারেলে ১০০ ডলার ছাড়িয়েছে। কখনো কখনো তা যুদ্ধের আগের তুলনায় ৫০ শতাংশের বেশি বেড়েছে।
সূত্র: আল-জাজিরা
সংলাপ প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রকে দায় স্বীকারের আহ্বান ইরানের
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বর্তমানে কোনো ধরনের সংলাপ চলছে না বলে জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির বরাতে দেশটির আধা-সরকারি মেহর নিউজ এ খবর জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের মূল উদ্দেশ্য বিশ্ববাজারে জ্বালানির দাম কমানো এবং তাঁর সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় ক্ষেপণের কৌশল।
পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে যোগ করেছে, উত্তেজনা কমাতে আঞ্চলিক দেশগুলোর পক্ষ থেকে কিছু ‘উদ্যোগ’ নেওয়া হয়েছে। তবে দেশগুলোর উচিত নিজেদের উদ্বেগ নিয়ে সরাসরি ওয়াশিংটনের সঙ্গে কথা। কারণ তারাই ‘এই যুদ্ধের সূচনাকারী’।
সূত্র: আল-জাজিরা
ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে হামলা নিয়ে আইএইএ ও রাশিয়ার আলোচনা
ইরানের ‘বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে সাম্প্রতিক সামরিক তৎপরতা–সংক্রান্ত উদ্বেগজনক প্রতিবেদন’ নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি ও রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা ‘রোসাটমের প্রধান আলেক্সি লিখাচেভ আলোচনা করেছেন। আজ সোমবার তাঁদের মধ্যে ফোনে কথা হয়।
ইরানের একমাত্র এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ১-গিগাওয়াট ইউনিটটি নির্মাণ করেছে রোসাটম। রাশিয়ার সংস্থাটি বর্তমানে সেখানে আরও ইউনিট নির্মাণের কাজ করছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে আইএইএ জানায়, ‘পারমাণবিক নিরাপত্তা ও সুরক্ষার সাতটি অপরিহার্য স্তম্ভ অনুযায়ী মহাপরিচালক গ্রোসি স্মরণ করিয়ে দিয়েছেন, কোনো সামরিক পদক্ষেপ যেন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভৌত অখণ্ডতা এবং এর কর্মীদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে না ফেলে। কর্মীদের অবশ্যই নিরাপদ পরিবেশে তাঁদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে।’
সূত্র: আল–জাজিরা
ভারতের পথে হরমুজ পাড়ি দিচ্ছে গ্যাসের ট্যাংকার, আটকে আছে অধিকাংশ জাহাজ
পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বর্তমানে জাহাজ চলাচল প্রায় বন্ধ থাকলেও ভারতের পতাকাবাহী দুটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ট্যাংকার পথটি পাড়ি দিয়েছে।
শিপ-ট্র্যাকিং তথ্য ও সংশ্লিষ্ট সূত্র থেকে এ খবর জানা গেছে।
মেরিন-ট্রাফিক প্ল্যাটফর্মের আজ সোমবারের তথ্য অনুযায়ী, ‘পাইন গ্যাস’ নামের একটি ট্যাংকার প্রথমে প্রণালিটি অতিক্রম করে। এর ঠিক পেছনেই ছিল ‘জগ বসন্ত’ নামের আরেকটি জাহাজ।
লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের শিপ-ট্র্যাকিং তথ্যমতে, ‘পাইন গ্যাস’ জাহাজটি থেকে ‘ভারতীয় জাহাজ ও ক্রু’— এই বার্তাটি প্রচার করা হচ্ছিল।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর থেকে হরমুজ প্রণালি প্রায় বন্ধ করে দিয়েছে ইরান। যুদ্ধ শুরুর থেকে তেহরানের অনুমতি নিয়ে ভারত, তুরস্ক, পাকিস্তানসহ আরও কয়েকটি দেশের জাহাজ ও ট্যাংকার প্রণালিটি পাড়ি দিয়েছে বলে জানা গেছে।
উদ্ভূত পরিস্থিতেতে পারস্য উপসাগরে বর্তমানে শত শত জাহাজ আটকা পড়ে আছে। হাজার হাজার নাবিক সেখানে আটকা পড়ে মানবেতর জীবন যাপন করছেন।
সূত্র: আল-জাজিরা
যুক্তরাষ্ট্র-ইরানের ‘ফলপ্রসূ আলোচনাকে’ স্বাগত জানাল যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্র ও ইরানে মধ্যে ফলপ্রসূ আলোচনাকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য। কারণ লন্ডন চায়, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমে আসুক এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হোক।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের একজন মুখপাত্র আজ সোমবার এ খবর জানান।
এর আগে আজ ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, তেহরানের সঙ্গে ‘অত্যন্ত ফলপ্রসূ’ আলোচনার পর তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিতের নির্দেশ দিয়েছেন।
কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের এমন কোনো আলোচনা হয়নি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমাতে ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন। এটি তাঁর হামলার জন্য সময়ক্ষেপণেরও একটি কৌশল।
এটিকে স্টারমারের মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘আমরা সব সময় বলে এসেছি, যুদ্ধের দ্রুত সমাধান হওয়া বিশ্ব স্বার্থে জরুরি। বিশেষ করে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হওয়া প্রয়োজন।’
সূত্র: রয়টার্স
তুরস্ক, মিসর ও পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদান করছে
তুরস্ক, মিসর ও পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে পৃথকভাবে আলোচনা করেছেন।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওসের একজন সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই দাবি করেন।
ওই সাংবাদিক আরও জানান, গত দুই দিন ধরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টায় তুরস্ক, মিসর ও পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে বার্তা আদান-প্রদান করে আসছে।
সূত্র: রয়টার্স
ইরানের সঙ্গে ‘প্রধান প্রধান বিষয়ে ঐকমত্য’ হয়েছে, দাবি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় আজ সোমবার মিসিসিপি অঙ্গরাজ্যের মেমফিসের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ফ্লোরিডার একটি বিমানবন্দরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ট্রাম্প জানান, রোববার হওয়া আলোচনা সোমবারও অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘আমাদের মধ্যে বেশ জোরালো আলোচনা হয়েছে। দেখা যাক এগুলো কোন দিকে নিয়ে যায়। আমি বলব, আমাদের মধ্যে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের ক্ষেত্র তৈরি হয়েছে। এমনকি প্রায় সব বিষয়ে আমরা একমত হতে পেরেছি।’
ট্রাম্প যোগ করেন, ‘তারা (ইরান) একটি চুক্তি করতে খুব আগ্রহী। আমরাও একটি চুক্তি করতে চাই। আজ সম্ভবত ফোনের মাধ্যমে আমাদের কথা হবে।’
ট্রাম্প জানান, তাঁর মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনার এই আলোচনা চালাচ্ছেন।
ইরানের ঠিক কার সঙ্গে কথা হচ্ছে, তাঁর নাম উল্লেখ না করলেও ট্রাম্প জানান, এই আলোচনায় ইরানের একজন ‘শীর্ষ পর্যায়ের সম্মানিত নেতা’ অন্তর্ভুক্ত ছিলেন।
তবে ট্রাম্প জানান, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির পক্ষ থেকে যুক্তরাষ্ট্র এখনো কিছু জানতে পারেনি। খামেনি বেঁচে আছেন কি না, তা তিনি নিশ্চিত নন।
ট্রাম্প যোগ করেন, তিনি মোজতবা খামেনির মৃত্যু কামনা করেন না।
সূত্র: রয়টার্স
দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলার দাবি হিজবুল্লাহর
দক্ষিণ লেবাননের সীমান্ত শহর মারকাবার কাছে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে কামান থেকে গোলা ছোড়ার দাবি করেছে হিজবুল্লাহ।
হিজবুল্লাহর এ দাবির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
দক্ষিণ লেবাননে ইউনিফিলের কার্যালয়ে হামলা
দক্ষিণ লেবাননের নাকুরায় অবস্থিত ইউনিফিলের সদর দপ্তরের ভেতরে একটি কামানের গোলা আঘাত হেনেছে।
জাতিসংঘ শান্তি রক্ষা মিশন (ইউনিফিল) জানিয়েছে, ‘একটি সশস্ত্র গোষ্ঠীর ছোড়া একটি প্রক্ষিপ্ত বস্তু (প্রজেক্টাইল) তাদের সদর দপ্তরে আঘাত করেছে।’
তথ্যসূত্র : আল–জাজিরা
ইরানের লোরেস্তান প্রদেশে এ পর্যন্ত অন্তত ১৫৭ জন নিহত
ইরানের লোরেস্তান প্রদেশে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ১৫৭ জন নিহত এবং ২ হাজার ৬৬৭ জন আহত হয়েছেন।
প্রদেশটির ডেপুটি গভর্নর আজ সোমবার এ তথ্য জানিয়েছেন।
তথ্যসূত্র: আল-জাজিরা
যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করবে: ট্রাম্প
ইরানের সঙ্গে যদি চুক্তি হয়, তাহলে তখন হরমুজ প্রণালি কে নিয়ন্ত্রণ করবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটি যৌথভাবে নিয়ন্ত্রণ করা হবে।
তখন সাংবাদিকেরা প্রশ্ন করেন ‘কারা এটা’ নিয়ন্ত্রণ করবে? তখন ট্রাম্প বলেন, ‘হয়তো আমি। হয়তো আমি। আমি ও আয়াতুল্লাহ...পরবর্তী আয়াতুল্লাহ যিনিই হোন না কেন।’
স্থানীয় সময় আজ সোমবার মিসিসিপি অঙ্গরাজ্যের মেমফিসের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ফ্লোরিডার একটি বিমানবন্দরে ট্রাম্প সাংবাদিকদের এ কথা বলেন।
ট্রাম্প জানান, তিনি মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে গণ্য করেন না।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর তাঁর ছেলে মোজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়।
ট্রাম্প দাবি করেন, ‘সেখানে (ইরানে) স্বয়ংক্রিয়ভাবে একটি শাসনব্যবস্থার পরিবর্তন ঘটেছে।... তবে আমরা এমন কিছু মানুষের সঙ্গে আলোচনা করছি, যাদের আমি অত্যন্ত যুক্তিবাদী ও দৃঢ় বলে মনে করি। (ইরানের) ভেতরের মানুষেরা জানে, তাঁরা কারা। তাঁরা অত্যন্ত সম্মানিত ব্যক্তি। হয়তো তাঁদের মধ্যে একজন ঠিক তেমনটিই হবেন, যেমনটি আমরা খুঁজছি।’
তথ্যসূত্র: রয়টার্স
ইরান চুক্তি না করলে আমরা ‘বোমাবর্ষণ চালিয়ে’ যাব, ট্রাম্পের হুঁশিয়ারি
ইরান চুক্তিতে রাজি না হলে দেশটিতে বোমা বর্ষণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় আজ সোমবার মিসিসিপি অঙ্গরাজ্যের মেমফিসের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ফ্লোরিডার একটি বিমানবন্দরে ট্রাম্প সাংবাদিকদের এ কথা বলেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া আলোচনার প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘গতকাল আলোচনা হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত এই আলোচনা চলেছে।’
ট্রাম্প জানান, ইরান চুক্তি করতে খুবই আগ্রহী। যুক্তরাষ্ট্রও চুক্তি করতে ইচ্ছুক।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আজ সম্ভবত ফোনে আমাদের মধ্যে কথা হবে... তবে আমরা খুব শিগগির কোনো এক সময়ে সরাসরি সাক্ষাৎ করব।’
এরপর ট্রাম্প বলেন, ‘আমরা পাঁচ দিনের একটি সময়সীমা দিচ্ছি। দেখা যাক কী হয়। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তবে আমরা এই সমস্যার সমাধান করে ফেলব। অন্যথায়, আমাদের মন যা চায় সে অনুযায়ী আমরা বোমাবর্ষণ চালিয়ে যাব।’
তথ্যসূত্র: রয়টার্স
যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার বিষয়ে জানত যুক্তরাজ্য: কিয়ার স্টারমার
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার বিষয়ে যুক্তরাজ্য অবগত ছিল বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, উত্তেজনা প্রশমন এবং এই সংঘাতের ‘যত দ্রুত সম্ভব’ শেষ দেখতে চায় যুক্তরাজ্য।
স্থানীয় সময় সোমবার পার্লামেন্টে এমপিদের একটি কমিটিতে বক্তৃতায় স্টারমার এ কথা বলেন।
স্টারমার বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার খবরকে আমি স্বাগত জানাই।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী যোগ করেন, ‘একটি সমঝোতামূলক চুক্তি হলে’ তাতে ইরানের ওপর ‘কঠোর শর্ত আরোপ করা উচিত। বিশেষ করে পারমাণবিক অস্ত্রের বিষয়ে।’
তথ্যসূত্র: বিবিসি
ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরায়েলের
ইরানে নতুন দফায় দেশটির বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এ দাবি করে।
বিবৃতিতে বলা হয়েছে, তারা ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আকাশ প্রতিরক্ষা ও স্থলবাহিনীর সদর দপ্তর, একটি কুদস ফোর্স ঘাঁটি ও গোয়েন্দা কেন্দ্র, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ক্ষেপণাস্ত্র তৈরির কেন্দ্র এবং অন্যান্য উৎপাদন ও গবেষণা স্থাপনায় হামলা চালিয়েছে।
আল-জাজিরা ইসরায়েলের এসব তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
সূত্র: আল-জাজিরা
ইরানের বিদ্যুৎকেন্দ্রে ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইইউ
ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিতের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস।
কালাস বলেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে অবকাঠামোতে হামলা অঞ্চলটিতে আরও বিশৃঙ্খলা সৃষ্টি করছিল এবং যুদ্ধকে আরও উসকে দিচ্ছিল।
তথ্যসূত্র: আল-জাজিরা
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের আলোচনার অনুরোধ নিয়ে কিছু বন্ধু দেশের কাছ থেকে বার্তা পাওয়া গেছে: ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি একই দাবি করে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে গালিবাফ লিখেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আর্থিক ও তেলের বাজার নিয়ন্ত্রণ করতে এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যে চোরাবালিতে আটকে গেছে, তা থেকে বাঁচতে মিথ্যা খবর ব্যবহার করা হচ্ছে।’
দ্বিতীয় একটি পোস্টে গালিবাফ লিখেন, ইরান ‘আগ্রাসনকারীদের পূর্ণাঙ্গ ও অনুশোচনামূলক শাস্তি’ দাবি করে। এই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইরানের কর্মকর্তারা ‘দৃঢ়ভাবে তাঁদের সর্বোচ্চ নেতা ও জনগণের পাশে রয়েছেন।’
গালিবাফের পোস্টের আগে এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবরটি অস্বীকার করেন। তিনি জানান, হরমুজ প্রণালি এবং যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে তেহরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
বাগাইয়ের বরাতে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানায়, ‘যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের আলোচনার অনুরোধ নিয়ে কিছু বন্ধু দেশের কাছ থেকে বার্তা পাওয়া গেছে।’
বাগাই আরও জানান, এর জবাবে ইরান ‘তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে যেকোনো হামলার ভয়াবহ পরিণতি’ সম্পর্কে সতর্কবার্তা দিয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্থানীয় সময় আজ সোমবার দাবি করেন, ইরানের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কথা হয়েছে। ইরানই প্রথমে আলোচনার জন্য যোগাযোগ করেছিল।
ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টের পর সাংবাদিকেরও একই কথা বলেন।
ফ্লোরিডার একটি বিমানবন্দরে আজ ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে।
ট্রাম্প জানান, রোববার হওয়া আলোচনা সোমবারও অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘আমাদের মধ্যে বেশ জোরালো আলোচনা হয়েছে। দেখা যাক এগুলো কোন দিকে নিয়ে যায়। আমি বলব, আমাদের মধ্যে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের ক্ষেত্র তৈরি হয়েছে। এমনকি প্রায় সব বিষয়ে আমরা একমত হতে পেরেছি।’
ট্রাম্প যোগ করেন, ‘তারা (ইরান) একটি চুক্তি করতে খুব আগ্রহী। আমরাও একটি চুক্তি করতে চাই। আজ সম্ভবত ফোনের মাধ্যমে আমাদের কথা হবে।’
ট্রাম্প জানান, তাঁর মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনার এই আলোচনা চালাচ্ছেন।
ইরানের ঠিক কার সঙ্গে কথা হচ্ছে, তাঁর নাম উল্লেখ না করলেও ট্রাম্প জানান, এই আলোচনায় ইরানের একজন ‘শীর্ষ পর্যায়ের সম্মানিত নেতা’ অন্তর্ভুক্ত ছিলেন।
তবে ট্রাম্প জানান, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির পক্ষ থেকে যুক্তরাষ্ট্র এখনো কিছু জানতে পারেনি। খামেনি বেঁচে আছেন কি না, তা তিনি নিশ্চিত নন।
ট্রাম্প যোগ করেন, তিনি মোজতবা খামেনির মৃত্যু কামনা করেন না।
ইরান চুক্তিতে রাজি না হলে দেশটিতে বোমা বর্ষণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তথ্যসূত্র: আল-জাজিরা
ইরানের উর্মিয়া শহরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় পাঁচজন নিহত
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের উর্মিয়া শহরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এ খবর জানিয়েছে।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোরে ‘যুক্তরাষ্ট্র-জায়নাবাদী’ যুদ্ধবিমান উর্মিয়া শহরের আবাসিক এলাকায় হামলা চালায়।
তাসনিম নিউজের প্রতিবেদনে ধ্বংসস্তূপ এবং ধ্বংস হয়ে যাওয়া ঘর-বাড়ির অভ্যন্তরীণ দৃশ্যের কিছু ভিডিও প্রকাশ করা হয়েছে।
তবে আল-জাজিরা তাৎক্ষণিকভাবে ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।
তথ্যসূত্র: আল-জাজিরা
ইসরায়েলকে ‘ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের লাইসেন্স দেওয়া হয়েছে’: ফ্রানচেসকা আলবানিজ
ইসরায়েলকে ‘কার্যত ফিলিস্তিনিদের ওপর নির্যাতন করার লাইসেন্স দেওয়া হয়েছে’ বলে অভিযোগ করেছেন ফ্রানচেসকা আলবানিজ। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নিয়োজিত জাতিসংঘের বিশেষ এই প্রতিনিধি সোমবার জেনেভায় মানবাধিকার পরিষদে একটি নতুন প্রতিবেদন পেশ করার সময় এই অভিযোগ করেন।
আলবানিজ বলেন, এই প্রতিবেদনে ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান জাতিগত হত্যার’ নথিভুক্ত করা হয়েছে।
আলবানিজ জানান, প্রতিবেদনে তিনি ইসরায়েল ‘ব্যাপক ও পদ্ধতিগত নির্যাতন এবং ফিলিস্তিনিদের জন্য কীভাবের যন্ত্রণাদায়ক পরিবেশ তৈরি করা’ হয়েছে, সেটার বিস্তারিত বর্ণনা দিয়েছেন।
ফিলিস্তিনিদের নির্যাতনে বিভিন্ন দেশের সরকার ইসরায়েলকে প্ররোচনা দিচ্ছে বলে অভিযোগ করেন আলবানিজ। তিনি বলেন ইসরায়েলকে ‘কার্যত ফিলিস্তিনিদের ওপর নির্যাতন করার লাইসেন্স দেওয়া হয়েছে। কারণ অধিকাংশ দেশের সরকার ও তাদের মন্ত্রীরা এর অনুমতি দিয়েছেন।’
আলবানিজের নতুন প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জানুয়ারি মাসের মধ্যে ইসরায়েলি বাহিনী শিশুসহ সাড়ে ১৮ হাজারের বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। এই সময়ে অন্তত ১০০ জন ইসরায়েলের হেফাজতে মারা গেছেন এবং প্রায় ৪ হাজার জন ‘জোরপূর্বক নিখোঁজ’ হয়েছেন।
হাজার হাজার ফিলিস্তিনিকে কোনো অভিযোগ ছাড়াই আটক করে অমানবিক পরিস্থিতিতে রাখা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে প্রতিবেদনটি।
তথ্যসূত্র: আল-জাজিরা
অবিলম্বে ‘সংঘাত বন্ধের’ আহ্বান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মধ্যপ্রাচ্যে অবিলম্বে ‘সংঘাত বন্ধের’ আহ্বান জানিয়েছেন। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনালাপে তিনি এ আহ্বান জানান। পরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তা জানায়।
বিবৃতিতে বলা হয়, লাভরভ ‘অবিলম্বে সংঘাত বন্ধ করা এবং একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের দিকে অগ্রসর হওয়ার জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।’
ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন লাভরভ।
এর আগে আজ ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভও ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলাকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে নিন্দা জানিয়েছিলেন।
এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সংঘাত ক্যাস্পিয়ান সাগর পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী।
তথ্যসূত্র: আল-জাজিরা
ইরান বিষয়ক আলোচনা নিয়ে ভ্যান্স ও নেতানিয়াহুর ফোনালাপ: অ্যাক্সিওস
তেহরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফোনে কথা বলেছেন। এ বিষয়ে জানাশোনা আছে এমন একটি সূত্রের বরাতে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস এই দাবি করেছে।
অ্যাক্সিওস জানায়, ভ্যান্স ও নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি সম্ভাব্য চুক্তির বিভিন্ন শর্ত নিয়েও আলোচনা করেছেন।
তথ্যসূত্র: রয়টার্স
জ্বালানি নিরাপত্তা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের আলোচনা
জ্বালানি নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ‘বিস্তারিত’ ফোনালাপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জয়শঙ্কর জানান, তাঁদের আলোচনায় মূলত পশ্চিম এশিয়া (মধ্যপ্রাচ্য) সংঘাত এবং বিশ্ব অর্থনীতিতে এর প্রভাবের বিষয়টি গুরুত্ব পেয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ফোনালাপে তাঁরা বিশেষ করে জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত নানা উদ্বেগ নিয়ে কথা বলেছেন।
এদিকে জাহাজ চলাচলের তথ্য পর্যালোচনাকারী সংস্থা ‘মেরিন ট্র্যাফিক’-এর আজ দেওয়া তথ্য অনুযায়ী, গুরুত্বপূর্ণ এই নৌপথে ইরানের হুঁশিয়ারি এবং জাহাজ লক্ষ্য করে হামলার হুমকির মধ্যেই ভারতের পতাকাবাহী দুটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) ট্যাঙ্কার হরমুজ প্রণালি অতিক্রম করেছে।
তথ্যসূত্র: আল-জাজিরা
বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলা
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এনএনএ) জানিয়েছে, প্রাথমিক হামলার পরও ইসরায়েলি বিমানগুলো শহরের আকাশে অবস্থান করছে এবং বেশ নিচ দিয়ে চক্কর দিচ্ছে (লো-অল্টিটিউড ওভারফ্লাইট)।
আল-জাজিরা আরবির সংবাদদাতা জানিয়েছেন, হামলার আগে ইসরায়েলি বাহিনী দক্ষিণ শহরতলির আটটি এলাকার বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুঁশিয়ারি দিয়েছিল। মূলত ওই এলাকাগুলো খালি করার হুমকি দেওয়ার পরপরই এই বিমান হামলা শুরু হয়।
তথ্যসূত্র: আল-জাজিরা
ইরানে ৯ হাজারের বেশি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র: মার্কিন সামরিক বাহিনী
গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরানের ৯ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এই সময়ের মধ্যে ইরানের অন্তত ১৪০টি নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সংঘাত নিরসনে ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেও সেন্টকম জানিয়েছে যে ইরানে তাদের হামলা এখনো অব্যাহত আছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানিয়েছে, ‘মার্কিন বাহিনী অত্যন্ত নিখুঁত নিশানার সমরাস্ত্র (প্রিসিশন মিউনিশন) ব্যবহার করে ইরানের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে আক্রমণাত্মক হামলা চালিয়ে যাচ্ছে।’
তথ্যসূত্র: আল–জাজিরা
নিরাপত্তা নিশ্চিতে ‘সব ধরনের সক্ষমতা’ ব্যবহার করবে ইরান: সশস্ত্র বাহিনীর মুখপাত্র
নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সক্ষমতা ব্যবহারের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর ‘খাতাম আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি এ কথা জানিয়েছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে জোলফাগারি জোর দিয়ে বলেন, `ইরান বুদ্ধিমত্তা ও শক্তির মাধ্যমে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে।’ এই অঞ্চলে বহিরাগত কোনো দেশের হস্তক্ষেপ করার অধিকার নেই বলেও তিনি হুঁশিয়ারি দেন।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজের বরাতে তিনি আরও জানান, ইরাকের এরবিলে ‘ব্যাপক হামলা’ চালিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ ছাড়া ইরানি বাহিনী সংযুক্ত আরব আমিরাতের আল-ধফরা বিমানঘাঁটি ও সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরকেও (ফিফথ ফ্লিট) লক্ষ্যবস্তু করেছে।
ইসরায়েলের তেল আবিব, হাইফা, আশকেলন শহর ও গুশ দান এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার দাবিও করেছেন এই মুখপাত্র।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণকে ‘প্রতারণামূলক’ আখ্যা দিয়ে আইআরজিসি জানায়, এসব করে ইরানকে যুদ্ধক্ষেত্র থেকে বিচ্যুত করা যাবে না। শত্রুপক্ষের ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ এখন ইরানের কাছে পরিষ্কার হয়ে গেছে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পিছু হটতে বাধ্য হবে বলে মন্তব্য করেন তিনি।
তথ্যসূত্র: আল–জাজিরা
বাগদাদের দক্ষিণে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে বিমান হামলা, আহত ৪
ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে বাবিল প্রদেশের জুরফ আল-সাখর শহরে একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়েছে।
ঘাঁটিটি ইরাকের সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) ব্যবহার করে আসছিল। পুলিশ ও চিকিৎসাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। মূলত ওই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রুখতেই এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তার পর জেরুজালেমে বিকট বিস্ফোরণের শব্দ
জেরুজালেম শহরে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া গেছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি শনাক্তের কয়েক মিনিটের মাথায় তাদের সংবাদকর্মীরা এই বিকট শব্দ শুনতে পান। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই ‘হুমকি প্রতিহতের চেষ্টা’ করছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
যুক্তরাষ্ট্রে তেলের দাম ৭৫ শতাংশ বৃদ্ধির জন্য ট্রাম্প দায়ী: সিনেটর চাক শুমার
এক মাসেরও কম সময়ে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম প্রায় ৭৫ শতাংশ বেড়ে যাওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি দায়ী করেছেন মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে শুমার বলেন, ‘এক মাস আগেও দেশটিতে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় দাম ছিল ২ দশমিক ৯৩ ডলার। আজ তা বেড়ে ৩ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে। এই পরিস্থিতির জন্য কেবল একজন মানুষই দায়ী, আর তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প।’
ডেমোক্রেটিক দলের এই জ্যেষ্ঠ নেতা শুরু থেকেই ইরানে হামলার বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তের বিপক্ষে ছিলেন। তিনি অবিলম্বে এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন।
এর আগের এক পোস্টে শুমার উল্লেখ করেন যে, এই অনর্থক যুদ্ধ পরিচালনা করতে গিয়ে রাষ্ট্রের হাজার হাজার কোটি ডলার ‘অপচয়’ করা হচ্ছে। মূলত মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযানের প্রভাবেই বিশ্ববাজারে তেলের দামের এই অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তথ্যসূত্র: আল–জাজিরা
ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে কুয়েতের সেনাবাহিনী
কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘শত্রুভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ প্রতিহত করছে। আজ সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে সেনাবাহিনী জানায়, বিস্ফোরণের যে শব্দ শোনা যাচ্ছে, তা মূলত মাঝআকাশে হামলা প্রতিহতের ফলাফল। এ সময় তারা দেশবাসীকে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানায়।
এদিকে কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র ফাতিমা হায়াত জানিয়েছেন, ইরানের হামলার মধ্যে আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের কারণে বেশ কিছু বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দেশটির কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানিয়েছে, কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও তা পুনরায় সচল করার কাজ চলছে। মূলত আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের কারণেই সঞ্চালন লাইনের এই ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরানের সঙ্গে ঐকমত্যের দাবি ট্রাম্পের, ‘বাঁচার জন্য মিথ্যা’ কথা, বলল তেহরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা ও ঐকমত্য হওয়ার কথা অস্বীকার করেছে ইরান। এমন খবরকে ‘মিথ্যা কথা’ বলে উল্লেখ করেছে দেশটি।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এমন মন্তব্য করেছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে একই দাবি করে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার দাবি করেন, ইরানের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কথা হয়েছে। ইরানই প্রথমে আলোচনার জন্য যোগাযোগ করেছিল।
এ বিষয়ে ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দেওয়ার পর সাংবাদিকদের কাছেও একই দাবি করেন।
ফ্লোরিডার একটি বিমানবন্দরে গতকাল ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরাল আলোচনা হয়েছে এবং দুপক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে। রোববার হওয়া আলোচনা সোমবারও (গতকাল) অব্যাহত থাকবে।
ট্রাম্প বলেন, ‘দেখা যাক, এগুলো (জোরাল আলোচনা) কোন দিকে নিয়ে যায়। আমি বলব, আমাদের মধ্যে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের ক্ষেত্র তৈরি হয়েছে। এমনকি প্রায় সব বিষয়ে আমরা একমত হতে পেরেছি।’
ট্রাম্প আরও বলেন, ‘তারা (ইরান) একটি চুক্তি করতে খুব আগ্রহী। আমরাও একটি চুক্তি করতে চাই। আজ (সোমবার) সম্ভবত ফোনের মাধ্যমে আমাদের কথা হবে।’
ট্রাম্পের দাবি, তাঁর মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার এ আলোচনা চালাচ্ছেন।
ইরানের ঠিক কার সঙ্গে কথা হচ্ছে, তাঁর নাম উল্লেখ না করলেও ট্রাম্প বলেন, এই আলোচনায় ইরানের একজন ‘শীর্ষ পর্যায়ের সম্মানিত নেতা’ অন্তর্ভুক্ত ছিলেন।
তবে ট্রাম্প জানান, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির পক্ষ থেকে যুক্তরাষ্ট্র এখনো কিছু জানতে পারেনি। মোজতবা বেঁচে আছেন কি না, তা তিনি নিশ্চিত নন। তিনি মোজতবা খামেনির মৃত্যু কামনা করেন না বলেও মন্তব্য করেন ট্রাম্প।
ইরান চুক্তিতে রাজি না হলে দেশটিতে বোমাবর্ষণ চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরানের অস্বীকার
ট্রাম্পের এসব দাবির পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে গালিবাফ লেখেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আর্থিক ও তেলের বাজার নিয়ন্ত্রণ করতে এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যে চোরাবালিতে আটকে গেছে, তা থেকে বাঁচতে মিথ্যা খবর ব্যবহার করা হচ্ছে।’
দ্বিতীয় একটি পোস্টে গালিবাফ লেখেন, ইরান ‘আগ্রাসনকারীদের পূর্ণাঙ্গ ও অনুশোচনামূলক শাস্তি’ দাবি করে। এ লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইরানের কর্মকর্তারা ‘দৃঢ়ভাবে তাঁদের সর্বোচ্চ নেতা ও জনগণের পাশে রয়েছেন।’
গালিবাফের পোস্টের আগে এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবরটি অস্বীকার করেন। তিনি জানান, হরমুজ প্রণালি এবং যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে তেহরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
বাগাইয়ের বরাতে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানায়, যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের আলোচনার অনুরোধ নিয়ে কিছু বন্ধু দেশের কাছ থেকে বার্তা পাওয়া গেছে।
বাগাই আরও জানান, এর জবাবে ইরান ‘তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে যেকোনো হামলার ভয়াবহ পরিণতি’ সম্পর্কে সতর্কবার্তা দিয়েছে।
তথ্যসূত্র: আল-জাজিরা
ফেরত গেল বৃহত্তম মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ড
মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন অভিযানে অংশ নেওয়া বিশ্বের বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ গতকাল সোমবার গ্রিসের ক্রিট দ্বীপের একটি নৌঘাঁটিতে ফিরেছে।
রণতরিটি গত ফেব্রুয়ারি মাসে সৌদা বে থেকে খাবার, জ্বালানি ও গোলাবারুদ সংগ্রহ করেছিল। তবে ১২ মার্চ জাহাজটির একটি লন্ড্রি রুমে অগ্নিকাণ্ডে ক্রু দলের দুই সদস্য আহত হন।
গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের বিমান অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই অভিযানে ‘ফোর্ড’ ছাড়াও ‘আব্রাহাম লিংকন’ নামে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরি অংশ নেয়।
কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে গঠিত ‘এয়ার উইং’ সমৃদ্ধ দুই রণতরিই ইরান অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলে এখন ফোর্ডকে সরিয়ে নেওয়ায় ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিতে একটি বড় ধরনের শূন্যতা তৈরি হবে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, গত ১২ মার্চ রণতরিটির লন্ড্রি রুমে লাগা আগুনে দুজন নাবিক আহত হওয়ার পাশাপাশি জাহাজের অন্তত ১০০টি শয্যা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুধু আগুনই নয়, মাঝসমুদ্রে রণতরিটির টয়লেট নিয়ে বড় ধরনের জটিলতা দেখা দিয়েছিল বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, টয়লেটে জট লেগে যাওয়ায় নৌবাহিনীর কর্মীদের এটি ব্যবহারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে।
এ ছাড়া আরও নানা কারণেই এ রণতরিতে থাকা মার্কিন নৌসেনাদের মনোবলেও বড় ধস নেমেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়।
তথ্যসূত্র: এএফপি
ইরানে মার্কিন পদক্ষেপ ‘পরিকল্পনাহীন’, ‘এলোমেলো’: ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টন
ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানকে ‘পরিকল্পনাহীন’ ও ‘এলোমেলো’ বলে বর্ণনা করেছেন সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।
বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে এক বছরের কিছু বেশি সময় এ পদে দায়িত্ব পালন করা বোল্টন ইরানে হামলাকে ‘সুচিন্তিত নয়’ বলেও মন্তব্য করেছেন।
তেহরানের সরকারকে বদলানোর দীর্ঘদিনের সমর্থক বোল্টন বিবিসির ‘নিউজনাইট’ অনুষ্ঠানকে বলেন, ‘ট্রাম্প যেভাবে এগোচ্ছেন, সেই পরিকল্পনাহীন পন্থার বদলে সঠিক উপায়ে এটি করা ভালো হতো।’
বোল্টন আরও বলেন, ‘এ জন্য মার্কিন জনগণ প্রস্তুত ছিল না, কংগ্রেসও প্রস্তুত ছিল না, এমনকি মিত্র দেশগুলোও প্রস্তুত ছিল না।’
বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালির মধ্য দিয়ে পরিবহন করা হয়। বোল্টন বলেন, ইরান বুঝতে পেরেছে যে এ প্রণালি অবরোধ করলে তারা কতটা ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করতে পারে।
বোল্টন বলেন, ‘বাস্তবতা হলো, এ সরকার যদি ক্ষমতায় থাকে, তবে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার প্রভাব কেমন হতে পারে, তার দৃশ্যমান প্রমাণ এখন তাদের (ইরানের শাসকগোষ্ঠী) কাছে আছে। এটি অনেকটা পারমাণবিক অস্ত্রের মতো না হলেও, উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানির বিষয়টি এখন তাদের ইচ্ছাধীন হয়ে পড়েছে।’
২০১৯ সালে হোয়াইট হাউস ছাড়ার পর থেকেই ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে পরিচিত বোল্টন। নিজের স্মৃতিকথায় তিনি সাবেক বস ট্রাম্পকে ‘চরম অজ্ঞ’ ও দাপ্তরিক কাজের জন্য ‘অনুপযুক্ত’ হিসেবে আখ্যায়িত করেছেন।
তথ্যসূত্র: বিবিসি
ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান
ইরান যুদ্ধ অবসানে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে উঠে আসছে পাকিস্তানের নাম। ফাইন্যান্সিয়াল টাইমস ও অ্যাক্সিওসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এ প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠকের স্থান হিসেবে নিজেদের রাজধানী ইসলামাবাদকে প্রস্তাব করেছে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্র বা ইরান—কোনো পক্ষই এখন পর্যন্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে ওয়াশিংটনের অনেকের কাছেই মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের নাম আসাটা অবাক হওয়ার মতো কিছু নয়।
ইরানের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তাঁর প্রশাসনের সঙ্গেও পাকিস্তানের উষ্ণ সম্পর্ক বজায় ছিল।
গত বছরের জুন ও সেপ্টেম্বরে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ট্রাম্পের আমন্ত্রণে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। সেপ্টেম্বর মাসের সফরে সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও ছিলেন।
এ ছাড়া ভারতের সঙ্গে সংঘাতে মধ্যস্থতার প্রচেষ্টার জন্য জুন ও অক্টোবর মাসে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল পাকিস্তান। এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের অনেকের কাছেই দেশটিকে প্রিয় করে তুলেছে।
তথ্যসূত্র: বিবিসি
ইরানের সঙ্গে ‘খুবই ভালো’ আলোচনা হয়েছে—ট্রাম্পের দাবির পর ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলের তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হারেৎজ।
সংবাদপত্রটির প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই শহরের বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি সেবা সংস্থাগুলো বলেছে, ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, এমন একটি স্থানে ছয়জন আহত হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, হামলায় মধ্য তেল আবিবে একটি ভবন ও এর সংলগ্ন রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে বেশ কিছু গাড়িতে আগুন ধরে যায়।
এ ছাড়া রশ হেইন এলাকায় ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হারেৎজ জানিয়েছে, উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড জানায়, এ হামলার আগে আজই ইসরায়েল লক্ষ্য করে তিন দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। দেশটির উত্তরাঞ্চলেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে।
এসব হামলা এমন এক সময় চালানো হলো, যখন ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘খুবই ভালো’ আলোচনা হয়েছে। যদিও তাঁর এ দাবি মিথ্যা কথা বলে নাকচ করে দিয়েছে ইরান।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইরাকে বিমান হামলায় নিহত অন্তত ১৫, অভিযোগ যুক্তরাষ্ট্রের দিকে
ইরাকের আনবার প্রদেশে শিয়া পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) এর একটি অবস্থান লক্ষ্য করে চালানো বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে পিএমএফের আনবার অঞ্চলের অপারেশনস কমান্ডারও রয়েছেন।
একই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
পিএমএফ তাদের আনবার কমান্ডার সাদ আল-বাইজি এবং আরও ১৪ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। এ হামলার জন্য তারা যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, যখন সদস্যরা দায়িত্ব পালন করছিলেন, তখন তাদের একটি কমান্ড সদর দপ্তরকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা চালানো হয়।
পিএমএফ মূলত শিয়া আধাসামরিক উপদলগুলোর একটি সম্মিলিত জোট। এটি আনুষ্ঠানিকভাবে ইরাকের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর অন্তর্ভুক্ত। এর মধ্যে ইরানের সঙ্গে মিত্রতা রয়েছে এমন বেশ কিছু গোষ্ঠীও রয়েছে।
গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে আসছে। তবে রয়টার্সের এ প্রতিবেদনটি এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইসরায়েলের তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত
যুদ্ধ শুরুর পর ইসরায়েলে ৪,৮২৯ জন আহত হয়েছেন, দাবি তেল আবিবের
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে যে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৪,৮২৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলে আহত এ ব্যক্তিদের মধ্যে ১১১ জন এখনো হাসপাতালে ভর্তি আছেন এবং ১২ জনের অবস্থা গুরুতর।
তথ্যসূত্র: ডন
ইরানের হামলায় ইসরায়েলে ক্ষয়ক্ষতির কিছু দৃশ্য
১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
ইরান ১০ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইসরায়েলে ৭ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত মধ্যরাত থেকে এই হামলা শুরু করে তেহরান। ইসরায়েল বলছে, ৭ দফার মধ্যে সর্বশেষ দফায় ডিমোনা শহরে হামলা চালায় তেহরান। হামলা হয়েছে তেল আবিবেও।
ইসরায়েলের মধ্যাঞ্চলে হামলার পর দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সেখানে উদ্ধার কর্মী পাঠায়। তেল আবিবের হামলার ঘটনার ভিডিও ফুটেজে ক্ষতিগ্রস্ত ভবন, আগুন এবং কালো ধোঁয়া দেখা যায়।
অন্যদিকে, ইসরায়েলও ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। গত রাতে দিকে ইসরায়েলি বিমান বাহিনী ৫০টির বেশি লক্ষ্যবস্তু হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল ও অন্যান্য সামরিক স্থাপনায় এসব হামলা চালানো হয়েছে।
আইডিএফ বলছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে তিন হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইসরায়েল।
তথ্যসূত্র: সিএনএন
ইরানের নতুন নিরাপত্তা প্রধান বাকের জোলকাদর, আলী লারিজানির স্থলাভিষিক্ত হলেন তিনি
ইরানের নতুন নিরাপত্তা প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ বাকের জোলকাদর। ইসরায়েলের হামলায় নিহত আলী লারিজানির স্থলাভিষিক্ত হলেন তিনি। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ কথা জানিয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা
ইরানের রাষ্ট্রদূতকে দেশ ছাড়তে বলেছে লেবানন
লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা শেইবানিকে ২৯ মার্চের মধ্যে দেশ ছাড়তে বলেছে বৈরুত। লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার এ কথা জানিয়েছে।
লেবানন সরকার বলেছে, ইরান কূটনৈতিক শিষ্টাচার ও দুই দেশের মধ্যে প্রতিষ্ঠিত প্রোটোকল ভেঙেছে।
লেবানন সরকার সাধারণত এমন ভাষা ব্যবহার করে লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিষয়টি বোঝাতে; বিশেষ করে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতি ইরানের সমর্থনের বিষয়টির প্রতি ইংগিত দিয়ে।
এ ছাড়া ইরানে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে লেবানন সরকার।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরানের তেহরান ও ইসফাহানে বিকট বিস্ফোরণ
ইরানের রাজধানী তেহরান ও অন্যতম শহর ইসফাহানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরায়েল আরেক দফায় ইরানে হামলা শুরু করেছে—ইসরায়েলি বাহিনীর এমন ঘোষণার কিছু সময় পর তেহরান ও ইসফাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেল।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কিছু জানা যায়নি।
তথ্যসূত্র: আল–জাজিরা
আলী লারিজানির বিকল্প কে এই বাকের জোলকাদর
ইরানের নতুন জাতীয় নিরাপত্তাপ্রধান বাকের জোলকাদর দেশটির বর্তমান সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ এক সেনানি। ইসরায়েলের হামলায় আলী লারিজানি নিহত হওয়ার পর তাঁর দায়িত্বে আনা হলো বাকের জোলকাদরকে।
বাকের জোলকাদর বিভিন্ন সময়ে সামরিক, বেসামরিক এবং বিচারিক প্রতিষ্ঠানগুলিতে শীর্ষপর্যায়ের পদে অধিষ্ঠিত ছিলেন।
ইরান-ইরাক যুদ্ধে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একটি ডিভিশন পরিচালনা করার পর তাঁর উত্থান ঘটে। ওই সময় তাঁকে ইরাকের কুর্দিসহ সীমান্তবর্তী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছিল।
এরপর কয়েক বছরের জন্য বিপ্লবী গার্ডের সেকন্ড-ইন-কমান্ড হয়ে ওঠেন বাকের জোলকাদর। সম্প্রতি তিনি এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের দায়িত্ব পান। এই কাউন্সিল ইরানের সর্বোচ্চ নেতাকে পরামর্শ দেয় এবং দেশটির পার্লামেন্ট ও গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে মধ্যস্থতার কাজ করে।
পর্যবেক্ষকেরা মনে করেন, চার দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের ফলে জোলকাদর নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আস্থা অর্জন করেছিলেন।
জোলকাদরের মতো দীর্ঘদিনের পরীক্ষিত ব্যক্তিত্বকে নিয়োগ দিয়ে ইরান এই বার্তা দিল যে, তেহরান তার জাতীয় নিরাপত্তার বিষয়ে কঠোর অবস্থান বজায় রাখতে চায়।
তথ্যসূত্র: সিএনএন
ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ইরানে হামলা চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি যুবরাজ মার্কিন প্রেসিডেন্টকে যুক্তি দিচ্ছেন, মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযান মধ্যপ্রাচ্যকে পুনর্গঠনের এক ‘ঐতিহাসিক সুযোগ’ সুযোগ এনে দিয়েছে।
গত সপ্তাহে বেশ কয়েকবার ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে সৌদি যুবরাজের। এসব আলোচনার বিষয়ে জানেন—এমন সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এ কথা জানিয়েছে। সৌদি যুবরাজ যুক্তি দিয়েছেন, ইরান উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে দীর্ঘমেয়াদী হুমকির মুখে রেখেছে, যা ইরান সরকারকে নির্মূল করার মাধ্যমে দূর করা যেতে পারে।
তবে সৌদি কর্মকর্তারা যুবরাজের এমন অবস্থানের কথা অস্বীকার করেছেন।
তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস
বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে উড়োজাহাজ লক্ষ্য করে হামলা: ইরান
ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে কাছে একটি উড়োজাহাজ লক্ষ্য করে তেহরান হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী। এ ছাড়া ওই বিমানবন্দরের অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। হাইফা এলাকার বিভিন্ন স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচির সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনালাপে সংশ্লিষ্ট সব পক্ষকে যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরুর সম্ভাবনাগুলো কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমনটি বলা হয়েছে।
ওয়াং ই বলেন, কথা বলা সবসময় যুদ্ধের চেয়ে ভালো। উত্তেজনাপূর্ণ সব বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত, শক্তি প্রয়োগের মাধ্যমে নয়।
আরাগচি চীনের পররাষ্ট্রমন্ত্রীকে জানান, ইরান শুধু অস্থায়ী যুদ্ধবিরতি নয়, সামগ্রিকভাবে সংঘাতের অবসান ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরান হরমুজ প্রণালির নিচে থাকা সাবমেরিন কেব্ল কেটে ফেললে কী ঘটবে
চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান। এর ফলে বিশ্বজুড়ে ভয়াবহ জ্বালানিসংকটের আশঙ্কা তৈরি হয়েছে।
জ্বালানি তেল পরিবহনের জন্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির পানির নিচে বিশ্বব্যাপী ইন্টারনেট ট্রাফিক পরিচালনা করা একাধিক সাবমেরিন কেব্লও রয়েছে। তাই ইরান হরমুজ প্রণালির নিচে থাকা সাবমেরিন কেব্লগুলো কেটে ফেললে বিভিন্ন দেশে ইন্টারনেট বিভ্রাট ও আর্থিক ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইরানে ৮২ হাজারের বেশি বেসামরিক ইউনিটে মার্কিন–ইসরায়েলি হামলা
ইরানে এ পর্যন্ত ৮২ হাজারের বেশি বেসামরিক ইউনিটে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের রেডক্রিসেন্ট জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে ৮২ হাজার ৪১৭ টি ‘বেসামরিক ইউনিট’ বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে মোট ২৮১টি হাসপাতাল, ক্লিনিক এবং ফার্মেসি রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই হামলা এখনো চলমান। পাল্টা জবাবে ইরান ইসরায়েলে ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।
তথ্যসূত্র: বিবিসি
লেবানন থেকে রকেট হামলা, ইসরায়েলি নিহত
লেবানন থেকে চালানো রকেট হামলায় একজন ইসরায়েলি নিহত হয়েছেন। এ সময় দুজন আহত হয়েছেন।
ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস মাগেন ডেভিড অ্যাডম এক বিবৃতিতে জানিয়েছে, লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালানো হয়েছে। এতে এক নারী নিহত হয়েছেন, আহত হয়েছে দুজন।
উল্লেখ্য, ২ মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী বলছে, হিজবুল্লাহর বিরুদ্ধে এই অভিযান চালনো হচ্ছে।
হিজবুল্লাহও ইসরায়েলে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
মধ্যপ্রাচ্যে আরও ৩ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন আলোচনার পথ খুঁজছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি আরও বাড়ানোর পরিকল্পনা করছে পেন্টাগন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সেখানে আরও কয়েক হাজার অতিরিক্ত সেনা পাঠানো হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।
এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষায়িত ‘৮২তম এয়ারবর্ন ডিভিশন’-এর তিনটি ব্যাটালিয়ন থেকে প্রায় ৩ হাজার সেনাকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হতে পারে। তবে এই সেনাদের ঠিক কোন দেশে পাঠানো হবে এবং তারা কবে নাগাদ সেখানে পৌঁছাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি।
এর আগে রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে দুই কর্মকর্তা জানান, ৮২তম এয়ারবর্ন ডিভিশনের কয়েক হাজার সেনাকে এই অঞ্চলে পাঠানো হবে। এই পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতিকে আরও শক্তিশালী করা হচ্ছে।
এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা হোয়াইট হাউসের সঙ্গে কথা বলার পরামর্শ দেয়। তবে হোয়াইট হাউস এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
তথ্যসূত্র: রয়টার্স ও আল-জাজিরা
‘যুদ্ধে আমরা জয়ী হয়েছি’: ট্রাম্প
হোয়াইট হাউসে হোমল্যান্ড সিকিউরিটির নতুন সেক্রেটারি মার্কওয়েন ম্যুলিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড। তিনি দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত হয়েছে।
ট্রাম্প বলেন, তেহরান এখন একটি চুক্তির জন্য ‘মরিয়া’ হয়ে উঠেছে এবং যুক্তরাষ্ট্র ইরানের ‘সঠিক লোকজনের’ সঙ্গেই আলোচনা চালাচ্ছে।
শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি বলেন, ‘যুদ্ধে আমরা জয়ী হয়েছি।’ যদিও ঠিক কীভাবে বা কবে নাগাদ আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ হবে, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো রূপরেখা দেননি।
ইরানের সঙ্গে আলোচনা
প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় তাঁর প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা যুক্ত রয়েছেন। তিনি বলেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন।
এছাড়া ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফও বর্তমানে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। ট্রাম্পের ভাষায়, ‘ইরান এখন একটি চুক্তি করতে চায়... আপনি তাদের জায়গায় থাকলেও এটাই চাইতেন।’
হরমুজ প্রণালি ও ‘বড় পুরস্কার’
আলোচনার অগ্রগতির কথা উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, ইরানি আলোচকরা যুক্তরাষ্ট্রকে একটি ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ পুরস্কার’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এটি তেল, গ্যাস এবং হরমুজ প্রণালির সঙ্গে সম্পর্কিত। তবে এই উপহার বা পুরস্কারটি আসলে কী, সে সম্পর্কে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।
ট্রাম্পের মতে, এমন প্রস্তাবই প্রমাণ করে যে ওয়াশিংটন সঠিক লোকজনের সঙ্গে আলোচনা করছে।
ইরানে ‘শাসনব্যবস্থার পরিবর্তন’
তেহরানে সাম্প্রতিক হামলার প্রভাবে দেশটিতে ‘শাসনব্যবস্থার পরিবর্তন’ এসেছে বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, ইরান কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করবে না—এমন শর্তে তারা রাজি হয়েছে।
ইরানের বর্তমান সামরিক সক্ষমতা নিয়ে ট্রাম্প বলেন, ‘তাদের নৌবাহিনী, বিমানবাহিনী এবং যোগাযোগ ব্যবস্থা এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তারা এখন একে অপরের সঙ্গে যোগাযোগও করতে পারছে না, এটাই এখন তাদের সবচেয়ে বড় সমস্যা।’
আঞ্চলিক মিত্রদের প্রশংসা
যুদ্ধকালীন পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলোর ভূমিকার প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি সংযুক্ত আরব আমিরাতকে ‘চমৎকার’ এবং কাতারকে ‘দুর্দান্ত’ রাষ্ট্র হিসেবে অভিহিত করেন।
তথ্যসূত্র: বিবিসি
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, অন্তত ১২ জন আহত
ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে বলে দেশটির জরুরি সেবা সংস্থাগুলো নিশ্চিত করেছে।
ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানায়, তেল আবিবের নিকটবর্তী বেনি ব্রাক শহরে তারা ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। এমডিএ জানিয়েছে, আহতদের মধ্যে ২৩ বছর বয়সী এক যুবকের অবস্থা মাঝারি ধরনের গুরুতর। তাঁর পেট ও মাথায় ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টার (টুকরো) লেগেছে। বাকি আটজনের আঘাত সামান্য, যাদের মধ্যে ছয়জনই শিশু।
এছাড়া পার্শ্ববর্তী গিভত শমুয়েল এলাকায় আরও তিনজন আহত হয়েছেন বলে এমডিএ নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা এএফপির ভিডিও চিত্রে দেখা গেছে, বেনি ব্রাক শহরের বেশ কিছু ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি ভবনের ব্যালকনি ধসে নিচে থাকা একটি গাড়ির ওপর পড়েছে। এমডিএ-র প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি ভবনের ওপরতলার একটি অ্যাপার্টমেন্ট ধসে নিচের তলায় গিয়ে পড়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, আজ সন্ধ্যায় ইরান থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের বিষয়ে তারা মোট ১২ বার সতর্কবার্তা জারি করেছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরানকে ১৫ দফা শান্তি প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র
মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দ্য নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স এবং ইসরায়েলের চ্যানেল ১২ নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব তেহরানের কাছে পাঠানো হয়েছে। এর আগে পাকিস্তান এই দুই যুদ্ধরত দেশের মধ্যে শান্তি আলোচনার আয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছিল।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এই পরিকল্পনার বেশ কিছু শর্ত ও দাবির কথা উল্লেখ করেছে। এর মধ্যে অন্যতম হলো—কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে হবে এবং একে একটি ‘মুক্ত সামুদ্রিক অঞ্চল’ হিসেবে ঘোষণা করতে হবে।
বিনিময়ে ইরান কী সুবিধা পাবে, প্রতিবেদনে সেটিও বলা হয়েছে। খবরে দাবি করা হয়েছে, ইরান যদি এই প্রস্তাবগুলো মেনে নেয়, তবে দেশটির ওপর থেকে আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে।
অবশ্য ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তারা এখনো এই সংক্রান্ত কোনো নথিপত্র দেখেনি। গণমাধ্যমে আসা এই তথ্যের সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে তারা।
তথ্যসূত্র: বিবিসি
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বুধবার বিমানবন্দরে থাকা একটি জ্বালানি ট্যাংকে ড্রোন দিয়ে আঘাত করা হলে সেখানে আগুন ধরে যায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি কুয়েত নিউজ এজেন্সিকে (কুনা) বলেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী হামলায় কোনো প্রাণহানি ঘটেনি, তবে স্থাপনার ক্ষতি হয়েছে।
আল-রাজি আরও জানান, হামলার পরপরই কর্তৃপক্ষ জরুরি প্রটোকল কার্যকর করেছে। ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলো বর্তমানে আগুন নেভাতে কাজ করছে।
তথ্যসূত্র: রয়টার্স ও আল–জাজিরা
ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে আবারও হামলা
ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রাঙ্গণে আবারও একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এই তথ্য জানিয়েছে।
আইএইএ জানিয়েছে, ইরান তাদের অবহিত করেছে যে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রাঙ্গণে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে তেহরানের দাবি অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনার কোনো ক্ষতি হয়নি এবং কোনো কর্মী আহত হননি। বর্তমানে কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আইএইএ-র প্রধান রাফায়েল গ্রোসি সংঘাতের সময় পারমাণবিক নিরাপত্তার ঝুঁকি এড়াতে ‘সর্বোচ্চ সংযম’ অবলম্বনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরের এই একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে গত সপ্তাহেও হামলা হয়েছিল। তবে সে সময়ও কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তথ্যসূত্র: বিবিসি
যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় গত ২৪ ঘণ্টায় ২৩ হামলার দাবি ইরাকি গোষ্ঠীর
ইরাক এবং ওই অঞ্চলের ‘শত্রু ঘাঁটি’ লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় ২৩টি অভিযান চালানোর দাবি করেছে ‘দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’। গোষ্ঠীটি জানিয়েছে, তাদের যোদ্ধারা এসব হামলা চালিয়েছে।
সংগঠনটি আরও জানায়, তারা এসব হামলায় কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইরান-ঘনিষ্ঠ মিলিশিয়াদের এই নেটওয়ার্কের মধ্যে শক্তিশালী কাতায়িব হিজবুল্লাহ গোষ্ঠীও অন্তর্ভুক্ত রয়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় মধ্য ইসরায়েলে সতর্কবার্তা
ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী ইরান থেকে মধ্য ইসরায়েল অভিমুখে ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।
চ্যানেলটি আরও জানায়, এই হামলার জেরে পুরো মধ্য ইসরায়েলজুড়ে বিমান হামলার সতর্ক সংকেত বা সাইরেন বেজে উঠেছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি আরবের
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।
মন্ত্রণালয় আরও জানায়, গত এক ঘণ্টার মধ্যে ওই একই অঞ্চলে তারা অন্তত ছয়টি ড্রোনও ভূপাতিত করেছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
যুদ্ধ বন্ধে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের বড় দরপতন
এশিয়ার বাজারে আজ বুধবার দিনের শুরুতেই জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে আলোচনা চলছে বলে দাবি করার পর এ পরিস্থিতি তৈরি হয়। তবে ইরানি কর্মকর্তারা ট্রাম্পের এ দাবি অস্বীকার করেছেন।
আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৬ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৫৬ ডলারে নেমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম ৫ দশমিক ৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৮৭ দশমিক ২০ ডলারে।
গতকাল মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধে আলোচনা ‘এখনই’ চলছে। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যুক্ত পক্ষগুলো ‘চুক্তি করতে মরিয়া’।
এর আগে গত সোমবার তেহরানের একজন কর্মকর্তা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার এ দাবিকে ‘‘ভুয়া খবর’’ বলে আখ্যায়িত করেছেন। এখনো ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুদ্ধ বন্ধের এ আলোচনার সঙ্গে যুক্ত রয়েছেন।
তথ্যসূত্র: বিবিসি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে পাঁচ শর্ত দিল ইরান
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাতে ইরান পাঁচটি শর্ত দিয়েছে বলে গত সোমবার হিব্রু সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে এ যুদ্ধ চলছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে এই সংঘাত নিরসনে ইরান কিছু কঠোর আনুষ্ঠানিক দাবি তুলে ধরেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তারা এ নিশ্চয়তা চাইছেন যে যুদ্ধ আর নতুন করে শুরু হবে না। পাশাপাশি তাঁরা হরমুজ প্রণালির জন্য এমন একটি নতুন ব্যবস্থা চাচ্ছেন, যার মাধ্যমে ওই এলাকা কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে।
ইরান মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার দাবি জানিয়েছে। সেই সঙ্গে যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণও চেয়েছে তারা।
এ ছাড়া বিদ্বেষপূর্ণ সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে ইরান। তাদের দাবি, ইরানের বিরুদ্ধে অপপ্রচার বা শত্রুভাবাপন্ন কার্যকলাপে জড়িত সংবাদমাধ্যমের কর্মীদের বা ব্যক্তিদের তাদের কাছে হস্তান্তর করতে হবে অথবা তাঁদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।
এর আগে সোমবার ট্রাম্প বলেন, ওয়াশিংটন বেশ কিছুদিন ধরে ইরানের সঙ্গে আলোচনা করছে এবং ‘এবার তারা (ইরান) বেশ গুরুত্ব দিচ্ছে’।
তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর ও মিডল ইস্ট আই
জ্বালানি নিয়ে বিপর্যয়ের শঙ্কায় ফিলিপাইনে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের চলা যুদ্ধ ও হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার ফলে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কায় ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়েছে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র গতকাল মঙ্গলবার এ জরুরি অবস্থার ঘোষণা দেন। তিনি সতর্ক করে বলেছেন, দেশের জ্বালানি সরবরাহের প্রাপ্যতা ও স্থিতিশীলতা বর্তমানে ‘আসন্ন বিপদের’ মুখে রয়েছে।
আগামী এক বছরের জন্য জারি করা এ জরুরি অবস্থার কারণ হিসেবে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্ব জ্বালানি বাজার ও সরবরাহ ব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে। এর ফলে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশটির জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র বিশেষ কমিটি গঠন করেছেন। কমিটি জ্বালানি তেল, খাদ্য, ওষুধ ও কৃষিপণ্যসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ ও বণ্টন নিশ্চিত করবে।
গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে:
—জ্বালানি সাশ্রয়ে কঠোর ব্যবস্থা কার্যকর করা।
—পরিবহন খরচ কমাতে জ্বালানিতে ভর্তুকি ও অন্যান্য উদ্যোগ গ্রহণ।
—জ্বালানি তেল মজুতদারি, অতিরিক্ত মুনাফা করা ও বাজারে কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।
এ ছাড়া, তেলের ক্রমবর্ধমান দামের সঙ্গে মানিয়ে নিতে মোটরসাইকেল ট্যাক্সিচালক ও পরিবহন কর্মীদের জন্য ৫ হাজার পেসো (প্রায় ৮৩ ডলার) করে সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কোস।
এ উদ্যোগের পাশাপাশি কৃষক, জেলে ও অন্যান্য শ্রমজীবী মানুষের জন্যও বিশেষ কল্যাণমূলক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
তথ্যসূত্র: সিএনএন
ইরানে ২৪৩ শিক্ষার্থী ও শিক্ষক নিহত, বিস্ফোরণের শব্দে মারা গেল এক শিশু
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে এখন পর্যন্ত অন্তত ২৪৩ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন।
ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ইরানের ইয়াজদ শহরে একটি বিস্ফোরণের শব্দে সৃষ্টি হওয়া ‘আতঙ্ক ও মানসিক চাপে’ ১০ বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। দেশটির সংবাদ সংস্থা ফারস নিউজ এ তথ্য জানিয়েছে।
ইয়াজদ প্রদেশের উপ-গভর্নরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শহরের বাইরে একটি সামরিক অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে ওই বিস্ফোরণটি ঘটেছিল। বিস্ফোরণের শব্দে শিশুটি প্রচণ্ড ভয় পায় এবং মানসিক আঘাতে তার মৃত্যু হয়।
তথ্যসূত্র: আল–জাজিরা
ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাবে কী আছে, শর্ত মানলে ইরান কী পাবে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে ১৫ দফার শান্তি প্রস্তাব পাঠিয়েছেন বলে জানা গেছে। এ প্রস্তাবের পূর্ণাঙ্গ তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও মার্কিন ও ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোতে এর বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত প্রকাশ হয়েছে।
ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, এই শান্তি পরিকল্পনার মূল লক্ষ্য হলো, ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি নির্মূল করা এবং মধ্যপ্রাচ্যে দেশটির প্রভাব কমিয়ে আনা।
শান্তি প্রস্তাবে ইরানের প্রতি প্রধান শর্তসমূহ:
১. ইরানের নাতাঞ্জ, ইসফাহান ও ফোরদো পারমাণবিক স্থাপনা পুরোপুরি বন্ধ এবং ধ্বংস করে ফেলতে হবে।
২. ইরানের সব ধরনের পারমাণবিক কর্মকাণ্ডে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পূর্ণ তদারকি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
৩. মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে (প্রক্সি) সমর্থন দেওয়া বন্ধ করতে হবে। এসব গোষ্ঠীকে অর্থ ও অস্ত্র সহায়তা দেওয়া থেকে ইরানকে বিরত থাকতে হবে।
৪. বর্তমানে ইরানের যেসব পারমাণবিক সক্ষমতা রয়েছে, তা পুরোপুরি ধ্বংস করতে হবে।
৫. ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের চেষ্টা করবে না—এমন লিখিত অঙ্গীকার দিতে হবে।
৬. ইরানের ভূখণ্ডে কোনো পারমাণবিক উপাদান সমৃদ্ধ করা যাবে না। বর্তমানে থাকা সব সমৃদ্ধ উপাদান আইএইএর কাছে হস্তান্তর করতে হবে।
৭. কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ সব সময়ের জন্য উন্মুক্ত রাখতে হবে এবং একে একটি ‘মুক্ত সামুদ্রিক অঞ্চল’ হিসেবে ঘোষণা করতে হবে।
৮. ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা ও পাল্লা নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে; যা কি না শুধু আত্মরক্ষার কাজে ব্যবহার করা যাবে। এ বিষয়ে ভবিষ্যতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ইরান যদি এসব শর্ত মেনে নেয় তবে বিনিময়ে তারা নিচের সুবিধাগুলো পাবে:
১. বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বুশেহর শহরে একটি বেসামরিক পারমাণবিক প্রকল্প গড়ে তুলতে যুক্তরাষ্ট্র কারিগরি ও অন্যান্য সহায়তা দেবে।
২. ইরানের ওপর থাকা সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
৩. ভবিষ্যতে আর কখনো নিষেধাজ্ঞা দেওয়া হবে না—এমন নিশ্চয়তা প্রদান করা হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ প্রস্তাবগুলো নিয়ে আলোচনা চলাকালীন এক মাসব্যাপী একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। তবে হোয়াইট হাউস বা ইরান সরকার—কোনো পক্ষই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব বা যুদ্ধবিরতির বিষয়ে কোনো মন্তব্য করেনি।
তথ্যসূত্র: বিবিসি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদান করছে তুরস্ক
তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির পররাষ্ট্রবিষয়ক ভাইস চেয়ারম্যান হারুন আরমাগান রয়টার্সকে বলেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ‘বার্তা আদান-প্রদানে ভূমিকা পালন করছে’ আঙ্কারা।
হারুন বলেন, এই বার্তাগুলোর মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যকার উত্তেজনা কমানো এবং সরাসরি আলোচনার পথ প্রশস্ত করা।
যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশের কর্মকর্তাদের সঙ্গেই তুরস্কের ভালো সম্পর্ক রয়েছে। এই অবস্থানকে কাজে লাগিয়ে তুরস্ক আরও কয়েকটি দেশের সঙ্গে মিলে একটি সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরানের কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান
যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির একটি প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের জ্যেষ্ঠ সূত্রগুলো আল-জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আল-জাজিরার প্রতিবেদক ওসামা বিন জাভাইদ বলেন, ‘আমরা এখন নিশ্চিত করতে পারি যে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে পাকিস্তানকে দেওয়া একটি নথি তারা ইরানিদের কাছে উপস্থাপন করেছেন বলে পাকিস্তানের জ্যেষ্ঠ সূত্রগুলো আল-জাজিরাকে জানিয়েছেন। এখন তাঁরা এর জবাবের অপেক্ষায় আছেন।”
এ ছাড়া আগামী কয়েক দিনের মধ্যে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক হতে পারে বলেও খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে দাবি করে আসছেন। তবে ইরান বলছে, এখন পর্যন্ত এ ধরনের কোনো আলোচনা হয়নি।
ইসরায়েলে ৪০ মিনিটে চার দফা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, ৪০ মিনিটের ব্যবধানে ইসরায়েলে চার দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর আগে বৃহত্তর তেল আবিব এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরায়েলি আর্মি রেডিও তেল আবিবের আশপাশে একাধিক বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে।
এ ছাড়া হাদেরা এলাকায় একটি বড় বিদ্যুৎকেন্দ্রের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েল ইলেকট্রিক করপোরেশন।
এর আগে গত মঙ্গলবারও তেল আবিব শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। এ সব হামলায় বেশ কয়েকজন আহত হন।
তথ্যসূত্র: আল–জাজিরা
এরদোয়ানের প্রশংসায় ইরানের প্রেসিডেন্ট
‘আগ্রাসী জায়নবাদী শাসনের’ বিরুদ্ধে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ‘দৃঢ় অবস্থানের’ প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
তুরস্করের এই অবস্থানকে ‘প্রশংসনীয়’ অভিহিত করে পেজেশকিয়ান বলেন, মুসলিম বিশ্বের সংহতি বজায় রাখতে আঙ্কারা ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ পালন করছে।
এর আগে তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির পররাষ্ট্রবিষয়ক ভাইস চেয়ারম্যান হারুন আরমাগান রয়টার্সকে বলেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ‘বার্তা আদান-প্রদানে ভূমিকা পালন করছে’ আঙ্কারা।
হারুন বলেন, এই বার্তাগুলোর মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যকার উত্তেজনা কমানো এবং সরাসরি আলোচনার পথ প্রশস্ত করা।
যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশের কর্মকর্তাদের সঙ্গেই তুরস্কের ভালো সম্পর্ক রয়েছে। এই অবস্থানকে কাজে লাগিয়ে তুরস্ক আরও কয়েকটি দেশের সঙ্গে মিলে একটি সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করছে।
তথ্যসূত্র: আল-জাজিরা
ইরানে ১৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরানে ‘১৫ হাজারেরও বেশি বোমা ব্যবহারের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে’ ইসরায়েলি সেনাবাহিনী।
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, গত বছরের জুন মাসে ১২ দিনের সংঘাতের তুলনায় এটি চার গুণ বেশি।
ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামিরের সঙ্গে এক যৌথ ব্রিফিংয়ে কাৎজ বলেন, তেল আবিব এখন ইরান ও লেবাননে হামলার জন্য নতুন একগুচ্ছ লক্ষ্যবস্তু অনুমোদন দিয়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরানের সম্মতির পর হরমুজ প্রণালি পার হলো থাই তেলবাহী ট্যাংকার
থাইল্যান্ড ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগের পর একটি থাই তেলবাহী ট্যাংকার নিরাপদভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। ব্যাংচাক করপোরেশন এই তথ্য নিশ্চিত করেছে।
থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকেও সাংবাদিকদের বলেন, ‘আমি অনুরোধ করেছিলাম যে থাই জাহাজগুলোর যদি এই প্রণালি দিয়ে যাওয়ার প্রয়োজন হয়, তবে তারা নিরাপদ পারাপার নিশ্চিত করতে সহায়তা করতে পারে কি না?’
থাই পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তারা (ইরান) ইতিবাচক সাড়া দিয়েছে এবং জানিয়েছে যে তারা বিষয়টি দেখবে। পাশাপাশি কোন কোন জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করবে, আমাদের কাছে সেগুলোর নাম চেয়েছে।’
বিশ্বের মোট অপরিশোধিত তেল ও গ্যাসের এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ কার্যত বন্ধ রয়েছে। তবে ইরানের সম্মতি নিয়ে কিছু তেলবাহী ট্যাংকার চলাচলের খবর পাওয়া যাচ্ছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
তেহরানে ৩৯ জন গ্রেপ্তার, সাতটি স্টারলিংক ডিভাইস উদ্ধার
ইরানের রাজধানী তেহরানে অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে অস্ত্র ও বিস্ফোরকের পাশাপাশি সাতটি স্টারলিংক ইন্টারনেট ডিভাইস জব্দ করা হয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
কর্মকর্তারা জানান, গ্রেপ্তারের সময় ৪৯টি হাতে তৈরি বোমা, দুটি কালাশনিকভ রাইফেল, ১৬টি হ্যান্ডগান, ৫০টি ম্যাগাজিন ক্লিপ এবং ১ হাজার ৫০০ রাউন্ডের বেশি গুলি উদ্ধার করা হয়েছে।
এদিকে ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরান সরকারের পক্ষ থেকে দেশজুড়ে আরোপিত ইন্টারনেট ব্ল্যাকআউট বা ইন্টারনেট বিচ্ছিন্নতা আজ বুধবার ২৬তম দিনে গড়িয়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
অস্ত্র উৎপাদন ‘যুদ্ধকালীন পর্যায়ে’ নিল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, তারা বেশ কিছু প্রতিরক্ষা ব্যবস্থা ও গোলাবারুদের উৎপাদন বৃদ্ধি করবে। পেন্টাগনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রিসিশন স্ট্রাইক মিসাইল’ বা লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলায় সক্ষম ক্ষেপণাস্ত্রের উৎপাদন জোরদার করা হবে। পাশাপাশি বেশি উঁচু দিয়ে উড়ে যাওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম ‘টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড)’-এর সিকার বা লক্ষ্যবস্তু শনাক্তকরণ যন্ত্রের উৎপাদনও বাড়ানো হবে।
পেন্টাগন আরও জানায়, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ‘প্রতিরক্ষা শিল্পের উৎপাদন যুদ্ধকালীন পর্যায়ে’ নিতে চান। এ ছাড়া নেভিগেশন সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সংক্রান্ত সরঞ্জাম উৎপাদনও বাড়ানো হবে।
তথ্যসূত্র: বিবিসি
মার্কিন রণতরি নিশানা করে আবার ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি ইরানের
যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ নিশানা করে উপকূলীয় অঞ্চল থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী আজ বুধবার এমন দাবি করেছে।
ইরানের প্রেস টিভি একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছে, সশস্ত্র বাহিনী মার্কিন এই রণতরি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অন্যদিকে, রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নৌবাহিনীর কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই অভিযানের কথা জানিয়েছে।
ইরান নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, শত্রুর বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকনের গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এটি ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নাগালে আসামাত্রই লক্ষ্যবস্তু করা হবে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, ইরান ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। প্রতিটি ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করা হয়েছে।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
ইরানের সঙ্গে পাকিস্তানে বৈঠকের প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস
ইরান যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহের শেষ দিকে পাকিস্তানে একটি বৈঠকের আয়োজন করতে কাজ করছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। প্রশাসনের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা সিএনএনকে এ তথ্য জানিয়েছেন।
বর্তমান পরিকল্পনা অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সম্ভবত ট্রাম্প প্রশাসনের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওই দেশটিতে যাওয়ার কথা রয়েছে। তবে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এই সফরের সময়সূচী, স্থান এবং কারা উপস্থিত থাকবেন, তাতে পরিবর্তন আসতে পারে।
সংশ্লিষ্ট দুটি সূত্র জানায়, পাকিস্তানে সফরের ক্ষেত্রে নিরাপত্তা উদ্বেগের কারণে তুরস্ককেও আলোচনার সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বর্তমান কূটনৈতিক তৎপরতায় পাকিস্তান অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। ওয়াশিংটনের প্রস্তাবিত ১৫ দফার একটি পরিকল্পনা তারা ইরানের কাছে পৌঁছে দিয়েছে। প্রস্তাবে তেহরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই প্রক্রিয়ায় তুরস্কও ভূমিকা রাখছে।
প্রশাসনের একজন কর্মকর্তা জানান, এই সফর–সংক্রান্ত আলোচনা আজ বুধবারও হোয়াইট হাউসে অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তাঁর জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ বর্তমানে ইরানের সঙ্গে আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। তবে রুবিও, কুশনার ও উইটকফও এই আলোচনার জন্য বিদেশ সফরে যাবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
তথ্যসূত্র: সিএনএন
বেশ কয়েক বছর পর ইরান থেকে এলপিজি কিনল ভারত
ইরানের তেল ও পরিশোধিত জ্বালানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা স্থগিতের পর অবশেষে বেশ কয়েক বছর পর তেহরান থেকে প্রথম এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) কার্গো কিনেছে ভারত। শিল্প সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য দিয়েছে।
২০১৯ সালে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার চাপে ইরান থেকে জ্বালানি কেনা বন্ধ করে দিয়েছিল ভারত।
এতদিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানি এলপিজি বহনকারী ট্যাংকার ‘অরোরা’ খুব শিগগিরই ভারতের পশ্চিম উপকূলীয় মেঙ্গালুরু বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই জ্বালানি ইন্ডিয়ান অয়েল করপোরেশন, ভারত পেট্রোলিয়াম করপোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন—এই তিনটি জ্বালানি বিপণনকারী প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে দেওয়া হবে।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহনে বিঘ্ন ঘটায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি ভারত।
বিশ্বের মোট অপরিশোধিত তেল ও গ্যাসের এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ কার্যত বন্ধ রয়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরান যুদ্ধ গুটিয়ে আনছে যুক্তরাষ্ট্র: হাউস স্পিকার
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) স্পিকার মাইক জনসন বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ এখন ‘শেষের পথে’। আজ বুধবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন গণমাধ্যমকে হাউস স্পিকার এ কথা বলেন।
মাইক জনসন বলেন, ‘আমি মনে করি, আমরা “অপারেশন এপিক ফিউরি” গুটিয়ে আনছি। আমার ধারণা, এটি দ্রুতই শেষ হবে এবং এটি নির্ধারিত সময়সূচি অনুযায়ীই হচ্ছে।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যের পর হাউস স্পিকার জনসনের এই মন্তব্য সামনে এসেছে। ট্রাম্প বলেছিলেন, তাঁর প্রশাসন ইরানের ‘সঠিক ব্যক্তিদের’ সঙ্গে কথা বলছে, যারা একটি চুক্তি করতে আগ্রহী।
তবে ইরান এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পাঠানো একটি শান্তি পরিকল্পনাকে ‘বাড়াবাড়ি’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে।
তথ্যসূত্র: বিবিসি
মার্কিন প্রস্তাব পাওয়ার কথা নিশ্চিত করল ইরান, বলল এটি ‘অযৌক্তিক’
ইরানের একটি উচ্চপদস্থ কূটনৈতিক সূত্র আল–জাজিরাকে নিশ্চিত করেছে, তেহরান যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফা প্রস্তাব হাতে পেয়েছে। তবে ইরান একে ‘বাড়াবাড়ি ও অযৌক্তিক’ বলে মন্তব্য করেছে।
তবে সূত্রটি জানিয়েছে, কিছু সংবাদমাধ্যমে যা প্রচার করা হচ্ছে, এই প্রস্তাবের মূল বিষয়বস্তুর সঙ্গে তার মিল নেই।
প্রস্তাবটি উপস্থাপনার দিক থেকে ‘প্রতারণামূলক ও বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে ওই সূত্রটি আরও বলেছে, ‘এমনকি এটি কাগজে-কলমেও ভালো প্রস্তাব নয়।’
সূত্রটি বলেছে, অপর পক্ষ, যাদের বিরুদ্ধে শর্ত পরিবর্তনের অভিযোগ রয়েছে; ইরান তাদের মতো নয়। ইরান কী চায় এবং কোন বিষয়গুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করবে, সে সম্পর্কে নিজেদের স্পষ্ট ধারণা রয়েছে।
সূত্রটি আরও জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পরোক্ষ আলোচনা হয়নি। তবে বেশ কয়েকজন মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা আদান-প্রদান করা হয়েছে।
ড্রোন হামলার পর কুয়েত বিমানবন্দরে আগুন
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বালানি (ফুয়েল) ট্যাংকে ড্রোন হামলার পর আগুন লাগার ঘটনা ঘটেছে। কুয়েতের অগ্নিনির্বাপণ কর্তৃপক্ষের মুখপাত্র এ কথা জানিয়েছেন।
অগ্নিনির্বাপণ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘শত্রুপক্ষীয়’ ড্রোনের আঘাতে কুয়েত বিমানবন্দরে লাগা আগুন নেভাতে বর্তমানে কাজ করছে তারা।
কুয়েত নিউজ এজেন্সিতে দেওয়া এক বিবৃতিতে অগ্নিনির্বাপণ কর্তৃপক্ষের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল-গারিব বলেন, ‘কুয়েত বিমানবন্দরে শত্রুপক্ষীয় ড্রোনের লক্ষ্যবস্তু হওয়া একটি জ্বালানি ট্যাংকে আগুন নেভাতে আমরা সেনাবাহিনী, ন্যাশনাল গার্ড এবং তেল খাতের ফায়ার সার্ভিসের সহায়তায় কাজ করছি।’
এক সংবাদ সম্মেলনে এই কর্মকর্তা বলেন, ‘ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার ফলে বিভিন্ন স্থানে লাগা চারটি আগুন বর্তমানে নিয়ন্ত্রণ করা হচ্ছে।’
কুয়েতের এই কর্মকর্তা আরও বলেন, ইরানের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে দেশটিতে এ ধরনের ৮২টি ঘটনা ঘটেছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
স্থল অভিযান চালালে বাবেল মান্দেব প্রণালিও ‘বন্ধ করে দেওয়ার’ হুমকি ইরানের
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের দ্বীপগুলোতে কোনো সামরিক পদক্ষেপ নেয় বা নৌ-অভিযানের মাধ্যমে দেশটির ওপর চাপ সৃষ্টির চেষ্টা করে, তাহলে তেহরান বাবেল মান্দেব প্রণালিসহ যুদ্ধের আরও কয়েকটি কৌশলগত ফ্রন্ট খুলতে পারে। ইরানের একটি সামরিক সূত্র এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে যুক্তকারী বাবেল মান্দেব প্রণালি বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ। বিশেষ করে তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের জন্য এটি অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্ট।
ওই সূত্রকে উদ্ধৃত করে আজ বুধবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম বলেছে, ‘শত্রু যদি ইরানের দ্বীপগুলো বা আমাদের ভূখণ্ডের কোনো অংশে স্থল অভিযান চালানোর চেষ্টা করে, অথবা পারস্য উপসাগর ও ওমান সাগরে নৌ-তৎপরতার মাধ্যমে ইরানের ওপর চাপ সৃষ্টি করতে চায়, তবে আমরা “বিস্ময়” হিসেবে অন্যান্য ফ্রন্ট খুলে দেব।’
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট সূত্রটি সুনির্দিষ্টভাবে বাবেল মান্দেব প্রণালির কথা উল্লেখ করেন। তিনি দাবি করেন, উত্তেজনা বৃদ্ধি পেলে ওই এলাকায় একটি বিশ্বাসযোগ্য হুমকি তৈরি করার সক্ষমতা ও সংকল্প—উভয়ই ইরানের রয়েছে।
সূত্রটি আরও বলেছেন, ‘আমেরিকানরা যদি হরমুজ প্রণালি নিয়ে কোনো বেপরোয়া পদক্ষেপ নিতে চায়, তবে তাদের সতর্ক হওয়া উচিত যাতে তাদের চ্যালেঞ্জের তালিকায় আরেকটি নতুন প্রণালি যুক্ত না হয়।’
প্রতিবছর বিশ্বজুড়ে সমুদ্রপথে হওয়া মোট তেল বাণিজ্যের প্রায় ১২ শতাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) একটি বড় অংশ এই বাবেল মান্দেব প্রণালি দিয়ে পরিবাহিত হয়।
উল্লেখ্য, বিশ্বের মোট অপরিশোধিত তেল ও গ্যাসের এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ কার্যত বন্ধ রয়েছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে।
তথ্যসূত্র: সিএনএন
ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলের একটি বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সেখান থেকে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া ওঠার একটি ভিডিও যাচাই করে নিশ্চিত হয়েছে বিবিসি।
ভূমধ্যসাগর উপকূলে হাদেরায় অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্রটি ইসরায়েলের অন্যতম বৃহৎ বিদ্যুৎ স্থাপনা। ২০২২ সালে এটি কয়লা থেকে গ্যাসচালিত কেন্দ্রে রূপান্তর করা হয়েছিল।
ভিডিও ফুটেজে দেখা যায়, বিদ্যুৎকেন্দ্রের একটি কুলিং টাওয়ারের পাশ থেকে ধূসর ধোঁয়া ওপরের দিকে উঠছে।
বিবিসি বলেছে, ‘আমরা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে স্থানটি শনাক্ত করতে পেরেছি এবং রিভার্স-ইমেজ সার্চের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে, ভিডিওটি আজই প্রথম আপলোড করা হয়েছে।’
এদিকে ইসরায়েল ইলেকট্রিক করপোরেশনের বরাত দিয়ে ‘দ্য টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর বিদ্যুৎকেন্দ্রের অবকাঠামোতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ইরানের সঙ্গে ট্রাম্পের ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে: হোয়াইট হাউস মুখপাত্র
ইরানের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ফলপ্রসূ আলোচনা’ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
লেভিট বলেন, ইরানের জ্বালানি স্থাপনায় বোমা হামলার বিষয়ে ট্রাম্পের হুমকির পর এটি স্পষ্ট হয়েছে যে ইরান আলোচনায় বসতে চায়। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প শুনতে আগ্রহী। গত তিন দিন ধরে ইরানের সঙ্গে প্রেসিডেন্ট ‘ফলপ্রসূ আলোচনায়’ যুক্ত রয়েছেন বলেও জানান হোয়াইট হাউসের মুখপাত্র।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৫ দফা প্রস্তাবটিকে ‘অনুমাননির্ভর’ বলে মন্তব্য করেন লেভিট। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর মধ্যে সত্যতা রয়েছে। তবে এটি নিয়ে হওয়া কিছু প্রতিবেদন পুরোপুরি সঠিক নয়।’ চলমান আলোচনার খুঁটিনাটি বিষয়ে এখনই কিছু বলতে তিনি রাজি হননি।
এ সময় হোয়াইট হাউসের প্রেস সচিব বলেন, প্রেসিডেন্টের লক্ষ্য ‘সব সময় শান্তি’। তবে ইরান যদি বর্তমান বাস্তবতা মেনে নিতে ব্যর্থ হয় তবে ট্রাম্প তাদের ওপর ‘নজিরবিহীন কঠোর আঘাত’ হানবেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ফাঁকা বুলি দেন না, এবং তিনি নরক নামিয়ে আনতে প্রস্তুত।’ তাঁর দাবি, ইরান আগের ‘ভুল হিসাবনিকাশের’ কারণে তাদের নেতৃত্ব, নৌবাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হারিয়েছে।
লেভিট দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের আক্রমণাত্মক ও রক্ষণাত্মক সক্ষমতা ‘ধ্বংস’ করে চলেছে। এটি ‘অত্যন্ত স্পষ্ট’ যে ‘অপারেশন এপিক ফিউরি’ যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘বিরাট সামরিক বিজয়’।
হোয়াইট হাউসের মুখপাত্র দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানে নয় হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। মাইন স্থাপনকারী জাহাজসহ ইরানের নৌবাহিনীকে ‘নির্মূল’ করছে। তাঁর মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিন সপ্তাহের ব্যবধানে কোনো নৌবাহিনীকে এভাবে গুঁড়িয়ে দেওয়ার এটিই সবচেয়ে বড় ঘটনা।
হোয়াইট হাউসের প্রেস সচিব আরও বলেন, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ‘চুরমার’ করে দেওয়া হয়েছে। বর্তমানে ইরান সরকার এখন এই পরিস্থিতি থেকে ‘বেরিয়ে আসার পথ’ খুঁজছে।
তথ্যসূত্র: বিবিসি
দ্বীপ দখলের পরিকল্পনায় জড়িত এক আঞ্চলিক দেশকে কড়া হুঁশিয়ারি ইরানের
ইরানের একটি দ্বীপ দখলের পরিকল্পনায় শত্রুদের সহায়তায় জড়িত আঞ্চলিক একটি দেশকে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ওই দেশটির নাম প্রকাশ না করে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বুধবার এ হুঁশিয়ারি দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কালিবাফ বলেন, ‘কিছু তথ্যের ভিত্তিতে জানা গেছে, ইরানের শত্রুরা একটি আঞ্চলিক দেশের সহায়তায় আমাদের একটি দ্বীপ দখলের প্রস্তুতি নিচ্ছে।’
কালিবাফ বলেন, ‘শত্রুদের সব ধরনের গতিবিধি আমাদের সশস্ত্র বাহিনীর পূর্ণ নজরদারিতে রয়েছে। যদি সীমা লঙ্ঘন করে, তবে ওই আঞ্চলিক দেশের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো কোনো ধরনের দ্বিধা ছাড়াই আমাদের নিরবচ্ছিন্ন হামলার লক্ষ্যবস্তু হবে।’
ইরানের পার্লামেন্ট স্পিকার এমন সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার মেরিন সেনা ও ছত্রীসেনা পাঠাচ্ছে। সম্ভাব্য স্থল অভিযানের অংশ হিসেবে এসব সেনা পাঠানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ইরানের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত তেল-গ্যাসসমৃদ্ধ খারগ দ্বীপ দখল নয়তো হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে সৌদি আরব ও আমিরাত সহায়তা করছে।
খারগ পারস্য উপসাগরে অবস্থিত পাঁচ বর্গমাইল আয়তনের এক দ্বীপ। ইরানের উপকূল থেকে এর দূরত্ব ১৬ কিলোমিটার। এটি ইরানের সবচেয়ে বড় জ্বালানি কেন্দ্র। ইরান যে জ্বালানি রপ্তানি করে, তার ৯০ শতাংশই যায় এখান থেকে। এর আগেও দ্বীপটিতে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। নিশানা করা হয়েছিল এর জ্বালানি স্থাপনাকেও।
তথ্যসূত্র: আল–জাজিরা ও এনডিটিভি
ইরান যুদ্ধে ২৯০ মার্কিন সেনা আহত: সেন্টকম
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৯০ সেনা আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
সেন্টকমের এক মুখপাত্র সিবিএসকে বলেন, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের মোট ২৯০ সেনা আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২৫৫ জন আবার দায়িত্বে ফিরেছেন। আর ১০ জনের অবস্থা গুরুতর। তবে আহত সেনাদের বাকি ২৫ জন এখন কী অবস্থায় আছেন, তা প্রকাশ করেননি ওই মুখপাত্র।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ‘এপিক ফিউরি’ নামে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। একই দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানে অভিযান শুরু করে ইসরায়েল। তারা নিজেদের অভিযানের নাম দিয়েছে ‘লায়ন রোর’। সেদিনের হামলার জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটি থাকা বিভিন্ন দেশে পাল্টা হামলা চালায় তেহরান। এরপর পুরো অঞ্চলজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ে।
প্রায় চার সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত নিজেদের ১৩ জন সেনা নিহত হওয়ার খবর দিয়েছে মার্কিন বাহিনী। এ সময় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনাও ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধ চলাকালে ধ্বংস হয়েছে মার্কিন বাহিনীর বেশ কিছু সামরিক উড়োজাহাজ ও যুদ্ধবিমান।
তথ্যসূত্র: বিবিসি
মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, এটি আলোচনা নয়: আরাগচি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আজ বুধবার রাতে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিভিন্ন মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের কাছে বার্তা পাঠাচ্ছে ওয়াশিংটন। এর অর্থ এই নয় যে আলোচনা চলছে।
ইরান যুদ্ধ চায় না বলেও উল্লেখ করেন আব্বাস আরাগচি। তিনি বলেন, এই যুদ্ধ যেন স্থায়ীভাবে বন্ধ হয়, সেটিই চাওয়া তেহরানের। আর প্রায় চার সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তেহরান তার ক্ষতিপূরণ চায় বলেও জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী আরাগচির মতে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের মূল লক্ষ্যগুলো অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। এই লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে দ্রুত সামরিক জয় পাওয়া এবং তেহরান সরকারের পতন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হামলার জবাব ইরান যেভাবে দিয়েছে, তা বিশ্বকে এটিই দেখিয়েছে যে ‘কোনো দেশই ইরানের নিরাপত্তার প্রতি হুমকি দিতে পারে না।’
আরাগচির এসব বক্তব্যের আগে বুধবারেই সংবাদ ব্রিফিং করেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট। তাঁর ভাষ্যমতে, ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ফলপ্রসূ আলোচনা’ চালিয়ে যাচ্ছেন। ইরানের জ্বালানি স্থাপনায় বোমা হামলার বিষয়ে ট্রাম্পের হুমকির পর এটি স্পষ্ট হয়েছে যে ইরান আলোচনায় বসতে চায়।
তথ্যসূত্র: আল-জাজিরা।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকে যুক্ত করতে চায় ইরান
যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চুক্তি হলে তাতে লেবাননকেও যুক্ত করতে চায় ইরান। মধ্যস্থতাকারীদের এমনটিই জানিয়েছে তেহরান। চুক্তির ক্ষেত্রে ইরানের অবস্থানের বিষয়ে জানাশোনা আছে—মধ্যপ্রাচ্যের এমন ছয়টি সূত্র রয়টার্সকে এ তথ্য দিয়েছে।
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধের মধ্যে দক্ষিণ লেবাননের বড় অংশেও অভিযান চালাচ্ছে ইসরায়েল। পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, তেহরানের দাবি—কোনো চুক্তি হলে ইরানের ওপর হামলা বন্ধের পাশাপাশি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওপরও হামলা বন্ধ করতে হবে ইসরায়েলকে।
এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব এখনো ইরান খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তেহরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি এ-ও বলেছেন যে যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাব এখনো সরাসরি নাকচ করে দেয়নি তেহরান। যুক্তরাষ্ট্র যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানে যুদ্ধ বন্ধে নানা বার্তা পাঠাচ্ছে, তা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও।
সূত্রগুলো বলছে, চলতি মাসের মাঝামাঝি সময় থেকেই ইরান মধ্যস্থতাকারীদের এমন একটি চুক্তির জন্য বলছে, যেখানে হিজবুল্লাহর ওপর ইসরায়েলের হামলা বন্ধের বিষয়টিও থাকবে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, লেবানন ও মধ্যপ্রাচ্যে শান্তি আনতে হলে এ অঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ইরানের সহায়তা বন্ধ এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করা জরুরি।
এ বিষয়ে জানতে ইরান ও ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে কোনো সাড়া পায়নি রয়টার্স। আর যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না বলে জানিয়েছে ইসরায়েল। দেশটির একটি সূত্র বলেছে, ইরানে হামলা বন্ধ হলেও লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে পারে ইসরায়েলি বাহিনী।
২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত লেবাননে ১ হাজার ৯৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে ১২১ জন শিশু। হামলার মধ্যে প্রাণ বাঁচাতে দেশটিতে বাস্তুচ্যুত হয়েছেন ১২ লাখের বেশি মানুষ।
তথ্যসূত্র: রয়টার্স।
মধ্যপ্রাচ্য যুদ্ধের মধ্যে পেছাল ট্রাম্প-সি সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাক্ষাতের তারিখ পিছিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে দুই নেতার সাক্ষাতের সময় কয়েক সপ্তাহ পিছিয়ে আগামী মাসের মাঝামাঝি সময়ে নেওয়া হয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বুধবার এ তথ্য জানিয়েছেন। হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ট্রাম্প ও সিয়ের সাক্ষাতের তারিখ নির্ধারণ করা হয়েছিল ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত। তবে এখন মে মাসের ১৪ ও ১৫ তারিখ বেইজিং সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট। চলতি বছরের শেষের দিকে সি ওয়াশিংটন সফর করতে পারেন বলেও জানান লেভিট।
প্রেস ব্রিফিংয়ে একজন সাংবাদিক জানতে চান, ‘দুই নেতা কি যুদ্ধ শেষ করার বিষয়ে আলাপ করেছেন? তাঁদের বৈঠকের নতুন তারিখ নির্ধারণের পেছনে সেটি (যুদ্ধ বন্ধ) কোনো শর্ত ছিল কি না?’ জবাবে লেভিট এমন কোনো শর্তের কথা নাকচ করে দেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট সি বুঝেছেন যে চলমান সামরিক অভিযানের সময় প্রেসিডেন্ট ট্রাম্পের এখানে (যুক্তরাষ্ট্র) থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই তিনি বৈঠক পেছানোর অনুরোধ আমলে নিয়েছেন এবং তা মেনে নিয়েছেন। এ কারণেই আমরা নতুন তারিখ ঠিক করেছি।’
তথ্যসূত্র: আল-জাজিরা
লেবাননে গাজার মতো পরিস্থিতি হতে দেওয়া যাবে না: জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এখন যুদ্ধ শেষ করার সময় হয়েছে। একই সঙ্গে আশপাশের দেশগুলোর ওপর হামলা বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার সাংবাদিকদের এসব কথা বলেন জাতিসংঘের মহাসচিব। এ সময় মানুষ কীভাবে ‘গভীর নিরাপত্তাহীনতার’ মধ্যে বসবাস করছে, তা তুলে ধরেন তিনি। গুতেরেস বলেন, সম্প্রতি লেবানন সফরের সময় তিনি এসব নিজ চোখে দেখেছেন। তিনি আরও বলেন, ‘গাজা উপত্যকায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা যেন লেবাননে না ঘটে।
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধের মধ্যে দক্ষিণ লেবাননের বড় অংশেও অভিযান চালাচ্ছে ইসরায়েল। ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত লেবাননে ১ হাজার ৯৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে ১২১ জন শিশু। হামলার মধ্যে প্রাণ বাঁচাতে দেশটিতে বাস্তুচ্যুত হয়েছেন ১২ লাখের বেশি মানুষ।
তথ্যসূত্র: বিবিসি
মার্কিন সেনাদের জন্য অপেক্ষায় আছি, বললেন ইরানের সামরিক উপদেষ্টা
ইরানের সামরিক উপদেষ্টা এবং বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সাবেক কমান্ডার মোহসেন রেজায়ি বলেছেন, তাঁরা মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের আসার অপেক্ষায় রয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ কথা লিখেছেন তিনি।
এক্সে রেজায়ি লেখেন, ‘বিমানবাহিনী যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি। তবে এটি ব্যবহার করে তারা কোনো ফল পায়নি। তখন স্থল অভিযান থেকে তারা কী আশা করছে। মার্কিন সেনারা কি ইসরায়েলের জন্য মরতে চায়? আমরা অপেক্ষা করছি।’
২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই হত্যাকাণ্ডের পর দেশটির সর্বোচ্চ নেতা হয়েছেন তাঁর ছেলে মোজতবা খামেনি। সম্প্রতি নতুন সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মোহসেন রেজায়ি।
এদিকে চলমান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে আরও ১ হাজারের বেশি সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ থেকে বোঝা যাচ্ছে, প্রয়োজন পড়লে ইরানে স্থল বাহিনী পাঠানোর কথা ভাবতে পারে ওয়াশিংটন। যদিও এই যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
যুদ্ধে ইরানের সামরিক ক্ষয়ক্ষতি নিয়ে নতুন দাবি মার্কিন বাহিনীর
মধ্যপ্রাচ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে নতুন দাবি করেছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সেন্টকমের কমান্ডার ব্রাড কুপার বুধবার এক ভিডিও বার্তায় ইরানের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন।
ব্রাড কুপারের দাবি, যুদ্ধের তিন সপ্তাহের বেশি সময়ে ইরানের ১০ হাজারের বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ সময় ইরানের আকাশে ১০ হাজার বারের বেশি মার্কিন সামরিক উড়োজাহাজ উড্ডয়ন করেছে। এসব হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।
ইরানের নৌবাহিনীর সবচেয়ে বড় জাহাজগুলোর ৯২ শতাংশ ধ্বংসের দাবিও করেছেন সেন্টকমের কমান্ডার। তিনি বলেছেন, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার হার ৯০ শতাংশের বেশি কমে গেছে। একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌযান তৈরির কারখানা ও শিপইয়ার্ডের তিন ভাগের দুই ভাগের বেশি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
ব্রাড কুপারের ভাষ্যমতে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র স্পষ্ট সামরিক লক্ষ্য অর্জনের পথে রয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে পরিকল্পনার চেয়েও এগিয়ে রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে, ইরানের সীমান্তের বাইরে দেশটির শক্তি প্রদর্শনের ক্ষমতা অর্থবহ উপায়ে কমিয়ে দেওয়া।
তবে যুক্তরাষ্ট্রের এসব দাবির পরও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনাগুলোতেও হামলা করছে তারা। এসব হামলায় হতাহতের ঘটনা ঘটছে। হচ্ছে অবকাঠামোগত ক্ষতি। বিমান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।
তথ্যসূত্র: আল-জাজিরা
ইরান চুক্তি করতে আগ্রহী, তবে তারা বলতে ভয় পাচ্ছে: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ইরান একটি চুক্তি করতে খুবই আগ্রহী বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার তিনি বলেছেন, আগ্রহ থাকলেও তেহরান এই চুক্তির কথা বলতে ভয় পাচ্ছে। কারণ, তারা মনে করছে, তাদের হত্যা করা হতে পারে।
ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির তহবিল সংগ্রহের নৈশভোজে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমরা যা করছি, তা আগে কখনো কেউ দেখেনি। তারা আসলে আলোচনা করছে এবং চুক্তি করতে খুবই আগ্রহী। কিন্তু তারা বলতে ভয় পাচ্ছে। কারণ, তারা মনে করছে নিজেদের লোকদের হাতে মারা যাবে। আমাদের হাতে মারা যাওয়া ভয়ও পাচ্ছে।’
এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল যে ইরানের সঙ্গে আলোচনা এখনো শেষ হয়নি, যদিও যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা প্রস্তাব তাৎক্ষণিকভাবে গ্রহণ করেনি তেহরান। যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ট্রাম্প সরকার পাকিস্তানে একটি বৈঠক আয়োজনের চেষ্টা করছে। সেখানে যুদ্ধ শেষ করার জন্য বিকল্প পথ নিয়ে আলোচনা করা হবে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্বীকার করেছেন যে যুদ্ধ বন্ধের বিষয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের বার্তা আদান-প্রদান হয়েছে। তবে এই বার্তা বিনিময় কোনো ‘আলোচনা’ নয় বলেও উল্লেখ করেছেন তিনি।
তথ্যসূত্র: সিএনএন
হার মানতে বলল যুক্তরাষ্ট্র, লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ইরানের
যুক্তরাষ্ট্র ইরানকে হুঁশিয়ার করে বলেছে, তারা যেন পরাজয় মেনে নেয়। অন্যথায় দেশটিকে আগের চেয়ে অনেক বেশি ‘কঠোর আঘাত’ সহ্য করতে হবে।
এদিকে তেহরান আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
২৪ ঘণ্টা পরও কুয়েত বিমানবন্দরে আগুন জ্বলছে, বাহরাইন আমিরাত ও সৌদি আরবে ইরানের আরও হামলা
প্রায় ২৪ ঘণ্টা আগে ইরানের ছোড়া দুটি ড্রোন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংকে আঘাত করে। আজ বৃহস্পতিবার রাতেও (গতকাল বুধবার দিবাগত রাত) কর্তৃপক্ষ সেই আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল।
বিশ্লেষকেরা বলছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে যখন মাত্র একটি বা দুটি ড্রোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়, তখন ক্ষয়ক্ষতির পরিমাণ হয় ভয়াবহ।
এদিকে, গত কয়েক ঘণ্টায় বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) জিসিসিভুক্ত দেশগুলোতেও ইরানের হামলা চালানোর খবর পাওয়া গেছে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মুহাররাক এলাকার একটি স্থাপনায় লাগা আগুন সিভিল ডিফেন্সের কর্মীরা নিভিয়ে ফেলেছেন। সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সংযুক্ত আরব আমিরাতেও বিপদ সংকেত বা সাইরেন বেজেছে। অন্যদিকে, সৌদি আরব জানিয়েছে, তারা তাদের পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে ১০টির বেশি ড্রোন হামলা প্রতিহত করেছে। দেশটির অধিকাংশ তেল স্থাপনা এ এলাকাতেই অবস্থিত।
তথ্যসূত্র: আল–জাজিরা
লেবাননে ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ভবন
ইরাকে মার্কিন ঘাঁটিগুলোতে এক দিনে ২৩ বার হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর
ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স দাবি করেছে, তাদের যোদ্ধারা গত এক দিনে ইরাক ও এ অঞ্চলের বিভিন্ন স্থানে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ২৩টি অভিযান চালিয়েছে।
এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, এসব হামলায় তারা কয়েক ডজন ড্রোন ব্যবহার করেছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইসরায়েলের সেনা সদর দপ্তরে হিজবুল্লাহর ‘ক্ষেপণাস্ত্র হামলা’, দক্ষিণ লেবাননে দুপক্ষের মধ্যে লড়াই
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, তারা বেশ কিছু বিশেষ ক্ষেপণাস্ত্র দিয়ে মধ্য তেল আবিবের কিরিয়া এলাকায় অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এছাড়া তেল আবিবের উত্তরে ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার একটি স্থাপনাতেও হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।
স্থানীয় সময় গতকাল বুধবার দিবাগত রাতে এ হামলা চালানো হয় বলে হিজবুল্লাহ তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে।
কিরিয়া এলাকাটি ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তরের পাশাপাশি সরকারের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।
হিজবুল্লাহর এ হামলার দাবির বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের যোদ্ধাদের লড়াই চলছে। ইসরায়েলও জানিয়েছে, গতকাল সেখানে তাদের আরও এক সেনা ‘গুরুতর আহত’ হয়েছেন।
তথ্যসূত্র: আল–জাজিরা
হরমুজ প্রণালিতে ইরানের নৌ–মহড়ার দৃশ্য
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অফিশিয়াল ওয়েবসাইট সেপানিউজের প্রকাশ করা ছবিতে দেখা যাচ্ছে, হরমুজ প্রণালিতে আইআরজিসি ও ইরানি নৌবাহিনীর যৌথ সামরিক মহড়ার সময় একটি `দ্রুতগামী আক্রমণকারী' নৌযান থেকে রকেট ছোড়া হচ্ছে।
তথ্যসূত্র: গালফ নিউজ
‘যুদ্ধবিরতি প্রস্তাব’ পর্যালোচনার কথা জানাল ইরান, তবে আলোচনার সম্ভাবনা নাকচ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, প্রায় চার সপ্তাহ ধরে চলা যুদ্ধ বন্ধ করতে ইরান এখন একটি চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে। তবে তাঁর এ দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব পর্যালোচনা করছে ঠিকই, কিন্তু সংঘাত নিরসনে কোনো আলোচনায় বসার ইচ্ছা তাঁদের নেই।
যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, এর অর্থনৈতিক ও মানবিক সংকটও তত বাড়ছে। বিশ্বজুড়ে জ্বালানি তেলের সংকট ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশ ও কোম্পানি পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। এমন এক সময়ে দুই দেশের পক্ষ থেকে এসব পাল্টাপাল্টি বক্তব্য এল।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো সংলাপ বা আলোচনা হয়নি। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিভিন্ন বার্তা আদান-প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ‘বন্ধুপ্রতিম দেশগুলোর মাধ্যমে আমাদের কাছে আসা বার্তার উত্তর দেওয়া কিংবা নিজেদের অবস্থান জানানোকে সংলাপ বা আলোচনা বলা যায় না।’
এর কিছুক্ষণ পরই ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘ইরানের নেতারা প্রকৃতপক্ষে আলোচনা করছেন এবং তাঁরা একটি চুক্তি করতে খুবই মরিয়া। কিন্তু তাঁরা সেটা বলতে ভয় পাচ্ছেন। কারণ নিজ দেশের মানুষ তাঁদের মেরে ফেলতে পারে। আবার আমাদের হাতে মারা পড়ার ভয়ও তাঁদের আছে।’
অবশ্য ট্রাম্প এটা স্পষ্ট করেননি যে ইরানে কার সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা করছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর মধ্যপ্রাচ্যে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। তাঁদের মধ্যে অনেক উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন। হামলার জবাবে ইরানও ইসরায়েল, মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাঁটি ও যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্র দেশগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে।
যুদ্ধের প্রথম দিনই ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তাঁর জায়গায় দায়িত্ব নেন ছেলে মোজতবা খামেনি। তিনিও হামলায় আহত হয়েছেন বলে জানা গেছে। দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তাঁর কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি।
তথ্যসূত্র: রয়টার্স
কৃষ্ণসাগরে তুরস্কের তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা, দায় স্বীকার করেনি কেউ
তুরস্কের পরিবহনমন্ত্রী আবদুল কাদির উরালুগ্লু জানিয়েছেন, কৃষ্ণসাগরে তুরস্কের পরিচালিত একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা হয়েছে। হামলার সময় জাহাজটিতে তুরস্কের ২৭ জন নাবিক ছিলেন।
তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তুরস্কের আরেক সংবাদমাধ্যম এনটিভি জানিয়েছে, জাহাজটির মালিক তুরস্কের প্রতিষ্ঠান ‘বেসিকতাস’। তবে এটি সিয়েরা লিওনের পতাকাবাহী। জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণ করে সংবাদমাধ্যমটি আরও জানায়, ট্যাংকারটি রাশিয়ার নভোরোসিস্ক বন্দর থেকে প্রায় ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে রওনা হয়েছিল।
আবদুল কাদির উরালুগ্লু বলেন, ‘আমাদের ধারণা, জাহাজের ইঞ্জিন রুম লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। হামলাটি আকাশ থেকে ড্রোনের মাধ্যমে নয়, বরং একটি চালকবিহীন নৌযান (আনম্যানড সারফেস ভেহিকল) দিয়ে করা হয়েছে।’
ট্যাংকারটির ওপর হামলা তুরস্কের জলসীমায় হয়েছে কি না, তা মন্ত্রী নির্দিষ্ট করে জানাননি। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বসফরাস প্রণালি থেকে ৩০ কিলোমিটারের কম দূরত্বে এই হামলা হয়েছে।
উরালুগ্লু আরও বলেন, ‘এটি বাইরে থেকে ঘটানো কোনো বিস্ফোরণ বলে মনে হচ্ছে। বিশেষ করে জাহাজের ইঞ্জিন রুম লক্ষ্য করে এ হামলা করা হয়েছে, যাতে জাহাজটি পুরোপুরি অচল হয়ে পড়ে।’
ঘটনাস্থলে প্রয়োজনীয় ইউনিট পাঠানো হয়েছে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তুর্কি পরিবহনমন্ত্রী।
দায় স্বীকার করেনি কেউ
তুর্কি সংবাদপত্র ‘ইয়েনি শাফাক’ জানায়, এই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। কৃষ্ণসাগর দিয়ে সাধারণত জ্বালানি তেল ও শস্যের জাহাজ চলাচল করে। গুরুত্বপূর্ণ এ নৌপথে এমন হামলার ঘটনায় সমুদ্রপথে পণ্য পরিবহনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
আঞ্চলিক পরিস্থিতি
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধ এখন পঞ্চম সপ্তাহে গড়িয়েছে। এ যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যজুড়ে হামলা চলছে এবং হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে গেছে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই কৃষ্ণসাগরে এই হামলার ঘটনা ঘটল।
তবে কৃষ্ণসাগরের এ ঘটনাটি ইঙ্গিত দিচ্ছে যে সম্ভাব্য হামলার আওতা এখন ভৌগোলিকভাবে আরও ছড়িয়ে পড়ছে। তুরস্ক এই সংঘাত কমাতে শুরু থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আকাশসীমা রক্ষায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে আসছেন।
তথ্যসূত্র: আল–জাজিরা ও এএফপি
মার্কিনদের দ্রুত ইরাক ছাড়ার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস দেশটিতে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্য একটি নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে।
সতর্কবার্তায় দাবি করা হয়েছে, ইরাকের বিভিন্ন প্রান্তে থাকা মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে সশস্ত্র গোষ্ঠীগুলো ‘ব্যাপক’ হামলা চালিয়েছে। এমনকি ইরাকের কুর্দিস্তান অঞ্চলেও এসব হামলা হয়েছে।
ইরাকের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দূতাবাস মার্কিনদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে নাগরিকদের বাগদাদে অবস্থিত দূতাবাস কিংবা ইরবিলে অবস্থিত কনস্যুলেট জেনারেলে না যাওয়ার জন্যও অনুরোধ করছে।
দূতাবাস জানিয়েছে, ইরাক বর্তমানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকিতে রয়েছে।
تحذير أمني – سفارة الولايات المتحدة في بغداد، العراق – 26 مارس/ آذار 2026
— U.S. Embassy Baghdad (@USEmbBaghdad) March 26, 2026
الموقع: العراق
هناك تحديثات طفيفة على معلومات المعابر الحدودية مع الأردن، السعودية، وتركيا.
قامت ميليشيات إرهابية موالية لإيران بشن هجمات واسعة على مواطنين أمريكيين وأهداف مرتبطة بالولايات المتحدة في… pic.twitter.com/VRWjQQ2LTl
তথ্যসূত্র: ডন
ইসরায়েলের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি ইরানের
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযানের ‘৮২তম ধাপ’ শুরু করেছে।
ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
আইআরজিসি’র পক্ষ থেকে বলা হয়, আজ বৃহস্পতিবার ভোরে এই সর্বশেষ ধাপের অভিযান শুরু হয়েছে। এ অভিযানে বিপুল পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে। হামলার মূল লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র ও ডেড সির দক্ষিণে অবস্থিত দেশটির পারমাণবিক অবকাঠামো সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলো।
তথ্যসূত্র: আল–জাজিরা
আইআরজিসির নৌপ্রধানকে হত্যার দাবি ইসরায়েলের
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেন, ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়ে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরিকে হত্যা করেছে।
কাৎজের দাবি, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া ও গুরুত্বপূর্ণ এই জলপথে মাইন স্থাপন করায় মূল ভূমিকায় ছিলেন আলিরেজা তাংসিরি।
তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
তথ্যসূত্র: আল–জাজিরা।
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করছে পাকিস্তান
চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন পাকিস্তান। এই প্রক্রিয়ায় তুরস্ক, মিসরসহ আরও কয়েকটি দেশ যুক্ত রয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ কথা জানিয়েছেন। তিনি বলেন, মধ্যস্থতার প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান–প্রদান করছে পাকিস্তান।
তথ্যসূত্র: আল–জাজিরা।
রাশিয়া ইরানে ড্রোন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে না: ক্রেমলিন
রাশিয়া ইরানের জন্য ড্রোন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে না বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
এই বিষয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে পেসকভ বলেন, ‘গণমাধ্যমে এত বেশি মিথ্যা রটানো হচ্ছে... তাদের প্রতি মনোযোগ দেবেন না।’
রাশিয়ার সঙ্গে ইরানের ‘কৌশলগত অংশীদারত্ব চুক্তি’ রয়েছে। ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে আসছে রাশিয়া। তবে অস্ত্র বা সামরিক সরঞ্জাম দিয়ে তেহরানকে সহযোগিতার কথা প্রকাশ্যে আসেনি। যদিও এমন আলোচনা আছে যে, রাশিয়া গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে সহযোগিতা করছে।
যদিও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা দিয়েছে ইরান। বিশেষ করে ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোন দিয়ে মস্কোকে তেহরানের সহযোগিতার বিষয়টি বেশ আলোচিত।
তথ্যসূত্র: আল–জাজিরা।
ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১,৯৩৭
ইরানে মার্কিন–ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৯৩৭ জনে দাঁড়িয়েছে।
ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী আলী জাফারিয়ান আল–জাজিরাকে জানিয়েছেন, যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৯৩৭ জন নিহত হয়েছেন।নিহতদের মধ্যে ২৪০ জন নারী এবং ২১২ জন শিশু।
উপস্বাস্থ্যমন্ত্রী জানান, যুদ্ধে এ পর্যন্ত ২৪ হাজার ৮০০ এরও বেশি মানুষ আহত হয়েছে। যার মধ্যে প্রায় ৪ হাজার নারী এবং ১ হাজার ৬২১টি শিশু রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান।
তথ্যসূত্র: আল–জাজিরা।
আবার ট্রাম্পের হুমকি, ‘বেশি দেরি হওয়ার আগে’ আলোচনায় আসুক ইরান
ইরানকে আলোচনায় ফিরতে আবার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘বেশি দেরি হওয়ার আগে’ যুদ্ধ বন্ধের আলোচনা শুরু হোক।
ট্রাম্পের এই হুমকি এমন সময়ে এল, যখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌপ্রধান আলিরেজা তাংসিরিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।
মার্কিন প্রেসিডেন্ট আজ সামাজিক মাধ্যমে বলেন, ‘বেশি দেরি হয়ে যাওয়ার আগেই বিষয়টি (আলোচনা) গুরুত্বের সঙ্গে নিতে হবে তাদের (ইরান)। কারণ একবার এটি ঘটলে, ফেরার কোনো পথ নেই এবং এটি ভালো দেখাবে না!’ তিনি দাবি করেন, ইরান ‘সামরিকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেখান থেকে ফেরার কোনো সুযোগ নেই’।
তথ্যসূত্র: এএফপি।
৮০ বছরের মধ্যে বিশ্ব বাণিজ্যে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়: ডব্লিউটিও
বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা ৮০ বছরে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) প্রধান এনগোজি ওকোনজো-ইওয়েল্লা। ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ডাব্লিউটিও প্রধান বলেন, ‘আজকের বিশ্বে যে সমস্যাগুলো মোকাবিলা করছি তার ব্যাপকতা আমরা অস্বীকার করতে পারি না।’
উল্লেখ্য, ইরানে চলমান মার্কিন–ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ করে দিয়েছে তেহরান। এই পথ দিয়ে বৈশ্বিক জ্বালানির প্রায় ২০ শতাংশ সরবরাহ করা হয়ে থাকে। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
পাকিস্তানের অনুরোধে ইরানের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের ‘হিট লিস্ট’ থেকে বাদ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফকে হত্যার তালিকা বা ‘হিট লিস্ট’ থেকে সরিয়ে নিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের এক বিশেষ অনুরোধের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচনার বিষয়ে অবগত পাকিস্তানের একটি সূত্র আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
আইআরজিসির নৌপ্রধানকে হত্যা মার্কিন–ইসরায়েল সহযোগিতার আরেকটি উদাহরণ: নেতানিয়াহু
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌপ্রধান আলিরেজা তাংসিরিকে হত্যা করা হয়েছে জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাংসিরিকে হত্যা করা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘সহযোগিতার আরেকটি উদাহরণ’।
হিব্রু ভাষায় দেওয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু এ কথা বলেন। তিনি বলেন, ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে শক্তিশালী হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
এর আগে ইসরায়েলের প্রতিরক্ষমন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেন, ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়ে আলিরেজা তাংসিরিকে হত্যা করেছে। তাংসিরি হরমুজ প্রণালিতে অচলবস্থা সৃষ্টি করা ও সেখানে মাইন পেতে রাখায় মূল ভূমিকা পালন করেন বলে উল্লেখ করেন কাৎজ।
ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাঁর সরকারের প্রতিরক্ষামন্ত্রীর এসব বক্তব্যকে সমর্থন করেন।
তথ্যসূত্র: বিবিসি।
ইয়েমেনের হুতি সশস্ত্র গোষ্ঠীর ঘোষণা, ইরানের পক্ষে যেকোনো সময় যুদ্ধে নামতে প্রস্তুত
ইরানের পক্ষ হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। প্রয়োজন হলে যেকোনো সময় যুদ্ধ শুরু করার সামরিক প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছে এই গোষ্ঠী।
নাম প্রকাশ না করার শর্তে হুতির একজন নেতা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা সামরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। সব ধরনের বিকল্পসহ প্রস্তুত আছি আমরা।’ তিনি বলেন, ‘এখন পর্যন্ত ইরান ভালো করছে এবং শত্রুকে প্রতিদিন পরাজিত করছে। যদি এর বিপরীত কিছু ঘটে, আমরা বিষয়টি বুঝতে পারবো।’
হুতির ওই নেতা আরও বলেন, তাঁরা পুরো পরিস্থিত পর্যবেক্ষণ করছেন। কখন এগিয়ে যাওয়ার উপযুক্ত সময় সেটা সহজেই বুঝতে পারবেন।
হুতি গোষ্ঠী এ যুদ্ধে যুক্ত হলে একটি নতুন ফ্রন্ট খুলে যাবে। হুতিদের সুস্পষ্ট লক্ষ্য হবে ইয়েমেনের উপকূলের বাইরের বাব আল-মান্দেব প্রণালি। এই প্রণালি হয়ে সুয়েজ খালের দিকে সমুদ্রযান চলাচল করে। তখন হরমুজ প্রণালির পর আরেকটি জলপথেও হয়তো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে ইরান। সেটা হলে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি আরও অস্থির হবে।
এর আগেও বিভিন্ন সময়ে হুতি গোষ্ঠী ওই জলপথে ট্যাংক ও জাহাজে হামলা চালিয়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা।
চুক্তির সুযোগ এখনো আছে, তবে তা নির্ভর করছে ইরানের ওপর: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান যুদ্ধ বন্ধের একটি চুক্তি করার সুযোগ এখনো আছে। তবে সেটা নির্ভর করছে ইরানের ওপর। তিনি ইরানকে ‘চমৎকার আলোচক, তবে দুর্বল যোদ্ধা’ বলে আখ্যা দিয়েছেন।
ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সত্ত্বেও ইরানের সামরিক বাহিনী অনেকটাই নিষ্ক্রিয় হয়ে গেছে। তিনি বলেন, ‘আমরা ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করছি। তারা পরাজিত হয়েছে; তারা ফিরে আসার চেষ্টা করছে না। তাদের এখন একটি চুক্তি করার সুযোগ আছে, কিন্তু সেটা তাদের ওপর নির্ভর করছে।’
ট্রাম্প আরও বলেন, ‘আমরা তাদের (ইরান) ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মজুত ধ্বংস করছি, তাদের প্রতিরক্ষা শিল্পের ঘাঁটি ধ্বংস করছি। আমরা তাদের নৌবাহিনী, বিমান বাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস করেছি এবং তাদের ক্ষেপণাত্রের একটি বড় অংশ এবং ৯০ শতাংশ লঞ্চার ধ্বংস করেছি।’
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘সময়ের চেয়ে অনেক এগিয়ে’ আছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ইরান চার থেকে ছয় সপ্তাহ টিকে থাকবে বলে ধারণা করা হয়েছিল।
তথ্যসূত্র: আল–জাজিরা।
হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলি নিহত
হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলের নাহারিয়ায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ হামলায় অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
ইরান ও হিজবুল্লাহর হামলার কারণে ইসরায়েলের তেল আবিব, মধ্যাঞ্চলীয় এলাকা ও জেরুজালেমে বৃহস্পতিবার প্রায় সারাদিন থেমে থেমে সতর্ক সংকেত বেজেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটিতে বৃহস্পতিবারের এসব হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা।
হরমুজ প্রণালি নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছেন ফ্রান্সের সশস্ত্র বাহিনীর প্রধান
ফ্রান্সের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ফাবিয়ঁ মঁদঁ হরমুজ প্রণালি পুনরায় খোলার উপায় নিয়ে ৩৫ দেশের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সে আলোচনা করেছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। তবে কোন কোন দেশের সঙ্গে আলোচনা হয়েছে, তা উল্লেখ করা হয়নি।
বিবৃতিতে বলা হয়, এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযান থেকে আলাদা ও সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। এই উদ্যোগের উদ্দেশ্য হলো হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু করা, সেটা ওই অঞ্চলে চলমান উত্তেজনা শেষ হওয়ার পর।
তথ্যসূত্র: আল–জাজিরা।
লেবাননে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
লেবাননে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। গত বুধবার তাঁকে হত্যা করা হয়েছে বলে ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলার মধ্যে ওই নেতাকে হত্যার দাবি করা হলো।
বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের হাজির এলাকায় হামলা চালিয়ে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার হাসান মোহাম্মদ বশিরকে হত্যা করেছে ইসরায়েলের বিমানবাহিনী।
মধ্যপ্রাচ্য যুদ্ধের মধ্যে গত ২ মার্চ থেকে লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার ইরানের পশ্চিমাঞ্চলের কেরমানশাহ প্রদেশ এবং দেজফুল শহরে বিভিন্ন স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। আইডিএফ জানিয়েছে, তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত অস্ত্রের সংরক্ষণাগার ও উৎক্ষেপণ-সংক্রান্ত স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করছে।
তথ্যসূত্র: সিএনএন
যুদ্ধে লেবাননে নিহত বেড়ে ১ হাজার ১১৬
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১১৬ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এ তথ্য দিয়েছে।
লেবাননের বিপর্যয় ও ঝুঁকি ব্যবস্থাপনা দপ্তরের বরাতে বার্তা সংস্থাটির খবরে বলা হয়েছে, ১ হাজার ১১৬ জন নিহত হওয়ার পাশাপাশি দেশটিতে আহত হয়েছে ৩ হাজার ২২৯ জন। এ ছাড়া চলমান যুদ্ধের কারণে দেশটিতে বাস্তুচ্যুত হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ২৬২ জন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। এরই মধ্যে ইসরায়েলে হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ওই হামলার জবাবে ২ মার্চ থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
তথ্যসূত্র: বিবিসি
ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত রাখার ঘোষণা ট্রাম্পের
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইরান সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে দেশটির জ্বালানি স্থাপনায় ধ্বংসযজ্ঞ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আগামী ৬ এপ্রিল রাত আটটা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইরানের সঙ্গে আলোচনা চলছে। বিভিন্ন ভুয়া সংবাদমাধ্যমের ভুল খবর প্রকাশের পরও আলোচনা ভালোভাবে চলছে।
এর আগে গত সোমবার ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে আগামীকাল শুক্রবার পর্যন্ত ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ রাখবে মার্কিন বাহিনী। সে হিসাবে আগামীকাল পর্যন্ত স্থাপনাগুলোয় হামলা বন্ধ থাকার কথা ছিল।
তথ্যসূত্র: সিএনএন
ইসরায়েলের সামরিক জাহাজ ও জ্বালানি ট্যাংকে হামলার দাবি ইরানের
ইসরায়েলের বিভিন্ন সামরিক জাহাজ এবং যুদ্ধবিমানের জ্বালানির ট্যাংকে হামলার দাবি করেছে ইরানের সেনা সদর দপ্তর। বৃহস্পতিবার পূর্ব ভূমধ্যসাগরে জাহাজ এবং ইসরায়েলের হাইফা বন্দরে ওই তেলের ট্যাংকে হামলা চালানো হয় বলে জানিয়েছে তারা।
ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাকারিকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘আল্লাহর দয়ায় আমরা সব আগ্রাসনকারী এবং অশুভ শক্তির উৎসকে শক্তিমত্তার সঙ্গে লক্ষ্যবস্তুতে পরিণত করতে দৃঢ়প্রতিজ্ঞ।’
তথ্যসূত্র: আল-জাজিরা
চাপের মুখে ইউক্রেনের জন্য রাখা অস্ত্র মধ্যপ্রাচ্যে আনার কথা ভাবছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের সরবরাহ। এমন পরিস্থিতিতে ইউক্রেনে সরবরাহের জন্য রাখা কিছু অস্ত্র মধ্যপ্রাচ্যে পাঠানোর কথা ভাবছে ওয়াশিংটন।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অর্থায়নে কেনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র অন্যত্র (মধ্যপ্রাচ্য) ব্যবহার করা হতে পারে। এতে করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জন্য সমস্যা দেখা দিতে পারে।
ওয়াশিংটন এমন পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্রাড কুপার বলেছেন, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে তাঁরা ইরানের ১০ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছেন।
তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এবং দেশটির মিত্রদের লড়াই চালিয়ে যেতে এবং জয় পেতে যা যা দরকার তা নিশ্চিত করবে পেন্টাগন।
তথ্যসূত্র: আল-জাজিরা
যুদ্ধে সেনাসংকট, মন্ত্রিসভার বৈঠকে সতর্কবার্তা ইসরায়েলি সেনাপ্রধানের
ইরান ও লেবাননের বিরুদ্ধে একই সঙ্গে একাধিক সম্মুখসারিতে যুদ্ধ করছে ইসরায়েলি বাহিনী। এতে করে বাহিনীতে সেনা সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতি চলতে থাকলে ইসরায়েলি বাহিনী ‘ভেঙে’ পড়বে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির।
ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার ইসরায়েলের মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ইয়াল জামির। সেখানে তিনি বলেন, ‘আমি আপনাদের সঙ্গে ১০টি লাল পতাকা তুলছি।’ সেনা সংকটের কারণে খুব শিগগিরই সেনাবাহিনী সাধারণ অভিযানও চালাতে অক্ষম হয়ে পড়বে।
এমন পরিস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকে কিছু সুপারিশও তুলে ধরেন ইসরায়েলি সেনাপ্রধান। তিনি বলেন, সেনাবাহিনীর জন্য সেনা নিয়োগ আইন, প্রাক্তন সেনাদের দায়িত্বে ফেরানো-সংক্রান্ত আইন এবং সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে দায়িত্বের সময়সীমা বাড়ানো-সংক্রান্ত আইনের প্রয়োজন।
তথ্যসূত্র: আল–জাজিরা
মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার স্থলসেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে শান্তি আলোচনার কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে যুদ্ধে তাঁকে আরও সামরিক বিকল্প দেওয়ার বিষয়টি বিবেচনা করছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এর অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ১০ হাজার পর্যন্ত স্থলসেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। এতে পেন্টাগনের পরিকল্পনা সম্পর্কে অবগত আছেন—এমন কর্মকর্তাদের বরাতে উল্লেখ করা হয়েছে যে মধ্যপ্রাচ্যে পাঠানো সম্ভাব্য এই বাহিনীতে পদাতিক সেনা ও সাঁজোয়া যান অন্তর্ভুক্ত থাকবে।
ওয়াশিংটন এরই মধ্যে মার্কিন বাহিনীর ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় ৫ হাজার মেরিন সেনা ও প্রায় ২ হাজার প্যারাট্রুপারকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দিয়েছে। এখন ওয়াল স্ট্রিট জার্নালের খবর অনুযায়ী আরও প্রায় ১০ হাজার সেনা তাঁদের সঙ্গে যুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
তথ্যসূত্র: আল-জাজিরা
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে জানানো হয়েছে, সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর বা আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট এ সংবাদ সংস্থা বলেছে, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় সুলতান আমির ঘাঁটিতে ড্রোন হামলার কথা উল্লেখ করা হয়েছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইরানে জ্বালানি স্থাপনায় হামলা ১০ দিন বিলম্বের ঘোষণায় কমল তেলের দাম
ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার সময়সীমা পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এ ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে।
গতকাল বৃহস্পতিবার তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। তবে আজ শুক্রবার দাম কিছুটা কমলেও তা আগের দিনের সেই বড় উল্লম্ফনকে পুরোপুরি কমিয়ে আনতে পারেনি। ইরান যুদ্ধ ধারণার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে—এমন ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই আজ তেলের বাজারে এ পরিস্থিতি দেখা গেছে।
শুক্রবার গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত আড়াইটায় দেখা যায়, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ১ দশমিক ৫ শতাংশ কমেছে। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ৯৩ দশমিক ০৭ ডলারে। অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ১০৬ দশমিক ১২ ডলারে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধ শুরু করার পর থেকে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে। আর এ সময়ে ডব্লিউটিআই তেলের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরানের কোমে আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নিহত ৬
ইরানের কোম শহরের একটি আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
ইরানের সংবাদ সংস্থা ‘ফারস নিউজ এজেন্সি’কে কোমের ডেপুটি গভর্নর জানিয়েছেন, ওই হামলায় তিনটি আবাসিক বাড়ি লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলায় কতজন আহত হয়েছেন, সে সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তথ্যসূত্র: আল–জাজিরা
ব্রিটিশ ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমানের উড্ডয়ন
যুক্তরাজ্যের গ্লুস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটি থেকে গত ২৩ মার্চ উড্ডয়ন করছে মার্কিন বিমান বাহিনীর একটি ‘বি১’ বোমারু বিমান। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ব্রিটিশ বিমান বাহিনীর এ ঘাঁটিটি বর্তমানে মার্কিন সামরিক কর্মীরা ব্যবহার করছেন।
তথ্যসূত্র: আল–জাজিরা
রাশিয়ার আহ্বানে নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক আজ
ইরান পরিস্থিতি নিয়ে আজ শুক্রবার নিউইয়র্ক সময় সকাল ১০টায় (জিএমটি বেলা ২টা) একটি রুদ্ধদ্বার বৈঠকের সূচি নির্ধারণ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, রাশিয়া এ বৈঠকের আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের দুজন কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানায়, ইরানে বেসামরিক অবকাঠামোর ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিষয়ে আলোচনার জন্য এ সভা ডাকা হয়েছে।
বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সভাপতির দায়িত্বে রয়েছে যুক্তরাষ্ট্র। তারা এ বৈঠকের সময়সূচি নির্ধারণ করেছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইসরায়েলে হামলায় ক্ষতিগ্রস্ত ভবন
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় আরদ শহরের একটি আবাসিক এলাকা। গতকাল ২৬ মার্চ ড্রোন থেকে তোলা এ ছবিতে হামলার পর ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখা যাচ্ছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
তিন কৌশলে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে রেখে যুক্তরাষ্ট্রকে বেকায়দায় ফেলছে ইরান
প্রায় চার সপ্তাহ ধরে কার্যত বন্ধ রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং এ অচলাবস্থা দ্রুতই কাটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
পারস্য উপসাগরে ইরানের হুমকি ও জাহাজে হামলার আশঙ্কায় এ সংকীর্ণ জলপথ দিয়ে নৌযান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়েই সরবরাহ করা হয়। এ ছাড়া বিশ্বের খাদ্য উৎপাদনে প্রয়োজনীয় সার সরবরাহের প্রধান পথও এটি।
জ্বালানি সংকট আরও ঘনীভূত হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অবরোধ তুলে নিতে কূটনৈতিক প্রচেষ্টার কথা বলছেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার সেনা মোতায়েন ও তেলবাহী জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনীর পাহাড়ায় পার করে দেওয়ার উপায় খুঁজছেন তিনি।
তবে অনেক ক্ষেত্রেই ইরানের পাল্লা এখনো ভারী। এর একটি বড় কারণ, দেশটির অপ্রচলিত যুদ্ধপদ্ধতি, যেমন সস্তা ড্রোন ও সমুদ্রমাইনের ব্যবহার। অন্য কারণটি হলো ইরানের ভৌগোলিক অবস্থান। এ তিন বাস্তবতার কারণে যুক্তরাষ্ট্র বা অন্য দেশগুলোর পক্ষে এ পথে জাহাজ রক্ষা করা বা সামরিকভাবে এ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
তা ছাড়া, এ প্রণালির নিয়ন্ত্রণ ধরে রাখা ইরানের জন্য আর্থিকভাবেও লাভজনক। গত ২৩ মার্চ ‘লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স’-এর একটি প্রতিবেদনে জানানো হয়, অন্তত দুটি জাহাজ এ পথ দিয়ে নিরাপদে যাওয়ার জন্য মোটা অঙ্কের অর্থ পরিশোধ করেছে।
ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, নির্দিষ্ট কিছু জাহাজকে নিরাপদে পার করে দেওয়ার বিনিময়ে তাঁরা এভাবে ফি নেওয়া অব্যাহত রাখবেন।
তথ্যসূত্র: সিএনএন
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ক্ষত
ইরান যুদ্ধে এবার আত্মঘাতী হামলায় সক্ষম চালকবিহীন ‘নৌ ড্রোন’ নামাল যুক্তরাষ্ট্র
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের অংশ হিসেবে টহল দেওয়ার জন্য চালকবিহীন ‘ড্রোন স্পিডবোট’ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে।
এ প্রথমবারের মতো ওয়াশিংটন কোনো সক্রিয় যুদ্ধে এ ধরনের নৌযান ব্যবহারের কথা স্বীকার করল। এর আগে এসব নৌযান মোতায়েনের খবর কোথাও প্রকাশিত হয়নি।
এ ড্রোন বোটগুলো নজরদারি করার পাশাপাশি আত্মঘাতী হামলার কাজেও ব্যবহার করা যেতে পারে।
গত বছর রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, চালকবিহীন নৌবহর তৈরির ক্ষেত্রে মার্কিন নৌবাহিনী বেশ কিছু বাধার সম্মুখীন হয়েছিল। তবে সে প্রতিকূলতা কাটিয়েই এগুলো এখন যুদ্ধক্ষেত্রে নামানো হলো।
ইউক্রেন যুদ্ধে বিস্ফোরকবাহী স্পিডবোট দিয়ে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের ব্যাপক ক্ষতি করার পর থেকে চালকবিহীন এ নৌযানগুলো আলোচনায় আসে। প্রায় এক মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করার পর থেকে ইরানও অন্তত দুইবার পারস্য উপসাগরে তেলবাহী জাহাজে হামলার জন্য ‘সি ড্রোন’ বা সমুদ্র-ড্রোন ব্যবহার করেছে।
তবে যুক্তরাষ্ট্র এখনো এসব চালকবিহীন নৌযান দিয়ে কোনো আক্রমণাত্মক হামলা চালিয়েছে কি না, তার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
রয়টার্সের প্রশ্নের জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র টিম হকিন্স জানিয়েছেন, মেরিল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘ব্ল্যাক-সি’র তৈরি এসব চালকবিহীন নৌযান ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’র অংশ হিসেবে টহল দিচ্ছে। এ বিশেষ নৌযানগুলো ‘গ্লোবাল অটোনোমাস রিকনেসান্স ক্রাফট’ বা ‘জিএআরসি’ নামে পরিচিত।
এক বিবৃতিতে হকিন্স বলেন, মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে জিএআরসির মতো ড্রোন নৌযান ব্যবহার অব্যাহত রেখেছে। এ বিশেষ প্ল্যাটফর্মটি ‘অপারেশন এপিক ফিউরি’র সমর্থনে টহল দেওয়ার সময় সফলভাবে ৪৫০ ঘণ্টারও বেশি পানিতে ভেসে থেকে ২ হাজার ২০০ নটিক্যাল মাইল পথ অতিক্রম করেছে।
তবে বর্তমানে মোতায়েন থাকা অন্য কোনো ড্রোন ব্যবস্থার নাম বলতে রাজি হননি হকিন্স। এ বিষয়ে নির্মাতা প্রতিষ্ঠান ‘ব্ল্যাক-সি’ও কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
তথ্যসূত্র: রয়টার্স
লোকজনকে দ্রুত মার্কিন ঘাঁটি সংলগ্ন এলাকাগুলো ছাড়তে বলল ইরানের বিপ্লবী গার্ড
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাধারণ মানুষকে মার্কিন সামরিক ঘাঁটি সংলগ্ন এলাকাগুলো দ্রুত খালি করার আহ্বান জানিয়েছে।
আইআরজিসি বলেছে, মার্কিন সেনাদের ‘যেখানেই পাওয়া যাবে’, সেখানেই তাঁদের ওপর হামলা চালানো আইআরজিসির ‘পবিত্র দায়িত্ব’।
এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ শাখা বলেছে, ‘আমরা আপনাদের জোরাল পরামর্শ দিচ্ছি যে যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে, সেসব এলাকা আপনারা অবিলম্বে ত্যাগ করুন, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়।’
তথ্যসূত্র: আল–জাজিরা
লেবাননে ইসরায়েলি দুই সেনা গুরুতর আহত
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সামরিক বাহিনীর দুই সদস্য গুরুতর আহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে এক লড়াইয়ে একজন কর্মকর্তা এবং একজন সৈনিক ‘গুরুতরভাবে আহত’ হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইসরায়েলি বাহিনী ওই অঞ্চলে স্থল অভিযান চালাচ্ছে।
ইসরায়েল ২ মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে আসছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে এই হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে ইসরায়েল। হিজবুল্লাহও লেবানন থেকে ইসরায়েল লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।
সূত্র: আল–জাজিরা।
ইরানে হামলা আরও জোরদার করা হবে, হুমকি ইসরায়েলের
ইরানে হামলা আরও জোরদার করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ওপর ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলেছেন তিনি।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী কাৎজ সামরিক কর্মকর্তাদের বলেছেন, ইরানে হামলা আরও জোরদার ও বিস্তৃত হবে। এমন লক্ষ্যবস্তুর ওপর আঘাত করা হবে যা, ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর ইরানের হামলা পরিচালনায় সহায়ক।
ইসরায়েল কাৎজ বলেন, ‘তাদের (ইরান) চড়া মূল্য দিতে হবে … এবং যুদ্ধের সকল লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমরা ইরানে পূর্ণ শক্তি দিয়ে অভিযান অব্যাহত রাখব।’
সূত্র: আল–জাজিরা।
ইরানের কোম শহরে আবাসিক এলাকায় হামলায় নিহত ১৮
ইরানের কোম শহরে গতরাতের হামলায় ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়েছে।
ইরানের ফার্স নিউজ এজেন্সি এবং তাসনিম জানিয়েছে, কোম শহরের পার্দিসান এলাকায় চালানো ওই হামলায় ১৮ জন নিহত হয়েছে। প্রথম ছয় জনের নিহত হওয়ার কথা জানানো হয়েছিল। পরে তা হালনাগাদ করা হয়। একই হামলায় ১০ জন আহত হয়েছেন।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, হতাহতদের উদ্ধার করা হয়েছে। আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়েছে।
ইরানের রেড ক্রিসেন্টের তথ্যমতে, দেশটিতে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন–ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১ হাজার ৯০০ ছাড়িয়েছে। নিহত হয়েছেন অন্তত ২০ হাজার ইরানি।
সূত্র: আল–জাজিরা।
চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে আলোচনা হয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই–র। ইসলামাবাদের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার প্রচেষ্টা নিয়ে কথা বলেছেন তাঁরা। এই প্রচেষ্টায় সমর্থন জানিয়ে পাকিস্তানের প্রশংসা করেছে চীন।
চলমান যুদ্ধ বন্ধে পাকিস্তান যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছিল। ইরান তা প্রত্যাখ্যান করেছে তাদের দাবি তুলে ধরেছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর ইসহাক দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যসহ বিস্তৃত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করছি। আমরা অবিলম্বে উত্তেজনা কমানো, শান্তি আলোচনার পুনরায় শুরু করা, বেসামরিক মানুষের সুরক্ষা, নৌযান চলাচলের নিরাপত্তা এবং জাতিসংঘ সনদের প্রতি আনুগত্য নিশ্চিত করার প্রচেষ্টাগুলোর প্রতি সমর্থন অব্যহত রাখতে সম্মত হয়েছি।’
সূত্র: আল–জাজিরা।
ইরানকে হামলার লক্ষ্যবস্তু শনাক্ত করতে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি
ইরানকে হামলার লক্ষ্যবস্তু শনাক্ত করতে রাশিয়া সাহায্য করছে বলে মন্তব্য করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডিপুল। তিনি অভিযোগ করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রুশ হামলা থেকে বিশ্বের নজর সরাতেই মধ্যপ্রাচ্য যুদ্ধকে ব্যবহার করতে চাইছেন।
ফ্রান্সে জি-৭ বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভাডিপুল বলেন, তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলাপকালে জার্মানির অবস্থান নিয়ে কথা বলেছেন। তিনি উল্লেখ করেন যে, চলমান উত্তেজনা শেষ হওয়ার পর হরমুজ প্রণালিতে জার্মানি ভূমিকা পালন করতে ইচ্ছুক।
ভাডিপুল বলেন, ‘পুতিন নিষ্ঠুরভাবে আশা করছেন যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ইউক্রেনে তার অপরাধগুলো থেকে আমাদের মনোযোগ সরিয়ে দেবে। এই হিসাব সফল হওয়া চলবে না। আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, এই দুটি সংঘাত কতটা ঘনিষ্ঠভাবে একে অপরের সাথে জড়িত। রাশিয়া স্পষ্টতই সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য দিয়ে ইরানকে সহায়তা করছে।’
সূত্র: আল–জাজিরা।
ইরান–হিজবুল্লাহর হামলায় ২৪ ঘণ্টায় ২৬১ ইসরায়েলি আহত
ইসরায়েলে হামলায় গত ২৪ ঘণ্টায় ২৬১ জন আহত হয়েছেন। ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এসব হামলা চালিয়েছে।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়। মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলে ইরানের হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫ হাজার ৪৯২ জন আহত হয়েছেন। এদের মধ্যে এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১১৬ জন।
আর শুধু গত ২৪ ঘণ্টায় ইরান এবং হিজবুল্লাহ হামলায় বিভিন্ন হাসপাতালে ২৬১ জন চিকিৎসা নিয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে। জবাবে ইসরায়েলে ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান।
সূত্র: আল–জাজিরা।
এফবিআই পরিচালকের ব্যক্তিগত ইমেইলে ঢুকেছে হ্যাকারেরা
মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের পরিচালক ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইলে ঢুকেছে হ্যাকারেরা। এই হ্যাকারেরা ইরানের সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করা হয়েছে।
হ্যাকারেরা প্রকাশ্যে দাবি করেছে, তারা ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ইনবক্সে ঢুকেছে। এর প্রমাণ হিসেবে হ্যাকারেরা ক্যাশ প্যাটেল ও তাঁর জীবন–বৃত্তান্তের ছবিও প্রকাশ করেছে।
মার্কিন বিচার বিভাগের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন, ক্যাশ প্যাটেলের ইমেইলে হ্যাকারেরা ঢুকেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
এ বিষয়ে এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সাড়া দেয়নি।
সূত্র: আল–জাজিরা।
পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলা, পাল্টা হামলার সতর্কতা জারি ইরানের
ইরানের একটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছে। এরপর এ অঞ্চলে দেশ দুটির মালিকানা আছে এমন শিল্পপ্রতিষ্ঠানগুলোর কর্মীদের দ্রুত কর্মস্থল ছাড়তে সতর্কতা জারি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে, স্থলবাহিনী প্রয়োজন নেই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ইরান যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, স্থলবাহিনী ছাড়াই ইরানে যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। এই অভিযান কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে, কয়েক মাস প্রয়োজন হবে না।
ফ্রান্সে উন্নত দেশগুলোর জোট জি–৭ এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, হরমুজ প্রণালিকে জাহাজ চলাচলের জন্য খোলা রাখা এখন ‘তাৎক্ষণিক চ্যালেঞ্জ’ হয়ে উঠতে পারে, এমনকি ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক উদ্দেশ্য অর্জিত হওয়ার পরেও।
রুবিও বলেন, বৈরিতা শেষ হওয়ার পর প্রণালিটি খোলা রাখার একটি পরিকল্পনার জন্য যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সহযোগিতা চাইবে। তিনি আরও বলেন, ইউক্রেনের জন্য বরাদ্দকৃত অস্ত্র এখন ইরানের যুদ্ধে ব্যবহারের জন্য সরিয়ে নেওয়া হচ্ছে না। তবে এমনটি ঘটতে পারে।
সূত্র: আল–জাজিরা
পরমাণু স্থাপনায় হামলার জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে: আরাগচি
ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এসব ‘অপরাধের’ জন্য ইসরায়েলকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এমন প্রতিক্রিয়া জানান আরাগচি।
শুক্রবার ইরানের বেশ কয়েকটি পরমাণু স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর মধ্যে একটি ইউরেনিয়াম উৎপাদনকেন্দ্র এবং ভারী পানির একটি চুল্লি রয়েছে। এ ছাড়া ইসফাহানে দুটি ইস্পাত কারখানায় ইসরায়েলি হামলা হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।
এক্সে আরাগচি লিখেছেন, ইসরায়েল দাবি করছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে হামলা চালিয়েছে। ইরানে হামলার বিষয়ে ট্রাম্প যে সময়সীমা বাড়িয়েছেন, তার সঙ্গে ইসরায়েলের এই হামলা বিরোধপূর্ণ। এই অপরাধের জন্য ইসরায়েলের কাছ থেকে চড়া মূল্য আদায় করবে ইরান।
এমন সময় এসব হামলা হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালি খুলে দেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি স্থাপনায় কিছুটা দেরিতে হামলা চালাবে। হরমুজ প্রণালি ইরান ও ওমানের মাঝে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জলপথ। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে সেখান দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
তথ্যসূত্র: সিএনএন
পশ্চিম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় অন্তত ২০ জন নিহত
ইরানের পশ্চিমাঞ্চলে কেরমানশাহ প্রদেশে শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ। প্রদেশটির একজন নিরাপত্তা কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম তাসনিম।
শুক্রবার সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, কেরমানশাহ প্রদেশের আলাদা তিনটি স্থানে আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালানো হয়। নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। এমনকি মারা যাওয়া এক নারী অন্তঃসত্ত্বা ছিলেন বলে তাসনিমের খবরে উল্লেখ করা হয়েছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকালে প্রদেশের কারখানেহ গ্রামে একটি হামলায় অন্তত সাতজন নিহত হন। পরে প্রদেশের রাজধানী কেরমানশাহ শহরে আলাদা দুটি হামলায় নিহত হন অন্তত ১৩ জন। পরের দুই হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবন থেকে অন্তত চারজনকে উদ্ধার করা হয়েছে।
এসব হামলার বিষয়ে জানতে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সঙ্গে যোগাযোগ করেছিল সিএনএন। তবে তারা কোনো মন্তব্য করেনি। আর একটি বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সিএনএনকে জানিয়েছে, এমন কোনো হামলার কথা তারা জানে না।
তথ্যসূত্র: সিএনএন
শিগগিরই ইরানের সঙ্গে বৈঠকের বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র: মার্কিন দূত
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে বৈঠকের বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে এক অনুষ্ঠানে এ কথা বলেছেন তিনি। উইটকফের ভাষ্যমতে, চলতি সপ্তাহেই এই বৈঠক হতে পারে।
মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রায় চার সপ্তাহ ধরে চলছে। যুদ্ধ বন্ধের জন্য এরই মধ্যে তেহরানের কাছে ১৫ দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ওই প্রস্তাবের জবাব আশা করছে বলে জানান উইটকফ। তিনি বলেন, ট্রাম্প একটি শান্তি চুক্তি চান। তবে তিনি ‘শক্তির মাধ্যমে শান্তি আনার’ নীতিতে বিশ্বাস করেন।
স্টিভ উইটকফের মতে, যুক্তরাষ্ট্র এমন একটি সমাধানে পৌঁছাতে চায়, যার ভিত্তি হবে ইরানের কাছে কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম না থাকা। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে উত্তর কোরিয়ার মতো কোনো দেশ থাকতে পারবে না। অর্থাৎ সেখানে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না।
তথ্যসূত্র: আল-জাজিরা
ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে ক্ষেপণাস্ত্রের আঘাত
ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির আণবিক শক্তি সংস্থা। শুক্রবার রাতে এই হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম তাসনিম এ খবর জানিয়েছে।
ইরানের আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, এই পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তৃতীয় হামলা এটি। তবে রাতের এই হামলায় কেউ হতাহত হননি। পরমাণু বিদ্যুৎকেন্দ্রটির কোনো প্রকার আর্থিক বা প্রযুক্তিগত ক্ষয়ক্ষতিও হয়নি।
আণবিক শক্তি সংস্থার ভাষ্যমতে, শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত পরমাণু স্থাপনাগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক নিয়মনীতি ও অঙ্গীকারের স্পষ্ট লঙ্ঘন। এসব নিয়মনীতিতে এই স্থাপনাগুলোকে হামলা থেকে সুরক্ষিত রাখার কথা বলা হয়েছে। এমন হামলা আঞ্চলিক নিরাপত্তা ও সুরক্ষা বড় হুমকির মুখে ফেলতে পারে।
তথ্যসূত্র: আল-জাজিরা
হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন মার্কিন প্রেসিডেন্ট
হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি।
বক্তব্যে মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘ওদের (ইরান) এটা খুলে দিতে হবে। ওদের “ট্রাম্প প্রণালি” খুলে দিতে হবে। মানে হরমুজ।’ পরপরই তিনি মজা করে বলেন, ‘মাফ করবেন, আমি দুঃখিত। কী ভয়ানক ভুল।’ এরপর ট্রাম্প আবার বলেন, ‘ভুয়া খবরে বলা হবে, “তিনি (ট্রাম্প) ভুল করে বলেছেন।” না, আমার ভুল হয়নি। খুব একটা নয়।’
ইরানকে খুব শিগগিরই হরমুজ প্রণালি খুলে দিতে বলেছেন ট্রাম্প। না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেবেন বলেও হুমকি দিয়েছেন। এরই মধ্যে দেশটির জ্বালানি অবকাঠামোগুলোয় হামলা আরও ১০ দিন স্থগিত করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তাঁর, মতে যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনা চলছে। তাই হামলা বন্ধ থাকবে।
হামলা স্থগিত রাখার কথা বললেও, শুক্রবারের অনুষ্ঠানেই ট্রাম্প বলেছেন, আঘাত হানার জন্য ইরানে এখনো ৩ হাজার ৫৫৪টি লক্ষ্যবস্তু যুক্তরাষ্ট্রের তালিকায় রয়েছে। সেগুলোতে খুব শিগগিরই হামলা চালানো হবে। ইরান এক সময় শক্তিশালী এক দেশ থাকলেও, এখন একদমই শক্তিশালী নয়।
তথ্যসূত্র: সিএনএন
সৌদি আরবে বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ মার্কিন সেনা আহত
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
সূত্রের তথ্য অনুযায়ী, হামলায় ঘাঁটিতে থাকা অন্তত একটি সামরিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত সেনাদের মধ্যে দুজনের অবস্থা সংকটপূর্ণ। এ নিয়ে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর থেকে হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ৩০৩ সেনা আহত হলেন।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
মধ্যপ্রাচ্য যুদ্ধের কাছাকাছি এলাকায় মোতায়েন করা হতে পারে মার্কিন রণতরি জর্জ বুশ
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কাছাকাছি এলাকায় মোতায়েন করা হতে পারে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’।
বিষয়টি নিয়ে জানাশোনা আছে এমন একটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে। সূত্র বলেছে, ওই রণতরিটি মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) অধীন এলাকায় যাবে। সেন্টকমের অধীনে মধ্যপ্রাচ্য অঞ্চলও রয়েছে।
তবে এটি এখনো স্পষ্ট নয় যে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ এই অঞ্চলের ইতিমধ্যেই থাকা মার্কিন রণতরি—ইউএসএস আব্রাহাম লিংকন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের সঙ্গে যোগ দেবে, নাকি সেগুলোর কোনো একটির বদলে সেখানে যাবে। গত কয়েক সপ্তাহ ধরে এই দুটি রণতরিই ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নিয়েছে।
তথ্যসূত্র: সিএনএন
যুক্তরাষ্ট্রকে ন্যাটোর পাশে থাকা লাগবে না: ট্রাম্প
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ প্রায় চার সপ্তাহ ধরে চলছে। তবে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশে এসে দাঁড়ায়নি সামরিক জোট ন্যাটোর ইউরোপীয় সদস্যরা। এতে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে এক অনুষ্ঠানে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
গতকাল শুক্রবার মায়ামিতে ওই অনুষ্ঠানটি ছিল একটি বিনিয়োগ ফোরাম। সেখানে বক্তৃতায় ট্রাম্প বলেন, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার সিদ্ধান্তের বিষয়ে ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা করেনি ওয়াশিংটন। আর হামলার পর ন্যাটোর অনেক সদস্যই এর বিরোধিতা করেছে।
ফোরামে ট্রাম্প বলেন, ‘আমরা সব সময় তাদের (ন্যাটো) পাশে থাকতাম। কিন্তু এখন তাদের কার্যকলাপের ভিত্তিতে, আমার মনে হয়, আমাদের (তাদের পাশে) থাকা লাগবে না, তাই তো?’ তিনি আরও বলেন, ‘যদি তারা আমাদের পাশে না থাকে, আমরা কেন তাদের পাশে থাকব? তারা আমাদের পাশে ছিল না।’
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
তেহরানে ইসরায়েলের হামলা, দফায় দফায় বিস্ফোরণ
ইরানের রাজধানী তেহরানে দেশটির ‘সরকারের বিভিন্ন লক্ষ্যবস্তুতে’ হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। আজ শনিবার ভোরে এ হামলা চালানো হয়।
তেহরানে অবস্থান করা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, ইসরায়েলি হামলায় সময় রাজধানী শহরটিতে প্রায় ১০টি বিস্ফোরণের বিকট শব্দ পেয়েছেন তিনি। আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলীও দেখতে পেয়েছেন।
এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, তারা তেহরানজুড়ে ইরানের ‘সন্ত্রাসী সরকারের বিভিন্ন লক্ষ্যবস্তুতে’ হামলা চালাচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি বিবৃতিতে।
এর আগে শুক্রবার ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। ইরানের বিরুদ্ধে নিজেদের সামরিক অভিযান আরও বাড়ানো হুমকিও দেয় তারা।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
সৌদি আরবে হামলার শিকার মার্কিন বিমানঘাঁটির স্যাটেলাইট দৃশ্য
ইরানে আরও ৩,৫৫৪টি লক্ষ্যবস্তুতে হামলা করা বাকি আছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার বলেছেন, ইরানে আঘাত করার জন্য যুক্তরাষ্ট্রের কাছে এখনো ‘আরও ৩,৫৫৪টি’ লক্ষ্যবস্তু বাকি আছে।
ট্রাম্প বলেন, ‘সেগুলো (ইরানে বাকি লক্ষ্যবস্তুতে হামলা) খুব দ্রুত সম্পন্ন করা হবে।’ তিনি দাবি করেন, ইরান একসময় শক্তিশালী দেশ ছিল, কিন্তু এখন আর শক্তিশালী নয়।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘তারা (ইরান) এর আগে কখনো এমন কিছু দেখেনি।’
তথ্যসূত্র: সিএনএন
ইরান যুদ্ধের এক মাস, কোথায় কত নিহত
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ আজ ২৮ মার্চ (শনিবার) এক মাস পূর্ণ করেছে। তবে এ যুদ্ধ শুধু ইরানেই সীমাবদ্ধ থাকেনি, পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে।
এ এক মাসে যুদ্ধে পুরো অঞ্চলে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। একের পর এক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ঘরবাড়ি হারিয়ে পথে বসেছে হাজারো পরিবার।
গতকাল শুক্রবার জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে ইরানি রেড ক্রিসেন্টের প্রতিনিধিদলের প্রধান মারিয়া মার্টিনেজ এক হৃদয়বিদারক তথ্য জানান। তিনি বলেন, ইরানজুড়ে মার্কিন-ইসরায়েলি হামলায় ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছিলেন চিকিৎসাকর্মীরা। উদ্ধার তৎপরতা চালানোর সময় অনেক উদ্ধারকর্মী সেখানে নিজেদের পরিবারের সদস্যদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলার জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইরানে নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯০০ এ। আর প্রতিবেশী লেবাননে ইসরায়েলের আগ্রাসনে ২ মার্চ থেকে ১২২ শিশুসহ নিহত হয়েছেন ১ হাজার ১৪২ জন।
ইতিমধ্যে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি হামলা শুরুর পর এ পর্যন্ত ফিলিস্তিনের গাজায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ২৬৭। এর মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পরও এ উপত্যকায় হত্যা করা হয়েছে ৬৯১ জনকে।
ইরান যুদ্ধে ইরাকে ৯৬ জন এবং উপসাগরীয় দেশগুলোতে আরও ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তাঁদের অনেকেই অভিবাসী শ্রমিক।
এ এক মাসে ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষেপণাস্ত্র হামলা ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতায় ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এ ছাড়া লেবানন সীমান্তসহ বিভিন্ন স্থানে ১৯ ইসরায়েলি নাগরিক ও ৪ সেনা নিহত হয়েছেন।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে, ফেব্রুয়ারির শেষ থেকে এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনাসদস্যও প্রাণ হারিয়েছেন।
তথ্যসূত্র: সিএনএন
তেহরানে বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী।
ইরানের মেহর নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, আজ শনিবার ভোরে এই হামলা চালানো হয়।
তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহত নিয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
তথ্যসূত্র: আল–জাজিরা
লেবাননে ইসরায়েলি বাহিনী–হিজবুল্লাহর সম্মুখ লড়াই, ইসরায়েলের যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
লেবাননের রাজধানী বৈরুতের আকাশে নিচ দিয়ে উড়ে যাওয়া একটি ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে সারফেস-টু-এয়ার (ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য) ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ।
হিজবুল্লাহর এ সক্ষমতার কথা আগে থেকেই জানা ছিল। তবে রাজধানীর আকাশে এ অস্ত্রের ব্যবহারকে ইসরায়েল–হিজবুল্লাহ সংঘাতে বড় ধরনের কৌশলগত পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের রুখতে গত ২৪ ঘণ্টায় সীমান্ত ও দেশের অভ্যন্তরে অন্তত ৮২টি অভিযান চালিয়েছে হিজবুল্লাহ।
সশস্ত্র গোষ্ঠীটির দাবি, টায়ার শহরের কাছে তারা দুটি ইসরায়েলি ট্যাংক ধ্বংস করেছে। এ ছাড়া খিয়াম শহরের নিয়ন্ত্রণ নিতে আসা ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের যোদ্ধাদের তীব্র লড়াই চলছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর গোপনীয়তার কারণে তাদের প্রকৃত অবস্থান জানা কঠিন হলেও হিজবুল্লাহর পাল্টা হামলার স্থানগুলো থেকে যুদ্ধের তীব্রতা আঁচ করা যাচ্ছে। বর্তমানে লেবাননের কানতারা ও মিনিয়ারা শহরে দুপক্ষের মধ্যে সরাসরি স্থলযুদ্ধ চলছে বলে জানা গেছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইয়েমেন থেকে প্রথমবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথা জানাল ইসরায়েল
ইরানের মিত্র হুতি বিদ্রোহীরা যুদ্ধে যোগ দেওয়ার হুমকি দেওয়ার পর ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
বিবৃতিতে ইসরায়েলি সামরিক বলেছে, তারা ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে। এ হুমকি মোকাবিলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।
দ্বিতীয় মাসে পদার্পণ করতে যাওয়া এই যুদ্ধে ইয়েমেন থেকে হামলা হওয়ার বিষয়ে এটিই প্রথম আনুষ্ঠানিক কোনো বিবৃতি।
আজ শনিবার ভোরের এই বিবৃতির আগে গতকাল শুক্রবার আরও কিছু খবর পাওয়া যায়। তাতে বলা হয়, ইরান প্রায় পাঁচ ঘণ্টার ব্যবধানে তেল আবিবে অন্তত পাঁচ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলার ফলে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ইসরায়েলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল ও সতর্ক সংকেত বা সাইরেন বাজছিল।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলে ইরানের সঙ্গে থাইল্যান্ডের চুক্তি
ইরানের হরমুজ প্রণালি দিয়ে থাইল্যান্ডের তেলবাহী জাহাজগুলো নিরাপদে চলাচলের বিষয়ে একটি চুক্তি হয়েছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এ তথ্য জানিয়েছেন।
আজ শনিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী অনুতিন বলেন, ‘থাই তেলবাহী ট্যাংকারগুলো যেন হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে যাতায়াত করতে পারে, সে বিষয়ে একটি সমঝোতা হয়েছে।’
প্রধানমন্ত্রী আরও জানান, এ চুক্তির ফলে জ্বালানি আমদানির বিষয়ে যে দুশ্চিন্তা ছিল তা দূর হবে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
লেবাননে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় ৯ ইসরায়েলি সেনা আহত
দক্ষিণ লেবাননে দুটি হামলায় নিজেদের ৯ সেনা আহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গতকাল শুক্রবার দক্ষিণ লেবাননে লড়াই চলাকালীন একটি ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে এক ইসরায়েলি সেনা গুরুতর ও অন্য একজন মাঝারি ধরনের আহত হন।
অন্য একটি ঘটনায় আজ শনিবার ভোররাতে দক্ষিণ লেবাননে অভিযানরত সেনাদের ওপর রকেট হামলায় এক ইসরায়েলি সেনা গুরুতর ও আরও ছয়জন মাঝারি ধরনের আহত হন।
ইসরায়েলি বাহিনী বর্তমানে লেবাননের ভূখণ্ডের আরও গভীরে ঢোকার চেষ্টা করছে। কিছু এলাকায় তারা সীমান্ত থেকে প্রায় ৭ কিলোমিটার (৪ দশমিক ৩ মাইল) পর্যন্ত ভেতরে অগ্রসর হয়েছে।
এদিকে হিজবুল্লাহও পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে। ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে হামলার নির্দিষ্ট স্থানের নাম উল্লেখ করা না হলেও হিজবুল্লাহর পক্ষ থেকে একটি দাবি করা হয়েছে। তাতে হিজবুল্লাহ জানায়, সীমান্ত থেকে প্রায় ৬ কিলোমিটার (৩ দশমিক ৭ মাইল) দূরে দক্ষিণ লেবাননের তাইবেহ শহরে ইসরায়েলি সেনাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে তারা।
তথ্যসূত্র: আল–জাজিরা
কুয়েত বিমানবন্দরে কয়েক দফায় ড্রোন হামলা, রাডার ব্যবস্থার ব্যাপক ক্ষতি
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় এর রাডার ব্যবস্থার ‘ব্যাপক ক্ষতি’ হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেএনএ (কুনা) এ তথ্য জানিয়েছে।
সংবাদ সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরটি ‘বেশ কয়েকটি ড্রোন হামলার শিকার’ হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ বিমানবন্দরটি বেশ কয়েকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। সবশেষ গত বুধবার বিমানবন্দরের একটি জ্বালানি ডিপোতে ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এসব হামলার জন্য কুয়েত ইরানকে দায়ী করেছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
শান্তি রক্ষায় শাহবাজের উদ্যোগের প্রশংসা করলেন ইরানের প্রেসিডেন্ট
যুদ্ধের দামামা থামাতে ও আলোচনার পথ সুগম করতে ‘আস্থা তৈরি’র ওপর জোর দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ঘণ্টাব্যাপী এক ফোনালাপে তিনি এ জোর দেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) জানিয়েছে, ইরানের ওপর ইসরায়েলের চলমান হামলার পরিপ্রেক্ষিতে শাহবাজ শরিফের ‘আন্তরিক কূটনৈতিক প্রচেষ্টার’ প্রশংসা করেছেন পেজেশকিয়ান।
ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘আলোচনা ও মধ্যস্থতা সহজতর করার জন্য পারস্পরিক আস্থা তৈরি করা জরুরি।’ শান্তি রক্ষায় পাকিস্তানের সহযোগিতামূলক ভূমিকার জন্য তিনি শাহবাজ শরিফকে ধন্যবাদ জানান।
জবাবে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও ইরানের প্রেসিডেন্টকে ধন্যবাদ দেন। তিনি আশ্বস্ত করেন যে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাকিস্তান তার গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে।
এর আগে ফোনালাপে শাহবাজ শরিফ ইরানের বেসামরিক অবকাঠামোতে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান ও ১ হাজার ৯০০-এর বেশি মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন।
তথ্যসূত্র: ডন
ইরানে উন্নত সংস্করণের শাহেদ ‘ড্রোন পাঠাচ্ছে’ রাশিয়া
ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত শাহেদ ড্রোনের উন্নত সংস্করণ ইরানে পাঠাচ্ছে রাশিয়া। মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা এ সপ্তাহে বার্তা সংস্থা এপিকে এ তথ্য জানিয়েছেন।
মূলত ইরানের তৈরি অত্যাধুনিক শাহেদ ড্রোনই ইউক্রেন যুদ্ধে ব্যবহার করে আসছিল রাশিয়া। তবে এ ড্রোনে এখন জেট ইঞ্জিন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নেভিগেশন, উন্নত জ্যামার-প্রতিরোধী ব্যবস্থা ও স্টারলিংক ইন্টারনেট ডিভাইস যুক্ত করে আরও শক্তিশালী করেছে মস্কো। সেই উন্নত ড্রোনই এখন তেহরানে পাঠানো হচ্ছে।
আজারবাইজান হয়ে মানবিক সহায়তার নামে ট্রাকে এই ড্রোন পরিবহন করা হচ্ছে বলে ধারণা করছেন ইউরোপীয় কর্মকর্তারা। তবে চালানটি কত বড় এবং এটি একবারে সরবরাহ করা নাকি ধারাবাহিকভাবে করা সরবরাহের অংশ, তা এখনো স্পষ্ট নয়।
তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ খবরকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন।
অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, ‘অন্য কোনো দেশ ইরানকে যা-ই সরবরাহ করুক না কেন, তা আমাদের অভিযানের সাফল্যে কোনো প্রভাব ফেলবে না।’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এক মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে ড্রোন হামলা চালাচ্ছে ইরান। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার উন্নত এই ড্রোন ইরানের হাতে পড়লে মধ্যপ্রাচ্যে মার্কিন ও মিত্রবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হবে।
তথ্যসূত্র: এপি
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণ: রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ
গাজা যুদ্ধ শুরুর পর ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা খুব একটা ক্ষয়ক্ষতি করতে পারেনি। কেননা, এসব হামলা ছিল বিক্ষিপ্ত এবং অধিকাংশ ক্ষেপণাস্ত্রই মাঝপথে আটকে দেওয়া হয়েছিল।
তবে কয়েক মাস পরই ২০২৪ সালের জুলাইয়ে পরিস্থিতি পাল্টে যায়। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে একটি হুতি ড্রোন তেল আবিবের একটি আবাসিক ভবনে আঘাত হানলে এক বেসামরিক নাগরিক নিহত হন।
ইসরায়েলের ওপর ইয়েমেনের হুতিদের আবার হামলা শুরু হওয়া দেশটির জন্য বাড়তি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে; যদিও এটি বড় কোনো সামরিক চ্যালেঞ্জ তৈরি করার সম্ভাবনা কম। তবে হুতিরা যদি লোহিত সাগরে জাহাজ চলাচল লক্ষ্য করে নতুন করে হামলা শুরুর সিদ্ধান্ত নেয়, তবে এর প্রভাব হবে নাটকীয়।
বর্তমানে সৌদি আরব হরমুজ প্রণালি এড়াতে লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দর দিয়ে একটি পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে। এশিয়ার বাজারের উদ্দেশ্যে পাঠানো এ তেলের জাহাজগুলো ইয়েমেনের পাশ দিয়ে দক্ষিণ দিকে অগ্রসর হয়।
২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫-এর শুরু পর্যন্ত হুতিরা লোহিত সাগরে চলাচলকারী জাহাজে প্রায় ২০০টি হামলা চালিয়েছে। এতে ৩০টির বেশি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া অন্তত একটি জাহাজ ছিনতাই করা হয়েছে। ফলে বাব আল-মানদাব প্রণালি ও সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল প্রায় ৫০ শতাংশ কমে গিয়েছিল।
ইরান যদি কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেয় এবং একই সঙ্গে হুতিরা লোহিত সাগরের পথটিও বন্ধ করে দেয়, তবে দুটি গুরুত্বপূর্ণ জলপথের এ যুগপৎ বন্ধ হওয়া বিশ্ব বাণিজ্যের জন্য বিপর্যয়কর হতে পারে।
তথ্যসূত্র: বিবিসি
সৌদি, তুর্কি ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
ইরান যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করতে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আগামীকাল রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসছেন। দুই দিনের ওই বৈঠকে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনা করবেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ কথা জানিয়েছেন। যুদ্ধ বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করছে পাকিস্তান। দেশটি দুই পক্ষের মধ্যে বার্তা আদান–প্রদানও করছে। পাকিস্তানের এই উদ্যোগের সঙ্গে তুরস্ক ও মিসরসহ কয়েকটি দেশ যুক্ত রয়েছে বলেও জানিয়েছে ইসলামাবাদ।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এক্স–এ এক বার্তায় জানিয়েছেন, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ‘গভীর আলোচনা’ করবেন, যেখানে ‘আঞ্চলিক উত্তেজনা হ্রাসের প্রচেষ্টা’ সম্পর্কিত আলোচনাও হবে।
মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওই বৈঠকে যোগ দিতে ইতিমধ্যে পাকিস্তানে পৌঁছেছেন।
চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের একটি এক্স পোস্টের স্ক্রিনশট ট্রুথ সোশ্যালে শেয়ার করেছিলেন। ওই পোস্টে শাহবাজ বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার আয়োজন করতে পাকিস্তান প্রস্তুত রয়েছে।
তথ্যসূত্র: বিবিসি
আমিরাত লক্ষ্য করে আজ ২০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) লক্ষ্য করে আজ শনিবার ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। পাশাপাশি ৩৭ ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য জানিয়েছে, সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে আমিরাত।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে এ পর্যন্ত ইরান ৩৯৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ১ হাজার ৮৭২টি ড্রোন দিয়ে আমিরাত লক্ষ্য হামলা চালালো।
এসব হামলায় আমিরতের সশস্ত্র বাহিনীর দুই সদস্য, সশস্ত্র বাহিনীতে নিযুক্ত একজন মরক্কোর বেসামরিক ব্যক্তিসহ ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৭৮ জন।
তথ্যসূত্র: আল–জাজিরা
মার্কিন–ইসরায়েলি বাহিনীর ফেলা ১২০টি ক্লাস্টার বোমা নিষ্ক্রিয় করেছে ইরান
ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ফেলা ১২০টি ক্লাস্টার বোমা নিস্ক্রিয় করা হয়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তারা বলছে, ইরানের দক্ষিণাঞ্চলের ফার্স প্রদেশে ১২০টি ক্লাস্টার বোমার অবস্থান নির্ণয় করার পর সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।
আইআরজিসির জনসংযোগ বিভাগের উপপ্রধানের বরাত দিয়ে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। ফার্স প্রদেশের কাফরি গ্রাম ও এর আশপাশের এলাকাগুলিতে ক্লাস্টার বোমাগুলো দিয়ে হামলা চালিয়েছিল মার্কিন ও ইসরায়েলি বাহিনী।
তথ্যসূত্র: আল–জাজিরা
সেনা–সংকটে ‘ভেঙে পড়ার’ ঝুঁকিতে ইসরায়েলি বাহিনী: সেনাপ্রধান
ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির সতর্ক করে বলেছেন, ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে এবং একাধিক ফ্রন্টে চলমান যুদ্ধের প্রচণ্ড চাপে সেনাবাহিনী ‘ভেতর থেকে ভেঙে পড়ার’ বা ‘পতনের’ ঝুঁকিতে রয়েছে।
সম্প্রতি নিরাপত্তা মন্ত্রিসভার এক বৈঠকে জামির বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী গভীর অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি হচ্ছে, যার অন্যতম প্রধান কারণ হচ্ছে সৈন্যদলের তীব্র সংকট।
ইসরায়েলের হামলায় লেবাননে তিন সাংবাদিক নিহত
ইসরায়েলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। আজ শনিবার এই হামলা চালানো হয়। ইসরায়েলের দাবি, নিহত তিনজনের মধ্যে একজন ছিলেন হিজবুল্লাহর গোয়েন্দা বাহিনীর সদস্য।
লেবাননের সামরিক সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, হিজবুল্লাহর আল মানার চ্যানেলের সাংবাদিক আলী শোয়াইব এবং ইরান-সমর্থিত আন্দোলনের ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত আল মায়াদিনের সাংবাদিক ফাতিমা ফাতুনি নিহত হয়েছেন। একইসঙ্গে নিহত হয়েছেন ফাতুনির ভাই—তিনি চিত্রগ্রাহক ছিলেন।
আল মায়াদিন এবং আল মানার তাদের সাংবাদিকদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। শোয়াইব ছিলেন আল মানারের যুদ্ধবিষয়ক অন্যতম সংবাদদাতা। তিনি কয়েক দশক ধরে লেবাননে ইসরায়েলি হামলার খবর কভার করেছেন।
ইসরায়েল সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা শোয়াইবকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, তিনি হিজবুল্লাহর রাদওয়ান বাহিনীর গোয়েন্দা ইউনিটের সদস্য।
লেবাননে গত ২ মার্চ থেকে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাদের দাবি, হিজবুল্লাহর বিরুদ্ধে এই অভিযান চালানো হচ্ছে। যদিও বেসামরিক স্থাপনায় চালানো হামলায় সাধারণ মানুষেরও প্রাণহানি ঘটছে। হিজবুল্লাহও ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
‘আরও কিছু সময়’ যুদ্ধ চালিয়ে যেতে চান ট্রাম্প
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র তার সামরিক লক্ষ্যগুলির অধিকাংশই অর্জন করেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিকল্পনা করেছেন যুদ্ধ ‘আরও কিছু সময়’ চালিয়ে যেতে, যাতে ইরানের বর্তমান সরকারকে ব্যাপকভাবে দুর্বল করা যায়।
মার্কিন রক্ষণশীল পডকাস্টার বেনি জনসনকে দেওয়া সাক্ষাৎকারে জেডি ভ্যান্স এ কথা বলেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট আরও কিছু সময় ধরে এটি (যুদ্ধ) চালিয়ে যেতে চান যাতে ইরানে আবার হামলা চালানোর প্রয়োজন না হয়। ইরানের সরকারকে দীর্ঘ সময়ের জন্য দুর্বল করা প্রয়োজন, এবং এটাই উদ্দেশ্য।’
ভ্যান্স স্বীকার করেছেন, যুদ্ধের ফলে জ্বালানির দাম বেড়ে গেছে। তবে তিনি বলেন, শিগগিরই তা কমে যাবে।
তথ্যসূত্র: আল–জাজিরা
‘দায়িত্বের এলাকায়’ পৌঁছেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ: মার্কিন সেন্ট্রাল কমান্ড
মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি তার ‘দায়িত্বের এলাকায়’ পৌঁছেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড–সেন্টকম। আজ শনিবার এক বিবৃতিতে সেন্টকম এ কথা জানিয়েছে।
যদিও ওই যুদ্ধজাহাজের নির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি। ইউএসএস ত্রিপোলির দায়িত্ব এলাকা উত্তর-পূর্ব আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং মধ্য ও দক্ষিণ এশিয়ায় বিস্তৃত।
এর আগে মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছিল, ইউএসএস ত্রিপোলি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা জলে ও স্থলে যুদ্ধে পারদর্শী একটি গ্রুপের নেতৃত্ব দেবে। ইউএসএস ত্রিপোলির নেতৃত্বাধীন ইউনিটটি প্রায় ৫ হাজার নাবিক এবং মেরিন সেনা নিয়ে গঠিত। এ যুদ্ধজাহাজটি আগে জাপানের আশপাশে ছিল।
গতকাল শুক্রবার উন্নত দেশগুলোর জোট জি ৭ এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর ফ্রান্সে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, ইরানে কোনো স্থলবাহিনী ছাড়াই লক্ষ্য অর্জন করতে পারবে যুক্তরাষ্ট্র। কয়েক মাস নয় বরং কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হবে।
তথ্যসূত্র : বিবিসি
ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১৪২ জন আহত: স্বাস্থ্য মন্ত্রণালয়
ইসরায়েলে গত ২৪ ঘণ্টায় ইরান ও হিজবুল্লাহর হামলায় আহত ১৪২ জন হাসপতালে নেওয়া হয়েছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এ নিয়ে ইসরায়েলে মোট আহতের সংখ্যা ৫ হাজার ৬৮৯ এ পৌঁছেছে। আহতদের মধ্যে ১৩২ জন এখনও হাসপাতালে আছেন। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। অন্য একজনের অবস্থা আশঙ্কাজনক।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও ইসরায়েলে হামলা চালাচ্ছে। আর ইসরায়েল ২ মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে।
সূত্র: আল–জাজিরা
ইরানের ১০০, লেবাননের ১৭০ লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
ইসরায়েলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, তাদের পক্ষ থেকে বিগত কয়েক দিনে ইরানের ১০০টি ও লেবাননের ১৭০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
তিনি আরও জানান, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। অন্যদিকে লেবাননে হামলা চালানো হয়েছে হিজবুল্লাহর সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন লক্ষ্যবস্তুতে।
তথ্যসূত্র: আল–জাজিরা
লেবাননের দক্ষিণাঞ্চলে হামলায় শিশুসহ নিহত ৭, ইরাকে দুজন পুলিশ নিহত
লেবাননের দক্ষিণাঞ্চলের আল–হানিয়াহ শহরে ইসরায়েলি হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন হেলথ ইমারজেন্সি অপারেশনস সেন্টার এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানায়, হামলায় নিহতদের মধ্যে এক শিশুসহ সিরিয়ার ছয়জন রয়েছেন।
এদিকে ইরাকের মসুলে মার্কিন–ইসরায়েলি হামলায় দেশটির পুলিশের দুজন সদস্য নিহত হয়েছেন। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে, ইরাকি পুলিশের স্থাপনায় এ হামলা চালানো হয়।
তথ্যসূত্র: আল–জাজিরা
পাকিস্তানের পতাকাবাহী আরও ২০ জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দেবে ইরান
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ইরানের পক্ষ থেকে তাঁর দেশ হরমুজ প্রণালিতে আরও বিস্তৃত প্রবেশাধিকার পেয়েছে।
ইসহাক দার জানান, পাকিস্তানের পতাকাবাহী আরও ২০টি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিতে অনুমতি দিয়েছে ইরান।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এর অর্থ, প্রতিদিন দুটি করে জাহাজ (পাকিস্তানের পতাকাবাহী) হরমুজ প্রণালি পার হবে।’ ইরানের পক্ষ থেকে পাকিস্তান সরকারকে এমনটা জানানো হয়েছে বলেও উল্লেখ করেন ইসহাক দার।
বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ আর ব্যস্ততম নৌপথ হরমুজ প্রণালি। বিশ্বজুড়ে জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ এ জলপথ দিয়ে পরিবহন করা হয়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি দিয়ে পণ্য ও জ্বালানিবাহী নৌযান চলাচলে লাগাম টানে ইরান। এর ফলে হরমুজ প্রণালিতে প্রবেশের আগেই আটকা পড়ে বহু জাহাজ।
তথ্যসূত্র: বিবিসি
ইসরায়েলে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে: হুতি মুখপাত্র
ইসরায়েলের ভূখণ্ডে দ্বিতীয় দফায় হামলা চালানোর খবর জানিয়েছেন ইরানের মিত্র হিসেবে পরিচিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি জানান, আজ (শনিবার) ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালানো হয়।
ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি আরও বলেন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। দেশটির ‘বেশকিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায়’ এসব হামলা হয়।
এর আগে হুতি বিদ্রোহীরা যুদ্ধে যোগ দেওয়ার হুমকি দেওয়ার পর ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করে ইসরায়েলি সামরিক বাহিনী।
বিবৃতিতে শনিবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তারা ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে। এ হুমকি মোকাবিলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।
দ্বিতীয় মাসে পদার্পণ করতে যাওয়া ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে ইয়েমেনের ভূখণ্ড থেকে হামলা হওয়ার বিষয়ে এটিই প্রথম আনুষ্ঠানিক কোনো বিবৃতি।
পরে এক বিবৃতিতে হুতি জানায়, দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। লেবানন, ইরান ও ফিলিস্তিনে ইসরায়েলের হামলার জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ বিষয়ে ইয়াহিয়া সারি বলেন, ‘ইরান ও দেশটির মিত্রদের বিরুদ্ধে যুদ্ধে যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে অন্য কেউ অংশ নেয়, তাহলে সামরিক অভিযানে যোগ দেওয়ার জন্য আমাদের আঙুল বন্দুকের ট্রিগারে রয়েছে।’
তথ্যসূত্র: আল–জাজিরা
যুক্তরাষ্ট্রে রক্ষণশীল সমাবেশে রেজা পাহলভীর আহ্বান, ‘মেক ইরান গ্রেট এগেইন’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধরত ইরানের আগামীর সরকার কাঠামো কেমন হবে, তা নিয়ে যখন চারদিকে প্রশ্ন উঠছে; তখন দেশটির সাবেক ও সর্বশেষ শাহ–এর ছেলে রেজা পাহলভী যুক্তরাষ্ট্রে রক্ষণশীলদের সমাবেশে অংশ নিয়েছেন। ওই সমাবেশে উচ্ছ্বসিত অভ্যর্থনা পেয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্থানীয় সময় গতকাল শনিবার শনিবার টেক্সাসে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) বক্তব্য দেন রেজা পাহলভী। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধরত ইরানের সঙ্গে কোনো চুক্তি না করার আহ্বান জানান। ইরানে সরকার পরিবর্তনের কথাও বলেন রেজা পাহলভী।
সমাবেশে রেজা পাহলভী দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা ভাবতে পারেন, ইরান “ডেথ টু আমেরিকা” থেকে “গড ব্লেস আমেরিকায়” বদলে যেতে পারে?’
রেজা পাহলভী আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকাকে আবার মহান (মেক আমেরিকা গ্রেট এগেইন) করছেন। আমিও ইরানকে আবার মহান (মেক ইরান গ্রেট এগেইন) করবো।’ এ সময় উপস্থিত দর্শকেরা দাঁড়িয়ে, করতালি দিয়ে তাঁকে অভিবাদন জানান।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের এক মাস পূর্তির দিনে রেজা পাহলভী এই বক্তব্য দিলেন। যুদ্ধে এখন পর্যন্ত শুধু ইরানে অন্তত ১ হাজার ৯৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ।
এই যুদ্ধ ইরানের সীমানা ছাড়িয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও ছড়াতে শুরু করেছে। তবে নাগাদ যুদ্ধ শেষ হতে পারে, সেটা এখনো স্পষ্ট নয়।
তথ্যসূত্র: বিবিসি ও আল–জাজিরা
পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে: ওয়াশিংটন পোস্ট
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, পেন্টাগনের পক্ষ থেকে ইরানে কয়েক সপ্তাহের জন্য স্থল অভিযান পরিচালনার জোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিষয়টির সঙ্গে জানাশোনা রয়েছে এমন মার্কিন সরকারি কর্মকর্তাদের (নাম–পরিচয় প্রকাশ করা হয়নি) বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে মার্কিন স্থলসেনা মোতায়েনের এই পরিকল্পনায় অনুমোদন দেবেন কিনা, সেটা এখনো নিশ্চিত নয়।
পরিকল্পনা অনুযায়ী, এটি পূর্ণাঙ্গ কোনো যুদ্ধ হবে না, বরং বিশেষ বাহিনী আর নিয়মিত সেনাদের ছোট ছোট অভিযানে জোর দেওয়া হবে।
মার্কিনীরা মনে করছেন, উপসাগরীয় অঞ্চলের দিকে জাহাজে করে চার হাজারের বেশি মেরিন সেনা পাঠানো হচ্ছে। এ ছাড়া ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্যারাট্রুপারদেরও প্রস্তুত রাখা হয়েছে। আরও সেনা পাঠানোর বিষয়ে আলোচনা চলছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে ওয়াশিংটন পোস্ট।
এ বিষয়ে জানতে বিবিসির পক্ষ থেকে হোয়াইট হাউস ও পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তথ্যসূত্র: বিবিসি

মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন কয়েক হাজার মার্কিন সেনা
ইরান যুদ্ধ শুরুর এক মাস পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের নতুন পদক্ষেপের অংশ হিসেবে গতকাল শনিবার হাজার হাজার মার্কিন নৌ ও মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক পোস্টে এ তথ্য নিশ্চিত করলেও সেনারা সুনির্দিষ্টভাবে কোথায় অবস্থান করবেন তা স্পষ্ট করেনি।
সেন্টকম আরও জানায়, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি তার ‘দায়িত্বের এলাকায়’ পৌঁছেছে।
অবশ্য যুদ্ধজাহাজের নির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি। ইউএসএস ত্রিপোলির দায়িত্বের এলাকা উত্তর-পূর্ব আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং মধ্য ও দক্ষিণ এশিয়ায় বিস্তৃত।
এর আগে মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছিল, ইউএসএস ত্রিপোলি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা জলে ও স্থলে যুদ্ধে পারদর্শী একটি গ্রুপের নেতৃত্ব দেবে।
ইউএসএস ত্রিপোলির নেতৃত্বাধীন ইউনিটটি প্রায় ৫ হাজার নাবিক এবং মেরিন সেনা নিয়ে গঠিত। এ যুদ্ধজাহাজটি আগে জাপানের আশপাশে ছিল।
U.S. Sailors and Marines aboard USS Tripoli (LHA 7) arrived in the U.S. Central Command area of responsibility, March 27. The America-class amphibious assault ship serves as the flagship for the Tripoli Amphibious Ready Group / 31st Marine Expeditionary Unit composed of about… pic.twitter.com/JFWiPBbkd2
— U.S. Central Command (@CENTCOM) March 28, 2026
গত শুক্রবার উন্নত দেশগুলোর জোট জি ৭ এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর ফ্রান্সে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, ইরানে কোনো স্থলবাহিনী ছাড়াই লক্ষ্য অর্জন করতে পারবে যুক্তরাষ্ট্র। কয়েক মাস নয়, বরং কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হবে।
তথ্যসূত্র: সিএনএন ও বিবিসি
যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, লক্ষ্য শত শত কোটি ডলার আয়
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে এবার নতুন এক শর্ত জুড়ে দিয়েছে ইরান। তেহরান এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি চাইছে। একই সঙ্গে এই নৌপথ ব্যবহার করা জাহাজগুলো থেকে নিয়মিত টোল আদায়ের পরিকল্পনা করছে। টোল থেকে বছরে কয়েক শ কোটি ডলার আয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই সরু জলপথ দিয়ে পরিবহন করা হয়। দীর্ঘ দিন ধরেই ইরান এ পথকে তাদের সবচেয়ে শক্তিশালী ভূ-রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে।
যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় বিশ্ববাণিজ্যে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণের কৌশল হিসেবে প্রণালিটির পূর্ণ নিয়ন্ত্রণ চাইছে ইরান।
ব্লুমবার্গ ইকোনমিকসের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রধান দিনা এসফান্দিয়ারি বলেন, ‘বিশ্ব অর্থনীতিকে জিম্মি করা যে কত সহজ ও সস্তা, তা ইরান এবার ভালোভাবেই বুঝতে পেরেছে। আয়ের নতুন উৎস হিসেবে তারা এখন একে কাজে লাগাতে চাচ্ছে।’
তবে ইরানের এমন পরিকল্পনা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই পদক্ষেপকে ‘অবৈধ ও বিপজ্জনক’ বলে আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর মতে, আন্তর্জাতিক জলপথে এমন খবরদারি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং বিশ্ববাসীকে এ পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
অন্যদিকে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তাঁর প্রথম ভাষণেই স্পষ্ট করে বলেছেন, হরমুজ প্রণালি অবরোধের সুযোগ ইরান কোনোভাবে হাতছাড়া করবে না।
বিশ্লেষকদের মতে, ইরান যদি সত্যিই টোল আদায় শুরু করতে পারে, তবে তাদের মাসিক আয় মিসরের সুয়েজ খালকেও ছাড়িয়ে যেতে পারে।
সিএনএনের এক হিসাব বলছে, প্রতিদিন এ পথ দিয়ে যাওয়া প্রতিটি বড় তেলবাহী ট্যাংকার থেকে ২০ লাখ ডলার ফি নিতে পারলে ইরানের মাসে আয় হবে ৮০ কোটি ডলারেরও বেশি।
অবশ্য, আন্তর্জাতিক সমুদ্র আইন বিশেষজ্ঞ জেমস ক্রাসকা বলছেন, আন্তর্জাতিক জলপথে টোল আদায়ের এ দাবির কোনো আইনি ভিত্তি নেই। তবে এরই মধ্যে কিছু জাহাজ নিরাপদ পারাপারের জন্য ইরানকে গোপনে মোটা অঙ্কের অর্থ দিচ্ছে বলে গুঞ্জন উঠেছে, যা এ সংকটকে আরও ঘনীভূত করছে।
তথ্যসূত্র: সিএনএন
ইসরায়েলের হামলায় লেবাননে নিহত দুই সাংবাদিকদের ছবি প্রকাশ
ইসরায়েলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। গতকাল শনিবার এ হামলা চালানো হয়। তাঁদের মধ্যে দুজনের ছবি প্রকাশ করেছে ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ।
লেবাননের সামরিক সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, হিজবুল্লাহর আল মানার চ্যানেলের সাংবাদিক আলী শোয়াইব ও ইরান-সমর্থিত আন্দোলনের ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত আল মায়াদিনের সাংবাদিক ফাতিমা ফাতুনি নিহত হয়েছেন। এ ছাড়া নিহত হয়েছেন ফাতুনির চিত্রগ্রাহক ভাইও।
আল মায়াদিন ও আল মানার তাদের সাংবাদিকদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। শোয়াইব ছিলেন আল মানারের যুদ্ধবিষয়ক অন্যতম সংবাদদাতা। তিনি কয়েক দশক ধরে লেবাননে ইসরায়েলি হামলার খবর পরিবেশন করছিলেন।
ইসরায়েল সেনাবাহিনী বলেছে, তারা শোয়াইবকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি হিজবুল্লাহর রাদওয়ান বাহিনীর গোয়েন্দা ইউনিটের সদস্য।
তথ্যসূত্র: আল–জাজিরা
তেহরানে আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলা
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল শনিবার সন্ধ্যায় তেহরানের পশ্চিমাঞ্চলে একটি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র–ইসরায়েল। হামলার পরবর্তী পরিস্থিতি নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
ঘটনাস্থলে উপস্থিত একজন সংবাদকর্মী জানান, স্থানীয় সময় রাত ১০টার দিকে এ হামলা চালানো হয়। হামলায় কেউ নিহত না হলেও নয়জন আহত হয়েছেন। এতে ২০টির বেশি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ রোববার ভোরে ফার্স নিউজ ও মেহর নিউজের টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়, একটি আবাসিক ভবনের এক পাশ বিধ্বস্ত হয়ে গেছে। রান্নাঘর ও বসার ঘর ধ্বংসস্তূপে ঢাকা পড়েছে এবং পার্কিংয়ে থাকা গাড়িগুলো ধুলোর আস্তরণে ঢেকে আছে।
তথ্যসূত্র: সিএনএন
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় তেহরানের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত
Images of the US attack on one of Iran's oldest and most prestigious universities, the University of Science and Technology. https://t.co/HV1jm1nxaU pic.twitter.com/b49TE31xUH
— IRIB (Islamic Republic of Iran Broadcasting) (@iribnews_irib) March 29, 2026
ইরানের তেহরানে অবস্থিত দেশটির অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ ‘ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইইউএসটি)’ মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। সেসব ভিডিওতে দেখা যায়, ক্যাম্পাসজুড়ে ধ্বংসস্তূপ পড়ে আছে ও বিভিন্ন ভবন থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হচ্ছে।
তথ্যসূত্র: আল–জাজিরা ও রয়টার্স
মিসরে সব দোকানপাট, রেস্তোরাঁ ও শপিং সেন্টার রাতে বন্ধের নির্দেশ
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি সাশ্রয় করতে মিসর সরকার একটি বিশেষ নির্দেশ জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, দেশটির সব দোকানপাট, রেস্তোরাঁ ও শপিং সেন্টার রাত ৯টার মধ্যে বন্ধ করতে হবে।
সরকারের এই ‘ব্যতিক্রমী পদক্ষেপের’ আওতায় রাস্তার ল্যাম্পপোস্ট এবং বিজ্ঞাপনের আলোকসজ্জাও কমিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন নিয়ম কার্যকর হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, মিসরের ব্যস্ত রাস্তাগুলো অন্ধকারে ডুবে আছে।
তথ্যসূত্র: বিবিসি
ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের রাস্তায় লাখ লাখ মানুষ
Massive crowds turn out for anti-Trump ‘No Kings’ rallies across the US pic.twitter.com/FTBHlWNI5q
— Mehr News Agency (@MehrnewsCom) March 29, 2026
মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের উপর্যুপরি হামলা, বিশ্বের দুই বৃহত্তম অ্যালুমিনিয়াম কারখানা ক্ষতিগ্রস্ত
মধ্যপ্রাচ্যের অন্তত পাঁচটি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় দফায় দফায় বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। এতে ওই অঞ্চলের দেশগুলোর অর্থনীতি ও জনজীবন চরম ঝুঁকির মুখে পড়েছে।
সংযুক্ত আরব আমিরাত কয়েক সপ্তাহের মধ্যে গতকাল শনিবার সবচেয়ে বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। আবুধাবিতে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম’ (ইজিএ) জানিয়েছে, তাদের প্রধান কারখানায় ভয়াবহ হামলা হয়েছে। এতে স্থাপনাটির ব্যাপক ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।
একই সময়ে হামলার শিকার হয়েছে বাহরাইনে বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালুমিনিয়াম উৎপাদক প্রতিষ্ঠান ‘অ্যালুমিনিয়াম বাহরাইন’। সেখানেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
কুয়েতেও বড় হামলার খবর পাওয়া গেছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা লক্ষ্য করে চালানো এ হামলাতেও ব্যাপক ক্ষতি হয়েছে। এতে বিমান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গতকাল ওমানের দক্ষিণে সালালাহ বন্দরে দুটি ড্রোন আঘাত হেনেছে। এই হামলায় একজন বিদেশি কর্মী আহত হয়েছেন।
ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি। এরই মধ্যে হামলার তদন্ত শুরু হয়েছে।
এদিকে সৌদি আরবের আকাশসীমায় কয়েক ঘণ্টায় ১০টি ড্রোন রুখে দেওয়া হয়েছে বলে আজ রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতিতে দাবি করেছে।
তথ্যসূত্র: বিবিসি
যুক্তরাষ্ট্র প্রকাশ্যে আলোচনার কথা বলছে, আর গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছে: ইরান
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মার্কিন স্থল বাহিনীকে মোকাবিলা করার জন্য ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, ইরানের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করলেও ট্রাম্প মূলত ‘গোপনে স্থল অভিযানের পরিকল্পনা’ করছেন।
ইরানের সংবাদ সংস্থা আইআরএনএ–র প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গালিবাফ বলেন, ‘শত্রুরা প্রকাশ্যে আলোচনার বার্তা পাঠাচ্ছে আর গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে। আমাদের বীর যোদ্ধারা মার্কিন সেনাদের মাটিতে নামার জন্য অপেক্ষা করছে, যাতে তাদের আগুনে পুড়িয়ে দেওয়া যায়।’
আজ এর আগে মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয় যে, পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এই প্রতিবেদনগুলো এমন সময়ে সামনে এলো যখন মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সাড়ে ৩ হাজার সেনা পৌঁছার ঘোষণা দিয়েছে।
সূত্র: আল–জাজিরা।
কে এই বাঘের গালিবাফ
ইরানের রক্ষণশীল নেতা হিসেবে পরিচিত বাঘের গালিবাফ ২০২০ সালের মে মাস থেকে দেশটির পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চারবার প্রেসিডেন্ট পদে নির্বাচন করেছিলেন।
১৯৬১ সালে জন্ম নেওয়া গালিবাফ ১৯৮০ সালে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরে (আইআরজিসি) যোগ দেন। ইরান-ইরাক যুদ্ধের সময় তিনি আইআরজিসির অন্যতম কমান্ডার হিসেবে পরিচিতি পান। গালিবাফ একজন পেশাদার বৈমানিক। ১৯৯৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত আইআরজিসির বিমান বাহিনীর কমান্ডার এবং ২০০০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত ইরানের পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
গালিবাফ চারবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে সফল হতে পারেননি। তিনি প্রেসিডেন্ট নির্বাচনে ২০০৫ সালে চতুর্থ, ২০১৩ সালে দ্বিতীয় হয়েছিলেন এবং ২০২৪ সালের আগাম নির্বাচনে তৃতীয় স্থানে ছিলেন। আর ২০১৭ সালের নির্বাচনে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন।
তেহরানের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন গালিবাফ। এ সময় দুর্নীতির কেলেঙ্কারি ধামাচাপা দিতে আইআরজিসিতে নিজের পদমর্যাদা ব্যবহারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
কিছু অসমর্থিত সূত্রে জানা গেছে যে, ট্রাম্প প্রশাসন গালিবাফকে একজন সম্ভাব্য অংশীদার এবং এমনকি ইরানের ভবিষ্যতের একজন নেতা হিসেবেও বিবেচনা করেছিল।
সূত্র: বিবিসি।
একযোগে ইরান–হিজবুল্লাহর হামলা, ইসরায়েলের ১০০ শহরে বেজে উঠল সাইরেন
ইরান ও হিজবুল্লাহ একযোগে ইসরায়েলের হামলা চালিয়েছে। এ সময় ইসরায়েলের ১০০টির ও বেশি শহরে সতর্কসংকতে বেজে উঠে।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানায়, লেবানন থেকে হিজবুল্লাহর রকেট হামলা চালানোর সময় ইরান থেকেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ফলে একসঙ্গে ইসরায়েলের ১০০টিরও বেশি শহরে সতর্কসংকেত বেজে উঠে। এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। তবে হাইফা উপকূলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: আল–জাজিরা।
ইরান থেকে ছোঁড়া ১৬টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি আমিরাতের
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জানিয়েছে, তারা আজ ইরান থেকে ছোঁড়া ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৪২টি ড্রোন ভূপাতিত করেছে।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আমিরাত লক্ষ্য করে ইরান ৪১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৯১৪টি ড্রোন ছুড়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরানে নিহত বেড়ে ২০৭৬, আহত সাড়ে ২৬ হাজার
ইরানে মার্কিন–ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭৬ জনে দাঁড়িয়েছে। আজ রোববার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে এ পর্যন্ত ২১৬ শিশুসহ মোট ২ হাজার ৭৬ জন নিহত হয়েছে। আহত হয়েছেন সাড়ে ২৬ হাজার মানুষ। আহতদের মধ্যে ১ হাজার ৭৬৭টি শিশু।
এ ছাড়া হামলায় ৩৩৬টি স্বাস্থ্য ও জরুরীসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
তথ্যসূত্র: আল–জাজিরা
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবি টিভির তেহরান কার্যালয়ে ইসরায়েলি হামলা
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবি টেলিভিশন চ্যানেলের তেহরান কার্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের শিল্পাঞ্চলে ব্যাপক অগ্নিকাণ্ড
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিরসেবা এলাকার শিল্পাঞ্চলে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
שיגור שביעי מאיראן לדרום הארץ: דיווחים על נפילה במפעל@pozailov1 pic.twitter.com/JMctce1VPm
— כאן חדשות (@kann_news) March 29, 2026
ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল দেশটির উদ্ধারকারী সংস্থাগুলোর বরাত দিয়ে জানিয়েছে, ইরানের ছোঁড়া
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বিরশেবার নিওত হোভাব শিল্পাঞ্চলে ব্যাপক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে হামলায় হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।
তথ্যসূত্র: টাইমস অব ইসরায়েল
যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় ইসলামাবাদে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শুরু
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসেছেন চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা দুই দিনের এই আলোচনায় ইরান যুদ্ধ বন্ধের প্রচেষ্টা নিয়ে কথা বলবেন তাঁরা।
বৈঠকে যোগ দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি।
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। তারই অংশ হিসেবে ইসলামাবাদে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠক হচ্ছে। ইতিমধ্যে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্র তার ১৫ দফা প্রস্তাব ইরানের কাছে পাঠিয়েছে। ইরানও তার অবস্থান তুলে ধরে প্রতিক্রিয়া জানিয়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের ওসমাভানদান গ্রামে নিহত ৬
ইরানের সংবাদ সংস্থা মেহর এক প্রতিবেদনে বলেছে, ইরানের ওসমাভানদান গ্রামের একটি আবাসিক এলাকায় মার্কিন-ইসরায়েলি হামলায় ছয়জন নিহত হয়েছেন। হামলায় ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।
এই হামলায় পাঁচটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ২২টি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইসরায়েলের কারখানায় ইরানের হামলা, বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা
ইসরায়েলের বিরশেবায় নিওত হোভাব শিল্পাঞ্চলে ইরানের হামলায় বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তাই এর কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের বাড়ির ভেতরে সতর্ক থাকতে বলা হয়েছে।
নিওত হোভাব শিল্পাঞ্চল এলাকাটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিরশেবা থেকে মাত্র ৪ মাইল দূরে অবস্থিত। জরুরি সেবা বিভাগ জানিয়েছে, এই হামলায় এখন পর্যন্ত এক ব্যক্তির আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নিওত হোভাব এলাকার বাসিন্দাদের ঘরে থাকতে এবং তাদের জানালা বন্ধ রাখতে বলা হয়েছে। কারণ কারখানায় বিপজ্জনক উপকরণ রয়েছে, সেটা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরানের হামলায় কুয়েতের ১০ সেনা আহত
ইরানের হামলায় কুয়েতের ১০ সেনা আহত হয়েছেন। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কুয়েতের একটি সেনা শিবিরে ইরান হামলা চালিয়েছে। এতে দশ জন সামরিক সদস্য আহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, আহত ব্যক্তিরা চিকিৎসাসেবা নিচ্ছেন। সেনা শিবিরেরও ক্ষয়ক্ষতি হয়েছে। ইরান গত ২৪ ঘণ্টায় কুয়েত লক্ষ্য করে ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১২টি ড্রোন ছুঁড়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত কারখানা থেকে বিপজ্জনক পদার্থ ছড়ায়নি: ইসরায়েল
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত কারাখানা থেকে কোনো বিপজ্জনক পদার্থ ছড়ায়নি বলে জানিয়েছে ইসরায়েল। রোববার ইসরায়েলের বিরশেবা এলাকায় নিওত হোভাব শিল্পাঞ্চলে ওই হামলা চালায় তেহরান।
ইসরায়েলের পরিবেশ সুরক্ষামন্ত্রী ইদিত সিলমান বলেন, ওই এলাকা ভালোভাবে পরিদর্শন করা হয়েছে। সেখানে কোনো বিপজ্জনক পদার্থ বা মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ কোনো কিছু পাওয়া যায়নি। তিনি জানান, ওই এলাকার সড়ক খুলে দেওয়া ও কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ওই হামলার পর বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে কর্তৃপক্ষ আশপাশের বাসিন্দাদের বাড়ির ভেতরে সতর্ক থাকতে বলা হয়েছিল।
এদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শিল্পাঞ্চলে হামলার ঘটনায় ১১ জন আহত হয়েছেন।
তথ্যসূত্র: আল–জাজিরা
লেবাননে নিহত ১ হাজার ২০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় গত চার সপ্তাহে লেবাননে ১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, আহতের সংখ্যা ৩ হাজার ৫০০ জনের বেশি। এর মধ্যে ১২৪ শিশু রয়েছে।
লেবাননে গত শনিবার ও গতকাল রোববার হামলায় ৪৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন উদ্ধারকর্মী এবং তিনজন সাংবাদিক রয়েছেন।
তথ্যসূত্র: আল–জাজিরা
তেহরানের পর ইস্পাহানে বিশ্ববিদ্যালয়ে বিমান হামলা
ইরানের রাজধানী তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ে হামলার পর এবার দেশটির ইস্পাহান শহরের একটি বিশ্ববিদ্যালয়েও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফারস এ খবর জানিয়েছে।
সংবাদ সংস্থাটি জানিয়েছে, ইস্পাহান ইউনিভার্সিটি অব টেকনোলজিতে গত শনিবার দুপুরের দিকে ‘ভয়াবহ’ বিমান হামলা চালানো হয়। তবে এতে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর জানানো হয়নি।
এর আগে গত শনিবার ভোরে তেহরানে অবস্থিত ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী।
তথ্যসূত্র: বিবিসি
লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরায়েলের হামলা
লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্টের সদর দপ্তরে ইসরায়েলি বাহিনীর হামলার খবর পাওয়া গেছে। তবে এতে হতাহতের কোনো খবর এখনো জানা যায়নি।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, দক্ষিণাঞ্চলের মারজায়উন জেলার আদশিত আল-কুসায়ের এলাকায় শান্তিরক্ষীদের ওই ঘাঁটি ইসরায়েলি গোলাবর্ষণের শিকার হয়েছে। এতে সেখানে থাকা ইন্দোনেশিয়ার শান্তিরক্ষীরা ‘ক্ষতিগ্রস্ত’ হয়েছেন।
লেবাননের বেসরকারি সম্প্রচারমাধ্যম আল–জাদিদ জানায়, এ হামলার ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আহতদের এরই মধ্যে হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে হতাহতের সংখ্যা জানানো হয়নি।
এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের শাকরা শহরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় পাঁচজন নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। এতে আহত হয়েছেন আরও দুজন।
তথ্যসূত্র: আল–জাজিরা
ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ঠেকানোর কথা জানাল সৌদি আরব
নতুন করে পাঁচটি ব্যালিস্টিক এবং একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাত ঠেকানোর কথা জানিয়েছে সৌদি আরব। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।
এসব ক্ষেপণাস্ত্র সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দিকে ধেয়ে আসছিল।
তথ্যসূত্র: আল–জাজিরা
যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় বসাতে কাজ করবে পাকিস্তান: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে তাঁর দেশ ইতিবাচক ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে আনতে কাজ করবে পাকিস্তান।
পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনার পর এক বিবৃতিতে শাহবাজ শরিফ এ কথা বলেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গতকাল রোববার চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের এ আলোচনা শুরু হয়।
ওই বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তিনি তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। ক্রমে বাড়তে থাকা আঞ্চলিক সংকট নিয়ে কথা বলেছেন তাঁরা।
শাহবাজ শরিফ বলেন, ইরানসহ কয়েকটি ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশে প্রাণহানি, অর্থনৈতিক ক্ষতি আর সম্পদের ধ্বংস ডেকে আনা সংঘাত দ্রুত নিরসনে যৌথ উদ্যোগ জরুরি।
তথ্যসূত্র: বিবিসি ও আল–জাজিরা
লেবাননে ঘাঁটিতে হামলায় শান্তিরক্ষী নিহত: জাতিসংঘ
লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্টের সদর দপ্তরে হামলায় একজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন শান্তিরক্ষী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা বিবৃতিতে লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী ইউএনআইএফআইএল এ তথ্য জানিয়েছে। তবে হতাহতরা কোন দেশের, সেটা এখনো জানানো হয়নি।
বিবৃতিতে বলা হয়েছে, শান্তি প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে কারও প্রাণহানি হওয়া উচিৎ নয়। এতে আরও বলা হয়েছে, শান্তিরক্ষীদের ঘাঁটিতে ‘নিক্ষেপ করা বস্তুটির’ উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে লেবাননের সংবাদ সংস্থা জানায়, দেশটির দক্ষিণাঞ্চলের মারজায়উন জেলার আদশিত আল-কুসায়ের এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি ঘাঁটি ইসরায়েলি গোলাবর্ষণের শিকার হয়েছে। এ হামলায় সেখানে থাকা ইন্দোনেশিয়ার শান্তিরক্ষীরা ‘ক্ষতিগ্রস্ত’ হয়েছেন।
তথ্যসূত্র: আল–জাজিরা
জ্বালানি তেলের ব্যারেল ১১৫ ডলার ছাড়াল
জ্বালানি তেলের দাম বেড়েছে। এশিয়ার বাজারে বেচাকেনার শুরুতেই জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়ে যায়। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয় ১১৫ ডলার ৮৪ সেন্টে, যা আগের দিনের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ বেশি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইসরায়েলের ভূখণ্ডে এবং আরব দেশগুলোয় বিভিন্ন মার্কিন ঘাঁটি ও স্থাপনায় পাল্টা হামলা চালায় ইরান। সংঘাত ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যের বড় অংশজুড়ে। এ সংঘাত শুরুর আগে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ৭২ ডলারের আশপাশে ছিল। পরে তা দ্রুত বাড়তে শুরু করে।
তথ্যসূত্র: বিবিসি
কুয়েতে ইরানের হামলায় ভারতীয় নিহত
কুয়েতের একটি বিদ্যুৎ এবং পানি লবণমুক্ত করার কেন্দ্রে ইরানের হামলার ঘটনা ঘটেছে। এতে একজন ভারতীয় কর্মী নিহত হয়েছেন। কুয়েতের বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বিবৃতিতে আরও বলা হয়, ইরানের হামলায় কেন্দ্রটির একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে ইরানের খারগ দ্বীপের রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণও চায় ওয়াশিংটন।
একে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার জ্বালানি তেল নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গে তুলনা করেছেন ট্রাম্প। দেশটির রাজধানী কারাকাসে গত জানুয়ারিতে সামরিক অভিযান চালায় মার্কিন বাহিনী।
ওই সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে স্ত্রীসহ তুলে এনে নিউইয়র্কে আটক রাখা হয়েছে। এরপর থেকে অন্তর্বর্তী সরকারের অধীনে থাকা ভেনেজুয়েলার জ্বালানি তেলের ওপর নিয়ন্ত্রণ আরোপের ইচ্ছার কথা জানিয়ে আসছে ওয়াশিংটন।
ফিন্যান্সিয়াল টাইমসকে ট্রাম্প সরাসরি বলেন, ‘সত্যি বলতে, আমার সবচেয়ে পছন্দের কাজ ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নেওয়া। কিন্তু যুক্তরাষ্ট্রে কিছু বোকা লোক বলছে, “আপনি এটা কেন করছেন?” ওরা আসলেই বোকা।’
‘হয়তো আমরা খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নেব, কিংবা হয়তো নেব না। আমাদের হাতে অনেকগুলো বিকল্প আছে’—বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি আরও বলেন, ‘সেখানে (খারগ দ্বীপ) আমাদের কিছুদিন অবস্থান করতে হতে পারে।’
খারগ দ্বীপে থাকা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প চটজলদি বলেন, ‘আমার মনে হয় না তাদের (ইরান) কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আছে। আমরা খুব সহজে এটি নিয়ন্ত্রণে নিতে পারি।’
তথ্যসূত্র: আল–জাজিরা ও বিবিসি
ইরানে স্থল অভিযান নিয়ে মার্কিন পরিকল্পনা: যা বলছেন আইনপ্রণেতারা
ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের পরিকল্পনা করছে পেন্টাগন—এমন খবর প্রকাশ্যে আসার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির সিনেটর জেমস ল্যাঙ্কফোর্ড এনবিসি চ্যানেলের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে অংশ নিয়ে সম্ভাব্য স্থল অভিযানের বিষয়ে বলেন, ‘আমরা কেন সেনা পাঠাচ্ছি, সেটা জানা জরুরি।’
ইরানে সেনা পাঠাতে ট্রাম্পকে কংগ্রেসের অনুমতি নিতে হবে কি না—এ প্রশ্নের জবাবে জেমস ল্যাঙ্কফোর্ড বলেন, এটা নির্ভর করছে মার্কিন সেনাদের কীভাবে ব্যবহার করা হবে, তার ওপর।
ইরানে চলমান সংঘাত আরও বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোর আশঙ্কার পরিপ্রেক্ষিতে নিউ জার্সির ডেমোক্রেটিক সিনেটর কোরি বুকার বলেন, ‘কংগ্রেসের অনুমতি না নিয়ে ট্রাম্প আমাদের এমন এক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন, যেখান থেকে বেরিয়ে আসার কোনো দৃশ্যমান পথ নেই।’
মেরিল্যান্ডের ডেমোক্রেটিক সিনেটর ক্রিস ভ্যান হোলেন এবিসি নিউজের ‘দিস উইক’ অনুষ্ঠানে বলেন, ‘এ যুদ্ধ আমাদের আরও নিরাপদ করার পরিবর্তে মার্কিন নাগরিকদের প্রাণহানি ঘটাচ্ছে। প্রতিদিন শত শত কোটি ডলার খরচ হচ্ছে। জ্বালানি তেল ও গ্যাসের দামও বাড়ছে।’
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইসরায়েলের পার্লামেন্টে বাজেট পাস, সামরিক খাতে বরাদ্দ কত বাড়ল
ইরানের সঙ্গে যুদ্ধ চলার মধ্যেই ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দেশটির ২০২৬ সালের জাতীয় বাজেট অনুমোদন পেয়েছে। বাজেটে সামরিক খাতে বরাদ্দ বড় পরিসরে বেড়েছে।
ইসরায়েলের এবারের বাজেটের আকার প্রায় ২৪৫ বিলিয়ন ডলারের। এর মধ্যে যুদ্ধরত দেশটির সামরিক খাতে ৪৫ বিলিয়ন ডলারের বেশি বরাদ্দ রাখা হয়েছে। সামরিক বাজেটে বরাদ্দ বেড়েছে ১০ বিলিয়ন ডলারের বেশি।
২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় নির্বিচার যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল। তার আগে ফেব্রুয়ারিতে ওই বছরের জাতীয় বাজেট পাস হয়েছিল। তখনকার তুলনায় এবারের বাজেটে সামরিক খাতে বরাদ্দ দ্বিগুণেরও বেশি।
নেসেটে বাজেট নিয়ে ভোটাভুটির আগে দেশটির কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, ইসরায়েলের জন্য এটা একটি ‘ঐতিহাসিক সন্ধিক্ষণ’।
তথ্যসূত্র: আল–জাজিরা
১৩ হাজার লক্ষ্যবস্তুতে বোমা মেরেছি, আরও কয়েক হাজার বাকি রয়েছে: ফিন্যান্সিয়াল টাইমসকে ট্রাম্প
ইরানের তেল উৎপাদন কেন্দ্রগুলো দখল করার হুমকি দিলেও ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন, পাকিস্তানের ‘দূতদের’ মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা ভালোভাবেই এগোচ্ছে।
ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এ কথা বলেন।
আগামী কয়েক দিনের মধ্যে কোনো যুদ্ধবিরতি চুক্তি হতে পারে কি না, যা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার খুলে দেবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে রাজি হননি।
এদিকে ট্রাম্প আরও বলেন, ‘আমাদের হাতে এখনো প্রায় ৩,০০০ লক্ষ্যবস্তু বাকি আছে। আমরা ১৩,০০০ লক্ষ্যবস্তুতে বোমা মেরেছি এবং আরও কয়েক হাজার লক্ষ্যবস্তু বাকি রয়েছে। একটি চুক্তি বেশ দ্রুতই হতে পারে।’
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
পাকিস্তানের মাধ্যমে ইরানের সঙ্গে আলোচনা সফলভাবে এগোচ্ছে, জানালেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধে বেশ দ্রুতই একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। ফিন্যান্সিয়াল টাইমসের (এফটি) বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন যে ইরানের তেল উৎপাদন কেন্দ্রগুলো দখল করার হুমকি দিলেও পাকিস্তানের ‘দূতদের’ মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা ভালোভাবেই এগোচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ইরান বর্তমানে পাকিস্তানের পতাকাবাহী ২০টি তেলের ট্যাংকার হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে, যা আগের তুলনায় দ্বিগুণ। ইরানের পার্লামেন্টের স্পিকার এ অতিরিক্ত ট্যাংকার চলাচলের অনুমোদন দিয়েছেন।
আগামী কয়েক দিনের মধ্যে কোনো যুদ্ধবিরতি চুক্তি হতে পারে কি না, যা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার খুলে দেবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সুনির্দিষ্ট তথ্য দিতে রাজি হননি।
জবাবে ট্রাম্প বলেন, ‘আমাদের হাতে এখনো প্রায় ৩,০০০ লক্ষ্যবস্তু বাকি আছে।আমরা ১৩,০০০ লক্ষ্যবস্তুতে বোমা মেরেছি এবং আরও কয়েক হাজার লক্ষ্যবস্তু বাকি রয়েছে। তবে একটি চুক্তি বেশ দ্রুতই হতে পারে।’
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইরান যুদ্ধ অন্তত জুন পর্যন্ত চলবে: বিশ্লেষকের সতর্কবার্তা
কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার প্রধান ভূ-রাজনৈতিক বিশ্লেষক সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্য সংঘাত সম্ভবত ‘অন্তত জুন মাস পর্যন্ত’ স্থায়ী হবে। তাঁর মতে, ডোনাল্ড ট্রাম্প চাইলেই একতরফাভাবে ইরানের বিরুদ্ধে এ যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিতে পারবেন না।
বিশ্লেষক ম্যাডিসন কার্টরাইট বলেন, ট্রাম্পের আগের বাণিজ্য নীতিগুলোর মতো এখানেও তিনি শেষ মুহূর্তে পিছু হটবেন, এমন আশা করা ঠিক হবে না।
কার্টরাইট ব্যাখ্যা করেন, শুল্ক নীতি নির্ধারণ করা প্রেসিডেন্টের বিশেষ অধিকার। কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধ কখন শেষ হবে, তা তিনি একা বা একতরফা ঠিক করতে পারেন না।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইরাকে যুক্তরাষ্ট্রের ‘ভিক্টরি বেস’ সামরিক ঘাঁটিতে হামলা, উড়োজাহাজে আগুন
ইরাকের রাজধানী বাগদাদে আজ সোমবার ভোরের দিকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এগুলো ড্রোন নয়, বরং বাগদাদ থেকে প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত মার্কিন ‘ভিক্টরি বেস’ ঘাঁটি লক্ষ্য করে ছোড়া রকেটের শব্দ।
জানা গেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ রকেটগুলো ঠেকাতে পারেনি। রকেটগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ ইরাকি স্পেশাল ফোর্সের একটি ‘এ৩২০বি’ পরিবহন উড়োজাহাজে আঘাত করলে সেটিতে আগুন ধরে যায়।
এই প্রথমবারের মতো মার্কিন ভিক্টরি ঘাঁটি সরাসরি হামলার শিকার হলো। তবে বর্তমানে সেখানে কোনো মার্কিন সেনা নেই। তাঁরা আগেই এ সামরিক ঘাঁটি খালি করে চলে গেছেন।
এ হামলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও প্রতীকী। কারণ, ইরাকে মার্কিন আগ্রাসনের চূড়ান্ত সময়ে এ এলাকাটিকে দেশটির সবচেয়ে নিরাপদ ও সুরক্ষিত স্থান মনে করা হতো। সেই সংরক্ষিত এলাকাটিই এখন হামলার মুখে পড়েছে।
এছাড়া রাতভর বাগদাদের আকাশে মার্কিন যুদ্ধবিমানগুলোকে চক্কর দিতে দেখা গেছে।
তুরস্কের গণমাধ্যম তুর্কি টুডের খবরে বলা হয়, ‘ভিক্টরি বেস’-এ একটি ড্রোন আঘাত হেনেছে বলে জানিয়েছে ইরাকের নিরাপত্তা সূত্রগুলো। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান-ঘনিষ্ঠ মিলিশিয়া গোষ্ঠীগুলো এ ঘাঁটিতে হামলা চালিয়ে আসছে। এবারের ড্রোন হামলাটি সেই অভিযানেরই সর্বশেষ ঘটনা।
বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত এই ঘাঁটিতে হামলার সূত্রপাত হয় মূলত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পরপরই। তেহরানে হামলার ঠিক দুদিন পর, ২ মার্চ ইরাকি শিয়া মিলিশিয়া গোষ্ঠী ‘সারায়া আউলিয়া আল-দাম’ এ চত্বরে দুটি ড্রোন ছোড়ে।
গোষ্ঠীটি মূলত ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’-এর ছত্রছায়ায় কাজ করে। তখন একটি ড্রোন মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মাঝপথে ধ্বংস করতে পারলেও অন্যটি সীমানা পেরিয়ে ভেতরে আঘাত হানে।
অন্যদিকে, ইরাকের কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী ইরবিলে আজ ড্রোনের মাধ্যমে আরও একটি হামলা চালানো হয়েছে। সেখানে মার্কিন কনস্যুলেট লক্ষ্য করে ড্রোন ছোড়া হলেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো মাঝপথে ধ্বংস করে দিতে সক্ষম হয়।
সব মিলিয়ে ওই অঞ্চলে সংঘাতের মাত্রা আরও বাড়ছে বলে মনে করা হচ্ছে।
তথ্যসূত্র: আল–জাজিরা ও তুর্কি টুডে
জ্বালানি সংকটে ফিলিপাইনে কয়েক শ পেট্রল পাম্প বন্ধ
ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহের সংকটে পড়েছে ফিলিপাইন। এর ফলে দেশটিতে ৩০০-এর বেশি পেট্রল পাম্প বা জ্বালানি স্টেশন বন্ধ হয়ে গেছে বলে সরকারি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে।
ফিলিপাইন ন্যাশনাল পুলিশের পর্যবেক্ষণ অনুযায়ী, আজ সোমবার পর্যন্ত দেশটিতে ৩৬৫টি স্টেশন বন্ধ রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিপাইনজুড়ে জ্বালানি তেলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
তেহরান ও আলবোর্জে বিদ্যুৎ সংযোগ আবার চালু: ইরান
ইরানের উপ-জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, গতকাল রোববার রাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তেহরান ও পাশের আলবোরজ প্রদেশে বিদ্যুৎ সরবরাহ আবার চালু হয়েছে। বর্তমানে ইরানের পুরো জাতীয় বিদ্যুৎ গ্রিড স্থিতিশীল রয়েছে।
জাতীয় সংবাদমাধ্যম আইআরআইবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে উপমন্ত্রী মোস্তফা রজবি মাশহাদি বলেন, তেহরান ও কারাজ শহরসহ আলবোরজের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছিল। তবে দ্রুত সেই সমস্যার সমাধান করা হয়েছে।
তবে এ হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মূল লক্ষ্যবস্তু কী ছিল, সে বিষয়ে মাশহাদি কিছু জানাননি।
এর আগে খবর পাওয়া গিয়েছিল যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ফলে ছিটকে আসা ক্ষেপণাস্ত্রের টুকরো আলবোরজ প্রদেশের একটি উচ্চ-ভোল্টেজ টাওয়ার এবং ‘দুশান তাপে’ বিদ্যুৎ উপকেন্দ্রের ক্ষতি করেছে।
মাশহাদি জানান, এ ঘটনায় বেশ কয়েকটি বিদ্যুৎ সঞ্চালন উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হলেও শেষ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলা ও দুর্ঘটনায় ৬ ইসরায়েলি সেনা আহত
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তিনটি আলাদা ঘটনায় তাদের ছয় সেনাসদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা বেশ গুরুতর।
ইসরায়েল জানায়, দুই সেনা ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত হয়েছেন। এ ছাড়া ড্রোন হামলায় আরও তিনজন এবং অপর একজন সেনা একটি সামরিক দুর্ঘটনার কবলে পড়ে আহত হন।
তথ্যসূত্র: আল–জাজিরা
যুদ্ধ শুরুর পর ইসরায়েলের ২৬১ সেনা ও ৬ হাজারের বেশি মানুষ আহত
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তাদের ২৬১ জন সেনাসদস্য আহত হয়েছেন।
তবে এখন পর্যন্ত কতজন সেনা মারা গেছেন, সেই সংখ্যা প্রকাশ করেনি ইসরায়েল।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আহত ৬ হাজার আটজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১২১ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যেই অন্তত ২৩২ জন আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন।
তথ্যসূত্র: আল–জাজিরা
দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতিতে ইসরায়েল: বিশ্লেষকের মত
মধ্যপ্রাচ্য বিষয়ক একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, কয়েকটি দেশে সর্বাত্মক সামরিক আগ্রাসন চালানোর মাধ্যমে ইসরায়েল একটি দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।
দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।
এলমাসরি জানান, ইসরায়েলের সবশেষ বাজেট ২৭১ বিলিয়ন (২৭ হাজার ১০০ কোটি) ডলার, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। এ বিশাল বাজেট থেকেই বোঝা যায় যে ইসরায়েল বিভিন্ন ফ্রন্টে অনেকগুলো যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।
এলমাসরি বলেন, ‘ঐতিহাসিকভাবেই যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে ৩৮০ কোটি ডলারের বিশাল সামরিক সহায়তা দিয়ে থাকে। যুদ্ধের সময় এ সহায়তার পরিমাণ আরও বেড়ে যায়।’
তবে এই বিশ্লেষক মনে করেন, ইসরায়েলের ভেতরে হয়তো এখন এমন একটি ধারণা তৈরি হচ্ছে যে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। কারণ, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টাচ্ছে। এখন অনেক মার্কিন শুধু ইসরায়েলের সমালোচনাই করছেন না, বরং দেশটিকে যুক্তরাষ্ট্রের দেওয়া সমর্থনেরও বিরোধিতা করছেন।
এলমাসরি আরও বলেন, এ বিশাল বাজেট ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েল মনে করে না তারা যুদ্ধের শেষ পর্যায়ে আছে। বরং তারা হয়তো যুদ্ধের মাঝপথে বা শুরুর কাছাকাছি অবস্থানে রয়েছে।
এলমাসরি মনে করেন, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন ও ইরানের বিরুদ্ধে ইসরায়েল একটি দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। মূলত ‘গ্রেটার ইসরায়েল’ বা ‘বৃহত্তর ইসরায়েল’ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই এ পথে এগোচ্ছে তারা।
তথ্যসূত্র: আল–জাজিরা
মার্কিন রাডার বিমান ধ্বংস: মধ্যপ্রাচ্যে বড় ধরনের নজরদারি সংকটে যুক্তরাষ্ট্র
সৌদি আরবে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে যুক্তরাষ্ট্রের একটি ‘ই-৩ সেন্ট্রি’ রাডার বিমান ধ্বংস হওয়ার ফলে দূর থেকে ইরানের হুমকি শনাক্ত করার মার্কিন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনটাই বলছেন বিশ্লেষকেরা।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের বিশ্লেষণ করা ছবিতে দেখা গেছে, ধ্বংস হওয়া বিমানটির লেজ ভেঙে গেছে এবং এর ওপর থাকা বিশেষ গোলাকার রাডারটি মাটিতে পড়ে আছে। আকাশপথের আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা (এডব্লিউএসিএস)–এর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এ রাডার। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ওই হামলার ঘটনা ঘটে।
সিএনএনের সামরিক বিশ্লেষক ও সাবেক মার্কিন কর্নেল সেড্রিক লেইটন বলেন, এ বিশেষ রাডার বিমান ধ্বংস হওয়া যুক্তরাষ্ট্রের নজরদারি সক্ষমতার জন্য একটি বড় আঘাত। এর ফলে মার্কিন যুদ্ধবিমান নিয়ন্ত্রণ করা এবং শত্রুবিমান বা ক্ষেপণাস্ত্রের হাত থেকে সেগুলো রক্ষা করা কঠিন হয়ে পড়তে পারে।
এ রাডার বিমানগুলো দশকের পর দশক ধরে মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করছে। এটি আকাশ থেকে ১ লাখ ২০ হাজার বর্গমাইল এলাকাজুড়ে নজরদারি চালাতে পারে। যুক্তরাষ্ট্রের কাছে এমন ১৭টি বিমান রয়েছে, যা তাদের জন্য এক বড় শক্তি হিসেবে বিবেচিত হয়।
সপ্তাহান্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ধ্বংস হওয়া বিমানটির ছবি ছড়িয়ে পড়ে। স্যাটেলাইট ছবির সঙ্গে মিলিয়ে সিএনএন নিশ্চিত করেছে যে হামলাটি সৌদি আরবের ওই বিমানঘাঁটিতেই হয়েছে।
সিএনএনের আগের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, এ হামলায় অন্তত ১০ জন মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন। তবে কেউ মারা যাননি।
তথ্যসূত্র: সিএনএন
ইরানের হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন
ইরানের হামলায় ইসরায়েলের হাইফায় একটি তেল শোধনাগারে আগুন লেগেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো এ কথা জানিয়েছে।
খবরে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় বাজান তেল শোধনাগারে আগুন ধরে যায়।
এর আগে ১৯ মার্চ ইরান ওই স্থাপনায় হামলা চালিয়েছিল।
সূত্র: আল–জাজিরা।
নৌপ্রধান তাংসিরির নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ইরান
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংগসিরির নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ইরান।
আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, তাংগসিরি ‘তাঁর আঘাতের তীব্রতার’ কারণে মারা গেছেন।
গত সপ্তাহে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছিলেন, ইসরায়েলি সেনাবাহিনী হামলা চালিয়ে ইরানের নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংগসিরিকে হত্যা করে।
তখন এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
সূত্র: আল–জাজিরা।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা হয়নি, ওয়াশিংটনের দাবিগুলোও অযৌক্তিক: ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, তেহরান এখনও পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো আলোচনা করেনি। তিনি ওয়াশিংটনের দেওয়া ১৫ দফা প্রস্তাব ‘অযৌক্তিক’ বলেও উল্লেখ করেছেন।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম–এর খবরে বলা হয়, ইসমাইল বাগাই বলেন, ‘আমাদের কাছে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যে বার্তাগুলি এসেছে, সেগুলি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র আলোচনায় আগ্রহী।’ তিনি বলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট। আর তারা (যুক্তরাষ্ট্র) অবস্থান পরিবর্তন করছে।’
ইসমাইল বাগাই বলেন, ‘ইরান শুরু থেকেই তার অবস্থানে স্পষ্ট। আমরা খুব ভালোভাবে জানি যে আমরা কোন কাঠামো বিবেচনা করছি। আমাদের কাছে যা (যুক্তরাষ্ট্রের ১৫ দফা) জানানো হয়েছে, তা অতিরিক্ত এবং অযৌক্তিক চাওয়া।’
তিনি বলেন, পাকিস্তানে যে বৈঠক হয়েছে, তা তারা নিজের উদ্যোগে করেছে। ইরান সেখানে যোগ দেয়নি। তিনি আরও বলেন, এ অঞ্চলের দেশগুলো যুদ্ধ বন্ধ চায়, এটা ভালো। তবে যারা যুদ্ধ শুরু করেছে তাদের বিষয়ে দেশগুলির সতর্ক থাকা উচিত।
সূত্র: আল–জাজিরা।
স্পেনের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালাতে পারবে না যুক্তরাষ্ট্র
ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের কোনো বিমান স্পেনের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস এ কথা জানিয়েছেন।
স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মাদ্রিদে সাংবাদিকদের বলেন, ইরানে অভিযানের জন্য স্পেনের সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র।
স্পেনের এই অবস্থানের ফলে মার্কিন সামরিক বিমানকে ভিন্ন পথ ব্যবহার করতে হবে। স্পেন অবশ্য জানিয়েছে, জরুরি ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার সমালোচনা করে আসছেন।
সূত্র: আল–জাজিরা।
ইরানের বিদ্যুৎ স্থাপনা এবং খারগ দ্বীপ ধ্বংস করার হুমকি ট্রাম্পের
ইরান হরমুজ প্রণালি খুলে না দিলে বেসামরিক বিদ্যুৎ স্থাপনা, তেল কূপ এবং খারগ দ্বীপে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, তেহরান চুক্তিতে রাজী না হলে এ ধরনের পদক্ষেপ আরও বাড়াবেন।
ট্রাম্প লিখেছেন, ‘বড় ধরনের অগ্রগতি হয়েছে। কিন্তু যদি কোনো কারণে শিগগিরই চুক্তি না হয়; যা (চুক্তি) সম্ভবত হবে; এবং যদি হরমুজ প্রণালি ‘ব্যবসার জন্য খুলে দেওয়া’ না হয়, তবে আমরা ইরানের ক্ষেত্রে আমাদের সুন্দর ‘থাকা’ শেষ করব। তাদের সমস্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেল কূপ এবং খারগ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংস করে দেব।’
সূত্র: আল–জাজিরা।
২৪ ঘণ্টায় ৩৮টি ক্ষেপণাস্ত্র –ড্রোন প্রতিহত করেছে সংযুক্ত আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাত গত ২৪ ঘণ্টায় ১১টি ক্ষেপণাস্ত্র এবং ২৭টি ড্রোন প্রতিহত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ এই তথ্য জানিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা এ পর্যন্ত ১ হাজার ৯৪১টি ড্রোন এবং ৪৪০টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, এসব হামলায় আমিরাতে এখন পর্যন্ত ১৭৮ জন আহত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ৮ জন।
একই সময়ে প্রতিবেশী দেশ বাহরাইনও তাদের আকাশসীমায় ৮টি ক্ষেপণাস্ত্র এবং ৭টি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে। বাহরাইন প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট ১৮২টি ক্ষেপণাস্ত্র এবং ৩৯৮টি ড্রোন প্রতিহত করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।
সূত্র: বিবিসি
ইরান যুদ্ধে সেনা না পাঠানোর ঘোষণা দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বললেন, ‘এটা আমাদের যুদ্ধ নয়’
ইরান যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাজ্য ইরানে কোনো সেনা পাঠাবে না।
স্টারমার আজ সকালে সাংবাদিকদের বলেন, ‘এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে জড়িয়ে পড়ব না।’ তবে ব্রিটিশ নাগরিকদের জীবন ও স্বার্থ রক্ষা এবং মধ্যপ্রাচ্যে মিত্র দেশগুলোর সুরক্ষায় লন্ডন কেবল ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নিচ্ছে বলে তিনি জানান।
প্রধানমন্ত্রী স্টারমার আরও বলেন, হরমুজ প্রণালি পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করতে ব্রিটেন তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে। তবে তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা এই যুদ্ধে কোনোভাবেই পা দিচ্ছি না।’
সরাসরি সেনা না পাঠানোর ঘোষণা দিলেও কৌশলগতভাবে এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুক্তরাজ্য। হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে ইরানি লক্ষ্যবস্তুগুলোতে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে স্টারমার সরকার। এ ছাড়া ইরানের ছোড়া ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে মধ্যপ্রাচ্যে আকাশপথে ব্রিটিশ যুদ্ধবিমানও মোতায়েন করা হয়েছে।
তথ্যসূত্র: আল-জাজিরা
ইরান যুদ্ধে সামরিক লক্ষ্য অর্জনই আমাদের প্রধান লক্ষ্য: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ‘সুনির্দিষ্ট লক্ষ্যগুলো’ অর্জন করাই এখন ওয়াশিংটনের প্রধান মনোযোগের বিষয় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আজ আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
রুবিও বলেন, ‘আমরা এই লক্ষ্যগুলো অর্জনের পথেই ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি।’
তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের চূড়ান্ত লক্ষ্য সম্পর্কে বিভিন্ন সময়ে একেক ধরনের বক্তব্য দিয়ে আসছেন। তাঁর এই ‘পরস্পরবিরোধী’ লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে—ইরানের আঞ্চলিক সামরিক শক্তি ধ্বংস করা, দেশটির শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দেওয়া, ইরানে সরকারবিরোধী বিক্ষোভ উসকে দেওয়া, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা এবং শেষ পর্যন্ত দেশটিতে ‘রেজিম চেঞ্জ’ বা শাসনব্যবস্থায় পরিবর্তন আনা।
যুদ্ধ শেষ হওয়ার পর হরমুজ প্রণালি বন্ধ করলে ইরানের ভয়াবহ পরিণতি হবে
ইরান যদি সামরিক অভিযান শেষ হওয়ার পর হরমুজ প্রণালি বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুমকি দিয়েছেন রুবিও।
তিনি বলেন, ইরান সামরিক অভিযান শেষ হওয়ার পরে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। ইরানের সম্মতিতে কিংবা যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সামরিক এক জোটের মাধ্যমে এই প্রণালি খুলে দেওয়া হবে। এরপর যদি ইরান ওই প্রণালি বন্ধের চেষ্টা করে, তাহলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে।
তথ্যসূত্র: আল-জাজিরা
ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেনি, ভবিষ্যতেও এমন পরিকল্পনা নেই: ইসমাইল বাগাই
ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেনি এবং ভবিষ্যতেও তেমন কোনো পরিকল্পনা তাদের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। আজ সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
বাগাই জানান, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) সই করে ইরান আসলে কতটা সুফল পাচ্ছে, তা নিয়ে দেশটির পার্লামেন্ট এবং সাধারণ জনগণের মধ্যে গভীর উদ্বেগ ও সংশয় তৈরি হয়েছে।
১৯৭০ সালে কার্যকর হওয়া এই আন্তর্জাতিক চুক্তির মূল লক্ষ্য হলো পরমাণু অস্ত্রের বিস্তার রোধ করা। তবে এই চুক্তি সদস্য দেশগুলোকে শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য পরমাণু শক্তি নিয়ে গবেষণা ও উন্নয়নের অধিকার দেয়।
মুখপাত্র বাগাই বলেন, ইরান এখনো এই চুক্তির সদস্য হিসেবে এতে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তবে চুক্তির আওতায় দেশ হিসেবে ইরানের যেসব অধিকার পাওয়ার কথা, তা আসলে তারা ভোগ করতে পারছে কি না—সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
তেহরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। তবে যুক্তরাষ্ট্র দীর্ঘ দিন ধরেই ইরানের এই দাবির বিরোধিতা করে আসছে এবং তেহরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির গোপন চেষ্টার অভিযোগ তুলে আসছে।
উল্লেখ্য, গত বছর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড অব গভর্নরস এক প্রস্তাবে ইরানকে চুক্তির শর্ত লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছিল। মূলত সেই প্রেক্ষাপটেই চুক্তির কার্যকারিতা ও সুফল নিয়ে নতুন করে প্রশ্ন তুলল ইরান।
তথ্যসূত্র:: বিবিসি
যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটোর কোনো অস্তিত্ব নেই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ন্যাটোর সমালোচনা করে বলেছেন, যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটোর কোনো অস্তিত্ব নেই। আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। রুবিও বলেন, ‘এই সত্যটি সবাই জানে।’
ইরান ও ইসরায়েলের এই যুদ্ধে সহায়তা না করায় এর আগে সামরিক জোট ন্যাটোর তীব্র সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন, ‘ন্যাটো দেশগুলো কাপুরুষ এবং আমরা এটি মনে রাখব!’
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবে চলছে, দাবি হোয়াইট হাউসের
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ভালোভাবে এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
ক্যারোলিন লেভিট বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত রয়েছে এবং ভালোভাবে এগুচ্ছে। যদিও ইরানের নেতাদের প্রকাশ্য বিবৃতি আর তাঁরা যুক্তরাষ্ট্রকে গোপনে যা বলছেন তা থেকে আলাদা।
ট্রাম্প ইরানে স্থলসেনা মোতায়েনের সম্ভাবনাকে বাতিল করেননি উল্লেখ করে লেভিট বলেন, কূটনীতি এখনও ট্রাম্পের প্রথম পছন্দ।
ক্যরোলিন লেভিট বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ১১ হাজারের বেশি ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। পাশাপাশি নৌবাহিনীকেও ধ্বংস করেছে। ধ্বংস করা হয়েছে ১৫০টিরও বেশি জাহাজ।
লেভিট সতর্ক করে দিয়ে বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করার এই ‘সুযোগ’ প্রত্যাখ্যান করে, তাহলে সামরিক বাহিনী ট্রাম্পকে ইরানকে ‘চরম মূল্য’ দিতে হবে।
সূত্র: বিবিসি ও আল–জাজিরা
ইরানে যুদ্ধ চার থেকে ছয় সপ্তাহ চলতে পারে: হোয়াইট হাউস
ইরানে যুদ্ধ চার থেকে ছয় সপ্তাহ চলতে পারে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। হোয়াইট হাউসে এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে ক্যারোলিনকে প্রশ্ন করা হয়, ইরানের সঙ্গে যুদ্ধের বর্তমান সময়সীমা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কী ভাবছেন?
জবাবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই বলে আসছেন, ইরানে এ অভিযান মোট চার থেকে ছয় সপ্তাহ স্থায়ী হতে পারে। এখনও এটাই তাঁর (ট্রাম্প) অভিমত।’
ক্যারোলিন দাবি করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত রয়েছে এবং ভালোভাবে এগুচ্ছে।
প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে স্থলসেনা মোতায়েনের সম্ভাবনাকে বাতিল করেননি উল্লেখ করে ক্যারোলিন আরও বলেন, ‘কূটনীতি এখনও ট্রাম্পের প্রথম পছন্দ।’
তথ্যসূত্র: বিবিসি ও আল–জাজিরা
লেবাননে বিস্ফোরণে আরও দুজন শান্তিরক্ষী নিহত: জাতিসংঘ
লেবাননে গাড়িতে বিস্ফোরণে জাতিসংঘের আরও দুজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এক বিবৃতিতে লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী ইউএনআইএফআইএল জানায়, ‘অজ্ঞাত বস্তুর’ বিস্ফোরণে শান্তিরক্ষীদের গাড়িটি ধ্বংস হয়ে গেছে।
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, সোমবার বিস্ফোরণের ঘটনায় আরও দুজন শান্তিরক্ষী আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। অন্যজন সামান্য আঘাত পেয়েছেন।
এর আগে গত রোববা্র লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্টের সদর দপ্তরে হামলায় একজন শান্তিরক্ষী নিহত হন। তিনি ইন্দোনেশিয়ার নাগরিক। গুরুতর আহত হন আরও একজন শান্তিরক্ষী।
শান্তি প্রতিষ্ঠার কাজ নিয়োজিত ব্যক্তিদের ওপর এমন বিস্ফোরণের ঘটনাকে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ হিসেবে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে দ্রুত সংঘাত বন্ধে সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী নিহতের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বান করেছে ফ্রান্স।
তথ্যসূত্র: আল–জাজিরা ও বিবিসি
লেবাননের অন্তত ছয়টি গ্রাম খালি করার নির্দেশ ইসরায়েলি বাহিনীর
লেবাননের বেকা উপত্যকা অঞ্চলের অন্তত ছয়টি গ্রামের বাসিন্দাদের দ্রুত গ্রামগুলো খালি করে দিতে নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।
এই গ্রামগুলো হলো—বেকা উপত্যকা অঞ্চলের জালায়া, লবায়া, ইয়াহমুর, সাহমের, কালায়া এবং দালাফি।
ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রাই বলেন, এসব গ্রামের বাসিন্দাদের অবিলম্বে কারাউন শহরের আরও উত্তরে সরে যাওয়া উচিত। কেননা, দক্ষিণে যেকোনো পদক্ষেপ জীবনকে ‘ঝুঁকিতে ফেলতে’ পারে।
তথ্যসূত্র: বিবিসি
দুটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি আইআরজিসির
নিজেদের আকাশসীমায় দুটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের অভিজাত বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। তবে ড্রোন দুটি কোন দেশের, তা নিশ্চিত করা হয়নি।
আইআরজিসির জনসংযোগ দপ্তর জানায়, গত কয়েক ঘণ্টায় ইরানের ইস্পাহান শহরের আকাশে ‘উন্নত নতুন প্রতিরক্ষা ব্যবস্থার’ মাধ্যমে ড্রোন দুটি ভূপাতিত করা হয়েছে।
এমকিউ-৯ রিপার ড্রোন সাধারণত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্যবহার করে। তবে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর হাতেও এ মডেলের ড্রোন রয়েছে।
ইরানের পক্ষ থেকে দুটি ড্রোন ভূপাতিত করার দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
তথ্যসূত্র: আল–জাজিরা
মার্কিন বাহিনীকে সরানোর এটাই সময়, সৌদি আরবকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরবের উদ্দেশে বলেছেন, দেশটি থেকে মার্কিন সেনাদের সরানোর এটাই সময়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি এ কথা বলেন। পোস্টে তিনি বলেন, তাঁর দেশ সৌদি আরবকে ‘সম্মান’ করে এবং একটি ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ হিসেবে বিবেচনা করে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা আরব বা ইরানিদের সম্মান করে না, ইরানের অভিযানগুলো সেসব ‘শত্রু ও আগ্রাসনকারীদের’ বিরুদ্ধে পরিচালিত হচ্ছে।
পোস্টে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া একটি মার্কিন উড়োজাহাজের ছবিও জুড়ে দেন আব্বাস আরাগচি।
তথ্যসূত্র: বিবিসি
ইরান যুদ্ধের শেষ কবে, নির্দিষ্ট সময়সীমা বললেন না নেতানিয়াহু
ইরানে চলমান যুদ্ধ কবে নাগাদ শেষ হতে পারে—এমন প্রশ্নের জবাবে নির্দিষ্ট করে কোনো ‘সময়সীমা’ জানাতে রাজি হননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের টিভি সংস্থা ‘নিউজম্যাক্সের’ সঙ্গে কথা বলেন। এ সময় তাঁকে প্রশ্নটি করা হয়। জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী ‘সময়সীমা’ বলার বিষয়টি নাকচ করে দেন।
সংবাদ সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, নেতানিয়াহু বলেছেন, চলমান যুদ্ধ নিশ্চিতভাবে ‘অর্ধেক পথ পেরিয়ে গেছে’। আর ইরানের ইসলামী প্রজাতন্ত্র অবশ্যই ‘অভ্যন্তরীণভাবে ভেঙে পড়বে’। তেহরান যুদ্ধ শেষে এখনকার চেয়ে দূর্বল হবে।
তথ্যসূত্র: বিবিসি ও আল–জাজিরা
শত্রু দেশের জাহাজ হরমুজ প্রণালি পার হতে পারেনি: ইরান

ইরানের একজন সরকারি কর্মকর্তা আল–জাজিরা আরবিকে বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি করা এবং চুক্তির দলিলপত্রের পর্যালোচনা ছাড়া কোনো জাহাজ হরমুজ প্রণালি পার হতে পারছে না।
নাম প্রকাশ না করা ওই কর্মকর্তা আরও বলেন, ‘এখন পর্যন্ত কোনো শত্রু দেশের পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালি পার হতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না।’
তথ্যসূত্র: আল–জাজিরা
মার্কিন ঘাঁটিতে ৫ হামলার দায় স্বীকার ইরাকের সশস্ত্র গোষ্ঠী
ইরাকের সশস্ত্র গোষ্ঠী সারায়া আওলিয়া আল-দাম জানিয়েছে, তারা গত ২৪ ঘণ্টায় ওই অঞ্চলের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাঁচটি হামলা চালিয়েছে।
নিজেদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে ওই গোষ্ঠী এ কথা জানায়।
তথ্যসূত্র: আল–জাজিরা
দুবাই বন্দরে তেলের ট্যাংকারে ইরানের হামলা
কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা অবস্থায় কুয়েতি তেলের ট্যাংকার ‘আল-সালমি’ ইরানের হামলার শিকার হয়েছে।
এক বিবৃতিতে একে ইরানের ‘সরাসরি ও অপরাধমূলক’ হামলা বলে উল্লেখ করেছে কেপিসি। কেপিসির এ বিবৃতি প্রকাশ করেছে কুয়েত নিউজ এজেন্সি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলার সময় ট্যাংকারটি জ্বালানি তেলে বোঝাই ছিল। হামলায় সেটার কাঠামো ক্ষতিগ্রস্ত হয়, আগুন ধরে যায়। বিবিসি জানিয়েছে, ট্যাংকারে থাকা ২৪ ক্রুর সবাই অক্ষত আছেন।
হামলার ফলে পার্শ্ববর্তী জলসীমায় জ্বালানি তেল ছড়িয়ে পড়ার আশঙ্কার কথাও জানিয়েছে কেপিসি।
তথ্যসূত্র: আল–জাজিরা
রিয়াদের দিকে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ধ্বংসের ঘোষণা সৌদি আরবের
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো রাজধানী রিয়াদের বিভিন্ন এলাকা লক্ষ্য করে ছোড়া হয়েছিল।
তথ্যসূত্র: আল–জাজিরা
২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর ওপর ৪৩টি হামলা: হিজবুল্লাহ
লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মোট ৪৩টি হামলা চালিয়েছে।
এর মধ্যে লেবাননের ভূখণ্ডের ভেতরে থাকা ইসরায়েলি বাহিনীর ওপর ২৬টি হামলা চালানো হয়েছে। আর বাকি ১৭টি হামলা চালানো হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর চারটি সামরিক ঘাঁটি, আটটি সামরিক স্থাপনা, একটি সামরিক ব্যারাক এবং চারটি নতুন করে স্থাপন করা সীমান্ত চৌকিতে এসব হামলা চালানো হয়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার ক্ষত, দেখুন ছবিতে
ইরানের পাশাপাশি লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। মূলত ইরানপন্থী হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠী লেবাননে ইসরায়েলিদের প্রধান লক্ষ্যবস্তু। লেবাননের দক্ষিণাঞ্চলে সোমবার বড় পরিসরে হামলা হয়েছে। ইসরায়েলি হামলায় হানুইয়েহ গ্রামের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে। সেখানকার ক্ষয়ক্ষতি ও উদ্ধারকাজের ছবিগুলো এএফপি প্রকাশ করেছে।



হরমুজ প্রণালিতে টোল আদায় নিয়ে পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট
বিশ্বে জ্বালানি তেল ও পণ্য পরিবহনে অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা জাহাজগুলোর কাছ থেকে টোল আদায়ের পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের পার্লামেন্টারি কমিটি।
দেশটির বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা ফারস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের একজন সদস্য এ পরিকল্পনা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। এ পরিকল্পনায় যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে বাধা দেওয়ার কথা উল্লেখ রয়েছে।
পরিকল্পনায় আরও বলা রয়েছে, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় অংশগ্রহণকারী অন্যান্য দেশকেও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নিষিদ্ধ করা হবে।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, হরমুজ প্রণালিতে নতুন টোল ব্যবস্থা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ঘোষণা করেছে। এতে বলা হয়েছে, ওমানের সহযোগিতা নিয়ে এ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে।
হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ করা হয়। যুদ্ধের মধ্যে তেহরান এটিকে কূটনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করায়, এ নিয়ে বেশ আলোচনা হচ্ছে।
তথ্যসূত্র: বিবিসি
ইরাকের প্যারামিলিটারি পিএমএফের ঘাঁটিতে বিমান হামলা
ইরাকের প্যারামিলিটারি গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) জানিয়েছে, তাদের দুটি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
এক বিবৃতিতে পিএমএফ জানায়, ইরাকের বাবিল ও আনবার প্রদেশে থাকা তাদের ঘাঁটি দুটি হামলার শিকার হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি।
তথ্যসূত্র: আল–জাজিরা
যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান দেশটির সঙ্গে কোনো আলোচনায় বসেনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একগুচ্ছ প্রস্তাবসহ একটি আলোচনার অনুরোধ আমাদের কাছে এসেছে। পাকিস্তানসহ বেশকিছু মধ্যস্থতাকারীর মাধ্যমে এটা আমরা পেয়েছি।
যুদ্ধবিরতি নিয়ে ইরান ‘আগের অবস্থানে অটল রয়েছে’ উল্লেখ করেন ইসমাইল বাঘাই। তিনি বলেন, ‘আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন ও আক্রমণ পূর্ণ উদ্যমে অব্যাহত থাকায়; আমাদের সব প্রচেষ্টা আর সামর্থ্য ইরানের অস্তিত্ব রক্ষায় নিবেদিত।’
এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত রয়েছে এবং ভালোভাবে এগুচ্ছে। এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, তারা কোনো আলোচনায় অংশই নেয়নি।
তথ্যসূত্র: আল–জাজিরা
হরমুজ প্রণালি বন্ধ রেখেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সহযোগীদের জানিয়েছেন যে হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত না হলেও তিনি ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান শেষ করতে আগ্রহী। মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এমন পদক্ষেপ নেওয়া হলে জলপথটির ওপর তেহরানের শক্ত নিয়ন্ত্রণ আরও দীর্ঘায়িত হতে পারে। এছাড়া এটি আবার চালু করার জটিল কাজটি ভবিষ্যতের জন্য ঝুলে থাকবে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত কয়েক দিনে ট্রাম্প ও তাঁর সহযোগীরা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। তাঁরা মনে করছেন, এ গুরুত্বপূর্ণ জলপথটি জোর করে উন্মুক্ত করার অভিযানে নামলে যুদ্ধ ট্রাম্পের নির্ধারিত চার থেকে ছয় সপ্তাহের সময়সীমা ছাড়িয়ে যেতে পারে।
কর্মকর্তাদের মতে, এ পরিস্থিতিতে ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হওয়া উচিত ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্রের মজুত ধ্বংস করা। এরপর বর্তমান সংঘাত কমিয়ে আনা ও কূটনৈতিকভাবে তেহরানের ওপর চাপ সৃষ্টি করা, যাতে তারা অবাধ অবাধ বাণিজ্যের সুযোগ দেয়।
কর্মকর্তারা জানিয়েছেন, এ পরিকল্পনা ব্যর্থ হলে ওয়াশিংটন ইউরোপ ও উপসাগরীয় অঞ্চলের মিত্রদের ওপর চাপ দেবে, যেন তারা হরমুজ প্রণালি আবার খোলার নেতৃত্বে থাকে।
কর্মকর্তারা আরও জানান, প্রেসিডেন্টের সামনে সামরিক বিকল্পও খোলা আছে। তবে আপাতত সেগুলো তিনি অগ্রাধিকার দিচ্ছেন না।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
দ্বিতীয় প্রচেষ্টায় হরমুজ প্রণালি পার হলো চীনের দুই জাহাজ
জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, গত শুক্রবার গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করার পর মাঝপথ থেকে ফিরে আসে চীনের দুটি কনটেইনারবাহী জাহাজ। তবে দ্বিতীয় প্রচেষ্টায় হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগর থেকে বেরিয়ে গেছে জাহাজ দুটি।
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম ‘মেরিন ট্রাফিক’-এর তথ্য বলছে, গতকাল সোমবার জাহাজ দুটি এ গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে একে অপরের খুব কাছাকাছি থেকে উন্মুক্ত সমুদ্রের দিকে পাড়ি জমিয়েছে।
মেরিন ট্রাফিকের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘কেপলার’-এর তথ্য বিশ্লেষক রেবেকা গার্ডেস বলেন, ‘আজ (সোমবার) দ্বিতীয় প্রচেষ্টায় জাহাজ দুটি সফলভাবে পারস্য উপসাগর পার হয়েছে। যুদ্ধ শুরুর পর ইরানি পতাকাবাহী জাহাজ বাদে এগুলোই প্রথম কোনো কনটেইনারবাহী জাহাজ যা এ অঞ্চল থেকে বের হতে পারল।’
বার্তা সংস্থা রয়টার্স রেবেকাকে উদ্ধৃত করে বলেছে, হরমুজ প্রণালি ছেড়ে জাহাজ দুটি ওমান উপসাগরের দিকে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।
ইরান বর্তমানে হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রেখেছে। তবে যে দেশগুলোকে তারা ‘বন্ধুত্বপূর্ণ’ কিংবা ‘শত্রু নয়’ বলে মনে করে, তাদের অল্প কিছু জাহাজ যাতায়াতের অনুমতি দেওয়া হচ্ছে।
কসকো শিপিংয়ের বিশাল এ দুটি কনটেইনারবাহী জাহাজের পার হওয়া বেইজিং ও তেহরানের মধ্যে কূটনৈতিক সফলতার ইঙ্গিত দিচ্ছে। এর ফলে ইরান তাদের বন্ধু দেশের তালিকা আরও বড় করছে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের ৪ সেনা নিহত: আইডিএফ
ইসরায়েলি সামরিক বাহিনী আজ মঙ্গলবার জানিয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে তাদের চারজন সেনা নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে একই ব্যাটালিয়নের তিন সেনার নাম প্রকাশ করে জানানো হয়েছে, তাঁরা ‘লড়াই চলাকালে নিহত’ হয়েছেন। পৃথক আরেকটি বিবৃতিতে জানানো হয়, একই ঘটনায় আরও একজন সেনা মারা গেছেন। তবে তাঁর নাম এখনো প্রকাশ করা হয়নি।
অন্য একটি বিবৃতিতে বলা হয়েছে, এ লড়াইয়ে আরেক সেনা গুরুতর আহত হয়েছেন। এছাড়া রিজার্ভ ফোর্সের এক সদস্য মাঝারি ধরনের আহত হয়েছেন।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
কুয়েতের তেলভর্তি জাহাজে ইরানের হামলা, সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা
ইরান গতকাল সোমবার দুবাই বন্দরের বহির্নোঙরে জ্বালানি তেলবোঝাই একটি বিশাল জাহাজে হামলা করলে এটিতে আগুন ধরে যায়। এতে জাহাজটির মূল কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন হামলার কারণে জাহাজটিতে আগুন ধরে যায়। আজ মঙ্গলবার ভোরে কয়েক ঘণ্টার চেষ্টায় সে আগুন নেভানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হুঁশিয়ারির কয়েক ঘণ্টা পরই এ হামলার ঘটনা ঘটল।
ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান যদি হরমুজ প্রণালি খুলে না দেয়, তবে যুক্তরাষ্ট্র দেশটির বিদ্যুৎকেন্দ্র ও তেলের খনিগুলো ধ্বংস করে দেবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চলছে।
‘আল-সালমি’ নামের কুয়েতি জাহাজে এই হামলা সেই উত্তেজনারই সবশেষ উদাহরণ। মাসব্যাপী চলা এই যুদ্ধ মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। এতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, যা বিশ্ব অর্থনীতিকে বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে।
কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা (কেইউএনএ) জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা অবস্থায় আল-সালমি জাহাজটিতে ইরানি হামলা হয়। এতে জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) ক্ষয়ক্ষতির পাশাপাশি সাগরে তেল ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে।
দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, নৌ-অগ্নিনির্বাপক দল ড্রোন হামলায় লাগা আগুন সফলভাবে নিভিয়ে ফেলেছে। বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এতে কেউ হতাহত হয়নি এবং জাহাজের ২৪ জন ক্রু সদস্যই নিরাপদ আছেন।
কুয়েতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে হামলার খবর আসার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম সাময়িকভাবে বেড়ে গিয়েছিল। আক্রান্ত এই জাহাজটিতে প্রায় ২০ লাখ ব্যারেল তেল পরিবহনের ক্ষমতা রয়েছে, যার বর্তমান বাজারমূল্য ২০ কোটি ডলারের বেশি।
তবে ওয়াল স্ট্রিট জার্নাল একটি প্রতিবেদন প্রকাশের পর তেলের দাম কিছুটা কমেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তাঁর সহযোগীদের জানিয়েছেন যে হরমুজ প্রণালি বন্ধ থাকলেও তিনি যুদ্ধ শেষ করতে আগ্রহী এবং সামরিক পদক্ষেপ এ মুহূর্তে তাঁর কাছে অগ্রাধিকার পাচ্ছে না।
দুবাইয়ে ক্ষতিগ্রস্ত জাহাজটির ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছে কেপিসি। বিভিন্ন তথ্য অনুযায়ী, জাহাজটি কুয়েত ও সৌদি আরব থেকে ২০ লাখ ব্যারেল তেল নিয়ে চীনের চিংদাও বন্দরের দিকে যাচ্ছিল।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইরানের ইসফাহানে গোলাবারুদের ডিপোতে যুক্তরাষ্ট্রের ‘বাংকার বাস্টার’ বোমা হামলা
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের একজন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের ইসফাহানে একটি বিশাল গোলাবারুদের ডিপোতে ২ হাজার পাউন্ডের (৯০৭ কেজি) ‘বাংকার বাস্টার’ বোমা দিয়ে হামলা চালিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলায় বিপুলসংখ্যক ‘পেনিট্রেটর মিউনিশন’ বা ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসকারী অস্ত্র ব্যবহার করা হয়েছে।
ইসফাহানে বিশাল বিস্ফোরণের একটি ভিডিও ট্রাম্প কোনো ক্যাপশন ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর এ প্রতিবেদনটি প্রকাশিত হয়।
ভিডিও পোস্ট করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার ভোরে কোনো মন্তব্য ছাড়াই একটি বিশাল বিস্ফোরণের ভিডিও শেয়ার করেছেন। এটি ইসফাহানের উপকণ্ঠে চালানো একটি বড় ধরনের হামলার বলে মনে করা হচ্ছে।
JUST IN: Massive explosions in Isfahan, Iran following US-Israeli strikes. pic.twitter.com/UWAS6wJ2iB
— BRICS News (@BRICSinfo) March 31, 2026
বেলুচ মানবাধিকার গোষ্ঠী ‘হালভাশ’ ইসফাহানের বাইরে থেকে ধারণ করা একই ধরনের আরও কিছু ভিডিও শেয়ার করেছে। নাসা’র স্যাটেলাইটের তথ্য, বিস্ফোরণগুলো সোফেহ পাহাড়ের কাছে ঘটেছে। ধারণা করা হয়, ওই এলাকায় সামরিক অবস্থান রয়েছে।
ভিডিওগুলোতে আগুনের বিশাল কুণ্ডলী ও বারবার হতে থাকা ছোট ছোট বিস্ফোরণ দেখা গেছে। সাধারণত গোলাবারুদের ডিপোতে আগুন লাগলে এ ধরনের বিস্ফোরণ ঘটে থাকে।
তথ্যসূত্র: আল–জাজিরা ও গালফ নিউজ
হিজবুল্লাহর সামরিক শাখা নিষিদ্ধ করল লেবানন সরকার
লেবানন সরকার আনুষ্ঠানিকভাবে হিজবুল্লাহর সামরিক শাখাকে নিষিদ্ধ করেছে। একজন কূটনৈতিক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম ‘আল হদস’ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন কর্তৃপক্ষ জাতিসংঘকে একটি চিঠির মাধ্যমে জানিয়েছে যে তারা হিজবুল্লাহর সামরিক কার্যক্রমকে অপরাধ হিসেবে গণ্য করছে।
চিঠিতে বৈরুত উল্লেখ করেছে, গত ২ মার্চ লেবানন সরকার হিজবুল্লাহর সব ধরনের সামরিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই
মধ্যপ্রাচ্যে আসতে শুরু করেছেন মার্কিন বাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অভিজাত ৮২তম এয়ারবর্ন ডিভিশনের কয়েক হাজার প্যারাট্রুপার মধ্যপ্রাচ্যে আসতে শুরু করেছেন।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, এ নিয়ে আলোচনার মধ্যে গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানালেন।
রয়টার্স প্রথম গত ১৮ মার্চ একটি প্রতিবেদনে বলেছিল, ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন করার কথা ভাবছে। ইরানের ভেতরে সৈন্য মোতায়েনের বিষয়টিও এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে।
এ প্যারাট্রুপাররা নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে যাত্রা শুরু করেছেন। তাঁরা মধ্যপ্রাচ্যে মোতায়েন করা কয়েক হাজার অতিরিক্ত নাবিক, মেরিন ও ‘স্পেশাল অপারেশনস ফোর্স’–এর সঙ্গে যুক্ত হবেন। গত সপ্তাহান্তে প্রায় ২,৫০০ মেরিন সেনাসদস্য মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন।
তথ্যসূত্র: রয়টার্স
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ৪ বছরের মধ্যে সর্বোচ্চ
যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের গড় দাম প্রতি গ্যালন ৪ ডলারে (বাংলাদেশি টাকায় ৪৯৩) পৌঁছেছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ।
বর্তমানে পাম্পগুলোতে জ্বালানি তেলের এই গড় দাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই মেয়াদের যেকোনো সময়ের তুলনায় বেশি।
তথ্যসূত্র: সিএনএন
ইরানে ৩০০টিরও বেশি চিকিৎসাকেন্দ্র এবং ৭৬০টি স্কুলে হামলা
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৯০ হাজার ৬৩টি আবাসিক ইউনিট, ৩০৭টি স্বাস্থ্যসেবা ও চিকিৎসা কেন্দ্র এবং ৭৬০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের রেডক্রিসেন্ট সোসাইটি এই তথ্য জানিয়েছ।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুটি শুধু সামরিক স্থাপনায় হামলা চালানো হচ্ছে দাবি করলেও বেসামরিক স্থাপনাও রেহাই পাচ্ছে না।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গতকালের তথ্যমতে, দেশটিতে চলমান হামলায় নিহতের সংখ্যা ২ হাজার ৭৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ২৪ হাজারের বেশি মানুষ।
সূত্র: আল–জাজিরা।
যুক্তরাজ্যের মতো দেশগুলোর সমালোচনা করে দুই পরামর্শ দিলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পক্ষ হয়ে ইরান যুদ্ধে যোগ না দেওয়ায় যুক্তরাজ্যসহ মিত্রদেশগুলোর আবারও সমালাচোনা করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘যেসব দেশ হরমুজ প্রণালির কারণে জেট ফুয়েল পাচ্ছে না, যেমন যুক্তরাজ্য—যারা ইরান যুদ্ধে যোগ দেওয়া থেকে বিরত থেকেছে, তাদের জন্য আমার পরামর্শ আছে। প্রথমত, আমাদের কাছ থেকে (জেট ফুয়েল) কিনুন, আমাদের প্রচুর আছে এবং দ্বিতীয়ত, দেরিতে হলেও কিছুটা সাহস গড়ে তুলুন, (হরমুজ) প্রণালিতে যান এবং দখল নিয়ে নিন।’
ট্রাম্প বিশেষভাবে ফ্রান্সকে নিয়ে বলেন, ফ্রান্স ‘খুবই অসহযোগী’ ছিল, কারণ তারা রসদবোঝাই বিমানগুলোকে তাদের ভূখণ্ডের ওপর দিয়ে উড়তে অনুমতি দেয়নি।
ইরানে হামলা শুরু করার পর থেকেই সামরিকভাবে ইউরোপীয় দেশগুলিকে পাশে না পেয়ে তাদের সমালোচনা করে যাচ্ছেন ট্রাম্প।
সূত্র: আল–জাজিরা
হামলায় পরিবারের সদস্যসহ ইরানি জেনারেল নিহত: আইআরজিসি
ইরানের সশস্ত্র বাহিনীর মেজর জেনারেল জামশিদ এসঘাঘি হামলায় নিহত হয়েছেন। তিনি চিফ অব জেনারেল স্টাফের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ কথা জানিয়েছে।
আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে ইরানের গণমাধ্যমে বলা হয়, হামলায় জামিশদ এবং তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন। তিনি কোন হামলায় এবং কবে নিহত হয়েছেন, বিবৃতিতে এ বিষয়ে তথ্য দেওয়া হয়নি।
সূত্র: আল–জাজিরা
ইরান যুদ্ধ শুধু ট্রাম্পের শর্তে শেষ হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরান যুদ্ধ শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শর্তেই শেষ হবে। তিনি এ–ও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
হেগসেথ বলেন, ‘আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি চুক্তি চায়। যদি চুক্তি না হয়, আমরা প্রস্তুত আছি “বোমা দিয়ে আলোচনা” চালিয়ে যেতে।’
হরমুজ প্রণালি প্রসঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, বিশ্বের কিছু দেশ রয়েছে যাদের উচিত এই গুরুত্বপূর্ণ জলপথ খুলে দেওয়ার প্রস্তুতি নিয়ে এগিয়ে আসা।
সূত্র: আল–জাজিরা
মধ্যপ্রাচ্যে গুগল-মেটা-অ্যাপলসহ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি ইরানের
মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের কর্মী ও আশপাশে বসবাসকারী সাধারণ মানুষকে দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে বাহিনীটি।
আইআরজিসি বিবৃতির বরাত দিয়ে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, লক্ষ্যবস্তু নির্ধারণ ও নজরদারির মূল কারিগর হলো যুক্তরাষ্ট্রের আইসিটি ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) কোম্পানিগুলো। তাই এখন থেকে এই প্রতিষ্ঠানগুলো তাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে গণ্য হবে।
আইআরজিসি জানিয়েছে, আগামীকাল স্থানীয় সময় রাত ৮টা থেকে বোয়িং, টেসলা, মেটা, গুগল ও অ্যাপলসহ অন্তত ১৫টি মার্কিন প্রতিষ্ঠানে হামলা চালানো হতে পারে। হামলার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকাগুলো থেকে জরুরি ভিত্তিতে লোকজনকে সরে যেতে বলা হয়েছে।
সূত্র: আল–জাজিরা
হরমুজ প্রণালি পার হওয়া জাহাজের সংখ্যা ট্রাম্পের দাবির সঙ্গে মিলছে না
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে হরমুজ প্রণালি দিয়ে আগের চেয়ে অনেক বেশি জাহাজ চলাচল করছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। তবে আন্তর্জাতিক গণমাধ্যম ও জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্যে ভিন্ন চিত্র উঠে এসেছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আজ এক সংবাদ সম্মেলনে দাবি করেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগের ফলে আজ হরমুজ প্রণালি দিয়ে আগের তুলনায় অনেক বেশি জাহাজ চলাচল করছে।’ এর আগে গত রোববার ট্রাম্প জানিয়েছিলেন, ইরান এই জলপথ দিয়ে আরও ২০টি জাহাজ চলাচলের অনুমতি দিতে রাজি হয়েছে।
তবে ‘মেরিন ট্রাফিক’-এর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আজ মাত্র তিনটি জাহাজ ট্র্যাকার (অবস্থান শনাক্তকারী যন্ত্র) চালু রেখে এই প্রণালি পার হতে পেরেছে। এর মধ্যে দুটি সাধারণ মালবাহী জাহাজ এবং অন্যটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেলবাহী ট্যাংকার ‘লুইজা’। আরও তিনটি জাহাজ পার হওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কেপলার-এর তথ্য অনুযায়ী, গত কয়েক দিনেও জাহাজ চলাচলের সংখ্যা ছিল নগণ্য। গতকাল সোমবার মাত্র ৪টি এবং গত রোববার ৬টি জাহাজ এই প্রণালি অতিক্রম করে। গত এক সপ্তাহে সর্বোচ্চ ১৩টি জাহাজ পার হতে পেরেছে গত শনিবার। অথচ সংঘাত শুরুর আগে এই পথ দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১৪০টি জাহাজ চলাচল করত।
বিশ্লেষকরা বলছেন, বর্তমানে এই অঞ্চলে তীব্র ‘সিগন্যাল জ্যামিং’ বা সংকেত বিঘ্নিত করার ঘটনা ঘটছে। অনেক জাহাজ ধরা পড়ার ভয়ে তাদের ট্র্যাকার বন্ধ রাখছে। ফলে ঠিক কতটি জাহাজ বাস্তবে চলাচল করছে, তা সুনির্দিষ্টভাবে বলা কঠিন হয়ে পড়েছে।
বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল সরবরাহের এই গুরুত্বপূর্ণ পথ দিয়ে জাহাজ চলাচল ইরান কার্যত বন্ধ করে দিয়েছে। এতে জ্বালানি নিয়ে বিশ্বজুড়ে অস্থিরতা সৃষ্টি হওয়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর চাপ বাড়ছে।
এর মধ্যেই ২০টি জাহাজ চলাচলের অনুমতির কথা বলে হোয়াইট হাউস একে ‘কূটনৈতিক বিজয়’ হিসেবে প্রচার করলেও বাস্তবে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে রেখেছে তেহরান।
সূত্র: বিবিসি
ইরানে ২৪ ঘণ্টায় ২৩০টিরও বেশি হামলা ইসরায়েলের
ইরানজুড়ে গত ২৪ ঘণ্টায় ২৩০টির বেশি হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের দাবি, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতেই পরিকল্পিতভাবে এই অভিযান চালানো হচ্ছে।
তবে ইরান অভিযোগ করেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দেশটির বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, তাঁদের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতেও হামলা চালানো হয়েছে।
এর আগে ইরান জানিয়েছিল, ইসরায়েলি হামলায় তাদের সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী তাদের অবস্থানে অনড় থেকে বলছে, ইরানের সামরিক শক্তি গুঁড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য।
সূত্র: আল–জাজিরা
ইরানের হামলার পরিধি বাড়ছে বলে সৌদি আরব, কুয়েত ও বাহরাইনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাজ্য
সৌদি আরব, কুয়েত ও বাহরাইনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। তিনি বলেছেন, গত কয়েক দিনে এটি স্পষ্ট হয়েছে যে ‘ইরান তার হামলার পরিধি বাড়াচ্ছে’।
কাতারের রাজধানী দোহা সফরকালে জন হিলি বলেন, গত কয়েক দিনে এটি স্পষ্ট হয়েছে যে ইরান পরিকল্পিতভাবে তার আক্রমণের বিস্তার ঘটাচ্ছে। এই পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিশ্চিতে ব্রিটেন তাদের পাশে থাকার অঙ্গীকার করছে। হিলি জানান, সৌদি আরব, কুয়েত ও বাহরাইনে প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পাশাপাশি কাতারে মোতায়েন করা ব্রিটিশ ‘টাইফুন’ যুদ্ধবিমানগুলোর কার্যক্রমও অব্যাহত থাকবে।
উপসাগরীয় দেশগুলোর প্রতি সংহতি জানিয়ে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ব্রিটেন আপনাদের পাশে আছে এবং নিজের অংশীদারদের পাশে থাকবে। ব্রিটেনের সেরা সামরিক শক্তির একাংশ এখন মধ্যপ্রাচ্যের আকাশ রক্ষায় নিয়োজিত রয়েছে।’
সংবাদ সম্মেলনে জন হিলিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের একটি মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়। হেগসেথ ব্রিটিশ নৌবাহিনীর ক্ষমতা নিয়ে ইঙ্গিত করে বলেছিলেন, একসময় একটি ‘বিশাল ও ভয়ংকর রয়্যাল নেভি’ ছিল। এর জবাবে হিলি কোনো বিতর্কে না জড়িয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের এক অনন্য ও ঘনিষ্ঠ মিত্র।’
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মুখে নিজেদের মিত্রদের আশ্বস্ত করতেই যুক্তরাজ্য তড়িঘড়ি করে তিন দেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিল। এর মাধ্যমে দেশপি এই অঞ্চলে তার প্রভাব এবং সক্রিয় উপস্থিতি বজায় রাখার বার্তা দিল।
সূত্র: বিবিসি
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সক্ষমতা ইরানের এখনো আছে: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এখনও ইসরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সক্ষমতা ইরানের রয়েছে। তবে তা ইসরায়েলের ‘অস্তিত্বের জন্য হুমকি নয়’। ইরানের আঞ্চলিক মিত্ররা আর ইসরায়েলের জন্য অস্তিত্ব রক্ষার হুমকি নয়।
ধারণকৃত এক বার্তায় আজ রাতে নেতানিয়াহু এ কথা বলেন। নেতানিয়াহু আরও বলেন, এই যুদ্ধ ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে এই অঞ্চলে নতুন মিত্র তৈরি করার সুযোগ করে দিয়েছে। তিনি নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ না করলেও আশা প্রকাশ করেন যে, শিগগিরই দেশগুলোর নাম প্রকাশ করতে পারবেন।
সূত্র: আল–জাজিরা
ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর বিশ্বাস ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে। অন্য দেশগুলো হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে পারে।
দ্য নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। তিনি দাবি করেন, মার্কিন বাহিনী ইরানের সক্ষমতা শেষ করে দিয়েছে। তাই এই অঞ্চলে তাদের আর বেশিদিন থাকার প্রয়োজন হবে না।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সেখানে আর খুব বেশিদিন থাকব না।’ তবে ইরানের অবশিষ্ট সামরিক সক্ষমতা নির্মূল করতে ‘আরও কিছু কাজ বাকি’ আছে।
ট্রাম্প আরও বলেন, তিনি আশা করেন হরমুজ প্রণালি পুনরায় খুলে যাবে। তাঁর পরামর্শ, এই জলপথের ওপর নির্ভরশীল দেশগুলো নিজেরাই সে পদক্ষেপ নিতে পারে। তিনি আরও বলেন, ‘আমি মনে করি এটি (হরমুজ) স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে ...দেশটিকে বিধ্বস্ত করে দিয়েছি। তাদের আর কোনো শক্তি অবশিষ্ট নেই; আর যেসব দেশ এই প্রণালি ব্যবহার করছে, তাদেরই যেতে দিন এবং এটি খুলতে দিন... কারণ আমি ধারণা করছি, যারা তেল নিয়ন্ত্রণ করছে তারা প্রণালিটি খুলে দিতে পেরে খুব খুশি হবে।’
সূত্র: আল–জাজিরা
ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে পোপের আহ্বান
ইরানের চলমান যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জরুরিভিত্তিতে সংঘাত থেকে সরে আসার পথ খোঁজার আহ্বান জানিয়েছেন পোপ লিও চতুর্দশ। ক্রমবর্ধমান আঞ্চলিক এই সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্টের প্রতি পোপের এমন আহ্বানকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
রোমের অদূরে কাস্তেল গান্দোলফোয় নিজের বাসভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ এ আহ্বান জানান। পোপ লিও চতুর্দশ ক্যাথলিক চার্চের ইতিহাসে যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত প্রথম পোপ।
সাংবাদিকদের পোপ বলেন, ‘আমি জানতে পেরেছি যে, প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি যুদ্ধ শেষ করার ইচ্ছা প্রকাশ করেছেন। আমি আশা করি, তিনি যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো কার্যকর পথ খুঁজছেন।’
পোপ আরও বলেন, ‘আশা করছি, তিনি সহিংসতার মাত্রা কমিয়ে আনার কোনো উপায় খুঁজে পাবেন।’
সূত্র: আল–জাজিরা
ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সামরিক ঘাঁটিগুলোতে নতুন করে হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, উত্তর ইসরায়েলের সাফেদ শহরের অদূরে অবস্থিত বেরিয়া ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে।
হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়, তাদের যোদ্ধারা সাফেদ শহরের উত্তরের এই ঘাঁটিকে লক্ষ্য করে রকেট ছুড়েছে। এ ছাড়া উত্তর ইসরায়েলে আকাশসীমা নজরদারি এবং অভিযান পরিচালনার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত মেরন ঘাঁটিতেও হামলা চালিয়েছে তারা।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো উত্তর ইসরায়েলে সাইরেন বাজার খবর নিশ্চিত করেছে। তবে এ হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে, সে বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল–জাজিরা
যুক্তরাষ্ট্রের ‘বিশ্বাসঘাতকতা’ সত্ত্বেও তেহরান শান্তি চায়: ইরানি রাষ্ট্রদূত
যুক্তরাষ্ট্রের ‘বিশ্বাসঘাতকতা’ সত্ত্বেও ইরান এখনো শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
রেজা আমিরি মোঘাদাম তাঁর পোস্টে চলমান সংকট নিরসনে পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টাকে স্বাগত জানান। একই সঙ্গে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচির স্বচ্ছতা রক্ষা এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘অসদাচরণের’ অভিযোগ তোলেন।
ইরানি রাষ্ট্রদূত বলেন, হামলার শিকার হওয়া সত্ত্বেও ইরান এর আগে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দুই দফা আলোচনায় অংশ নিয়েছিল। তিনি উল্লেখ করেন, ‘সংলাপের শক্তিতে দৃঢ় বিশ্বাস এবং সদিচ্ছা থেকে ইরান রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের ব্যাপারে আগ্রহী ছিল।’ তিনি আরও বলেন, ‘একটি শান্তিকামী জাতি হিসেবে ইরান সবসময় যুদ্ধের বদলে সংলাপকে বেছে নিয়েছে।’
সূত্র: আল–জাজিরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আহ্বান পুতিন ও বিন জায়েদের
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, দুই নেতা এই অঞ্চলের অস্থিতিশীল সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন। বিশেষ করে বেসামরিক মানুষের হতাহত হওয়া এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয়টি তাদের আলোচনায় গুরুত্ব পায়।
দুই দেশের রাষ্ট্রপ্রধানই যত দ্রুত সম্ভব এই সংঘাত বন্ধের ওপর জোর দিয়েছেন। তাঁরা বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর ন্যায়সংগত স্বার্থ বজায় রেখে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই সংকটের সমাধান করতে হবে।
সূত্র: আল–জাজিরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ হয়েছে, আলোচনা নয়: ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ওয়াশিংটনের পক্ষ থেকে সরাসরি বার্তা পাওয়ার কথা নিশ্চিত করেছে ইরান। তবে তেহরান স্পষ্ট জানিয়েছে, বার্তা আদান-প্রদান হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনা বা সমঝোতা প্রক্রিয়া চলছে না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের কাছ থেকে তিনি সরাসরি বার্তা পেয়েছেন। তবে এর অর্থ এই নয় যে, দুই দেশ কোনো আলোচনায় বসেছে।
আরাগচি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ব্যাপারে আমাদের অভিজ্ঞতা কখনোই ভালো নয়। আগে একবার চুক্তি (২০১৫ সালের পারমাণবিক চুক্তি) হলেও যুক্তরাষ্ট্র তা থেকে বেরিয়ে গিয়েছিল। তাই ওয়াশিংটনের ওপর আমাদের আস্থা এখন শূন্যের কোঠায়। আমরা তাদের মধ্যে কোনো সততা দেখছি না।’
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার মাঝেই ইরান দুবার হামলার শিকার হয়েছে। ফলে নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া কোনো যুদ্ধবিরতি বা শান্তিপ্রক্রিয়ায় যাওয়ার সদিচ্ছা তেহরানের নেই।
অন্যদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওয়াশিংটন যুদ্ধ শেষ করতে চাইলেও ইরান যদি শর্ত না মানে, তবে তারা ‘বোমা ফেলে আলোচনা’ চালিয়ে যেতে প্রস্তুত।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধের বিষয়ে আরাগচি বলেন, যারা ইরানের সঙ্গে যুদ্ধে লিপ্ত, কেবল তাদের জন্যই এই পথ বন্ধ রাখা হয়েছে। কোনো দেশ যদি স্থলপথে হামলার চেষ্টা করে, তবে ইরান তার কড়া জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বলে তিনি হুঁশিয়ারি দেন।
সূত্র: আল–জাজিরা
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৮
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা নারী ও তাঁর স্বামীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। বুধবার লেবাননের দক্ষিণ জেলা নাবাতিয়ের জেবচিত ও কাফরা শহরে এই হামলা চালানো হয়।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, জেবচিত শহরে ইসরায়েলি বিমান হামলায় ওই দম্পতি প্রাণ হারান। এ ছাড়া নাবাতিয়ের পার্শ্ববর্তী কাফরা শহরে চালানো পৃথক এক বিমান হামলায় আরও দুজন নিহত হয়েছেন।
সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্য অনুযায়ী, গত এক ঘণ্টার মধ্যে দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে চালানো ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই নির্দিষ্ট হামলা নিয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। তবে তারা জানিয়েছে, হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুগুলো লক্ষ্য করেই তাদের অভিযান অব্যাহত রয়েছে।
সীমান্তবর্তী এই অঞ্চলে গত কয়েক দিন ধরেই পাল্টাপাল্টি হামলার তীব্রতা বেড়েছে। হিজবুল্লাহর রকেট হামলার জবাবে ইসরায়েল লেবাননের গভীরে বিমান হামলা জোরদার করেছে, যার ফলে প্রাণ হারাচ্ছেন সাধারণ নাগরিকেরা।
সূত্র: আল–জাজিরা
দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান অভিযান শেষ করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইরানে চলমান সামরিক অভিযান আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সময়সীমার কথা জানান।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা ইরানে আমাদের আক্রমণাত্মক কার্যক্রম গুটিয়ে আনছি। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এই অভিযান শেষ হবে বলে আমি আশা করছি।’
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সামরিক লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার কাছাকাছি পৌঁছানোয় তারা এখন এই যুদ্ধ শেষ করার কথা ভাবছে। তবে এই সময়ের মধ্যে ইরান কোনো পাল্টা পদক্ষেপ নিলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘ইরানকে কোনো চুক্তিতে আসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যুক্তরাষ্ট্র চাইলে কোনো সমঝোতা ছাড়াই এই যুদ্ধ বন্ধ করতে পারে।’
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘ইরানের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযানের প্রধান লক্ষ্য ছিল দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। সেই লক্ষ্য অর্জিত হয়েছে। তাদের কাছে এখন কোনো পারমাণবিক অস্ত্র নেই।’
ট্রাম্প তাঁর বক্তব্যে আরও দাবি করেন, ইরানি শাসনে পরিবর্তন আনার কোনো উদ্দেশ্য তাঁর ছিল না। তবে বক্তৃতার একপর্যায়ে তিনি মন্তব্য করেন যে, ইরানের বর্তমান শাসনব্যবস্থায় ইতিমধ্যে পরিবর্তন ঘটে গেছে।
সূত্র: আল–জাজিরা
যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ২৩টি হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর
ইরাকসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে গত এক দিনে ২৩টি হামলা চালানোর দাবি করেছে ইরাকি সশস্ত্র গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’। বুধবার এক বিবৃতিতে গোষ্ঠীটি এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এই ব্যাপক ড্রোন হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এর আগে পেন্টাগন জানিয়েছিল, এ অঞ্চলে তাদের ওপর হওয়া যেকোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে।
সূত্র: আল–জাজিরা
ইরানের আরও এক ইস্পাত কারখানায় হামলা
ইরানের ইস্পাহান প্রদেশের মোবারাকাহ ইস্পাত কারখানার পর এবার বোরুজেন শহরের সেফিদাসত ইস্পাত কমপ্লেক্সেও হামলার ঘটনা ঘটেছে। বুধবার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
ফারস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইস্পাহান শহর থেকে প্রায় ১১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই বিশাল শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়। তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
হামলার পরপরই ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সূত্র: আল–জাজিরা
বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি হামলা, নিহত ২
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। বুধবার বৈরুতের ঠিক বাইরে খালদে এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রটি সরাসরি গাড়িটিতে আঘাত করলে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র: আল–জাজিরা
ইরান পুনর্গঠনে ১৫–২০ বছর লাগবে: ট্রাম্প
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র হামলায় ইরান এতটাই বিধ্বস্ত যে, দেশটি পুনর্গঠনে অন্তত ১৫ থেকে ২০ বছর সময় লাগবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের সম্ভাব্য সবকিছু ধ্বংস করে দিতে চেয়েছিলাম। আমরা তাদের অনেক পেছনে ঠেলে দিয়েছি। আমরা যা করেছি, তা কাটিয়ে উঠে দেশটির পুনর্গঠনে ১৫ থেকে ২০ বছর সময় লাগবে।’
ইরানের সামরিক শক্তির ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করে ট্রাম্প আরও বলেন, ‘তাদের এখন কোনো নৌবাহিনী নেই, সেনাবাহিনী নেই, বিমানবাহিনীও নেই। তাদের কোনো টেলিযোগাযোগ ব্যবস্থা, বিমান বিধ্বংসী ব্যবস্থা বা কোনো নেতা— কিছুই অবশিষ্ট নেই।’
আলোচনার বিষয়ে ট্রাম্পের অনড় অবস্থান ফুটে ওঠে তাঁর পরবর্তী বক্তব্যে। তিনি বলেন, ‘তারা যদি আলোচনার টেবিলে আসে, তবে ভালো। কিন্তু তারা আলোচনায় এল কি না, তাতে এখন আর আমাদের কিছু যায় আসে না।’
সূত্র: আল–জাজিরা
ইরান যুদ্ধের ‘শেষ রেখা’ দেখতে পাচ্ছে যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল মঙ্গলবার বলেছেন, ইরান যুদ্ধের ‘শেষ রেখা’ বা সমাপ্তি দেখতে পাচ্ছে ওয়াশিংটন। এই যুদ্ধ এখন পঞ্চম সপ্তাহে গড়িয়েছে।
ফক্স নিউজ চ্যানেলের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে রুবিও বলেন, ‘আমরা যুদ্ধের শেষ রেখা দেখতে পাচ্ছি। এটি আজই নয়, কালও নয়; তবে সেই সময় ঘনিয়ে আসছে।’
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট কোনো কৌশল নেই, এমন দাবিও এদিন প্রত্যাখ্যান করেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও।
রুবিও বলেন, ‘আমি সংবাদমাধ্যমে এসব খবর শুনছি এবং এটা খুবই হতাশাজনক যে, আমাদের লক্ষ্যগুলো নাকি পরিষ্কার নয়।’
রুবিও আরও বলেন, ‘আমাদের লক্ষ্যগুলো অত্যন্ত স্পষ্ট...এবং আমরা চারটি লক্ষ্যই পূরণ করতে যাচ্ছি। আমরা তাদের (ইরান) বিমানবাহিনী ধ্বংস করব; যা আমরা ইতিমধ্যে করেছি। আমরা তাদের নৌবাহিনী ধ্বংস করব; এর বড় অংশই আমরা শেষ করেছি। আমরা তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো ধ্বংস করব; আমরা তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা বা লঞ্চারগুলো এমনভাবে গুঁড়িয়ে দেব, যাতে তারা একত্রে অনেকগুলো ক্ষেপণাস্ত্র ছুড়তে না পারে।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ‘এ চারটি লক্ষ্য অর্জনের পথে আমরা অনেক দূর এগিয়েছি। এসব লক্ষ্য অবশ্যই পূরণ হবে এবং তা খুব দ্রুতই অর্জিত হবে।’
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে ভয়াবহ আগুন
কুয়েতের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে।
কুয়েতের বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বুধবার বিমানবন্দরটি ইরানি ড্রোন হামলার শিকার হয়েছে। ফলে জ্বালানি ট্যাংকে ভয়াবহ আগুন ধরে গেছে।
কুয়েত নিউজ এজেন্সির (কুনা) প্রতিবেদনে বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বিমানবন্দরটি ইরান ও দেশটির সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর চালানো হামলার শিকার হয়েছে।
মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি বলেন, হামলায় জ্বালানি মজুত করার ট্যাংকগুলো লক্ষ্যবস্তু করা হয়েছিল। এর ফলে সেখানে বিশাল অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইরাকে মার্কিন সাংবাদিককে অপহরণ
ইরাকের রাজধানী বাগদাদ থেকে গতকাল মঙ্গলবার একজন মার্কিন নারী সাংবাদিককে অপহরণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন তাঁর খোঁজে শহরজুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে বলে জানান দুই পুলিশ কর্মকর্তা।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও একজন নারী সাংবাদিক অপহরণের শিকার হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। তবে তিনি কোন দেশের নাগরিক তা বলা হয়নি।
মন্ত্রণালয় থেকে বলা হয়, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপহরণের শিকার সাংবাদিককে মুক্ত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
পরে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তারা অপহৃত ওই সাংবাদিকের নাম শেলি কিটলসন বলে জানান।
মধ্যপ্রাচ্যের অনলাইন সংবাদমাধ্যম আল–মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, শেলি কিটলসন একজন ফ্রিল্যান্স সাংবাদিক। তিনি রোমে থাকেন। আগেও মধ্যপ্রাচ্যের কয়েকটি যুদ্ধ নিয়ে তিনি কাজ করেছেন।
তথ্যসূত্র: রয়টার্স
দ্রুত ইরান যুদ্ধের অবসান চান ৬৬ শতাংশ মার্কিন
যুক্তরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ মানুষ মনে করেন, ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নির্ধারিত লক্ষ্য অর্জন না হলেও দেশটির উচিত দ্রুত এ যুদ্ধ থেকে বেরিয়ে আসা। রয়টার্স/ইপসোসের এক জরিপ থেকে এ তথ্য জানা গেছে।
গত শুক্রবার থেকে গত রোববার পর্যন্ত জরিপটি পরিচালনা করা হয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের প্রায় ৬৬ শতাংশ যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার পক্ষে মত দিয়েছেন।
অন্যদিকে ২৭ শতাংশ বলেছেন, সংঘাত দীর্ঘায়িত হলেও যুক্তরাষ্ট্রের উচিত ইরানে তাদের সব লক্ষ্য অর্জনের জন্য কাজ চালিয়ে যাওয়া। আর ৬ শতাংশ মানুষ এ বিষয়ে কোনো উত্তর দেননি।
ট্রাম্পের রিপাবলিকান সমর্থকদের যাঁরা জরিপে অংশ নিয়েছিলেন তাঁদের মধ্যেও ৪০ শতাংশ মনে করেন, লক্ষ্য অর্জন না হলেও দ্রুত সংঘাত শেষ করা দরকার।
অপরদিকে ৫৭ শতাংশ রিপাবলিকান সমর্থক দীর্ঘ সময় ধরে যুদ্ধে সম্পৃক্ত থাকার পক্ষে মত দিয়েছেন।
১ হাজার ২১ জনের ওপর পরিচালিত ওই জরিপে ৬০ শতাংশ উত্তরদাতা ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিরোধিতা করেছেন। আর ৩৫ শতাংশ তা সমর্থন করেছেন।
তথ্যসূত্র: রয়টার্স
ইরান নিয়ে রাতে জাতির উদ্দেশে ‘গুরুত্বপূর্ণ’ ভাষণ দেবেন ট্রাম্প
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার সন্ধ্যায় ‘ইরান বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট’ বা সর্বশেষ তথ্য দেবেন।
জাতির উদ্দেশে মার্কিন প্রেসিডেন্টের এ ভাষণ হবে স্থানীয় সময় রাত ৯টায় (জিএমটি ০১:০০), যা বাংলাদেশ সময় সকাল ৭টায়।
তবে এ ভাষণের বিষয়ে লেভিট বিস্তারিত আর কোনো তথ্য দেননি।
তথ্যসূত্র: বিবিসি
আরব আমিরাতের ফুজাইরায় ড্রোন হামলা, বাংলাদেশি নিহত
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরা কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বুধবার আল-রিফা এলাকায় একটি খামারে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।
ফুজাইরা সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, আমিরাতের বিমান প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে একটি ড্রোন (ইউএভি) আটকে দেয়। এরপর সেটির ধ্বংসাবশেষ আল-রিফা এলাকার একটি খামারে গিয়ে পড়ে।
এদিকে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এ ঘটনায় এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।
সংবাদটি নিয়ে গুজব বা অসমর্থিত কোনো তথ্য ছড়িয়ে যেন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন কর্মকর্তারা। তারা শুধু সরকারি মাধ্যম থেকে তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দিয়েছেন।
উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ওই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।
জনসাধারণকে সরকারের অফিশিয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়মিত আপডেট বা সর্বশেষ তথ্য জানার অনুরোধ করা হয়েছে।
তথ্যসূত্র: গালফ নিউজ
কাতার এনার্জির তেলবাহী জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় তেলবাহী একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে থাকা ২১ জন ক্রুকে কোনো আঘাত ছাড়াই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
আজ বুধবার সকালে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ইরান থেকে কাতার লক্ষ্য করে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। কাতারের সশস্ত্র বাহিনী দুটি ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করে দেয়। তবে তৃতীয়টি ‘কাতার এনার্জি’র ভাড়া করা একটি তেলবাহী জাহাজে আঘাত হানে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্টে মন্ত্রণালয় বলেছে, ‘তেলবাহী জাহাজটি থেকে ২১ জন ক্রুকে সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।’
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) আগে জানিয়েছিল যে, কাতার উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এর মধ্যে একটির আঘাতে জাহাজে আগুন ধরে যায়, যা পরে নিভিয়ে ফেলা হয়েছে। অন্য একটি অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র জাহাজের ইঞ্জিন রুমে আটকে আছে।
কাতারের রাস লাফান শিল্প এলাকা থেকে প্রায় ১৭ নটিক্যাল মাইল (৩১ কিলোমিটার) উত্তরে জাহাজটি এই হামলার শিকার হয়।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইয়েমেন থেকে তৃতীয়বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আজ বুধবার সকালে দক্ষিণ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দায় স্বীকার করেছেন। ইরান ও হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করে এ অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছেন তাঁরা।
এক বিবৃতিতে হুতিরা জানান, ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে মিলে তারা চলতি যুদ্ধে তাঁদের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলাটি চালিয়েছে।
তেহরান সমর্থিত এই গোষ্ঠীটি বলেছে, তারা একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ‘ইসরায়েলি শত্রুদের স্পর্শকাতর লক্ষ্যবস্তু’ লক্ষ্য করে তৃতীয় এই সামরিক অভিযান পরিচালনা করেছে।
লেবানন, ইরান, ইরাক এবং দখলকৃত পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ‘ভয়াবহ’ করে তোলার হুমকি দিয়েছে গোষ্ঠীটি।
ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করার প্রায় তিন ঘণ্টা পর হুতিদের এ বিবৃতি এল। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
তেল আবিবে সাইরেনের শব্দে নিরাপদ আশ্রয়ে ছুটছেন মানুষ
ইসরায়েল অভিমুখে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিবে সাইরেন বেজে ওঠে। এ সময় এক ব্যক্তিকে একটি কুকুর কোলে নিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে দেখা যায়। ছবি: রয়টার্স

ইসরায়েল–যুক্তরাষ্ট্রকে থামাতে বাব আল–মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুতিদের
ইয়েমেনের সানা থেকে আল–জাজিরার সংবাদদাতা ইউসেফ মাওরি জানিয়েছেন, হুতিরা বর্তমানে দক্ষিণ ইসরায়েলে তাঁদের হামলা জোরদার করছেন।
হুতি কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছেন, তাঁদের দাবি পূরণ হলেই শুধু এ হামলা বন্ধ করবেন তাঁরা। তাঁদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে, ইসরায়েলের গাজা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলা ও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইসরায়েলের অংশ না নেওয়া।
হুতিদের প্রভাবশালী নেতা মোহাম্মদ আল-বুখাইতি জানিয়েছেন, সামরিক সংঘাত আরও বাড়ানোর জন্য তাঁদের সামনে আরও অনেক বিকল্প ও ধাপ রয়েছে। তাঁর মতে, এর মধ্যে অন্যতম একটি বিকল্প হতে পারে বাব আল-মান্দেব প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়া।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়, মেনে নিলেন হেগসেথ
ইরানের ওপর যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলার পর এক মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। এতদিনে এসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী খোলাখুলি স্বীকার করেছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য কোনো হুমকি নয়।
গত ১৯ মার্চের পর গতকাল মঙ্গলবার প্রথম কোনো সংবাদ সম্মেলনে হাজির হয়ে হেগসেথ এ কথা বলেন। তাঁর এই বক্তব্য হোয়াইট হাউসের সঙ্গে মেলে না। হোয়াইট হাউস বারবার ইরানকে ‘আসন্ন হুমকি’ বলে বর্ণনা করে আসছে।
যদি হুমকি না হয়, তবে কেন ইরানের সঙ্গে যুদ্ধ—এর কারণ ব্যাখ্যায় হেগসেথ বলেন, ‘ওই অঞ্চলে নিজেদের সম্পদ ও মিত্রদের রক্ষা করতে যুক্তরাষ্ট্র নিজেকে ঝুঁকিতে ফেলেছে। এ কারণে প্রেসিডেন্ট এখন আশা করছেন, ইউরোপীয় মিত্ররাও পাল্টা পদক্ষেপ নেবে।’
হেগসেথ সাংবাদিকদের আরও বলেন, ‘(ইরানের) এই ক্ষেপণাস্ত্রগুলো এমনকি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছাতে পারে না। এগুলো শুধু মিত্র দেশ ও অন্যান্য অঞ্চলে পৌঁছাতে সক্ষম। তবু, যখন একটু বাড়তি সহায়তা চাই, জবাবে আমরা পাই শুধু প্রশ্ন, বাধা আর দ্বিধা।’
‘এ কারণেই প্রেসিডেন্ট ট্রাম্প বিশেষভাবে উল্লেখ করেছেন যে, আপনি কোনো জোট গঠন করতে পারবেন না, যতক্ষণ না আপনার প্রয়োজনের সময় অন্যান্য দেশ আপনার পাশে দাঁড়াতে ইচ্ছুক না হয়’, বলেন হেগসেথ।
হেগসেথের এ বক্তব্যের আগের দিন ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প যুক্তরাজ্যকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি জানিয়ে লেখেন, ‘কিছুটা সাহস দেখান, হরমুজ প্রাণালিতে যান ও সেটির নিয়ন্ত্রণ নিন। নিজের জন্য কীভাবে লড়তে হয়, সেটা আপনাদের এবার শেখা উচিত।’
তথ্যসূত্র: মিডল ইস্ট আই
যুদ্ধবিরতি চুক্তি না করা পর্যন্ত ইরানের সঙ্গে ‘বোমা দিয়ে কথা’ হবে: হেগসেথ
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গতকাল মঙ্গলবার বলেছেন, ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি বন্ধের চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত দেশটিতে যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণ অব্যাহত থাকবে।
ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসার কথা অস্বীকার করলেও হেগসেথ বলেছেন, এ আলোচনা ‘একদম বাস্তব’।
পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হেগসেথ দাবি করেন, ইরানের প্রতিরক্ষা শিল্পের ভিত্তি ‘প্রায় পুরোপুরি ধ্বংস’ হয়ে গেছে। তিনি বলেন, মার্কিন যুদ্ধবিমানগুলো ইরানের আকাশে এখন স্বাধীনভাবে উড়তে পারছে। যখনই ইরানের ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চারগুলো বাইরে বের করা হচ্ছে, তখনই সেগুলো উড়িয়ে দেওয়া হচ্ছে।
হেগসেথ অঙ্গীকার করে বলেন, ‘প্রয়োজনের চেয়ে বেশি সামরিক শক্তি আমরা ব্যবহার করতে চাই না। তবে আমি যখন বলেছিলাম, আমরা ‘‘বোমা দিয়ে আলোচনা’’ করব, তখন সেটি হালকাভাবে বলিনি। আমাদের কাজ হলো ইরানকে এটা বোঝানো, তারা যদি একটি চুক্তিতে আসে তবেই বর্তমান শাসকগোষ্ঠী ভালো অবস্থায় থাকবে।’
হেগসেথ জানান, গত সপ্তাহে তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো পরিদর্শন করেছেন এবং সেনাদের সঙ্গে দেখা করেছেন। ইরানের নেতাদের সঙ্গে আলোচনার দায়িত্ব প্রেসিডেন্ট ট্রাম্প যাঁদের দিয়েছেন, ফিরে এসে সোমবার তিনি তাঁদের সঙ্গে বৈঠক করেন। এ দলে রয়েছেন মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
হেগসেথ আরও জানান, ইরানের কাছে হাজার হাজার মার্কিন মেরিন ও ৮২তম এয়ারবোর্ন সৈন্য মোতায়েনের উদ্দেশ্য, আলোচনার টেবিলে ইরানের ওপর চাপ তৈরি করা।
কেন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সৈন্য পাঠানো হয়েছে—এমন প্রশ্নে প্রতিরক্ষামন্ত্রী বলেন, এর উদ্দেশ্য, ‘অপ্রত্যাশিত’ কিছু করা। হেগসেথ বলেন, ‘আমাদের শত্রুরা এখন ভাবছে যে অন্তত ১৫টি উপায়ে আমরা তাদের ওপর স্থল হামলা চালাতে পারি। আর সত্যিই আমরা তা পারি। প্রয়োজন হলে আমরা মার্কিন প্রেসিডেন্টের পক্ষে সেই বিকল্পগুলো ব্যবহার করব। আবার হয়তো সেগুলো একেবারেই ব্যবহার করব না, যদি আলোচনার মাধ্যমে কাজ হয়ে যায়।’
ইতিমধ্যে, প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব শুধু যুক্তরাষ্ট্রের একার নয়, মিত্র দেশগুলোরও এতে আরও ভূমিকা রাখা উচিত।
যারা ইরান যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে, তাদের সতর্ক করে ট্রাম্প বলেন, তেলের সংকট নিয়ে তারা চিন্তিত হলে যেন নিজেরা হরমুজ প্রণালিতে গিয়ে তেল ‘নিয়ে আসে’।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তোমাদের এখন নিজেদের জন্য লড়াই করা শিখতে হবে। যুক্তরাষ্ট্র তোমাদের সাহায্য করার জন্য আর সেখানে থাকবে না, ঠিক যেভাবে তোমরা আমাদের পাশে ছিলে না।’
হেগসেথ ট্রাম্পের এ বার্তাকে সমর্থন করেছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে, ট্রাম্প ইরানের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি করতে প্রস্তুত। হেগসেথ বলেন, ‘ইরান যদি বুদ্ধিমান হয়, তবে তারা একটি চুক্তি করবে। প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তি করবেন। তিনি এ জন্য প্রস্তুত।’
তথ্যসূত্র: টাইম
আরও শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরান
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ইরান ও তার মিত্র ‘প্রতিরোধ ফ্রন্ট’ শেষ দফার হামলায় ১০০টিরও বেশি ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে। পাশাপাশি অন্তত ২০০টি রকেট ছুড়েছে।
আইআরজিসির তথ্যমতে, এসব হামলায় ইসরায়েলের বিভিন্ন স্থান এবং পারস্য উপসাগরে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে বাহরাইনে মার্কিন বাহিনীর একটি ঘাঁটি এবং কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে একটি মার্কিন হেলিকপ্টার ইউনিট রয়েছে। তাদের দাবি, সেখানে একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে।
ইরানের সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, এ ধরনের হামলা অব্যাহত থাকবে।
ন্যাটো থেকে বের হয়ে যাওয়ার কথা গুরুত্ব দিয়ে ভাবছেন ট্রাম্প
ইরানের বিরুদ্ধে যুদ্ধে ন্যাটো যোগ দিতে ব্যর্থ হওয়ায় সামরিক জোটটি থেকে বের হয়ে যাওয়ার কথা গুরুত্ব দিয়ে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। আজ বুধবার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্প ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ বলে মন্তব্য করে বলেন, এই সামরিক প্রতিরক্ষা জোট থেকে যুক্তরাষ্ট্রকে একবার প্রত্যাহার করে নেওয়ার পর ইরান যুদ্ধ শেষে সেটাতে যোগদানের কথা ‘পুনর্বিবেচনা’ করার প্রশ্নই আসে না।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা শুরু করে। তখন থেকে ইরান বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি প্রায় বন্ধ করে দেয়। তা খুলতে মিত্রদেশগুলোকে সেখানে যুদ্ধজাহাজ পাঠাতে আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু তারা সেই আহ্বানে সাড়া দেয়নি। ফলে ইউরোপকে আর নির্ভরযোগ্য প্রতিরক্ষা অংশীদার মনে করছে না যুক্তরাষ্ট্র। ট্রাম্পের উল্লিখিত মন্তব্য সেটার সবচেয়ে বড় ইঙ্গিত।
এই সংঘাতের পর যুক্তরাষ্ট্র ন্যাটোর সদস্যপদ পুনর্বিবেচনা করবে কি না— এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘ওহ হ্যাঁ, আমি বলব এটি পুনর্বিবেচনার ঊর্ধ্বে। আমি কখনো ন্যাটো দ্বারা প্রভাবিত হইনি। আমি সব সময় জানতাম ওরা একটা কাগুজে বাঘ। আর পুতিনও সেটা জানেন।’
সূত্র: দ্য টেলিগ্রাফ
হরমুজ প্রণালিতে অভিযানের জন্য ন্যাটো গঠিত হয়নি : ফরাসি কনিষ্ঠ প্রতিরক্ষা মন্ত্রী
ফ্রান্সের কনিষ্ঠ প্রতিরক্ষা মন্ত্রী অ্যালিস রুফো বলেন, ‘ন্যাটো আসলে কী, তা আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই। এটি এমন একটি সামরিক জোট, যা ইউরো-আটলান্টিক অঞ্চলের নিরাপত্তার সঙ্গে জড়িত। এটি হরমুজ প্রণালিতে অভিযান পরিচালনার জন্য তৈরি করা হয়নি। সেখানে এমন কিছু করা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা শুরু করে। তখন থেকে ইরান বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি প্রায় বন্ধ করে দেয়। তা খুলতে মিত্রদেশগুলোকে সেখানে যুদ্ধজাহাজ পাঠাতে আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু তারা সেই আহ্বানে সাড়া দেয়নি। ফলে ইউরোপকে আর নির্ভরযোগ্য প্রতিরক্ষা অংশীদার মনে করছে না যুক্তরাষ্ট্র।
সাড়া না দেওয়ায় ন্যাটো নিয়ে নানা কটাক্ষ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। আজ বুধবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে ব্যর্থ হওয়ায় সামরিক জোটটি থেকে বের হয়ে যাওয়ার কথা তিনি গুরুত্ব দিয়ে ভাবছেন। এর আগে ন্যাটো মিত্রদের ‘ভীরু’ বলে বিদ্রূপ করেছিলেন তিনি।
সূত্র: আল-জাজিরা
ইরানে ১ লাখ ১৫ হাজারেরও বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় এ পর্যন্ত ১ লাখ ১৫ হাজারেরও বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। আজ বুধবার ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি হালনাগাদে এ তথ্য জানিয়েছে।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইরানের রেড ক্রিসেন্ট জানায়, ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া অবকাঠামোর মধ্যে আবাসিক ভবন, চিকিৎসা কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ত্রাণ কেন্দ্রসহ নানা ধরনের বেসামরিক স্থাপনা রয়েছে।
এই স্থাপনাগুলোর ‘উল্লেখযোগ্য অংশ’ তেহরান প্রদেশে অবস্থিত। ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত অন্তত ১ হাজার ৫২৬ জনকে উদ্ধার করা হয়েছে।
সূত্র: আল-জাজিরা
ইরান যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছে : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরানের নতুন সরকারের প্রেসিডেন্ট’ যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছেন।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প এ কথা বলেন। কিন্তু ওই শীর্ষ কর্মকর্তার নাম উল্লেখ না করে তাঁকে তাঁর পূর্বসূরিদের তুলনায় ‘অনেক কম উগ্রপন্থী এবং অনেক বেশি বুদ্ধিমান’ বলে উল্লেখ করেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালি যখন উন্মুক্ত, অবাধ ও বিপদমুক্ত হবে, তখন আমরা এটি (যুদ্ধবিরতির কথা) বিবেচনা করব। তার আগ পর্যন্ত আমরা ইরানকে ধ্বংস করে দিচ্ছি, অথবা তারা যেমনটা বলে—পাথর যুগে পাঠিয়ে দিচ্ছি!!!’
সূত্র: বিবিসি
ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি
ইরান যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। এ সময় তাদের পাল্টা সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গতকাল মঙ্গলবার আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
তেহরানে আল-জাজিরাকে দেওয়া এ সাক্ষাৎকারে আরাগচি জোর দিয়ে বলেন, ‘শত্রুদের বেঁধে দেওয়া সময়সীমার তোয়াক্কা না করেই ইরান নিজেকে রক্ষা করতে সংকল্পবদ্ধ। যত দিন দরকার আমরা যুদ্ধ চালিয়ে যাব।’ ইরানের বাহিনী দীর্ঘমেয়াদি অভিযান পরিচালনায় সক্ষম বলে সতর্ক করেন তিনি।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ইরানের সঙ্গে তাদের আলোচনা চলছে এবং তারা ওয়াশিংটনের শর্ত মেনে নিয়েছে—এ প্রশ্নের জবাবে আরাগচি বলেন, আন্তর্জাতিক সম্পর্কের পরিভাষায় ‘আলোচনা’র একটি নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে। আলোচনা বলতে এমন এক পরিস্থিতিকে বোঝায়, যেখানে দুই দেশ চুক্তিতে পৌঁছানোর জন্য একসঙ্গে বসে কথা বলে। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এমন কোনো পরিস্থিতি নেই। সংঘাতে জড়িত দেশগুলো মাঝেমধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বার্তার আদান-প্রদান করে। কিন্তু একে আলোচনা বলা যায় না।
তবে আরাগচি স্বীকার করেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই ধরনের বার্তা আদান-প্রদান অব্যাহত আছে। ইরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু বার্তা সরাসরি এবং কিছু আঞ্চলিক বন্ধুদের মাধ্যমে পাচ্ছে। প্রয়োজন অনুযায়ী ইরান সেগুলোর জবাবও দিচ্ছে।
আরাগচি বলেন, স্টিভ উইটকফ অতীতের মতো তাঁকে সরাসরি বার্তা পাঠানো অব্যাহত রেখেছেন। কিন্তু তাঁর মতে, এটিকে যুদ্ধ বন্ধের আলোচনা বলা যায় না। এটি যোগাযোগের একটি মাধ্যম, যা শান্তি বা যুদ্ধ—উভয় সময়ে চলতে পারে এবং তা বর্তমানেও চলছে।
প্রসঙ্গত, উইটকফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি
যুদ্ধবিরতির অনুরোধ নিয়ে ট্রাম্পের দাবি ভিত্তিহীন : ইরান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির অনুরোধ সংক্রান্ত বক্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।
পরে ইরানের সংবাদ সংস্থা আইআরআইবি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দেয়নি।
আরাগচি বলেন, যুদ্ধবিরতির জন্য ইরানের পক্ষ থেকে ‘পাঁচ দফা’ প্রস্তাব দেওয়া হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে উল্লেখ করা হচ্ছে। এটা ‘অনুমান’ ছাড়া কিছু নয়।
আরাগচি আরও বলেন, যতক্ষণ না ‘আক্রমণকারী দেশকে শাস্তি দেওয়া হচ্ছে এবং ইরানকে পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করা হচ্ছে’ ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলবে।
এর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, ‘ইরানের নতুন সরকারের প্রেসিডেন্ট’ যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছেন।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প এ দাবি করেছিলেন। কিন্তু ওই শীর্ষ কর্মকর্তার নাম উল্লেখ না করে তাঁকে তাঁর পূর্বসূরিদের তুলনায় ‘অনেক কম উগ্রপন্থী এবং অনেক বেশি বুদ্ধিমান’ বলে উল্লেখ করেন ট্রাম্প।
সূত্র: রয়টার্স ও আল-জাজিরা
ইসরায়েলের মধ্যাঞ্চলে ১১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, আহত ১৪ জন
ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে অন্তত ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, যা যুদ্ধের শুরু দিকের দিনগুলোর পর থেকে চালানো বৃহত্তম হামলা। হামলায় অন্তত ১৪ জন আহত হয়েছেন।
ইসরায়েলের সেনাবাহিনীর তথ্যমতে, অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। তবে ‘প্রোটোকল অনুযায়ী’ কিছু ক্ষেপণাস্ত্রকে জনশূন্য বা খোলা জায়গায় আঘাত হানতে দেওয়া হয়েছে।
সেনাবাহিনী আরও জানায়, দুই দফায় এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। প্রথম দফায় ছোড়া হয়েছে ১০টি। পরের দফায় একটি।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডোম জানায়, তারা ১৪ জন আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে স্থানান্তর করেছে। আহতদের মধ্যে ১১ বছর বয়সী একজন কিশোরী ও ১৩ বছর বয়সী একজন কিশোর রয়েছে।
সংস্থাটির তথ্যমতে, আহত ওই কিশোরীর শরীরে স্প্লিন্টারের আঘাত লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
সংস্থাটি আরও জানায়, স্প্লিন্টারের আঘাতে আহত ১৩ বছর বয়সী এক কিশোর এবং ৩৬ বছর বয়সী একজন নারীর অবস্থা মোটামুটি স্থিতিশীল। বাকি ১১ জনের আঘাত সামান্য। তেল আবিবসহ ইসরায়েলের মধ্যাঞ্চলের কয়েকটি শহরে তারা আহত হন।
ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের সাম্প্রতিক হামলাগুলোতে সাধারণত ৩টির মতো ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছিল।
সূত্র: আল-জাজিরা
তেহরানজুড়ে ইসরায়েলের ‘ব্যাপক’ বিমান হামলা
ইরানের রাজধানী তেহরানজুড়ে ‘ব্যাপক’ বিমান হামলা শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এই হামলা মূলত ইরানের কয়েক বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা লক্ষ্য করে চালানো হচ্ছে।
ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ‘বর্তমানে বিমানবাহিনী তেহরানের বেশ কিছু সরকারি অবকাঠামোতে নিখুঁত হামলা চালাচ্ছে। একই সঙ্গে ইরানের দিক থেকে আসা সম্ভাব্য পাল্টা হুমকি মোকাবিলায় বিভিন্ন অঞ্চলে সক্রিয়ভাবে কাজ করছে আমাদের বিমানবাহিনী।’
ইসরায়েলের সেনাবাহিনী আরও জানায়, তেহরান ছাড়াও বিভিন্ন অঞ্চলে একই সঙ্গে হামলা এবং আকাশপথের হুমকি প্রতিহতের কাজ চলছে। তবে এই হামলায় এখন পর্যন্ত কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা
ইসরায়েলি ড্রোন ভূপাতিত ও যুদ্ধবিমানে হামলার দাবি হিজবুল্লাহর
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্য এবং তাঁদের অবস্থানের ওপর একের পর এক হামলা চালানোর দাবি করেছে।
আজ বুধবার লেবাননের ইরানপন্থী গোষ্ঠীটি দাবি করে, তাদের যোদ্ধারা রাবা থালাথিন শহরে ইসরায়েলি বাহিনীর নবনির্মিত একটি গোলন্দাজ অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
গোষ্ঠীটি আরও দাবি করে, তাদের যোদ্ধারা আইনাতা শহরের আকাশে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করেছে এবং ব্লিফে শহরের আকাশে একটি ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এসব দাবির বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
লেবাননে নিহত বেড়ে ১৩১৮
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত অন্তত ১ হাজার ৩১৮ জন নিহত ও ৩ হাজার ৯৩৫ জন আহত হয়েছেন।
ইসরায়েলের বাহিনীর সঙ্গে বর্তমানে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর যোদ্ধাদের ব্যাপক সংঘাত হচ্ছে। ইসরায়েলের বাহিনী সেখানে তথাকথিত নিরাপদ অঞ্চল (বাফার জোন) বাড়ানোর চেষ্টা করছে।
সূত্র: আল-জাজিরা
যুদ্ধবিরতির আহ্বান ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। জাপান সফরে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে আলোচনা শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে আজ বুধবার মাখোঁ এ আহ্বান জানান। টোকিও’র আকাসাকা প্রাসাদে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মাখোঁ বলেন, আমরা ‘উভয়ে আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক শৃঙ্খলা এবং গণতান্ত্রিক মূলবোধের ওপর বিশ্বাস রাখি।... এই কারণেই... আমরা শান্তি ফিরিয়ে আনা, যুদ্ধবিরতি, স্থিতিশীলতা এবং হরমুজ প্রণালিতে অবাধ চলাচলের পক্ষে অবস্থান নিয়েছি।’
তাকাইচি বলেন, আমরা ‘দ্রুত উত্তেজনা প্রশমন, গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং পণ্য সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখার গুরুত্বের বিষয়ে একমত হয়েছি।’
তাকাইচি বলেন, ‘আন্তর্জাতিক পরিবেশ ক্রমশ কঠোর হয়ে উঠছে। এ পরিস্থিতিতে আমি বিশ্বাস করি জাপান ও ফ্রান্সের নেতাদের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা গভীর হওয়া বিশেষভাবে অর্থবহ।’
সূত্র: আল-জাজিরা
লেবাননে ২৪ ঘণ্টায় ৪৮ ইসরায়েলি সেনা আহত
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন ও ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১০ জন ইসরায়েলি সেনা নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননে লড়াই চলাকালে ইসরায়েলের ৪৮ জন কর্মকর্তা ও সেনা সদস্য আহত হয়েছেন।
বুধবার এর আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করে, তারা ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্য এবং তাঁদের অবস্থান লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে।
এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত অন্তত ১ হাজার ৩১৮ জন নিহত ও ৩ হাজার ৯৩৫ জন আহত হয়েছেন।
ইসরায়েলের বাহিনীর সঙ্গে বর্তমানে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর যোদ্ধাদের ব্যাপক সংঘাত হচ্ছে। ইসরায়েলের বাহিনী সেখানে তথাকথিত নিরাপদ অঞ্চল (বাফার জোন) বাড়ানোর চেষ্টা করছে।
সূত্র: আল-জাজিরা
ইরাকে মার্কিন স্থাপনায় হামলার তথ্য দিতে ৩০ লাখ ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস, বাগদাদ ডিপ্লোম্যাটিক সাপোর্ট সেন্টার এবং দেশটির আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের ইরবিলে অবস্থিত মার্কিন কনস্যুলেট জেনারেলে সম্প্রতি হামলা হয়েছে।
সাম্প্রতিক এসব হামলার বিষয়ে তথ্য পেতে সহায়তা চেয়েছে মার্কিন পররাষ্ট্র বিভাগের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচি। এই কর্মসূচির দাপ্তরিক এক্স অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত একটি পোস্ট করা হয়েছে।
ওই পোস্টে জানানো হয়েছে, ইরানের সঙ্গে সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠী এবং এসব হামলার জন্য দায়ী ব্যক্তিদের সম্পর্কে তথ্যের বিনিময়ে ৩০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে।
সূত্র: আল-জাজিরা
হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় চীনকে আরও সক্রিয় হতে হবে: ফরাসি নৌপ্রধান
হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্বাভাবিক করার বিষয়ে চীনকে একটা পর্যায়ে আরও বেশি সরাসরি ভূমিকা রাখতে হবে। কারণ বর্তমানে তাদের যে পরিমাণ জাহাজ এ প্রণালি দিয়ে পার হতে পারছে, তা দেশটির প্রয়োজনের তুলনায় সম্ভবত যথেষ্ট নয়।
বুধবার প্যারিসে আয়োজিত ‘ওয়ার অ্যান্ড পিস’ নিরাপত্তা সম্মেলনে ফ্রান্সের নৌপ্রধান অ্যাডমিরাল নিকোলা ভোজুর এ কথা বলেন।
ভোজুর বলেন, ‘আমরা এই প্রণালি পুনরায় উন্মুক্ত করতে চীনের নৌবাহিনীকে কোনো পদক্ষেপ নিতে দেখিনি। অন্যদিকে নির্দিষ্ট সংখ্যক জাহাজের চলাচল নিশ্চিত করতে চীন ও ইরান কর্তৃপক্ষের মধ্যে সরাসরি রাজনৈতিক সংলাপ চলছে। এটি কি স্বাভাবিক নৌযান চলাচল ফিরিয়ে আনতে যথেষ্ট হবে? আমি তেমনটা মনে করি না।’
ভোজুর আরও বলেন, ‘এর ফলে চীনকে সম্ভবত এই বিতর্কে আরও সরাসরি যুক্ত হতে হবে এবং প্রণালিটি বন্ধ থাকার বিষয়ে তাদের অসন্তোষ প্রকাশ করতে হবে।’
সূত্র: আল–জাজিরা
মার্কিন জনগণের উদ্দেশে ‘গুরুত্বপূর্ণ’ বার্তা দেবেন ইরানের প্রেসিডেন্ট
মার্কিন জনগণের উদ্দেশে শিগগিরই ‘গুরুত্বপূর্ণ’ বার্তা দেবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার কার্যালয়ের যোগাযোগ ও তথ্যবিষয়ক উপপরিচালক মেহেদি তাবাতাবায়ি এই তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেহেদি তাবাতাবায়ি বলেন, ‘মার্কিন জনগণের উদ্দেশে লেখা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের একটি গুরুত্বপূর্ণ চিঠির বিষয়বস্তু আগামী কয়েক ঘণ্টার মধ্যেই প্রকাশ করা হবে।’
ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার রাত ৯টায় (জিএমটি ০১:০০) জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ট্রাম্পের এই বহুল প্রতীক্ষিত ভাষণের ঠিক আগেই ইরানের পক্ষ থেকে এই ঘোষণা এল। ধারণা করা হচ্ছে, ভাষণে ট্রাম্প যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরবেন।
সূত্র: সিএনএন
মার্কিনিদের উদ্দেশে ইরানের প্রেসিডেন্টের খোলা চিঠি
মার্কিন জনগণের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চিঠিতে তিনি লিখেছেন, ‘আধুনিক ইতিহাসে ইরান কখনোই আগ্রাসন, সম্প্রসারণ, উপনিবেশবাদ বা আধিপত্য বিস্তারের পথ বেছে নেয়নি। ইরান কখনোই আগে কোনো যুদ্ধ শুরু করেনি। তবে যারা ইরানকে আক্রমণ করেছে, তাদের অত্যন্ত দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে প্রতিহত করেছে।’
চিঠিতে তিনি ইরানকে ‘নিরাপত্তা হুমকি’ হিসেবে উপস্থাপনের তীব্র বিরোধিতা করেছেন। তার মতে, ইরানকে আগ্রাসী হিসেবে তুলে ধরা ‘ঐতিহাসিক বাস্তবতার’ সঙ্গে সংগতিপূর্ণ নয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’তে প্রকাশিত এই চিঠিতে পেজেশকিয়ান লিখেছেন, ‘ইরান তার নাম সত্তা আর পরিচয়ের দিক থেকে মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও ধারাবাহিক এক সভ্যতা।’
ইরানকে একটি ‘হুমকি’ হিসেবে চিত্রায়িত করার পেছনে বহিরাগত স্বার্থ কাজ করছে বলে দাবি করেন পেজেশকিয়ান। তিনি বলেন, ‘ইরানকে হুমকি হিসেবে দেখানো ঐতিহাসিক বা দৃশ্যমান বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ ধরনের ধারণা মূলত ক্ষমতাধরদের রাজনৈতিক ও অর্থনৈতিক খেয়ালখুশির ফসল। নিজেদের চাপ সৃষ্টিকে বৈধতা দেওয়া, সামরিক আধিপত্য বজায় রাখা, অস্ত্র শিল্প টিকিয়ে রাখা এবং কৌশলগত বাজারগুলো নিয়ন্ত্রণে রাখার জন্য একটি ‘শত্রু’ তৈরির প্রয়োজন থেকেই এমনটা করা হচ্ছে।’
সূত্র: আল–জাজিরা
সিরিয়া হয়ে তেল রপ্তানি শুরু করেছে ইরাক
জাতীয় অর্থনীতিকে গতিশীল করতে সিরিয়া হয়ে ট্যাঙ্কারের মাধ্যমে তেল রপ্তানি শুরু করেছে ইরাক। দেশটির তেল মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে দেশটির তেল মন্ত্রণালয় বলেছে, তেল যাতে নিরাপদে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে, তা নিশ্চিত করতে তারা সিরিয়া সরকারের সঙ্গে কাজ করছে। ইরাকের অর্থনীতিকে শক্তিশালী করতে এই রপ্তানির পরিমাণ পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
সূত্র: আল–জাজিরা
সিরিয়ার স্থলপথ ব্যবহার করে তেল রপ্তানি শুরু করেছে ইরাক
জাতীয় অর্থনীতিকে গতিশীল করতে এক দশকেরও বেশি সময় পর সিরিয়ার স্থলপথ ব্যবহার করে তেল রপ্তানি শুরু করেছে ইরাক। আজ বুধবার ইরাকি জ্বালানি তেলের প্রথম বহরটি সিরিয়ার আল-তানফ ও আল-ওয়ালিদ সীমান্ত ক্রসিং দিয়ে দেশটিতে প্রবেশ করেছে।
সিরিয়ান পেট্রোলিয়াম কোম্পানি জানিয়েছে, প্রথম এই বহরে ২৯৯টি ট্যাঙ্কার রয়েছে। এসব ট্যাঙ্কারে পরিশোধিত জ্বালানি তেল রয়েছে। এই তেল সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলের বানিয়াস শোধনাগারে নেওয়া হচ্ছে। সেখানে তেল প্রক্রিয়াজাত করার পর রপ্তানির জন্য প্রস্তুত করা হবে।
এক দশকের বেশি সময় ধরে এই রুটটি বন্ধ থাকার পর তা পুনরায় চালু করা হলো। ইরাকের তেল মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তেল যাতে নিরাপদে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে, তা নিশ্চিত করতে তারা সিরিয়া সরকারের সঙ্গে সহযোগিতা করছে। ইরাকের অর্থনীতিকে শক্তিশালী করতে এই রপ্তানির পরিমাণ পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে।
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে পারস্য উপসাগরের জলপথ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ইরাক এই বিকল্প স্থলপথটি বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আল–জাজিরা ও শিনহুয়া
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আহত
তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি আহত হয়েছেন। বুধবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এই তথ্য জানিয়েছে।
মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘তেহরানের আবাসিক এলাকায় আমেরিকান-ইহুদিবাদী শত্রুর বোমা হামলায় ড. কামাল খারাজি আহত হয়েছেন।’ তবে এই দাবির সত্যতা সিএনএন স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারাও এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
খারাজির আঘাত গুরুতর কি না মেহের নিউজ সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
এদিকে ইরানের আর কোনো নেতা নিহত হলে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান। গত মঙ্গলবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এই তথ্য জানিয়েছে।
সূত্র: সিএনএন
ট্রাম্পের ভাষণের রূপরেখা জানাল হোয়াইট হাউস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় সকাল ৭টায়) জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তাঁর এই বহুল প্রতীক্ষিত ভাষণের আগে এর বিষয়বস্তু সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছে হোয়াইট হাউস।
এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, ‘আজ রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প ‘অপারেশন এপিক ফিউরি’ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এটি আমেরিকার সক্ষমতার এক চূড়ান্ত প্রচারণা। এই অভিযান পদ্ধতিগতভাবে ইরানি শাসনব্যবস্থার সক্ষমতাকে গুঁড়িয়ে দিচ্ছে। এর মাধ্যমেই তারা যুক্তরাষ্ট্র ও মুক্ত বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল।’
বিবৃতিতে বলা হয়েছে, ভাষণে ট্রাম্প ইরানে মার্কিন সামরিক তৎপরতার প্রশংসা করবেন। সেখানে তাঁর প্রশাসনের মূল লক্ষ্যগুলো আবারও সামনে আনা হবে। এসব লক্ষ্যের মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রুখে দেওয়া, দেশটির নৌবাহিনী ধ্বংস করা এবং তাদের সহযোগী গোষ্ঠীগুলোকে নির্মূল করা।
বিবৃতিতে শীর্ষ মার্কিন কর্মকর্তাদের বেশ কিছু উদ্ধৃতিও যুক্ত করা হয়েছে। অভিযানের অগ্রগতি সম্পর্কে মার্কিন সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, ‘বর্তমানে অভিযানের পঞ্চম সপ্তাহ চলছে। আমার অপারেশনাল মূল্যায়ন হলো, দেশের সীমানার বাইরে ইরানের প্রভাব বিস্তারের সক্ষমতা নির্মূল করার ক্ষেত্রে আমরা অনস্বীকার্য অগ্রগতি অর্জন করছি।’
সূত্র: বিবিসি
ইরানের নৌ–বিমান বাহিনী শেষ, হামলার সক্ষমতা কমছে: জাতির উদ্দেশে ভাষণে ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় রাত ৯টায় জাতির উদ্দেশে ভাষণ শুরু করেছেন। হোয়াইট হাউস থেকে দেওয়া ভাষণের শুরুতেই তিনি নাসার ‘আর্টেমিস-২’ মিশনকে চাঁদে সফল উৎক্ষেপনের জন্য ধন্যবাদ জানান। যাত্রা করা নভোচারীদের সাহসী উল্লেখ করে তাঁদের প্রশংসা করেন। এরপরে তিনি এক মাস ধরে চলা ইরান যুদ্ধ নিয়ে কথা বলেন।
ট্রাম্প বলেন, আজ ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ধ্বংস হয়ে গেছে। ইরানের বেশির ভাগ নেতারা মারা গেছে। তিনি আরও দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও ড্রোন হামলার সক্ষমতা নাটকীয়ভাবে খর্ব হয়েছে।
ট্রাম্প এরপরে ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের মিত্রদেশ বিশেষ করে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তাঁরা অসাধারণ কাজ করেছে। আমরা কোনোভাবেই তাদের ব্যর্থ হতে দেব না।
ট্রাম্প আরও বলেন, ইরান এসব অনেক দেশের ওপর হামলা চালিয়েছে। এতে স্পষ্ট হয় যে ইরানের কখনই পারমাণবিক অস্ত্র থাকা উচিত না।
ভেনেজুয়েলার নেতা নিকোলা মাদুরোকে দ্রুত আটক করতে পারায় মার্কিন সেনাদের ধন্যবাদ জানান ট্রাম্প। এ ঘটনা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে বলেন তিনি। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্ক এখন ভালো যাচ্ছে বলেন ট্রাম্প। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন আর মধ্যপ্রাচ্যের তেলের ওপর নির্ভরশীল নয়।
ক্ষমতার প্রথম মেয়াদে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন বলে জানান ট্রাম্প। তিনি সোলাইমানিকে ‘রাস্তার ধারে পেঁতে রাখা বোমার হোতা’ বলে উল্লেখ করেন। সোলাইমানি এখনো বেঁচে থাকলে আজ রাতে আলোচনা অন্যরকম হতো বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘তবে তবুও আমার জিততাম, বড় জয় পেতাম।’
যুক্তরাষ্ট্র ও বিশ্বের নিরাপত্তার জন্য ইরান যুদ্ধ প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন ট্রাম্প। সেটি ব্যাখ্যা করতেই তিনি এই ভাষণ দিচ্ছেন বলে জানান।
গত ৪৭ বছরে ইরানের ‘সন্ত্রাসী হামলার’ তালিকা দেন ট্রাম্প। তিনি ইরানের সরকারে থাকা ব্যক্তিদের ‘ঠগ’ ও ‘খুনি’ বলেন। যুদ্ধের আগে ইরানের বিক্ষোভকারীদের ওপর সরকারের চালানো দমন অভিযানে হাজার হাজার মানুষ নিহত হওয়ার কথা বলেন।
ইরানের এমন নেতাদের কখনই পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া যাবে না বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি তা হতে দেব না।’
ভেনেজুয়েলার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বাইরে থেকে তেল আনার প্রয়োজন নেই। যেসব দেশের মধ্যপ্রাচ্যের তেল প্রয়োজন তাদের নিজেদেরই হরমুজ প্রণালি খোলা রাখার দায়িত্ব নিতে হবে বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের শিশু ও ভবিষ্যত প্রজন্মের জন্য যুদ্ধ ‘সফল বিনিয়োগ’ বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, মার্কিনিরা আর ইরানের হামলার হুমকিতে নেই। তাদের পরমাণু আতঙ্কে নেই। যুক্তরাষ্ট্র আগের যেকোনো সময়ের চেয়ে বেশি নিরাপদ, শক্তিশালী ও উন্নত হবে বলে দাবি করেন ট্রাম্প।
প্রায় ১৯ মিনিট পর বক্তব্য শেষ করেন ট্রাম্প।
তথ্যসূত্র: বিবিসি
যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধের লক্ষ্য ‘প্রায় সম্পন্ন’: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আনন্দের সঙ্গে বলতে পারেন, যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধের মূল কৌশলগত লক্ষ্যগুলো প্রায় সম্পন্নের পথে।
গতকাল বুধবার রাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমি আজ রাতে বলতে পারি, আমরা আমেরিকার সব সামরিক লক্ষ্য খুব শিগগির পূরণ করার পথে রয়েছি।’
ইরানে চলমান সামরিক অভিযান শেষ করার নির্দিষ্ট কোনো সময়সীমা ট্রাম্প তাঁর ভাষণে উল্লেখ করেননি। তবে তিনি সম্প্রতি বলেছেন, এটি খুব দ্রুতই শেষ হতে পারে।
অবশ্য এর আগে ট্রাম্প দুই থেকে তিন সপ্তাহের একটি সময়সীমার কথা বলেছিলেন।
তথ্যসূত্র: রয়টার্স
আগামী দুই–তিন সপ্তাহ ইরানের ওপর অত্যন্ত কঠোর আঘাত হানব: ট্রাম্প
আগামী দুই থেকে তিন সপ্তাহ ইরানের ওপর অত্যন্ত কঠোর আঘাত হানার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার রাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প এই হুমকি দেন।
ট্রাম্প বলেন, ‘আগামী দুই থেকে তিন সপ্তাহ আমরা তাদের (ইরান) ওপর অত্যন্ত কঠোর আঘাত হানব। আমরা তাদের প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব, যেখানে তাদের থাকা উচিত।’
চলমান ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প আরও বলেন, তাঁরা আমেরিকার সব সামরিক লক্ষ্য খুব শিগগির পূরণ করার পথে রয়েছেন।
ইরান যুদ্ধ শেষ হলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি স্বাভাবিকভাবেই আবার খুলে যাবে বলে দাবি করেন ট্রাম্প।
তথ্যসূত্র: রয়টার্স
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভাষণের তীব্র সমালোচনায় সিনেটর চাক শুমার
ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ভাষণে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা।
মার্কিন সিনেটের সংখ্যালঘু ডেমোক্র্যাট নেতা চাক শুমার ভাষণটির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘ইরান ইস্যুতে ট্রাম্পের পদক্ষেপ আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে বড় নীতিগত ভুলগুলোর একটি হিসেবে বিবেচিত হবে।’
নিউইয়র্কের এই ডেমোক্র্যাট সিনেটর আরও বলেন, ট্রাম্প লক্ষ্য নির্ধারণে ব্যর্থ হচ্ছেন। তিনি মিত্রদের দূরে ঠেলে দিচ্ছেন। সাধারণ আমেরিকানদের দৈনন্দিন অর্থনৈতিক সমস্যাগুলো উপেক্ষা করছেন।
অন্যদিকে, রিপাবলিকান দলীয় সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহাম এই ভাষণটিকে তুলনামূলক ইতিবাচকভাবে দেখেছেন। তিনি ফক্স নিউজকে বলেন, ইরানের সামনে এখন দুটি পথ খোলা—চুক্তি করা অথবা আরও বোমা হামলার মুখোমুখি হওয়া।
গ্রাহাম আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এমন লক্ষ্য নির্ধারণ করেছেন, যা ধীরে ধীরে ইরানের বর্তমান শাসকদের টিকে থাকার সক্ষমতা শেষ করে দেবে।
তথ্যসূত্র: বিবিসি
ট্রাম্পের বক্তব্য শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
ইরান যুদ্ধ নিয়ে হোয়াইট হাউস থেকে বুধবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ভাষণ শেষ হওয়ার পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।
ইসরায়েলের সামরিক বাহিনী টেলিগ্রামে জানিয়েছে, তারা ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। এ হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে।
ট্রাম্প তাঁর বক্তব্যে দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা প্রায় পুরোপুরি চূর্ণ হয়েছে। এমন দাবির পরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা ও বিবিসি
ইসরায়েলি বাহিনীর ওপর রকেট ও ড্রোন হামলার দাবি হিজবুল্লাহর
লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর ওপর রকেট ও ড্রোন হামলার খবর জানিয়েছে। বলা হয়েছে, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৬টা ১০ মিনিটের দিকে লেবাননের মালিকিয়াহ ও ইয়েরুন এলাকায় হিজবুল্লাহ যোদ্ধারা রকেট হামলা চালান।
কাছাকাছি সময়ে লেবাননের মেনাহেম এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর ড্রোন হামলা চালানোর কথাও জানিয়েছে হিজবুল্লাহ। এসব হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনী এখনও কিছু জানায়নি। খবর আল–জাজিরার।
আবুধাবিতে অর্থনৈতিক অঞ্চলের পাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির উপকণ্ঠে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহতের খবর জানিয়েছে শহরটির সরকারি গণমাধ্যম দপ্তর। আজ বৃহস্পতিবার জানানো হয়, খলিফা ইকোনমিক জোনস আবুধাবির (কেইজেডএডি) পাশে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এ ঘটনায় ওই অর্থনৈতিক অঞ্চলটিতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। কেউ হতাহত হননি। খবর সিএনএনের।
বাগদাদের মধ্যাঞ্চলে ২৪–৪৮ ঘণ্টার মধ্যে হামলার সতর্কতা মার্কিন দূতাবাসের
ইরাকের রাজধানী বাগদাদের মধ্যাঞ্চলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে একাধিক হামলা হতে পারে। ইরানপন্থী ইরাকি মিলিশিয়ারা এসব হামলা চালাতে। ইরাকের মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ সতর্কবার্তা দিয়েছে।
সতর্কবার্তায় সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন নাগরিক, ব্যবসা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কূটনৈতিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, হোটেল, বিমানবন্দর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য জায়গার কথা উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে ইরাকের বিভিন্ন প্রতিষ্ঠান ও বেসামরিক স্থাপনা হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
বাগদাদের মার্কিন দূতাবাস বলেছে, মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরাক ত্যাগ করা উচিত। খবর আল–জাজিরার।
যুক্তরাষ্ট্র–ইসরায়েলকে আগ্রাসনের জন্য মূল্য চোকাতে হবে, হুঁশিয়ারি ইরানের
ইরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘গুরুত্বহীন’ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। সেই সঙ্গে তিনি দেশ দুটিকে আসন্ন ‘চরম, বিস্তৃত ও ধ্বংসাত্মক’ হামলার বিষয়ে সতর্ক করেছেন।
ইরানি অভিজাত বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা তাসনিম এবং দেশটির আধা–সরকারি সংবাদ সংস্থা ফারস বিবৃতিটি প্রকাশ করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, তেহরানের সামরিক সক্ষমতা ও সরঞ্জাম সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে ‘অসম্পূর্ণ’ তথ্য রয়েছে।
সেই সঙ্গে ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র–ইসরায়েলকে নিজেদের শুরু করা আগ্রাসনের জন্য অবশ্যই চরম মূল্য চোকাতে হবে।
তথ্যসূত্র: বিবিসি ও আল–জাজিরা
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, গত এক ঘণ্টায় দেশটির আকাশসীমায় বেশকিছু ড্রোন, চারটি অজ্ঞাত আকাশযান এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব ধ্বংস করা হয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের পূর্বাঞ্চলের দিকে আসছিল। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় তেহরানে ৩৩ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত
ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় ৩৩ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়রের মুখপাত্র আব্দুলমোহর মোহাম্মদখানি।
তিনি জানান, এসব বাড়িতে ছোটখাটো মেরামত যেমন ‘কাঁচ, দরজা ও জানালা ঠিক করা’ থেকে শুরু করে ‘বড় ধরনের পুনর্নির্মাণ বা সম্পূর্ণ সংস্কার’ করার দরকার হতে পারে।
মুখপাত্র আরও জানান, হামলার পরিপ্রেক্ষিতে বাড়িতে নানা সমস্যা দেখা দেওয়ায় ১ হাজার ৮৬৯টি পরিবার অন্যত্র চলে গেছেন। এ ছাড়া আরও প্রায় ১ হাজার ২৪৫টি পরিবারকে ২৩টি আবাসিক কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে।
আব্দুলমোহর মোহাম্মদখানি আরও বলেন, পৌর কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগ বা আর্থিক সহায়তায় এখন পর্যন্ত ৪ হাজারের বেশি বাড়িতে মেরামতের কাজ শুরু করা হয়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের
ইরানে যুদ্ধরত সব পক্ষকে সামরিক পদক্ষেপ বন্ধ করে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী সপ্তাহগুলোতে ইরানে আরও বড় পরিসরে হামলা চালানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ আহ্বান জানান।
সাংবাদিকদের সঙ্গে আলাপে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, হরমুজ প্রণালিতে বিদ্যমান অস্থিরতার মূল কারণ হলো, এ জলপথে ‘অবৈধ’ সামরিক কার্যকলাপ। তিনি আরও বলেন, বিবদমান পক্ষগুলোকে অবশ্যই বিশ্ব অর্থনীতি আর জ্বালানি নিরাপত্তার ওপর আরও গুরুতর প্রভাব এড়ানোর চেষ্টা চালিয়ে যেতে হবে।
তথ্যসূত্র: আল–জাজিরা
তেহরানে শতাব্দী প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে শতাব্দী প্রাচীন একটি চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর জানান, এই হামলায় পাস্তুর ইনস্টিটিউট অব ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গবেষণা কেন্দ্রটি ১৯২০ সালে চালু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হোসেইন কেরমানপুর একে ‘বৈশ্বিক স্বাস্থ্য খাতের শতাব্দী পুরানো স্তম্ভে হামলা’ বলে উল্লেখ করেছেন।
জল–স্থল–আকাশপথে হামলা, ৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা গত ২৪ ঘণ্টায় ৪০ জন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা গত ২৪ ঘণ্টায় লেবাননে হিজবুল্লাহর বেশ কয়েকটি সামরিক স্থাপনা সাইট ও অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি স্থলবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ সেল শনাক্ত করে উচ্ছেদ করেছে এবং হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালিয়েছে। আর ইসরায়েলি নৌবাহিনী হিজবুল্লার একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, লেবাননে জল, স্থল ও আকাশপথে হামলা চালিয়ে ২৪ ঘণ্টায় ৪০ জনের বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যা করা হয়েছে।
সূত্র: আল–জাজিরা।
ইরানের ইস্পাত কারখানা, মহাসড়কের সেতুতে মার্কিন–ইসরায়েলি হামলা
ইরানের দুটি বৃহত্তম ইস্পাত কারখানায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ ছাড়া মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ সেতুতেও হামলা চালানো হয়েছে।
হামলার শিকার দুটি ইস্পাত কারখানা হলো ইরানের আহবাজ শহরে খুজেস্তান স্টিল কোম্পানি এবং ইসাফাহান প্রদেশের মধ্যাঞ্চলের মোবারাকে স্টিল কোম্পানি। মোবারাকে স্টিল কোম্পানি বলেছে, হামলার পর তাদের উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
খুজেস্তান স্টিল কোম্পানির পরিচালন বিভাগের উপপ্রধান মেহরান পাকবিন বলেছেন, হামলার শিকার হয়ে বন্ধ হওয়া ইউনিটগুলোতে অন্তত ছয় মাস পুনরায় উৎপাদন শুরুর আশা করা যাচ্ছে না।
তেহরান-কারাজ সেতুতে হামলা
রাজধানী তেহরান থেকে কারাজ শহরের পথে ‘মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ সেতু’ হিসেবে পরিচিত একটি সেতুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গুরুত্বপূর্ণ মহাসড়কে অবস্থিত ওই সেতুতে হামলায় অনেকে আহত হয়েছে বলে জানিয়ছে ইরানের সংবাদ সংস্থা ফার্স।
সূত্র: আল–জাজিরা।
ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না অস্ট্রিয়া
ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজের আকাশসীমা ব্যবহার করতে দেবে না অস্ট্রিয়া। এরই মধ্যে আকাশসীমা ব্যবহার করতে চেয়ে যুক্তরাষ্ট্রের করা অনুরোধ অস্ট্রিয়া প্রত্যাখ্যান করেছে।
অস্ট্রিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিজেদের নিরপেক্ষতার আইনের কথা জানিয়ে অস্ট্রিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ইরানে অভিযানের জন্য আকাশসীমা ব্যবহার করতে ওয়াশিংটন থেকে কয়েকবার অনুরোধ এসেছে।
অস্ট্রিয়া দীর্ঘদিন ধরে সামরিক নিরপেক্ষতার নীতি বজায় রেখে আসছে।
ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেন ইরান যুদ্ধের বিরুদ্ধে উচ্চকণ্ঠ। দেশটি মার্কিন সামরিক বিমানের জন্য আকাশসীমা বন্ধ রেখেছে।
ইতালির সরকারও গত সপ্তাহে সিসিলিতে সামরিক ঘাঁটি ব্যবহারের জন্য মার্কিন একটি বোমারু বিমানকে অনুমতি দেয়নি।
সূত্র: আল–জাজিরা।
ইরান যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ
ইরান যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে ফোনালাপ হয়েছে। ক্রেমলিন জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজ চলমান যুদ্ধের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সৌদি আরবের সঙ্গে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ার কয়েকদিনের মধ্যেই পুতিন ও সৌদি যুবরাজের মধ্যে এই আলোচনা হলো। রাশিয়া ২০২২ সাল থেকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
সূত্র: আল–জাজিরা।
লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ১৩৪৫
লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৪৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৭ জন নিহত হয়েছেন।
লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
মন্ত্রণলায়ের তথ্যমতে, ২ মার্চ থেকে চলমান ইসরায়েলের হামলায় লেবাননে ১ হাজার ৩৪৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চার হাজার ৪০ জন। নিহতদের মধ্যে ১২৫ জন শিশু এবং ৯১ জন নারী। ইসরায়েলের হামলায় শুধু গত ২৪ ঘণ্টায় ২৭ জন নিহত এবং ১০৫ জন আহত হয়েছেন।
সূত্র: আল–জাজিরা।
ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালি স্থিতিশীল হবে না: চীন
ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালি স্থিতিশীল হবে না বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে আলোচনার সময় তিনি এ মন্তব্য করেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানে যুদ্ধের ফলে হরমুজ প্রণালিতে অচলবস্থার সৃষ্টি হয়েছে। যতদিন এ যুদ্ধ চলবে ততদিন এই জলপথ স্থিতিশীল হবে না। তিনি দ্রুত যুদ্ধবিরতিরও আহ্বান জানিয়েছেন।
সূত্র: আল–জাজিরা।
যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি বার্তা জাতিসংঘের মহাসচিবের
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। জবাবে ইসরায়েলে ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান।
গতকাল জাতিসংঘের মহাসচিব গুতেরেস বলেন, ‘আমরা এমন একটি বৃহত্তর যুদ্ধের দ্বারপ্রান্তে আছি, যা পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করবে এবং বিশ্বব্যাপী নাটকীয় প্রভাব ফেলবে।’ তিনি বাড়তি খরচের কথা উল্লেখ করে বলেন, মানুষ ইতিমধ্যে জ্বালানি ও খাদ্যের বাড়তি দামের জন্য কষ্ট পাচ্ছে। যখন হরমুজ প্রণালি সংকুচিত হয়, তখন বিশ্বের দরিদ্র এবং সবচেয়ে দুর্বল মানুষ শ্বাস নিতে পারে না।
জাতিসংঘের মহাসচিব ‘শান্তিপূর্ণভাবে’ বিরোধ মীমাংসার আহ্বান জানিয়ে বেসামরিক অবকাঠামোর সুরক্ষিত রাখার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি আমার বার্তা পরিষ্কার, যুদ্ধ বন্ধ করার সময় এসেছে। এই যুদ্ধ ইতিমধ্যে ব্যাপক মানবিক দুর্ভোগ সৃষ্টি করেছে এবং অর্থনীতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।’
সূত্র: বিবিসি।
সেতু ধ্বংসের ভিডিও দিয়ে ট্রাম্পের হুমকি, ইরান যেন ‘বেশি দেরি হওয়ার আগে’ চুক্তি করে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ইরানের সবচেয়ে বড় সেতুটি হামলায় ধ্বংস হয়ে গেছে। তিনি বলেছেন, ‘বেশি দেরি হওয়ার আগে’ ইরানের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে রাজি হওয়া।
এর আগে ইরানের সংবাদ সংস্থা ফার্স জানায়, রাজধানী তেহরান থেকে কারাজ শহরের পথে ‘মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ সেতু’ হিসেবে পরিচিত একটি সেতুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গুরুত্বপূর্ণ মহাসড়কে অবস্থিত ওই সেতুতে হামলায় দুজন নিহত ও অনেকে আহত হয়েছেন।
ইরানকে ওয়াশিংটনের শর্ত অনুযায়ী চুক্তিতে রাজি হওয়ার জন্য বারবার হুমকি দিয়ে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার রাতে তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, চুক্তি করতে রাজি না হলে ইরানে হামলা চালিয়ে দেশটিকে প্রস্তর যুগে নিয়ে যাওয়া হবে। ওই ভাষণের পর আজ সেতু ধ্বংসের ভিডিও দিলেন ট্রাম্প।
সূত্র: আল–জাজিরা।
ইয়েমেন থেকে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর ইসরায়েল সতর্কবার্তা জারি করে। সাইরেন বাজানো হয় বেশ কিছু এলাকায়।
ইরানে মার্কিন–ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর চতুর্থবারের মতো ইসরায়েল লক্ষ্য করে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হলো। ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র হুতি গোষ্ঠী ইসরায়েলে হামলা চালিয়ে যচ্ছে।
সূত্র: আল–জাজিরা।
পাকিস্তান পেট্রলের দাম ৪৩% বৃদ্ধি করেছে সরকার
পাকিস্তান পেট্রলের দাম প্রতি লিটারে ৪৩ শতাংশ বাড়িয়ে ৪৫৮ দশমিক ৪ রুপি (১.৬৪ ডলার) করা হয়েছে। ডিজেলের মূল্য প্রতি লিটারে ৫২০ দশমিক ৩৫ রুপি (১.৮৬ ডলার) করা হয়েছে।
দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক দাম বৃদ্ধির ঘোষণা দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এই সংকট শুধু এই অঞ্চলকেই নয় বরং পুরো বিশ্বকেও গ্রাস করেছে।
সূত্র: আল–জাজিরা।
বেসামরিক অবকাঠামোয় হামলা যুক্তরাষ্ট্রের নৈতিক পতনের বার্তা : ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, বেসামরিক অবকাঠামোর ওপর যুক্তরাষ্ট্রের হামলা দেশটির ‘নৈতিক পতন’ এর বার্তা। বেসামরিক অবকাঠামোর ওপর হামলা চালিয়ে তারা ইরানকে পিছু হটাতে পারবে না।
এক্স বার্তায় একটি ক্ষতিগ্রস্ত সেতুর ছবি দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি লিখেছে, বেসামরিক অবকাঠামোয় হামলা, নির্মাণাধীন সেতুগুলোতে হামলা চালিয়ে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না। এ ধরনের কর্মকাণ্ড শত্রুর পরাজয় এবং নৈতিক পতনের বার্তা দেয়।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ইরানের সবচেয়ে বড় সেতুটি হামলায় ধ্বংস হয়ে গেছে। তিনি বলেছেন, ‘বেশি দেরি হওয়ার আগে’ ইরানের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে রাজি হওয়া।
সূত্র: আল–জাজিরা।
দুবাইয়ে ওরাকলের ডেটা সেন্টারে হামলার দাবি আইআরজিসি’র
দুবাইয়ে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের একটি ডেটা সেন্টারে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) নৌ শাখা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
তবে ডেটা সেন্টারে হামলার দাবি নাকচ করেছে দুবাই মিডিয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, আমিরাতের কোনো ডেটা সেন্টারে হামলার খবর সঠিক নয়।
এর আগে বাহরাইনে অবস্থিত আমাজনের একটি ক্লাউড কম্পিউটিং সেন্টারেও হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি।
সূত্র: আল–জাজিরা
রাশিয়ার জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে : ক্রেমলিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন উপদেষ্টা জানিয়েছেন, রাশিয়ার জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে।
বর্তমানে এই প্রণালিটি অধিকাংশ জাহাজের চলাচলের জন্য কার্যত বন্ধ থাকলেও ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ বৃহস্পতিবার বলেন, ‘এটি আমাদের জন্য খোলা।’ রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম উশাকভের এই মন্তব্য প্রকাশ করেছে।
ইন্টারন্যাশনাল মেরিন অর্গানাইজেশনের (আইএমও) তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ২ হাজার জাহাজ পারস্য উপসাগরের ভেতরে আটকা পড়ে আছে। তবে ইরান, চীন, ভারত ও পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট কিছু জাহাজ এই প্রণালি পার হতে পেরেছে।
ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপে হরমুজ নিয়ে আলোচনার পরই উশাকভ এই মন্তব্য করেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই নেতা হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চলমান আলোচনার অগ্রগতি সম্পর্কে মতবিনিময় করেছেন।
সূত্র: সিএনএন
আমি যা বলব সেটাই করবে ইসরায়েলিরা: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল একটি ‘ভালো টিম প্লেয়ার’ (সহযোগী দল) এবং তারা ‘আমি যা বলব সেটাই করবে’।
টাইম সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি যখন থামব, ওরাও তখনই থামবে। উসকানি না পেলে তারা লড়াই থামিয়ে দেবে। তবে উসকানি দেওয়া হলে তাদের সামনে কোনো পথ থাকবে না। মোদ্দাকথা হলো, আমি থামলে ওরাও থামবে।’
সূত্র: আল–জাজিরা
পারস্য উপসাগর ‘শত্রুপক্ষের’ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি আইআরজিসির
পারস্য উপসাগরের কেশম দ্বীপের দক্ষিণে ‘শত্রুপক্ষের’ একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি)। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
আইআরজিসি জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে যুদ্ধবিমানটিকে লক্ষ্যবস্তু করেছে। তবে বিমানটি ঠিক কোন দেশের, বিবৃতিতে তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হওয়ার পর যুদ্ধবিমানটি হেনগাম ও কেশম দ্বীপের মধ্যবর্তী উপসাগরে গিয়ে পড়ে।
সূত্র: আল–জাজিরা
ইরান যুদ্ধে প্রতিদিন কত খরচ করছে যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। গত মাসে যুদ্ধ শুরুর মাত্র ছয় দিনের মাথায় পেন্টাগন জানায়, এই সময়ের মধ্যেই তাদের ১ হাজার ১৩০ কোটি (১১.৩ বিলিয়ন) ডলার ব্যয় হয়েছে।
যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে দৈনন্দিন খরচেও হেরফের হচ্ছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় খরচ আগের চেয়ে কিছুটা কমেছে। তবে বিশেষজ্ঞদের মতে, এই লড়াইয়ে এখনো প্রতিদিন গড়ে ৩৮ কোটি ৫০ লাখ ডলার ব্যয় করছে ওয়াশিংটন।
সূত্র: বিবিসি
মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জ বরখাস্ত
পেন্টাগনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে বৃহস্পতিবার মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দুই কর্মকর্তা ও এক সংশ্লিষ্ট ব্যক্তি।
পেন্টাগন অবশ্য বিষয়টিকে ‘অবসর’ হিসেবে উল্লেখ করেছে। তারা জানিয়েছে, ৪১তম আর্মি চিফ অব স্টাফ র্যান্ডি জর্জ ‘অবিলম্বে অবসরে যাচ্ছেন’। তবে তাঁর মেয়াদের আরও এক বছরের বেশি সময় বাকি ছিল। এক বিবৃতিতে পেন্টাগন তাঁর কয়েক দশকের সেবার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেছে, ‘আমরা তাঁর অবসর জীবনের জন্য শুভকামনা জানাই।’
জেনারেল জর্জের হঠাৎ বিদায়ের কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।
সূত্র: রয়টার্স
ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইসরায়েলের
ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
এক বিবৃতিতে সামরিক বাহিনী জানিয়েছে, এই হামলা প্রতিহত করতে এবং ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
স্থল অভিযান হলে কোনো শত্রুসেনাই যেন জীবিত না ফেরে: কমান্ডারদের ইরানি সেনাপ্রধান
যেকোনো হামলার জন্য ইরানি কমান্ডারদের প্রস্তুত থাকতে বলেছেন দেশটির সেনাপ্রধান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, ইরান যুদ্ধ শেষ হওয়ার কাছাকাছি রয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ হতে পারে।
তবে একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েন উদ্বেগ বাড়িয়েছে। এটি ইরানে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতির ইঙ্গিত হতে পারে।
এমন প্রেক্ষাপটে গতকাল বৃহস্পতিবার ইরানের সেনাপ্রধান আমির হাতামি ইরানি কমান্ডারদের যেকোনো হামলার জন্য প্রস্তুত থাকতে বললেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি অনুযায়ী, আমির হাতামি বলেছেন, প্রতিপক্ষ যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে কোনো শত্রুসেনাই যেন জীবিত না ফেরে।
তথ্যসূত্র: রয়টার্স
ইরানে সেতুতে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮, আহত প্রায় ১০০
ইরানের কারাজ শহরের বি-১ সেতুতে গতকাল বৃহস্পতিবার ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৮–এ দাঁড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯৫ জন। এর আগে নিহতের সংখ্যা দুই বলে জানানো হয়েছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলার ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি তেহরানকে সতর্ক করে বলেন, সামনে এ ধরনের ‘আরও অনেক কিছু’ অপেক্ষা করছে। একই সঙ্গে তিনি ইরানকে হুঁশিয়ার করে বলেন, ‘খুব দেরি হয়ে যাওয়ার আগেই কোনো চুক্তিতে আসার’ এখনই সময়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ হামলার প্রতিক্রিয়ায় বলেন, এসব হামলা তেহরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারবে না। তিনি আরও বলেন, ‘এসব হামলা শুধু বিশৃঙ্খল অবস্থায় থাকা শত্রুর পরাজয় ও নৈতিক স্খলনেরই বহিঃপ্রকাশ।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রতিটি সেতু ও ভবন আরও শক্তিশালী করে পুনর্নির্মাণ করা হবে। তবে যুক্তরাষ্ট্রের হারানো ভাবমূর্তি আর কখনোই পুনরুদ্ধার করা যাবে না।
সূত্র: দ্য গার্ডিয়ান
ব্যাপক হামলার পরও ইরানের বিপুল ক্ষেপণাস্ত্র রয়েছে: মার্কিন গোয়েন্দা তথ্য
গত পাঁচ সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ব্যাপক হামলার পরও ইরানের অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনো অক্ষত রয়েছে। এ ছাড়া দেশটির রয়েছে বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্রের মজুদও।
মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক এক মূল্যায়নের বরাতে তিনটি সূত্র সিএনএনকে এসব তথ্য জানিয়েছে। তারা বলেছে, ইরানের ভাণ্ডারে এখনো হাজার হাজার ড্রোনও মজুত আছে।
ইরান সম্পর্কে একটি সূত্র বলেছে, ‘এখনো পুরো অঞ্চলে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা তাদের রয়েছে।’
গোয়েন্দা প্রতিবেদনে এমন কিছু লঞ্চারের কথাও বলা হয়েছে, যেগুলো হয়তো হামলার কারণে মাটির নিচে চাপা পড়ে আছে কিন্তু পুরোপুরি ধ্বংস হয়নি। ফলে এগুলো আপাতত ব্যবহারের অনুপযোগী হলেও সচল রয়েছে।
দুটি সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, ইরানের ড্রোন সক্ষমতার প্রায় ৫০ শতাংশ এখনো অটুট আছে। এর অর্থ হলো, তাদের হাতে এখনো হাজার হাজার ড্রোন রয়েছে।
গোয়েন্দা তথ্য বলছে, ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ক্রুজ মিসাইলের এক বড় অংশও অক্ষত আছে। যুক্তরাষ্ট্র ইরান উপকূলে খুব একটা বিমান হামলা না চালানোয় এগুলো রক্ষা পেয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর মাধ্যমে ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বড় ধরনের হুমকি তৈরি করতে পারে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রশাসনের কর্মকর্তারা জনসমক্ষে সামরিক বিজয়ের দাবি করেছেন। তবে গোয়েন্দা তথ্য বলছে ভিন্ন কথা। এসব তথ্য ইরানের টিকে থাকা সামরিক শক্তি সম্পর্কে আরও স্পষ্ট ও ভিন্ন এক চিত্র তুলে ধরছে।
গত বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প দাবি করেন, ‘ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার সক্ষমতা উল্লেখযোগ্য হারে কমেছে। তাদের অস্ত্র কারখানা ও রকেট লঞ্চারগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে। এখন খুব অল্পসংখ্যক টিকে আছে।’
সূত্র: সিএনএন
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের সুরক্ষা নিয়ে নিরাপত্তা পরিষদে আজ ভোট
হরমুজ প্রণালি ও এর আশপাশের এলাকায় বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আজ শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হতে যাচ্ছে। কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।
কূটনীতিকেরা জানান, নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি দেশ একটি খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের দেখা ওই প্রস্তাবে বাণিজ্যিক জাহাজ রক্ষায় ‘প্রয়োজনীয় সব ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ গ্রহণের অনুমোদনের কথা বলা হয়েছে।
নিরাপত্তা পরিষদে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ বিন রশিদ আল জায়ানি বলেন, ‘আগামীকাল (শুক্রবার) এ খসড়া প্রস্তাবের ওপর ভোট হবে। আমরা আশা করছি, পরিষদ প্রস্তাবটির পক্ষে একমত হবে।’
এ প্রস্তাব পাসের ক্ষেত্রে অন্য উপসাগরীয় আরব দেশগুলো ও যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে। তবে রাশিয়া ও চীনের আপত্তি কাটাতে আগের খসড়া থেকে সরাসরি সামরিক ব্যবস্থার বিষয়টি বাদ দেওয়া হয়েছে।
রয়টার্সের দেখা খসড়া অনুযায়ী, এ প্রতিরক্ষামূলক ব্যবস্থাগুলো ‘কমপক্ষে ছয় মাসের জন্য’ অনুমোদিত হবে। পরে পরিষদ ভিন্ন কোনো সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর থাকবে।
সূত্র: দ্য গার্ডিয়ান
মধ্যপ্রাচ্য পরিস্থিতি শান্ত করতে সব প্রচেষ্টা নিতে প্রস্তুত রাশিয়া: পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রাশিয়া ও মিসর উভয় দেশই সমানভাবে উদ্বিগ্ন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মস্কো যেকোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।
মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে এক বৈঠকে পুতিন এসব কথা বলেন।
ক্রেমলিনের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে পুতিন বলেন, ‘আমরা সবাই আশা করি চলমান এ সংকটের দ্রুত সমাধান হবে। আপনারা জানেন, গতকাল প্রেসিডেন্ট ট্রাম্পও এ বিষয়ে কথা বলেছেন। আমি আবার বলছি, পরিস্থিতি শান্ত করতে এবং সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আমরা সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালাতে প্রস্তুত।’
সূত্র: আল–জাজিরা

পাকিস্তানেও জ্বালানির জন্য যানবাহনের দীর্ঘ সারি
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের জেরে পাকিস্তানে জ্বালানি তেলের দাম বেড়েছে। দেশটির বিভিন্ন পেট্রলপাম্পে জ্বালানি নিতে যানবাহনের সারিও দীর্ঘ হচ্ছে। ২ এপ্রিল ২০২৬, করাচি। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের আরেকটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের
ইরানের আধা সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় আরেকটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
আইআরজিসি-নিয়ন্ত্রিত ফার্স নিউজ এজেন্সির একটি টেলিগ্রাম পোস্টের বরাতে জানা গেছে, যুদ্ধবিমানটি যখন মধ্য ইরানের ওপর দিয়ে উড়ছিল, তখন সেটিকে গুলি করে নামানো হয়।
পোস্টে জানানো হয়, যুদ্ধবিমানটি ‘পুরোপুরি ধ্বংস’ হয়েছে। বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইলট সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি।
এদিকে ইরানের মেহের নিউজ এজেন্সি তাদের একটি টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার সময় ‘ভয়াবহ বিস্ফোরণ’ ঘটায় পাইলটের পক্ষে বিমান থেকে বেরিয়ে আসা সম্ভব হয়নি বলে ধারণা করা হচ্ছে।
আইআরজিসির এই দাবির বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে এর আগে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার যে দাবি আইআরজিসি করেছিল, তা অস্বীকার করেছিল সেন্টকম।
সূত্র: আল–জাজিরা
কুয়েতের প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলা, আগুন
কুয়েতের একটি প্রধান তেল শোধনাগার ও রপ্তানি কেন্দ্রে ড্রোন হামলা চালানো হয়েছে। আজ শুক্রবার ভোরে কুয়েত সিটি থেকে প্রায় ২৮ মাইল দক্ষিণে অবস্থিত মিনা আল-আহমাদি শোধনাগারে এ হামলার ঘটনা ঘটে।
কুয়েত পেট্রোলিয়াম করপোরেশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স ও দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন হামলার ফলে শোধনাগারের কয়েকটি ইউনিটে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, দেশটির আকাশসীমায় ঢুকে পড়া শত্রুভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।
মুখপাত্র আরও বলেন, দেশের আকাশসীমা রক্ষায় সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সূত্র: সিএনএন
যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ
ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ চলমান সংঘাত অবসানে এক চাঞ্চল্যকর শান্তি প্রস্তাব দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সাময়িকী ‘ফরেন অ্যাফেয়ার্স’-এ প্রকাশিত এক নিবন্ধে তিনি এ প্রস্তাব তুলে ধরেছেন।
তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ইরানের সাবেক এই ভাইস প্রেসিডেন্ট বর্তমানে কোনো সরকারি পদে নেই। তবে তিনি প্রস্তাব করেছেন যে, ইরানের উচিত এখনই ‘বিজয় ঘোষণা করা’ এবং এমন একটি চুক্তিতে আসা যা বর্তমান সংঘাত থামাবে এবং ভবিষ্যতে যুদ্ধের আশঙ্কা দূর করবে।
জারিফের দেওয়া শান্তি প্রস্তাবের প্রধান শর্তগুলো হলো:
পারমাণবিক কর্মসূচি: ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে অঙ্গীকার করবে। ২০১৫ সালের চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে মাত্রা (৩ দশমিক ৬৭ শতাংশ) ঠিক করা হয়েছিল, ইরান তাদের মজুদ সেই সীমার নিচে নামিয়ে আনবে। উল্লেখ্য, ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়েছেন।
আঞ্চলিক কেন্দ্র: চীন ও রাশিয়াকে সঙ্গে নিয়ে এ অঞ্চলে একটি অভিন্ন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র গড়ে তোলা হবে। ইরান তার সব সমৃদ্ধ ইউরেনিয়াম ও সরঞ্জাম সেখানে সরিয়ে নেবে।
নিষেধাজ্ঞা প্রত্যাহার: যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ইরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। বিশ্ব অর্থনীতিতে ইরানকে সমানভাবে অংশগ্রহণের সুযোগ দিতে হবে।
হরমুজ প্রণালি: হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে। তবে যুক্তরাষ্ট্রকেও এ গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহারের সুযোগ দিতে হবে।
অনাক্রমণ চুক্তি: ইরান ও যুক্তরাষ্ট্র একটি ‘অনাক্রমণ চুক্তি’ সই করবে, যেখানে দুই দেশ ভবিষ্যতে একে অপরকে আক্রমণ না করার অঙ্গীকার করবে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ইরানের শীর্ষ নেতৃত্বের সবুজ সংকেত ছাড়া জারিফ এ নিবন্ধ প্রকাশ করতে পারতেন না। সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে নির্বাচিত করতেও বড় ভূমিকা রেখেছেন তিনি।
তবে এ প্রস্তাবে মার্কিন প্রশাসন কেমন সাড়া দেবে তা এখনো স্পষ্ট নয়। কারণ, জারিফ ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারকে ভূ-রাজনীতি ও পারমাণবিক বিষয়ে ‘একেবারে মূর্খ’ বলে মন্তব্য করেছেন। অথচ গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরুর ৪৮ ঘণ্টা আগেও এ দুজনই ইরানের সঙ্গে আলোচনা চালিয়েছিলেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
আরব আমিরাতের হাবশান গ্যাসক্ষেত্রে আগুন, উৎপাদন বন্ধ
সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রধান গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র ‘হাবশান গ্যাস কমপ্লেক্স’-এ অগ্নিকাণ্ড ঘটেছে।
আকাশপথে আসা একটি ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ আছড়ে পড়লে এ আগুনের সূত্রপাত হয়। আবুধাবি মিডিয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্টে আবুধাবি মিডিয়া অফিস জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্যাসক্ষেত্রের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ এ অগ্নিকাণ্ড মোকাবিলায় কাজ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সংস্থাটি আরও বলেছে, নিরাপত্তা নিশ্চিত করতে এবং ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।
সূত্র: আল–জাজিরা
কুয়েতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাজ্য
কুয়েতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। গত রাতে কুয়েতের মিনা আল-আহমাদি তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটে। এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল সাবাহর মধ্যে ফোনালাপ হয়েছে। ওই ফোনালাপের পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দেয় যুক্তরাজ্য।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী স্টারমার কুয়েতের তেল শোধনাগারে হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, কুয়েত ও উপসাগরের মিত্রদেশগুলোর পাশে আছে যুক্তরাজ্য।
সূত্র: আল–জাজিরা
কুয়েতের বিদ্যুৎকেন্দ্র ও পানি শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল: আইআরজিসি
কুয়েতের বিদ্যুৎকেন্দ্র ও লোনা পানি স্বাদু করার স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে উল্লেখ করে তার নিন্দা জানিয়েছে ইরান।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, কুয়েত কর্তৃপক্ষ একটি বিদ্যুৎকেন্দ্র এবং লোনা পানি স্বাদু করার স্থাপনায় হামলা হয়েছে বলে জানিয়েছে। ইসরায়েল এই অবৈধ হামলা চালিয়েছে।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলা জায়নবাদী দখলকারী ইসরায়েলের নিচতাকে তুলে ধরে। আইআরজিসি এমন অমানবিক কর্মকাণ্ডের নিন্দা জানায়। বিবৃতিতে উল্লেখ করা হয়, মার্কিন ঘাঁটি ও সামরিক সদস্য এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে জায়নবাদী শাসনের সামরিক ও নিরাপত্তা কেন্দ্র আইআরজিসির হামলার লক্ষ্যবস্তু।
সূত্র: আল–জাজিরা
আমিরাতে আজ ২২ ক্ষেপণাস্ত্র ও ৪৭ ড্রোন হামলা, আহত ১২
সংযুক্ত আরব আমিরতে আজ শুক্রবার ২২টি ক্ষেপণাস্ত্র ও ৪৭টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এগুলো প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে আমিরাত কর্তৃপক্ষ। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে প্রবাসী কর্মীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে আমিরাত লক্ষ্য করে ১৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৪৭টি ড্রোন ছোঁড়া হয়। সবগুলোই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে প্রতিহত করা হয়েছে।
দেশটির সরকারি মিডিয়া কার্যালয় থেকে জানানো হয়, আবুধাবির আজবান এলাকায় ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষ পড়ে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত সাতজন নেপালের নাগরিক এবং পাঁচজন ভারতের নাগরিক বলে জানানো হয়েছে। তাদের মধ্যে একজন নেপালি গুরুতর আহত হয়েছেন।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ইরান থেকে আমিরাত লক্ষ্য করে ছোঁড়া মোট ৪৭৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দুই হাজার ৮৫টি ড্রোন প্রতিহত করা হয়েছে।
ছবি: আল–জাজিরা
মার্কিন–ইসরায়েলি হামলায় ইরানে ক্ষয়ক্ষতির চিত্র
যুক্তরাষ্ট্র সহজেই হরমুজ প্রণালি খুলতে পারবে, দাবি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র সহজেই হরমুজ প্রণালি খুলতে পারবে।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘অল্প কিছু সময়ের মধ্যে আমরা সহজেই হরমুজ প্রণালি খুলতে পারি, তেল নিতে পারি এবং ভাগ্য গড়তে পারি।’ তিনি বলেন, ‘এটি বিশ্ববাসীর জন্য বড় প্রাপ্তি হবে?’।
সূত্র: আল–জাজিরা
হামলায় ইরানের স্টিল উৎপাদন সক্ষমতা প্রায় ৭০% ধ্বংস হয়েছে: নেতানিয়াহু
হামলায় ইরানের স্টিল উৎপাদন সক্ষমতা প্রায় ৭০% ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে নেতানিয়াহু এ দাবি করে বলেন, এটা এক ‘বিশাল সাফল্য’। এর ফলে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অর্থনৈতিক ও সামরিকভাবে পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি।
নেতানিয়াহু বলেন, ‘আমার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্ণ সমন্বয় রয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় বজায় রেখে আমরা ইরানকে চূর্ণ করার কাজ চালিয়ে যাব।’ তিনি আরও বলেন, ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর ওপর কঠোর হামলা চালিয়ে যাচ্ছে।
সূত্র: আল–জাজিরা
ইরানে বিশ্ববিদ্যালয়ে মার্কিন–ইসরায়েলি হামলা
ইরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ে মার্কিন–ইসরায়েলি হামলা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, রাজধানী তেহরানের উত্তরে অবস্থিত শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হয়েছে। এ ছাড়া তেহারানের পশ্চিমে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল।
সূত্র: আল–জাজিরা
ইরানে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেছেন মার্কিন কর্মকর্তা
ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। নিখোঁজ পাইলটদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স, নিউইয়র্ক টাইমস ও এক্সিওস এ তথ্য জানিয়েছে।
পৃথক এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, নিখোঁজ পাইলটকে উদ্ধারে অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে ইরানি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ভূপাতিত বিমানের পাইলটদের খুঁজতে তল্লাশি শুরু করেছে মার্কিন বাহিনী।
সূত্র: আল জাজিরা
ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন হেলিকপ্টার ভূপাতিত: মেহর নিউজ
ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বিভিন্ন সংবাদমাধ্যমে স্বীকার করেছেন মার্কিন এক কর্মকর্তা। সেই যুদ্ধবিমানে পাইলটদের খুঁজতে মার্কিন একটি উদ্ধারকারী হেলিকপ্টার ওই এলাকায় গেলে সেটিকেও ভূপাতিত করা হয়েছে।
ইরানের মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন হেলিকপ্টারটি ভূপাতিত হয় বলে উল্লেখ করেছে মেহর নিউজ এজেন্সি।
সূত্র: আল–জাজিরা
মার্কিন পাইলটদের ‘জীবিত’ আটক করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে
ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটদের ‘জীবিত’ আটক করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইরানের দক্ষিণাঞ্চলীয় কোহগিলুয়েহ ও বোয়ের-আহমাদ প্রদেশের গভর্নর ইদোল্লাহ রাহমানি।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ইসনার প্রতিবেদনে এ কথা জানানো হয়। গভর্নর রাহমানি এ–ও বলেন, ‘যারা শত্রু বাহিনীর সদস্যদের জীবিত আটক বা হত্যা করতে পারবে, তাদের গভর্নর কার্যালয়ের পক্ষ থেকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে।’
এদিকে ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই প্রদেশের ব্যবসায়ীরা আমেরিকার এই ‘অনুপ্রবেশকারী’ পাইলটদের খুঁজে বের করার জন্য ১০ বিলিয়ন ইরানি মুদ্রা (প্রায় ৫০ হাজার পাউন্ড) পুরস্কার ঘোষণা করেছেন।
সূত্র: বিবিসি
যুদ্ধবিমানের মডেল কী, কতজন পাইলট ছিলেন
ইরানে যুক্তরাষ্ট্রের কোন মডেলের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে তা এখনো নিশ্চিত নয়। তাই এটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না যে, ওই যুদ্ধবিমানে কতজন পাইলট ছিলেন।
যদি এটি এফ-৩৫ মডেলের যুদ্ধবিমান হয়, তবে এতে একজন পাইলট থাকার কথা। ইরান দাবি করছে, এটি এফ-৩৫ ছিল। তবে বিমানটি যদি এফ-১৫ হয়ে থাকে, তবে সেখানে দুজন পাইলট থাকতে পারেন।
যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স, নিউইয়র্ক টাইমস ও এক্সিওস যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার কথা জানিয়েছে। তবে সেটি কোন মডেলের তা জানা যায়নি। তাই আসলে কতজন পাইলট ছিলেন, সেটাও নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: আল–জাজিরা
ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের একজন ক্রুকে উদ্ধার করা হয়েছে, দাবি যুক্তরাষ্ট্রের
ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের একজন ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, মার্কিন বাহিনী উদ্ধার অভিযান চালিয়ে ওই ক্রুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।
ট্রাম্পকে জানানো হয়েছে: হোয়াইট হাউস
ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিস্তারিত জানানো হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র: বিবিসি
যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর যুক্তরাষ্ট্রকে ব্যঙ্গ করে ইরানের পার্লামেন্ট স্পিকারের বার্তা
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প প্রশাসনকে নিয়ে ব্যঙ্গ করেছেন। ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটদের সন্ধানে যুক্তরাষ্ট্র যখন উদ্ধার অভিযান চালাচ্ছে, ঠিক সেই মুহূর্তে এক্স-এ একটি পোস্ট দেন তিনি।
পোস্টে গালিবাফ বলেন, ‘তাদের (যুক্তরাষ্ট্রের) শুরু করা “এই দুর্দান্ত কৌশলহীন যুদ্ধ” এখন (ইরানে) “শাসনব্যবস্থা পরিবর্তন” থেকে “দয়া করে কেউ কি আমাদের পাইলটদের খুঁজে দেবেন?”—এই পর্যায়ে নেমে এসেছে।’ তিনি আরও লেখেন, ‘অবিশ্বাস্য উন্নতি। আসলেই তারা “অসাধারণ বিচক্ষণ”।’
সূত্র: নিউইয়র্ক টাইমস
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় একটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
এবার যুক্তরাষ্ট্রের এ-১০ মডেলের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির সেনাবাহিনীর বরাতে এ খবর জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওই যুদ্ধবিমানটিতে আঘাত হানা হয়েছে। পরে বিমানটি হরমুজ প্রণালির কাছে বিধ্বস্ত হয়। শুক্রবার এ ঘটনা ঘটে।
শুক্রবার এর আগে ইরানের ভূখণ্ডে এফ-১৫ই মডেলের একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।
বিবিসির যুক্তরাষ্ট্রের সহযোগী সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, ইরানে বিধ্বস্ত হওয়া এফ-১৫ই যুদ্ধবিমানের উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল একটি এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান। সেটিও হামলার শিকার হয়েছে।
তবে ইরানের দাবি করা বিমানটি এবং সিবিএসের উল্লিখিত বিমানটি একই কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উদ্ধার অভিযানেও হামলা
সিবিএসের প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়, বিধ্বস্ত এফ-১৫ই যুদ্ধবিমানের দুই আরোহীর (পাইলটের) একজনকে উদ্ধার করতে গিয়ে আরও দুটি মার্কিন বিমান হামলার মুখে পড়েছে। এ সময় এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমানটি আক্রান্ত হলে পাইলট সাগরে ঝাঁপ দেন। পরে তাঁকে উদ্ধার করা হয়।
অভিযানে থাকা দুটি হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা কয়েকজন ক্রু আহত হন। তবে সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। এফ-১৫ই বিমানের দ্বিতীয় আরোহীর (পাইলটের) খোঁজে এখনো উদ্ধার অভিযান চলছে।
আলোচনায় প্রভাব পড়বে না: ট্রাম্প
যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ইরানের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘না, মোটেও না। এটা তো যুদ্ধ।’
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে বিস্তারিত জানানো হয়েছে।
সূত্র: বিবিসি ও আল–জাজিরা
ট্রাম্পের ‘প্রস্তর যুগের’ হুমকি বড় ধরনের যুদ্ধাপরাধের ইচ্ছার প্রকাশ : পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে ‘প্রস্তর যুগে’ পাঠিয়ে দেওয়ার হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ট্রাম্পের এই মন্তব্যকে ‘বড় ধরনের যুদ্ধাপরাধ’ করার ইচ্ছা ও স্বীকারোক্তি বলে অভিহিত করেছেন তিনি।
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে আলাপের প্রসঙ্গ পেজেশকিয়ান এ কথা বলেন। তিনি বলেন, ‘আমার ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে এ বিষয়ে প্রশ্ন করেছি। তিনি একজন আইনবিদ।’
পেজেশকিয়ান আরও বলেন, ‘ইতিহাস সাক্ষী, যারা অপরাধীদের সামনে নীরব থেকেছে, তাদের অনেক বড় মূল্য দিতে হয়েছে।’
গত বুধবার (১ এপ্রিল) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুমকি দেন ট্রাম্প।
পেজেশকিয়ানের আগে ইরানের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রাম্পের এমন হুমকির তীব্র সমালোচনা করেন। ট্রাম্পের ওই মন্তব্যের পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে তুঙ্গে উঠেছে।
সূত্র: আল–জাজিরা
তেহরান ও কারাজে বিস্ফোরণের শব্দ
ইরানের রাজধানী তেহরানে বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শহরটিতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
রাজধানীর পশ্চিমে অবস্থিত কারাজ শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা
এক লাখ পঞ্চাশ হাজার কোটি ডলারের প্রতিরক্ষা বাজেট চাইছে হোয়াইট হাউস
কংগ্রেসের কাছে ২০২৭ অর্থবছরের জন্য এক লাখ পঞ্চাশ হাজার কোটি ডলারের (১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার) প্রতিরক্ষা বাজেট চাওয়ার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। এটি গত বছরের তুলনায় ৪২ শতাংশ বেশি। কংগ্রেস এই বাজেট পাস করলে এটি হবে আধুনিক মার্কিন ইতিহাসের সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট।
তবে প্রেসিডেন্ট ট্রাম্পের এই বিপুল সামরিক ব্যয়ের পরিকল্পনা বর্তমান ইরান সংঘাতের আগেই নেওয়া হয়েছিল। এটি মূলত তাঁর প্রশাসনের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি ও উচ্চাভিলাষী প্রকল্প বাস্তবায়নের অংশ। এর মধ্যে ট্রাম্পের প্রস্তাবিত আকাশপথের হুমকি মোকাবিলায় অত্যাধুনিক গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অন্যতম।
বাজেটের খসড়া অনুযায়ী, এই অর্থের বড় অংশ বেশ কয়েকটি যুদ্ধজাহাজ তৈরিতে ব্যয় হবে। এর মধ্যে গত ডিসেম্বরে ট্রাম্পের উন্মোচন করা ‘ট্রাম্প-ক্লাস’ ব্যাটলশিপের নতুন সিরিজও রয়েছে।
ইরানের বিরুদ্ধে চলমান অভিযানের জন্য গত মাসে কংগ্রেসের কাছে ২০ হাজার কোটি ডলারের (২০০ বিলিয়ন) বাজেট চেয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। এটার সঙ্গে এক লাখ পঞ্চাশ হাজার কোটি ডলারের সম্পর্ক নেই।
সূত্র: বিবিসি
নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে মার্কিন বিমান ভূপাতিত করা হয়েছে: ইরান
নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন ইরান। রাষ্ট্রীয় টেলিভিশন শুক্রবার দেওয়া এক ভাষণে দেশটির খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি এ কথা বলেন।
ইব্রাহিম জুলফাগারি বলেন, ইরানের নিজস্ব ‘নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা’ ব্যবহার করে বিমানটি ভূপাতিত করা হয়েছে।
ইরানের এ কর্মকর্তা বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। তাঁর এ দাবি মিথ্যা। মার্কিন বিমান ভূপাতিত হওয়ার ঘটনাটি তার প্রমাণ।
ইব্রাহিম জুলফাগারি বলেন, ‘কেশম দ্বীপের দক্ষিণে একটি উন্নত শত্রু যুদ্ধবিমান লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। সেটি কেশম ও হেনগাম দ্বীপের মাঝামাঝি জলসীমায় বিধ্বস্ত হয়েছে।’
শুক্রবার যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ইরান। প্রথমটি এফ-১৫ই মডেলের মার্কিন যুদ্ধবিমান। এটি ইরানের মধ্যাঞ্চলে ভূপাতিত হয়।
দ্বিতীয়টি এ-১০ মডেলের একটি মার্কিন যুদ্ধবিমান। এটি হরমুজ প্রণালির কাছে বিধ্বস্ত হয়। ইব্রাহিম জুলফাগারি সম্ভবত এই যুদ্ধবিমানের কথা বলেছেন।
সূত্র: আল-জাজিরা ও বিবিসি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন ভবনে ক্ষয়ক্ষতি ও আগুন
ইসরায়েলের দক্ষিণাঞ্চলের পর এবার দেশটির মধ্যাঞ্চলেও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলের সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় রোশ হাইয়িন এলাকার একটি অ্যাপার্টমেন্টে আগুন ধরে গেছে। এ ছাড়া পেতাহ তিকভা শহরের একটি ভবন এবং তেল আবিবের বেশ কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। বানি ব্রাক এলাকায় জরুরি উদ্ধারকারী দল কাজ করছে।
অন্যদিকে, চ্যানেল ১২-এর প্রতিবেদনে গিভাতায়িম এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা জানানো হয়েছে।
সূত্র: আল-জাজিরা
ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫: পেন্টাগন
ইরানে চলমান যুদ্ধে গতকাল শুক্রবার পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ৩৬৫ জন। হতাহতের এ হিসাব পেন্টাগনের।
ইরানে গতকাল দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা ঘটেছে। এতে কোনো মার্কিন সেনা হতাহত হয়েছেন কিনা বা হতাহতের তালিকায় এ ঘটনায় সম্পৃক্ত কেউ আছেন কিনা—সেটা স্পষ্ট নয়।
পেন্টাগনের হিসাব অনুযায়ী, আহত ৩৬৫ জনের মধ্যে ২৪৭ জন মার্কিন সেনাবাহিনীর সদস্য। এ ছাড়া ইরান যুদ্ধে মার্কিন নৌবাহিনীর ৬৩ জন ও বিমান বাহিনীর ৩৬ জন আহত হয়েছেন। বাকি ১৯ জন মেরিন সেনা।
সূত্র: আল–জাজিরা
বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুর সন্ধানে যুক্তরাষ্ট্র ও ইরানের রুদ্ধশ্বাস অভিযান
ইরানে যুক্তরাষ্ট্রের বিধ্বস্ত যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু বা সেনাকে খুঁজে বের করা এখন সময়ের লড়াই হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বিবিসিকে বলছেন, মার্কিন উদ্ধারকারী দলের পাশাপাশি ইরানও তাঁকে খুঁজে বের করার দৌড়ে নেমেছে। তাই তাঁকে খুঁজে বের করা উত্তেজনার বিষয়ে পরিণত হয়েছে।
মার্কিন কূটনীতিক ও সামরিক কৌশলবিদ জেমস জেফরি বলেন, ‘আমার জানামতে, এটিই সবচেয়ে বিপজ্জনক সামরিক অভিযান।’ জেফরি এর আগে সিরিয়া ও ইরাক অভিযানে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সাধারণত এ ধরনের অভিযানে হেলিকপ্টার ব্যবহার করা হয়। সহায়তার জন্য থাকে জ্বালানি সরবরাহকারী বিমান এবং পাহারায় থাকে অন্যান্য যুদ্ধবিমান।
গতকাল শুক্রবার ইরান থেকে পাওয়া একটি ভিডিওতে খুজেস্তান প্রদেশের আকাশে এ ধরনের একটি অভিযান চলতে দেখা গেছে।
জেফরি বিবিসিকে আরও বলেন, ‘এরা মার্কিন বিমানবাহিনীর বিশেষ অপারেশন দলের সদস্য। তারা ডেল্টা ফোর্স বা নেভি সিলের মতো উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। পাশাপাশি চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রেও তারা দক্ষ। যতক্ষণ সামান্যতম সম্ভাবনা থাকে, ততক্ষণ তারা কোনো পাইলটকে না পাওয়া পর্যন্ত হাল ছাড়ে না।’
শত্রু সীমানায় কোনো বিমান বিধ্বস্ত হলে, সেই বিমানের পাইলট ও ক্রুরাও এমন পরিস্থিতি মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ নিয়ে থাকেন।
প্রতিরক্ষা বিশ্লেষক জেনিফার কাভানা বিবিসিকে বলেন, ‘তাঁদের প্রথম লক্ষ্য থাকে বেঁচে থাকা এবং ধরা পড়া এড়িয়ে চলা।’
কাভানা আরও বলেন, ‘যদি তাঁরা শারীরিকভাবে সক্ষম থাকেন, তবে তাঁদের কাজ হলো দ্রুত দুর্ঘটনাস্থল থেকে দূরে সরে যাওয়া। এরপর নিজেদের এমনভাবে লুকিয়ে রাখা, যেন নিরাপদ থাকেন।’
কাভানা বলেন, ক্রুদের জীবন বাঁচানোর নানা কৌশল শেখানো হয়। ফলে তাঁরা খাবার বা পানি ছাড়াই দীর্ঘ সময় থাকতে পারেন অথবা স্থানীয় পরিবেশ থেকেই বেঁচে থাকার রসদ জোগাড় করে নিতে পারেন।
সূত্র: বিবিসি
ইরানে বিধ্বস্ত যুদ্ধবিমানের ক্রুর খোঁজে যুক্তরাষ্ট্রের অভিযানের ভিডিও
গতকাল শুক্রবার ইরানে বিধ্বস্ত হওয়া যুক্তরাষ্ট্রের এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুর সন্ধানে দক্ষিণ ইরানের আকাশে ঝুঁকি নিয়ে চক্কর দিচ্ছে মার্কিন বিমানবাহিনীর হেলিকপ্টারগুলো। ভিডিওটি তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া।
নিখোঁজ মার্কিন ক্রুকে ‘জীবিত’ ধরিয়ে দিলে ৬৬,১০০ ডলার পুরস্কার ঘোষণা
ইরানে গতকাল শুক্রবার ভূপাতিত করা মার্কিন যুদ্ধবিমানের এক নিখোঁজ ক্রুকে খুঁজে বের করতে সাধারণ নাগরিকদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে একটি ইরানি টেলিভিশন চ্যানেল।
চ্যানেলের সংবাদ উপস্থাপক এক ঘোষণায় বলেন, ‘সামরিক বাহিনী নিখোঁজ মার্কিন ক্রুকে খুঁজে বের করতে অভিযান শুরু করেছে। কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশের নাগরিকেরা, আপনারা যদি শত্রুপক্ষের পাইলট বা ক্রুদের জীবিত ধরে পুলিশ বা সেনাবাহিনীর হাতে তুলে দেন, আপনাদের মূল্যবান পুরস্কার দেওয়া হবে।’
কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশটি মূলত একটি দুর্গম পাহাড়ি অঞ্চল, যা প্রায় ১৫ হাজার ৫০০ বর্গকিলোমিটারজুড়ে বিস্তৃত। ইরানি কর্তৃপক্ষ পার্শ্ববর্তী চাহারমহল ও বখতিয়ারি প্রদেশেও সাধারণ মানুষকে তল্লাশি চালানোর অনুরোধ জানিয়েছে।
এছাড়া টেলিভিশনের স্ক্রিনে এক বার্তায় সন্দেহভাজন কাউকে দেখামাত্র ‘গুলি করার’ আহ্বান জানানো হয়।
পুরস্কার ঘোষণার পর স্থানীয় অনেক নাগরিক নিজেদের ব্যক্তিগত গাড়ি নিয়ে দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। তবে ইরানের সশস্ত্র বাহিনী সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে, কেউ যেন ওই পাইলটের সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার না করেন।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এক বার্তায় জানায়, দক্ষিণ-পশ্চিম ইরানের অনেক মানুষ পাইলটকে ধরার জন্য দুর্ঘটনাস্থলের দিকে গেছেন। তবে তাদের নিশ্চিত করতে হবে যেন ওই পাইলট কোনোভাবেই লাঞ্ছিত না হন।
অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশের গভর্নর ওই ‘অপরাধী মার্কিন পাইলটকে’ ধরিয়ে দেওয়ার জন্য ১০ বিলিয়ন তুমান বা প্রায় ৫০ হাজার পাউন্ড (৬৬ হাজার ১০০ ডলার বা প্রায় ৮১ লাখ টাকা) পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন।
এমন এক সময়ে এ ঘটনা ঘটল যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা স্থবির হয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও ইরান আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে আসছে।
দ্য নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল ‘এফ-১৫ই’ মডেলের। এ ধরনের যুদ্ধবিমানে সাধারণত একজন পাইলট এবং পেছনে একজন ‘ওয়েপন-সিস্টেম অফিসার’ থাকেন।
সংবাদমাধ্যম এক্সিওস ও সিবিএস নিউজ জানায়, বিমানের দুই পাইলটের একজনকে মার্কিন বিশেষ বাহিনী উদ্ধার করেছে। তবে দ্বিতীয়জনের খোঁজে তল্লাশি চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মার্কিন হেলিকপ্টার ও অন্যান্য বিমান নিখোঁজ সেনার খোঁজে ইরানের ওই পাহাড়ি এলাকার অনেক উঁচু দিয়ে চক্কর দিচ্ছে।
সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট ও এনডিটিভি
ক্রু উদ্ধারের অভিযানে গিয়ে হামলার মুখে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার
ইরানে ভূপাতিত করা ‘এফ-১৫ই’ যুদ্ধবিমানের দুই পাইলটের একজনকে গতকাল শুক্রবার উদ্ধার করতে গিয়ে আরেকটি মার্কিন যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার হামলার মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তার বরাতে সিবিএস নিউজের প্রতিবেদনে এ খবর জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, উদ্ধার অভিযানকালে একটি ‘এ-১০ ওয়ারথগ’ যুদ্ধবিমান আক্রান্ত হলে পাইলট সাগরে ঝাঁপ দেন। পরে তাঁকে উদ্ধার করা হয়। এ ছাড়া অভিযানে থাকা দুটি হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা কয়েকজন ক্রু আহত হন। তবে সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।
ইতিমধ্যে, যুক্তরাষ্ট্রের এ-১০ মডেলের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ইরানি সেনাবাহিনীর বরাতে এ খবর জানিয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওই যুদ্ধবিমানটিতে আঘাত হানা হয়েছে। পরে সেটি হরমুজ প্রণালির কাছে বিধ্বস্ত হয়। গতকাল এ ঘটনা ঘটে।
এ ঘটনার আগে গতকালই ইরানের আকাশে ‘এফ-১৫ই’ মডেলের একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সেটির একজন পাইলটকে উদ্ধার করা হয়েছে। অন্যজন নিখোঁজ। তাঁর সন্ধানেই ওই বিপজ্জনক উদ্ধার অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র।
ইরানের ভূপাতিত করার দাবি করা দ্বিতীয় বিমান এবং সিবিএসের উল্লিখিত বিমান (হামলার মুখে পড়া যুদ্ধবিমান) একই কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ইরানের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘না, মোটেও না। এটা তো যুদ্ধ।’
সূত্র: বিবিসি ও আল–জাজিরা
মার্কিন-ইসরায়েলি আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান: তাসনিম নিউজের দাবি
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের একজন প্রতিনিধি যুদ্ধবিমানের বিধ্বস্ত কিছু অংশের ছবি পেয়েছেন। এ ছবিগুলো প্রমাণ করছে যে আরও একটি মার্কিন-ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।
তাসনিম নিউজের সেনা বিষয়ক প্রতিবেদক মনে করছেন, ওই যুদ্ধবিমানের বিধ্বস্ত অংশের ছবিতে মাত্র একটি ইঞ্জিনের ধোঁয়া নির্গমন পথ (এক্সজস্ট) দেখা গেছে। এর ওপর ভিত্তি করে ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমানটি একটি ‘এফ-১৬’ অথবা ‘এফ-৩৫’ হতে পারে। তবে এটি ‘এফ-১৬’ হওয়ার সম্ভাবনাই বেশি।
এ ঘটনার কয়েক ঘণ্টা আগে তেহরানসহ ইরানের বেশ কিছু শহরের ওপর দিয়ে কয়েকটি যুদ্ধবিমান উড়ে যাচ্ছিল। সে সময় দেশটির সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের ব্যাপক গোলাবর্ষণের মুখে পড়ে বিমানগুলো।
এ সময় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আক্রমণ থেকে বাঁচতে কিছু যুদ্ধবিমান থেকে ‘ফ্লেয়ার’ (এক ধরনের অগ্নিপিণ্ড) ছোড়া হয়। তবে প্রাপ্ত তথ্য-প্রমাণ ইঙ্গিত দিচ্ছে যে, এ যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি সম্ভবত ভূপাতিত হয়েছে।
তবে সাম্প্রতিকতম এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো দেশ বা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র: তাসনিম নিউজ
যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান: ইরানি গণমাধ্যমের দাবি
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ গতকাল শুক্রবার এক নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানিয়েছে, তেহরান যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘণ্টার একটি যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
নাম প্রকাশ না করা সূত্রটি জানায়, গত বুধবার একটি বন্ধু দেশের মাধ্যমে এ প্রস্তাব পাঠানো হয়েছিল। দেশটির নাম প্রকাশ করা হয়নি।
তবে সেই প্রস্তাব বা এর সত্যতা নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য বা নিশ্চিত করার তথ্য পাওয়া যায়নি।
ফার্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী যখন ক্রমাগত উত্তেজনা ও চ্যালেঞ্জের মুখে পড়ছে, তখনই এ প্রস্তাব সামনে আসে। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে একটি মার্কিন সামরিক গুদামে হামলার পর যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা আরও জোরালো হয়েছে। ইরান এই প্রস্তাবের কোনো লিখিত জবাব দেয়নি, বরং হামলার তীব্রতা বাড়িয়ে মাঠেই এর পাল্টা জবাব দিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৩৪০ জন নিহত হয়েছেন। জবাবে ইরানও ইসরায়েলসহ জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
সূত্র: রয়টার্স, আনাদোলু এজেন্সি ও দ্য হিন্দু
সৌদি আরবে মার্কিন দূতাবাসে ইরান নয়, নিশ্চিত ইসরায়েল হামলা করেছে: আইআরজিসি
সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় ইসরায়েলকে দায়ী করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
আইআরজিসির জনসংযোগ শাখা এক বিবৃতিতে বলেছে, এ হামলার সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর ‘কোনোভাবেই কোনো সম্পর্ক নেই’, বরং মধ্যপ্রাচ্যে ‘জায়নবাদী শত্রু’ ইসরায়েলের যে কৌশল, তাতে এটি নিশ্চিতভাবে তারাই ঘটিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী তাদের লক্ষ্যবস্তুর তালিকা আগেই নির্ধারণ করে রেখেছে। এছাড়া প্রতিবেশী ও মুসলিম দেশগুলোকে এ অঞ্চলে ইসরায়েলের অস্থিতিশীল কর্মকাণ্ড সম্পর্কে প্রয়োজনীয় সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যার পর ইরানজুড়ে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সামরিক ও বেসামরিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহত হয়েছেন বহু মানুষ।
জবাবে ইরানের সশস্ত্র বাহিনীও মধ্যপ্রাচ্য এবং আঞ্চলিক ঘাঁটিগুলোতে থাকা মার্কিন ও ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে দফায় দফায় হামলা চালিয়েছে।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি
ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা
ইরানের খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর জানিয়েছেন, মার্কিন ও ইসরায়েলি বাহিনী মাহশাহ’র বিশেষ পেট্রোকেমিক্যাল অঞ্চলে হামলা চালিয়েছে।
ভ্যালিওল্লাহ হায়াতির তথ্য অনুযায়ী, আজ শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে প্রাদেশিক রাজধানী আহভাজের পূর্ব ও পশ্চিমে তিনটি বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কিছুক্ষণ পর ১০টা ৪৭ মিনিটে মাহশাহ’র পেট্রোকেমিক্যাল কারখানায় আরও তিনটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ওই কর্মকর্তা আরও জানান, ফজর ১, ফজর ২, রেজাল ও আমির কবির পেট্রোকেমিক্যাল কারখানা হামলার শিকার হয়েছে। হতাহতের বেশ আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন তিনি।
এছাড়া বেলা ১১টার দিকে খোররামশাহরের শলামচেহ সীমান্ত বাণিজ্য টার্মিনালে হামলা চালানো হয় এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন-ইসরায়েলি যুদ্ধবিমানগুলো এরপর আবু আলী পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আঘাত হানে। পরে তারা বন্দর-ই ইমাম খোমেনি স্থাপনায় হামলা চালিয়ে আংশিক ক্ষতি করে।
এখন পর্যন্ত মাহশাহর ও বন্দর-ই ইমাম খোমেনিতে হামলায় পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি কমান্ড কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওই এলাকার সব কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সেখান থেকে নির্গত কোনো ক্ষতিকারক পদার্থ বর্তমানে পার্শ্ববর্তী শহরগুলোর জন্য হুমকি নয়।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি
যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ছাড়াও এ পর্যন্ত ১৬০টির বেশি শত্রুপক্ষের ড্রোন ভূপাতিত করা হয়েছে: ইরান
ইরানের সেনাবাহিনী ও আইআরজিসির আকাশ প্রতিরক্ষা অবস্থানগুলো পরিদর্শনের সময় ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এলহামি জানিয়েছেন, ইরানি ইউনিটগুলো সফলভাবে শত্রুপক্ষের বেশ কয়েকটি উন্নত যুদ্ধবিমান, ১৬০টিরও বেশি ড্রোন ও কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। ভূপাতিত করা ড্রোনের মধ্যে এমকিউ-৯, হার্মিস ও লুকাস মডেলের ড্রোনও রয়েছে।
এলহামি উল্লেখ করেন, এই ব্যবস্থা আক্রমণকারীদের ‘কাল্পনিক প্রোপাগান্ডা’ ভেঙে দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানি বাহিনী শত্রুপক্ষের যুদ্ধবিমান ও ড্রোনের জন্য ওত পেতে আছে।
এলহামি জানান, সেনাবাহিনী ও আইআরজিসির ইউনিটগুলোর মাধ্যমে চতুর্থ ও পঞ্চম প্রজন্মের একাধিক শত্রু যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়টি তাদের কৌশলগত দক্ষতা, আধুনিক সরঞ্জামের উদ্ভাবনী ব্যবহার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নৈপুণ্যেরই ফল। এটি শত্রু বাহিনীকে বিভ্রান্ত করে দিয়েছে বলে তিনি দাবি করেন।
এলহামি বলেন, সেনাবাহিনী ও আইআরজিসির আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক ঐক্যবদ্ধ এবং যেকোনো মূল্যে ইরানের আকাশ সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যার পর ইরানজুড়ে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সামরিক ও বেসামরিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বহু মানুষ হতাহত হয়েছেন।
জবাবে ইরানের সশস্ত্র বাহিনীও মধ্যপ্রাচ্য এবং আঞ্চলিক ঘাঁটিগুলোতে থাকা মার্কিন ও ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি
কুয়েতে হামলায় চিনুক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত: তাসনিম
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে কুয়েতে চালানো এক হামলায় একটি সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার এ হামলা চালানো হয় বলে ইরানের আধা–সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে।
ক্ষতিগ্রস্ত হেলিকপ্টারটির একাধিক ছবি প্রকাশ করেছে তাসনিম। তাদের দাবি, এই ছবিগুলো সামনে আসায় এখন পুরো ঘটনাটি স্পষ্ট হচ্ছে।
তবে ইরান নাকি দেশটির মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে কিছু বলেনি তাসনিম।
উল্লেখ্য, যুদ্ধ শুরুর পর কুয়েতে মার্কিন অবস্থান লক্ষ্য করে ইরানের পাশাপাশি ইরান–সমর্থিত ইরাকি শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোও হামলা চালিয়ে আসছে।
এদিকে শুক্রবার রাতে এক বিবৃতিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট একদিনে একটি যুদ্ধবিমান এবং পাঁচটি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। দিনটিকে মার্কিন ও ইসরায়েলি বিমানবাহিনীর জন্য একটি ‘কালো দিন’ বলে মন্তব্য করেছে আইআরজিসি।
মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত
ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলে আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনী। এই ঘটনার পর হোম ফ্রন্ট কমান্ডের তল্লাশি ও উদ্ধারকারী দলগুলো আক্রান্ত স্থানে মোতায়েন রয়েছে।
জরুরি উদ্ধারকাজ পরিচালনার সুবিধার্থে আক্রান্ত এলাকায় বা এর আশেপাশে জড়ো না হওয়ার জন্য জনসাধারণের প্রতি জরুরি অনুরোধ জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। একই সঙ্গে সাধারণ মানুষকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরান যুদ্ধে এখন পর্যন্ত সাতটি সামরিক উড়োজাহাজ হারিয়েছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি এফ-১৫ই এবং একটি এ-১০ যুদ্ধবিমান গতকাল শুক্রবার পৃথক ঘটনায় বিধ্বস্ত হয়েছে। এর মাধ্যমে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ধ্বংস হওয়া মার্কিন সামরিক উড়োজাহাজের সংখ্যা বেড়ে সাতে দাঁড়িয়েছে।
গত ২ মার্চ কুয়েতের আকাশে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ভুলে তিনটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়। অবশ্য তিনটি যুদ্ধবিমানের ছয় ক্রু সদস্যের সবাই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
গত ১২ মার্চ ইরাকের আকাশসীমায় একটি কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মার্কিন বিমানবাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন। ওই ঘটনায় একই ধরনের দ্বিতীয় উড়োজাহাজটি পাশের একটি দেশে নিরাপদে অবতরণ করে।
গত ২৭ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানি হামলায় রানওয়েতে মার্কিন বিমানবাহিনীর একটি ই-৩ সেন্ট্রি উড়োজাহাজ ধ্বংস হয়। সূত্রগুলো জানিয়েছে, মার্কিন বিমানবাহিনীর একটি রিফুয়েলিং উড়োজাহাজও ওই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া গত মাসে মধ্যপ্রাচ্যের একটি মার্কিন বিমানঘাঁটিতে একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান জরুরি অবতরণ করে। ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার হামলায় যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: সিএনএন
‘জরুরি পণ্য’ বহনকারী জাহাজ হরমুজ দিয়ে চলতে দেবে ইরান
ইরান জানিয়েছে, তারা ‘জরুরি পণ্য’ বহনকারী জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেবে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ইরান জানিয়েছে তারা ‘জরুরি পণ্য’ বহনকারী জাহাজ চলাচলের জন্য এই গুরুত্বপূর্ণ জলপথটি উন্মুক্ত রাখবে।
হরমুজ প্রণালি তেহরান কার্যত বন্ধ রাখায় বিশ্বব্যাপী জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। বিশ্বনেতারা এই প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অবশ্য কিছু বাণিজ্যিক জাহাজ এখনো এই পথ দিয়ে যাতায়াত করতে পারছে।
ইরান আগেই জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থসংশ্লিষ্ট এবং তাদের মিত্রদের ছাড়া অন্যদের জাহাজ এই জলপথ দিয়ে যাতায়াত করতে পারবে।
তথ্যসূত্র: সিএনএন
ইসরায়েলি সামরিক বাহিনীর সদর দপ্তরের কাছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত
ইসরায়েলের তেল আবিবে কিরিয়া সামরিক ঘাঁটির কাছে একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দুটি ‘ক্লাস্টার ওয়ারহেড’ আঘাত হেনেছে। এই ঘাঁটি ইসরায়েলি সামরিক বাহিনীর সদর দপ্তর হিসেবে ব্যবহার করা হয়।
আজ শনিবার সকালে এই হামলায় ওই ঘাঁটির পাশের একটি পার্কিং লট এবং নিকটবর্তী একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ৫০ বছর বয়সী এক ব্যক্তি সামান্য আহত হয়েছেন।
এদিকে রামাত গানে ক্ষেপণাস্ত্রের ক্লাস্টার ওয়ারহেডের আঘাতে বেশ কয়েকটি গাড়ি ধ্বংস হয়ে গেছে। বিস্ফোরণে কয়েকটি অ্যাপার্টমেন্টও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)’ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ভেতরে বাসিন্দাদের আটকা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে।
তথ্যসূত্র: টাইমস অব ইসরায়েল ও জেরুজালেম পোস্ট
আবার ট্রাম্পের হুমকি, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে নরক নেমে আসবে ইরানে
ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দিতে হবে। এই সময়ের মধ্যে হরমুজ না খুললে ইরানে ‘নরক নেমে আসবে’।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘মনে আছে, আমি ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিনের সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে। এখন হাতে আছে মাত্র ৪৮ ঘণ্টা, এরপরই তাদের ওপর চরম ধ্বংসযজ্ঞ নেমে আসবে।’
সূত্র: আল–জাজিরা।
লেবাননে ইসরায়েলি সেনা নিহত
লেবাননের দক্ষিণাঞ্চলে সম্মুখযুদ্ধে লেবাননের এক সেনা নিহত হয়েছে। ইসরায়েল বিষয়টি নিশ্চিত করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে সম্মুখযুদ্ধে কমান্ডো ব্রিগেডের এক সেনা সদস্য নিহত হয়েছেন। ২১ বছর বয়সী ওই সেনার নাম গাই লুডার।
সূত্র: আল–জাজিরা।
কয়েক বছরের মধ্যে এই প্রথম ইরান থেকে এলপিজি কিনল ভারত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে কয়েক বছরের মধ্যে এই প্রথম ইরান থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) কিনেছে ভারত। দেশটির তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় শনিবার এই তথ্য নিশ্চিত করেছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মন্ত্রণালয়ের এই বিবৃতিটি একটি বিরল দাপ্তরিক স্বীকৃতি। মার্কিন নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ সাত বছর বিরত থাকার পর ভারত আবারও ইরান থেকে তেল আমদানি শুরু করল।
ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইরান থেকে ৪৪ হাজার মেট্রিক টন এলপিজি কেনা হয়েছে, যা বর্তমানে ম্যাঙ্গালোর বন্দরে খালাস করা হচ্ছে।
ভারত তার প্রয়োজনীয় জ্বালানি তেলের একটি বড় অংশ এবং এলপিজির প্রায় ৮৫ শতাংশ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে ইরান কার্যকরভাবে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ভারত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানি জ্বালানি কেনার বিষয়ে ভারতের এই স্বীকৃতি এমন এক সময়ে এল, যখন গত মাসে ট্রাম্প প্রশাসন ইরানকে সমুদ্রে ভাসমান ১৪ কোটি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রির জন্য একটি অস্থায়ী অনুমোদন দিয়েছে। মূলত বিশ্ববাজারে জ্বালানির চাপ কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তথ্যসূত্র: সিএনএন
ইরানের সেই জেনারেল সোলাইমানির দুই স্বজন যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার
২০২০ সালে ইরাকে মার্কিন বিমান হামলায় নিহত ইরানি জেনারেল কাসেম সোলাইমানি। তাঁর দুই স্বজনকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, কাসেম সোলাইমানির দুই স্বজন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। তাদের গ্রিন কার্ড বাতিল করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, সোলাইমানির স্বজন ইরান সরকারের একজন কট্টর সমর্থক হিসেবে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের মাটিতে বসে ইরানি শাসনের পক্ষে প্রচার চালাচ্ছিলেন।
বিবৃতিতে স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘ট্রাম্প প্রশাসন আমাদের দেশকে এমন কোনো বিদেশি নাগরিকের নিরাপদ আশ্রয় হতে দেবে না, যারা আমেরিকাবিরোধী সন্ত্রাসী সরকারকে সমর্থন করে।’
সূত্র: বিবিসি
ইসরায়েলের বিমানবন্দর ও সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দর এবং ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বেশ কিছু ‘গুরুত্বপূর্ণ’ সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে।
হুতি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম আল-মাসিরাহে প্রকাশিত এক বিবৃতিতে ইয়েমেনি গোষ্ঠীটি জানায়, এই হামলায় একটি ক্লাস্টার বা গুচ্ছ ক্ষেপণাস্ত্র এবং অসংখ্য ড্রোন ব্যবহার করা হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা ইয়েমেন থেকে তাদের ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি শনাক্ত করেছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
ইসরায়েলের সংবাদমাধ্যম পরে জানায়, ক্ষেপণাস্ত্রটি একটি উন্মুক্ত স্থানে পড়েছে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
সূত্র: আল-জাজিরা
বড় ধরনের সংঘাত আসন্ন—এমন বার্তা দিচ্ছে ইসরায়েল
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার এই পর্যায়ে অনেকগুলো ঘটনা একই সঙ্গে ঘটছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, ইরানের ইস্পাত শিল্প ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় তাদের হামলা করা হয়েছে যাতে করে দেশটি অস্ত্র তৈরিতে বাধার মুখে পড়ে।
এদিকে ইসরায়েলের সেনাবাহিনী জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে। ফলে স্কুলে পাঠদান অনলাইন অব্যাহত থাকবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বড় ধরনের কোনো জনসমাগম করা যাবে না। ফলে আপাতত জনজীবন স্বাভাবিক হচ্ছে না।
এসব যখন ঘটছে, ঠিক তখন ইসরায়েলের সামরিক বাহিনী তাদের সংবাদমাধ্যমগুলোকে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে, ইরানকে ঘিরে সংঘাত বৃদ্ধির বিষয়ে এরই মধ্যে ব্রিফিং চলছে। কারণ মনে হচ্ছে, যুদ্ধ বন্ধের বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং তারা এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ইরানের পাওয়ার গ্রিড ও জ্বালানি সম্পদে আঘাত হানার অনুমতি পাওয়ার অপেক্ষায় রয়েছে। এসব হামলার বিষয়ে তারা প্রস্তুতি নিচ্ছে।
ইসরায়েলের পক্ষ থেকে দেওয়া বার্তাটি হলো—একটি বড় ধরনের সংঘাত আসন্ন এবং এটি হবে এই যুদ্ধের শেষ পর্ব।
তবে এই বার্তায় সমীকরণের অন্য দিকটি এড়িয়ে যাওয়া হয়েছে। বাস্তব পরিস্থিতি হলো, ইরানের হামলায় ইসরায়েলের জনগণ বিপর্যস্ত হয়ে পড়েছেন। দেশটির অনেক সমালোচক এখন বলছেন, এই যুদ্ধের কোনো রাজনৈতিক কৌশল বা যুদ্ধ শেষের সুনির্দিষ্ট পরিকল্পনা নেতানিয়াহু সরকারের নেই।
সূত্র: আল-জাজিরা
যুদ্ধ বাড়ালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ‘পুরো অঞ্চল দোজখে পরিণত হবে’: ইরান
ইরানের সামরিক বাহিনীর খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের একজন মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, যুদ্ধের আরও বিস্তৃতি ঘটলে তার ফল হবে ভয়াবহ এবং পুরো অঞ্চলজুড়ে তীব্র পাল্টা আঘাত হানা হবে।
ইরানের সামরিক বাহিনীর এই মুখপাত্র বলেন, ‘যদি আগ্রাসন বৃদ্ধি পায়, তবে পুরো অঞ্চল আপনাদের জন্য দোজখে পরিণত হবে। ইরানের ইসলামি প্রজাতন্ত্রকে পরাজিত করার যে বিভ্রম আপনারা লালন করছেন, তা একটি জলাভূমিতে পরিণত হয়েছে, যেখানে আপনারা ডুবে মরবেন।’
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, সোমবারের মধ্যে এটি করতে ব্যর্থ হলে ইরানে ‘নরক’ নেমে আসবে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ হুমকি দেন।
ট্রাম্প পোস্টে লিখেছেন, ‘মনে আছে, আমি ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিনের সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে। এখন হাতে আছে মাত্র ৪৮ ঘণ্টা, এরপরই তাদের ওপর নরক নেমে আসবে।’
সূত্র: আল-জাজিরা
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার পর ‘মারাত্মক বিকিরণ ঝুঁকি’ নিয়ে সতর্ক করল ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে একটি চিঠি লিখেছেন। সেখানে তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। ইরানের যেসব পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে, সেগুলোর মধ্যে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রও রয়েছে।
চিঠির একটি অনুলিপি আরাগচি নিজে বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম টেলিগ্রামে প্রকাশ করেছেন। চিঠিতে তিনি লিখেছেন, এই ধরনের হামলা ‘পুরো অঞ্চলকে মারাত্মক তেজস্ক্রিয় দূষণের ঝুঁকির মুখে ফেলেছে, যার পরিণাম মানবজাতি এবং পরিবেশের জন্য ভয়াবহ হতে পারে।’
আরাগচি আরও বলেন, ‘বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন এলাকায় আক্রমণকারীদের বারবার হামলা চালানো অত্যন্ত উদ্বেগের বিষয়। একটি চালু পারমাণবিক স্থাপনার এত কাছাকাছি এসব হামলা এমন এক অসহনীয় পরিস্থিতি সৃষ্টি করেছে, যা তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার মারাত্মক ঝুঁকি তৈরি করছে।’
সূত্র: আল-জাজিরা
ট্রাম্পের আল্টিমেটামকে ‘অসহায় ও দিশেহারা’ উল্লেখ করে প্রত্যাখ্যান ইরানের
ইরান ৪৮ ঘণ্টার মধ্যে শান্তিচুক্তিতে রাজি না নিলে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকি প্রত্যাখ্যান করেছে তেহরান।
ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতাম আল-আম্বিয়া এক বিবৃতিতে ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করে। বিবৃতিতে জেনারেল আলী আবদুল্লাহি আলীআবাদি বলেন, মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি একটি ‘অসহায়, দিশেহারা, ভারসাম্যহীন এবং বিবেচনাহীন কাজ।’
হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানের প্রতি ৪৮ ঘণ্টার আল্টিমেটাম পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, সোমবারের মধ্যে এটি করতে ব্যর্থ হলে ইরানে ‘নরক’ নেমে আসবে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ হুমকি দেন।
ট্রাম্প পোস্টে লিখেছেন, ‘মনে আছে, আমি ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিনের সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে। এখন হাতে আছে মাত্র ৪৮ ঘণ্টা, এরপরই তাদের ওপর নরক নেমে আসবে।’
ট্রাম্পের এ হুমকির জবাবে আলী আবাদি সতর্ক করে বলেছেন, ‘এই বার্তার সহজ অর্থ হলো—আপনাদের জন্য দোজখের দরজাগুলো খুলে যাবে।’
সূত্র: আল-জাজিরা
তেহরানে হামলায় ‘অনেক’ সামরিক নেতা নিহত হওয়ার দাবি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও শেয়ার করেছেন। তাঁর দাবি, ভিডিওটিতে ইরানের রাজধানী তেহরানে একটি ‘ভয়াবহ হামলার’ দৃশ্য দেখানো হয়েছে।
সর্বশেষ এই পোস্টে ট্রাম্প দাবি করেন, এই হামলায় ‘ইরানের অনেক সামরিক নেতাকে তাঁদের আরও অনেক কিছুর সঙ্গে খতম করা হয়েছে। তাঁরা দেশটিকে অত্যন্ত দুর্বল ও অবিবেচকের মতো নেতৃত্ব দিয়ে আসছিলেন।’
ভিডিওটিতে রাতের আঁধারে বড় ধরনের বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। তবে এটি ঠিক কোথায় এবং কখন ধারণ করা হয়েছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ পর্যন্ত ভিডিওটির বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি। অন্যদিকে ট্রাম্পের এই দাবির বিপরীতে তাৎক্ষণিকভাবে তেহরান থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: বিবিসি
কুয়েতে ড্রোন হামলায় তেল শিল্প কমপ্লেক্সে অগ্নিকাণ্ড
ড্রোন হামলার পর কুয়েতের শুয়াইখ অয়েল সেক্টর কমপ্লেক্সে আগুন লেগেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।
কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানায়, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সূত্র: আল-জাজিরা
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার দুই নারীর সঙ্গে পারিবারিক সম্পর্কের কথা অস্বীকার সোলাইমানির কন্যাদের
ইরানের প্রয়াত শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানির দুই কন্যা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়া দুই ইরানি নারীর সঙ্গে তাঁদের পারিবারিক কোনো সম্পর্ক নেই। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ওই দুই নারীকে সোলাইমানির ভাতিজি ও নাতনি বলে জানিয়েছিল।
ইরানের সংবাদ সংস্থা ফারসে প্রকাশিত এক বার্তায় সোলাইমানির কন্যা জয়নব বলেন, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এই দাবি মিথ্যা। যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সঙ্গে আমাদের পরিবারের কোনো সম্পর্ক নেই।’
সোলাইমানির আরেক কন্যা নারজেসের বরাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘আজ পর্যন্ত শহীদ সোলাইমানির পরিবারের কোনো সদস্য বা কোনো আত্মীয় যুক্তরাষ্ট্রে বসবাস করেননি।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, হামিদেহ সোলাইমানি আফশার নামের এক নারী এবং তাঁর কন্যাকে গ্রিন কার্ড বাতিলের পর হেফাজতে নেওয়া হয়েছে। আফশার কাসেম সোলাইমানির ভাতিজি।... ওই নারী ইরান সরকারের কট্টর সমর্থক এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও সামরিক স্থাপনায় হামলার ঘটনায় উল্লাস প্রকাশ করেছিলেন।
প্রসঙ্গত, ইরানের তৎকালীন শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন।
সূত্র: আল-জাজিরা
যুক্তরাষ্ট্র–ইসরায়েলের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে, হুঁশিয়ারি ইরানের
ইরানের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, তেহরান চলমান যুদ্ধে তার পরিকল্পনা এবং ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর তালিকা’ অনুযায়ী এগিয়ে যাচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য একটি ‘বড় চমক’ অপেক্ষা করছে।
ইরানের সংবাদমাধ্যম ফারস এ হুঁশিয়ারিসহ একটি বিবৃতি প্রকাশ করেছে। তবে ওই নিরাপত্তা কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে সতর্ক করে দিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার অনুগত শাসকগোষ্ঠীর জন্য আমাদের একটি বড় চমক রয়েছে। অল্প কিছু সময়ের মধ্যে তারা সেটা দেখতে পাবে।’ তিনি আরও বলেন, ইরানের দক্ষিণাঞ্চলে তাদের আচরণ ঘটনাপ্রবাহের গতিপথ আমাদের অনুকূলে বদলে দিতে পারে।
যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু ‘যথাযথ নয়’ বলেও মন্তব্য করেন ওই কর্মকর্তা। তিনি ইরানের সেতুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকিকে ‘হাস্যকর’ উল্লেখ করে বলেন, ‘যুদ্ধবিমান ভূপাতিত হওয়াসহ মার্কিন সামরিক অভিযানের ব্যর্থতার কারণে তিনি (ট্রাম্প) এ হুমকি দিয়েছেন।’
তথ্যসূত্র: আল–জাজিরা
হরমুজ প্রণালি খুলতে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষ হচ্ছে আজ, প্রত্যাখ্যান করল ইরান
ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তি করার শর্ত প্রত্যাখ্যান করেছে ইরান। নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি না করলে দেশটিকে ‘ভয়াবহ পরিস্থিতির’ (অল হেল) মুখোমুখি হতে হবে বলে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প এক পোস্টে লেখেন, ‘মনে আছে, আমি ইরানকে চুক্তি করা অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিন সময় দিয়েছিলাম?’ গত ২৬ মার্চ তিনি এ আল্টিমেটাম দিয়েছিলেন।
ট্রাম্প আরও বলেন, ‘সময় শেষ হয়ে আসছে। তাদের ওপর ‘চরম বিপর্যয়’ নেমে আসার আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি।’
ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড এ আলটিমেটাম সরাসরি প্রত্যাখ্যান করেছে। জেনারেল আলী আবদুল্লাহি আলিয়াবাদি ট্রাম্পের এই হুমকিকে ‘অসহায়, অস্থির, ভারসাম্যহীন এবং বোকামির’ বলে আখ্যায়িত করেছেন।
ট্রাম্পের ভাষার পাল্টা জবাবে এই জেনারেল সতর্ক করে বলেন, ‘তোমাদের জন্যই ভয়াবহ পরিস্থিতির দরজা খুলে যাবে।’
পরে ট্রাম্প একটি ভিডিও পোস্ট করেন যেখানে রাতের আকাশে বড় ধরনের বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘তেহরানে এই বিশাল হামলায় ইরানের অনেক সামরিক নেতাসহ আরও অনেক কিছু ধ্বংস হয়ে গেছে।’
তবে এ হামলা ঠিক কখন চালানো হয়েছে, সে সম্পর্কে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি।
সূত্র: দ্য গার্ডিয়ান
জ্বালানি নিয়ে বিক্ষোভ: পাকিস্তানে অন্তত এক মাস গণপরিবহন ফ্রি ঘোষণা শাহবাজ শরিফের
ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দেশটির রাজধানী ও সবচেয়ে জনবহুল প্রদেশে আগামী এক মাস সরকারি গণপরিবহনে বিনামূল্যে যাতায়াতের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
গত শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়। এর আগে পেট্রোলের দাম এক লাফে ৪২ দশমিক ৭ শতাংশ বাড়িয়ে প্রতি লিটার ৪৮৫ রুপি (১ দশমিক ৭৪ ডলার) করার সিদ্ধান্ত নেয় সরকার। এ সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ শুরু ও পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
বিক্ষোভের মুখে শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁর সিদ্ধান্ত থেকে কিছুটা সরে আসেন। তিনি জানান, তেলের ওপর শুল্ক কমিয়ে প্রতি লিটার পেট্রোলের দাম ৩৭৮ রুপি নির্ধারণ করা হয়েছে।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘কমপক্ষে এক মাস এ দাম কার্যকর থাকবে।’ দেশবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘কথা দিচ্ছি, আপনাদের জীবন স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি সুস্থির হয়ে বসব না।’
তবে পেট্রোলের দাম কমালেও ডিজেলের দাম কমাননি শাহবাজ শরিফ। ৫৪ দশমিক ৯ শতাংশ দাম বৃদ্ধির পর প্রতি লিটার ডিজেল ৫২০ রুপিতে (১ দশমিক ৮৭ ডলার) বিক্রি হবে।
সূত্র: দ্য গার্ডিয়ান
ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধার করল যুক্তরাষ্ট্র
ইরানে গত শুক্রবার ভূপাতিত দুটি মার্কিন যুদ্ধবিমানের একটির নিখোঁজ ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল যখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ খুলে দেওয়ার জন্য ইরানের ওপর চাপ বাড়াচ্ছে, তখনই এ খবর এল। নতুন চুক্তি করতে অথবা হরমুজ প্রণালি খুলতে ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। অন্যথায় দেশটিকে ‘ভয়াবহ পরিস্থিতির’ মুখোমুখি করার হুমকি দিয়েছেন তিনি।
রয়টার্সকে দেওয়া তথ্যে দুই মার্কিন কর্মকর্তা ওই বৈমানিক সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইরান বলেছে, শুক্রবার তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। বিমানে দুজন ক্রু ছিলেন। উদ্ধার হওয়া বৈমানিক তাঁদেরই একজন। এর আগে বিমানের প্রথম ক্রুকে উদ্ধারের খবর জানিয়েছিল রয়টার্স। একই দিন আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানায় তেহরান।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্র–ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ট্রাম্প নানা ধরনের মিশ্র বার্তা দিয়ে আসছেন। কখনো তিনি কূটনৈতিক অগ্রগতির আভাস দিচ্ছেন, আবার কখনো ইরানকে বোমা মেরে ‘পাথর যুগে’ পাঠিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন।
এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, তাঁর দাবি পূরণ না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হবে। এবার তিনি তেহরানকে মনে করিয়ে দিলেন যে, যুদ্ধ বন্ধে চুক্তির সময়সীমা দ্রুত ফুরিয়ে আসছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘মনে আছে, আমি ইরানকে চুক্তি করার জন্য অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিন সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে—আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের ওপর চরম বিপর্যয় নেমে আসবে।’
ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় এ যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে দীর্ঘস্থায়ী ক্ষতির হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ পথ দিয়ে সাধারণত বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়। চলমান এ যুদ্ধে ইতোমধ্যে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে।
সূত্র: রয়টার্স
নিখোঁজ ক্রুকে ফিরিয়ে আনতে কয়েক ডজন বিমান পাঠিয়েছিলাম: ট্রাম্প
ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান এফ-১৫-এর নিখোঁজ ক্রুকেও উদ্ধার করার বিষয়টি ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প।
উদ্ধার হওয়া ওই ক্রুকে একজন ‘কর্নেল’ হিসেবে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, যুক্তরাষ্ট্রের বাহিনী ২৪ ঘণ্টা তাঁর অবস্থানের ওপর নজর রাখছিল এবং তাঁকে উদ্ধারের পরিকল্পনা করছিল।
পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমরা তাঁকে পেয়েছি! প্রিয় আমেরিকানরা, গত কয়েক ঘণ্টায় আমাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সাহসী উদ্ধার অভিযান চালিয়েছে। আমাদের অসাধারণ একজন ক্রু সদস্য, যিনি একজন সম্মানিত কর্নেল—আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে তিনি এখন পুরোপুরি নিরাপদ ও সুস্থ আছেন।’
FROM PRESIDENT DONALD J. TRUMP
— Karoline Leavitt (@PressSec) April 5, 2026
WE GOT HIM! My fellow Americans, over the past several hours, the United States Military pulled off one of the most daring Search and Rescue Operations in U.S. History, for one of our incredible Crew Member Officers, who also happens to be a highly…
ট্রাম্প জানান, তাঁর নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ওই ক্রুকে ফিরিয়ে আনতে কয়েক ডজন বিমান পাঠিয়েছিল। এ অভিযানে কোনো মার্কিন সেনার মৃত্যু হয়নি বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার ভূপাতিত হওয়া ওই যুদ্ধবিমানের পাইলটকে আগেই উদ্ধার করা হয়েছিল।
সূত্র: দ্য গার্ডিয়ান
ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করার অভিযোগে ইরানে দুজনের ফাঁসি কার্যকর
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। চলতি বছরের শুরুতে সরকারবিরোধী বিক্ষোভের সময় তাঁরা বিদেশি শক্তির হয়ে কাজ করেছিলেন বলে দেশটির বিচার বিভাগ জানিয়েছে।
আজ রোববার বিচার বিভাগের ওয়েবসাইট ‘মিজান অনলাইন’-এ বলা হয়, ‘মোহাম্মদ-আমিন বিগলারি ও শাহিন ওয়াহেদপরাস্তকে ফাঁসি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট তাঁদের মামলাটি পর্যালোচনা করে চূড়ান্ত রায় বহাল রাখার পর এ দণ্ড কার্যকর করা হয়।’
প্রতিবেদনে আরও বলা হয়, ওই দুই ব্যক্তি সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে জড়িত ছিলেন, যা গত জানুয়ারি মাসে চরম আকার ধারণ করেছিল।
সূত্র: গালফ নিউজ
ক্রু উদ্ধার অভিযান: ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র
ইরানে নিখোঁজ মার্কিন ক্রুকে উদ্ধারে অভিযান চালানোর সময় যুক্তরাষ্ট্রের দুটি পরিবহন বিমান বিকল হয়ে যায়। এগুলো যাতে ইরানের হাতে না পড়ে, সেজন্য বিমান দুটি ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়।
দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
ইরানে গত শুক্রবার ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ই-এর পাইলট ও ক্রুকে উদ্ধারে পরিচালিত উচ্চ ঝুঁকিপূর্ণ এ অভিযানের নতুন নতুন তথ্য এখন সামনে আসছে। মার্কিন কর্মকর্তাদের মতে, এটি ছিল কয়েক ধাপের একটি জটিল উদ্ধার অভিযান।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এফ-১৫ই যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধারের খবর নিশ্চিত করে বলেছেন, ‘আমরা তাঁকে পেয়েছি! তিনি এখন নিরাপদ ও সুস্থ আছেন।’
ট্রাম্প আরও বলেন, উদ্ধার হওয়া ওই কর্মকর্তা একজন ‘কর্নেল’। অভিযানে তিনি কিছুটা আহত হলেও এখন আশঙ্কামুক্ত। এই বিশাল অভিযানে কয়েক ডজন বিমান অংশ নিয়েছিল বলেও জানান ট্রাম্প।
সূত্র: মিডল ইস্ট আই
ইসরায়েলের যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হিজবুল্লাহর
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, তারা দেশটির উপকূল থেকে ৬৮ নটিক্যাল মাইল দূরে অবস্থানরত একটি ইসরায়েলি সামরিক জাহাজে হামলা চালিয়েছে।
হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধজাহাজটি লেবাননের ভূখণ্ডে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছিল। কয়েক ঘণ্টা ধরে নজরদারি চালানোর পর তারা এই হামলায় একটি নাভাল ক্রুজ (নৌ) ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
হিজবুল্লাহ দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
সূত্র: আল–জাজিরা ও গালফ নিউজ
ইরানের হামলায় আবুধাবির পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আবুধাবির বোরুজ পেট্রোকেমিক্যাল কারখানার একাধিক স্থানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কর্তৃপক্ষ।
সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ বলেছে, আবুধাবির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হামলা প্রতিহত করার পর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে এ আগুনের সূত্রপাত হয়।
আগুন লাগার পর পেট্রোকেমিক্যাল ক্ষেত্রটির কাজ বন্ধ রাখা হয়েছে এবং ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
কর্তৃপক্ষ জনগণকে তথ্যের জন্য শুধু সরকারি সূত্রের ওপর নির্ভর করার অনুরোধ করেছে এবং আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি এমন গুজব কিংবা খবর শেয়ার করা এড়িয়ে চলতে বলেছে।
আরব আমিরাতের জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আজ রোববার ভোরে এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় ভোর ৬টা ৪৪টা মিনিটে আমিরাতের আকাশ সুরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র হুমকি শনাক্ত করে এবং সফলভাবে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করে।
বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার এবং সতর্কতা ও পরবর্তী খবরের জন্য সরাসরি সরকারি চ্যানেলগুলো অনুসরণ করার অনুরোধ করেছে কর্তৃপক্ষ।
সূত্র: গালফ নিউজ
ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, সরানো হলো বেন গুরিয়ন বিমানবন্দরের সব কর্মীকে
ইসরায়েলের জাফায় অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্লাস্টার (গুচ্ছ) ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ হামলার দায় স্বীকার করেছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ওয়াইনেট নিউজ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বেন গুরিয়ন বিমানবন্দরে একটি সন্দেহজনক প্যাকেজ থেকে ধোঁয়া বের হতে দেখে অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়।
ওই প্যাকেজ থেকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিমানবন্দরে আতঙ্ক তৈরি হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত সরিয়ে নেওয়া হয় সেখানকার সব কর্মীকে।
প্যাকেজটির ভেতর কী ধরনের পদার্থ রয়েছে তা শনাক্ত করতে এবং সেগুলো সরিয়ে নিতে বর্তমানে পর্যবেক্ষণ কার্যক্রম চলছে।
সূত্র: আল–জাজিরা
আরও একটি মার্কিন বিমান ও দুটি ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টার ভূপাতিত করার দাবি ইরানের
ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ইসফাহানে মার্কিন বাহিনীর একটি সি-১৩০ পরিবহন বিমান ও দুটি ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে তেহরান। নিখোঁজ ক্রুকে উদ্ধারের সময় এ ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ ঘটনার একটি ছবি প্রকাশ করেছেন। এছাড়া দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনেও বিমান ও হেলিকপ্টার ভূপাতিত করার ফুটেজ প্রচার করা হচ্ছে।
ইরানের সামরিক বাহিনীর ‘খাতাম আল-আম্বিয়া’ সদর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নিখোঁজ ক্রুকে উদ্ধারে শত্রুপক্ষের বেপরোয়া ও শত্রুতামূলক অভিযানের সময় ইসফাহানের দক্ষিণে তাদের আক্রমণাত্মক বিমান আঘাত হেনে ধ্বংস করা হয়েছে।’
ইরান এ ঘটনাকে তাদের বড় ধরনের বিজয় হিসেবেও তুলে ধরছে। কেননা, যুক্তরাষ্ট্রের দাবি ছিল, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় কোনো সক্ষমতা নেই। কিন্তু একের পর এক মার্কিন বিমান লক্ষ্যবস্তু করার মাধ্যমে ইরান সেই দাবিকে চ্যালেঞ্জ জানাচ্ছে।
এদিকে ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার পর পরিস্থিতি এখন চরম উত্তপ্ত ও নাজুক হয়ে দাঁড়িয়েছে। আগামী কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
সূত্র: রয়টার্স, আল–জাজিরা ও তাসনিম নিউজ এজেন্সি
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী দল
ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রামাত হোভাব এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল।
ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। সেখানে নিয়মিত ও রিজার্ভ বাহিনীর অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো পাঠানো হচ্ছে।
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বিরশেবা শহরের দক্ষিণে রামাত হোভাব এলাকার একটি কারখানায় ক্ষেপণাস্ত্রটি আঘাত হেনেছে।
সূত্র: আল–জাজিরা।
ইরান থেকে গুরুতর আহত অবস্থায় পাইলটকে উদ্ধার করা হয়: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে এফ-১৫ যুদ্ধবিমানের পাইলটক গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
ইরানে গত শুক্রবার ভূপাতিত করা মার্কিন যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। সেই বিমানে থাকা দুজনের মধ্যে একজনকে সেদিনই উদ্ধার করার কথা জানায় যুক্তরাষ্ট্র। আর আজ ট্রাম্প একজনকে উদ্ধারের কথা জানিয়ে ট্রুথ সোশ্যালে জানিয়েছিলেন, ‘আমরা তাঁকে পেয়েছি!’ ট্রাম্প দাবি করেছিলেন, উদ্ধার হওয়া কর্নেল পদমর্যাদার ওই কর্মকর্তা ব্যক্তি ‘নিরাপদ ও সুস্থ’ আছেন। বলেছিলেন, ‘তিনি আহত হয়েছেন, কিন্তু ঠিক হয়ে যাবে।’
এখন আবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানালেন, গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানের বর্ণনা দিয়ে ট্রাম্প বলেন, ‘ইরানি সামরিক বাহিনী বিপুলসংখ্যক সদস্য নিয়ে হন্যে হয়ে তাঁকে খুঁজছিল এবং প্রায় ধরে ফেলার কাছাকাছি চলে গিয়েছিল।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘মানুষ এবং সরঞ্জাম—উভয় দিক থেকেই ব্যাপক ঝুঁকির কারণে এ ধরনের দুঃসাহসিক অভিযান সাধারণত চালানো হয় না। এটি সচরাচর ঘটে না বললেই চলে! প্রথম দফার পর দ্বিতীয় দফায় এই অভিযান চালানো হয়। আমরা দিনের আলোতেই ওই পাইলটকে উদ্ধার করেছি, যা বেশ অস্বাভাবিক ছিল। উদ্ধারকারী দলটিকে প্রায় সাত ঘণ্টা ইরানের আকাশসীমায় অবস্থান করতে হয়েছিল।”
সূত্র: আল–জাজিরা।
আবার ট্রাম্পের হুমকি, হরমুজ প্রণালি অবিলম্বে খুলে না দিলে ইরানকে ‘নরকের’ স্বাদ নিতে হবে
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক অত্যন্ত আক্রমণাত্মক পোস্টে ইরানকে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি অবিলম্বে খুলে না দিলে ইরানকে ‘নরকের’ স্বাদ নিতে হবে বলে আবার হুমকি দিয়েছেন তিনি।
পোস্টে ট্রাম্প লিখেছেন, প্রণালিটি উন্মুক্ত করা না হলে ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। গত ২৮ ফেব্রুয়ারির ইরানে হামলা শুরুর পর থেকে কার্যত বন্ধ হয়ে আছে এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ। ট্রাম্প এর আগে ইরানকে এই প্রণালি খুলে দেওয়ার জন্য সোমবার (৬ এপ্রিল) পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই এই কড়া বার্তা দিলেন তিনি।
গতকালও ট্রাম্প তাঁর ৬ এপ্রিলের আলটিমেটামের কথা উল্লেখ করে ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, ‘মনে আছে, আমি ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিনের সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে। এখন হাতে আছে মাত্র ৪৮ ঘণ্টা, এরপরই তাদের ওপর চরম ধ্বংসযজ্ঞ নেমে আসবে।’
সূত্র: বিবিসি ও আল–জাজিরা।
চুক্তি না হলে ইরানকে ধ্বংস করে তেল সম্পদ দখলের হুমকি ট্রাম্পের
ইরানের অবকাঠামোতে সম্ভাব্য হামলার বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চুক্তি করতে রাজি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো গুঁড়িয়ে দেওয়া হবে।
ট্রাম্প বলেছেন, ‘তারা (ইরান) যদি দ্রুত কোনো চুক্তিতে না আসে, তবে আমি সবকিছু উড়িয়ে দিয়ে দেশটির তেল সম্পদ দখল করার কথা বিবেচনা করছি।’ তিনি বলেন, ‘শিগগিরই আপনারা দেখবেন পুরো ইরানজুড়ে সেতু আর বিদ্যুৎকেন্দ্রগুলো ধসে পড়ছে।’
তবে এই চরম হুমকির মধ্যেই ট্রাম্প দাবি করেছেন, কিছু ইরানি কর্মকর্তা এখন আলোচনার টেবিলে রয়েছেন। আগামীকাল সোমবারের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর ‘ভালো সম্ভাবনা’ রয়েছে বলেও বিশ্বাস করেন তিনি।
অবশ্য তেহরানের পক্ষ থেকে ট্রাম্পের এই দাবি বারবার নাকচ করে দেওয়া হয়েছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তির বিষয়ে ট্রাম্প এর আগে যেসব দাবি করেছিলেন, তার কোনো ভিত্তি নেই।
সূত্র: বিবিসি।
ইরানকে এ পর্যন্ত কতবার আলটিমেটাম দিলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আবারও হুমকি দিয়ে আলটিমেটামের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আগামীকাল সোমবারের (৬ এপ্রিল) মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে চরম মূল্য দিতে হবে।
ইরানে মার্কিন–ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার আলটিমেটাম দিয়েছেন তিনি। সর্বশেষ আজ আবার আলটিমেটামের কথা স্মরণ করিয়ে দিলেন ট্রাম্প।
প্রথম আলটিমেটাম (২১ মার্চ): ট্রাম্প ঘোষণা করেন, ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি নৌপথটি খুলে না দেয়, তবে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলো ‘পুরোপুরি গুঁড়িয়ে’ দেওয়া হবে। বিশেষ করে বড় বিদ্যুৎকেন্দ্রগুলোকে আগে লক্ষ্যবস্তু করার হুমকি দেন তিনি।
দ্বিতীয় আলটিমেটাম (২৩ মার্চ): দুই দিন পর ট্রাম্পের সুর কিছুটা নরম হয়। দুই দেশের মধ্যে ‘খুবই ফলপ্রসূ আলোচনা’ হয়েছে দাবি করে তিনি জ্বালানি অবকাঠামোতে হামলার সিদ্ধান্ত পাঁচ দিনের জন্য পিছিয়ে দেন।
তৃতীয় আলটিমেটাম (২৭ মার্চ): ট্রাম্প জানান, ‘ইরান সরকারের অনুরোধে’ তিনি বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা আরও ১০ দিন পিছিয়ে দিচ্ছেন। এর ফলে নতুন সময়সীমা দাঁড়ায় ৬ এপ্রিল।
৪৮ ঘণ্টার চূড়ান্ত সতর্কতা (৪ এপ্রিল): ৬ এপ্রিলের ডেডলাইন ঘনিয়ে আসায় গতকাল ট্রাম্প ইরানকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে বলেন, তাদের হাতে আর মাত্র ‘৪৮ ঘণ্টা’ সময় আছে। এরপর তিনি দেশটিতে ‘নরক’ বানিয়ে ছাড়বেন।
সর্বশেষ হুমকি আজ (৫ এপ্রিল): আজ আবারও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একই হুমকির পুনরাবৃত্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, চুক্তি করতে রাজি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো গুঁড়িয়ে দেওয়া হবে।
এই চরম হুমকির মধ্যেই ট্রাম্প দাবি করেছেন, কিছু ইরানি কর্মকর্তা এখন আলোচনার টেবিলে রয়েছেন। আগামীকাল সোমবারের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর ‘ভালো সম্ভাবনা’ রয়েছে বলেও বিশ্বাস করেন তিনি।
অবশ্য তেহরানের পক্ষ থেকে ট্রাম্পের এই দাবি বারবার নাকচ করে দেওয়া হয়েছে।
সূত্র: বিবিসি।
হরমুজ প্রণালি খুলে দেওয়ার একমাত্র পথ যুদ্ধবিরতি: চীন
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সমস্যা সমাধানের ‘একমাত্র ও প্রধান উপায়’ হলো একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক ফোনালাপে ওয়াং ই এ মন্তব্য করেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ওই অঞ্চলে জাহাজ চলাচল চালু করতে হলে সংঘাত বন্ধ করা এবং একটি কার্যকর যুদ্ধবিরতি বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
সূত্র: আল–জাজিরা।

No comments:
Post a Comment