
ট্রাম্পের লেবানন যুদ্ধবিরতি ঘোষণায় ইসরায়েলে ক্ষোভ
ইসরায়েলি মন্ত্রিসভায় ভোট হওয়ার আগেই ট্রাম্প লেবাননের সাথে যুদ্ধবিরতি ঘোষণা করায় ইসরায়েলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানায়, মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে এই ঘোষণা আসা ইসরায়েলের জন্য আরও একটি বিব্রতকর পরিস্থিতি হিসেবে দেখা হচ্ছে। কারণ ইসরায়েলি সরকার এবং সাধারণ জনগণের একটি বড় অংশ চাচ্ছিল না এই যুদ্ধ এখনই থেমে যাক।
ট্রাম্পের এই ঘোষণা এমন এক সময়ে এল যখন ইসরায়েলি বাহিনী লেবাননের মাটিতে অবস্থান করছে এবং নিয়মিত বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানায়, ইসরায়েলি সেনাবাহিনী আজ রাতে যুদ্ধবিরতির জন্য প্রস্তুত ছিল ঠিকই, কিন্তু ইসরায়েল নিজে থেকে ঘোষণা করার আগেই ট্রাম্পের এই আগাম ঘোষণা অনেক সেনা কর্মকর্তার কাছেই বিস্ময়কর এবং অপ্রত্যাশিত ছিল।
সূত্র: আল–জাজিরা।
ইরানের সঙ্গে চুক্তির খুবই কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প
যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চুক্তি করার ‘খুবই কাছাকাছি’ অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি দাবি করেছেন যে, তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরসহ ‘প্রায় সব কিছুতেই রাজি হয়েছে’।
হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি আরও যা বলেছেন:
-
যদি ইরানের সাথে চুক্তি সম্পন্ন হয় এবং ইসলামাবাদে তা স্বাক্ষরিত হয়, তবে তিনি পাকিস্তানে যেতে পারেন।
-
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি ২২ এপ্রিল শেষ হওয়ার কথা, তার মেয়াদ বাড়ানোর প্রয়োজন নাও হতে পারে; কারণ ওই তারিখের আগেই একটি চুক্তি হয়ে যেতে পারে।
-
যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরবর্তী বৈঠকটি এই সপ্তাহান্তে অনুষ্ঠিত হতে পারে।
-
যদি ইরানের সাথে কোনো চুক্তি না হয়, তবে যুদ্ধ আবারও শুরু হবে।
-
হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ‘বেশ কার্যকরভাবে বজায় রয়েছে’।
সূত্র: আল–জাজিরা
মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধের ক্ষমতাবিষয়ক বিল এক ভোটের ব্যবধানে নাকচ
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক তৎপরতা বন্ধ করার প্রস্তাব মাত্র এক ভোটের ব্যবধানে নাকচ হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে। এর আগে গতকাল সিনেটেও বিরোধীদল ডেমোক্রেটিক পার্টির আনা এ ধরনের একটি প্রস্তাব চতুর্থবাবের মতো নাকচ হয়।
আজ প্রতিনিধি পরিষদে যুদ্ধ ক্ষমতাবিষয়ক বিলটি ২১৩-২১৪ ভোটের ব্যবধানে নাকচ হয়েছে। এটি মূলত একটি প্রতীকী পদক্ষেপ ছিল এবং প্রেসিডেন্টের সম্ভাব্য ভেটো এড়িয়ে টিকে থাকার সম্ভাবনা ছিল খুবই কম।
কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ গত মাসের শুরুতে এমন একটি বিল পাস করার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। তখন ভোটের ফলাফল ছিল ২১২-২১৯। গত কয়েক সপ্তাহে কিছু আইনপ্রণেতা স্পষ্টতই তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।
গতকাল যখন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এ ধরনের একটি বিল নাকচ হয়, তখন কিছু রিপাবলিকান সিনেটর সাংবাদিকদের জানিয়েছিলেন, যদি যুদ্ধ ৬০ দিন পর্যন্ত গড়ায়, তবে কংগ্রেসের অনুমোদনের বিষয়ে তাদের চিন্তাভাবনায় পরিবর্তন আসতে পারে।
প্রতিনিধি পরিষদের সদস্যরাও একই অবস্থানে আছেন বলে মনে হচ্ছে।
ফেডারেল আইন অনুযায়ী, ৬০ দিনের বেশি সামরিক অভিযান চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
সূত্র: বিবিসি।
ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, এই যুদ্ধবিরতি বিকেল ৫টা (ইস্টার্ন টাইম)[বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৩ টা] থেকে কার্যকর হবে।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আমি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা করেছি। তাঁরা আনুষ্ঠানিকভাবে বিকেল ৫টা (ইস্টার্ন টাইম) থেকে ১০ দিনের যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছেন।’
ট্রাম্প বলেন, ‘গত মঙ্গলবার, আমাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে এই দুই দেশ দীর্ঘ ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো ওয়াশিংটন ডিসিতে বৈঠক করেন। আমি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে নির্দেশ দিয়েছি, তারা জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনের সঙ্গে মিলে ইসরায়েল ও লেবাননের মধ্যে স্থায়ী শান্তি অর্জনে কাজ করেন।’
ট্রাম্প বলেন, ‘সারা বিশ্বে ৯টি যুদ্ধের সমাধান করা আমার জন্য সম্মানের বিষয় ছিল। এটি হবে আমার দশম কাজ, তাই চলুন, এটি সফল করি!’
গত ২ মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির আওতায় ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা বন্ধ রেখেছে। কিন্তু লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় লেবাননে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।
সূত্র: সিএনএন ও আল–জাজিরা।
লেবাননে আজ রাত থেকে যুদ্ধবিরতির সম্ভাবনা: ইসরায়েলি সংবাদমাধ্যম
লেবাননে আজ রাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। ইসরায়েলি বাহিনী ইতিমধ্যে লেবাননে যুদ্ধবিরতি শুরু করার জন্য প্রস্তুতি নেওয়ার বিষয়ে আদেশ পেয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এ কথা জানিয়েছে।
গত ২ মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির আওতায় ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা বন্ধ রেখেছে। কিন্তু লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।
সূত্র: আল–জাজিরা।
ইরানকে সাহায্যকারী জাহাজও লক্ষ্যবস্তু করবে যুক্তরাষ্ট্র
মার্কিন শীর্ষ জেনারেল ড্যান কেইন বলেছেন, অবরোধের আওতাভুক্ত এলাকায় ইরানকে সহায়তাকারী জাহাজকে লক্ষবস্তু করবে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জেনারেল কেইন বলেন, ইরানকে সহায়তাকারী জাহাজ ছাড়াও ইরানি তেল বহনকারী জাহাজগুলো যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুর মধ্য অন্তর্ভুক্ত।
তিনি আরও বলেন—
* অবরোধ ইরানের বন্দরে যাওয়ার বা সেখান থেকে আসা সব জাহাজের জন্য প্রযোজ্য।
* এই অবরোধ মেনে না চললে বলপ্রয়োগ করবে যুক্তরাষ্ট্র।
* ১৩টি জাহাজকে ফিরিয়ে দিয়েছে মার্কিন বাহিনী। তবে মার্কিন বাহিনীকে কোনো জাহাজেই উঠতে হয়নি।
* অবরোধ শুধু ইরানের বন্দরের ক্ষেত্রে প্রযোজ্য, হরমুজ প্রণালির ক্ষেত্রে নয়।
* ১০ হাজারের বেশি নাবিক, মেরিন এবং বিমানসেনা অবরোধ কার্যকর করছে।
সূত্র: আল–জাজিরা।
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন ইরানের বন্দর অবরোধ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের এ কথা বলেন হেগসেথ। তিনি বলেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে, কারণ ইরানের আর কোনো নৌবাহিনী নেই।
হেগসেথ বলেছেন, ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয় তবে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত।
হেগসেথ বলেন, চীন যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে, তারা যুদ্ধবিরতির সময় ইরানে অস্ত্র পাঠাবে না।
হরমুজ প্রণালি প্রসঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই প্রণালি উন্মুক্ত করতে সহায়তার জন্য অন্য দেশগুলোকে স্বাগত জানাবে ওয়াশিংটন।
সূত্র: আল–জাজিরা
ইউরোপে হয়তো ছয় সপ্তাহের জন্য জেট ফুয়েল অবশিষ্ট আছে: আইইএ
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল বলেছেন, ইউরোপের হয়তো ছয় সপ্তাহ কিংবা তার কিছু বেশি জেট ফুয়েল অবশিষ্ট আছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ বন্ধ থাকলে শিগগিরই ফ্লাইট বাতিলের আশঙ্কা নিয়েও সতর্ক করেছেন তিনি।
আল–জাজিরার খবরে বলা হয়, আইইএ প্রধান ফাতিহ বিরোল এপির সঙ্গে সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি বলেন, হরমুজ প্রণালি বন্ধ হওয়ার ফলে সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি হয়েছে— যা বৈশ্বিক পরিস্থিতিতেও প্রভাব ফেলছে।
সূত্র: আল–জাজিরা।
লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে ‘আজই’ নেতানিয়াহুর ফোনালাপ, দাবি ইসরায়েলি মন্ত্রীর
ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য গালিয়া গামলিয়েল বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন। আজই (বৃহস্পতিবার) দুনেতার কথা হবে বলে জানান তিনি। ইসরায়েলি সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মন্ত্রী গালিয়া ইসরায়েলের আর্মি রেডিওকে বলেন, ‘এত বছরের সম্পূর্ণ বিচ্ছিন্নতার পর’ এ কথোপকথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করা যায়, এ পদক্ষেপ শেষপর্যন্ত সমৃদ্ধির দিকে ধাবিত করবে।
তবে কিছু সংবাদমাধ্যম লেবাননের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, ইসরায়েলের সঙ্গে এমন কোনো যোগাযোগ বা আলোচনার বিষয়ে তাঁরা অবগত নন।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
নিজেদের অত্যন্ত দামি ও সেরা গোয়েন্দা ড্রোন বিধ্বস্ত হওয়ার কথা নিশ্চিত করল যুক্তরাষ্ট্র
পারস্য উপসাগরে নিজেদের অন্যতম দামি ও আধুনিক একটি ড্রোন হারিয়েছে মার্কিন নৌবাহিনী। গত ৯ এপ্রিল ‘এমকিউ-৪সি ট্রাইটন’ মডেলের এ ড্রোন বিধ্বস্ত হয় বলে গত মঙ্গলবার নৌবাহিনীর সেফটি কমান্ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
তবে অভিযানের নিরাপত্তার স্বার্থে ড্রোনটি বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট স্থান প্রকাশ করা হয়নি।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইট রাডার ২৪’-এর তথ্য বলছে, ওই দিন ড্রোনটি ইতালির সিগোনেলা নৌঘাঁটি থেকে ওড়ার পর পারস্য উপসাগরের ওপর নিখোঁজ হয়। এটি হরমুজ প্রণালির ওপর দিয়ে ওড়ার সময় হঠাৎ রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
তথ্য অনুযায়ী, ড্রোনটি ৫০ হাজার ফুট উচ্চতা থেকে দ্রুত ৯ হাজার ফুটে নেমে আসে এবং একপর্যায়ে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ফ্লাইট ডাটায় দেখা যায়, ওড়ার সময় ড্রোনটি ‘৭৪০০’ সংকেত পাঠাচ্ছিল, যার অর্থ ড্রোনটির সঙ্গে গ্রাউন্ড কন্ট্রোল বা চালকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর প্রায় ৭০ মিনিট পর এটি ‘৭৭০০’ সংকেত পাঠায়, যা জরুরি অবস্থার ইঙ্গিত দেয়। সবশেষে ৯ হাজার ২৫০ ফুট উচ্চতায় থাকা অবস্থায় এটি রাডার থেকে হারিয়ে যায়।
মার্কিন নৌবাহিনী ড্রোনটি বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করলেও এর কারণ সম্পর্কে এখনো কিছু জানায়নি।
ড্রোনটির নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রামান এটিকে বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা ও নজরদারি মনুষ্যবিহীন বিমান হিসেবে দাবি করে। জেট ইঞ্জিনচালিত এই ড্রোন টানা ২৪ ঘণ্টার বেশি আকাশে উড়তে পারে।
ড্রোনটির পাল্লা ৮ হাজার ৫০০ মাইল। এটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কাছে থাকা সবচেয়ে বিরল বিমানগুলোর একটি। এর মাত্র ২০টি এ পর্যন্ত তৈরি করা হয়েছে। প্রতিটি ড্রোনের মূল্য প্রায় ২৪ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা), যা একটি এফ-৩৫সি স্টিলথ যুদ্ধবিমানের দামের দ্বিগুণেরও বেশি।
তথ্যসূত্র: সিএনএন
যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে হরমুজ পাড়ি দিল ইরানের সুপার ট্যাংকার
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা আরও একটি সুপার ট্যাংকার হরমুজ প্রণালি হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। এই প্রণালি ও ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ চলার মধ্যেই এ নিয়ে দ্বিতীয় মার্কিন নিষেধাজ্ঞাধীন ট্যাংকার হরমুজ পাড়ি দিল।
খালি অবস্থায় ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) ‘আরএইচএন’ গতকাল বুধবার পারস্য উপসাগরে প্রবেশ করে। জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণকারী সংস্থা এলএসইজি ও কেপলারের তথ্যে এ খবর পাওয়া গেছে। ২০ লাখ ব্যারেল জ্বালানি তেল বহনে সক্ষম ট্যাংকারটি কোন দিকে যাচ্ছে, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হওয়া যায়নি।
ইরানের ফার্স নিউজ এজেন্সি গতকাল জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানের একটি সুপার ট্যাংকার চলমান অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে। ট্যাংকারটি ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার থেকে ওই অবরোধ আরোপের ঘোষণা দেন। এর আগে পাকিস্তানের ইসলামাবাদে শান্তি আলোচনায় বসে ওয়াশিংটন ও তেহরান। কিন্তু দীর্ঘ আলোচনা হলেও দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয়। শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ট্রাম্প অবরোধের ঘোষণা দেন।
গত সোমবার অবরোধ কার্যকর করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, কোনো জাহাজ অবরোধ ভাঙেনি। মার্কিন বাহিনীর নির্দেশে ১০টি জাহাজের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।
তবে এর আগে মার্কিন নিষেধাজ্ঞাধীন আরেকটি ট্যাংকারের অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হওয়ার খবর পাওয়া গিয়েছিল। সেটির নাম ‘রিচ স্টারি’। এটির পরিচালনাকারী প্রতিষ্ঠান সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেড যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকায় প্রতিষ্ঠানটি মার্কিন নিষেধাজ্ঞায় পড়ে।
এলএসইজি আর কেপলারের তথ্য অনুযায়ী, মাঝারি আকারের এ ট্যাংকারে প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল মিথানল বহন করা হয়। এটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দর থেকে যাত্রা শুরু করে। জাহাজটিতে চীনা ক্রু রয়েছেন এবং এটি চীনের মালিকানাধীন।
তথ্যসূত্র: আল–জাজিরা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই ‘প্রকৃত সন্ত্রাসী’: ইরানের প্রেসিডেন্ট
ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি এ হামলাকে আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির পরিপন্থী এবং অন্যায় বলে আখ্যায়িত করেছেন।
গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘তারা দাবি করে যে আমরাই আসল সন্ত্রাসী। কিন্তু প্রকৃতপক্ষে তারাই আসল সন্ত্রাসী।’
Iranian President Masoud Pezeshkian on Wednesday condemned US-Israeli attacks on Iranian civilian infrastructure, including schools and hospitals, as unjustifiable under international law and humanitarian principles pic.twitter.com/fN2rwvS9Pm
— Middle East Eye (@MiddleEastEye) April 16, 2026
তথ্যসূত্র: মিডল ইস্ট আই
ইসরায়েলের চার ‘গুপ্তচর’কে গ্রেপ্তার করল ইরান
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ইরান। আজ বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক বিবৃতির বরাত দিয়ে সংবাদ সংস্থা ইরনা (আইআরএনএ) জানায়, ইরানের উত্তরাঞ্চলীয় প্রদেশ গিলান থেকে মোসাদের সঙ্গে যুক্ত ওই চার এজেন্টকে আটক করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ইন্টারনেটের মাধ্যমে মোসাদের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সামরিক এবং নিরাপত্তা স্থাপনার ছবি ও অবস্থান সম্পর্কিত তথ্য পাঠাতেন।
গ্রেপ্তার করা ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তথ্যসূত্র: গালফ নিউজ
ইরান ও লেবাননে আরও যুদ্ধের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েল
ইরান ও লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করার পরিকল্পনা অনুমোদন করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব জেনারেল স্টাফ আইয়াল জামির।
গতকাল বুধবার আইডিএফের মুখপাত্র এফি ডেফরিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আইডিএফ মুখপাত্র জানান, সেনাপ্রধান লিতানি নদী পর্যন্ত দক্ষিণ লেবাননের পুরো এলাকাকে হিজবুল্লাহর জন্য ‘কিলিং এরিয়া’ (মৃত্যুপুরী) হিসেবে ঘোষণা করেছেন।
ডেফরিন দাবি করেন, লেবাননে চলমান সামরিক অভিযানে এ পর্যন্ত হিজবুল্লাহর ১ হাজার ৭০০ জনেরও বেশি সদস্যকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তিনি আরও বলেন, ‘হিজবুল্লাহ যেখানেই লুকিয়ে থাকুক, তাদের নির্মূল করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’
তথ্যসূত্র: বিবিসি
ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা ৩৪ বছর পর আজ কথা বলবেন, ট্রাম্পের ঘোষণা
দীর্ঘ ৩৪ বছর পর প্রথমবারের মতো সরাসরি কথা বলতে যাচ্ছেন ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা। আজ বৃহস্পতিবার (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) তাঁদের এ আলাপ হওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ ঘোষণা দিয়েছেন।
গতকাল বুধবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ তথ্য জানান।
পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইসরায়েল ও লেবাননের মধ্যে একটু স্বস্তিদায়ক পরিবেশ তৈরির চেষ্টা করছি।’
দুই দেশের বর্তমান পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে ট্রাম্প আরও বলেন, ‘দীর্ঘ সময় ধরে এ দুই দেশের নেতাদের মধ্যে কোনো কথা হয়নি, প্রায় ৩৪ বছর। আগামীকাল (আজ বৃহস্পতিবার) সেই আলাপ হতে যাচ্ছে। দারুণ ব্যাপার!’
ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের জেরে লেবাননে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তির সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। দেশটির অন্তত ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। লেবাননের ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহও ইসরায়েল লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে ইসরায়েল–যুক্তরাষ্ট্র। হিজবুল্লাহর দাবি, খামেনি হত্যার প্রতিশোধ এবং ২০২৪ সালের নভেম্বরে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তি ইসরায়েল বারবার লঙ্ঘন করার প্রতিবাদে তারা দেশটিতে হামলা চালায়।
এদিকে ইসরায়েলি বাহিনী শুধু আকাশপথেই নয়, দক্ষিণ লেবানন দিয়ে স্থল অভিযানও শুরু করেছে। ইসরায়েলের দাবি, তারা লেবাননের আরও ভূখণ্ড দখল করে একটি ‘বাফার জোন’ (নিরাপদ অঞ্চল) তৈরি করতে চায়।
তথ্যসূত্র: আল–জাজিরা
হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার আহ্বান চীনের
হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের একনিষ্ঠ দাবি বলে মন্তব্য করেছে চীন। গতকাল বুধবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ আহ্বান জানান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে আলাপকালে ওয়াং ই বলেন, হরমুজ প্রণালির উপকূলীয় দেশ হিসেবে ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ন্যায়সংগত অধিকারের প্রতি সম্মান জানানো উচিত। তবে একই সঙ্গে এ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান পরিস্থিতি এখন যুদ্ধ ও শান্তির এক সংকটময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। তবে তিনি আশা ব্যক্ত করেন, শান্তির একটি সুযোগ তৈরি হচ্ছে।
এদিকে চীনের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জবাবে বলেছেন, তাঁর দেশ শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক ও বাস্তবসম্মত সমাধান খুঁজতে আগ্রহী।
তথ্যসূত্র: গালফ নিউজ
ইরানের সঙ্গে পরবর্তী বৈঠক ‘খুব সম্ভবত’ ইসলামাবাদে: হোয়াইট হাউস
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
গতকাল বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এ তথ্য জানান বলে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে উল্লেখ করেছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে লেভিট বলেন, ‘পরবর্তী বৈঠকগুলো খুব সম্ভবত আগেরবারের জায়গাতেই (ইসলামাবাদ) অনুষ্ঠিত হবে।’
আলোচনা প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে লেভিট বলেন, ‘পুরো প্রক্রিয়ায় পাকিস্তানিরা চমৎকার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন। চুক্তিটি সম্পন্ন করার লক্ষ্যে তাঁদের বন্ধুত্ব ও প্রচেষ্টা আমরা অত্যন্ত গুরুত্ব দিই।’
লেভিট জানান, বর্তমানে পাকিস্তানই এই আলোচনার একমাত্র মধ্যস্থতাকারী দেশ। তিনি বলেন, ‘বিশ্বের অনেক দেশই এ প্রক্রিয়ায় সহযোগিতার প্রস্তাব দিয়েছে। তবে প্রেসিডেন্ট (ডোনাল্ড ট্রাম্প) মনে করেন, পাকিস্তানের মাধ্যমেই এ যোগাযোগ অব্যাহত রাখা জরুরি। সেই অনুযায়ী কাজ চলছে।’
তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর
হরমুজ প্রণালিতে ‘পুলিশ’ হতে চাইলে মার্কিন জাহাজগুলো ডুববে, হুঁশিয়ারি ইরানের
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে যদি যুক্তরাষ্ট্র ‘পুলিশের’ ভূমিকা পালন করতে চায়, তবে সেখানে মার্কিন জাহাজগুলো ডুবিয়ে দেওয়া হবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পরপরই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয় তেহরান। এখন এই প্রণালি আর ইরানের বন্দরগুলোতে নৌ–অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র।
এ পরিস্থিতিতে ইরানের রাষ্ট্রীয় টিভিতে মোহসিন রেজাই বলেন, ‘ট্রাম্প হরমুজ প্রণালিতে পুলিশ হতে চান। এটা কি আপনার কাজ? এটা কি যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী একটি সামরিক বাহিনীর কাজ?’
মোহসিন রেজাই সতর্ক করে বলেন, ‘আপনাদের জাহাজগুলো (অবরোধ কার্যকর করতে নজরদারি করা মার্কিন জাহাজ) আমাদের প্রথম ক্ষেপণাস্ত্রের আঘাতেই ডুবতে পারে।’
মোহসিন রেজাই ইরানের উচ্চপদস্থ একজন সামরিক কর্মকর্তা। ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) সাবেক কমাণ্ডার–ইন–চিফ ছিলেন তিনি। ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেছেন। পরে অবসরে যান।
গত মাসে ইরানের রাষ্ট্রীয় টিভি জানায়, মোহসিন রেজাই অবসর ভেঙে মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
তথ্যসূত্র: এএফপি
যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ নিয়ে জেদ্দায় সৌদি–পাকিস্তান বৈঠক
সৌদি আরবের জেদ্দায় বৈঠকে বসেছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। এ সময় পাকিস্তানে চলমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনাও গুরুত্ব পায়।
প্রতিবেদন অনুযায়ী, আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন সৌদি যুবরাজ। তিনি এই প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের কূটনৈতিক প্রচেষ্টাকে তিনি স্বীকৃতি দেন।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা বন্ধের আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিসার্চ, অ্যাডভোকেসি, পলিসি অ্যান্ড ক্যাম্পেইনস বিভাগের জ্যেষ্ঠ পরিচালক এরিকা গুয়েরা রোসাস ইসরায়েলের সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন।
এরিকা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইসরায়েল আন্তর্জাতিক আইনকে অমান্য করে বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। এসবের মধ্যে রয়েছে গাজায় গণহত্যা, পশ্চিম তীরে সহিংসতা ও অবৈধ বসতি সম্প্রসারণ, বর্ণবৈষম্য ও দখলদারি এবং লেবাননে হামলা ও ব্যাপক বাস্তুচ্যুতি।
এরিকা সতর্ক করে বলেন, ইসরায়েলের সঙ্গে যেকোনো ধরনের সামরিক সহযোগিতা আন্তর্জাতিক অপরাধে জড়িত হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে।
এরিকা ইতালির সরকারকে উদ্দেশ করে বলেন, ইউরোপীয় ইউনিয়ন–ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিতের পক্ষে অবস্থান নিয়ে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ শুরু করা উচিত। তাঁর মতে, এখন আর কেবল বক্তব্য যথেষ্ট নয়; রাষ্ট্রগুলোকে বাস্তব ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে, যাতে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যা বন্ধ করা যায়।
তথ্যসূত্র: আল–জাজিরা
২৪ ঘণ্টায় ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ৩৯ হামলার দাবি হিজবুল্লাহর
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, গত ২৪ ঘণ্টায় তারা ইসরায়েলি বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৩৯টি সামরিক অভিযান চালিয়েছে।
গোষ্ঠীটির দাবি অনুযায়ী, ইসরায়েলের বসতি, সেনা সমাবেশ, সামরিক যানবাহন এবং দক্ষিণ সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের অবস্থানগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। একই সঙ্গে উত্তর ইসরায়েলেও কিছু লক্ষ্যবস্তুতে হামলার কথা জানিয়েছে তারা।
তবে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এসব দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরানে নৌ অবরোধের ৪৮ ঘণ্টায় ১০টি জাহাজ ফেরত পাঠানোর দাবি যুক্তরাষ্ট্রের
ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ কার্যকরের প্রথম ৪৮ ঘণ্টায় ১০টি জাহাজকে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এসব জাহাজ ইরানি বন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় সেগুলোকে ফেরত পাঠানো হয়।
সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেছে, এখন পর্যন্ত ১০টি জাহাজকে ফেরত পাঠানো হয়েছে। গত সোমবার থেকে শুরু হওয়া অবরোধে কোনো জাহাজই সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারেনি।
তবে জাহাজ চলাচলের তথ্যের সঙ্গে সেন্টকমের এই দাবির সঙ্গে পুরোপুরি মিলছে না। তথ্য অনুযায়ী, মঙ্গলবার অন্তত তিনটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। যদিও কিছু জাহাজ পরে আবার ফিরে গেছে।
কেপলারের তথ্য অনুযায়ী, অন্তত সাতটি ইরানি জাহাজ গত সোমবার যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকরের পর হরমুজ প্রণালি পার হয়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বন্ধে সিনেটে ভোটের উদ্যোগ বার্নি স্যান্ডার্সের
ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বন্ধে সিনেটে ভোটের উদ্যোগ নিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। এ বিষয়ে ভোটের আগে সিনেট অধিবেশনে তিনি কড়া ভাষায় বক্তব্য দেন।
স্যান্ডার্স বলেন, এই প্রস্তাবগুলো পাস হলে ইসরায়েলে ১২ হাজার ১০০০ পাউন্ড (৪৫৩ কেজি) বোমা এবং ১৩২টি সাঁজোয়া বুলডোজার পাঠানো বন্ধ হয়ে যাবে। এসব অস্ত্রের মূল্য ৪৪ কোটি ৬০ লাখ ডলারের বেশি। এগুলো সম্পূর্ণভাবে মার্কিন করদাতাদের অর্থে অর্থায়ন করা।
এই সিনেটর আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর চেষ্টা করে আসছেন। চার দশকের চেষ্টার পর অবশেষে তিনি এমন একজন প্রেসিডেন্ট পেয়েছেন, যিনি এতে রাজি হয়েছেন।
স্যান্ডার্স বলেন, এই যুদ্ধ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এতে হাজারো বেসামরিক মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ইরান ও লেবাননের শত শত শিশু রয়েছে। পাশাপাশি এই সংঘাতে ২৬ জন ইসরায়েলি বেসামরিক নাগরিক এবং ১৩ জন মার্কিন সেনাও প্রাণ হারিয়েছেন।
এ সময় ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হোলেন ও জেফ মারক্লি–সহ আরও কয়েকজন সিনেটর প্রস্তাবের পক্ষে বক্তব্য দেন।
তথ্যসূত্র: আল–জাজিরা
দক্ষিণ লেবাননে স্থল অভিযান জোরদার করেছে ইসরায়েল
দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের স্থল অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও কূটনৈতিক প্রক্রিয়াও অব্যাহত থাকবে।
নেতানিয়াহু বলেন, এসব আলোচনায় ইরান ইস্যুতে ইসরায়েলের অবস্থানকে গুরুত্ব দেওয়া হবে।
এই পদক্ষেপকে অনেকেই অভ্যন্তরীণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে এখনো লক্ষ্য পূরণ না হওয়ায় নেতানিয়াহু লেবাননে সামরিক তৎপরতা বাড়িয়ে শক্ত অবস্থান দেখাতে চাইছেন। তিনি উত্তর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে অঞ্চলটি নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন।
চলতি বছরের শেষ দিকে ইসরায়েলে নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের ধারণা, অভ্যন্তরীণ সমর্থন ধরে রাখতে তিনি সামরিক শক্তি প্রদর্শনের দিকে ঝুঁকছেন।
তথ্যসূত্র: আল–জাজিরা
মার্কিন সিনেটে আবারও ব্যর্থ ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাব
ইরানে সামরিক অভিযান পরিচালনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব আবারও মার্কিন সিনেটে ব্যর্থ হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার প্রায় সাত সপ্তাহের মাথায় এটি ছিল এ ধরনের চতুর্থ ভোট, যেখানে প্রস্তাবটি প্রত্যাখ্যাত হলো।
স্থানীয় সময় বুধবার হওয়া ভোটে প্রস্তাবটির বিপক্ষে ৫২টি এবং পক্ষে ৪৭টি ভোট পড়ে। প্রস্তাবটি পাস হলে ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে মার্কিন সামরিক অভিযান চালাতে পারতেন না।
ডেমোক্র্যাটরা বলেছেন, তারা আইনপ্রণেতাদের অবস্থান স্পষ্ট করতে নিয়মিত সিনেটে এ ধরনের প্রস্তাব তুলবেন। ভার্জিনিয়ার সিনেটর টিম কেইন বিবিসিকে বলেন, ভোট সফল না হলেও এই প্রস্তাব জনগণকে বুঝতে সহায়তা করবে যে, এই যুদ্ধের দায় কার কাঁধে।
অন্যদিকে বেশির ভাগ রিপাবলিকান প্রস্তাবটির বিরোধিতা করেন। তবে তাদের কেউ কেউ বলেছেন, ৬০ দিনের সীমা অতিক্রম করলে তারা অবস্থান পরিবর্তনের বিষয়টি বিবেচনা করতে পারেন।
মিসৌরির রিপাবলিকান সিনেটর জশ হাউলি বলেন, প্রশাসন বর্তমানে যুদ্ধক্ষমতা আইনের শর্তের মধ্যে রয়েছে বলে তিনি মনে করেন। তাই বুধবার তিনি প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন।
তবে তিনি আরও জানান, যদি প্রশাসন সংঘাত কমিয়ে আনার প্রমাণ দিতে না পারে এবং ৩০ দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন না নেয়, তাহলে তখন তিনি নতুন করে যুদ্ধক্ষমতা সংক্রান্ত প্রস্তাবের পক্ষে অবস্থান নেবেন।
তথ্যসূত্র: বিবিসি ও আল–জাজিরা
মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে কাতারের আমিরকে ট্রাম্পের ফোন
মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কাতারের আমিরি দিওয়ান এক বিবৃতিতে বলেছে, দেশটির আমিরকে ট্রাম্প ফোন করেছেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির সাম্প্রতিক অগ্রগতি নিয়ে এই ফোনালাপ হয়।
বিবৃতিতে বলা হয়, আলোচনায় সামুদ্রিক নিরাপত্তা ও জ্বালানি বাজারের স্থিতিশীলতা গুরুত্ব পায়। পাশাপাশি বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার বিষয়টিও উঠে আসে। হরমুজ প্রণালিতে চলমান পরিস্থিতির প্রেক্ষাপটও আলোচনায় আসে।
এ সময় আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে না দিতে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন কাতারের আমির।
তথ্যসূত্র: আল–জাজিরা
রাশিয়া ও ইরানের তেলে নিষেধাজ্ঞায় ছাড়ের মেয়াদ আর বাড়াচ্ছে না যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে অস্থিতিশীল হয়ে পড়া জ্বালানি তেলের বৈশ্বিক বাজার নিয়ন্ত্রণে রাশিয়া ও ইরানের জ্বালানি তেলের ওপর থাকা নিষেধাজ্ঞায় সাময়িক ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র। এই ছাড়ের মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বুধবার সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
গত মাসে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছিল, বিশ্ববাজারে জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম ও সরবরাহের ঘাটতি নিয়ে উদ্বেগের কারণে ইতিমধ্যে জাহাজে তোলা হয়েছে, এমন ইরানি তেলের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। এই অনুমতির ফলে ২০ মার্চের আগে জাহাজে তোলা ইরানের অপরিশোধিত তেল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য ১৯ এপ্রিল পর্যন্ত খালাস ও বিক্রি করা যাবে। আর রাশিয়ার ক্ষেত্রে ১১ মার্চের আগে জাহাজে তোলা তেল ১০ এপ্রিল পর্যন্ত খালাস ও বিক্রির অনুমতি ছিল।
হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে বুধবার স্কট বেসেন্ট বলেছেন, ৩০ দিনের এই ছাড় আর বাড়ানো হবে না। রুশ তেলের ওপর থাকা একই ধরনের ছাড়ের মেয়াদ গত সপ্তাহান্তেই শেষ হয়েছে।
স্কট বেসেন্ট জানিয়েছেন, এই ছাড়ের ফলে প্রায় ১৪ কোটি ব্যারেল তেল বিশ্ববাজারে পৌঁছাতে পেরেছিল। এতে যুদ্ধের সময় জ্বালানি সরবরাহের ওপর চাপ কিছুটা কমেছিল।
তথ্যসূত্র: বিবিসি ও দ্য গার্ডিয়ান
ইরানের সঙ্গে চুক্তির ‘সম্ভাবনা নিয়ে আশাবাদী’ হোয়াইট হাউস
ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে ট্রাম্প প্রশাসন আশাবাদী বলে বুধবার জানিয়েছে হোয়াইট হাউস। সেই সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফার সরাসরি আলোচনার স্থান হিসেবে পাকিস্তানের নাম উল্লেখ করা হয়েছে।
পরবর্তী সম্ভাব্য বৈঠক সম্পর্কে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের বলেন, ‘হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত নয়। তবে আমরা একটি চুক্তির সম্ভাবনার বিষয়ে আশাবাদী।’
হোয়াইট হাউসের মুখপাত্র আরও বলেন, মার্কিন প্রতিনিধিদল সম্ভবত আবারও ইসলামাবাদেই ফিরে যাবে, যেখানে গত সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
লেভিট বলেন, ‘খুব সম্ভবত তারা আগের বারের মতো একই স্থানে (পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ) আলোচনায় বসবেন।’
তথ্যসূত্র: সিএনএন
পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক শেষে পরবর্তী আলোচনার বিষয়ে সিদ্ধান্ত: ইরান
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বাধীন প্রতিনিধিদল এবং ইরানি কর্মকর্তাদের মধ্যে বুধবারের বৈঠকের পর ইরান প্রয়োজনীয় পর্যালোচনা চালাবে। এরপরই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফার আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নেবে তেহরান।
ইরানের আধা–সরকারি বার্তা সংস্থা তসনিম নিউজ এজেন্সিকে সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র এ কথা জানিয়েছে।
সূত্রটি আরও বলেছে, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়া ইরানের পরবর্তী আলোচনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটি ‘ইতিবাচক সংকেত’ হিসেবে কাজ করবে।
সূত্রটি জোর দিয়ে বলেছে, ‘যুক্তরাষ্ট্রকে আলোচনার যৌক্তিক কাঠামো মেনে চলতে হবে। অতিরিক্ত কোনো দাবি তোলা বা যুদ্ধবিরতির আগে দেওয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করে আলোচনার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা থেকে তাদের বিরত থাকতে হবে।’
ইরান-যুক্তরাষ্ট্র পরবর্তী দফার আলোচনার পথ সুগম করতে একটি উচ্চপর্যায়ের রাজনৈতিক ও নিরাপত্তা প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে তেহরানে অবস্থান করছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
৮ এপ্রিলের নির্বিচার হামলার ঘটনায় জাতিসংঘে লেবাননের অভিযোগ
লেবাননের বিভিন্ন এলাকায় ৮ এপ্রিল ইসরায়েলের চালানো প্রায় শতাধিক বিমান হামলার ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগ দায়ের করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
রাজধানী বৈরুতের ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোতে কোনো ধরনের পূর্বসতর্কতা ছাড়াই ব্যস্ত সময়ে এসব হামলা চালানো হয়েছিল।
লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এসব হামলা আন্তর্জাতিক আইনের নীতিমালার চরম লঙ্ঘন।’
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওই নির্বিচার হামলা ঘটনায় নিহতের সংখ্যা ৩০৩ জনে পৌঁছেছে। তাঁদের মধ্যে ৩০ শিশু ও ৭১ জন নারী রয়েছেন। এ ছাড়া ওই হামলার ঘটনায় ১ হাজার ১৫০ জন আহত হন।
তথ্যসূত্র: আল-জাজিরা
ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী
যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র্যাচেল রিভস ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে ‘ভুল’ বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, এই যুদ্ধ বিশ্বকে নিরাপদ স্থানে পরিণত করেছে কি না, সে বিষয়ে তিনি ‘নিশ্চিত নন’।
ওয়াশিংটনে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি আয়োজিত এক অনুষ্ঠানে রিভস এসব কথা বলেন।
যুক্তরাজ্যের অর্থমন্ত্রী বলেন, ‘প্রশ্নটি ইরানি সরকারকে আপনি পছন্দ করেন কি না, তা নিয়ে নয়। আমি ব্যক্তিগতভাবে ইরানি সরকারকে খুবই অপছন্দ করি। বরং প্রশ্ন হলো, আপনি যে পরিবর্তনটি চাইছেন, তা কীভাবে অর্জন করবেন।’
রিভস আরও বলেন, ‘কূটনৈতিক পথ খোলা ছিল, যোগাযোগ চলছিল এবং আনুষ্ঠানিক আলোচনাও হচ্ছিল।’
যুক্তরাজ্যের অর্থমন্ত্রী বলেন, ‘সেই আলোচনা বন্ধ করে দিয়ে যুদ্ধে জড়িয়ে পড়া একটি ভুল ছিল। কারণ, আমি মোটেও নিশ্চিত নই যে, কয়েক সপ্তাহ আগের তুলনায় আমরা আজ বেশি নিরাপদ আছি কি না।’
তথ্যসূত্র: বিবিসি
আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্র-ইরান যোগাযোগ চলছে, এখনো চূড়ান্ত হয়নি দিনক্ষণ
দ্বিতীয় দফার আলোচনার বিষয়ে ইরানের সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র। তবে আলোচনার কোনো সময়সূচি এখন পর্যন্ত নির্ধারিত হয়নি। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বিবিসি এ কথা জানিয়েছে।
এ ছাড়া জানা গেছে, যতক্ষণ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনে হবে না যে ইরান চুক্তি করার বিষয়ে আন্তরিক, ততক্ষণ তিনি ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ বহাল রাখতে আগ্রহী।
এদিকে নাম না প্রকাশ করার শর্তে জ্যেষ্ঠ এক মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এখনো কোনো সম্মতি দেয়নি।
ওই কর্মকর্তা বলেন, ‘একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।’
এদিকে ট্রাম্প আগামী দুই দিনের মধ্যে পাকিস্তানে পুনরায় আলোচনা শুরু হতে পারে বলে মন্তব্য করার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দুই পক্ষকে আলোচনার টেবিলে ফেরাতে জোর তৎপরতা চালাচ্ছেন।
তথ্যসূত্র: বিবিসি ও আল-জাজিরা
লেবাননে ‘শিগগিরই’ যুদ্ধবিরতি হতে পারে: হিজবুল্লাহর মুখপাত্র
হিজবুল্লাহর মুখপাত্র ও পার্লামেন্ট সদস্য ইব্রাহিম মুসাবি বলেছে, ইরান ও আঞ্চলিক দেশগুলোর প্রচেষ্টায় লেবাননে ‘শিগগিরই’ একটি যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এ কথা বলা হয়েছে।
এ ছাড়া নাম না প্রকাশের শর্তে লেবাননের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন, লেবাননে যুদ্ধবিরতির প্রচেষ্টা চলছে। তবে এই যুদ্ধবিরতি কখন শুরু হবে বা কতদিন স্থায়ী হবে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তারা দিতে পারেননি।
উভয় কর্মকর্তাই জানিয়েছেন, এই যুদ্ধবিরতির মেয়াদ সম্ভবত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হয়, তার ওপর নির্ভর করবে।
এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলের নতুন দফার হামলায় লেবাননে কমপক্ষে ২ হাজার ১৬৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭ হাজার ৬১ জন।
তথ্যসূত্র: আল-জাজিরা
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পুনরায় আলোচনা শুরুর বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানে পৌঁছেছেন। তাঁর এই সফরের বিষয়টি আল-জাজিরাকে নিশ্চিত করেছে ইরানি সূত্রগুলো।
এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, পাকিস্তানের সেনাপ্রধান একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের একটি বার্তা ইরানের কাছে পৌঁছে দেওয়াই এই সফরের উদ্দেশ্য।
একই সঙ্গে আলোচনা পুনরায় শুরুর উপযুক্ত সময় নির্ধারণ এবং যুদ্ধবিরতি–সংশ্লিষ্ট কিছু অমীমাংসিত বিষয়ে আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে।
ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, লেবাননে যুদ্ধবিরতির শর্তগুলো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এ ছাড়া ইরানের জব্দ করা সম্পদ ছেড়ে দেওয়ার বিষয়টি তেহরানের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ দাবি।
দ্বিতীয় দফার আলোচনায় বসার ক্ষেত্রে এই বিষয়গুলোর সমাধান ইরানিদের কাছে অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ।
তথ্যসূত্র: আল-জাজিরা
ইরান যুদ্ধে জড়াতে চাপের কাছে নতি স্বীকার করব না: স্টারমার
ইরান যুদ্ধে যুক্তরাজ্যের অংশগ্রহণের বিষয়ে আসা কোনো চাপের কাছে ‘নতি স্বীকার’ করবেন না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আজ বুধবার পার্লামেন্টে আইনপ্রণেতাদের উদ্দেশে ভাষণে তিনি এ কথা বলেন।
আগের দিন রাতে এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, গত বছর সম্পাদিত যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তির শর্তাবলি ‘যেকোনো সময় পরিবর্তন করা যেতে পারে’। ট্রাম্পের এমন মন্তব্যের পর স্টারমার এই প্রতিক্রিয়া জানালেন।
পার্লামেন্টে স্টারমার বলেন, ‘এটি আমাদের যুদ্ধ নয়। আমাকে ভিন্ন অবস্থান নেওয়ার জন্য অনেক চাপ দেওয়া হয়েছে এবং গত রাতের ঘটনাও সেই চাপের অংশ ছিল।’
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব না। আমি নতি স্বীকার করব না। এই যুদ্ধে যোগদান আমাদের জাতীয় স্বার্থের অনুকূল নয় এবং আমরা তা করব না। আমি জানি আমার অবস্থান কোথায়।’
তথ্যসূত্র: বিবিসি
যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় অব্যাহত রয়েছে: ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, গত রোববার আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা বিনিময় ‘অব্যাহত’ রয়েছে।
ইসমাইল বাঘেই বলেন, ইরানের অবস্থান ‘সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এবং পরবর্তী যোগাযোগগুলোতেও তা পুনর্ব্যক্ত করা হয়েছে’।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনার ধারাবাহিকতায় ইরান ‘খুব সম্ভবত’ আজ পাকিস্তানের একটি প্রতিনিধিদলকে আতিথেয়তা দেবে। এই সফরে ইরান ও যুক্তরাষ্ট্রের ‘অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা’ অন্তর্ভুক্ত থাকবে।
ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে—যুক্তরাষ্ট্রের এমন দাবি প্রত্যাখ্যান করে ইসমাইল বাঘেই জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ‘শান্তিপূর্ণ’।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ইরানকে তার প্রয়োজন অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার সুযোগ দিতে হবে। তবে সমৃদ্ধকরণের ধরন ও মাত্রা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তথ্যসূত্র: বিবিসি
লোহিত সাগরের বাণিজ্য পথও বন্ধ করে দেওয়ার হুমকি ইরানের
ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর ও ওমান সাগরের পাশাপাশি লোহিত সাগরের বাণিজ্য পথও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টারের প্রধান আলী আবদোল্লাহি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্রের শক্তিশালী সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগর দিয়ে কোনো ধরনের আমদানি-রপ্তানি চলতে দেবে না।’
মার্কিন নৌ অবরোধ যুদ্ধবিরতি লঙ্ঘনের সূচনা মন্তব্য করে ওই কর্মকর্তা আরও বলেন, ইরান তার জাতীয় সার্বভৌমত্ব এবং স্বার্থ রক্ষায় চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবে।
তথ্যসূত্র: আল-জাজিরা
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে ইরানকে অস্ত্র সরবরাহ না করতে বলেছেন। জবাবে সি জানিয়েছেন, তিনি এমন কিছু করছেন না।
ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ‘আমি শুনেছিলাম চীন ইরানকে অস্ত্র দিচ্ছে—অর্থাৎ, আপনারা সব জায়গাতেই এমনটা দেখতে পাচ্ছেন।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি তাঁকে (সি চিন পিং) চিঠি লিখে এমনটা না করতে বলেছিলাম। তিনি আমাকে ফিরতি চিঠিতে জানিয়েছেন, নিশ্চিতভাবে তিনি এমন কিছু করছেন না।’
মার্কিন সংবাদমাধ্যমগুলো এর আগে জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যে চীন ইরানকে উন্নত অস্ত্রশস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
তথ্যসূত্র: আল-জাজিরা
আত্মসমর্পণে বাধ্য করার যুক্তরাষ্ট্রের চেষ্টা সফল হবে না: পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন যে, ইরান যুদ্ধ নয়, বরং আলোচনা চায়। দেশটির বার্তা সংস্থা ইরনা এ কথা জানিয়েছে।
তবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান হুঁশিয়ার করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তাঁদের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় বা আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করে, তবে তা সফল হবে না।
বেসামরিক মানুষ, শিশু এবং স্কুল-হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর যৌক্তিকতা নিয়েও ইরানের প্রেসিডেন্ট প্রশ্ন তুলেছেন।
ইরানি জাহাজের হরমুজ অতিক্রম
এদিকে মার্কিন নিষেধাজ্ঞা ও হরমুজ প্রণালি অবরোধ উপেক্ষা করেই ইরানের একটি বিশাল তেলবাহী জাহাজ (সুপার ট্যাংকার) এ জলপথ অতিক্রম করে ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে গেছে। ইরানের ফার্স নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।
জাহাজটির প্রায় ২০ লাখ ব্যারেল তেল পরিবহনের সক্ষমতা রয়েছে। তবে এটি বর্তমানে তেলভর্তি নাকি খালি অবস্থায় ফিরেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের সরাসরি বাধা ও অবরোধ থাকা সত্ত্বেও এ ঘটনা ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।
তথ্যসূত্র: আল–জাজিরা
সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হওয়ার মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শাহবাজ শরিফ আজ বুধবার জেদ্দার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে সৌদি আরবের নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের পর কাতার যাবেন তিনি। কাতারে দ্বিপক্ষীয় সহযোগিতা এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে তিনি আলোচনা করবেন।
এদিকে তুরস্কে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করার এবং পঞ্চম আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নেওয়ার কথা রয়েছে শাহবাজ শরিফের।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক বিবৃতিতে বলেছেন, এই সফর শান্তি প্রচেষ্টাকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে।
পাকিস্তান বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অভাবনীয় মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে। গত শনিবার তাদের আয়োজনেই দেশ দুটির মধ্যে প্রথম সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়।
যদিও কোনো চুক্তি হয়নি, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও আলোচনার সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। গতকাল মঙ্গলবার তিনি নিউইয়র্ক পোস্টকে বলেন, আগামী দুই দিনের মধ্যে পাকিস্তানে ‘কিছু একটা ঘটতে পারে’।
শরিফের এ বিদেশ সফর সম্ভাব্য সেই আলোচনার সময়ে কোনো প্রভাব ফেলবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তিনি আগামী শনিবার ইসলামাবাদে ফিরবেন।
তথ্যসূত্র: সিএনএন
যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা নাকচ করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা ভাবছেন না। ‘যুদ্ধ শেষের দিকে’ আসায় একটি সমঝোতামূলক চুক্তিকেই তিনি ‘সেরা বিকল্প’ হিসেবে বর্ণনা করেছেন।
এবিসি নিউজের একজন সংবাদদাতার সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, ‘আমি যুদ্ধবিরতি বৃদ্ধির কথা ভাবছি না। এমনকি আমি এটাকে প্রয়োজনীয়ও মনে করি না। আপনারা সামনে দুটি চমৎকার দিন দেখতে যাচ্ছেন।’
ট্রাম্প আরও বলেন, একটি চুক্তি হলে তা ইরানকে পুনর্গঠনের সুযোগ দেবে। দেশটির শাসনব্যবস্থার মধ্যে পরিবর্তন আনার দাবিও করেন তিনি।
‘যা–ই হোক না কেন, আমরা চরমপন্থীদের সরিয়ে দিয়েছি’ উল্লেখ করে ট্রাম্প বলেন, আলোচনা চললেও যুদ্ধ এখন ‘শেষের কাছাকাছি’।
সূত্র: মিডল ইস্ট আই
মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু বানাতে চীনের গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করেছে ইরান: ফাইন্যান্সিয়াল টাইমস
ইরান গোপনে একটি চীনা গোয়েন্দা স্যাটেলাইট সংগ্রহ করেছে। এর মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা যুদ্ধে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু বানানোর এক নতুন সক্ষমতা অর্জন করেছে দেশটি।
ফাইন্যান্সিয়াল টাইমস (এফটি) আজ বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনটিতে ফাঁস হওয়া ইরানি সামরিক নথির বরাতে বলা হয়েছে, ‘টিইই–০১বি’ নামের এই স্যাটেলাইট চীনা কোম্পানি ‘আর্থ আই’ তৈরি ও উৎক্ষেপণ করেছিল।
চীন স্যাটেলাইটটি মহাকাশে পাঠানোর পর ২০২৪ সালের শেষের দিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স এর নিয়ন্ত্রণ নেয়।
পত্রিকাটি আরও বলেছে, ইরানি সামরিক কমান্ডাররা এই স্যাটেলাইটকে গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাগুলো পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছিলেন। গত মার্চে ওইসব স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগে এবং পরে এ স্যাটেলাইট থেকেই ছবি তোলা হয়েছিল।
প্রতিবেদন অনুযায়ী, চুক্তির অংশ হিসেবে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর বেইজিংভিত্তিক কোম্পানি ‘এমপোস্যাট’-এর গ্রাউন্ড স্টেশনগুলো ব্যবহারের সুযোগ পেয়েছে। এর মাধ্যমে তারা এশিয়া ও লাতিন আমেরিকাসহ বিভিন্ন অঞ্চল থেকে স্যাটেলাইটের তথ্য সংগ্রহ করতে পারছে।
তবে রয়টার্স এ খবরের সত্যতা যাচাই করতে পারেনি। হোয়াইট হাউস, সিআইএ, পেন্টাগন কিংবা চীনের কোনো দপ্তরই এ নিয়ে এখনো মুখ খোলেনি। এমনকি সংশ্লিষ্ট কোম্পানিগুলোও কোনো মন্তব্য করেনি।
এমপোস্যাটের সঙ্গে আইআরজিসির সম্পর্ক নিয়ে হোয়াইট হাউস সরাসরি কিছু বলেনি। তবে এ খবর ট্রাম্পের সেই হুঁশিয়ারির কথা মনে করিয়ে দিয়েছে, যেখানে তিনি বলেছিলেন, ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিলে চীনের ‘বড় সমস্যা’ হবে। এদিকে, চীনা দূতাবাস একে ‘বানোয়াট অপপ্রচার’ বলে উড়িয়ে দিয়েছে।
তথ্য বলছে, ১৩-১৫ মার্চ ওই স্যাটেলাইট সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটির ছবি তুলেছিল এবং ১৪ মার্চ ট্রাম্প সেখানে মার্কিন বিমান আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন। এছাড়াও জর্ডান, বাহরাইন ও ইরাকের মার্কিন ঘাঁটিগুলোর ওপরও ঠিক হামলার সময়েই নজরদারি চালিয়েছিল এই স্যাটেলাইট।
তথ্যসূত্র: রয়টার্স ও মিডল ইস্ট আই
ইরানকে অস্ত্র সরবরাহের অভিযোগ: ট্রাম্পের হুমকির জবাবে চীনের পাল্টা হুঁশিয়ারি
ইরানকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের যে হুমকি দিয়েছেন, তার জবাবে গতকাল মঙ্গলবার চীন ‘পাল্টা ব্যবস্থা’ নেওয়ার ঘোষণা দিয়েছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি একে অজুহাত হিসেবে ব্যবহার করে চীনের ওপর অতিরিক্ত শুল্ক চাপাতে চায়, তবে চীন অবশ্যই এর দাঁতভাঙা জবাব দেবে।’
মুখপাত্র আরও বলেন, চীন ইরানকে অস্ত্র সরবরাহ করছে বলে যে খবর রটেছে, তা ‘পুরোপুরি বানোয়াট’।
তথ্যসূত্র: গালফ নিউজ
লেবাননে ইসরায়েলি হামলায় সাড়ে ৩ লাখেরও বেশি শিশু বাস্তুচ্যূত
ইসরায়েলি বাহিনীর হামলার মুখে দক্ষিণ লেবাননের বাড়িঘর ছেড়ে হাজার হাজার শিশু পালিয়ে আসতে বাধ্য হয়েছে। জাতিসংঘের তথ্যমতে, গত মার্চ মাস থেকে এ পর্যন্ত দেশটিতে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাঁদের মধ্যে সাড়ে ৩ লাখের বেশি শিশু।
দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় ৫ জন নিহত
দক্ষিণ লেবাননের আনসারিয়াহ শহরে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ (ন্যাশনাল নিউজ এজেন্সি) এ তথ্য জানিয়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরান সংশ্লিষ্ট ৮টি তেলবাহী জাহাজকে ফেরত পাঠাল মার্কিন নৌবাহিনী
ইরানের বন্দরগুলো ছেড়ে আসা এবং সেখানে প্রবেশের চেষ্টাকারী অন্তত আটটি তেলবাহী জাহাজকে গতিরোধ করে ফেরত পাঠিয়েছে মার্কিন নৌবাহিনী।
গত সোমবার থেকে শুরু হওয়া হরমুজ প্রণালি অবরোধের এ মার্কিন অভিযানে জাহাজগুলোকে ফিরে যেতে বাধ্য করা হয়। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি ক্ষেত্রেই মার্কিন নৌবাহিনীর সদস্যরা রেডিওর মাধ্যমে জাহাজগুলোর ক্রুদের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁদের গতিপথ পরিবর্তন করে ফিরে যাওয়ার নির্দেশ দেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মার্কিন বাহিনীর নির্দেশ পাওয়ামাত্র সবকয়টি ট্যাংকার বা তেলবাহী জাহাজ তা মেনে নিয়েছে। ফলে কোনো জাহাজেই তল্লাশি চালানোর জন্য ওঠার (বোর্ডিং) প্রয়োজন পড়েনি।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরান যুদ্ধ ‘শেষ হওয়ার পথে’, বললেন ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন।
সম্প্রচারিত সাক্ষাৎকারের একটি অংশে ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘আমার মনে হয়, এটি (যুদ্ধ) শেষের খুব কাছাকাছি পৌঁছেছে, হ্যাঁ।’
নিজের বক্তব্যের ওপর জোর দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি মনে করি, এটি শেষ হওয়ার একদম দ্বারপ্রান্তে রয়েছে।’
তথ্যসূত্র: আল–জাজিরা
সমুদ্রপথে ইরানের সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে, দাবি যুক্তরাষ্ট্রের
ইরানের বন্দরগুলো দিয়ে সমুদ্রপথে সব ধরনের অর্থনৈতিক লেনদেন ও বাণিজ্য বন্ধ করে দেওয়ার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ ‘পুরোপুরি কার্যকর’ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে অ্যাডমিরাল কুপার বলেন, ‘ইরানের অর্থনীতির প্রায় ৯০ শতাংশ সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্যের ওপর নির্ভরশীল। অবরোধ আরোপের মাত্র ৩৬ ঘণ্টারও কম সময়ের মধ্যে মার্কিন বাহিনী সমুদ্রপথে ইরানের ভেতরে ও বাইরে সব ধরনের অর্থনৈতিক বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে সক্ষম হয়েছে।’
Statement from Adm. Brad Cooper, CENTCOM commander: pic.twitter.com/dJxKJcEcmO
— U.S. Central Command (@CENTCOM) April 15, 2026
সেন্টকমের প্রধান আরও দাবি করেন, মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় বর্তমানে মার্কিন বাহিনীর একচ্ছত্র আধিপত্য বজায় রয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, ইরানের উপকূলীয় এলাকা বা বন্দরগুলোতে যেকোনো দেশের জাহাজ প্রবেশ বা বের হওয়ার ক্ষেত্রে এ অবরোধ কঠোরভাবে ও নিরপেক্ষভাবে কার্যকর করা হবে।
ইরানের ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করতে এবং দেশটির পারমাণবিক কর্মসূচিসহ অন্যান্য ইস্যুতে সমঝোতায় বাধ্য করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরানের বন্দরে মার্কিন অবরোধ সব দেশের জাহাজের জন্য প্রযোজ্য: যুক্তরাষ্ট্র
ইরানের বন্দরগুলোতে আরোপিত মার্কিন নৌ-অবরোধ সব দেশের জাহাজের ক্ষেত্রে সমানভাবে প্রযোগ করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সংস্থাটি বলেছে, ইরানের উপকূলীয় এলাকা বা বন্দরে প্রবেশকারী কিংবা সেখান থেকে বের হওয়া যেকোনো দেশের জাহাজের বিরুদ্ধে এ অবরোধ ‘নিরপেক্ষভাবে কার্যকর’ করা হচ্ছে।
সেন্টকম জানায়, অবরোধ কার্যকর করতে মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়েছে।
বিবৃতিতে সেন্টকম বলেছে, ‘একটি সাধারণ ডেস্ট্রয়ারে ৩০০-এরও বেশি নৌসেনা থাকেন, যাঁরা আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সামুদ্রিক অভিযান পরিচালনায় উচ্চ প্রশিক্ষিত।’
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরানি তেল বিক্রির অনুমতির মেয়াদ বাড়াবে না যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, তেহরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের কৌশলের অংশ হিসেবে ‘সমুদ্রে আটকা পড়ে থাকা ইরানি তেল বিক্রির যে স্বল্পমেয়াদী অনুমতি দেওয়া হয়েছিল, তার মেয়াদ আর বাড়ানো হবে না।’
তথ্যসূত্র: আল–জাজিরা
ইসরায়েল ও লেবানন পরবর্তী আলোচনায় বসতে সম্মত
গত মঙ্গলবার ওয়াশিংটনে সরাসরি আলোচনার পর ইসরায়েল ও লেবানন ‘উভয় পক্ষের সম্মতিতে নির্ধারিত সময়ে ও স্থানে’ পরবর্তী দফার বৈঠকে বসতে সম্মত হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্রের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, কয়েক দশকের মধ্যে দুই দেশের মধ্যকার প্রথম এই সরাসরি আলোচনায় যুক্তরাষ্ট্র আশা প্রকাশ করেছে যে, এই সংলাপ ২০২৪ সালের চুক্তির পরিধি ছাড়িয়ে একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তিতে রূপ নেবে।
যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে যে, শত্রুতা অবসানের যেকোনো চুক্তি অবশ্যই দুই দেশের সরকারের মধ্যে হতে হবে এবং সেখানে যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতাকারী হিসেবে থাকতে হবে; অন্য কোনো পথে পৃথকভাবে আলোচনা করা যাবে না।
বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলেছে যে, এই আলোচনার মাধ্যমে লেবাননের জন্য বড় ধরনের পুনর্গঠন সহায়তা ও অর্থনৈতিক পুনরুদ্ধারের পথ খুলে যেতে পারে এবং উভয় দেশের জন্য বিনিয়োগের সুযোগ সম্প্রসারিত হতে পারে।
ইসরায়েল পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সব অমীমাংসিত ইস্যু সমাধান করতে এবং অঞ্চলে নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে টেকসই শান্তি অর্জনে সরাসরি আলোচনা চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
অন্যদিকে লেবানন ২০২৪ সালের নভেম্বরে ঘোষিত শত্রুতা অবসানের চুক্তির পূর্ণ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছে। তারা দেশের আঞ্চলিক অখণ্ডতা ও পূর্ণ রাষ্ট্রীয় সার্বভৌমত্বের নীতিগুলো তুলে ধরার পাশাপাশি অবিলম্বে যুদ্ধবিরতি এবং চলমান সংঘাতের ফলে সৃষ্ট চরম মানবিক সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
তথ্যসূত্র: সিএনএন
দ্বিতীয় দফার বৈঠকেও নেতৃত্বে থাকছেন জেডি ভ্যান্স
আগামী সপ্তাহে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে ইরানের কর্মকর্তাদের সঙ্গে যদি দ্বিতীয় দফায় সরাসরি আলোচনার সুযোগ তৈরি হয়, তবে সেখানেও মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আলোচনার বিষয়ে অবগত একাধিক সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে।
সূত্রগুলো আরও জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তাঁর জামাতা জ্যারেড কুশনারও এই সম্ভাব্য বৈঠকে উপস্থিত থাকতে পারেন। যুদ্ধ শুরুর আগে থেকেই কুশনার কূটনৈতিক আলোচনার নেতৃত্ব দিয়ে আসছিলেন।
সংশ্লিষ্ট সূত্রমতে, ইরান যুদ্ধ থেকে উত্তরণে একটি কূটনৈতিক পথ খুঁজে বের করার দায়িত্ব নিজের শীর্ষ এই তিন উপদেষ্টাকেই দিয়েছেন ট্রাম্প এবং তাঁদের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। গত শনিবারের সেই ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠকের পর থেকেই একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইরানি পক্ষ এবং মধ্যস্থতাকারীদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখছেন।
তথ্যসূত্র: সিএনএন
ইরানের সঙ্গে বৈঠক নিয়ে আলোচনায় মার্কিন কর্মকর্তারা
আগামী ২১ এপ্রিল যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই তেহরানের সঙ্গে সরাসরি আরও একটি বৈঠকের বিষয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা অভ্যন্তরীণ আলোচনা চালিয়ে যাচ্ছেন। আলোচনার বিষয়ে অবগত একটি সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
যুক্তরাষ্ট্র ও ইরান পুনরায় আলোচনার টেবিলে ফেরার চেষ্টার মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী দুই দিনের মধ্যে পাকিস্তানে ‘কিছু একটা ঘটতে পারে’।
গত সপ্তাহে ইসলামাবাদে দুই দেশের কর্মকর্তারা বৈঠকে বসেছিলেন। তবে ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনার পরও যুদ্ধ বন্ধে কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি দুই দেশের প্রতিনিধি দল।
তথ্যসূত্র: সিএনএন
যুক্তরাষ্ট্রকে ছাড়াই হরমুজ সচল করার পরিকল্পনা ইউরোপের
হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইউরোপের দেশগুলো একটি বড় জোট গঠনের পরিকল্পনা করছে।
যুদ্ধ পরবর্তী সময়ে এ পরিকল্পনা কার্যকর করবে ইউরোপের দেশগুলো। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা আবার শুরুর ‘প্রবল সম্ভাবনা’ দেখছেন গুতেরেস
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু হওয়ার ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে। এ ছাড়া মাঠ পর্যায়ের পরিস্থিতির উন্নয়নে ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান আলোচনাকে ‘খুবই গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেন তিনি।
নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাংবাদিকদের গুতেরেস এসব কথা বলেন। তিনি বলেন, ‘সারা বিশ্বে এবং বিশেষভাবে মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক আইনকে পদদলিত করা হচ্ছে। শক্তি প্রয়োগের নিয়মগুলো উপেক্ষা করা হচ্ছে।’
মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘এই সংকটের কোনো সামরিক সমাধান নেই।’ তিনি জোর দিয়ে বলেন, ‘জোরালো সদিচ্ছা নিয়ে অবশ্যই আলোচনা পুনরায় শুরু করতে হবে, একইসঙ্গে যেকোনো যুদ্ধবিরতি অবশ্যই রক্ষা করতে হবে।’
তথ্যসূত্র: আল-জাজিরা
ইরান যুদ্ধ নিয়ে মেলোনির ‘সাহসের অভাব’ আছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ইরান যুদ্ধ নিয়ে ‘সাহসের অভাব’ রয়েছে। ইতালির একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি তাঁর আচরণে স্তম্ভিত। আমি ভেবেছিলাম তাঁর সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম।’ তিনি আরও বলেন, মেলোনি মনে করেন আমেরিকার উচিত তাঁর হয়ে সব কাজ করে দেওয়া।
পোপ লিও সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টের করা মন্তব্যকে মেলোনি ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করার পর ট্রাম্প এই সমালোচনা করলেন।
মেলোনির মন্তব্যের জবাবে ট্রাম্প বলেন, ‘তিনিই (মেলোনি) বরং অগ্রহণযোগ্য। কারণ, ইরান পারমাণবিক অস্ত্র পেল কি না তাতে তাঁর কিছু যায় আসে না। সুযোগ পেলে তারা (ইরান) দুই মিনিটে ইতালিকে উড়িয়ে দেবে।’
তথ্যসূত্র: বিবিসি
‘আগামী দুই দিনের মধ্যে’ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র–ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ‘আগামী দুই দিনের মধ্যে’ পুনরায় শুরু হতে পারে বলে নিউইয়র্ক পোস্টকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সংবাদপত্রটিকে ট্রাম্প বলেন, ‘আগামী দুই দিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে। আমরা সেখানে (পাকিস্তান) যাওয়ার ব্যাপারে বেশি আগ্রহী।’
এর আগে পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফসহ অন্যদের মধ্যে সপ্তাহান্তে এক বৈঠক হয়। তবে সেই আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছিল।
আজ মঙ্গলবার দিনের শুরুতে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, তেহরান ও পাকিস্তানের মধ্যে বার্তা বিনিময় হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী আলোচনার বিষয়ে একমত হওয়ার ‘কোনো তথ্য নেই’।
তথ্যসূত্র: বিবিসি
যুক্তরাষ্ট্র-ইরানের নতুন বৈঠকের ভেন্যু হিসেবে আলোচনায় দুই শহর
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফার আলোচনার জন্য এখন পর্যন্ত দুটি স্থানের নাম আলোচনায় রয়েছে—পাকিস্তানের ইসলামাবাদ ও তুরস্কের ইস্তাম্বুল। প্রথম দফার আলোচনা হয়েছিল ইসলামাবাদে।
পরবর্তী পদক্ষেপের বিষয়ে ইরানি কর্মকর্তাদের কাছ থেকে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে সূত্রগুলো থেকে জানা যাচ্ছে, বেশ কিছু বিষয়ে সমঝোতায় পৌঁছানোর সুযোগ রয়েছে।
এর মধ্যে একটি হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যু। গণমাধ্যমে যা প্রচার হচ্ছে তা হলো—যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়া ২০ বছর স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে, অন্যদিকে ইরান পাঁচ বছরের প্রস্তাব দিয়েছে। যেভাবেই হোক, এই পর্যায়ে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো হরমুজ প্রণালি ব্যবস্থাপনা এবং এই সমুদ্রপথের ভবিষ্যৎ। ইরানের নতুন সর্বোচ্চ নেতা স্পষ্ট করে দিয়েছেন, এই প্রণালির ভবিষ্যৎ আগের চেয়ে ভিন্ন হবে।
এরপর রয়েছে ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়টি, যার পরিমাণ ৪৫০ কেজির বেশি। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, এটি ইরানের ধ্বংসপ্রাপ্ত একটি পারমাণবিক কেন্দ্রে চাপা পড়ে আছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হতে পারে অথবা এর মাত্রা কমিয়ে ৩ শতাংশের নিচে নিয়ে আসা হতে পারে।
তথ্যসূত্র: আল-জাজিরা
লেবানন-ইসরায়েলকে আলোচনার ‘সুযোগ কাজে লাগানোর’ আহ্বান ১৮ দেশের
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠেয় আলোচনার আগে ইসরায়েল ও লেবাননকে ‘এই সুযোগ কাজে লাগানোর’ আহ্বান জানিয়েছেন ১৮টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে।
বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, ‘সরাসরি আলোচনা লেবানন ও ইসরায়েলের পাশাপাশি এই অঞ্চলে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার পথ সুগম করতে পারে।’
বিবৃতি দেওয়া দেশগুলো হলো অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, গ্রিস, আইসল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন ও যুক্তরাজ্য।
লেবাননে ইসরায়েলি হামলার মুখে যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে ওয়াশিংটনে নতুন করে শুরু হওয়া কূটনৈতিক তৎপরতার মধ্যে এই বিবৃতি এসেছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সরাসরি আলোচনায় অংশ নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার এবং লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ।
আলোচনা শুরুর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই কূটনীতিকের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র: আল-জাজিরা ও সিএনএন
হিজবুল্লাহর হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত, তিনজনের অবস্থা গুরুতর
দক্ষিণ লেবাননের বিনত জেবেইল এলাকায় সোমবার রাতে এক ড্রোন হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত হয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা এ কথা জানিয়েছে। তবে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী ওই ঘটনায় ১০ সেনা আহত হন।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, রাতভর বিনত জেবেইল শহরে হিজবুল্লাহর বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে ১০ সেনা আহত হন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। একজনের অবস্থা মাঝারি আর বাকি ছয়জন সামান্য আঘাত পেয়েছেন।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, প্যারাট্রুপার ব্রিগেডের এই সেনাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।
হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বিনত জেবেইল শহরটি গত কয়েক দিন ধরে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের মূল কেন্দ্রে রয়েছে।
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নবায়ন স্থগিত করল ইতালি
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসরায়েলের সঙ্গে তাঁর দেশের প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার ঘোষণা দিয়েছেন। স্থানীয় সংবাদ সংস্থাগুলোর বরাত দিয়ে এ কথা জানানো হয়েছে।
মঙ্গলবার ভেরোনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেলোনি এ সিদ্ধান্তের কথা জানান। তিনি আরও বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ‘সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা’ অবশ্যই চালাতে হবে।
২০০৩ সালে ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির অধীনে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছিল, যা প্রতিরক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতার পথ সুগম করেছিল। ২০০৫ সালে ইতালি এটি অনুমোদন করে এবং প্রতি পাঁচ বছর অন্তর চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে আসছিল।
তথ্যসূত্র: বিবিসি ও টাইমস অব ইসরায়েল
হরমুজ প্রণালি অবরুদ্ধ করা থেকে সরে যেতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব
হরমুজ প্রণালি অবরুদ্ধ করা থেকে সরে গিয়ে আলোচনার টেবিলে ফেরার জন্য যুক্তরাষ্ট্রকে ‘চাপ দিচ্ছে’ সৌদি আরব। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের আশঙ্কা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি অবরুদ্ধ করার যে পদক্ষেপ নিয়েছেন, তাতে ইরানের সঙ্গে উত্তেজনা আরও বাড়তে পারে ও জাহাজে পণ্য পরিবহনের অন্যান্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বা জাহাজ চলাচলে বিঘ্ন ঘটতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা শুরু করলে তেহরানও পাল্টা জবাব দেয়। এরপর থেকে হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রেখেছে ইরান।
ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বাধ্য করতে ট্রাম্প ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ আরোপের ঘোষণা করেন। গতকাল সোমবার থেকে ট্রাম্পের অবরোধ শুরু হয়েছে।
আরব কর্মকর্তারা বলেন, সৌদি আরব সতর্ক করে বলেছে, এর পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দিতে পারে।
বাব আল–মান্দেব লোহিত সাগরের একটি গুরুত্বপূর্ণ সংকীর্ণ পথ। সৌদি আরবের তেল রপ্তানিতে এ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল
ইরানের বন্দর অবরোধ যুক্তরাষ্ট্রের বিপজ্জনক পদক্ষেপ: চীন
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেছেন, হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র যেভাবে সামরিক তৎপরতা বৃদ্ধি ও ইরানের বন্দর অবরোধের পদক্ষেপ নিয়েছে, তাতে শুধু উত্তেজনাই বাড়বে এবং আগে থেকেই নাজুক যুদ্ধবিরতি চুক্তিকে আরও দুর্বল করবে।
এক সংবাদ সম্মেলনে গুয়ো জিয়াকুন আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের নিরাপত্তাকে আরও ঝুঁকির মুখে ফেলেছে।’ তিনি যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ’ বলে উল্লেখ করেন।
গতকাল সোমবার থেকে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধ শুরু হয়েছে।
এরই মধ্যে আজ মার্কিন নৌবাহিনীর অবরোধ উপেক্ষা করে চীনের একটি ট্যাংকার হরমুজ পার হয়েছে। জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য প্রদানকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’ ও ‘কেপলার’-এর তথ্যে বিষয়টি উঠে এসেছে।
সূত্র: আল–জাজিরা ও মিডল ইস্ট আই
মার্চ–এপ্রিলে সন্তোষজনক তেল বিক্রি করেছে ইরান: তেহরান
ইরানের তেলমন্ত্রী মহসেন পাকনেজাদ বলেছেন, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত তাঁর দেশ সন্তোষজনক হারে জ্বালানি তেল বিক্রি করেছে।
ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিকে পাকনেজাদ বলেন, অর্জিত আয়ের একটি অংশ যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত তেল শিল্প পুনর্গঠনে ব্যবহার করা উচিত।
গত মাসে তেলমন্ত্রী জানিয়েছিলেন, বর্তমানে ইরানি অপরিশোধিত জ্বালানি তেলের বিক্রয়মূল্য উল্লেখযোগ্য হারে বেড়েছে।
সূত্র: আল–জাজিরা
উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সম্মান জানাতে বললেন সি চিন পিং
মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চার দফা প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে এক বৈঠকে সি এ প্রস্তাব তুলে ধরেন। সিনহুয়া জানায়, প্রস্তাবে শান্তিপূর্ণ সহাবস্থান, জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের শাসনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায়, সি চিন পিং বলেছেন, ‘উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতাকে আন্তরিকভাবে সম্মান জানানো উচিত।’
সূত্র: আল–জাজিরা
যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী বৈঠক হতে পারে বৃহস্পতিবারই
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে শিগগিরই। আগামী বৃহস্পতিবারের মধ্যেই এ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
মার্কিন কর্মকর্তা এবং মধ্যস্থতাকারী একটি দেশের এক কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
কর্মকর্তারা বলছেন, দুই পক্ষই আলোচনা আবার শুরু করার ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে। তবে বৈঠকের স্থান এখনো চূড়ান্ত হয়নি।
বৈঠকের জন্য আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কথা ভাবা হচ্ছে। পাশাপাশি সুইজারল্যান্ডের জেনেভাও একটি শক্তিশালী বিকল্প হিসেবে আলোচনায় উঠে এসেছে।
রয়টার্স জানিয়েছে, ইসলামাবাদ বৈঠকের পর থেকে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। পাকিস্তান এক্ষেত্রে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তার আদান-প্রদান করছে।
সূত্র: মিডল ইস্ট আই
যুক্তরাষ্ট্রের অবরোধের তোয়াক্কা না করে হরমুজ প্রণালি পার হলো চীনের জাহাজ
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা একটি চীনের ট্যাংকার হরমুজ প্রণালি পার হয়েছে। মার্কিন নৌবাহিনীর দেওয়া অবরোধ উপেক্ষা করেই জাহাজটি এ সমুদ্রপথ অতিক্রম করেছে।
জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য প্রদানকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’ ও ‘কেপলার’-এর তথ্যে বিষয়টি উঠে এসেছে।
হরমুজ প্রণালির অবরোধ শুরু হওয়ার পর এ প্রথম উপসাগরীয় এলাকা থেকে কোনো ট্যাংকার বের হওয়ার খবর পাওয়া গেল। জাহাজটির নাম ‘রিচ স্টারি’।
জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, মাঝারি আকারের জাহাজটি ‘সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেড’-এর মালিকানাধীন। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল মিথানল নিয়ে যাচ্ছিল।
উল্লেখ্য, গত রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করা সব জাহাজের ওপর অবরোধ দেওয়া শুরু করবে।
ট্রাম্প আরও বলেন, ‘ইরানকে কোনো না কোনোভাবে অর্থ পরিশোধ করা জাহাজগুলো আন্তর্জাতিক জলসীমায় চিহ্নিত করে আটকাতে আমি আমাদের নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি। অবৈধ টোল পরিশোধ করা কেউই সমুদ্রে নিরাপদে চলাচল করতে পারবে না।’
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছে, গতকাল সোমবার সকাল ১০টা (ইস্টার্ন টাইম) থেকে অবরোধ কার্যকর হচ্ছে। এর মধ্যে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের ইরানি বন্দরও অন্তর্ভুক্ত থাকবে।
সূত্র: মিডল ইস্ট আই
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের প্রস্তাব দিয়েছে পাকিস্তান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার জন্য পাকিস্তান নতুন একটি প্রস্তাব দিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে এবং দুই সপ্তাহের চলমান যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই এ বৈঠক আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। পাকিস্তানের দুজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই দুই কর্মকর্তা বলেন, ইসলামাবাদে এই বৈঠক হওয়ার সম্ভাবনা থাকলেও তা নির্ভর করছে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর। তারা যদি অন্য কোনো স্থানে বসার অনুরোধ জানায়, তবে স্থান পরিবর্তন হতে পারে। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় তাঁরা নাম প্রকাশ করেননি।
একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রথম দফার আলোচনা থেকে কোনো চূড়ান্ত চুক্তি আসেনি। তবে এটি কোনো বিচ্ছিন্ন উদ্যোগ নয়, বরং চলমান কূটনৈতিক প্রক্রিয়ার একটি অংশ।
সূত্র: গালফ নিউজ
পারমাণবিক কার্যক্রম ৫ বছর স্থগিত রাখার প্রস্তাব ইরানের
ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পাঁচ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে তারা এ প্রস্তাব দেয়। নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ওই বৈঠকে ২০ বছরের জন্য কার্যক্রম স্থগিত রাখার দাবি জানিয়েছিল।
ইরানি ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ট্রাম্প প্রশাসন ইরানের ৫ বছরের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
প্রতিবেদনটি তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
নিউইয়র্ক টাইমস জানায়, ইসলামাবাদে আলোচনার সময় ইরান ও যুক্তরাষ্ট্র নিজেদের প্রস্তাব বিনিময় করে। তবে এ স্থগিতাদেশের মেয়াদ কতদিন হবে, তা নিয়ে দুই দেশের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনায় মতপার্থক্য থাকলেও শান্তি চুক্তিতে পৌঁছানোর একটি পথ তৈরি হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। এমন পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ শুরু করেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
ইরান ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ করছে, নমনীয় হতে হবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়ে ইরানের বর্তমান সরকার ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ করছে বলে অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সেই সঙ্গে তিনি ইরানের প্রতি ‘নমনীয় হওয়ার’ আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের ব্রেট বেয়ারের সঙ্গে আলাপে জেডি ভ্যান্স সরাসরি বলেন, ‘(যুক্তরাষ্ট্রের) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখিয়ে দিয়েছেন, এ খেলায় দুপক্ষই অংশ নিতে পারে। যদি ইরানিরা অর্থনৈতিক সন্ত্রাসবাদে জড়িত থাকে, তাহলে যুক্তরাষ্ট্রও এই নীতি মেনে চলবে যে—কোনো ইরানি জাহাজ দেশ ছাড়তে পারবে না।’
“We've made clear that we absolutely need to see the nuclear material come out of the country of Iran...the ball is in the Iranians' court because we put a lot on the table.” — VP Vance pic.twitter.com/s4Ki2HqL4U
— Vice President JD Vance (@VP) April 14, 2026
ইরানের সঙ্গে সপ্তাহান্তের আলোচনার বিষয়েও কথা বলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘বেশকিছু অগ্রগতি হয়েছে। বল এখন ইরানের কোর্টে।’
জেডি ভ্যান্স হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ইরানকে নমনীয় হতে হবে এবং যুক্তরাষ্ট্রের দাবি করা ‘গুরুত্বপূর্ণ বিষয়গুলো’ মেনে নিতে হবে। খবর বিবিসির।
ইরান যুদ্ধের সংবাদ পরিবেশনা নিয়ে মার্কিন সংবাদমাধ্যমের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ পরিবেশনার জেরে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের ওপর ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি পত্রিকাটিকে ‘দুর্নীতিগ্রস্ত’ ও ‘ভুয়া খবর’ পরিবেশনকারী হিসেবে অভিহিত করেছেন।
ট্রাম্প লিখেছেন, ‘যারা এখনো নিউইয়র্ক টাইমস পড়েন, তারা পত্রিকাটির খবর দেখে ভাববেন ইরান বোধহয় যুদ্ধে জিতছে বা বেশ ভালো করছে। অথচ বাস্তবতা হলো, ইরান সামরিক ও অন্যান্য সব দিক দিয়ে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে।’
পত্রিকাটিকে ‘দুর্নীতিগ্রস্ত’ আখ্যা দিয়ে ট্রাম্প আরও বলেন, ‘নিউইয়র্ক টাইমস জানে যে এগুলো ভুয়া খবর। আমার, আমার সমর্থক এবং আমাদের দেশের বিরুদ্ধে মিথ্যাচার ও জঘন্য কাজের জন্য এই সংবাদমাধ্যমটি কবে ক্ষমা চাইবে?’
ট্রাম্প আরও বলেন, ‘তাদের কি কোনো লজ্জা নেই? কোনো সৌজন্যবোধ নেই?’
সূত্র: আল–জাজিরা।
পোপকে নিয়ে ট্রাম্পের মন্তব্য ‘অগ্রহণযোগ্য’: ইতালির প্রধানমন্ত্রী
পোপ লিও চতুর্দশের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র আক্রমণের কড়া সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ট্রাম্পের বৈদেশিক ও অভিবাসন নীতির সমালোচনা করায় গতকাল রোববার রাতে পোপের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ট্রাম্প। এই ঘটনায় ইতালিজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ট্রাম্পের কড়া সমালোচনা করে মেলোনি বলেন, পোপের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য ‘অগ্রহণযোগ্য’। পোপ ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে শান্তির কথা বলবেন এবং যুদ্ধের নিন্দা জানাবেন—এটাই স্বাভাবিক।
রাজনৈতিকভাবে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মেলোনি। ২০২৫ সালে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে একমাত্র ইউরোপীয় নেতা হিসেবে তিনি উপস্থিত ছিলেন। ফলে মেলোনির মতো একজন মিত্রের পক্ষ থেকে ট্রাম্পকে এমন প্রকাশ্য ভর্ৎসনা করার ঘটনাকে অত্যন্ত বিরল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সূত্র: আল–জাজিরা।
অবরোধের পক্ষে সাফাই ট্রাম্পের, বললেন ‘ব্লাকমেইল’ সহ্য করবে না যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন অবরোধের মূল লক্ষ্য হলো বিশ্বকে ‘ব্লাকমেইল’ এবং ‘চাঁদাবাজি’ করা থেকে ইরানকে বিরত রাখা।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল নয়। ট্রাম্পের ভাষায়, ‘আমরা ওই প্রণালি ব্যবহার করি না।’ তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে সৌদি আরব এবং রাশিয়ার চেয়েও বেশি তেল ও গ্যাস রয়েছে।
ট্রাম্প বলেন, অনেক দেশ এখন ‘সবচেয়ে উৎকৃষ্ট ও উন্নত’ তেলের জন্য যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছে। উদ্ভূত পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘সবকিছু এর আগেই মিটে যেতে পারে।’
অন্যান্য দেশ এই অবরোধে সমর্থন দেবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমাদের অন্য কোনো দেশের প্রয়োজন নেই।’ তবে কিছু দেশ সহায়তার প্রস্তাব দিয়েছে দাবি করে তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য তিনি ‘আগামীকাল’ প্রকাশ করবেন।
সূত্র: আল–জাজিরা।
ইরান চুক্তি করার জন্য আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে, দাবি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসলামাবাদে বৈঠক ব্যর্থ হওয়ার পর ইরান আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে। তেহরান ‘খুব মরিয়া হয়ে’ ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তি করতে চায়।
চলমান অচলাবস্থা কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, মূল বিষয়টি ইরানের পারমাণবিক কর্মসূচি। তিনি স্পষ্ট করে বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তিনি আরও বলেন, ‘আমরা অনেক বিষয়ে একমত হয়েছি।’ তবে ইরানের পারমাণবিক সক্ষমতা সংক্রান্ত বিষয়ে একমত হওয়া যায়নি বলে ইঙ্গিত দেন ট্রাম্প।
গত শনিবার পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র ইসলামাবাদে আলোচনায় বসে। প্রায় ২১ ঘণ্টা আলোচনা শেষে রোববার সকালে এই বৈঠক শেষ হয় কোনো সমঝোতা ছাড়াই। এরপর আজ ইরানের সব বন্দর অবরোধ করল যুক্তরাষ্ট্র।
সূত্র: আল–জাজিরা।
অবরোধ ভাঙতে চাইলে ইরানের ‘অ্যাটাক শিপ’ ধ্বংস করা হবে, হুমকি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’ নতুন পোস্টে হুমকি দিয়ে বলেছেন, অবরোধ ভাঙতে এলে ইরানের ‘অ্যাটাক শিপ’ (আক্রমণকারী জাহাজ) ধ্বংস করে দেওয়া হবে।
এর আগে ট্রাম্প ইরানের সব বন্দর অবরোধ করার ঘোষণার সময় জানিয়ে দেন। আজ ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ১০ টায় (বাংলাদেশ সময় আজ রাত ৮টা) অবরোধ শুরুর কিছুক্ষণ পরে ট্রুথ সোশ্যালে হুমকি দিলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘ইরানের নৌবাহিনী সমুদ্রের তলদেশে পড়ে আছে, তাদের ১৫৮টি জাহাজ সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদের স্বল্পসংখ্যক তথাকথিত “ফাস্ট অ্যাটাক শিপে” (দ্রুতগামী আক্রমণকারী জাহাজগুলো) আমরা এতদিন আঘাত করিনি, কারণ সেগুলোকে আমরা খুব একটা বড় হুমকি মনে করিনি।’
মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘সতর্কবার্তা: এই জাহাজগুলোর কোনোটি যদি আমাদের অবরোধের আওতায় থাকা এলাকার ধারেকাছেও আসে, তবে সেগুলোকে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে। সমুদ্রপথে মাদক ব্যবসায়ীদের নৌকা ধ্বংস করতে আমরা যে পদ্ধতি ব্যবহার করি, এদের ক্ষেত্রেও একই পদ্ধতি ব্যবহার করা হবে।’
সূত্র: আল–জাজিরা।
ইরানের সব বন্দর অবরোধ শুরু যুক্তরাষ্ট্রের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত সময় অনুযায়ী ইরানের সব বন্দর অবরোধ শুরু হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, অবরোধের আওতাভুক্ত জলসীমায় কোনো জাহাজ গেলে তা আটক, দিক পরিবর্তন বা জব্দ করা হতে পারে।
ওয়াশিংটনের স্থানীয় সময় আজ সকাল ১০ টায় (বাংলাদেশ সময় আজ রাত ৮টা) মার্কিন বাহিনীর অবরোধ শুরু হয়।
সূত্র: আল–জাজিরা।
ইরান উপকূল থেকে মাত্র ১২৪ মাইল দূরে মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন?
যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন গত শনিবার ইরান উপকূল থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দূরে অবস্থান করছিল। উপগ্রহের ছবি বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই এ কথা জানিয়েছে।
ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার শুরু পর যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধজাহাজের সবচেয়ে কাছের অবস্থান এটি বলে জানিয়েছে বিবিসি।
উপগ্রহের ছবিতে দেখা গেছে, গত শনিবার ইউএসএস আব্রাহাম লিঙ্কন ওমান উপসাগরের পূর্ব প্রান্তে অবস্থান করছে, যা ইরানি উপকূল থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দক্ষিণে।
উপগ্রহের ছবি দৃশ্যমান আরও দুটি কাছাকাছি যুদ্ধজাহাজ রয়েছে, যা আকার ও গঠনে মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারের সঙ্গে মিলে যায় বলে জানিয়েছে বিবিসি। এগুলো ইউএসএস আব্রাহাম লিংকনের স্ট্রাইক গ্রুপের অংশ হতে পারে।
সূত্র: বিবিসি।
অবরোধ করা এলাকায় জাহাজ ঢুকলে আটক করা হতে পারে, মার্কিন বাহিনীর হুমকি
ওমান উপসাগর এবং হরমুজ প্রণালির পূর্বে আরব সাগরে চলাচলকারী সব ধরনের নৌযানের ওপর অবরোধ আরোপ করতে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নাবিকদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এই হুমকি দিয়েছে।
সেন্টকমের বার্তায় বলা হয়েছে, ‘অনুমতি ছাড়া কোনো জাহাজ অবরোধের আওতায় থাকা এলাকায় প্রবেশ করলে বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে তা পথিমধ্যে আটক, পথ পরিবর্তন কিংবা জব্দ করা হতে পারে। সংশ্লিষ্ট জাহাজটি কোন দেশের পতাকাবাহী, সেটি এখানে বিবেচনা করা হবে না।’
এতে আরও বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে ইরান বাদে অন্য কোনো দেশে যাতায়াতকারী নিরপেক্ষ জাহাজগুলোর চলাচলে কোনো বাধা দেবে না মার্কিন বাহিনী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আজ থেকে ইরানের সব বন্দর ও হরমুজ প্রণালি অবরোধ করার সময় ঘনিয়ে আসছে। ওয়াশিংটনের স্থানীয় সময় আজ সকাল ১০ টায় (বাংলাদেশ সময় আজ রাত ৮টা) মার্কিন বাহিনীর অবরোধ শুরু হওয়ার কথা। তার আগে এই হুমকি দিল মার্কিন বাহিনী।
সূত্র: আল–জাজিরা।

ইরানের বন্দর অবরোধ যুক্তরাষ্ট্রের জন্য ‘কঠিন অভিযান’ হবে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আজ থেকে ইরানের সব বন্দর ও হরমুজ প্রণালি অবরোধ করতে যাচ্ছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের এই অবরোধ এক ‘কঠিন অভিযান’ হবে বলে মনে করেন তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মুহাম্মদ ইসলামি।
ওয়াশিংটনের স্থানীয় সময় আজ সকাল ১০ টায় (বাংলাদেশ সময় আজ রাত ৮টা) মার্কিন বাহিনীর অবরোধ শুরু হওয়ার কথা। তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মুহাম্মদ ইসলামী আল–জাজিরাকে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বন্দর থেকে এবং ইরানের বন্দরের পথে যাওয়া জাহাজ আটকে দেওয়ার চেষ্টা করলে তা ঝুঁকিপূর্ণ হবে। তিনি বলেন, ‘এটি একটি প্রশ্ন যে মার্কিন বাহিনী কি এই বিশাল জলপথে ট্যাঙ্কার এবং সুপারট্যাঙ্কারগুলিকে থামাতে সক্ষম হবে?’ তাঁর মতে, এটা মার্কিন বাহিনীর জন্য ‘কঠিন অভিযান’ হবে।
মুহাম্মদ ইসলামি জোর দিয়ে বলেন, ইরান বর্তমানে প্রবল সামরিক ও অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে। তারা চাইবে না যে তাদের খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের জোগান বন্ধ হয়ে যাক।
তেহরান বিশ্ববিদ্যালয়ের এই গবেষক বলেন, আমেরিকানদের প্রতি একটি খুব শক্তিশালী বার্তা পাঠাতে চায় ইরান। যদিও অধিকাংশ দেশ চলমান সংকটের কূটনৈতিক সমাধানের কথা ভাবছে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে উভয় পক্ষের (ইরান ও যুক্তরাষ্ট্র) জন্যই অনেক বড় এক পদক্ষেপ।
সূত্র: আল–জাজিরা।
ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের ঘোষণার সমালোচনা করেছে রাশিয়া
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধ করার ঘোষণার সমালোচনা করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি অবরোধ করলে তা বিশ্ববাজারের জন্য ক্ষতিকর হবে বলে উল্লেখ করেছে মস্কো।
রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ট্রাম্পের আদেশের অনেক দিক এখনও অস্পষ্ট রয়েছে।
ট্রাম্পের ঘোষণার পর মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা আজ ইরানের বন্দর থেকে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করবে দেবে। ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় আজ রাত ৮টা) এই অবরোধ শুরু হবে।
যুক্তরাষ্ট্র এই অবরোধ কার্যকর করলে বিশ্ববাজারে প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যারেল ইরানি তেল বিশ্ববাজারে ঢুকতে পারবে না। ফলে ইতিমধ্যে জ্বালানি সংকটে অস্থির বিশ্বে সংতট আরও বাড়বে।
আজ ইরানসংশ্লিষ্ট দুটি ট্যাঙ্কার হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে বলে জানা গেছে। কেপলার এবং এলএসইজি-এর শিপিং ডেটা বলছে, ইরানি বন্দর ও উপকূলীয় এলাকাগুলোতে মার্কিন অবরোধের নির্ধারিত সময়ের আগে হরমুজ প্রণালি ছেড়ে গেছে ট্যাঙ্কার দুটি।
সূত্র: আল–জাজিরা।
যুক্তরাষ্ট্রের অবরোধের হুমকি অবৈধ, দস্যুতার শামিল: ইরানি সশস্ত্র বাহিনী
ইরানের বন্দর অবরোধের যে প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়েছে, তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানি সশস্ত্র বাহিনী। ওয়াশিংটনের এই হুমকিকে অবৈধ আখ্যা দিয়ে একে ‘দস্যুতার শামিল’ বলে অভিহিত করেছে তারা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধ শেষ হওয়ার পরও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ অব্যাহত রাখবে তেহরান। শত্রুপক্ষ-সংশ্লিষ্ট কোনো জাহাজকে ইরানের আঞ্চলিক জলসীমা অতিক্রম করতে দেওয়া হবে না।
এ ছাড়া উপসাগরীয় অন্যান্য দেশগুলোর উদ্দেশে সতর্কবার্তায় ইরানের সেনাবাহিনী বলেছে, এই অঞ্চলের বন্দরগুলোর নিরাপত্তা ‘সবার জন্য, নতুবা কারও জন্যই নয়’। যদি ইরানের বন্দরগুলোকে যুক্তরাষ্ট্র লক্ষ্যবস্তু করে, তাহলে পারস্য উপসাগর ও ওমান সাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না।
তথ্যসূত্র: বিবিসি ও আল–জাজিরা
দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা, ফসফরাস শেল নিক্ষেপ
লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত আছে। দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থার (এনএনএ) খবরে এই তথ্য জানানো হয়।
এনএনএর খবরে বলা হয়, দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি তারা কামান দিয়ে গোলা ছুড়েছে। ফসফরাস শেল নিক্ষেপ করেছে। ড্রোন দিয়েও হামলা চালিয়েছে।
এদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।
হিজবুল্লাহর দাবি, ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।
হিজবুল্লাহ বলেছে, লেবানন ও দেশটির জনগণের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে।
তথ্যসূত্র: আল–জাজিরা
ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, তাঁকে পদচ্যুত করা দরকার: সিআইএর সাবেক পরিচালক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদচ্যুত করার ক্রমবর্ধমান আহ্বানে এবার নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক পরিচালক জন ব্রেনান।
অযোগ্যতার কারণে ট্রাম্পকে পদচ্যুত করার পক্ষে যুক্তি দিয়েছেন ব্রেনান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী ট্রাম্পের কথা মাথায় রেখেই লেখা হয়েছিল।
বারাক ওবামা প্রশাসনে সিআইএর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ব্রেনান। তিনি গত শনিবার এমএস নাউকে সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানি সভ্যতা ধ্বংসের বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক উসকানিমূলক মন্তব্য এবং এতে বহু মানুষের জীবনের ওপর সৃষ্ট ঝুঁকি তাঁকে পদচ্যুত করার যৌক্তিকতা তৈরি করেছে।
ট্রাম্প সম্পর্কে ব্রেনান বলেন, ‘এই ব্যক্তি স্পষ্টতই মানসিকভাবে ভারসাম্যহীন।’
ব্রেনান আরও বলেন, ‘আমি মনে করি, ২৫তম সংশোধনী ডোনাল্ড ট্রাম্পকে মাথায় রেখেই লেখা হয়েছিল।’
ব্রেনানের মতে, ট্রাম্প এতটাই বড় ধরনের ঝুঁকি যে তাঁকে কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্বে রাখা উচিত নয়। কারণ তাঁর হাতে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রভান্ডারসহ বিপুল সামরিক শক্তি রয়েছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইরানি বন্দর অবরোধে ট্রাম্পের পদক্ষেপে যোগ দেবে না যুক্তরাজ্য
হরমুজ প্রণালিতে ইরানি বন্দর অবরোধ কার্যকর করতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পদক্ষেপে যুক্তরাজ্য অংশ নেবে না বলে জানিয়েছে বিবিসি।
বিবিসির খবরে বলা হয়, ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ ও সেনা ইরানি বন্দর অবরোধে ব্যবহৃত হবে না। তবে অঞ্চলটিতে যুক্তরাজ্যের মাইন অপসারণকারী ইউনিটের তৎপরতা ও ড্রোনবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।
ব্রিটিশ সরকারের এক মুখপাত্র বলেন, তাঁরা নৌ চলাচলের স্বাধীনতা ও হরমুজ প্রণালি খোলা রাখার নীতিকে সমর্থন করে যাবেন, যা বৈশ্বিক অর্থনীতিসহ যুক্তরাজ্যের মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত জরুরি।
তথ্যসূত্র: বিবিসি
হরমুজ প্রণালি থেকে মার্কিন ডেস্ট্রয়ারের ‘পিছু হটার’ ভিডিও প্রকাশ করল আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে হরমুজ প্রণালির পূর্ব অংশে আইআরজিসির নৌবাহিনীর সতর্কবার্তার পর মার্কিন ডেস্ট্রয়ারগুলোর পিছু হটার দৃশ্য দেখানো হয়।
রোববার এক বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলে, হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা যেকোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিবৃতিতে আরও বলা হয়, নির্দিষ্ট শর্তসাপেক্ষে শুধু বেসামরিক জাহাজগুলোই এই প্রণালি দিয়ে চলাচলের অনুমতি পাবে।
মার্কিন জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদন নাকচ করেছে ইরান।
এর আগে ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) এ–সংক্রান্ত দাবি স্পষ্টভাবে নাকচ করে। সেন্টকম বলেছিল, মার্কিন জাহাজ হরমুজ প্রণালিতে প্রবেশ করেছে। সেখানে অভিযান চালানো হয়েছে।
তথ্যসূত্র: তাসনিম নিউজ এজেন্সি
ইরান আলোচনায় ফিরে আসুক বা না আসুক, আমার কিছু যায় আসে না: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান আলোচনায় ফিরে না এলেও তাঁর কোনো সমস্যা নেই।
ফ্লোরিডা থেকে ফিরে ওয়াশিংটন ডিসির কাছে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন।
শান্তি আলোচনায় ইরানের ফেরা না–ফেরা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তারা ফিরে আসুক বা না আসুক, আমার কিছু যায় আসে না। তারা না ফিরলেও আমার সমস্যা নেই।’
পাকিস্তানের ইসলামাবাদে গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। এর এক দিন পর গতকাল রোববার ট্রাম্প এই মন্তব্য করলেন।
তবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ‘ভালোভাবেই বজায় আছে’।
তথ্যসূত্র: বিবিসি
ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির ‘খুব কাছাকাছি’ ছিল ইরান: তেহরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, গত সপ্তাহান্তে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তেহরান একটি চুক্তির ‘খুব কাছাকাছি’ পৌঁছে গিয়েছিল।
গতকাল রোববার এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইরান এই যুদ্ধের অবসান ঘটাতে সদিচ্ছা নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিল।
আব্বাস আরাগচি আরও বলেন, ইসলামাবাদে যখন দুই পক্ষ একটি চুক্তি থেকে মাত্র ‘কয়েক ইঞ্চি’ দূরে ছিল, তখন তেহরান অপর পক্ষের চরম অবস্থান, লক্ষ্য পরিবর্তন ও অবরোধের মুখোমুখি হয়।
তথ্যসূত্র: এএফপি
পোপের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার রাতে পোপ চতুর্দশ লিওর কড়া সমালোচনা করেছেন।
ইরান যুদ্ধ বিষয়ে পোপের অবস্থানের নিন্দা করে ট্রাম্প বলেন, তিনি পররাষ্ট্রনীতিতে ভীষণ খারাপ।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা এমন কোনো পোপকে পছন্দ করি না, যিনি বলেন, পরমাণু অস্ত্র রাখা ঠিক আছে…তিনি এমন একজন ব্যক্তি, যিনি মনে করেন না যে, পরমাণু অস্ত্র চাইছে—এমন কোনো দেশের সঙ্গে আমাদের খেলা-তামাশা করা উচিত—যাতে তারা পৃথিবী ধ্বংস করতে পারে।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি পোপ লিওর ভক্ত নই।’
প্রথম আমেরিকান পোপ লিও সম্প্রতি যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ইরান যুদ্ধ নিয়ে আরও সরব হয়েছেন। গত সপ্তাহে তিনি ট্রাম্পের কঠোর বক্তব্য, ইরানের জনগণের বিরুদ্ধে তাঁর হুমকিকে ‘প্রকৃতপক্ষে অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানান।
যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। এর আগে তিনি তাঁর ট্রুথ সোশালে পোপকে নিয়ে দীর্ঘ সমালোচনামূলক পোস্ট দেন। ট্রাম্প বলেন, তিনি এমন কোনো পোপ চান না, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সমালোচনা করেন।
তথ্যসূত্র: সিএনএন
যেকোনো নৌ অবরোধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা নিশ্চিত: ইরানি সামরিক উপদেষ্টা
ইরানের সর্বোচ্চ নেতার একজন জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা বলেছেন, যেকোনো নৌ অবরোধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা নিশ্চিত।
হরমুজ প্রণালি অবরোধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষাপটে এ মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই।
মোহসেন রেজাই বলেন, যেভাবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার চেষ্টা করতে গিয়ে যুক্তরাষ্ট্র ইরানের কাছে একটি ঐতিহাসিক পরাজয়ের মুখে পড়েছিল, তেমনিভাবে যেকোনো নৌ অবরোধের ক্ষেত্রেও তারা ব্যর্থ হতে বাধ্য।
দীর্ঘদিন ইরানের আইআরজিসির প্রধান কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকারী মোহসেন রেজাই আগে অবসর নিয়েছিলেন। পরে তিনি অবসর ভেঙে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অধীনে দায়িত্ব পালন শুরু করেন।
নৌ অবরোধ প্রসঙ্গে মোহসেন রেজাই বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের এমন কোনো পদক্ষেপ বাস্তবায়ন করতে দেবে না। ইরানের সামরিক বাহিনীর ‘গুরুত্বপূর্ণ অপ্রকাশিত সক্ষমতা’ রয়েছে, যা যেকোনো হুমকির জবাব দিতে পারে।
মোহসেন রেজাই আরও বলেন, ইরান এমন কোনো দেশ নয়, যাকে টুইট বা কাল্পনিক অবরোধ পরিকল্পনা দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে।
তথ্যসূত্র: সিএনএন
ইরানে আবার হামলা শুরু করার কথা ভাবছেন ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল
গত সপ্তাহান্তে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা যুদ্ধের স্থায়ী সমাপ্তি আনতে ব্যর্থ হওয়ার পর ইরানে আবার বিমান হামলা শুরু করার বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বেনামি মার্কিন কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
খবরে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প বিমান হামলার পাশাপাশি আরও কিছু পদক্ষেপের কথা বিবেচনা করছেন। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালিতে অবরোধ, যা তিনি গতকাল রোববারই ঘোষণা করেন।
প্রতিবেদনটির বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের পক্ষ থেকে বিবিসিকে বলা হয়, সব বিকল্পই খোলা আছে।
হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, ইরানের চাঁদাবাজি বন্ধের উদ্দেশ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে হরমুজ প্রণালিতে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া তিনি বিচক্ষণতার সঙ্গে অন্য সব বিকল্প বিবেচনায় রেখেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প পরবর্তী কী পদক্ষেপ নেবেন, এ বিষয়ে কেউ যদি ওয়াল স্ট্রিট জার্নানকে কিছু বলে থাকেন, তা সম্পূর্ণই অনুমাননির্ভর।
তথ্যসূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও বিবিসি
ইরানি বন্দর অবরোধের ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে
সোমবার থেকে ইরানের বন্দরগুলো অবরোধের মার্কিন ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। আজ লেনদেনের শুরুতেই এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।
যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪ দশমিক ২৪ ডলারে পৌঁছেছে।
আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড তেলের দাম ৭ শতাংশ বেড়েছে। বর্তমানে প্রতি ব্যারেল তেল ১০২ দশমিক ২৯ ডলারে বিক্রি হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর আগে তেলের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলার। যুদ্ধের প্রভাবে বিভিন্ন সময়ে তা ১১৯ ডলারও ছাড়িয়ে যায়।
এর আগে গত শুক্রবার পাকিস্তানে বৈঠকের খবরের মধ্যে জুনে সরবরাহের জন্য তেলের দাম কিছুটা কমে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ২০ ডলারে নেমেছিল।
সূত্র: আল–জাজিরা
ইরান উপকূলে নৌ-অবরোধের বিস্তারিত জানাল মার্কিন সামরিক বাহিনী
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ১৩ এপ্রিল থেকে তারা ইরানের ওপর নৌ-অবরোধ কার্যকর করতে যাচ্ছে। প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ী ওই দিন সকাল ১০টা থেকে ইরানি বন্দরগুলোতে আসা-যাওয়া করা সব ধরনের নৌ-চলাচল বন্ধ করে দেওয়া হবে।
এর আগে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যকার আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি অবরোধ করবে।
সেন্টকমের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘পারস্য উপসাগর ও ওমান উপসাগরের ইরানি বন্দরসহ দেশটির সব উপকূলীয় এলাকায় যাতায়াতকারী সব দেশের জাহাজের ওপরই এই অবরোধ সমানভাবে কার্যকর করা হবে।’
সূত্র: আল–জাজিরা।
যুদ্ধবিরতিতে অবশ্যই লেবাননকে অন্তর্ভুক্ত করার দাবি ব্রিটেন ও ফ্রান্সের
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ আজ এক ফোনালাপে মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে আলোচনা করেছেন। দুই নেতাই একমত হয়েছেন যে মধ্যপ্রাচ্যে যেকোনো যুদ্ধবিরতি চুক্তিতে অবশ্যই লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই নেতা দ্রুত উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একটি ‘স্থায়ী যুদ্ধবিরতির’ প্রয়োজনীয়তার কথা বলেন। দুই রাষ্ট্রপ্রধানই মনে করেন, আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে লেবাননকে এ চুক্তির বাইরে রাখার সুযোগ নেই।
বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তা রক্ষায় হরমুজ প্রণালীর গুরুত্ব নিয়েও দুই নেতা আলোচনা করেন। এ সময় সমুদ্রপথে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে একটি শক্তিশালী আন্তর্জাতিক জোট গঠনের অঙ্গীকার করেন তারা।
সূত্র: দ্য গার্ডিয়ান
সমঝোতায় পৌঁছাতে যুক্তরাষ্ট্রকে ‘কর্তৃত্ববাদী’ মনোভাব ছাড়তে হবে: পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দ্বন্দ্বের স্থায়ী অবসান ঘটাতে চলমান আলোচনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
বিবৃতিতে তিনি বলেন, ‘যদি মার্কিন সরকার তাদের কর্তৃত্ববাদী অবস্থান ত্যাগ করে এবং ইরানি জাতির অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করে, তাহলে অবশ্যই সমঝোতায় পৌঁছানোর পথ খুঁজে পাওয়া যাবে।’
ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রতিনিধিদলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফের প্রশংসা করে পেজেশকিয়ান আরও বলেন, ‘আমি আলোচনাকারী দলের সদস্যদের, বিশেষ করে আমার প্রিয় ভাই ডক্টর গালিবাফকে অভিনন্দন জানাই। আমি বলব, সৃষ্টিকর্তা আপনাদের সহায় হোন।’
সূত্র: আল–জাজিরা
ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব, মনে করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মনে করেন, ইরানের সঙ্গে চুক্তি হওয়া এখনো সম্ভব। তবে তেহরান তাদের পরমাণু কর্মসূচি ছাড়তে রাজি না হওয়ায় একটি ‘চূড়ান্ত প্রস্তাব’ দিয়ে তিনি ইসলামাবাদ ত্যাগ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা আলোচনার এই সারসংক্ষেপ জানিয়েছেন।
ওই মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া ভ্যান্স আলোচনা শেষে এই বিশ্বাস নিয়ে ফিরেছেন যে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে দরকষাকষিতে ইরানের হাতে ঠিক কতটা শক্তি আছে, সে বিষয়ে দেশটির শাসকদের মধ্যে ‘ভুল ধারণা’ রয়েছে।
দীর্ঘ আলোচনা সত্ত্বেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। ওই মার্কিন কর্মকর্তা বলেন, অমীমাংসিত বিষয়গুলোর মধ্যে রয়েছে—ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, আঞ্চলিক মিত্রদের নিয়ে একটি বৃহত্তর শান্তি কাঠামো তৈরি এবং কোনো ধরনের টোল বা শুল্ক ছাড়াই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার স্থায়ী সমাধান।
সূত্র: বিবিসি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হওয়া অসম্ভব নয়, পুতিনকে বললেন ইরানের প্রেসিডেন্ট
ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চুক্তি হওয়া অসম্ভব নয় বলে মনে করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপকালে পেজেশকিয়ান এ মন্তব্য করেন।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে, পুতিনের সঙ্গে ফোনালাপে পেজেশকিয়ান এ মন্তব্য করেন।
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় ২১ ঘণ্টার আলোচনা শেষ হয় আজ সকালে। ওই আলোচনা শেষ হওয়ার পর পুতিন ও পেজেশকিয়ানের মধ্যে এই ফোনালাপ হয়।
সূত্র: আল–জাজিরা।
লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, নিহত দুই হাজার ছাড়াল
লেবাননে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। কিছুক্ষণ আগও ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলের একাধিক স্থানে বিমান হামলা চালানো হয়েছে।
বিমান হামলা হয়েছে, দেওয়ির কানুন আল-নহরের উপকণ্ঠে, শাকরা ও আল-বাজুরিয়া শহরে। তাৎক্ষণিকভাবে এসব হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে আজ লেবাননের স্বাস্থ্য মন্ত্রণায় জানায়, দেশটিতে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৬ হাজার ৫৮৮ জন।
লেবাননে ২ মার্চ থেকে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
সূত্র: আল–জাজিরা
এবার ট্রাম্পের হুমকি, এক দিনেই ইরানকে গুঁড়িয়ে দিতে পারি
পরিকল্পিত অবরোধের পক্ষে যুক্তি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে কোন জাহাজ যাবে আর কোনটি যাবে না, তা ইরান নিয়ন্ত্রণ করতে পারে না। তিনি ঘোষণা দেন, হয় সব জাহাজ সেখানে নিরাপদ যাতায়াতের সুযোগ পাবে, নয়তো একটিও পাবে না।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, ‘ইরান তাদের পছন্দের দেশগুলোর কাছে তেল বিক্রি করে টাকা কামাবে—সেটা আমরা হতে দেব না। হয় সবাই সুযোগ পাবে, না হয় কেউ না; এটাই চূড়ান্ত সিদ্ধান্ত।’
ট্রাম্প জানান, এই অবরোধ ভেনেজুয়েলার ওপর মার্কিন নিষেধাজ্ঞার মতোই হবে, তবে এর পরিধি হবে অনেক বড়। এর ফলে আরও বেশি তেলবাহী ট্যাংকার তেল কেনার জন্য যুক্তরাষ্ট্রের দিকে আসবে বলেও ইঙ্গিত দেন তিনি।
একই সঙ্গে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য বেসামরিক জ্বালানি অবকাঠামো ধ্বংস করার হুমকি পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি এক দিনেই ইরানকে গুঁড়িয়ে দিতে পারি... আমি তাদের পুরো জ্বালানি খাত, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ সব স্থাপনা ধ্বংস করে দিতে পারি, যা তাদের জন্য হবে বিশাল এক ধাক্কা।’
এর আগে ৭ এপ্রিল ট্রাম্প ইরানের পুরো সভ্যতা এক রাতেই ধ্বংস করার হুমকি দিয়েছিলেন। তাঁর ওই হুমকির পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠে। অনেকেই এমন হুমকিকে যুদ্ধাপরাধের মতো অপরাধ বলে উল্লেখ করেন।
সূত্র: আল–জাজিরা।
‘উপযুক্ত সময়ে’ ইরানকে ‘শেষ করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানকে ‘শেষ করে দেওয়ার’ হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প নিজের মালাকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে বলেছেন, ওয়াশিংটন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। ‘উপযুক্ত সময়ে’ ইরানকে ‘শেষ করে দেবে’ মার্কিন বাহিনী।
পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রায় ২১ ঘণ্টার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার কয়েক ঘণ্টার মাথায় ট্রাম্প এই হুমকি দিলেন।
সূত্র: আল–জাজিরা।

এবার হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ‘অবরোধের’ ঘোষণা ট্রাম্পের
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টার মাথায় নতুন হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে প্রবেশ বা বের হওয়া যেকোনো জাহাজ ‘অবরোধ’ করার প্রক্রিয়া অবিলম্বে শুরু করবে মার্কিন বাহিনী।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘একটি পর্যায়ে হরমুজ দিয়ে “সবাইকে ঢুকতে দেওয়া হবে এবং বের হতে দেওয়া হবে”—এমন অবস্থানে পৌঁছাব আমরা। কিন্তু ইরান সেটি হতে দিচ্ছে না।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি আমাদের নৌবাহিনীকে আন্তর্জাতিক জলসীমায় এমন প্রতিটি জাহাজকে খুঁজে বের করতে ও গতিরোধ করতে নির্দেশ দিয়েছি, যারা ইরানকে টোল (শুল্ক) দিয়েছে। যারা বেআইনিভাবে টোল দেবে, গভীর সমুদ্রে তাদের কোনো নিরাপদ যাতায়াতের সুযোগ দেওয়া হবে না।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। মূলত তখন থেকেই হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রেখেছে ইরান। বিশ্বের মোট জ্বালানি প্রায় ২০ শতাংশ সরবরাহের এই গুরুত্বপূর্ণ পথ বন্ধ হয়ে যাওয়া বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে।
সূত্র: আল–জাজিরা।
ইরান–যুক্তরাষ্ট্র সমঝোতা হয়নি, ট্রাম্পের সামনে বিকল্প কী
ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা ভেঙে যাওয়ার পর দুই পক্ষ আবার আলোচনার টেবিলে না ফিরলে যুক্তরাষ্ট্র কী করবে।
প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে এখন প্রধান হাতিয়ার হলো পুনরায় বড় ধরনের সামরিক অভিযান শুরুর হুমকি দেওয়া। দুই সপ্তাহের চলমান যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ২১ এপ্রিল। যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে আগামী দিনগুলোতে এই সামরিক অভিযান শুরুর হুমকির কথা হয়তো বারবার আসবে। কিন্তু ট্রাম্পের জন্য এটি রাজনৈতিকভাবে খুব একটা বাস্তবসম্মত বিকল্প নয়—আর ইরানিরাও তা ভালো করেই জানে।
বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহের পথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার ফলে বিশ্বব্যাপী জ্বালানি অস্থিরতা সামাল দিতেই ট্রাম্প গত সপ্তাহে যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। ওই সংকটের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যায় এবং সারসহ সেমিকন্ডাক্টর তৈরির জন্য অপরিহার্য হিলিয়ামের মতো অতিপ্রয়োজনীয় উপকরণের ঘাটতি দেখা দেয়। একটি চুক্তির আশায়— সেটি অপূর্ণাঙ্গ বা অসন্তোষজনক হলেও— শেয়ারবাজার চাঙ্গা হয়েছিল। যুদ্ধ যদি আবার শুরু হয়, তবে বাজারের দরপতন ঘটবে, পণ্যের ঘাটতি প্রকট হবে এবং মুদ্রাস্ফীতি—যা যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই ৩ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে—তা অবধারিতভাবেই আরও বাড়বে।
আর এটিই সবচেয়ে জরুরি বিষয়টিকে সামনে নিয়ে আসে, তা হলো হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া। ইরানিরা আলোচনার প্রধান বিষয়গুলোর মধ্যে এটিকে সবার ওপরে রেখেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি, পরমাণু ইস্যু, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের পূর্ণাঙ্গ সমাপ্তিসহ মূল বিষয়গুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।’
তালিকাটি বেশ তাৎপর্যপূর্ণ, কারণ যুদ্ধ শুরুর আগে প্রণালিটি বন্ধ হওয়া কোনো ইস্যুই ছিল না। পরবর্তীতে অর্থনৈতিক বিপর্যয় তৈরির সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে ইরান এটি ব্যবহারের সিদ্ধান্ত নেয়। এখন এই জলপথের নিয়ন্ত্রণ ইরানের অন্যান্য দাবির সঙ্গে যুক্ত হয়ে গেছে। এসব দাবির মধ্যে রয়েছে—বোমা ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের যে ক্ষতি হয়েছে তার জন্য যুক্তরাষ্ট্রকে অর্থ দিতে হবে এবং গত দুই দশকেরও বেশি সময় ধরে জারি থাকা নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে হবে। যুক্তরাষ্ট্র প্রথম প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে এবং দ্বিতীয়টির বিষয়ে বলেছে যে, ইরান চুক্তির শর্তগুলো পালন শুরু করলে এটি ধাপে ধাপে কার্যকর হতে পারে।
ইসলামাবাদ আলোচনা এটা স্পষ্ট করেছে যে, উভয় পক্ষই নিজেদের প্রথম দফার বিজয়ী মনে করছে। যুক্তরাষ্ট্র ভাবছে তারা ইরানের ওপর ব্যাপক বোমাবর্ষণ করতে পেরেছে, আর ইরানিরা ভাবছে তারা টিকে থাকতে পেরেছে। কোনো পক্ষই এখন আপসের মেজাজে নেই।
সূত্র: নিউইয়র্ক টাইমস।
কূটনৈতিক প্রচেষ্টার জন্য দরজা খোলা রাখার ইঙ্গিত ইরানের
ইরানের পার্লামেন্টের স্পিকার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাগের গালিবাফ পরবর্তী কূটনৈতিক প্রচেষ্টার জন্য দরজা খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন। আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স–এ বেশ কয়েকটি পোস্ট করেন তিনি। গালিবাফ বলেন, আলোচনার এই পর্বে যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে, কিন্তু এখন এটি সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে যে যুক্তরাষ্ট্র আমাদের আস্থা অর্জন করতে পারবে কি না।
পাকিস্তানে আলোচনার ব্যর্থতার পর প্রথমবারের মতো মন্তব্য করে গালিবাফ বিজয়ের সুর বজায় রেখেছেন। তিনি আরও বলেন, ‘আমরা সব সময় ইরানের জনগণের অধিকার রক্ষায় সামরিক অ্যাকশনের সমান্তরালে শক্তিশালী কূটনীতির ওপর জোর দিই। আমরা জাতীয় প্রতিরক্ষায় ৪০ দিনের অর্জনগুলি সুরক্ষিত করতে কাজ চালিয়ে যাওয়া এক মুহূর্তের জন্যও থামাব না।’
ইরানের আলোচক দলের প্রধান গালিবাফ আলোচনার মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি আমাদের বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশ পাকিস্তানের প্রচেষ্টার জন্যও কৃতজ্ঞ। তারা এই আলোচনার প্রক্রিয়াকে সহজতর করতে সাহায্য করেছে। পাকিস্তানের জনগণের প্রতি আমার শুভেচ্ছা জানাই।’
সূত্র: নিউইয়র্ক টাইমস ও আল–জাজিরা।
ইরানে মার্কিন–ইসরায়েলি হামলায় দুই হাজারেরও বেশি শিশু আহত
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ২ হাজার ১১৫ শিশু ও কিশোর আহত হয়েছে। ইরানের জরুরি সেবা বিভাগের প্রধান জাফর মিয়াদফার এ তথ্য নিশ্চিত করেছেন।
ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জাফর মিয়াদফার বলেন, হামলায় আহত ১৮ বছরের কম বয়সী এসব ভুক্তভোগীর মধ্যে ১২৪ জনের বয়স পাঁচ বছরের নিচে। এমনকি আহতদের মধ্যে ২৪ জনের বয়স দুই বছরেরও কম।
জাফর মিয়াদফার আরও বলেন, হামলায় আহতদের মধ্যে প্রায় ৫ হাজার নারী রয়েছেন। এই হামলাগুলোর বেশিরভাগই চালানো হয়েছে তেহরান, খুজেস্তান, লারেস্তান, ইসফাহান, কেরমানশাহ এবং ইলাম প্রদেশে।
সূত্র: আল–জাজিরা।
হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে রিয়ালে: তেহরান
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। আলোচনার অন্যতম প্রধান বাধা ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের বিষয়টি। এ জলপথ দিয়ে বিশ্বের মোট ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ ও এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) পরিবহন করা হয়।
ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ বলেছে, দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবেয়ি হরমুজ প্রণালিকে তেহরানের জন্য একটি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা হিসেবে অভিহিত করেছেন। তিনি সাফ জানিয়ে দেন, প্রণালিটি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে আছে এবং এখান দিয়ে জাহাজ চলাচলের জন্য অবশ্যই ইরানি মুদ্রা ‘রিয়ালে’ টোল পরিশোধ করতে হবে।
অন্যদিকে, গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এ জলপথ ‘শিগগিরই খুলে দেওয়া’ হবে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের দুটি সামরিক জাহাজ ইতিমধ্যে প্রণালিটি অতিক্রম করেছে। সমুদ্র থেকে মাইন অপসারণের একটি ব্যাপক অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তারা দাবি করে।
তবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালি দিয়ে যেকোনো সামরিক জাহাজ চলাচলের চেষ্টা করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবির বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিপ্লবী গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সাধারণ বেসামরিক জাহাজগুলোকে সুনির্দিষ্ট শর্তে এখান দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হতে পারে।
সূত্র: বিবিসি
ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জনে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে: তেহরান
ইসলামাবাদে আলোচনা শেষ হওয়ার পর প্রথম আনুষ্ঠানিক বিবৃতিতে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, এ দফার আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) আজ রোববার দেওয়া একাধিক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
গালিবাফ বলেন, আলোচনা শুরুর আগেই তিনি বিষয়টি স্পষ্ট করেছিলেন। তিনি বলেন, ‘আমাদের প্রয়োজনীয় সদিচ্ছা ছিল। কিন্তু আগের দুটি যুদ্ধের (গাজায় ইসরায়েলি হামলা ও গত বছর ইরানে মার্কিন–ইসরায়েলি হামলা) অভিজ্ঞতার কারণে প্রতিপক্ষের ওপর কোনো আস্থা ছিল না। শেষ পর্যন্ত তারা ইরানি প্রতিনিধিদলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে।’
তবে আলোচনার পরিবেশ তৈরি এবং তা সহজতর করার জন্য ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করেছেন গালিবাফ। তিনি সেদেশের জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সূত্র: আল–জাজিরা
হামলার ক্ষতি কাটিয়ে এক থেকে দুই মাসেই জ্বালানি সক্ষমতা ফেরাতে চায় ইরান
ইসরায়েলি–মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা আগামী এক থেকে দুই মাসের মধ্যে সচল করার লক্ষ্য নিয়েছে ইরান। দেশটির জ্বালানি খাতে চালানো বড় ধরনের হামলার ক্ষতি কাটিয়ে উঠতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
ইরানের তেল মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, হামলার আগের তুলনায় অন্তত ৭০ থেকে ৮০ শতাংশ সক্ষমতা ফিরিয়ে আনার আশা করছেন তাঁরা। ইরানের উপ-তেলমন্ত্রী মোহাম্মদ সাদেক আজিমিনিফার স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ককে বলেন, ইতিমধ্যে মেরামত কাজ শুরু হয়েছে।
এই কর্মকর্তা জানান, লাওয়ান তেল শোধনাগারের একটি অংশ আগামী ১০ দিনে চালু হতে পারে। বাকি ইউনিটগুলো পর্যায়ক্রমে উৎপাদনে ফিরবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সূত্র: রয়টার্স
ইরানকে নৌ-অবরোধের মাধ্যমে কোণঠাসা করার ইঙ্গিত ট্রাম্পের
পাকিস্তানের ইসলামাবাদে ইরানের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি নিবন্ধের লিঙ্ক শেয়ার করেছেন তিনি।
ট্রাম্পের শেয়ার করা নিবন্ধের শিরোনাম, ‘ইরান নতি স্বীকার না করলে প্রেসিডেন্টের হাতে থাকা ট্রাম্প কার্ড: নৌ-অবরোধ’।
প্রবীণ মার্কিন সাংবাদিক জন সলোমনের লেখা নিবন্ধটি তাঁর রক্ষণশীল ওয়েবসাইট ‘জাস্ট দ্য নিউজ’-এ প্রকাশিত হয়েছে। নিবন্ধে বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইরান যদি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ না ছাড়ে, তবে ট্রাম্প পাল্টা বড় ধরনের নৌ-অবরোধের মাধ্যমে (হরমুজ প্রণালিতে) দেশটিকে কোণঠাসা করে ফেলতে পারেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
ইসরায়েলি সেনাদের ওপর হিজবুল্লাহর ড্রোন হামলা
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের ইয়ারুন নামের একটি অবৈধ বসতিতে ইসরায়েলি সেনাদের ওপর ড্রোন হামলা চালানোর দাবি করেছে।
সংগঠনটি তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের দেশ ও জনগণের ওপর ইসরায়েলি-মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ প্রতিরোধ অব্যাহত থাকবে।’
সূত্র: আল–জাজিরা
ইসলামাবাদ বৈঠক শেষে নীরব ডোনাল্ড ট্রাম্প
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এর আগের আলোচনাগুলো বছরের পর বছর ধরে চলেছিল। উদাহরণ হিসেবে ২০১৫ সালের পারমাণবিক চুক্তির কথা বলা যায়। তবে এবারের আলোচনার পরিধি ছিল অনেক বড়। বিশেষ করে যুদ্ধের ফলে তৈরি হওয়া নানা সংকট ও হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো এবারের আলোচনার কেন্দ্রে ছিল।
ইসলামাবাদে দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনা শেষ হলেও প্রশ্ন উঠেছে—কূটনীতি কি তবে এখানেই শেষ? আগামী কয়েক ঘণ্টায় কী হতে যাচ্ছে, তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে পুরো প্রক্রিয়ার প্রধান ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া না যাওয়ায়।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইসলামাবাদে কোনো চুক্তি হয়নি। তবে তাঁর বক্তব্যে এমন ইঙ্গিত পাওয়া গেছে যে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি প্রস্তাব এখনো টেবিলে রয়েছে। ইরান চাইলে সেটি বিবেচনা করে আবার আলোচনায় ফিরতে পারে।
সবাই এখন তাকিয়ে আছে প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে। কিন্তু ট্রাম্পের নীরবতা সবাইকে ভাবিয়ে তুলছে। অথচ মাত্র কয়েক দিন আগেই তিনি এক টুইটে (এক্স) চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আজ রাতে একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনোই ফিরে আসবে না।’
কূটনীতির ব্যর্থতা মানেই যুদ্ধের পথে ফেরা। যদিও এখনো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং এর মেয়াদ আরও প্রায় ১০ দিন বাকি রয়েছে। ইসরায়েল ছাড়া পাকিস্তানসহ আন্তর্জাতিক মহলের সবাই চাইছে এ যুদ্ধবিরতি যেন বজায় থাকে।
সূত্র: আল–জাজিরা
দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় পাঁচজন নিহত
লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর কানায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, সিভিল ডিফেন্সের দলগুলো আহত ব্যক্তিদের উদ্ধার করে পাশের টায়ার শহরের হাসপাতালে পাঠানোর কাজ করছে। ইসরায়েল টায়ারের বিভিন্ন এলাকাতেও হামলা চালিয়েছে। এতে মারাকা নামক স্থানে অন্তত তিনজন আহত হয়েছেন।
এর আগেও বিভিন্ন সময় ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কানা শহরের বাসিন্দারা। বিশেষ করে ১৯৯৬ ও ২০০৬ সালে শহরটিতে বড় ধরনের হত্যাকাণ্ড চালিয়েছিল ইসরায়েলি বাহিনী।
সূত্র: আল–জাজিরা
পাকিস্তান ছাড়ল ইরানের প্রতিনিধিদল
ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের প্রতিনিধিদল পাকিস্তান ছেড়ে চলে গেছে। এ দলে ছিলেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদ ছেড়ে যান। যাওয়ার আগে তিনি বলেন, কোনো চুক্তি হয়নি এবং ইরান ওয়াশিংটনের দাবি প্রত্যাখ্যান করেছে।
The Iranian delegation, after several rounds of negotiations, left Pakistan a few minutes ago.
— Mehr News Agency (@MehrnewsCom) April 12, 2026
সূত্র: আল–জাজিরা
যুদ্ধবিরতি অব্যাহত রাখার আহ্বান অস্ট্রেলিয়ার
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চুক্তি ছাড়াই আলোচনা শেষ হওয়ার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে বলেন, ‘এখন আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত যুদ্ধবিরতি বজায় রাখা এবং আবারও আলোচনায় ফেরা।’
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ইসলামাবাদের বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ায় হতাশা প্রকাশ করে পেনি ওং বলেন, ‘এটি অত্যন্ত হতাশাজনক যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ইসলামাবাদ আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে।’
সূত্র: এএফপি
আলোচনা চালিয়ে যাবে ইরান ও যুক্তরাষ্ট্র, জানাল তেহরান
পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা ১৪ ঘণ্টার আলোচনা শেষ হয়েছে। উচ্চপর্যায়ের এ আলোচনার পর প্রক্রিয়াটি এখন কারিগরি পর্যায়ে পৌঁছেছে, যেখানে উভয় পক্ষ লিখিত প্রস্তাব বিনিময় করছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরান সরকার জানিয়েছে, ইসলামাবাদে উচ্চপর্যায়ের বৈঠক শেষে দুই দেশের কারিগরি দল এখন বিস্তারিত প্রস্তাব ও ‘বিশেষজ্ঞ পর্যায়ের খসড়া’ বিনিময় করছে।
পোস্টে আরও বলা হয়, কিছু বিষয়ে এখনো মতপার্থক্য থাকলেও আলোচনা অব্যাহত থাকবে। এর মাধ্যমে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দূরত্ব কমিয়ে আনতে আলোচনা এখন খসড়া তৈরির চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে।
Breaking | Iran-U.S. talks mediated by Pakistan concluded after 14 hours. Technical teams from both sides are now exchanging expert texts. Negotiations will continue despite some remaining differences.#IslamabadTalks https://t.co/MewU4uMaJN
— Government of the Islamic Republic of Iran (@Iran_GOV) April 11, 2026
মধ্যপ্রাচ্যে টেকসই যুদ্ধবিরতি এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে পাকিস্তান এ প্রক্রিয়ায় মধ্যস্থতা করছে।
কয়েক সপ্তাহের পরোক্ষ কূটনীতির পর এ আলোচনা এখন একটি কাঠামোগত রূপ পেয়েছে। বর্তমানে কারিগরি, রাজনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত প্রস্তাবগুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সূত্র: জিও নিউজ
প্রথম বৈঠকেই চুক্তির আশা কেউ করেনি: ইরান
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যের পর ইরানের গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। তিনি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্র বেশ কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছালেও গুরুত্বপূর্ণ দুই-তিনটি বিষয়ে এখনো মতপার্থক্য রয়েছে।
ইসমাইল বাগাই বলেন, ‘এ আলোচনা হয়েছে ৪০ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর, যেখানে চারদিকে শুধু অবিশ্বাস আর সন্দেহ। স্বাভাবিকভাবেই প্রথম বৈঠকেই কোনো চুক্তিতে পৌঁছানোর আশা আমাদের ছিল না। আর তেমনটা কেউ আশাও করেনি।’
এর আগে বাগাই বলেছিলেন, আলোচনার সফলতা নির্ভর করছে প্রতিপক্ষের ‘সততা ও সদিচ্ছার’ ওপর। পাশাপাশি ইরানের বৈধ অধিকার ও স্বার্থ স্বীকৃতি দেওয়ার ওপরও তিনি জোর দেন।
সূত্র: আল–জাজিরা
আলোচনা থেকে সরে দাঁড়াতে ‘অজুহাত খুঁজছে’ যুক্তরাষ্ট্র, দাবি ইরানি সূত্রের
ইরানের প্রতিনিধিদলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে দেশটির ফার্স নিউজ এজেন্সি বলেছে, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিল থেকে সরে দাঁড়াতে ‘অজুহাত খুঁজছে’।
সংশ্লিষ্ট ওই সূত্র জানায়, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্যই যুক্তরাষ্ট্রের এ আলোচনার প্রয়োজন ছিল। ইরানের সঙ্গে যুদ্ধে পরাজয় ও অচলাবস্থা তৈরি হলেও তারা তাদের উচ্চাভিলাষী অবস্থান থেকে সরতে নারাজ।
সূত্রটি আরও জানায়, ইরানের পক্ষ থেকে পরবর্তী দফার আলোচনার আর কোনো পরিকল্পনা নেই।
সূত্র: আল–জাজিরা
যুক্তরাষ্ট্র ও ইরান ইতিবাচক মনোভাব বজায় রাখবে, আশাবাদী পাকিস্তান
ইসলামাবাদে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, আজ রোববার সকালে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যকার বৈঠক শেষ হয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় দুই দেশ আগামীতেও ‘ইতিবাচক মনোভাব’ বজায় রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইসহাক দার বলেন, ‘গত ২৪ ঘণ্টা ধরে দুপক্ষের মধ্যে চলা কয়েক দফার নিবিড় ও গঠনমূলক আলোচনায় আমি নিজে এবং চিফ অব ডিফেন্স ফোর্সেস ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির মধ্যস্থতা করেছি।’
ইসহাক দার আরও বলেন, ‘যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করায় আমি উভয় পক্ষকে ধন্যবাদ জানাই।’
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আশা প্রকাশ করে বলেন, পুরো অঞ্চলে স্থায়ী শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে উভয় পক্ষ এ ইতিবাচক ধারা অব্যাহত রাখবে।
সূত্র: ডন
ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, সেই নিশ্চয়তা চান জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানে এক ব্রিফিংয়ে বলেছেন, ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, সে বিষয়ে তাদের কাছ থেকে একটি ‘স্পষ্ট অঙ্গীকার’ প্রয়োজন।
ভ্যান্স আরও বলেন, ‘সহজ কথা হলো, আমাদের এমন একটি জোরাল প্রতিশ্রুতি দেখতে হবে যে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। এমনকি দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম—এমন কোনো সরঞ্জাম বা প্রযুক্তিও তারা অর্জনের চেষ্টা করবে না।’
Vice President JD Vance gives an update in Pakistan:
— The White House (@WhiteHouse) April 12, 2026
"The simple fact is that we need to see an affirmative commitment that they will not seek a nuclear weapon, and they will not seek the tools that would enable them to quickly achieve a nuclear weapon." pic.twitter.com/il4THN5DwV
সূত্র: ডন
ইরানের সঙ্গে চুক্তি ছাড়াই পাকিস্তান ছাড়লেন ভ্যান্স
ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়ে পাকিস্তান ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার ঘোষণা দেওয়ার পরপরই তিনি ইসলামাবাদ ছাড়েন।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পাকিস্তান সময় আজ রোববার সকাল ৭টা ৮ মিনিটে (জিএমটি ২টা ০৮ মিনিট) ভ্যান্স ‘এয়ারফোর্স টু’ উড়োজাহাজে চড়েন। উড়োজাহাজে ওঠার সময় সিঁড়ির ওপর থেকে তিনি দায়িত্বরত পাকিস্তানি কর্মকর্তাদের উদ্দেশে হাত নেড়ে বিদায় জানান।
সূত্র: ডন
যুক্তরাষ্ট্র আলোচনায় এমন সব দাবি করেছে, যা তারা যুদ্ধেও পায়নি: ইরান
পাকিস্তান সফররত ইরানের প্রতিনিধি দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে দেশটির ফার্স নিউজ এজেন্সি বলেছে, যুক্তরাষ্ট্র আলোচনায় এমন কিছু বিষয় দাবি করেছে, যা তারা যুদ্ধের মাধ্যমেও অর্জন করতে পারেনি।
সংশ্লিষ্ট ওই সূত্র জানায়, হরমুজ প্রণালি, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি কর্মসূচি ও আরও বেশ কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রের উচ্চাভিলাষী শর্তগুলো তেহরান মেনে নেয়নি।
সূত্র: আল–জাজিরা
২১ ঘণ্টার আলোচনায় সমঝোতা হয়নি: ভ্যান্স
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, ২১ ঘণ্টা আলোচনার পরও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এটি দুঃসংবাদ বলেন ভ্যান্স।
ঐতিহাসিক শান্তি আলোচনার পর পাকিস্তানের ইসলামাবাদে রোববার সকালে সংবাদ সম্মেলনে এ কথা জানান ভ্যান্স।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শালের প্রতি কৃতজ্ঞতা জানান। পাকিস্তান অসাধারণ ভূমিকা রেখেছেন বলে জানান ভ্যান্স।
ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ শর্তগুলো স্পষ্টভাবে ইরানকে জানিয়েছে। তবে ইরান তাতে রাজি হয়নি।
ইরানের পরমাণু সক্ষমতা নিয়ে কিছু প্রশ্নের উত্তর দেন ভ্যান্স। ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানান ভ্যান্স। তবে ভবিষ্যতে ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি না করে সে জন্য দৃঢ় অঙ্গীকার প্রয়োজন। তবে সেটা এখনো প্রতীয়মান হয়নি। এমনটা হবে বলে যুক্তরাষ্ট্র আশা করছে। খবর বিবিসির।
আল-জাজিরার খবর বলছে, এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা নিয়ে একটি বিবৃতি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। ওই বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের দাবি অতিরিক্ত ও বেআইনি । ইরানের বৈধ অধিকার ও স্বার্থকে মেনে নেওয়ার ওপরও আলোচনার সাফল্য নির্ভরশীল বলে জানান বাগাই।
আলোচনায় কোন কোন বিষয় প্রাধান্য পেয়েছে জানাল ইরান
পাকিস্তানের রাজধানীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা নিয়ে একটি বিবৃতি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। এতে আলোচনায় কোন কোন বিষয় প্রাধান্য পেয়েছে, তা তুলে ধরেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসমাইল বাগাই বলেন, ‘পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টা ও মধ্যস্থতায় শনিবার সকাল থেকে শুরু হওয়া নিবিড় আলোচনা এখন পর্যন্ত বিরতিহীনভাবে চলছে এবং দুই পক্ষের মধ্যে অসংখ্য বার্তা ও খসড়া বিনিময় হয়েছে।’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও লিখেছেন, ‘গত ২৪ ঘণ্টায় আলোচনার মূল বিষয়গুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালি, পারমাণবিক ইস্যু, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বিরুদ্ধে ও এই অঞ্চলে যুদ্ধের সম্পূর্ণ অবসান।’
যুক্তরাষ্ট্রকে সদিচ্ছা দেখানোর আহ্বান জানিয়ে ইসমাইল বাগাই লিখেছেন, ‘এই কূটনৈতিক প্রক্রিয়ার সাফল্য নির্ভর করছে প্রতিপক্ষের আন্তরিকতা ও সদিচ্ছার ওপর। পাশাপাশি তাদের অতিরিক্ত ও বেআইনি দাবি থেকে বিরত থাকা এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থকে মেনে নেওয়ার ওপরও এটি নির্ভরশীল।’
তথ্যসূত্র: আল-জাজিরা
আলোচনা গড়াল দ্বিতীয় দিনে, পরিবেশ ‘ইতিবাচক’
দীর্ঘ সময় ধরে চলা যুক্তরাষ্ট্র-ইরান ম্যারাথন আলোচনার এখন বিরতি চলছে। আলোচনার সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে। আজ রোববারও চলবে ঐতিহাসিক এই আলোচনা।
ইরানি সূত্রগুলো জানিয়েছে, টানা ১৪ ঘণ্টা (কোনো কোনো সংবাদমাধ্যম বলছে ১৫ ঘণ্টা) আলোচনার পর দুই পক্ষ এখন বিশেষজ্ঞ পর্যায়ে খসড়া বিনিময় করছে। এটি সংশ্লিষ্টদের মধ্যে এই আশা জাগাচ্ছে যে, একটি বৃহত্তর কাঠামোর বিষয়ে উভয় পক্ষ ইতিমধ্যে একমত হয়েছে। বিশেষজ্ঞরা এখন পরবর্তী পদক্ষেপের বিস্তারিত বিষয়গুলো নিয়ে কাজ করছেন।
গত ১৪ থেকে ১৬ ঘণ্টার ঘটনাপ্রবাহ পর্যালোচনা করলে দেখা যায়, প্রথমে ইরানি প্রতিনিধিদল এবং পরে মার্কিন প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছায়। এরপর আয়োজক পাকিস্তান দুই পক্ষের সঙ্গে আলাদাভাবে বৈঠক করে।
লেবাননে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালি নিয়ে মতভেদ থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত উভয় পক্ষ সরাসরি আলোচনায় বসে। ইরান তাদের জব্দ করা সম্পদ ছেড়ে দেওয়ার বিষয়ে আগের অবস্থানেই অনড় ছিল।
আলোচনা কক্ষ থেকে খুব সামান্য তথ্যই বাইরে এসেছে। তবে সূত্রগুলো থেকে পাওয়া তথ্যে বোঝা যাচ্ছে, আলোচনার প্রক্রিয়ায় নানা চড়াই-উতরাই থাকলেও সামগ্রিক পরিবেশ ছিল ইতিবাচক।
তথ্যসূত্র: আল-জাজিরা
রোববারও চলবে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা
পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা দ্বিতীয় দিনে গড়িয়েছে। এ আলোচনা আজ রোববারও অব্যাহত থাকবে। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এ কথা জানিয়েছে।
ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, ‘যৌথ আলোচনা শুরু হওয়ার পর প্রায় ১৫ ঘণ্টা পার হয়েছে। ইসলামাবাদের সেরেনা হোটেলে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা এখনো চলছে।’
এর আগে ফার্স নিউজ জানিয়েছিল, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনার আরেকটি ধাপ শেষ হয়েছে। উভয় পক্ষ বিশেষজ্ঞ দলগুলোর উপস্থিতিতে আবারও আলোচনার খসড়া বিনিময় করছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
প্রায় ১৫ ঘণ্টা ধরে ইসলামাবাদে চলছে আলোচনা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল এবং পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মধ্যে সরাসরি ত্রিপক্ষীয় আলোচনা চলছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই আলোচনা পাকিস্তানের স্থানীয় সময় রোববার ভোররাত পর্যন্ত গড়িয়েছে। সেখানে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
হোয়াইট হাউসের ওই কর্মকর্তার মতে, আলোচনা এখন পর্যন্ত ১৫ ঘণ্টা ধরে চলছে। তবে এর মধ্যে ঠিক কতটুকু সময় কেবল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দ্বিপক্ষীয় আলোচনায় ব্যয় হয়েছে, তা স্পষ্ট নয়।
সূত্র: সিএনএন
ভোর পর্যন্ত চলছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা অব্যাহত রয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, দুই পক্ষের মধ্যকার আলোচনা আরও কয়েক ঘণ্টা চলার কথা রয়েছে।
বর্তমানে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সময় রোববার ভোর চারটার কাছাকাছি। সেরেনা হোটেলে একটি সংবাদ সম্মেলনের প্রস্তুতি চলছে।
একটি সূত্রের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, আগের দফার আলোচনায় উভয় পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়। বর্তমানে তারা একটি নতুন খসড়া নিয়ে কাজ করছে। পাকিস্তানের প্রস্তাবের পর দুই পক্ষ পরবর্তী দফার আলোচনা চালিয়ে যেতে একমত হয়েছে।
তথ্যসূত্র: আল-জাজিরা
সরাসরি ত্রিপক্ষীয় আলোচনা চলছে: হোয়াইট হাউস
পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল এবং পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মধ্যে সরাসরি ত্রিপক্ষীয় আলোচনা চলছে। পাকিস্তানের স্থানীয় সময় রোববার ভোররাত ৩টার দিকে হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
ইসলামাবাদে বর্তমানে ভোররাত হলেও কয়েক ঘণ্টা ধরে চলা এই আলোচনা এখনো অব্যাহত রয়েছে। সেখানে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
এর আগে আজ হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হলো কি না, তাতে তাঁর ‘কিছুই যায় আসে না’।
আট ঘণ্টা পার হওয়ার পর তথ্যগুলো খুব ধীরে ধীরে বাইরে আসছে। তবে মূল বিষয়গুলো নিয়ে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। সেরেনা হোটেল থেকে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
তথ্যসূত্র: সিএনএন ও আল-জাজিরা
মার্কিন-ইরান আলোচনা ‘গুরুত্বপূর্ণ পর্যায়ে’ পৌঁছেছে
মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যকার আলোচনা অষ্টম ঘণ্টায় গড়িয়েছে। সম্ভবত এটি এ যাবৎকালের দীর্ঘতম আলোচনা। পাকিস্তানি পক্ষ থেকে জানানো হয়েছে, তারা উভয় পক্ষকে আরও নমনীয় হওয়ার জন্য চাপ দিচ্ছে।
আলোচনা কক্ষে উপস্থিত থাকা সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে।
সূত্র থেকে জানা যাচ্ছে, এই আলোচনায় নিরাপত্তা, কূটনীতি ও অর্থনীতির মতো একাধিক বিষয় স্থান পাচ্ছে। ওয়াশিংটনের পক্ষ থেকে বন্দিবিনিময়ের বিষয়টিও আলোচনায় রয়েছে বলে জানানো হয়েছে। এই প্রতিটি ক্ষেত্রে আস্থা বৃদ্ধির পদক্ষেপ নিতে কাজ করছে পাকিস্তান।
সূত্রগুলো বলছে, এই তৃতীয় ধাপের আলোচনা এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তবে ইরানি সূত্রগুলোর দাবি, মার্কিন পক্ষের নমনীয়তার অভাব রয়েছে। ইরান বলছে, তারা কিছু বিষয়ে ছাড় দিতে রাজি থাকলেও হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের দাবিগুলো বেশ কঠোর।
পাকিস্তানি সূত্রগুলো অবশ্য এই আলোচনা থেকে ইতিবাচক কিছু বেরিয়ে আসার ব্যাপারে বেশ আশাবাদী। তবে সেই ফলাফল কী হবে—যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি, হরমুজ প্রণালি দিয়ে অবাধ চলাচল অব্যাহত রাখা নাকি পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় কোনো সিদ্ধান্ত—তা এখনো স্পষ্ট নয়।
কয়েক ঘণ্টা আগে এক কূটনীতিকের সঙ্গে কথা বলে জানা গেছে, সফল কূটনীতি সাধারণত রুদ্ধদ্বার বৈঠকেই হয়ে থাকে। যদি কূটনীতি সংবাদপত্রের শিরোনাম দেখে পরিচালিত হয়, তবে তা সফল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে।
আট ঘণ্টা পার হওয়ার পর তথ্যগুলো খুব ধীরে ধীরে বাইরে আসছে। তবে মূল বিষয়গুলো নিয়ে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। এ ছাড়া পাকিস্তানি রাজনীতিকদের ওপর তথ্য প্রকাশের বিষয়ে নিষেধাজ্ঞা থাকায় আয়োজক দেশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যাচ্ছে না।
আলোচনা এখনো চলমান এবং সেরেনা হোটেল থেকে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরানকে অস্ত্র দিলে চীনকে ‘বড় সমস্যায়’ পড়তে হবে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, তাহলে তাদের ‘বড় ধরনের সমস্যায়’ পড়তে হবে। ফ্লোরিডার উদ্দেশে হোয়াইট হাউস ছাড়ার সময় তিনি এ কথা বলেন।
চীন সম্ভবত ইরানকে সহায়তা করছে—এমন মার্কিন গোয়েন্দা তথ্যের বিষয়ে সিএনএনের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘চীন যদি এমনটা করে, তবে তাদের বড় সমস্যায় পড়তে হবে; ঠিক আছে?’
সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা তথ্য মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে শনিবার সিএনএন প্রথম জানায়, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে।
গোয়েন্দা তথ্যের এই বিষয়টি ইঙ্গিত দিচ্ছে যে, ইরান সম্ভবত যুদ্ধবিরতির সুযোগ নিয়ে তাদের গুরুত্বপূর্ণ বিদেশি অংশীদারদের সহায়তায় নির্দিষ্ট কিছু অস্ত্র ব্যবস্থা পুনরায় সচল বা মজুদ করার চেষ্টা করছে।
আগামী মাসের শুরুর দিকে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে আলোচনার জন্য ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের কথা রয়েছে।
ইরান চুক্তি করুক বা না করুক আমরা জয়ী: ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান সবশেষ আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যাই ঘটুক না কেন, জয় আমাদেরই।’ হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘আমরা ওই দেশটিকে (ইরান) পুরোপুরি পরাজিত করেছি। এখন দেখা যাক কী হয়; হতে পারে তারা একটি চুক্তিতে আসবে, আবার না-ও আসতে পারে। তাতে কিছু যায় আসে না। আমেরিকার অবস্থান থেকে দেখলে জয় আমাদেরই।’
এমন সময় এই দাবি করলেন ট্রাম্প, যখন যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
তথ্যসূত্র: আল-জাজিরা
আলোচনা চলছে, আরও ইরানি উড়োজাহাজ পাকিস্তানে পৌঁছেছে
চলমান যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে আরও এক দফায় সরাসরি আলোচনা চলছে। এরই মধ্যে পাকিস্তানে পৌঁছেছে ইরানের কয়েকটি উড়োজাহাজ।
মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামাবাদে সেরেনা হোটেলে সরাসরি আলোচনা এখনো চলছে। আলোচনা এখন এক ‘গুরুত্বপূর্ণ পর্যায়ে’ পৌঁছেছে, যেখানে মূল আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালি।
জানা গেছে, যুক্তরাষ্ট্র এই প্রণালিটি সম্পূর্ণ খুলে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। সূত্রের তথ্য অনুযায়ী, আলোচনায় ইরানি প্রতিনিধিদল কিছুটা নমনীয়তা দেখাচ্ছে। অন্যদিকে মার্কিন দাবিগুলোর বিষয়ে এখনো কোনো ছাড় দেওয়া হয়নি।
এদিকে এক ঘণ্টার মধ্যে পাকিস্তানে একটি সামরিক ঘাঁটিতে ইরানের কয়েকটি উড়োজাহাজ অবতরণ করেছে। এর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, নতুন করে বিশেষজ্ঞ টিম নিয়ে আসা হয়েছে।
উভয় পক্ষের মধ্যে আলোচনা এখনো অব্যাহত রয়েছে। দুই পক্ষই একটি সমাধানে পৌঁছাতে কঠোর পরিশ্রম করছে বলে মনে হচ্ছে।
তথ্যসূত্র: আল-জাজিরা
হরমুজ প্রণালিতে দুই মার্কিন যুদ্ধজাহাজ, অস্বীকার ইরানের
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের প্রাথমিক কাজ শুরু করেছে। এ কাজে দুটি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। তবে মার্কিন বাহিনীর এমন দাবি নাকচ করে দিয়েছে ইরানের সামরিক বাহিনী।
এমন সময় এই পাল্টাপাল্টি দাবি করা হলো, যখন যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, তাদের ‘ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন’ এবং ‘ইউএসএস মাইকেল মারফি’ জাহাজ দুটি হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তাদের দাবি, আইআরজিসির পেতে রাখা সামুদ্রিক মাইন থেকে প্রণালিটিকে সম্পূর্ণ মুক্ত করার ‘বৃহত্তর অভিযানের’ অংশ হিসেবে এটি করা হয়েছে।
তবে ইরানের সামরিক বাহিনীর খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্রের পক্ষ থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে সেন্টকমের দাবি নাকচ করে দেওয়া হয়েছে।
ওই মুখপাত্র বলেন, ‘হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজগুলোর অগ্রসর হওয়া এবং প্রবেশের বিষয়ে সেন্টকম কমান্ডারের দাবি দৃঢ়ভাবে অস্বীকার করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘যেকোনো জাহাজের যাতায়াত ও চলাচলের উদ্যোগ পুরোপুরি ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর হাতে।’
তথ্যসূত্র: আল-জাজিরা
ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইসরায়েল: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান ও এর মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানেরও সমালোচনা করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া এক পোস্টে নেতানিয়াহু এ কথা বলেন। তিনি বলেন, ‘আমার নেতৃত্বে ইসরায়েল ইরানের সন্ত্রাসী শাসকগোষ্ঠী এবং এর মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।’ তিনি অভিযোগ করেছেন, এরদোয়ান ইরানকে ‘সহযোগিতা’ করছেন এবং কুর্দিদের বিরুদ্ধে ‘গণহত্যার’ চালানোর জন্য দায়ী।
সূত্র: আল–জাজিরা।
ইরান–যুক্তরাষ্ট্রের আলোচনা কালও চালিয়ে যাওয়ার প্রচেষ্টা পাকিস্তানের
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা আগামীকাল রোববারও চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান।
একটি সূত্রের বরাত দিয়ে আল–জাজিরা বলছে, পাকিস্তানের পক্ষ থেকে একটি প্রচেষ্টা চলছে যাতে, এই আলোচনা আরও এক দিন চালিয়ে যায় দুই পক্ষ। এতে এমন কিছু বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে যা দুই পক্ষকে চুক্তির দিকে নিয়ে যেতে পারে। প্রথম দফার আলোচনায় দুই পক্ষ সেই পর্যায়ে পৌঁছেনি।
পাকিস্তানি কূটনীতিকেরা বলছেন, তারা এখনও আশাবাদী, যে তারা [মার্কিন এবং ইরানি পক্ষকে] আরও ছাড় দেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করছে। কিন্তু এটি সম্পূর্ণ নির্ভর করবে উভয় পক্ষ এবং তাদের নেতৃত্বের ওপর।
সূত্র: আল–জাজিরা।
সরাসরি আলোচনার প্রথম ধাপ শেষ, যুক্তরাষ্ট্র-ইরান লিখিত বার্তা বিনিময়
ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনার প্রথম ধাপ শেষ হয়েছে। মধ্যস্থতকারী পাকিস্তানের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আল–জাজিরা এ কথা জানিয়েছে।
সূত্র জানায়, প্রথম দফার আলোচনা শেষে দুই প্রতিনিধি দল লিখিত বার্তা বিনিময় করেছে।
সূত্র: আল–জাজিরা।
ইরানের সম্পদ ছাড়ের বিষয়ে রাজি যুক্তরাষ্ট্র: আল–জাজিরা
ইরানের প্রতিনিধিদলের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আল–জাজিরা জানিয়েছে, ইরানের স্থগিত সম্পদ ছাড় দিতে রাজি হয়েছে। সূত্র জানিয়েছে, সম্পদ ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পর ইরান আলোচনায় অংশ নিয়েছে।
যদিও যুক্তরাষ্ট্র এই বিষয়ে সম্মত হয়েছে কিনা তা জানায়নি।
ইসলামাবাদ আলোচনা শুরু হওয়ার আগে বার্তা সংস্থা রয়টার্স ইরানের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, কাতার এবং অন্যান্য বিদেশি ব্যাংকে জব্দ ইরানের সম্পদ ছাড় করার বিষয়ে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। তবে বিষয়টি নজরে আসার পর তখন মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস বিষয়টি অস্বীকার করে।
উল্লেখ্য, আলোচনার আগে তেহরানের পক্ষ থেকে দেওয়া ১০ দফার মধ্যে ইরানের সম্পদ ছাড়ের বিষয়টিও যুক্ত ছিল।
সূত্র: আল–জাজিরা।
ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে: আল–জাজিরা
ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা। ইসলামাবাদে শুরু হওয়া সরাসরি আলোচনা প্রায় দুই ঘণ্টা চলার পর নৈশভোজের বিরতি দেওয়া হয়েছে। আবার এই আলোচনা শুরু হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুরুতে বলা হচ্ছিল, দুই দেশের প্রতিনিধিরা পরোক্ষভাবে আলোচনায় অংশ নেবেন। তবে পরে পাকিস্তানি কর্মকর্তাদের উপস্থিতিতে সরাসরি আলোচনা শুরু হয়। এটাকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
ইতিমধ্যে অনেকগুলি বিষয় আলোচনায় এসেছে। সূত্রের বরাত দিয়ে আল–জাজিরা বলছে, লেবাননে যা ঘটছে তার পরিপ্রেক্ষিতে কিছু অগ্রগতি হয়েছে। কিছু সূত্র ইঙ্গিত দেয়, [ইসরায়েলের] অভিযান এখন লেবাননের দক্ষিণে সীমাবদ্ধ থাকবে এবং বৈরুতে আর কোনও হামলা হবে না।
ইরানের সূত্র অনুযায়ী, দেশটির সম্পদ ছাড় হতে যাচ্ছে, এমন কিছু পরিবর্তনও হয়েছে।
এটি খুব প্রাথমিক পর্যায় বলে এখনও বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আল–জাজিরা বলছে, রুদ্ধদ্বার বৈঠক চলছে। ধীরে ধীরে তথ্য আসছে কিন্তু তা তাৎক্ষণিকভাবে যাচাই করা খুব কঠিন। আরও অপেক্ষা করতে হবে কী ঘটে।
সূত্র: আল–জাজিরা।
কোনো মার্কিন জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেনি: ইরান
কোনো মার্কিন জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেনি বলে জানিয়েছে ইরান। ইরানের সংবাদমাধ্যম আইআরআইবি দেশটির একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে এ কথা জানিয়েছে।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিয়স জানায়, বেশ কয়েকটি মার্কিন জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দাবি করেন, তারা হরমুজে মাইন অপসারণের প্রক্রিয়া শুরু করেছে।
এরপর ইরানের সংবাদমাধ্যম আইআরআইবি দেশটির একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানাল, কোনো মার্কিন জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেনি।
সূত্র: আল–জাজিরা।
ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা শুরু
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা শুরু হয়েছে। কিছুক্ষণ্আগে এই আলোচনা শুরু হয়।
১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর দুই দেশের মধ্যে এটাই সর্বোচ্চ পর্যায়ের আলোচনা।
ইসলামাবাদের সেরেনা হোটেলে এই আলোচনা চলছে। দুই পক্ষের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন নাকি পাকিস্তানের কর্মকর্তাদের মাধ্যমে আলোচনা চলছে, তা নিশ্চিত হওয়া যায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা বলছে, একই কক্ষে পাকিস্তান, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা একই কক্ষে বসে আলোচনা করছেন। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, সরাসরি নাকি পরোক্ষ আলোচনা শুরু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি তারা।
এর আগে দুই পক্ষ পৃথকভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন। ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ আর যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
সূত্র: আল–জাজিরা।
বিপুলসংখ্যক খালি ট্যাংকার যুক্তরাষ্ট্রের দিকে আসছে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিপুলসংখ্যক খালি ট্যাংকার তেল এবং গ্যাস নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের আসছে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ কথা বলেন। ট্রাম্প এমন সময় এই পোস্ট দিলেন, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা পাকিস্তানে আলোচনায় বসতে যাচ্ছেন।
ট্রাম্প লিখেছেন, ‘বড় বড় বিপুলসংখ্যক খালি ট্যাংকার এই মূহূর্তে যুক্তরাষ্ট্রের দিকে আসছে। সবচেয়ে সেরা এবং ‘মিষ্টি’ তেল (এবং গ্যাস!) নেওয়ার জন্য আসছে।’ তিনি বলেন, ‘আমাদের কাছে পৃথিবীর পরবর্তী দুটি বৃহত্তম তেল অর্থনীতির চেয়েও বেশি তেল মজুত আছে, গুণমানেও তাদের চেয়ে ভালো। আমরা অপেক্ষা করছি। দ্রুত ঘুরিয়ে দিন!’
সূত্র: আল–জাজিরা।
ইরানের জব্দ করা সম্পদ কি ছাড় করবে যুক্তরাষ্ট্র, কী বলছে হোয়াইট হাউস
কাতার এবং অন্যান্য বিদেশি ব্যাংকে জব্দ ইরানের সম্পদ ছাড় করার বিষয়ে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে— বার্তা সংস্থা রয়টার্স ইরানের একটি সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছিল। তবে বিষয়টি নজরে আসার পর মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস বিষয়টি অস্বীকার করেছে।
এর আগে ইরানের জ্যেষ্ঠ পর্যায়ের একজন কর্মকর্তা রয়টার্সকে ওই সম্পদ ছাড়ের কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগকে স্বাগত জানান। বলেন, যুক্তরাষ্ট্র যে পাকিস্তানে তেহরান–ওয়াশিংটনের মধ্যে বৈঠকে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে—এটা তারই ইঙ্গিত। তিনি বলেন, ইরানের সম্পদ ছাড়ের বিষয়টি হরমুজ প্রণালি খুলে দেওয়ার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত।
উল্লেখ্য, আলোচনার আগে তেহরানের পক্ষ থেকে দেওয়া ১০ দফার মধ্যে ইরানের সম্পদ ছাড়ের বিষয়টিও যুক্ত ছিল।
ওয়াশিংটন ঠিক কোন সম্পদ ছাড় দিতে রাজি হয়েছে, রয়টার্সের সঙ্গে আলাপকালে তা উল্লেখ করেননি ইরানের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে দ্বিতীয় একটি ইরানি সূত্র বলেছে, যুক্তরাষ্ট্র কাতারে আটকে রাখা ইরানের তহবিলের মধ্যে ৬০০ কোটি ডলার ছাড় দিতে সম্মত হয়েছে। এ বিষয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্য পায়নি রয়টার্স।
এদিকে ইরানের সূত্রের বরাত দিয়ে প্রকাশিত সম্পদ ছাড়ের খবর অস্বীকার করেছেন হোয়াইট হাউসের একজন কর্মকর্তা।
সূত্র: রয়টার্স ও আল–জাজিরা।
শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইরানের সঙ্গে ঐতিহাসিক শান্তি আলোচনায় অংশ নিতে জেডি ভ্যান্স বর্তমানে পাকিস্তানের ইসলামাবাদে অবস্থান করছেন। মার্কিন প্রতিনিধিদলের হয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে মূল বৈঠকে বসার আগে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এ দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নিলেন।
বৈঠকে ভ্যান্সের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, এ গুরুত্বপূর্ণ বৈঠকে পাকিস্তানের পক্ষে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
এর আগে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আশা প্রকাশ করেন, এই আলোচনা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে একটি বড় ধাপ হিসেবে কাজ করবে। একইসঙ্গে দুই পক্ষকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে পাকিস্তানের অঙ্গীকারের কথা তিনি পুনর্ব্যক্ত করেন।
আজ দিনের শুরুর দিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধিদলও শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন।
তবে মার্কিন ও ইরানি উভয় প্রতিনিধিদলের সঙ্গে শাহবাজ শরিফের আলোচনার বিস্তারিত কোনো তথ্য এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি।
সূত্র: আল–জাজিরা
প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছে ইরানের প্রতিনিধিদল। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে এ প্রতিনিধিদলে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার উদ্দেশ্যে ইরানি প্রতিনিধিদল এখন ইসলামাবাদে অবস্থান করছে। আজ শনিবার তারা পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকে অংশ নেন। তবে বৈঠকের বিস্তারিত সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুরু হতে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার আগে পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকা এবং দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
সূত্র: আল–জাজিরা
পাকিস্তান সম্পর্কে বিশ্ব মনোভাব ৯০ শতাংশ ‘নেতিবাচক’ থেকে এখন ৭০ শতাংশ ‘ইতিবাচক’
বিশ্বমঞ্চে দেশটির ভাবমূর্তি নাটকীয়ভাবে বদলে দিয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের যুদ্ধবিরতি ঘোষণার পর পাকিস্তানের প্রতি বিশ্ববাসীর দীর্ঘদিনের নেতিবাচক ধারণা এখন ইতিবাচক মনোভাবে রূপ নিয়েছে।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ইপসোসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে দেখা গেছে, গত মাসের শেষ দিকেও পাকিস্তানের কূটনৈতিক অবস্থান নিয়ে বিশ্বে ৯০ শতাংশ মানুষের নেতিবাচক ধারণা ছিল। তবে ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর ৭০ শতাংশের বেশি মানুষ এখন পাকিস্তানের বিষয়ে ইতিবাচক মত দিচ্ছেন।
পাকিস্তানের প্রতি নেতিবাচক মনোভাব বিশেষ করে যুক্তরাষ্ট্র, ভারত ও খোদ পাকিস্তানের ভেতরেই সবচেয়ে বেশি ছিল। দেশটির অনেক নাগরিক সরকারের বৈধতা ও রণকৌশল নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘থ্যাংক ইউ পাকিস্তান’ হ্যাশট্যাগটি বেশ জনপ্রিয় হয়েছে। আন্তর্জাতিক মহল এ যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সমন্বিত উদ্যোগের প্রশংসা করছে।
এমনকি ভারতের অনেক নাগরিকও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সরকারের ভূমিকার সমালোচনা করে পাকিস্তানের এ কূটনৈতিক সাফল্যের প্রশংসা করছেন।
সূত্র: জিও নিউজ
যুক্তরাষ্ট্রের ওপর ‘পুরোপুরি অবিশ্বাস’ নিয়ে আলোচনায় বসছে ইরান: আব্বাস আরাগচি
যুক্তরাষ্ট্রের প্রতি ‘পুরোপুরি অবিশ্বাস’ নিয়ে ইরান আলোচনায় বসছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুলের সঙ্গে আলাপকালে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন বলে খবর দিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ।
আরাগচি বলেন, ইরান তার দেশের জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় পুরো শক্তি দিয়ে লড়বে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে তিনি ওয়াশিংটনের অতীতের নানা কর্মকাণ্ডকে ‘প্রতিশ্রুতি ভঙ্গ’ ও ‘কূটনৈতিক বিশ্বাসঘাতকতা’ হিসেবে আখ্যায়িত করেন।
পাকিস্তানের ইসলামাবাদে আজ শনিবার থেকে দুই দেশের এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে আলোচনার শুরুতেই ইরানের এই কঠোর অবস্থান আলোচনার ফলাফল নিয়ে নতুন করে সংশয় তৈরি করেছে।
সূত্র: আল–জাজিরা
‘লকডাউনে’ ইসলামাবাদ, যুক্তরাষ্ট্র–ইরান বৈঠকের আগে ফাঁকা রাস্তাঘাট
যুক্তরাষ্ট্র ও ইরান গঠনমূলক আলোচনায় অংশ নেবে, আশা পাকিস্তানের
যুক্তরাষ্ট্র ও ইরান গঠনমূলক শান্তি আলোচনায় অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ইসলামাবাদের পররাষ্ট্র দপ্তরের একটি বিবৃতিতে এমনটা বলা হয়েছে।
ঐতিহাসিক এ আলোচনায় অংশ নিতে মার্কিন প্রতিনিধিদল আজ শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। ইরানের প্রতিনিধিদল পৌঁছেছে গতকাল শুক্রবার রাতে।
ইসহাক দার বলেছেন, ‘স্থায়ী ও টেকসই সমাধানে’ পৌঁছাতে দুপক্ষকে সহযোগিতা করে যেতে চায় ইসলামাবাদ।
সূত্র: আল–জাজিরা
যুক্তরাষ্ট্র-ইরান ঐতিহাসিক বৈঠক: যেকোনো মুহূর্তে শুরু হচ্ছে আলোচনা
পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা আজ শনিবার ইসলামাবাদে শুরু হতে যাচ্ছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, স্থানীয় সময় শনিবার (আজ) সকালে আলোচনার প্রথম দফা শুরু হবে।
এ আলোচনাকে সামনে রেখে ইতিমধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ইসলামাবাদে পৌঁছেছেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সমন্বিত হামলা চালায়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ক্ষতিগ্রস্ত হয় দেশটির সামরিক ও বেসামরিক বহু স্থাপনা। পাঁচ সপ্তাহে ইরানে ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানও হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়। এই প্রণালি দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন হয়। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দেয়।
গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে আগামী ২২ এপ্রিল।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর সঙ্গে থাকছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার।
ইরানি প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তাঁর সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনা পরোক্ষ ও প্রত্যক্ষ—দুভাবেই হতে পারে। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে কার্যসূচি ঠিক করার পর সরাসরি বৈঠক হতে পারে।
বৈঠক শুরুর আগে ট্রাম্প তাঁর প্রধান শর্তটি আবারও মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের সঙ্গে একটি ভালো চুক্তির মূল ভিত্তি হবে তাদের কাছে ‘কোনো পারমাণবিক অস্ত্র না থাকা’। চুক্তি হলে হরমুজ প্রণালি আপনাআপনি খুলে যাবে বলেও তিনি জানান।
এদিকে দুপক্ষের অবস্থানে এখনো বড় ব্যবধান রয়েছে। যুক্তরাষ্ট্র চাইছে, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ, ক্ষেপণাস্ত্র সক্ষমতায় সীমাবদ্ধতা ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার মতো বিষয়।
অন্যদিকে, ইরানের ১০ দফা প্রস্তাবে রয়েছে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, আঞ্চলিক সব সংঘাতের অবসান ও হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণের স্বীকৃতি।
এ আলোচনাকে ‘সিদ্ধান্তমূলক মুহূর্ত’ বলে অভিহিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দেশবাসীকে আলোচনার সাফল্যের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন তিনি।
সূত্র: সিএনএন, দ্য ন্যাশনাল ও আল–মনিটর
দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৩
দক্ষিণ লেবাননের নাবাতেহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতেহ’র মায়ফাদৌন নামক স্থানে একটি আবাসিক ভবন লক্ষ্য করে এ হামলা চালায় ইসরায়েল। এতে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং তিনজন নিহত হন।
সূত্র: আল–জাজিরা
পাকিস্তান পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
ইরানের সঙ্গে পূর্বঘোষিত শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
পাকিস্তান সরকারের উচ্চপদস্থ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
এ ছাড়া মার্কিন প্রতিনিধিদলের সদস্য হিসেবে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও ইসলামাবাদে পৌঁছেছেন।
সূত্র: আল–জাজিরা
ইরানের সঙ্গে শান্তি আলোচনায় বসতে এখন পাকিস্তানে মার্কিন প্রতিনিধি উইটকফ ও কুশনার
ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। পাকিস্তান সরকারের উচ্চপদস্থ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ইসলামাবাদে ইরানের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠেয় উচ্চপর্যায়ের এই বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন উইটকফ ও কুশনার। ইরানের সঙ্গে দীর্ঘদিনের বৈরিতা নিরসন ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে এ আলোচনার আয়োজন করা হয়েছে।
স্টিভ উইটকফ বর্তমানে মার্কিন প্রশাসনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এর আগে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
সূত্র: রয়টার্স ও আল–জাজিরা
পাকিস্তানে আসা ইরানি প্রতিনিধিদলকে উষ্ণ সংবর্ধনা
Arrival of the delegation of the Islamic Republic of Iran for Islamabad Talks pic.twitter.com/aJYU9cx5t2
— Ministry of Foreign Affairs - Pakistan (@ForeignOfficePk) April 10, 2026
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইরানি প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছেছে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠেয় এ শান্তি আলোচনার উদ্দেশ্যে ইরানি প্রতিনিধিদল দেশটিতে অবতরণ করলে তাদের উষ্ণ সংবর্ধনা জানানো হয়।
সূত্র: ডন
স্পেনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ
Villagers in Malaga, Spain, burned an effigy of Israeli PM Netanyahu. pic.twitter.com/UFocQxNMa5
— Press TV (@PressTV) April 11, 2026
স্পেনের মালাগা এলাকার একটি গ্রামের বাসিন্দারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করেছেন।
সূত্র: ডন
কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির দৃশ্য
Massive destruction of the US base at Al-Udeid in Qatar following Iranian missile attacks. pic.twitter.com/uuGTxF7ibX
— Tehran Times (@TehranTimes79) April 10, 2026
কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে।
এ হামলায় ঘাঁটিটির বিশাল অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
সূত্র: ডন
রাস লাফান শিল্পনগরীতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ করল কাতার
Qatar has released new videos showing damage from Iranian missile attacks on Ras Laffan Industrial City in March. QatarEnergy said the site, part of the world’s largest LNG export hub, suffered extensive damage, with some repairs expected to take years. pic.twitter.com/ErICAEm2w3
— Al Jazeera Breaking News (@AJENews) April 11, 2026
রাস লাফান শিল্পনগরীতে গত মাসে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ করেছে কাতার।
কাতারএনার্জি জানিয়েছে, বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি কেন্দ্রের অংশ এ স্থাপনাটি ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার কারণে ক্ষতিগ্রস্ত কিছু অংশ মেরামত করতে কয়েক বছর সময় লেগে যেতে পারে।
সূত্র: ডন
ইরানে সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন জানাতে রাস্তায় সাধারণ মানুষের ঢল
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের মুখে ইরানের সাধারণ মানুষ তাঁদের দেশের সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন জানাতে রাস্তায় নেমে এসেছেন।
ইরানের বিভিন্ন শহরের রাস্তায় নেমে সাধারণ মানুষ এই সংহতি প্রকাশ করছেন।
Iranians keep flooding the streets to support the country's armed forces in the face of US–Israeli aggression.
— Press TV (@PressTV) April 11, 2026
Follow https://t.co/B3zXG74hnU pic.twitter.com/5vBJXl91pp
সূত্র: ডন
পাকিস্তানে ইরানি প্রতিনিধিদলের বিমানে মিনাব স্কুল হামলায় নিহতদের ছবি
পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনায় অংশ নিতে আসা ইরানি প্রতিনিধিদলের বিমানের ভেতরের ছবিতে দেখা গেছে, আসনগুলোতে মিনাব স্কুল হামলায় নিহতদের ছবি ও তাঁদের জিনিসপত্র রাখা হয়েছে।
‘মিনাব ১৬৮’ নামের এ বিমানটি মূলত ওই হামলায় নিহত ১৬৮ জনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সাজানো হয়েছে। নিহতদের মধ্যে বেশির ভাগই ছিল শিশু।
Images from a plane carrying Iran’s delegation to US-Iran talks in Islamabad show seats filled with photos and belongings of victims of the Minab school strike.
— Al Jazeera English (@AJEnglish) April 11, 2026
The aircraft, “Minab 168,” honours the 168 killed, mostly children. pic.twitter.com/1RdeOWnUrA
সূত্র: ডন
ট্রাম্পের চাওয়া এক কথায়, ‘ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না’
ইরানের সঙ্গে একটি ভালো চুক্তি কেমন হবে, তা এক কথায় জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেটি হলো, ‘ইরানের জন্য কোনো পারমাণবিক অস্ত্র নয়।’
ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি ভালো চুক্তির ৯৯ শতাংশ শর্তই হলো দেশটিকে পারমাণবিক অস্ত্র মুক্ত রাখা।
.@POTUS: "No nuclear weapon. That's 99% of it." https://t.co/pwqA8I9oZR pic.twitter.com/IEQZNl4SFb
— Rapid Response 47 (@RapidResponse47) April 10, 2026
সূত্র: ডন
ইরানে ইন্টারনেট সেবা বন্ধের মেয়াদ ১০০০ ঘণ্টা ছাড়াল
ইরানে সরকারি নির্দেশে বিভিন্ন ওয়েবসাইট বন্ধ রাখার সময় ১০০০ ঘণ্টা পার হয়েছে।
ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস এ তথ্য জানিয়েছে।
নেটব্লকস বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর ইরানে দীর্ঘ সময় ধরে ইন্টারনেট ব্যবহারের ওপর এ বিধিনিষেধ অব্যাহত রয়েছে।
1000 hours. pic.twitter.com/9nr87aSycJ
— NetBlocks (@netblocks) April 10, 2026
সূত্র: ডন
হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি অবকাঠামোতে আগুন
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, ইসরায়েলের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলোতে এ হামলা চালানো হয়েছে।
তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
Hezbollah says conducting missile strikes on Israeli infrastructure in northern occupied territories
— Press TV (@PressTV) April 11, 2026
Follow https://t.co/B3zXG73Jym pic.twitter.com/D1UuJAZZss
সূত্র: ডন
আমাদের সদিচ্ছা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই: ইরানের স্পিকার
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে পাকিস্তান পৌঁছে ইরানের প্রধান আলোচক পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, তাঁদের প্রতিনিধিদল আশাবাদী, তবে তারা মার্কিন প্রতিপক্ষকে বিশ্বাস করছে না।
শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছায় ইরানের প্রতিনিধিদল। স্পিকার গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতি এবং কয়েকজন আইনপ্রণেতা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে গালিবাফ বলেন, ‘আমাদের সদিচ্ছা আছে, কিন্তু (যুক্তরাষ্ট্রের প্রতি) আমাদের কোনো বিশ্বাস নেই।’
ইরানের প্রধান আলোচক বলেন, যুক্তরাষ্ট্র যদি একটি ‘প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত’ থাকে, তবে ইরানও প্রস্তুত হতে পারে।
গালিবাফ আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত, আমেরিকানদের সঙ্গে আমাদের আলোচনার অভিজ্ঞতা সব সময় ব্যর্থতা এবং প্রতিশ্রুতির লঙ্ঘনের মধ্য দিয়ে শেষ হয়েছে।’
এদিকে ইরানের সঙ্গে আলোচনায় যোগ দিতে ইতিমধ্যে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর নেতৃত্বে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জারেড কুশনার আলোচনায় অংশ নেবেন।
সূত্র: সিএনএন ও আল-জাজিরা
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র: ট্রাম্প
ইরানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ নিয়ে কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই। এ আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি গুরুত্ব পাবে বলেও জানান তিনি।
ভার্জিনিয়ার শার্লটসভিলের উদ্দেশে উড়োজাহাজে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন।
যুদ্ধবিরতি আলোচনার জন্য ইসলামাবাদে যাওয়ার আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তিনি কী বলেছেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি তাঁকে শুভকামনা জানিয়েছি।’
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা কি একবারেই শেষ হবে নাকি আগামী সপ্তাহগুলোতেও চলবে, সে বিষয়ে নিশ্চিত নন বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। কোনো বিকল্প পরিকল্পনা (ব্যাক-আপ প্ল্যান) আছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আপনাদের কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই।’
ইরানের সঙ্গে একটি ভালো চুক্তি কেমন হতে পারে—অন্য এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।’ এ সময় তিনি উল্লেখ করেন, তাঁর মতে ইরানে ইতিমধ্যে সরকার পরিবর্তন (রেজিম চেঞ্জ) ঘটে গেছে।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালি ‘খুব শিগগিরই’ খুলে দেওয়া হবে। যদিও যুক্তরাষ্ট্রের জন্য এটির প্রয়োজন নেই বলে তিনি মন্তব্য করেন।
হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলো থেকে ইরান টোল আদায় করবে—এমন সংবাদের বিষয়ে জানতে চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা এমনটা হতে দেব না।’
সূত্র: বিবিসি
লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি আলোচনা মঙ্গলবার ওয়াশিংটনে
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত নিরসনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার লক্ষ্যে আগামী মঙ্গলবার ওয়াশিংটনে বসছে ইসরায়েল ও লেবানন। লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এই আলোচনায় মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় জানিয়েছে, দুই দেশের প্রতিনিধিরা মার্কিন পররাষ্ট্র দপ্তরে বৈঠকে বসবেন। বৈঠকের উদ্দেশ্য হলো ‘যুদ্ধবিরতির ঘোষণা এবং সরাসরি আলোচনা শুরুর একটি তারিখ নির্ধারণ করা’।
জানা গেছে, এই আলোচনার আয়োজন করতে শুক্রবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূত এবং লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মধ্যে একটি ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে।
সূত্র: বিবিসি
পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল
যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে ইরানের একটি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে। ইরানের সংবাদমাধ্যমগুলো এ তথ্য দিয়েছে। শুক্রবার রাতে তারা ইসলামাবাদে পৌঁছান।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা।
ইরানের সঙ্গে আলোচনায় যোগ দিতে ইতিমধ্যে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর নেতৃত্বে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জারেড কুশনার আলোচনায় অংশ নেবেন।
সূত্র: আল-জাজিরা ও ডন
যুদ্ধ জাহাজগুলোতে শ্রেষ্ঠ অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে: ট্রাম্প
পাকিস্তানের ইসলামাবাদে আসন্ন আলোচনা ব্যর্থ হলে আবার ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সমঝোতা না হলে ইরানে আঘাত হানার লক্ষ্যে মার্কিন যুদ্ধজাহাজগুলোতে অস্ত্রশস্ত্র তোলা হচ্ছে।
নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, ‘আমাদের নতুন করে শুরু করার কাজ চলছে। আমরা জাহাজগুলোতে এ পর্যন্ত তৈরি করা সর্বশ্রেষ্ঠ অস্ত্র, সর্বশ্রেষ্ঠ গোলাবারুদ তুলছি। যা আগেও করেছিলাম তার চেয়ে আরও ভয়াবহ পরিস্থিত করা হবে। আগের হামলায় আমরা তাদের (ইরান) চূর্ণ–বিচূর্ণ করে দিয়েছিলাম।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইসলামাবাদে যদি সমঝোতা না হয়, তবে শেষ্ঠ অস্ত্র ও গোলাবারুদগুলো অতি কার্যকরভাবে ব্যবহার করা হবে।
সূত্র: আল–জাজিরা
লেবাননে যুদ্ধবিরতি না হলে আলোচনা শুরু করা যাবে না: ইরান
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, দুইটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করা যাবে না। এর একটি হলো লেবাননে যুদ্ধবিরতির বাস্তবায়ন এবং অন্যটি ইরানের জব্দকৃত সম্পদের ছাড়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ বাঘের গালিবাফ বলেন, দুই পক্ষের (যুক্তরাষ্ট্র ও ইরান) মধ্যে পারস্পরিকভাবে সম্মত হওয়া সত্ত্বেও দুটি বিষয়ে এখনও বাস্তবায়িত হয়নি। সেই দুটি বিষয় হলো লেবাননে যুদ্ধবিরতি এবং আলোচনার শুরু হওয়ার আগে ইরানের জব্দকৃত সম্পদের ছাড় দেওয়া। আলোচনা শুরু হওয়ার আগে এই দুটি বিষয় পূরণ হতে হবে।
সূত্র: আল–জাজিরা
ইরান সৎ মনোভাব নিয়ে আলোচনা করতে চাইলে, উন্মুক্ত হাত বাড়াতে প্রস্তুত: জেডি ভ্যান্স
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে ‘সুস্পষ্ট দিকনির্দেশনা’ দিয়েছেন। এই আলোচনা ‘ইতিবাচক’ হবে বলে তিনি আশাবাদী।
ইরানের সঙ্গে আলোচনায় যোগ দিতে পাকিস্তান সফরে যাওয়ার আগে ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের এ কথা বলেন জেডি ভ্যান্স। তিনিও তেহরানের সঙ্গে আসন্ন আলোচনাকে ইতিবাচকভাবে দেখছেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘যদি ইরানিরা সৎ মনোভাব নিয়ে আলোচনা করতে চায়, আমরা অবশ্যই উন্মুক্ত হাত বাড়াতে প্রস্তুত।’ তিনি বলেন, ইরান যদি আলোচনার নামে ধোঁকা দেওয়ার চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র নমনীয় থাকবে না।
সূত্র: আল–জাজিরা
যুক্তরাষ্ট্রকে যুদ্ধ অথবা যুদ্ধবিরতি—একটি বেছে নিতে হবে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, লেবাননে চলমান ইসরায়েলি হামলা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির শর্তের গুরুতর লঙ্ঘন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে যুদ্ধ অথবা যুদ্ধবিরতি—যে কোনো একটি বেছে নিতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিবিসির সঙ্গে আলাপকালে উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ এ কথা বলেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে গত বুধবার দেশটিতে ইসরায়েলের ভয়াবহ হামলায় তিন শতাধিক মানুষ নিহত হয়। এর আগে ওইদিন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা আসে। এই যুদ্ধিবরতির মধ্যস্থতাকারী পাকিস্তান বলেছে, লেবাননও যুদ্ধবিরতির আওতায় আছে। ইরানও সেটাই বলছে। বিশ্বনেতারা কার্যকর যুদ্ধিবরতির জন্য লেবাননে হামলা চালানো বন্ধের আহ্বান জানাচ্ছেন। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে, লেবানন যুদ্ধবিরতির আওতায় নেই।
উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বিবিসি রেডিও ৪-এর টুডে প্রোগ্রামে বলেন, যুক্তরাষ্ট্রকে ‘যুদ্ধ ও যুদ্ধবিরতির মধ্যে’ একটি বেছে নিতে হবে এবং ‘একই সঙ্গে কেক রাখা এবং খাওয়া যাবে না’।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামীকাল শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু হচ্ছে। তার আগে লেবাননে ইসরায়েলের হামলা চালিয়ে যাওয়া এই আলোচনা নিয়ে সংশয় তৈরি করছে।
সূত্র: বিবিসি
লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, লক্ষ্যবস্তু অ্যাম্বুলেন্স
লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে দেইর কানুন রাস আল-আইন শহরে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও ফায়ারট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী অভিযোগ করেছে, হিজবুল্লাহর লেবাননের অ্যাম্বুলেন্স সার্ভিস সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে। তাই হামলা অ্যাম্বুলেন্সকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তবে ইসরায়েল এই অভিযোগের সমর্থনে কোনও প্রমাণ দিতে পারেনি।
এদিকে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। ইরানপন্থী এই সশস্ত্র গোষ্ঠীটি, তাদের যোদ্ধারা আজ শুক্রবার ইসরায়েলের উত্তরাঞ্চলের কিরিয়াত শিমোনা এলাকায় ড্রোন হামলা চালিয়েছে। আর মেতুলা, মারগালিওত এবং মিসগাভ আমের এলাকায় ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।
সূত্র: আল–জাজিরা
ইরান এমন যুদ্ধবিরতি চায় না, যা শত্রুকে আবার হামলার সুযোগ দেবে: উপপররাষ্ট্রমন্ত্রী
ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি বলেছেন, তারা এমন যুদ্ধবিরতি চায় না, যা শত্রুকে আবার ইরানে হামলা চালানোর সুযোগ দেবে।
তেহরানে আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকের সময় ইসলামাবাদে আসন্ন যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার বিষয়ে তিনি এ মন্তব্য করেছে।
ইরানের মেহের নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে। উপপররাষ্ট্র মন্ত্রী মাজিদ তাখত বলেন, ইসলামাবাদে আলোচনার মূল ভিত্তি হিসেবে ইরানের দেওয়া ১০ দফা পরিকল্পনাকে গ্রহণ করা হয়েছে। ইরান সবসময় কূটনীতি এবং সংলাপকে স্বাগত জানায়। তবে তা এমন কোনো সংলাপ নয়, যা মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে প্রতারণার উদ্দেশ্যে করা হয়। কিংবা ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক আগ্রাসনের পথ সুগম করার লক্ষ্যে করা হয়।
উপপররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘আমরা এমন যুদ্ধবিরতি চাই না যা আক্রমণকারী শত্রুকে পুনরায় সজ্জিত হয়ে আবার আক্রমণ করার সুযোগ দেয়। আমরা বন্ধুদের (মধ্যস্থতাকারী) স্পষ্ট জানিয়েছি।’
সূত্র: আল–জাজিরা
মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানের ড্রোন ভূপাতিত করতে সহায়তা করেছে ইউক্রেন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তাঁর দেশ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি রাষ্ট্রকে ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোন ভূপাতিত করতে কারিগরি ও সামরিক সহায়তা দিয়েছে।
জেলেনস্কি দাবি করেন, ইউক্রেনীয় ইন্টারসেপ্টর বা প্রতিরোধক ড্রোন কীভাবে ইরানি ড্রোন ধ্বংস করতে পারে, তা হাতে-কলমে দেখিয়েছেন তাঁদের বিশেষজ্ঞরা।
গত সপ্তাহে মধ্যপ্রাচ্য সফর করেন জেলেনস্কি। ওই সময় উপসাগরীয় দেশগুলো ইরানের পক্ষ থেকে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে ছিল। গত কয়েক বছর ধরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইরানের তৈরি এসব শাহেদ ড্রোন মোকাবিলার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ইউক্রেনের।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যে আমাদের সামরিক বিশেষজ্ঞ পাঠিয়েছি। তাঁদের মধ্যে ইন্টারসেপ্টর ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিশেষজ্ঞরা রয়েছেন। কয়েকটি দেশকে আমরা দেখিয়েছি, কীভাবে ইন্টারসেপ্টর ড্রোন দিয়ে শত্রুর ড্রোন ধ্বংস করতে হয়।’
জেলেনস্কি আরও বলেন, ‘আমরা কি ইরানি শাহেদ ড্রোন ধ্বংস করেছি? হ্যাঁ, করেছি। আমরা কি শুধু একটি দেশে এটি করেছি? না, বেশ কয়েকটি দেশে করেছি। আমি মনে করি, এটি আমাদের জন্য একটি বড় সাফল্য।’
সূত্র: আল–জাজিরা
ইরানে আগামীকাল থেকে সব ব্যাংকে পুরোদমে লেনদেন শুরু
ইরানের ব্যাংক সমন্বয় কাউন্সিল জানিয়েছে, আগামীকাল শনিবার থেকে দেশজুড়ে সব ব্যাংকের শাখাগুলোতে পুরোদমে কার্যক্রম শুরু হবে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, এ সংক্রান্ত নির্দেশের আওতায় রাজধানী তেহরানে অবস্থিত ব্যাংকগুলোর প্রধান কার্যালয়সহ সব শাখা অন্তর্ভুক্ত থাকবে।
সূত্র: আল–জাজিরা
ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় উপসাগরীয় অঞ্চলে থাকা অন্তত এক ডজন মার্কিন সামরিক ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মধ্যপ্রাচ্যবিষয়ক একদল বিশেষজ্ঞের মতে, এসব ঘাঁটির বর্তমান অবস্থা এতটাই নাজুক যে, এগুলো এখন উপকারের চেয়ে মার্কিন বাহিনীর জন্য উল্টো ঝুঁকি তৈরি করছে।
গত মাসে ‘নিউইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদনে প্রথম জানানো হয়েছিল যে, ইরানের হামলার পর ঘাঁটিগুলো এখন প্রায় ‘বসবাসের অনুপযোগী’ হয়ে পড়েছে।
তবে ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির এ ব্যাপকতার কথা স্বীকার করেনি।
ওয়াশিংটনের ‘আরব সেন্টার’-এর বার্ষিক সম্মেলনে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মার্ক লিঞ্চ বলেন, ‘গত এক মাস ধরে ইরান মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের অবকাঠামোগুলো অকেজো করে দিয়েছে। অথচ এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তার সঠিক চিত্র সামনে আসছে না।’
বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও ওমান—এই ছয়টি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে প্রবেশাধিকার পেন্টাগন ও সংশ্লিষ্ট দেশগুলো অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। এমনকি গত মাসে এসব দেশের আকাশসীমায় ক্ষেপণাস্ত্রের কোনো ছবি বা ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
বিশ্লেষকদের ধারণা, ইরানে হামলার জন্য ব্যবহৃত মার্কিন ঘাঁটিগুলোকে সুরক্ষা দিতেই এ গোপনীয়তা বজায় রাখা হচ্ছে।
মার্ক লিঞ্চ আরও বলেন, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ৯ হাজার সেনার আবাসস্থল এই ঘাঁটিটি এখন এতটাই অরক্ষিত যে, সেখানে নৌবহরকে আবার ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
এ বিশেষজ্ঞের মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে দীর্ঘমেয়াদি কৌশল ছিল, তা এখন কার্যত মুখ থুবড়ে পড়েছে।
সূত্র: মিডল ইস্ট আই
সৌদি আরবে উৎপাদন ব্যাহত হওয়া ও সরবরাহ কমার খবরে বাড়ল তেলের দাম
সৌদি আরবের তেল স্থাপনায় হামলার ক্ষয়ক্ষতি নিয়ে তথ্য প্রকাশ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় বন্ধ থাকায় আজ শুক্রবার বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।
তবে এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি এবং লেবাননের সঙ্গে ইসরায়েলের সরাসরি আলোচনার ইঙ্গিতে তেলের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে।
আজ লেনদেনের শুরুতে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৫৮ সেন্ট (০ দশমিক ৬০ শতাংশ) বেড়ে ৯৬ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ৪৯ সেন্ট (০ দশমিক ৫০ শতাংশ) বেড়ে ৯৮ দশমিক ৩৬ ডলারে পৌঁছেছে।
সব মিলিয়ে চলতি সপ্তাহে তেলের দাম ১১ শতাংশ কমেছে, যা ২০২৫ সালের জুনের পর এক সপ্তাহে সর্বোচ্চ দরপতন।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, দেশটির তেল স্থাপনায় হামলায় প্রতিদিন প্রায় ৬ লাখ ব্যারেল তেল উৎপাদন ব্যাহত হচ্ছে। এ ছাড়া ‘ইস্ট-ওয়েস্ট’ পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ দৈনিক ৭ লাখ ব্যারেল কমেছে। এ খবরের পর বাজারে তেল সরবরাহে আরও বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।
গত মঙ্গলবার পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হলেও সংঘাত পুরোপুরি থামেনি।
বিশ্লেষকেরা বলছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজারে উদ্বেগ কাটবে না। গতকাল বৃহস্পতিবার এই পথ দিয়ে স্বাভাবিকের চেয়ে ১০ শতাংশ কম জাহাজ চলাচল করেছে। ইরান দাবি করেছে, এ পথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে তাদের জলসীমার নিয়ম মেনে চলতে হবে। এমনকি শান্তি চুক্তির অংশ হিসেবে জাহাজ চলাচলে ফি বা মাশুল আদায়ের প্রস্তাবও দিয়েছে তেহরান, যদিও পশ্চিমা দেশগুলো ও জাতিসংঘ এর বিরোধিতা করছে।
জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান ‘স্ট্রাটাস অ্যাডভাইজরস’-এর প্রেসিডেন্ট জন পাইসি জানান, হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ বর্তমানের মতো স্থবির থাকলে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১৯০ ডলারে গিয়ে ঠেকতে পারে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল–যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের প্রায় ৫০টি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেপি মরগানের তথ্যমতে, এর ফলে দৈনিক ২৪ লাখ ব্যারেল তেল পরিশোধন ক্ষমতা নষ্ট হয়েছে।
সূত্র: রয়টার্স
ভেঙে পড়ার শঙ্কায় যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি
ইসরায়েল ও লেবানন আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আলোচনায় বসবে। গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা এ কথা বলেছেন। তবে লেবাননে ইসরায়েলের হামলা চলতে থাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দুই সপ্তাহের যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরু হয়। মার্চের শুরুর দিকে ইরানপন্থী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের প্রতি সংহতি জানিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে। ইসরায়েল তখন লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যাপক হামলা শুরু করে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত বুধবার হামলায় তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মাত্র ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে হওয়া এ হামলা যুদ্ধবিরতিকে অনিশ্চয়তায় ফেলেছে।
সূত্র: এএফপি
যুদ্ধবিরতির পরও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল থমকে আছে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনো স্বাভাবিক হয়নি। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, তা দ্রুত সমাধানের আশা ক্ষীণ হয়ে আসছে।
বাজার পর্যবেক্ষণকারী সংস্থা ‘কেপলার’-এর তথ্য অনুযায়ী, গত বুধবার মাত্র পাঁচটি জাহাজ এ প্রণালি অতিক্রম করেছে, যা এর আগের দিনের (১১টি) তুলনায় অর্ধেকেরও কম। গতকাল বৃহস্পতিবার পার হয়েছে মাত্র সাতটি জাহাজ।
এদিকে ‘লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স’-এর হিসাবে, হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ থাকায় পারস্য উপসাগরে এখনো ৬০০টির বেশি জাহাজ আটকা পড়ে আছে। এর মধ্যে ৩২৫টিই তেলবাহী ট্যাংকার।
সূত্র: আল–জাজিরা
যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ
Israel launched its heaviest strikes yet on Lebanon, killing over 250 people, most of them in Beirut, as a two-week US-Iran ceasefire took effect, with Iran saying the intensified attacks made negotiations with Washington 'unreasonable' https://t.co/40tM1dXobL pic.twitter.com/7uWHqv9zuO
— Reuters (@Reuters) April 9, 2026
হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, লেবাননে ইসরায়েলের হামলা চলছে
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালিতে ইরানের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, এ পথ দিয়ে তেল পরিবহনের বিষয়ে ইরান ‘খুবই খারাপ’ আচরণ করছে, যা বিদ্যমান চুক্তির পরিপন্থী।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘শুনেছি হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ইরান তেলবাহী ট্যাংকার থেকে মাশুল (ফি) আদায় করছে। তারা যেন এমনটা না করে। আর যদি করে থাকে, তবে এখনই তা বন্ধ করতে হবে।’
বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ২০ শতাংশ এ পথ দিয়েই পরিবহন করা হয়।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে তাঁর সরকার। এই আলোচনার মূল লক্ষ্য, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ ও শান্তি প্রতিষ্ঠা। মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে যে, আগামী সপ্তাহে ওয়াশিংটনে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
লেবানন সরকার আলোচনার আগে যুদ্ধবিরতির দাবি জানালেও নেতানিয়াহু তা নাকচ করে দিয়েছেন। উত্তর ইসরায়েলের বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, ‘লেবাননে কোনো যুদ্ধবিরতি নেই।’
গতকাল বৃহস্পতিবারও লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর রকেট উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। তবে রাতের দিকে হামলার তীব্রতা কিছুটা কমেছে।
এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, শান্তি আলোচনার স্বার্থে ইসরায়েল তাদের হামলার মাত্রা কমিয়ে আনবে। তিনি বলেন, ‘আমি বিবির (নেতানিয়াহু) সঙ্গে কথা বলেছি। তিনি হামলা কমিয়ে আনতে রাজি হয়েছেন।’
ইসরায়েলি হামলায় বৈরুতের দক্ষিণের এলাকাগুলোতে নতুন করে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস জানান, এ নির্দেশের আওতায় দুটি বড় হাসপাতালও পড়েছে। সেখানে আইসিইউতে থাকা ৪০ জনসহ প্রায় ৪৫০ রোগী আছেন। তাঁদের সরিয়ে নেওয়া বর্তমানে অসম্ভব।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বুধবার ইসরায়েলি হামলায় ৩০৩ জন নিহত এবং ১ হাজার ১৫০ জন আহত হয়েছেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতির শর্ত নিয়ে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে। ইরান ও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান বলছে, লেবানন এ চুক্তির আওতাভুক্ত। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তা অস্বীকার করছে।
এ উত্তেজনার মধ্যেই ইরান দাবি করেছে, ইসরায়েল চুক্তির শর্ত ভঙ্গ করছে। এর প্রতিবাদে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধের হুমকি দিয়েছে।
সূত্র: বিবিসি
কুয়েতে হামলার খবর সত্য হলে তা ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্রের কাজ: ইসলামি বিপ্লবী গার্ড
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনার এক প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় দেশগুলোতে গতকাল বৃহস্পতিবার কোনো হামলা চালানোর খবর অস্বীকার করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
এর আগে কুয়েত অভিযোগ করেছিল যে, যুদ্ধবিরতি চললেও তেহরান ও তাদের মদদপুষ্ট গোষ্ঠীগুলো হামলা অব্যাহত রেখেছে।
এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘গণমাধ্যমে প্রকাশিত এসব প্রতিবেদন যদি সত্যি হয়ে থাকে, তবে নিঃসন্দেহে এটি জায়নবাদী শত্রু (ইসরায়েল) অথবা যুক্তরাষ্ট্রের কাজ।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির মধ্যেই গতকাল ড্রোন হামলায় কুয়েতের আধাসামরিক বাহিনী ন্যাশনাল গার্ডের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েতের আকাশসীমায় ঢুকে পড়া ড্রোনের বিরুদ্ধে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার ঘোষণার পর ক্ষয়ক্ষতির এ খবর পাওয়া গেছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুয়েত নিউজ এজেন্সি জানিয়েছে, ড্রোন হামলায় দেশটির ন্যাশনাল গার্ডের একটি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ন্যাশনাল গার্ড কুয়েত সশস্ত্র বাহিনীর একটি আধাসামরিক শাখা।
সূত্র: দ্য গার্ডিয়ান
হরমুজ সচল করতে ‘কার্যকর পরিকল্পনা’ নিয়ে ট্রাম্প–স্টারমারের ফোনালাপ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে টেলিফোনে কথা হয়েছে। এ সময় দুই নেতা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজগুলো যেন অবাধে চলাচল করতে পারে, তা নিশ্চিত করার জন্য একটি ‘কার্যকর পরিকল্পনা’র প্রয়োজনীয়তা নিয়ে দুই নেতা কথা বলেছেন।
বর্তমানে উপসাগরীয় অঞ্চলে ব্রিটিশ মিত্র দেশগুলো সফর করছেন স্টারমার। সফরের অংশ হিসেবে তিনি কাতার, সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে বৈঠক করেছেন।
ব্রিটিশ এই নেতা এর আগে বলেছিলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য কোনো ধরনের মাশুল বা টোল থাকা উচিত নয়।
যুদ্ধের পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন ব্যবস্থাপনার কথা বলে আসছে ইরান। এর মাধ্যমে কার্যত এই প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল বসানোর ইঙ্গিত দিয়েছে তেহরান। এ ছাড়া যুদ্ধের সময় এ পথে চলাচলকারী কিছু জাহাজ থেকে ইরান টোল সংগ্রহ করেছে বলে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
সূত্র: আল–জাজিরা
যুদ্ধবিরতি চলাকালে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি: আইআরজিসি
যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী ‘কোনো দেশের দিকে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়েনি’ বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের সংবাদ সংস্থা ফারস–এ প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
কুয়েতের আধাসামরিক বাহিনী ন্যাশনাল গার্ডের একটি স্থাপনায় ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির খবরের প্রতিক্রিয়ায় আইআরজিসি এই বিবৃতি দেয়।
আইআরজিসি বলেছে, ‘গণমাধ্যমে প্রকাশিত এই খবরগুলো যদি সত্য হয়ে থাকে, তবে এটি নিঃসন্দেহে জায়নবাদী শত্রু (ইসরায়েল) অথবা আমেরিকার কাজ।’
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী যদি কোনো লক্ষ্যবস্তুতে ‘আঘাত হানে’, তবে তা দাপ্তরিক বিবৃতির মাধ্যমে ‘সাহসের সঙ্গে ঘোষণা’ করবে।
সূত্র: আল–জাজিরা
খুব শিগগিরই হরমুজ দিয়ে তেল পরিবহন শুরু হবে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সহায়তায় অথবা তাদের সহায়তা ছাড়াই ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন শুরু হবে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প ওই পোস্টে আরও লিখেছেন, ‘আমার কারণেই ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।’
টুথ সোশ্যালে ট্রাম্প আরও লিখেছেন, ‘এমন খবর পাওয়া যাচ্ছে যে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ইরান তেলবাহী জাহাজগুলো থেকে ফি বা টোল আদায় করছে। তাদের এমনটা না করাই ভালো। আর যদি তারা এটি করে থাকে, তবে এখনই তা বন্ধ করা উচিত হবে।’
যুদ্ধের পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন ব্যবস্থাপনার কথা বলে আসছে ইরান। এর মাধ্যমে কার্যত এই প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল বসানোর ইঙ্গিত দিয়েছে তেহরান। এ ছাড়া যুদ্ধের সময় এ পথে চলাচলকারী কিছু জাহাজ থেকে ইরান টোল সংগ্রহ করেছে বলে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
সূত্র: আল–জাজিরা ও বিবিসি
হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় গুরুতর আহত ইরানের ফরেন রিলেশনস কাউন্সিলের প্রধান কামাল খারাজি মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এই তথ্য জানিয়েছে।
সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে সস্ত্রীক এক হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন বলে খবর পাওয়া যায়। ওই হামলায় তাঁর স্ত্রী নিহত হন এবং খারাজি মারাত্মকভাবে আহত হয়েছিলেন।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৩৯ দিনের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ পর্যায়ের অন্তত ছয়জন নেতার মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, তাদের হামলায় ৫০ জনের বেশি ইরানি নেতা নিহত হয়েছেন।
রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ইরানের শাসনব্যবস্থার মেরুদণ্ড হিসেবে এই প্রভাবশালী ব্যক্তিরা পরিচিত ছিলেন।
সূত্র: আল–জাজিরা
হরমুজে জাহাজ থেকে টোল আদায় না করতে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে ইরান যেন কোনো ধরনের টোল আদায় না করে, সে বিষয়ে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা উচ্চারণ করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘এমন খবর পাওয়া যাচ্ছে যে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ইরান তেলবাহী জাহাজগুলো থেকে ফি বা টোল আদায় করছে।’ তিনি আরও লিখেছেন, ‘তাদের এমনটা না করাই ভালো। আর যদি তারা এটি করে থাকে, তবে এখনই তা বন্ধ করা উচিত হবে।’
যুদ্ধের পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন ব্যবস্থাপনার কথা বলে আসছে ইরান। এর মাধ্যমে কার্যত এই প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল বসানোর ইঙ্গিত দিয়েছে তেহরান। এ ছাড়া যুদ্ধের সময় এ পথে চলাচলকারী কিছু জাহাজ থেকে ইরান টোল সংগ্রহ করেছে বলে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
সূত্র: বিবিসি
যুক্তরাষ্ট্রে হবে ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির আলোচনা
ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতি আলোচনা নিয়ে আগামী সপ্তাহে একটি বৈঠকের আয়োজন করবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের এক যুদ্ধবিরতিতে সম্মত হয়। এক মাসের বেশি সময় ধরে চলা তীব্র সংঘাত থামানো এবং উত্তেজনা বৃদ্ধি রোধ করাই ছিল এই চুক্তির লক্ষ্য।
তবে লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলার পর তেহরান একে চুক্তি লঙ্ঘন বলে দাবি করে। এর ফলে যুদ্ধবিরতির শর্তগুলো নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান একমত হতে পারেনি।
ইরানি কর্মকর্তারা বারবার বলে আসছেন, লেবাননও এই যুদ্ধবিরতি চুক্তির আওতাভুক্ত। লেবাননজুড়ে অব্যাহত হামলার মাধ্যমে ইসরায়েল এই চুক্তি নস্যাৎ করার চেষ্টা করছে বলেও তারা অভিযোগ করেছেন।
সূত্র: বিবিসি ও সিএনএন
ড্রোন হামলায় কুয়েতের আধাসামরিক বাহিনীর স্থাপনা ক্ষতিগ্রস্ত
যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির মধ্যেই ড্রোন হামলায় কুয়েতের আধাসামরিক বাহিনী ন্যাশনাল গার্ডের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েতের আকাশসীমায় ঢুকে পড়া ড্রোনের বিরুদ্ধে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার ঘোষণার পর ক্ষয়ক্ষতির এ খবর পাওয়া গেছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুয়েত নিউজ এজেন্সি জানিয়েছে, ড্রোন হামলায় দেশটির ন্যাশনাল গার্ডের একটি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ন্যাশনাল গার্ড কুয়েত সশস্ত্র বাহিনীর একটি আধাসামরিক শাখা।
প্রতিবেদনে বলা হয়েছে, এই ড্রোন হামলার ঘটনায় স্থাপনাটির ‘বস্তুগত ক্ষয়ক্ষতি’ হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে। জবাবে ইসরায়েলের পাশাপাশি এ অঞ্চলের দেশগুলোতে থাকা মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে ইরান। ৩৯ দিনের লড়াইয়ের পর বুধবার থেকে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান।
সূত্র: আল-জাজিরা
ইসরায়েল ‘মানবতার জন্য অভিশাপ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
ইসরায়েল ‘মানবতার জন্য অভিশাপ’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
খাজা আসিফ ইসরায়েলকে ‘অশুভ এবং মানবতার জন্য অভিশাপ’ বলে উল্লেখ করে বলেন, যখন শান্তি আলোচনার প্রক্রিয়া চলছে, তখন লেবাননে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তিনি বলেন, ইসরায়েল নিরীহ মানুষ হত্যা করছে। প্রথমে ফিলিস্তিনের গাজা, তারপর ইরান এবং এখন লেবানন—রক্তপাত অব্যাহত রয়েছে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা আলোচনায় বসতে যাচ্ছেন। তার আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এমন মন্তব্য করলেন।
সূত্র: আল–জাজিরা
নেতানিয়াহু লেবাননের সঙ্গে আলোচনার কথা বললেও তাঁর প্রতিরক্ষামন্ত্রী বলছেন, ‘যুদ্ধ বন্ধ হবে না’
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, লেবাননের সঙ্গে ‘যুদ্ধ বন্ধ হবে না’। ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১৪-কে এ কথা বলেন।
এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব’ লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি।
আর সিএনএনের প্রতিবেদনে একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, নেতানিয়াহুর লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা করার সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপ দেওয়ার পর এসেছে।
সূত্র: আল–জাজিরা
ট্রাম্পের চাপের পর নেতানিয়াহু লেবাননের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা করার সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপ দেওয়ার পর এসেছে। একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে এ কথা জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গতকাল বুধবার ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে নেতানিয়াহুর। এ সময় ট্রাম্প লেবাননে হামলা কমিয়ে আনার এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিষয়ে লেবাননের সঙ্গে আলোচনা শুরু করতে নেতানিয়াহুকে নির্দেশ দেন।
নেতানিয়াহু লেবাননে হামলা কমিয়ে আনার বিষয়ে সম্মত হয়েছেন কি না তা স্পষ্ট নয়। একজন ইসরায়েলি কর্মকর্তা সিএনএনকে বলেন, ‘বর্তমানে কোনো যুদ্ধবিরতি নেই’, লেবাননের সঙ্গে ‘আলোচনা চলমান হামলার মধ্যেই হবে’।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স গতকাল বলেছিলেন, ইসরায়েল আসলে লেবাননে নিজেদের কিছুটা সংযত করার কথা বলেছে।
কিন্তু আজ বৃহস্পতিবারও ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে হামলা চালিয়েছে। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের কিছু অংশ থেকে নতুন করে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার লেবাননের সঙ্গে আসন্ন আলোচনায় ইসরায়েলকে প্রতিনিধিত্ব করবেন বলে জানা গেছে। একজন ইসরায়েলি কর্মকর্তা এবং বিষয়টির সঙ্গে জানে এমন একটি সূত্র এ কথা জানিয়েছে।
সূত্র: সিএনএন
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে: লেবাননের প্রেসিডেন্ট
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিব এবং সরাসরি আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত ‘ইতিবাচক প্রতিক্রিয়া’ পাওয়া গেছে।
লেবাননের প্রেসিডেন্ট বলেন, ‘লেবাননের বর্তমান পরিস্থিতির একমাত্র সমাধান হলো ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি করা।’
এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব’ লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি।
নেতানিয়াহু বলেন, লেবানন থেকে সরাসরি আলোচনার বসার অনুরোধ জানানো হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছিল ইসরায়েল। বিশ্লেষকেরা বলছেন, লেবাননে ইসরায়েলের চলমান হামলা যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার ঝুঁকি তৈরি করেছে। এই হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রেরও ওপরও চাপ বাড়ছিল। এর মধ্যে লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে নেতানিয়াহুর নির্দেশের কথা জানা গেল।
সূত্র: আল–জাজিরা
লেবাননের সঙ্গে সরাসরি আলোচনার নির্দেশ নেতানিয়াহুর
লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব’ লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি।
নেতানিয়াহু বলেন, লেবানন থেকে সরাসরি আলোচনার বসার অনুরোধ জানানো হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছিল ইসরায়েল। বিশ্লেষকেরা বলছেন, লেবাননে ইসরায়েলের চলমান হামলা যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার ঝুঁকি তৈরি করেছে। এই হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রেরও ওপরও চাপ বাড়ছিল। এর মধ্যে লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে নেতানিয়াহুর নির্দেশের কথা জানা গেলে।
সূত্র: আল–জাজিরা
লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা রাশিয়ার
লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে সতর্ক করে দিয়ে বলেছে, ইসরায়েলের এই হামলা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার প্রচেষ্টাকে বিঘ্নিত করতে পারে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘এ ধরনের পদক্ষেপ কেবল লেবাননকে একটি মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দেয় এবং ইতিমধ্যেই নাজুক সামাজিক ও অর্থনৈতিক অবস্থাকে আরও খারাপ করে।’
সূত্র: আল–জাজিরা
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় কারা থাকবেন
ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় দুই দেশের প্রতিনিধি হিসেবে কারা থাকতে পারেন—সেই তালিকা দিয়েছেন পাকিস্তানের কর্মকর্তারা। যদিও পাকিস্তানের পক্ষে থেকে বলা হয়েছে, রাজধানী ইসলামাবাদে শনিবার মূল আলোচনার বিস্তারিত বিষয়সূচি চূড়ান্ত করার কাজ এখনো চলছে। আলোচনায় অংশগ্রহণকারীদের তালিকাও পরিবর্তিত হতে পারে।
আপাতত যাদের নাম জানা যাচ্ছে—
পাকিস্তান (আয়োজক)
প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ
সেনাপ্রধান আসিম মুনির
পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান আসিম মালিক
মার্কিন প্রতিনিধি দল
ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স
প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ
প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা জেরাড কুশনার
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার
ইরানের প্রতিনিধি দল
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গলিবাফ
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
উপপররাষ্ট্র মন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি
সূত্র: আল–জাজিরা
আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ: ইরান
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার জন্য ইরানের প্রতিনিধিদল পাকিস্তানে যাবে।
ইরানের ফার্স নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে। সাঈদ খাতিবজাদেহ বলেছেন, যেকোনো চুক্তিতে পৌঁছানোর আগে কিছু শর্ত থাকে। যুক্তরাষ্ট্রকে অবশ্যই লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে।
এই অঞ্চলে যেকোনো শান্তির ক্ষেত্রে লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে উল্লেখ করে সাঈদ খাতিবজাদেহ বলেন, ‘আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
উল্লেখ্য, ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতি শুরু হওয়ার আগে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছিলেন লেবাননও যুদ্ধবিরতির অংশ। ইরানও একই কথা বলছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, লেবানন যুদ্ধবিরতিতে যুক্ত নয়। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যেখানে প্রয়োজন সেখানে গিয়ে হিজবুল্লাহর ওপর হামলা চালাবে ইসরায়েল।
বিশ্লেষকেরা বলছেন, লেবাননে ইসরায়েলের চলমান হামলা যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার ঝুঁকি তৈরি করেছে।
সূত্র: আল–জাজিরা
উপসাগরীয় দেশগুলোতে ইরান আজ হামলা চালায়নি
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কুয়েত, কাতার এবং ওমানে আজ বৃহস্পতিবার ইরান থেকে কোনো হামলা চালানোর খবর পাওয়া যায়নি।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে বলেছে, দেশটি আজ হামলা মুক্ত ছিল।
সৌদি আরব, কাতার এবং ওমানের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার কোনো খবর জানায়নি। বাহরাইনও আজ ইরান থেকে কোনো হামলার ঘটনার কথা জানায়নি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করে। গতকাল বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। যদিও এর মধ্যেই লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
সূত্র: আল–জাজিরা
যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’ লেবানন, ইসরায়েলি হামলা ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির লঙ্ঘন: ইরান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননে ইসরায়েলি হামলা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের করা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। এর ফলে আলোচনাগুলো অর্থহীন হয়ে যাবে। পেজেশকিয়ান আরও বলেন, ইরান লেবাননের জনগণের সঙ্গেই থাকবে।
এদিকে লেবানন যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া পোস্টে তিনি বলেন, ‘লেবানন এবং সমগ্র প্রতিরোধ অক্ষ, ইরানের মিত্র হিসেবে যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ।’ তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলি গুরুতর পরিণতি ডেকে আনবে।
ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণার পরদিন ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে দুই শতাধিক মানুষকে হত্যা করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, যেখানে প্রয়োজন সেখানে গিয়ে হিজবুল্লাহর ওপর হামলা চালাবে ইসরায়েল।
সূত্র: আল–জাজিরা
নেতানিয়াহুর হুমকি, যেখানে প্রয়োজন সেখানে গিয়ে হিজবুল্লাহর ওপর হামলা চালাবে ইসরায়েল
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, যেখানে প্রয়োজন সেখানে গিয়ে হিজবুল্লাহর ওপর হামলা চালানো হবে।
ইসরায়েলি বাহিনী লেবাননে ভয়াবহ হামলা চালিয়ে দুই শতাধিক মানুষকে হত্যা করার পরদিন নেতানিয়াহু এমন হুমকি দিলেন। ২ মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তারা বলছে, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল।
নেতানিয়াহু তাঁর এক্স বার্তায় বলেন, ‘প্রয়োজনবোধে যে কোনো স্থানে’ গিয়ে হিজবুল্লাহর ওপর হামলা চালাবে ইসরায়েল। তিনি বলেন, ইসরায়েল সুনির্দিষ্টভাবে দৃঢ়তার সঙ্গে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের বার্তা স্পষ্ট—যারা ইসরায়েলিদের বিরুদ্ধে কাজ করে, তাদের ওপর হামলা চালানো হবে।
নেতানিয়াহু আরও বলেন, ‘ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের জন্য সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আমরা প্রয়োজনবোধে যে কোনো স্থানে হিজবুল্লাহকে আঘাত করতে থাকব।’
সূত্র: আল–জাজিরা
লেবাননে বুধবার ইসরায়েলি হামলায় নিহত ২০৩, যুদ্ধবিরতির ‘গুরুতর লঙ্ঘন’ বলছে ইরান
রাজধানী বৈরুতসহ লেবাননের অন্যান্য এলাকায় গতকাল বুধবার ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০ জন। আহত হয়েছেন অন্তত ১ হাজার জন।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন এই তথ্য জানিয়েছেন। মন্ত্রিসভার বৈঠকে যোগ দেওয়ার আগে তিনি বলেন, ‘বুধবার লেবাননের বিরুদ্ধে চালানো আগ্রাসনে শহীদের সংখ্যা ২০৩ এবং আহতের সংখ্যা ১ হাজারের বেশি।’
এর আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, গতকাল ইসরায়েলি হামলায় ১৮২ জন নিহত হয়েছেন। আহত ৮৯০ জন।
ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননে চলমান ইসরায়েলি হামলা তেহরান–ওয়াশিংটন যুদ্ধবিরতি চুক্তির ‘গুরুতর লঙ্ঘন’।
সূত্র: আল–জাজিরা ও বিবিসি
উপসাগরীয় উত্তেজনার মধ্যে সৌদি–ইরান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন। অঞ্চলের নিরাপত্তা–স্থিতিশীলতা ফিরিয়ে আনতে উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা করেছেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও জবাব দেয়। এর অংশ হিসেবে তারা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুর পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে হামলা চালায়। গতকাল মঙ্গলবার রাতে দুই সপ্তাহ যুদ্ধবিরতির ঘোষণা আসে। যুদ্ধ শুরুর পর এই প্রথম ইরান ও সৌদির পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ হলো।
সূত্র: আল–জাজিরা
লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা স্পেনের, তেহরানে আবার দূতাবাস চালুর ঘোষণা
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস আজ বৃহস্পতিবার বলেছেন, গতকাল বুধবার লেবাননে বিমান হামলা চালিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইনের পাশাপাশি মধ্যপ্রাচ্যে সদ্য হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
ইরান ও লেবাননে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামরিক পদক্ষেপের কড়া সমালোচক হিসেবে পশ্চিমা দেশগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছে স্পেন।
মাদ্রিদ এই সংঘাতকে ‘বেপরোয়া ও অবৈধ’ আখ্যা দিয়ে এতে জড়িত যেকোনো উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
আলবারেস তাঁর দেশের পার্লামেন্টের নিম্নকক্ষে আইনপ্রণেতাদের বলেন, ‘গতকাল আমরা দেখেছি, ইসরায়েল যুদ্ধবিরতি উপেক্ষা করে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কীভাবে লেবাননে শত শত বোমা ফেলেছে।’
এর আগে আজই আলবারেস ঘোষণা দেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশায় স্পেন তেহরানে নিজেদের দূতাবাস আবার চালু করবে।
আলবারেস সাংবাদিকদের বলেন, ‘আমি আমাদের রাষ্ট্রদূতকে তেহরানে ফিরে যেতে, আবার তাঁর দায়িত্ব গ্রহণ করতে এবং আমাদের দূতাবাস আবার চালু করতে নির্দেশ দিয়েছি, যাতে সম্ভাব্য সব দিক থেকে, এমনকি ইরানের রাজধানী থেকেই শান্তি প্রতিষ্ঠার এই প্রচেষ্টায় আমরা অংশ নিতে পারি।’
তথ্যসূত্র: রয়টার্স
হিজবুল্লাহপ্রধানের ভাতিজাকে হত্যার দাবি ইসরায়েলের
ইসরায়েলি সামরিক বাহিনী আজ বৃহস্পতিবার দাবি করেছে, তারা লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেমের ভাতিজাকে হত্যা করেছে। গতকাল বুধবার রাতে লেবাননের বৈরুতে হামলা চালিয়ে তাঁকে হত্যা করা হয়।
ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বৈরুত এলাকায় হামলা চালিয়ে আলি ইউসুফ হারশিকে নির্মূল করে। তিনি হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেমের ব্যক্তিগত সচিব ও ভাতিজা।
তথ্যসূত্র: রয়টার্স
ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করতে সংযুক্ত আরব আমিরাতে স্টারমার
ইরান যুদ্ধ নিয়ে আরও আলোচনার জন্য সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
যুক্তরাষ্ট্র–ইরানের মধ্যকার যুদ্ধবিরতি বজায় থাকা নিয়ে সংশয়ের মাঝে স্টারমার সংযুক্ত আরব আমিরাত সফর করছেন।
ইরান বলেছে, লেবাননের ওপর ইসরায়েলের চলমান হামলা যুক্তবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন।
এর আগে স্টারমার জেদ্দায় সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন।
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে স্টারমারের বৈঠক করার কথা রয়েছে।
তথ্যসূত্র: বিবিসি
যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার আগে ইসলামাবাদে দুই দিনের ছুটি, কিন্তু কেন
যুক্তরাষ্ট্র–ইরানের মধ্যে আসন্ন আলোচনার আগে আজ বৃহস্পতিবার থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দিনের স্থানীয় ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
ইসলামাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল বুধবার রাতে প্রকাশিত এক নোটিশে এই ছুটি ঘোষণা করা হয়। তবে নোটিশে ছুটির কারণ উল্লেখ করা হয়নি।
সাধারণত উচ্চপর্যায়ের কূটনৈতিক কর্মসূচির আগে নিরাপত্তাজনিত কারণে ইসলামাবাদে প্রায়ই এ ধরনের ছুটি বা বিধিনিষেধ জারি করা হয়।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান।
হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই সপ্তাহান্তে ইসলামাবাদে অনুষ্ঠেয় আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
পাকিস্তানি কর্তৃপক্ষের নোটিশ অনুযায়ী, বৃহস্পতি ও শুক্রবারের এই ছুটি শুধু ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরিতে কার্যকর থাকবে।
নোটিশে বলা হয়েছে, যেসব দপ্তর–সংস্থা জরুরি সেবা দিয়ে থাকে, সেগুলোর কার্যক্রম ছুটির সময়ও চালু থাকবে। এর মধ্যে রয়েছে—পুলিশ, হাসপাতাল, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকারী সংস্থা।
ইসলামাবাদের উপকমিশনারের দপ্তর এক্সে দেওয়া বিবৃতিতে বলেছে, জরুরি সেবা চালু থাকবে। পাশাপাশি নাগরিকদের নিজেদের কার্যক্রম সে অনুযায়ী সাজানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
তথ্যসূত্র: এএফপি
সংশয় সত্ত্বেও ইরানি আলোচকেরা পাকিস্তানের পথে
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে একটি ইরানি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছে। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এই তথ্য নিশ্চিত করেছেন।
আগামীকাল শুক্রবার ইসলামাবাদে এই আলোচনা শুরু হতে যাচ্ছে। ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ইরানি প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা।
পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, এই আলোচনা ইরান প্রস্তাবিত ১০ দফার ভিত্তিতে হবে।
তবে দফাগুলো ঠিক কী কী, তা নিয়ে কিছু বিভ্রান্তি রয়েছে।
মোগাদ্দাম আরও বলেছেন, ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে কূটনৈতিক উদ্যোগ বাধাগ্রস্ত হওয়ায় ইরানি জনগণের মধ্যে সংশয় তৈরি হয়েছে। সেই সংশয় থাকা সত্ত্বেও এই আলোচনা অনুষ্ঠিত হবে।
তথ্যসূত্র: বিবিসি
চুক্তি না মানলে আরও বড়, আরও ভয়াবহ, আরও শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে হওয়া চুক্তি পুরোপুরি মানতে ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্র আবার হামলা শুরু করবে।
যুক্তরাষ্ট্রের সময় বুধবার ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানকে এই হুমকি দেন।
চুক্তি মানা বা না মানা প্রসঙ্গে ট্রাম্প লিখেছেন, ‘যদি কোনো কারণে তা না হয় (চুক্তি মানা না হয়)—তেমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম—তাহলে “গোলাবর্ষণ শুরু হবে”। আরও বড়, আরও ভয়াবহ এবং আরও শক্তিশালীভাবে তা হবে, যা আগে কেউ কখনো দেখেনি।’
তথ্যসূত্র: রয়টার্স
মার্কিন সামরিক বাহিনী ইরানের আশপাশে অবস্থান করবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ ও যুদ্ধবিমান ইরানের আশপাশে অবস্থান করবে।
ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, যুক্তরাষ্ট্রের সব জাহাজ, উড়োজাহাজ, সামরিক সদস্য, অতিরিক্ত গোলাবারুদ, অস্ত্রশস্ত্র ইরানের ভেতরে ও আশপাশে অবস্থান করবে, যতক্ষণ না পর্যন্ত চুক্তি পুরোপুরি মানা হচ্ছে।
এর আগে গতকালই ইরানের পক্ষ থেকে বলা হয়, লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় শত শত মানুষ নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তিচুক্তির আলোচনা এগোনোটা হবে অযৌক্তিক।
যুদ্ধ বন্ধে একটি চুক্তি করার পাশাপাশি হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত মঙ্গলবার রাত আটটা (ইস্টার্ন টাইম) পর্যন্ত সময় দিয়েছিলেন ট্রাম্প। এই সময়সীমা না মানলে ইরানের ‘পুরো সভ্যতা’ ধ্বংসের হুমকি দিয়েছিলেন তিনি।
তবে সময়সীমা শেষ হওয়ার দুই ঘণ্টা আগে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা আসে দুই পক্ষ থেকে। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তাদের আগামী শুক্রবার পাকিস্তানে আলোচনায় বসার কথা রয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স
কূটনীতি ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন সামরিক বাহিনী
যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, তেহরান যদি আলোচনার মাধ্যমে কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়, তবে মার্কিন সেনারা আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছেন।
যুদ্ধ বন্ধে একটি চুক্তি করতে এবং হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত মঙ্গলবার রাত আটটা (ইস্টার্ন টাইম) পর্যন্ত সময় দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়সীমা না মানলে ইরানের ‘পুরো সভ্যতা’ ধ্বংসের হুমকি দিয়েছিলেন তিনি। তবে সময় শেষের ঘণ্টা দুয়েক আগেই দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা আসে দুই পক্ষ থেকে। এতে মূল ভূমিকা রাখে পাকিস্তান। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তাদের আগামী শুক্রবার পাকিস্তানে আলোচনায় বসার কথা রয়েছে।
এর এক দিনের মাথায় যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তার কাছ থেকে এমন মন্তব্য এল।
মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন গতকাল বুধবার পেন্টাগনের এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা আশা করি, ইরান স্থায়ী শান্তিকে বেছে নেবে।’
তথ্যসূত্র: রয়টার্স
রেজা পাহলভির মুখে হতাশার সুর, বললেন ইরানে ‘একই মানুষগুলোই’ ক্ষমতায় আছে
ইরানের সবশেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি বলেছেন, ইরানে তথাকথিত ‘শাসনব্যবস্থা পরিবর্তন’ ঘটেছে—যুক্তরাষ্ট্রের এমন দাবির সঙ্গে তিনি একমত নন।
ফরাসি গণমাধ্যমকে রেজা পাহলভি বলেন, ‘কোন শাসনব্যবস্থা পরিবর্তন? একই মানুষগুলোই আছে, হয়তো কিছুটা দুর্বল হয়েছে।’
যুক্তরাষ্ট্রে বসবাসকারী রেজা পাহলভি আরও বলেন, ‘আহত কোনো প্রাণীর মতোই, যাকে শেষ করে দিতেই হয়, ঠিক তেমনভাবেই এই শাসনব্যবস্থারও অবসান ঘটাতে হবে।’
এর আগে যুক্তরাষ্ট্রে বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রেজা পাহলভি ‘ইরানকে আবার মহান করে তোলার’ প্রতিশ্রুতি দিয়েছিলেন।
রেজা পাহলভির বাবা মোহাম্মদ রেজা পাহলভি। তিনি ইরানে ১৯৭৯ সালের বিপ্লবে ক্ষমতাচ্যুত হন।
তথ্যসূত্র: আল–জাজিরা
লেবাননে ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: সিরিয়া
লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানকে আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক মানবিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে সিরিয়া এই প্রতিক্রিয়া জানায়।
বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার দাবি জানিয়েছে। একই সঙ্গে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং লেবাননের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবগুলো পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
লেবাননের সঙ্গে সংহতি প্রকাশ করে সিরিয়া বলেছে, তারা এই সংকটে ‘ভ্রাতৃপ্রতিম’ দেশটির পাশে আছে। পাশাপাশি ইসরায়েলি আগ্রাসন মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের ‘দায়িত্ব পালনের’ জোরালো তাগিদ দিয়েছে দামেস্ক।
ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে হিজবুল্লাহর রকেট হামলা
ইসরায়েলি বাহিনীর অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে বৃহস্পতিবার ভোরে উত্তর ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সশস্ত্র এই গোষ্ঠীটি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ‘আমাদের দেশ ও জনগণের ওপর ইসরায়েলি-মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই পাল্টা জবাব অব্যাহত থাকবে।’
এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছিল, লেবানন থেকে ছোড়া একটি রকেট আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বুধবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননজুড়ে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। দিনভর চলা এই রক্তক্ষয়ী হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
তথ্যসূত্র: আল–জাজিরার
হরমুজ প্রণালিতে বিকল্প রুট ঘোষণা ইরানের
সমুদ্রতলে পেতে রাখা সম্ভাব্য মাইন এড়িয়ে জাহাজ চলাচলের সুবিধার্থে হরমুজ প্রণালিতে নতুন ও বিকল্প রুট ঘোষণা করেছে ইরানের রেভ্যুলুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌ শাখা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, যেসব জাহাজ এই প্রণালি অতিক্রম করতে চায়, তাদের আইআরজিসি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট রুট অনুসরণ করতে হবে।
ঘোষিত নতুন রুটগুলো হলো—
প্রবেশ পথ: ওমান সাগর থেকে লারাক দ্বীপের উত্তর দিক দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করতে হবে।
বহির্গমন পথ: পারস্য উপসাগর থেকে লারাক দ্বীপের দক্ষিণ দিক দিয়ে ওমান সাগরের দিকে যাত্রা করতে হবে।
বিবৃতিতে বলা হয়েছে, মূলত সমুদ্রে মাইন বিস্ফোরণের ঝুঁকি এড়াতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
লেবাননে হামলার পর শান্তি আলোচনা ‘অযৌক্তিক’: ইরানের স্পিকার
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বুধবার এক বিবৃতিতে বলেন, ইসরায়েল ইতিমধ্যে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ আরও জোরদার করে যুদ্ধবিরতির বেশ কিছু শর্ত লঙ্ঘন করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধের শর্ত দিয়ে চুক্তির অবমাননা করছে।
গালিবাফ বলেন, ‘এমন পরিস্থিতিতে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি বা আলোচনা চালিয়ে যাওয়া অযৌক্তিক।’ বিস্তারিত পড়ুন
লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা ওমানের
লেবাননে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার কঠোর নিন্দা জানিয়েছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার এক বিবৃতিতে এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে দেশটি।
ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব হামলা লেবাননের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইনের নীতিমালা ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন।
বিবৃতিতে আরও বলা হয়, ‘ইসরায়েলি নৃশংসতায় বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনায় ওমান গভীরভাবে উদ্বিগ্ন। ইসরায়েলকে এসব কর্মকাণ্ডের জন্য পুরোপুরি দায়ী করতে এবং জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
লেবাননে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে রেড ক্রসের ‘তীব্র ক্ষোভ’
লেবাননের জনাকীর্ণ এলাকাগুলোতে ভয়াবহ প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)। বুধবার এক বিবৃতিতে সংস্থাটি এই প্রতিক্রিয়া জানায়।
বিবৃতিতে হামলার জন্য নির্দিষ্ট করে কাউকে দায়ী না করলেও আইসিআরসি জানিয়েছে, লেবাননের চিকিৎসা কেন্দ্রগুলোতে আহতদের উপচে পড়া ভিড় সামলাতে তারা স্থানীয় অংশীদারদের সঙ্গে কাজ করে যাচ্ছে।
লেবাননে আইসিআরসি প্রতিনিধিদলের প্রধান অ্যাগনেস ধুর বলেন, ‘পুরো লেবানন যখন একটি যুদ্ধবিরতি চুক্তির জন্য রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল, ঠিক তখনই প্রাণঘাতী হামলার ঢেউ দেশটিকে আতঙ্ক ও বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিয়েছে।’
অ্যাগনেস ধুর আরও বলেন, ‘অনেকে যখন নিজ বাড়িতে ফেরার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন, ঠিক তখনই তাঁদের প্রিয়জনদের খুঁজতে বা নিরাপদ আশ্রয়ের খোঁজে রাস্তায় এবং হাসপাতালে ছুটতে হচ্ছে। কিন্তু সেই নিরাপত্তা এখন ক্রমেই নাগালের বাইরে চলে যাচ্ছে।’
ইরানে ড্রোন হামলায় শিশু নিহত, আহত একই পরিবারের ৬ জন
ইরানের খুজেস্তান প্রদেশে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
খুজেস্তান প্রদেশের উপ-নিরাপত্তা কর্মকর্তা জানান, স্থানীয় সময় বুধবার রাত আটটার দিকে শুশতার এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ড্রোনটি ভূপাতিত করা হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনের ধ্বংসাবশেষ পরিবারের সদস্যদের ওপর পড়লে ওই শিশুটি প্রাণ হারায়। এ ঘটনায় তার পরিবারের আরও ছয় সদস্য আহত হয়েছেন।
ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের
তেহরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরপরই এক কঠোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যেসব দেশ ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করবে, যুক্তরাষ্ট্র সেই দেশগুলো থেকে আমদানি করা পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘যে দেশ ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করবে, তাদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব ধরনের পণ্যের ওপর অবিলম্বে ৫০ শতাংশ শুল্ক কার্যকর করা হবে। এ ক্ষেত্রে কোনো ছাড়দেওয়া হবে না।’ তবে তিনি নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি।
দীর্ঘদিন ধরেই চীন ও রাশিয়া ইরানকে সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে আসছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি চাপ মোকাবিলায় তারা ইরানকে ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দ্বৈত-ব্যবহারযোগ্য প্রযুক্তি সরবরাহ করে থাকে। যদিও বেইজিং ও মস্কো সাম্প্রতিক সময়ে কোনো অস্ত্র সরবরাহের কথা অস্বীকার করেছে।
সূত্র: আল–জাজিরা
ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান অ্যামনেস্টির
ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিকে বিশ্ব যখন সতর্কভাবে স্বাগত জানাচ্ছে, তার কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলায় ‘বেসামরিক নাগরিকদের দুঃস্বপ্ন আরও ভয়াবহ’ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এই পরিস্থিতিতে দেশটিতে অবিলম্বে অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক আঞ্চলিক পরিচালক হেবা মোরায়েফ বলেন, ‘লেবাননের বেসামরিক নাগরিকেরা ইতিমধ্যে অসহনীয় মূল্য দিচ্ছেন। নিহতদের মধ্যে শিশু, স্বাস্থ্যকর্মী এবং সাংবাদিকরাও রয়েছেন। এই নতুন হামলা মানবিক বিপর্যয়কে আরও ত্বরান্বিত করবে।’
হেবা আরও বলেন, ‘আমরা আবারও জোর দিয়ে বলছি, ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতাগুলো মেনে চলতে হবে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। লেবাননে অবৈধ হামলা চালানো এবং বেসামরিক মানুষের জীবনকে তুচ্ছজ্ঞান করার ক্ষেত্রে ইসরায়েলের ভয়াবহ রেকর্ড রয়েছে। মূলত বিচারহীনতার সংস্কৃতির কারণেই তারা এমন ঔদ্ধত্য দেখানোর সুযোগ পাচ্ছে।’
এসব হামলাকে সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে হেবা বলেন, দেশগুলোর উচিত অবিলম্বে ইসরায়েলে সব ধরনের অস্ত্র স্থানান্তর বন্ধ করা। কারণ এই অস্ত্রগুলো আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনে ব্যবহৃত হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে।
দক্ষিণ লেবাননে ইসরায়েলের নতুন করে বিমান হামলা
লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির দক্ষিণাঞ্চলীয় এলাকা বেইত ইয়াহুন, আল-জুমাইজমাহ এবং মাজদাল সেলামে এই হামলা চালানো হয়েছে বলে সেখানে দায়িত্বরত সাংবাদিকরা জানিয়েছেন। আল-জাজিরা
লেবানন ইস্যুতে যুদ্ধবিরতি নষ্ট করা হবে ‘বোকামি’: জেডি ভ্যান্স
লেবাননে ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ভেস্তে দেওয়া ‘বোকামি’ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হাঙ্গেরি ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
জেডি ভ্যান্স বলেন, ‘ইরানিরা হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং আগামী সপ্তাহান্তে (শনিবার) আমাদের একটি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। আমি মনে করি এটি একটি ভালো প্রাথমিক পদক্ষেপ, তবে আগামী দিনগুলোতে আমরা আরও অগ্রগতির আশা করছি।’
লেবানন ইস্যু নিয়ে একটি ‘যৌক্তিক ভুল বোঝাবুঝি’ হয়েছে উল্লেখ করে ভ্যান্স বলেন, ‘আমার মনে হয় ইরানিরা ভেবেছিল যুদ্ধবিরতির মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত ছিল, কিন্তু আসলে তা নয়। আমরা কখনোই এমন কোনো প্রতিশ্রুতি দিইনি।’
মঙ্গলবার লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় ২০০-এর বেশি মানুষ নিহতের বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল লেবাননে তাদের হামলা কিছুটা ‘নিয়ন্ত্রিত’ রাখার প্রস্তাব দিয়েছে, কারণ তারা চায় আমাদের আলোচনা যেন সফল হয়।
ইরানের উদ্দেশে ভ্যান্স বলেন, ‘লেবানন নিয়ে সংঘাতের জেরে ইরান যদি এই আলোচনা ভেস্তে যেতে দেয়, তবে সেটি হবে তাদের নিজস্ব সিদ্ধান্ত। লেবাননের সঙ্গে তাদের (সরাসরি) কোনো সম্পর্ক নেই এবং যুক্তরাষ্ট্র কখনোই বলেনি যে লেবানন এই যুদ্ধবিরতির অংশ। আমরা মনে করি এমনটা করা হবে বোকামি। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাদেরই।’
তথ্যসূত্র: আল–জাজিরা
লেবাননে ইসরায়েলি হামলা ভয়াবহ: জাতিসংঘ মানবাধিকার প্রধান
লেবাননে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা ও ধ্বংসযজ্ঞের কঠোর নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। একদিনেই দেশটিতে অন্তত ২৫৪ জন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি এই পরিস্থিতিকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন।
এক বিবৃতিতে ফলকার টুর্ক বলেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এমন রক্তপাত অবিশ্বাস্য। এটি বর্তমান ভঙ্গুর শান্তি প্রক্রিয়ার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে, যা সাধারণ মানুষের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি।’ তিনি আরও মনে করিয়ে দেন যে, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী বেসামরিক নাগরিক ও অবকাঠামো রক্ষা করা বাধ্যতামূলক।
জাতিসংঘের এই শীর্ষ কর্মকর্তা বলেন, ‘যেকোনো হামলার ক্ষেত্রে আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতিগুলো—যেমন আক্রমণ ও প্রতিরক্ষার পার্থক্য নিরূপণ, হামলার যৌক্তিকতা ও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় সতর্কতা অবলম্বন—অবশ্যই মেনে চলতে হবে। সশস্ত্র সংঘাতের প্রেক্ষাপট যাই হোক না কেন, এই নীতিগুলো নিয়ে কোনো আপস চলে না এবং এগুলো সব সময় শ্রদ্ধা করা উচিত।’
ইরানের সঙ্গে আলোচনায় অংশ নেবেন ভ্যান্স, উইটকফ ও কুশনার
পাকিস্তানের ইসলামাবাদে ইরানের সঙ্গে অনুষ্ঠেয় আলোচনার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর বিশেষ প্রতিনিধিদল পাঠাচ্ছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট। বুধবার এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
এই প্রতিনিধিদলে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। লেভিট জানান, পাকিস্তানের স্থানীয় সময় শনিবার সকালে এই আলোচনা শুরু হবে। তিনি বলেন, ‘আমরা এই সরাসরি বৈঠকগুলোর দিকে তাকিয়ে আছি।’
এদিকে নাম না প্রকাশ করার শর্তে পাকিস্তানের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্স বলেছে, মার্কিন প্রতিনিধি দলটি ইসলামাবাদে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করবেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতিতে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং চীনের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে লেভিট বলেন, ভ্যান্সের ভূমিকা ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’। তিনি শুরু থেকেই সব আলোচনায় যুক্ত আছেন এবং আলোচনার জন্য ইসলামাবাদ যাচ্ছেন।
চীনের বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, দেশটির সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছে। প্রেসিডেন্ট ট্রাম্প চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করেন বলেও উল্লেখ করেন লেভিট।
তথ্যসূত্র: বিবিসি ও আল-জাজিরা
যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয়: হোয়াইট হাউস
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয় বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট। বুধবার এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
লেভিট বলেন, গত রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে কথা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী এই যুদ্ধবিরতির প্রচেষ্টাকে সমর্থন করেছেন এবং তিনি এই আলোচনার একজন গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে থাকবেন।
লেবানন ভবিষ্যতে এই চুক্তিতে অন্তর্ভুক্ত হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে লেভিট বলেন, বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।
এদিকে বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে হিজবুল্লাহ অন্তর্ভুক্ত থাকবে না। আমরা হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখব।’
লেবাননে আজকের ব্যাপক ও প্রাণঘাতী ইসরায়েলি হামলা প্রসঙ্গে সাংবাদিকদের নেতানিয়াহু বলেন, ‘আমরা হিজবুল্লাহর এমন সব অবস্থানে আঘাত হেনেছি, যেগুলোকে তারা নিরাপদ বলে মনে করত।’
যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির প্রথম দিনে লেবাননে ইসরায়েলের নির্বিচার হামলায় ২৫৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ১৬৫ জন। যদিও যুদ্ধবিরতি মেনে ইসরায়েলে হামলা বন্ধ করেছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
তথ্যসূত্র: বিবিসি ও আল-জাজিরা
যুদ্ধবিরতির প্রথম দিনে লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ২৫৪
যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির প্রথম দিনে লেবাননে ইসরায়েলের নির্বিচার হামলায় ২৫৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ১৬৫ জন। যদিও যুদ্ধবিরতি মেনে ইসরায়েলে হামলা বন্ধ করেছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
লেবাননের জরুরি পরিষেবা সংস্থা (সিভিল ডিফেন্স) জানায়, হামলায় শুধু রাজধানী বৈরুতেই নিহত হয়েছেন ৯২ জন। আহত হয়েছেন ৭৪২ জন। বৈরুতের দক্ষিণ শহরতলিতে নিহত হয়েছেন ৬১ জন। আহত হয়েছেন ২০০ জন।
এ ছাড়া নাবাতিয়েহ এলাকায় ২৮ জন নিহত ও ৫৯ জন আহত; বালবেকে ১৮ জন নিহত ও ২৮ জন আহত; আলেই জেলায় ১৭ জন নিহত ও ৬ জন আহত; টায়ারে ১৭ জন নিহত ও ৬৮ জন আহত, সিদনে ১২ জন নিহত ও ৫৬ জন আহত এবং হেরমেলে ৯ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘণ্টা পর আজ বুধবার এই ভয়াবহ হামলা চালানো হয়। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি নির্বিচার এই হামলাকে ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’ বলে মন্তব্য করেছেন।
নাবিহ বেরি বলেন, ‘আজকের এই অপরাধ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় পরীক্ষা এবং এটি আন্তর্জাতিক আইন, রীতিনীতি ও কনভেনশনের প্রতি এক চরম অবজ্ঞা। ইসরায়েল নিরন্তরভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার মাধ্যমে এসব নিয়ম লঙ্ঘন করে চলেছে।’
ইসরায়েলের এই ব্যাপক বিমান হামলার আগে হিজবুল্লাহ কর্মকর্তারা বলেছিলেন, তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল এবং ইসরায়েলে হামলা স্থগিত রেখেছে।
হিজবুল্লাহর এ ঘোষণা সত্ত্বেও ইসরায়েলের বিমানবাহিনী মাত্র ১০ মিনিটের ব্যবধানে বৈরুতসহ লেবাননের বিভিন্ন এলাকায় ১০০টি বিমান হামলা চালিয়েছে।
তেহরান বলে আসছে, লেবানন ফ্রন্টও এই যুদ্ধবিরতির আওতায় রয়েছে। যদিও তা নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, কোনো ধরনের আপস ছাড়াই হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত থাকবে।
তথ্যসূত্র: আল-জাজিরা
কেউ যেন যুদ্ধবিরতি প্রক্রিয়া নস্যাৎ করতে না পারে, ট্রাম্পকে এরদোয়ান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, আজ বুধবার দুই নেতার মধ্যে এই ফোনালাপ হয়।
এ সময় ট্রাম্পকে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে নস্যাৎ করার কোনো সুযোগ কোনো পক্ষকেই দেওয়া উচিত হবে না।
এরদোয়ানকে উদ্ধৃত করে তাঁর কার্যালয় আরও বলেছে, একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য দুই সপ্তাহের এই ‘সুযোগ’ অবশ্যই খুব ভালোভাবে কাজে লাগাতে হবে।
তথ্যসূত্র: রয়টার্স
লেবাননে ইসরায়েলের নির্বিচার হামলায় ৮৯ জন নিহত, আহত ৮০০
লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৮৯ জন নিহত ও আট শতাধিক মানুষ আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আল-জাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘণ্টা পর আজ বুধবার বৈরুতে এই ভয়াবহ হামলা চালানো হয়। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি নির্বিচার এই হামলাকে ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’ বলে মন্তব্য করেছেন।
নাবিহ বেরি বলেন, বৈরুতের দক্ষিণ শহরতলি, বেকা উপত্যকার বিশাল এলাকা, মাউন্ট লেবানন, সিদন এবং দক্ষিণ লেবাননের বেশ কিছু গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েল। জনবহুল এসব এলাকায় হামলার ফলে কয়েক শ বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।
পার্লামেন্টের স্পিকার আরও বলেন, ‘আজকের এই অপরাধ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় পরীক্ষা এবং এটি আন্তর্জাতিক আইন, রীতিনীতি ও কনভেনশনের প্রতি এক চরম অবজ্ঞা। ইসরায়েল নিরন্তরভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার মাধ্যমে এসব নিয়ম লঙ্ঘন করে চলেছে।’
ইসরায়েলের এই ব্যাপক বিমান হামলার আগে হিজবুল্লাহ কর্মকর্তারা বলেছিলেন, তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল এবং ইসরায়েলে হামলা স্থগিত রেখেছে।
হিজবুল্লাহর এ ঘোষণা সত্ত্বেও ইসরায়েলের বিমানবাহিনী মাত্র ১০ মিনিটের ব্যবধানে বৈরুতসহ লেবাননের বিভিন্ন এলাকায় ১০০টি বিমান হামলা চালিয়েছে।
তেহরান বলে আসছে, লেবানন ফ্রন্টও এই যুদ্ধবিরতির আওতায় রয়েছে। যদিও তা নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, কোনো ধরনের আপস ছাড়াই হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত থাকবে।
তথ্যসূত্র: আল-জাজিরা
শুক্রবার পাকিস্তানে বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল: শাহবাজ
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল আলোচনার জন্য আগামী শুক্রবার পাকিস্তানে পৌঁছাবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তবে এই বৈঠকে কারা অংশ নেবেন, তা নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া যাচ্ছে।
নাম না প্রকাশ করার শর্তে পাকিস্তানের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্স বলেছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলটি ইসলামাবাদে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করবেন।
অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইরানের সঙ্গে সরাসরি আলোচনা ‘খুব শিগগিরই’ হবে। তবে নিরাপত্তা উদ্বেগের কারণে জে ডি ভ্যান্স তাতে অংশ না-ও নিতে পারেন।
তথ্যসূত্র: আল–জাজিরা
যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে রকেট হামলা হিজবুল্লাহর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত ২ মার্চের পর লেবাননে ইসরায়েলের সবচেয়ে বড় বিমান হামলার পর এবার দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়া হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, লেবানন সীমান্ত-সংলগ্ন শতুলা এবং পশ্চিম গ্যালিলি অঞ্চলের অন্যান্য শহরে বিমান হামলার সাইরেন বাজছে।
অবশ্য ইসরায়েলের এই ব্যাপক বিমান হামলার আগে হিজবুল্লাহ কর্মকর্তারা বলেছিলেন, তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল এবং ইসরায়েলে হামলা স্থগিত রেখেছে।
হিজবুল্লাহর এ ঘোষণা সত্ত্বেও লেবাননে ইসরায়েলের বিমানবাহিনীর নতুন দফার হামলায় কয়েক শ মানুষ হতাহত হয়েছেন। মাত্র ১০ মিনিটের ব্যবধানে বৈরুতসহ বিভিন্ন এলাকায় ১০০টি বিমান হামলা চালানো হয়েছে।
তেহরান বলে আসছে, লেবানন ফ্রন্টও এই যুদ্ধবিরতির আওতায় রয়েছে। যদিও তা নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, কোনো ধরনের আপস ছাড়াই হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত থাকবে।
তথ্যসূত্র: আল-জাজিরা
ইসরায়েলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ নিয়ে পাকিস্তানের সেনাপ্রধানকে ফোন আরাগচির
ইরান ও লেবাননে ইসরায়েলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। টেলিফোনে তাঁদের মধ্যে এই আলাপ হয়।
বার্তা আদান–প্রদানের অ্যাপ টেলিগ্রামে এই আলোচনার বিষয়টি তুলে ধরেছেন আরাগচি। সেখানে তিনি আরও জানান, যুদ্ধ বন্ধ এবং এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা জোরদারে পাকিস্তানের ‘কার্যকর প্রচেষ্টার’ জন্য তিনি দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তথ্যসূত্র: আল–জাজিরা
লেবাননেসহ ‘সব পক্ষকে’ যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান পশ্চিমা দেশগুলোর
ইরানে ‘দ্রুত ও স্থায়ী শান্তি’ প্রতিষ্ঠা এবং লেবাননেসহ ‘সব পক্ষকে’ দুই সপ্তাহের যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে কয়েকটি পশ্চিমা দেশ।
যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও স্পেনের নেতাদের পাশাপাশি ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রধানেরা এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন।
নেতারা দুই সপ্তাহের এই যুদ্ধবিরতিকে ‘স্বাগত’ জানিয়েছেন। একই সঙ্গে এই গুরুত্বপূর্ণ চুক্তিটি সম্পন্ন করতে মধ্যস্থতা করায় পাকিস্তান ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।
বিবৃতিতে বলা হয়, ‘এখনকার লক্ষ্য হওয়া উচিত আগামী কয়েক দিনের মধ্যে আলোচনার মাধ্যমে যুদ্ধের একটি দ্রুত ও স্থায়ী সমাপ্তি নিশ্চিত করা। এটি কেবল কূটনৈতিক পথেই অর্জন করা সম্ভব। আমরা একটি কার্যকর সমঝোতায় পৌঁছাতে দ্রুত অগ্রগতির জন্য জোরালো উৎসাহ দিচ্ছি।’ এতে আরও বলা হয়, ‘ইরানের বেসামরিক জনগণকে রক্ষা করার জন্য এটি অত্যন্ত জরুরি।’
পশ্চিমা নেতারা আরও বলেন, ‘আমরা লেবাননসহ সব পক্ষকে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানাই।’
তথ্যসূত্র: বিবিসি
লেবাননে ১০ মিনিটের ব্যবধানে ১০০ বিমান হামলা ইসরায়েলের, ‘কয়েক শ’ হতাহত
লেবাননে ইসরায়েলের বিমানবাহিনীর নতুন দফার হামলায় কয়েক শ মানুষ হতাহত হয়েছেন। মাত্র ১০ মিনিটের ব্যবধানে বৈরুতসহ বিভিন্ন এলাকায় ১০০টি বিমান হামলা চালানো হয়েছে। এর মধ্যে অনেক হামলা এমন সব এলাকায় চালানো হয়েছে, যেসব এলাকাকে প্রথাগতভাবে হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হয় না।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন আল-জাজিরাকে বলেন, ‘বৈরুত ও অন্যান্য এলাকায় (ইসরায়েলি) বিমান হামলার ফলে হাসপাতালগুলোতে শহীদ ও আহতদের ভিড়ে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে।’
লেবানন রেড ক্রস জানিয়েছে, তাদের ১০০টি অ্যাম্বুলেন্স বর্তমানে হামলার শিকার এলাকাগুলো থেকে আহত ব্যক্তিদের সরিয়ে নেওয়ার কাজ করছে।
ইসরায়েলি হামলায় কয়েক শ মানুষ হতাহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি বলেছেন, এই হামলা ‘সব ধরনের মানবিক মূল্যবোধ’ অবজ্ঞার ক্ষেত্রে ইসরায়েলের ‘কালিমালিপ্ত রেকর্ডে’ নতুন মাত্রা যোগ করেছে।
এক বিবৃতিতে আউন বলেন, ‘এই বর্বর আগ্রাসন কোনো অধিকার মানে না এবং কোনো চুক্তি বা অঙ্গীকারের তোয়াক্কা করে না। দেশটি (ইসরায়েল) বারবার প্রমাণ করেছে, আন্তর্জাতিক আইন ও রীতির প্রতি তাদের চরম অবজ্ঞা রয়েছে।’
যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই এসব হামলা চালানো হলো। তেহরান বলে আসছে, লেবানন ফ্রন্টও এই যুদ্ধবিরতির আওতায় রয়েছে। যদিও তা নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, কোনো ধরনের আপস ছাড়াই হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত থাকবে।
তথ্যসূত্র: আল-জাজিরা
হরমুজে যাবে না মার্কিন বাহিনী: হেগসেথ
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে মার্কিন বাহিনী মোতায়েন করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। আজ বুধবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনীর ভূমিকা এবং ‘মার্কিন সেনারা আশপাশেই থাকবে’—প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের ব্যাখ্যা জানতে চাওয়া হয় তাঁর কাছে।
জবাবে হেগসেথ বলেন, ‘আমরা কোথাও যাচ্ছি না।’ তিনি বলেন, ইরান যেন যুদ্ধবিরতির শর্তগুলো মেনে চলে এবং চুক্তির আলোচনায় অংশ নেয়, তা নিশ্চিত করবে মার্কিন সেনারা। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, সেনারা আগের অবস্থানেই থাকবে, প্রস্তুত থাকবে এবং সতর্ক থাকবে; যেন প্রয়োজন পড়লে মুহূর্তের নোটিশে পুনরায় সবকিছু শুরু করা যায়।
হরমুজ প্রণালির বিষয়ে যুদ্ধবিরতির শর্ত উল্লেখ করে হেগসেথ বলেন, ইরান এই সমুদ্রপথ দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছে। তিনি বলেন, এটি কার্যকর হতে যাচ্ছে, জাহাজগুলো সেখানে চলাচল করবে।
হেগসেথ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম তুলে ধরেন। তিনি বলেন, ‘এই নতুন সরকারের সামনে কোনো বিকল্প বা সময়—কোনোটিই অবশিষ্ট ছিল না, তাই তারা একটি চুক্তিতে এসেছে। তারা জানে, এই চুক্তির অর্থ হলো তারা আর কখনোই পারমাণবিক অস্ত্র হাতে পাবে না।’
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ৪০ দিনেরও কম সময়ে যুক্তরাষ্ট্রের মাত্র ১০ শতাংশ যুদ্ধশক্তি ব্যবহার করে দেশটি ‘বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক বাহিনীকে’ গুঁড়িয়ে দিয়েছে। তিনি দাবি করেন, ইরান নিজেকে রক্ষা করতে অক্ষম প্রমাণ হয়েছে। তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান ‘পরিকল্পনা ও সময়সূচি অনুযায়ী প্রতিটি লক্ষ্য অর্জন করেছে’ বলেও দাবি করেন হেগসেথ।
তথ্যসূত্র: বিবিসি ও আল-জাজিরা
বৃহস্পতি বা শুক্রবার হরমুজ খুলে দিতে পারে ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানে অনুষ্ঠেয় বৈঠকের আগে একটি যুদ্ধবিরতি কাঠামো চূড়ান্ত হলে আগামীকাল বৃহস্পতি বা পরদিন শুক্রবার হরমুজ প্রণালি খুলে দিতে পারে তেহরান। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
যুদ্ধের সময় ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি সমঝোতার অংশ হিসেবে তেহরান এই প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছে।
রয়টার্সকে ওই কর্মকর্তা আরও জানান, ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করেই এই নৌপথ পুনরায় খুলে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে।
তথ্যসূত্র: আল-জাজিরা
ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না, চুক্তি হলে উঠবে নিষেধাজ্ঞা: ট্রাম্প
আগামী শুক্রবার ইসলামাবাদে অনুষ্ঠেয় আলোচনার আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নিজের প্রশাসনের অবস্থান স্পষ্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানকে আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না। তবে চুক্তি হলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। আমরা নিশ্চিত হয়েছি যে, সেখানে একটি অত্যন্ত ফলপ্রসূ সরকার পরিবর্তন’ (রেজিম চেঞ্জ) ঘটেছে!’
ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বি-২ বোম্বারের হামলার প্রসঙ্গ টেনে ট্রাম্প আরও বলেন, ‘আর কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে মিলে মাটির গভীরে চাপা পড়া সব পারমাণবিক বর্জ্য বা উপাদান খনন করে সরিয়ে ফেলবে।’
মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেছেন, গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর থেকেই যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট নজরদারির মাধ্যমে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের ওপর নজর রাখা হচ্ছে।
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প আরও বলেছেন, ইরানকে ‘শুল্ক ও নিষেধাজ্ঞা’ থেকে মুক্তি দেওয়া হবে। তিনি দাবি করেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫টি পয়েন্টের মধ্যে ‘অনেকগুলোতেই ইতিমধ্যে ঐকমত্য হয়েছে’।
তবে মার্কিন প্রেসিডেন্টের এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরান।
তথ্যসূত্র: আল–জাজিরা
লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে: হিজবুল্লাহ
লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে: হিজবুল্লাহ
ইরান–সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন ফ্রন্টকে অন্তর্ভুক্ত করা না হলে এই চুক্তি পুরোপুরি ভেস্তে যেতে পারে।
হিজবুল্লাহর পার্লামেন্ট সদস্য ইব্রাহিম মুসাবি জোর দিয়ে বলেন, এই চুক্তিতে হিজবুল্লাহ-ইসরায়েল ফ্রন্ট অন্তর্ভুক্ত রয়েছে। যদি ইসরায়েল এটি মেনে না চলে, তবে ইরানসহ পুরো অঞ্চল এর পাল্টা জবাব দেবে।
আজ বুধবার সকালে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই এবং স্থল অভিযান অব্যাহত থাকবে। এটি মূলত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যেরই প্রতিফলন। তিনি বলেছেন, যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়।
উল্লেখ্য, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে একের পর এক হামলা চালিয়ে আসছে ইসরায়েল।
সংঘাতের শুরু থেকেই ইরান বারবার বলে আসছে, যেকোনো চুক্তিতে লেবানন ফ্রন্টকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইসলামাবাদে আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলে নেতৃত্ব দেবেন কারা
শান্তি প্রতিষ্ঠায় আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলকে ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আগামী শুক্রবার এ আলোচনা হওয়ার কথা।
পাকিস্তানের রাজধানীতে অনুষ্ঠিতব্য এ আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে নেতৃত্ব দিতে পারেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আর ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকার সম্ভাবনা রয়েছে দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফের।
ইরানের সংবাদমাধ্যম আইএসএনএ এই তথ্য জানিয়েছে। খবর আল–জাজিরার।
ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নিজেদের আকাশসীমা ও বিমানবন্দর খুলল ইরাক
ইরান ও যুক্তরাষ্ট্রের দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে ইরাক। সেই সঙ্গে ইরাকের বন্ধ থাকা সবগুলো বিমানবন্দরের কার্যক্রম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ নির্দেশ দেয়। বিবৃতিতে বলা হয়েছে, অবিলম্বে এ নির্দেশ কার্যকর হবে। খবর আল–জাজিরার।
ইরানে হামলা চালানো হবে না, লেবাননে চলবে: ইসরায়েলের সামরিক বাহিনী
দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে ইরানের ভূখণ্ডে হামলা না চালানোর কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। তবে বলা হয়েছে, ইরানে বন্ধ করা হলেও লেবাননে হামলা চলবে। আজ বুধবার এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী এ কথা জানায়। বিবৃতিতে সতর্ক করে দিয়ে এটাও বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে যেকোনো ধরনের (যুদ্ধবিরতি) লঙ্ঘনের ঘটনায় আত্মরক্ষামূলক জবাব দিতে ইসরায়েলি সামরিক বাহিনী ‘পুরোপুরি প্রস্তুত’ রয়েছে। খবর বিবিসির।
ইসরায়েল হামলা চালালেও যুদ্ধবিরতিতে রাজি হিজবুল্লাহ: রয়টার্স
দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহের সঙ্গে সম্পর্কিত লেবাননের অন্তত তিনটি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যুদ্ধ বন্ধে আজ বুধবার যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এতে সমর্থন জানিয়েছে ইসরায়েল। তবে বলেছে, যুদ্ধবিরতি ইরানে কার্যকর হবে, লেবাননে নয়। ইসরায়েলের এমন একপাক্ষিক অবস্থানের পরও দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি থাকার কথা জানিয়েছে হিজবুল্লাহ।
রয়টার্সের তথ্য, হিজবুল্লাহ আজ বুধবার সকাল থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে ও লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর কোনো হামলা চালায়নি।
এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের সিদোন এলাকায় আজ বুধবার ভোরে আকাশপথে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
লেবাননের দক্ষিণাঞ্চলের তায়ির শহরের বাসিন্দাদের অবিলম্বে শহরটি খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী।
তথ্যসূত্র: রয়টার্স, আল–জাজিরা ও সিএনএন
যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে: রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, যুক্তরাষ্ট্র আর ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ‘বিনা উসকানিতে একপাক্ষিক ও আগ্রাসী হামলা’ চালিয়েছে। এ যুদ্ধে দেশ দুটি ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে।
স্পুতনিক রেডিওকে আজ বুধবার মারিয়া বলেন, ‘আমাদের দেশ একেবারে শুরু থেকে, প্রথম বিবৃতিতেই বলেছিল, এ আগ্রাসন অবিলম্বে বন্ধ করা দরকার। এ পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই।’
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরানের ড্রোন হামলায় বাহরাইনে দুজন আহত
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ড্রোন হামলায় আজ বুধবার দেশটিতে দুজন আহত হয়েছেন। তবে তাঁদের আঘাত গুরুতর নয়। ড্রোন থেকে শার্পনেল পড়ে বাহরাইনের সিতরা এলাকায় কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি ঘোষণার আগে নাকি পরে এই হামলা হয়েছে, সেটা জানায়নি বাহরাইন সরকার। খবর বিবিসির।
ইরানের ‘পুরো সভ্যতা’ মুছে ফেলার হুমকি ‘সত্যিই অগ্রহণযোগ্য’: পোপ চতুর্দশ লিও
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে পোপ চতুর্দশ লিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরল সমালোচনা করেছেন। বলেছেন, ইরানের ‘পুরো সভ্যতা’ মুছে ফেলার হুমকি দেওয়াটা ‘সত্যিই অগ্রহণযোগ্য’। খবর নিউইয়র্ক টাইমসের।
গতকাল মঙ্গলবার পোপ সরাসরি প্রেসিডেন্টের নাম উল্লেখ না করলেও তিনি কাকে ইঙ্গিত করছেন, তা ছিল স্পষ্ট। মঙ্গলবার সন্ধ্যায় ইতালিতে সাংবাদিকদের পোপ বলেন, ‘আজ যেমনটি আমরা সবাই জানি, ইরানের পুরো জাতির বিরুদ্ধে একটি হুমকি দেওয়া হয়েছে। আর এটি সত্যিই অগ্রহণযোগ্য।’
যুদ্ধবিরতি আলোচনায় পাকিস্তানের ওপর কেন ভরসা যুক্তরাষ্ট্র–ইরানের
মধ্যপ্রাচ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি নিশ্চিত করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ‘আমার প্রিয় ভাই’ সম্বোধন করে ‘অক্লান্ত পরিশ্রমের’ জন্য তাঁদের গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরাগচির সেই বার্তাটি নিজের মালিকানাধীন ‘ট্রুথ সোশ্যাল’-এ শেয়ার করেছেন, যা শান্তি আলোচনায় ইসলামাবাদের ভূমিকার প্রতি ওয়াশিংটনের সম্মতিরই ইঙ্গিত দেয়।
এর পরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন বলেন, ‘অত্যন্ত বিনয়ের সঙ্গে আমি ঘোষণা করছি, ইরান ও যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের নিয়ে লেবাননসহ সব জায়গায় অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা এখনই কার্যকর হবে।’
শাহবাজ শরিফ এ দূরদর্শী পদক্ষেপকে স্বাগত জানিয়ে দুই দেশের দেশের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে বিরোধ নিষ্পত্তির জন্য চূড়ান্ত আলোচনার লক্ষ্যে আগামী ১০ এপ্রিল শুক্রবার উভয় দেশের প্রতিনিধি দলকে ইসলামাবাদে আমন্ত্রণ জানান। শরিফ আশা প্রকাশ করেন, ‘ইসলামাবাদ আলোচনা’ টেকসই শান্তি অর্জনে সফল হবে।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, দুই সপ্তাহের এই যুদ্ধবিরতি চূড়ান্ত করার আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও পাকিস্তানের ফিল্ড মার্শাল মুনিরের সঙ্গে কথা বলেছেন। প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল মুনির রাতভর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচির সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন। বিস্তারিত পড়ুন...
যুদ্ধের ৪০ দিনে কোন দেশে কত জন নিহত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায়। পাল্টা জবাব দেয় ইরান। শুধু ইসরায়েল নয়, ইরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালানো হয়। শুরুর ৪০তম দিনে এসে আজ বুধবার প্রাণঘাতী এ যুদ্ধের লাগাম টানতে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র–ইসরায়েল–ইরান।
এ যুদ্ধে কোন দেশে কতজন নিহত হয়েছেন, আসুন দেখে নেই—
ইরান: যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানায়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে মোট ৩ হাজার ৬৩৬ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক রেডক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী, ইরানে নিহতের সংখ্যা ১ হাজার ৯০০ জন।
লেবানন: লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে ১ হাজার ৫৩০ জন নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ১২৯ শিশু রয়েছে। দক্ষিণ লেবাননে দুটি পৃথক ঘটনায় জাতিসংঘের তিনজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। তাঁরা ইন্দোনেশিয়ার নাগরিক। লেবাননে নিহতের তালিকার আরও আছেন সাংবাদিক ও চিকিৎসাকর্মী।
ইরাক: সংকট শুরুর পর থেকে ইরাকে অন্তত ১১৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েল: ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবার তথ্য অনুযায়ী, ইরান ও লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে দেশটিতে মোট ২৩ জন নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের ১১ জন সেনা নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্র: যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ১৩ জন সেনা নিহত এবং তিন শতাধিক আহত হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড এ তথ্য জানিয়েছে।
সংযুক্ত আরব আমিরাত: দুজন সেনাসহ মোট ১৩ জন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
কাতার: কাতারের জলসীমায় গত ২২ মার্চ ‘নিয়মিত দায়িত্ব পালনের’ সময় যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন।
কুয়েত: সাতজন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
পশ্চিম তীর (ফিলিস্তিন): ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ফিলিস্তিনের পশ্চিম তীরে চারজন ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন।
সিরিয়া: দেশটির দক্ষিণাঞ্চলের শহর সুয়েইদায় একটি ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানলে চারজন নিহত হন।
বাহরাইন: ইরানের দুটি পৃথক হামলায় দুজন নিহত হয়েছেন।
ওমান: দেশটির সোহর প্রদেশের একটি শিল্পাঞ্চলে গত ১৩ মার্চ ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন।
সৌদি আরব: রাজধানী রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত আল-খারজ শহরের একটি আবাসিক এলাকায় নিক্ষিপ্ত গোলার আঘাতে দুজন নিহত হয়েছেন।
ফ্রান্স: উত্তর ইরাকে ড্রোন হামলায় একজন ফরাসি সেনা নিহত হয়েছেন।
তথ্যসূত্র: রয়টার্স
** প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে গত ৩ এপ্রিল জানানো হয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ওই অঞ্চলের বিভিন্ন দেশে থাকা ছয় বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।
লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা অব্যাহত, নিহত ৮, অবিলম্বে শহর খালি করার নির্দেশ
লেবাননের দক্ষিণাঞ্চলের সিদোন এলাকায় আজ বুধবার ভোরে আকাশপথে পরিচালিত পৃথক হামলায় আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, গতকাল মঙ্গলবার ইসরায়েল ও লেবাননের ইসরায়েলি সামরিক বাহিনীর স্থাপনায় তারা মোট ৫২টি হামলা চালিয়েছে। আজ চালানো হয়েছে দুটি হামলা।
এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের তায়ির শহরের বাসিন্দাদের অবিলম্বে শহরটি খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী।
লেবাননের দক্ষিণাঞ্চলে মাসখানেক ধরে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইরানে দুই সপ্তাহের যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এ সিদ্ধান্তে সমর্থন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত থাকবে না।
তথ্যসূত্র: সিএনএন ও বিবিসি
এটা ইসরায়েলের জন্য রাজনৈতিক বিপর্যয়, নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন: ইয়ার লাপিদ
ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ বলেছেন, ইরানে যুদ্ধবিরতির সিদ্ধান্ত ইসরায়েলের জন্য একটি ‘রাজনৈতিক বিপর্যয়’। এক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘ব্যর্থ’ হয়েছেন। খবর বিবিসির।
ইরানে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতির কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এ সিদ্ধান্তে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন নেতানিয়াহু। এর প্রতিক্রিয়ায় আজ বুধবার ইয়ার লাপিদ এমন মন্তব্য করেন।
ইসরায়েলের বিরোধীদলীয় নেতা বলেন, ‘ইসরায়েলের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম মূল ইস্যু ইরান। অথচ যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইসরায়েল আলোচনার টেবিলেই ছিল না।’
সেনাদের গুলি বন্ধের নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতার
যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির সামরিক বাহিনীকে গুলি বন্ধের নির্দেশ দিয়েছেন। তবে তেহরান স্পষ্ট বলেছে, এই যুদ্ধবিরতি যুদ্ধের সমাপ্তি নয়; শত্রুপক্ষ একটু ভুল করলেই জোরালো জবাব দেওয়া হবে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ে (আইআরআইবি) প্রচারিত এক বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, এটি যুদ্ধের শেষ নয়, তবে সব সামরিক শাখাকে সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে গুলি বন্ধ করতে হবে।
যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আলাদা বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ থেমে গেলেও ইরানের অবস্থান বদলায়নি। তাদের ভাষায়, ‘আমাদের হাত এখনো ট্রিগারের ওপর আছে। শত্রুপক্ষের সামান্যতম ভুলও পূর্ণ শক্তিতে মোকাবিলা করা হবে।’
তথ্যসূত্র: এনডিটিভি
বিশ্ব শান্তির জন্য আজ বড় একটি দিন: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘বিশ্ব শান্তির জন্য আজ বেশ বড় একটি দিন!’। ইরানে দুই সপ্তাহের যুদ্ধবিরতির কথা জানানোর পর আজ বুধবার নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন।
পোস্টে ট্রাম্প আরও বলেন, ‘ইরান চায় এটা (যুদ্ধবিরতি) ঘটুক, তারা আর সহ্য করতে পারছে না! একইভাবে অন্যরাও পারছে না!’
যুদ্ধবিরতি কার্যকরের পর বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজের জট নিরসনে সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
তথ্যসূত্র: বিবিসি
ইরাকে অপহৃত মার্কিন নারী সাংবাদিক মুক্তি পেলেন
ইরাকের রাজধানী বাগদাদ থেকে এক সপ্তাহ আগে অপহরণ করা মার্কিন নারী সাংবাদিক শেলি কিটলসনকে ছেড়ে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর মুক্তির খবর নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
ইরান–সমর্থিত মিলিশিয়া দল কাতাইব হিজবুল্লাহ গতকাল মঙ্গলবার জানায়, এখনই ইরাক ছাড়বেন—এ শর্তে তারা শেলি কিটলসনকে মুক্তি দিয়েছে। গত ৩১ মার্চ ৪৯ বছর বয়সী ফ্রিল্যান্স সাংবাদিক কিটলসনকে অপহরণ করা হয়েছিল।
কিটলসনের মুক্তি নিশ্চিত করতে সহায়তার জন্য ইরাকি কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন মার্কো রুবিও। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন ইরাক থেকে কিটলসনের নিরাপদ প্রস্থানে সহায়তা করতে কাজ করছে।
যুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি ইরানের, শুক্রবার ইসলামাবাদে আলোচনা
যুদ্ধে নিজেদের ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি করেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। আজ বুধবার এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, আনুষ্ঠানিক আলোচনার আগেই ১০ দফার একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রকে মানতে বাধ্য করেছে ইরান। এতে ভবিষ্যতে আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত রাখা, নিষেধাজ্ঞা শিথিল করা, অঞ্চলটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করা এবং ক্ষতিপূরণের কথাও বলা হয়েছে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী শুক্রবার এ প্রস্তাব নিয়ে আলোচনা শুরুর কথা রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ওই আলোচনায় চুক্তি চূড়ান্ত করার দিকে অধিক মনোযোগ দেওয়া হবে। তবে ‘এর অর্থ এটা নয় যে, যুদ্ধ শেষ হয়ে গেছে’।
তথ্যসূত্র: মিডলইস্ট আই
লেবাননে নিহত ১ হাজার ৫০০ ছাড়াল, আহত প্রায় ৫ হাজার
ইসরায়েল এবং লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে এক মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে লেবাননে ১ হাজার ৫৩০ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
এএফপি জানিয়েছে, লেবাননে নিহতদের মধ্যে ১০২ জন নারী এবং ১৩০ শিশু। আহত হয়েছেন আরও ৪ হাজার ৮১২ জন।
ইরানে দুই সপ্তাহের যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এ সিদ্ধান্তকে সমর্থন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নেতানিয়াহু বলেন, এ যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত থাকবে না।
যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালিতে টোল নেবে ইরান–ওমান
দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলার সময় গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ট্রানজিট ফি (টোল) নেওয়ার পরিকল্পনা করেছে ইরান ও ওমান। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে। খবর সিএনএনের।
খবরে আরও বলা হয়েছে, এই তহবিলের অর্থ যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠনে খরচ করা হবে। বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে সিএনএনের পক্ষ থেকে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এখনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইরানে ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ অর্জন হয়েছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ অর্জন করেছে, তাতে কোনো সন্দেহ নেই।
যুদ্ধবিরতি ঘোষণার পর সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাতকারে এ মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় ট্রাম্প আরও বলেন, একটি চুক্তির আওতায় ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের ‘ঠিকঠাক দেখভাল’ করা হবে।
যুদ্ধবিরতি ভেস্তে গেলে কি আবার ইরানের বেসামরিক বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের আগের হুমকিতে ফিরে যাবেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প শুধু বলেন, ‘কী হবে, তা সময়ই বলে দেবে’। খবর বিবিসির।
যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব, আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মানার আহ্বান
যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে এ খবর জানান। খবর আল–জাজিরার।
সব পক্ষকে ‘আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মেনে চলতে’ এবং এ অঞ্চলে ‘স্থায়ী ও পূর্ণাঙ্গ’ শান্তির পথ প্রশস্ত করার জন্য যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে আহ্বান জানিয়েছেন আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘের মহাসচিব আরও বলেছেন, বেসামরিক মানুষদের জীবন রক্ষা এবং মানবিক দুর্ভোগ কমানোর জন্য অবিলম্বে সংঘাত পুরোপুরি বন্ধ করা প্রয়োজন।
ইরানে ট্রাম্পের যুদ্ধবিরতির সিদ্ধান্তে সায় নেতানিয়াহুর, মানবেন না লেবাননে
ইরানে দুই সপ্তাহের যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমন খবর প্রকাশের পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর। বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের এমন সিদ্ধান্তে সায় রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর।
বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর বলেছে, ‘ইরান অবিলম্বে প্রণালিগুলো খুলে দেবে এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং এ অঞ্চলের দেশগুলোর ওপর সব ধরনের হামলা বন্ধ করবে—এই শর্তে দুই সপ্তাহের জন্য ইরানের ওপর হামলা স্থগিত রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তকে ইসরায়েল সমর্থন করে।’
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো প্রধানমন্ত্রীর দপ্তরের এ বিবৃতি প্রকাশ করেছে। এতে আরও বলা হয়েছে, দুই সপ্তাহের এ যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত থাকবে না।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরান যুদ্ধে ‘বিজয়’ দাবি করল হোয়াইট হাউস
ইরান যুদ্ধে ‘বিজয়’ দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর হোয়াইট হাউসের পক্ষ থেকে এ দাবি করা হয়। যদিও এ বিষয়ে ইসরায়েল এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বলেন, ‘এটা যুক্তরাষ্ট্রের জন্য একটি বিজয়, যা প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমাদের অসাধারণ সামরিক বাহিনী সম্ভব করেছে।’ তিনি আরও বলেন, ‘তিনি (ট্রাম্প) হরমুজ প্রণালি আবারও খুলে দিয়েছেন।’
ক্যারোলাইন আরও উল্লেখ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকে বলে এসেছেন, ইরানে পরিচালিত সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ চার থেকে ছয় সপ্তাহ স্থায়ী হতে পারে। যুক্তরাষ্ট্র ৩৮ দিনেই নিজের সামরিক উদ্দেশ্যগুলো অর্জন করে ফেলেছে।
তথ্যসূত্র: বিবিসি
যুদ্ধবিরতির খবরে তেহরানের রাজপথে উচ্ছ্বাস

ইরান ও যুক্তরাষ্ট্র—দুপক্ষই দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এ খবরে রাজপথে নেমে উল্লাস করেছেন ইরানের রাজধানী তেহরানের বাসিন্দারা। স্থানীয় সময় আজ বুধবার ভোরে তেহরানের পথে পথে মিছিল হয়েছে, স্লোগান হয়েছে। যুদ্ধ আপাতত থেমে যাবে, এমন সম্ভাবনায় উচ্ছ্বাস দেখা গেছে তেহরানের বাসিন্দাদের মধ্যে। ছবিগুলো রয়টার্স প্রকাশ করেছে।



ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানে হামলা ইসরায়েলের
ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, আজ বুধবার ভোরে ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পর এই হামলা চালানো হলো।
টেলিভিশন চ্যানেলটির দাবি, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছে ইরান। তাই ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ-সংক্রান্ত স্থাপনাগুলো লক্ষ্য করে ইসরায়েল নতুন হামলা চালিয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স
‘লেবাননসহ সর্বত্র’ কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি: শুক্রবার ইসলামাবাদে বৈঠক
পাকিস্তান সরকারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে ঐতিহাসিক যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে, তার পরিধি কেবল দুই দেশের সীমান্তেই সীমাবদ্ধ নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিশ্চিত করেছেন যে, এই চুক্তি লেবাননসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য উত্তপ্ত অঞ্চলেও কার্যকর হবে এবং এটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় শাহবাজ শরিফ এই সমঝোতাকে স্বাগত জানিয়ে দুই দেশের নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘উভয় দেশ যে বিচক্ষণতা ও দূরদর্শিতা প্রদর্শন করেছে, আমি তাকে উষ্ণ অভ্যর্থনা জানাই। এই উচ্চপর্যায়ের মধ্যস্থতায় দুই পক্ষই অত্যন্ত গঠনমূলকভাবে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে কাজ করেছে।’
শাহবাজ শরিফ ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে আনুষ্ঠানিকভাবে আগামী শুক্রবার ১০ এপ্রিল ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে সব বিরোধের একটি চূড়ান্ত এবং মীমাংসিত চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা শুরু হবে।
ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক দিল এনএএসিপি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন ও ২৫তম সংশোধনীর আওতায় অবিলম্বে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের ঐতিহ্যবাহী সংগঠন এনএএসিপি। ১৯০৯ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ ১১৭ বছরের ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নিল সংগঠনটি।
ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি)-এর প্রেসিডেন্ট ডেরিক জনসন এক কড়া বিবৃতিতে বলেন, ‘এই প্রেসিডেন্ট অযোগ্য, অসুস্থ এবং উন্মাদ।’ তিনি আরও যোগ করেন যে, ট্রাম্পের বক্তব্য ও আচরণ কেবল উদ্বেগজনক নয়, বরং অত্যন্ত বিপজ্জনক।
তথ্যসূত্র: আল–জাজিরা
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৮
দক্ষিণ লেবাননের উপকূলীয় শহর সিদনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা অ্যারাবিক এই তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, সিদনের একটি জনবহুল এলাকায় এই হামলা চালানো হয়। এতে আটজন নিহত হওয়ার পাশাপাশি অন্তত ২২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
১০ দফা প্রস্তাবে তেহরানের কঠোর শর্ত
আগামী ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হতে যাওয়া শান্তি আলোচনার ভিত্তি হিসেবে ইরান যে ১০ দফা প্রস্তাব দিয়েছে, তার বিস্তারিত সামনে এসেছে। এই প্রস্তাবগুলোতে ইরান কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়, বরং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক উপস্থিতি সম্পূর্ণ বন্ধের দাবি জানিয়েছে।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের ১০ দফা পরিকল্পনার প্রধান দিকগুলো হলো—হরমুজ প্রণালিতে একচ্ছত্র নিয়ন্ত্রণ, মার্কিন সৈন্য প্রত্যাহার, মিত্র শক্তির নিরাপত্তা, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সম্পদ মুক্তি, যুদ্ধের ক্ষতিপূরণ, আন্তর্জাতিক আইনি নিশ্চয়তা। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র: আল–জাজিরা
চাঙ্গা পুঁজিবাজার
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় জ্বালানি তেলের দাম নাটকীয়ভাবে কমেছে, বিপরীতে বিশ্বজুড়ে পুঁজিবাজারে বইছে জোয়ার।
অপরিশোধিত তেল ব্রেন্ট ও ডব্লিউটিআই–এর দাম প্রায় ১৫ শতাংশ কমেছে। এনভিডিয়া, টেসলা ও ইনটেলের শেয়ারের দাম কয়েক শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি খাতের শেয়ারের দাম ৩ শতাংশ পর্যন্ত কমেছে। জাপানের নিক্কেই ৫ শতাংশ ও দক্ষিণ কোরিয়ার কসপি ৬ শতাংশ বেড়েছে।
মার্কিন ডলারের মান গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ডলারের বিপরীতে ইউরো, ব্রিটিশ পাউন্ড এবং জাপানি ইয়েনের মান বেড়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
‘যুদ্ধবিরতির’ মাঝেই উপসাগরীয় দেশগুলোতে সতর্কতা জারি
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার পরপরই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নাটকীয় মোড় নিয়েছে। একদিকে শান্তির আশা জাগলেও অন্যদিকে কুয়েত, বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে একযোগে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং সক্রিয় করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিস্তারিত পড়ুন
ট্রাম্পের সামনে ভালো কোনো বিকল্প ছিল না: বিশ্লেষকের চোখে যুদ্ধবিরতি
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে আসা ছাড়া ডোনাল্ড ট্রাম্পের হাতে ‘ভালো কোনো বিকল্প’ ছিল না। এমন মন্তব্য করেছেন ওয়াশিংটনভিত্তিক চিন্তক প্রতিষ্ঠান কুইন্সি ইনস্টিটিউটের ইরান বিষয়ক নীতি বিশেষজ্ঞ ত্রিতা পার্সি।
আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ত্রিতা পার্সি বলেন, পরিস্থিতি অনেকটা এমন ছিল যে ট্রাম্প এই চুক্তি করতে বাধ্য হয়েছেন। বিস্তারিত পড়ুন
‘হাতের আঙুল এখনো ট্রিগারে’: যুদ্ধবিরতি নিয়ে ইরানের হুঁশিয়ারি
তেহরান স্পষ্ট করে দিয়েছে যে, তারা আলোচনায় বসছে ওয়াশিংটনের প্রতি ‘চরম অবিশ্বাস’ নিয়ে।
শত্রুপক্ষকে হুঁশিয়ারি দিয়ে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, ‘আমাদের হাতের আঙুল এখনো ট্রিগারে রয়েছে। শত্রুর সামান্যতম ভুল বা বিচ্যুতির মোক্ষম জবাব দেওয়া হবে পূর্ণ শক্তি দিয়ে।’ বিস্তারিত পড়ুন
হরমুজ প্রণালি দিয়ে ‘নিরাপদ যাতায়াত’ সম্ভব: ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী দুই সপ্তাহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজগুলোর ‘নিরাপদ যাতায়াত’ সম্ভব হবে।
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে দেওয়া এই বিবৃতিতে আরাগচি বলেন, ‘যদি ইরানের ওপর হামলা বন্ধ থাকে, তবে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীও তাদের রক্ষণাত্মক অভিযান স্থগিত রাখবে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, আগামী দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করতে হলে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করতে হবে এবং কিছু কারিগরি সীমাবদ্ধতার বিষয়টি মাথায় রাখতে হবে।
যুদ্ধবিরতি চুক্তিতে ইরানের চূড়ান্ত অনুমোদন: আলোচনা বসছে ইসলামাবাদে
পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তিতে আনুষ্ঠানিকভাবে সায় দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা ‘সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল’ এক বিবৃতিতে এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।
ইরানের মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়েছে, দেশটির নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সরাসরি অনুমোদনেই এই যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে।
বিবৃতিতে এই চুক্তিকে ‘ইরানের বিজয়’ হিসেবে অভিহিত করা হয়েছে। এতে আরও বলা হয়, এই দুই সপ্তাহের সাময়িক বিরতির পর একটি স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।
‘যুদ্ধবিরতিতে’ রাজি ইসরায়েল
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর এবার ইসরায়েলও ইরানের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন প্রথম এই তথ্য জানায়, যা পরবর্তীতে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম ‘কান’ও প্রচার করেছে।
ইসরায়েলের চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের সূত্রটি জানিয়েছে, ইরান যখনই আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি খুলে দেবে, ঠিক সেই মুহূর্ত থেকেই যুদ্ধবিরতি কার্যকর হবে।
তবে এখন পর্যন্ত ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। এমনকি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ভেতরেও এখন পর্যন্ত ‘হামলা বন্ধ’ রাখার কোনো সুনির্দিষ্ট নির্দেশ জারি করা হয়নি বলে জানা গেছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন: মুহূর্তেই কমল ১০ শতাংশ
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার অবসান ঘটিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই নাটকীয় ঘোষণার মাত্র ১৫ মিনিটের ব্যবধানে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১২ ডলারেরও বেশি কমে গেছে।
নিউইয়র্ক সময় মঙ্গলবার রাতে মে মাসে সরবরাহের জন্য ডব্লিউটিআই তেলের দাম ১২ দশমিক ৪ ডলার বা ১০ দশমিক ৬৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০০ দশমিক ৯০ ডলারে নেমে আসে।
প্রেসিডেন্ট ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে এই ঘোষণা আসায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। এর আগে ইরানের তেলক্ষেত্রে যুক্তরাষ্ট্রের হামলা এবং পাল্টাপাল্টি হিসেবে তেহরান কর্তৃক হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকিতে তেলের বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছিল।
সূত্র: রয়টার্স
ইরানের ওপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প
শেষ মুহূর্তের নাটকীয়তায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা কিছুটা স্তিমিত হলো। ইরানের ওপর পূর্বঘোষিত বড় ধরনের ‘বোমাবর্ষণ ও হামলা’ অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু সময় আগে এই ঘোষণা এল।
তবে এই সাময়িক যুদ্ধবিরতির পেছনে একটি কঠোর শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই স্থগিতাদেশ তখনই কার্যকর থাকবে যখন ইরান অবিলম্বে ‘সম্পূর্ণ এবং নিরাপদভাবে’ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দেওয়া ১১ ঘণ্টার বিশেষ প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিশেষ অনুরোধে ইরানের ওপর পূর্বনির্ধারিত ‘বিধ্বংসী হামলা’ দুই সপ্তাহের জন্য তিনি স্থগিতে রাজি হয়েছেন।
ট্রাম্প লিখেন, দুই পক্ষের মধ্যে একটি ‘উভয়মুখী যুদ্ধবিরতি’ কার্যকর হতে যাচ্ছে। তবে এই স্থগিতাদেশের প্রধান শর্ত হচ্ছে—ইরানকে অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপদভাবে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে হবে।
ট্রাম্পের এই নাটকীয় ঘোষণার পেছনে পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের মধ্যস্থতা বড় ভূমিকা পালন করেছে বলে তিনি নিজেই উল্লেখ করেছেন। বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান সরকারের অনুরোধ এবং ইরানের পক্ষ থেকে পাওয়া ১০ দফার একটি প্রস্তাবের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্বাস করি, এই প্রস্তাব আলোচনার একটি কার্যকর ভিত্তি হতে পারে।’
সূত্র: রয়টার্স
ট্রাম্পের হুমকির মুখে বিশ্বনেতাদের নীরবতা নিয়ে গ্রেটা থুনবার্গের ক্ষোভ
ইরান ও মধ্যপ্রাচ্য ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ভয়াবহ’ হুমকির বিপরীতে বিশ্ববাসীর নীরবতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ট্রাম্প যখন একটি ‘পুরো সভ্যতা’ (ইরান) ধ্বংস করে দেওয়ার হুমকি দিচ্ছেন, তখন কেন সবাই চুপ?
থুনবার্গ এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা গণহত্যা, একটি পুরো জাতিকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়া এবং আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য প্রাণমণ্ডলীর পদ্ধতিগত ধ্বংসকে স্বাভাবিক ঘটনায় পরিণত করেছি। আমরা এটিও মেনে নিয়েছি যে দুর্নীতিগ্রস্ত, বর্ণবাদী যুদ্ধাপরাধীরা সম্পূর্ণ দায়মুক্তি নিয়ে যা ইচ্ছা তা-ই করতে পারে।’
থুনবার্গ আরও বলেন, ‘যদিও আমরা ইতিমধ্যে অনেক বেশি ছাড় দিয়ে ফেলেছি, তবুও “থামো” বলার সময় এখনো শেষ হয়ে যায়নি। আমরা যদি এখন প্রতিবাদ না করি, তবে নিজেদের “মানুষ” বলে পরিচয় দেওয়ার যোগ্যতা আমাদের থাকবে না।
তথ্যসূত্র: আল–জাজিরা
তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও কথা বললেন ইসহাক দার
মধ্যপ্রাচ্যে সংঘাত থামাতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করেছে পাকিস্তান। সৌদি আরবের পর এবার তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফোনালাপে ইসহাক দার তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের অবস্থান এবং শান্তি প্রতিষ্ঠায় তাদের চলমান প্রচেষ্টার কথা অবহিত করেন।
বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে পাকিস্তান যে সংলাপ ও কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে, তার সর্বশেষ অগ্রগতি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে।
সূত্র: আল–জাজিরা
ইসরায়েলি সেনা ও বসতি লক্ষ্য করে হিজবুল্লাহর মুহুর্মুহু হামলা
দক্ষিণ লেবাননের বিভিন্ন সীমান্ত এলাকা ও ইসরায়েলের অভ্যন্তরে বেশ কিছু অবৈধ বসতি লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি দাবি করেছে, তারা ইসরায়েলি সেনার বড় জমায়েত ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ও বোমা বর্ষণ করেছে।
হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে দক্ষিণ লেবাননের আল-আদিসা, আল-তাইবেহ ও মারকাবার নিকটবর্তী এলাকায় অবস্থানরত ইসরায়েলি বাহিনীর জমায়েত লক্ষ্য করে বোমাবর্ষণ করা হয়েছে। এ ছাড়া দক্ষিণ লেবাননের একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে।
অধিকৃত গোলান মালভূমির কাতজরিন ও আল-মালিকিয়া নামক ইসরায়েলি বসতিগুলো লক্ষ্য করে একঝাঁক রকেট ছোড়া হয়েছে।
মারুন আল-রাস ও আইনাতা অঞ্চলেও ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে শক্তিশালী হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। আল-জাজিরা
গভীর রাতে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ
মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে গভীর রাতে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে পাকিস্তানের চলমান কূটনৈতিক প্রচেষ্টা এবং সংলাপ প্রসারের উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ‘শেষ মুহূর্তের’ মধ্যস্থতা উদ্যোগের পরপরই এই ফোনালাপ অনুষ্ঠিত হলো। উল্লেখ্য, শাহবাজ শরিফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সঙ্গে চুক্তির সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে তিনি ইরানকেও ‘সদিচ্ছার নিদর্শন’ হিসেবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানান।
শাহবাজ শরিফের মতে, চলমান কূটনৈতিক তৎপরতাগুলো ‘দৃঢ় ও শক্তিশালীভাবে’ এগোচ্ছে এবং একটি উল্লেখযোগ্য ফলাফলে পৌঁছানোর জন্য এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত না করে সময় দেওয়া জরুরি।
এর আগে, মঙ্গলবার সৌদি আরবের পূর্বাঞ্চলে পেট্রোকেমিক্যাল কারখানায় ইরানের হামলার পর দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও কথা বলেন শাহবাজ শরিফ। গত পরশু যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের তেল খনিগুলোতে হামলার পাল্টা জবাব হিসেবে সৌদি আরবে ওই হামলা চালিয়েছিল তেহরান। ফোনালাপে শাহবাজ শরিফ সৌদির প্রতি পাকিস্তানের সংহতি প্রকাশ করেন।
সূত্র: আল–জাজিরা
বাগদাদে পিএমএফ সদর দপ্তরে বিমান হামলা
ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর সদর দপ্তর লক্ষ্য করে একটি বিমান হামলা চালানো হয়েছে। বাহিনীটির একটি সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি বা হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যে ইরাকের এই আধাসামরিক বাহিনীর ওপর হামলার ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সংকটের ‘সংবেদনশীল ধাপ’ পেরিয়ে এখন অগ্রগতির সময়: ইরানি রাষ্ট্রদূত
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের মধ্যস্থতায় এক ধাপ অগ্রগতির ইঙ্গিত দিয়েছে ইরান। পাকিস্তানে নিযুক্ত ইরানে রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দাম জানিয়েছেন, পরিস্থিতি এখন ‘সংকটময় ও সংবেদনশীল পর্যায়’ পেরিয়ে এক ধাপ সামনে এগিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মোকাদ্দাম লিখেছেন, ‘এখন পর্যন্ত পরিস্থিতি পর্যালোচনা করে বলা যায়, আমরা সংকটের সংবেদনশীল ধাপ থেকে এক ধাপ সামনে এগোতে পেরেছি।’
আমিরি মোকাদ্দাম আরও যোগ করেন, ‘পরবর্তী ধাপে অপ্রয়োজনীয় বাগাড়ম্বর বা হুমকির পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধা ও সৌজন্য বজায় রাখা উচিত। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।’
এর আগে অন্য একটি পোস্টে মোকাদ্দাম উল্লেখ করেছিলেন যে, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ‘ইতিবাচক ও ফলপ্রসূ প্রচেষ্টা’ চালিয়ে যাচ্ছে। মূলত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দেওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি ও সময়সীমা বাড়ানোর প্রস্তাবের প্রেক্ষাপটেই এই মন্তব্য করেছেন ইরানি রাষ্ট্রদূত।
সীমিত শক্তির পারমাণবিক হামলার পরিকল্পনা করছে ইসরায়েল, বিশ্লেষকের ধারণা
ইসরায়েল সম্ভবত একটি ‘ট্যাকটিক্যাল’ বা সীমিত শক্তির পারমাণবিক হামলার পরিকল্পনা করছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কঠোর ভাষা এমনটাই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের পাবলিক পলিসির অধ্যাপক সুলতান বারাকাত। বিস্তারিত পড়ুন
সৌদিতে ৫টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে ছোড়া পাঁচটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। সৌদি সামরিক বাহিনীর এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
এক্স-এ দেওয়া এক পোস্টে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করে এবং আঘাত হানার আগেই পাঁচটি ক্ষেপণাস্ত্রই ধ্বংস করে দেওয়া হয়।
বাগদাদে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আহত ২
ইরাকের রাজধানী বাগদাদের আল-তুজ্জার সড়কে একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে অন্তত দুজন আহত হয়েছেন। আল–জাজিরার সংবাদদাতারা জানিয়েছেন, আকাশ থেকে ড্রোনের অংশবিশেষ নিচে পড়লে এই ঘটনা ঘটে।
সংবাদদাতারা আরও জানান, ড্রোনের আঘাতে রাস্তার পাশে থাকা একটি বাড়ির সামনের অংশ ও একটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কাতারে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে শিশুসহ আহত ৪
কাতারে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একটি শিশুসহ অন্তত চারজন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছিল।
এক্স-এ দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ওই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মুরাইখ এলাকায় এক নাগরিকের বাড়ির ওপর পড়েছে।
এর আগে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, গত রাতে দেশটির আকাশসীমা লক্ষ্য করে চালানো একটি ক্ষেপণাস্ত্র হামলা তারা ‘সফলভাবে প্রতিহত’ করেছে।
যুক্তরাষ্ট্র ও মিত্রদের জ্বালানি উৎস ‘বিচ্ছিন্ন’ করার হুমকি ইরানের
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক ও জ্বালানি অবকাঠামোয় ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বলেছেন, তেহরান এমন ব্যবস্থা নেবে যাতে ওয়াশিংটন ও তার সহযোগীরা এই অঞ্চলের তেল ও গ্যাস থেকে বছরের পর বছর ‘বঞ্চিত’ থাকে এবং এ অঞ্চল থেকে সব গুটিয়ে চলে যেতে বাধ্য হয়।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে জোলফাগারি বলেন, আজ মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ব্যালেস্টিক ও ক্রুজ মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান। তিনি আরও দাবি করেন, ইসরায়েলের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরের ৩০টিরও বেশি স্থানে হামলা চালানো হয়েছে।
লেবাননের তায়ার ত্যাগের নির্দেশ ইসরায়েলের
দক্ষিণ লেবাননের তায়ার শহরের শাবরিহা এলাকার বাসিন্দাদের অবিলম্বে বাড়িঘর ছেড়ে পালানোর নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সামরিক বাহিনীর এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এই হুঁশিয়ারি জারি করেন।
ইসরায়েলি মুখপাত্রের দাবি, ওই এলাকায় হিজবুল্লাহর বিরুদ্ধে শিগগিরই ‘শক্তিশালী’ সামরিক অভিযান চালানো হবে।
লেবাননে চলমান স্থল অভিযানের শুরু থেকেই ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের বিশাল এলাকা জুড়ে এ ধরনের বাস্তুচ্যুতির হুমকি দিয়ে আসছে। এর ফলে এখন পর্যন্ত লেবাননের ১০ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়েছেন।
ট্রাম্পের বক্তব্যে ডেমোক্র্যাটদের তীব্র নিন্দা
‘আজ রাতে একটি আস্ত সভ্যতা বিলীন হয়ে যাবে।’— ইরানকে নিয়ে ট্রাম্পের এই হুমকির প্রতিবাদে ক্যাপিটল হিলে সিনেট ডেমোক্র্যাটরা একটি যৌথ নিন্দা প্রস্তাব জারি করেছেন। তারা প্রেসিডেন্টের এই বক্তব্যকে ‘অসুস্থ’ বলে অভিহিত করেছেন। ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি—যেসব রিপাবলিকান এই যুদ্ধ থামাতে ব্যর্থ হচ্ছেন, এর ভয়াবহ পরিণতির দায়ভার তাদেরই নিতে হবে।
অন্যদিকে, রিপাবলিকানরা ট্রাম্পের এই অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। তাদের মতে, মধ্যপ্রাচ্যে ইরানের হাতে মার্কিন নাগরিকদের নিহত হওয়া এবং ক্রমাগত হুমকির বিষয়টি দীর্ঘদিনের উদ্বেগ। তারা মনে করেন, এখন সময় এসেছে ট্রাম্পের মতো একজন প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক। ফলে ট্রাম্পের সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রতি তাদের প্রকাশ্য সমর্থন রয়েছে।
ইসরায়েলে টানটান উত্তেজনা: বড় ধরনের হামলার আশঙ্কা
ইসরায়েলে আগামী কয়েক ঘণ্টা চরম উত্তেজনার মধ্য দিয়ে কাটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর ধারণা, দেশটির বিভিন্ন শহর লক্ষ্য করে ইরান যেকোনো সময় বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে।
দিনভর ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত ছিল। বিশেষ করে দেশটির মধ্যাঞ্চলীয় শহরগুলোতে হামলার তীব্রতা বেশি ছিল, যেখানে ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ বসবাস করেন।
এ ছাড়া দক্ষিণ অঞ্চলেও অস্থিরতা দেখা গেছে। সেখানে অন্তত দুটি ঘটনায় ইসরায়েলের বিরশেবা, দিমোনা ও তার আশপাশের এলাকা লক্ষ্য করে ইরানি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানা গেছে। আল–জাজিরা
ট্রাম্পের সময়সীমা পেছাতে পাকিস্তানের ‘শেষ মুহূর্তের’ প্রস্তাব: যা জানা যাচ্ছে
ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে নাটকীয় মোড় নিয়েছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক ‘শেষ মুহূর্তের’ আবেদনে ট্রাম্পকে এই সময়সীমা আরও দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। পাল্টা পদক্ষেপ হিসেবে একই সময়ে ইরানকে ‘হরমুজ প্রণালি’ উন্মুক্ত করার প্রস্তাব দিয়েছেন তিনি।
সময়সীমা শেষ হতে ৪ ঘণ্টারও কম সময় বাকি থাকলেও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইরান—কোনো পক্ষই আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে উভয় দেশই প্রস্তাবটি পাওয়ার কথা নিশ্চিত করেছে।
দুই পক্ষের প্রাথমিক প্রতিক্রিয়া
এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত না এলেও ভেতরে-ভেতরে বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনা চলছে বলে ইঙ্গিত পাওয়া গেছে—
ইরান: বার্তা সংস্থা রয়টার্স ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, তেহরান এই প্রস্তাবটি ‘ইতিবাচকভাবে পর্যালোচনা’ করছে।
যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবটি সম্পর্কে ‘অবহিত আছেন’ এবং খুব শিগগিরই এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে ‘জবাব আসবে’।
সরকারের ভুলে ইরানি জনগণ যেন ‘চরম মূল্য’ না দেয়: মেলোনি
ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানের মুখে এবার মুখ খুলেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেছেন, ইরান সরকারের কোনো ‘অপরাধ বা ভুলের’ জন্য সে দেশের সাধারণ মানুষকে ‘চরম মূল্য’ দিতে বাধ্য করা উচিত নয়।
এক বিবৃতিতে মেলোনি পারস্য উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের সাম্প্রতিক হামলার নিন্দাও জানান। তবে তিনি জোর দিয়ে বলেন, ইরান সরকারের কর্মকাণ্ড এবং দেশটির সাধারণ জনগণের ভাগ্যকে সম্পূর্ণ আলাদাভাবে দেখা জরুরি।
ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি ও সম্ভাব্য সামরিক বা অর্থনৈতিক পদক্ষেপের প্রেক্ষাপটে মেলোনিই সর্বশেষ বিশ্বনেতা হিসেবে এই প্রতিবাদ জানালেন। আল-জাজিরা
পাকিস্তানের প্রস্তাব ‘ইতিবাচকভাবে’ দেখছে ইরান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দেওয়া প্রস্তাবটি ইতিবাচকভাবে পর্যালোচনা করছে তেহরান। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে একটি সুনির্দিষ্ট প্রস্তাব দেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সঙ্গে চুক্তির সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানোর অনুরোধ জানান। বিনিময়ে এই একই সময়ে ইরানকে ‘সদিচ্ছার নিদর্শন’ হিসেবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার আহ্বান জানান তিনি।
শাহবাজ শরিফের মতে, চলমান কূটনৈতিক প্রচেষ্টাগুলো বেশ আশাব্যঞ্জক এবং একটি টেকসই সমাধানের জন্য এই প্রক্রিয়াকে আরও কিছুটা সময় দেওয়া উচিত।
শাহবাজ শরিফের প্রস্তাব জানেন ট্রাম্প, জবাব আসবে শিগগিরই
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দেওয়া প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে এসেছে এবং এ বিষয়ে দ্রুতই একটি আনুষ্ঠানিক জবাব দেওয়া হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এই তথ্য জানিয়েছে।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে চুক্তির সময়সীমা দুই সপ্তাহ বাড়ানোর আহ্বান জানিয়েছিলেন। বিনিময়ে একই সময়ের জন্য তেহরানকে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার অনুরোধ করেন তিনি।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্প প্রস্তাবটি সম্পর্কে অবগত আছেন এবং এ বিষয়ে একটি প্রতিক্রিয়া জানানো হবে।
সূত্র: আল–জাজিরা
বাহরাইনে সাইরেন: নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে জরুরি সতর্ক সংকেত বা সাইরেন বাজানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় বলেছে, নাগরিক ও বাসিন্দাদের শান্ত থেকে দ্রুত কাছের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ করা হচ্ছে। আল–জাজিরা
ট্রাম্পকে ইরানের সময়সীমা দুই সপ্তাহ বাড়ানোর অনুরোধ শাহবাজ শরিফের
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইরানের সঙ্গে চুক্তির সময়সীমা আরও দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এই সময়ে ইরানকে ‘হরমুজ প্রণালি’ উন্মুক্ত করে দেওয়ারও অনুরোধ করেছেন তিনি। শাহবাজের মতে, চলমান কূটনৈতিক প্রচেষ্টাগুলো আশাব্যঞ্জক এবং এর একটি যৌক্তিক পরিণতির জন্য সময় দেওয়া প্রয়োজন। বিস্তারিত পড়ুন:
সূত্র: আল–জাজিরা
নিরাপত্তা পরিষদে ভেটো দেওয়ায় রাশিয়া ও চীনকে ধন্যবাদ জানিয়েছে ইরান
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে উপসাগরীয় দেশগুলোর আনা খসড়া প্রস্তাবে ভেটো দেওয়ায় চীন ও রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তারা লিখেছে, রাশিয়া ও চীন একটি ত্রুটিপূর্ণ খসড়া প্রস্তাব আটকে দিয়ে জাতিসংঘের সনদকে সমুন্নত রেখেছেন। প্রস্তাবে ভেটো দিয়ে চীন ও রাশিয়া হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের স্বাধীনতার নামে যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে বৈধতা দিতে নিরাপত্তা পরিষদকে অপব্যবহারের খায়েশ রুখে দিয়েছে।
এর আগে চীন জানিয়েছিল, এই প্রস্তাবটিতে ‘একপাক্ষিক নিন্দা ও চাপ’ প্রয়োগ করা হয়েছে। অন্যদিকে রাশিয়া বলেছে, ‘এ ধরনের একপাক্ষিক প্রস্তাব গ্রহণ করা হলে তা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের যেকোনো সম্ভাবনাকে নষ্ট করে দেবে।’
আর কয়েক ঘণ্টা, ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা একমাত্র তিনিই জানেন: হোয়াইট হাউস
ইরানকে একটি চুক্তিতে আসার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আলটিমেটামের পরবর্তী কয়েক ঘণ্টার সময়সীমার কথা আবারও মনে করিয়ে দিয়েছে হোয়াইট হাউস। তারা জানিয়েছে, তেহরান নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি শর্ত পালনে ব্যর্থ হয়, তবে প্রেসিডেন্ট কী পদক্ষেপ নেবেন তা একমাত্র তিনিই জানেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট আল–জাজিরাকে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানি সরকারের হাতে আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় (ইস্টার্ন টাইম) রাত ৮টা (বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা) পর্যন্ত সময় আছে।’ তিনি বলেন, ‘পরিস্থিতি আসলে কোন পর্যায়ে আছে এবং তিনি (ট্রাম্প) শেষ পর্যন্ত কী করবেন, তা কেবল প্রেসিডেন্টই জানেন।’
সূত্র: আল–জাজিরা।
যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় বসার মতো পর্যায়ে ছিল, তখনই তেহরানে হামলা চালায় ইসরায়েল: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার প্রচেষ্টা নস্যাৎ করার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, যখন ‘উভয় পক্ষই আলোচনার টেবিলে বসার মতো পর্যায়ে ছিল’, ঠিক তখনই তেহরানে হামলা চালিয়ে ইসরায়েল এই পরিস্থিতিকে জটিল করে তুলেছে।
পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের সিনেটে আইনপ্রণেতাদের ইসহাক দার বলেন, ‘সোমবার রাতের আগ পর্যন্ত আমরা [আলোচনা নিয়ে] খুবই আশাবাদী ছিলাম।’ তিনি জানান, পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতা করুক তাতে ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই রাজি হয়েছিল এবং তারা ইসলামাবাদে বৈঠকে বসতেও সম্মত হয়েছিল।
পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আরও জানান, পাকিস্তান যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা শর্ত ইরানের কাছে এবং ইরানের দেওয়া ৫ দফা শর্ত ওয়াশিংটনের কাছে পৌঁছে দিয়েছিল।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, দুই সপ্তাহের উচ্চপর্যায়ের পর্যালোচনার পর যুক্তরাষ্ট্রকে দেওয়া তাদের জবাব পাকিস্তানের মাধ্যমে পৌঁছে দিয়েছে তেহরান।
সূত্র: আল–জাজিরা।
হরমুজ প্রণালি নিয়ে নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবে রাশিয়া ও চীনের ভেটো
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালি খুলে দিতে সম্মিলিত ও প্রতিরক্ষামূলক চেষ্টাকে সমর্থন জানিয়ে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। ফলে প্রস্তাবটি বাতিল হয়ে গেছে। উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকে এই প্রস্তাবটি পেশ করা হয়েছিল।
নিরাপত্তা পরিষদের ১১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় এবং দুটি দেশ (পাকিস্তান ও কলম্বিয়া) ভোটদানে বিরত থাকে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন ও রাশিয়া ভেটো দেওয়ায় প্রস্তাবটি পাশ হয়নি। নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যরাষ্ট্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া—যে কোনো এক সদস্য ভেটো দিলে পরিষদে যে কোনো প্রস্তাব বাতিল হয়ে যায়।
কয়েক সপ্তাহের দীর্ঘ আলোচনার পর মূল খসড়া প্রস্তাবটি বেশ কয়েকবার সংশোধন করা হয়। শুরুতে এটি ‘চ্যাপ্টার সেভেন' (যা সামরিক শক্তি ব্যবহারের অনুমতি দেয়) এর অধীনে থাকলেও পরে তা সরিয়ে নেওয়া হয়। এরপর ‘প্রয়োজনীয় সব প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের অনুমতি’ সংক্রান্ত অংশটিও বাদ দিয়ে চূড়ান্ত পর্যায়ে শুধুমাত্র প্রতিরক্ষামূলক প্রচেষ্টাকে ‘জোরালোভাবে উৎসাহিত’ করার কথা বলা হয়েছিল।
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ বিন রশিদ আল জায়ানি এই সভায় সভাপতিত্ব করেন। ভোটের আগে তিনি কাউন্সিল সদস্যদের বলেন, এই প্রস্তাব নতুন কোনো বাস্তবতা তৈরি করছে না; বরং এটি ইরানের ক্রমাগত বৈরী আচরণের বিরুদ্ধে একটি কঠোর পদক্ষেপ, যা বন্ধ হওয়া জরুরি।
সূত্র: বিবিসি।
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে অবস্থানরত মার্কিনদের জন্য সতর্কবার্তা
ইসরায়েলে নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্যমতে, আধা ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র দেশটির দিকে ধেয়ে আসার খবর পাওয়া গেছে।
এদিকে ইরানি ক্ষেপণাস্ত্রের দফায় দফায় হামলার মুখে প্রতিবেশী বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
সূত্র: আল–জাজিরা।
আজ আরও খবর আসছে, ইরানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ইরান আলোচনার টেবিলে আসবে কি না—সিএনএন-এর এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রহস্য রেখে বলেছেন, ‘এ বিষয়ে আজ পরবর্তী সময়ে আরও খবর আসছে।’
তবে আলোচনায় কোনো নাটকীয় মোড় বা বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা নিয়ে রুবিও বিস্তারিত কিছু বলেননি। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সের সঙ্গে বৈঠকের আগে রুবিও এই মন্তব্য করেন। এর কিছু সময় আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছিলেন, আজ রাতে পুরো সভ্যাতা ধ্বংস হয়ে যাবে।
যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান ‘যুদ্ধাপরাধ’ হিসেবে গণ্য হবে কি না—সিএনএন-এর সাংবাদিকের এমন প্রশ্নের কোনো জবাব দেননি রুবিও।
সূত্র: সিএনএন।
ট্রাম্পের সেতু ধ্বংসের হুমকির মুখে সেতুতেই পতাকা হাতে ইরানিরা
ইরানের সব সেতু উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই হুমকির প্রতিবাদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজের একটি সেতুতে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ সমাবেশ করেছেন বেশকিছু ইরানি নাগরিক।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এই সমাবেশের একটি ভিডিও প্রকাশ করেছে।
তাসনিম জানায়, আহভাজ শহরের ঐতিহাসিক ‘পোল সেফিদ’ বা হোয়াইট ব্রিজে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে তেহরান যদি হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দেয়, তবে ইরানের সব সেতু ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেওয়া হবে বলে বারবার হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্পের সেই চরম হুমকির পর সেতুতে দাঁড়িয়ে এই প্রতীকী প্রতিবাদ জানালেন স্থানীয়রা।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতিমধ্যে ইরানের বিভিন্ন স্থানে সেতু, সড়ক, রেলসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা শুরু করেছে।
সূত্র: আল–জাজিরা।
ইরানে কি পারমাণবিক হামলা চালাবে যুক্তরাষ্ট্র? কী বলল হোয়াইট হাউস
ইরানে পারমাণবিক বোমা হামলা চালানোর সম্ভাবনা নাকচ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস। ইরানে সামরিক অভিযান নিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যে পারমাণবিক হামলার কোনো ইঙ্গিত ছিল না বলেও দাবি করেছে হোয়াইট হাউস।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কঠোর আলটিমেটাম কার্যকরে মার্কিন বাহিনীর হাতে এমন কিছু অস্ত্র রয়েছে, যা ‘এখনও ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়নি’—ভ্যান্সের এমন মন্তব্যের পর হোয়াইট হাউস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। সেখানে বলা হয়, ‘ভাইস প্রেসিডেন্ট যা বলেছেন তাতে “আক্ষরিক অর্থেই” এমন কিছুর আভাস নেই, ওহে নির্বোধের দল।’
সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সংশ্লিষ্ট একটি অ্যাকাউন্টের পোস্টের জবাবে এই মন্তব্য করে হোয়াইট হাউস। ওই পোস্টে দাবি করা হয়েছিল যে, ট্রাম্প ‘পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন’—ভ্যান্স এমন ইঙ্গিতই দিয়েছেন।
সূত্র: এএফপি।
ইরানের আটটি সেতুতে হামলা চালানোর কথা জানাল ইসরায়েলি বাহিনী
ইরানের রেলপথ ও সেতুতে হামলার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের পর ইসরায়েলি সেনাবাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে বিস্তারিত তথ্য জানিয়েছে।
বাহিনীটি জানিয়েছে, তারা ইরানের আটটি সেতুতে হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, এসব সেতু ইরানের ইসলামিকবক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনের কাজে ব্যবহার করত।
ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানায়, তেহরান, কারাজ, তাবরিজ, কাশান ও কোমসহ ইরানের বেশ কয়েকটি এলাকায় এধরনের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
এর আগে নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা ইরানের সন্ত্রাসী শাসনকে চূর্ণ করছি...আগের চেয়েও দ্বিগুণ উদ্যম ও শক্তি নিয়ে (হামলা চালাচ্ছি)।’ তিনি আরও বলেন, গতকাল ইসরায়েলি বাহিনী ইরানের একটি বিমানঘাঁটিতে পরিবহন বিমান এবং ডজনখানেক হেলিকপ্টার ধ্বংস করেছে। আর আজ তারা রেভল্যুশনারি গার্ডসের ব্যবহৃত রেলপথ ও সেতুগুলোতে আঘাত হেনেছে।
সূত্র: আল–জাজিরা।
সময়সীমা শেষ হওয়ার আগে ‘প্রচুর আলোচনা ও দরকষাকষি’ চলছে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগে ‘প্রচুর আলোচনা ও দরকষাকষি’ চলছে। এই সময়সীমা পার হলে ইরানের বেসামরিক অবকাঠামোয় হামলা চালাবে যুক্তরাষ্ট্র।
ইরান কোনো গ্রহণযোগ্য চুক্তিতে আসবে কি না—এ বিষয়ে ভ্যান্স বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমান সময় থেকে প্রায় ১২ ঘণ্টা পরের একটি সময়সীমা নির্ধারণ করেছেন, আমরা তখনই সব জানতে পারব। তবে এর মধ্যে অনেক আলোচনা হবে এবং আমি আশাবাদী যে একটি ভালো সমাধান আসবে।’
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এক সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স যখন এই মন্তব্য করছেন, ঠিক তখনই প্রেসিডেন্ট ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যালে’ পোস্ট করে বলেছেন, আজ রাতে একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে। তিনি এটা চান না। কিন্তু সম্ভবত এটি হতে যাচ্ছে।
এর আগেও ট্রাম্প ইরানকে উড়িয়ে দিয়ে ‘প্রস্তর যুগে’ পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। তিনি দেশটির সমস্ত বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলার কথা বলেছিলেন এবং এ ধরনের হামলায় সম্ভাব্য যুদ্ধাপরাধের উদ্বেগকে সরাসরি নাকচ করে দিয়েছিলেন।
ট্রাম্পের আলটিমেটাম অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় (ইস্টার্ন টাইম) আজ মঙ্গলবার রাত আটটায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা) চূড়ান্ত সময়সীমা শেষ হচ্ছে।
সেই সময়সীমা শেষ হওয়ার আগে ইতিমধ্যে ইরানের বিভিন্ন রেলসেতু, সড়ক সেতুসহ বেসামরিক অবকাঠামোয় হামলা শুরু হয়েছে।
সূত্র: আল–জাজিরা।
ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্তের পর ইসরায়েলজুড়ে সাইরেন
ইসরায়েলের লক্ষ্য করে ছোঁড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করার পর প্রায় পুরো দেশজুড়ে সতর্কসংকেত বেজে ওঠে।
ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরান এবং হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শনাক্ত হওয়ার পর ইসরায়েলের উত্তর ও দক্ষিণাঞ্চলে সাইরেন বাজানো হয়।
ইসরায়েলের সংবাদমাধ্যম ‘আরুৎজ সেভা’ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় নেগেভের দিকে ধেয়ে আসা ইরান থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র পথিমধ্যে ধ্বংস করা হয়েছে। তবে কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
কিরিয়াত শমনায় সরাসরি আঘাতের খবর
ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ জানিয়েছে, ইসরায়েলের কিরিয়াত সমনা শহরের একটি স্থাপনায় সরাসরি আঘাতের খবর দিয়েছে জরুরি সেবা সংস্থাগুলো। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পত্রিকাটি জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে গাজা উপত্যকা সংলগ্ন ইসরায়েলের নেগেভ মরুভূমি এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজছে।
সূত্র: আল–জাজিরা।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার প্রচেষ্টা অব্যাহত, জানাল পাকিস্তানি সূত্র
ইরানের ওপর হামলা জোরদার হওয়া এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা ঘনিয়ে আসার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার পথ প্রশস্ত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
আলোচনার বিষয়ে অবগত দুটি পাকিস্তানি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্র: আল–জাজিরা।
ইরানের খারগ দ্বীপে হামলার কথা জানাল যুক্তরাষ্ট্র
ইরানের খারগ দ্বীপে আবার হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র। ইরান তার তেল রপ্তানির ৯০ শতাংশই এই দ্বীপ থেকে করে থাকে।
এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, গত রাতে ইরানের খারগ দ্বীপে সামরিক লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ওই কর্মকর্তা বলেন, এবারের হামলায় দ্বীপের তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়নি।
এর আগে গত ১৩ মার্চও খারগ দ্বীপে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সে সময় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, তারা দ্বীপটির নৌ-মাইন সংরক্ষণাগার, ক্ষেপণাস্ত্র বাঙ্কার এবং অন্যান্য বিভিন্ন সামরিক স্থাপনা মিলিয়ে মোট ৯০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
এর আগে আজ ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ জানিয়েছিল, খারগ দ্বীপে বেশ কয়েকটি বিকট বিস্ফোরণে শব্দ শোনা গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেন সংবাদ সংস্থাটি।
সূত্র: সিএনএন।
ইরানের সব যোগাযোগ পথ লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল
ইসরায়েলি একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ইরানজুড়ে চালানো ইসরায়েলি হামলায় সব ধরনের পরিবহন পথ—রেলপথ, সেতু এবং প্রধান মহাসড়কগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
সূত্রটি জানিয়েছে, ইরান এসব পথ ব্যবহার করে গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র এবং মিসাইল লঞ্চারবাহী ট্রাক চলাচল করায় বলে মনে করছে ইসরায়েল।
সূত্র: সিএনএন।
ইরানজুড়ে একাধিক রেলপথ ও যোগাযোগ অবকাঠামোতে হামলা
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হুমকির পরপরই আজ ইরানজুড়ে একাধিক রেলপথ ও যোগাযোগ অবকাঠামোতে হামলার খবর পাওয়া গেছে। আইডিএফ আগে থেকেই ইরানের নাগরিকদের ১২ ঘণ্টা ট্রেন ব্যবহার না করতে এবং রেলপথ থেকে দূরে থাকার হুমকি দিয়েছিল।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, গত কয়েক ঘণ্টায় দেশজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
ইরানের আধাসরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির কাশান শহরে একটি রেল সেতুতে হামলায় দুইজনের মৃত্যু হয়েছে।
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, কারাজ শহরে একটি রেললাইনে বিমান হামলা চালানো হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে আহত একজনকে উদ্ধার করে চিকিৎসার ভিডিও প্রকাশ করেছে সংস্থাটি। অন্যদিকে, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় কোম প্রদেশে সড়কপথের বেশ কিছু সেতু লক্ষ্য করে প্রজেক্টাইল (ক্ষেপণাস্ত্র জাতীয় অস্ত্র) নিক্ষেপ করা হয়েছে।
আইআরআইবি আরও জানায়, পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী তাবরিজ-তেহরান মহাসড়কের একটি অংশ হামলার শিকার হয়েছে। এ ছাড়া খুজেস্তান প্রদেশের নিরাপত্তা উপপ্রধানের বরাতে তারা জানায়, আহওয়াজ শহরের একটি সড়কেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, চলমান হামলার কারণে তাবরিজ ও জানজান শহরের মধ্যকার মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্যারেহ চামান-মিয়ানেহ সড়কটিও উভয় দিক থেকে বন্ধ রয়েছে।
ইরানি সংবাদমাধ্যমগুলো বলছে, এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে কেবল যোগাযোগ ব্যবস্থাই নয়, বরং আবাসিক ও বাণিজ্যিক এলাকা সহ বিভিন্ন বেসামরিক স্থাপনাও হামলা হচ্ছে।
সূত্র: সিএনএন।
আবার ট্রাম্পের হুমকি, আজ রাতে ইরান সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালি খোলার জন্য তাঁর দেওয়া আলটিমেটামের চূড়ান্ত সময় ঘনিয়ে ঘনিয়ে আসছে। আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো পুনরুদ্ধার করা যাবে না।
কিছুক্ষণ আগে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে ট্রাম্প এই হুমকি দেন।
ট্রাম্প বলেন, ‘আমি চাই না এটি ঘটুক, কিন্তু এটি সম্ভবত ঘটবে। তবে, এখন যেহেতু আমরা সম্পূর্ণ ও সামগ্রিক শাসনের পরিবর্তন করেছি, যেখানে ভিন্ন, অধিকতর বুদ্ধিমান এবং কম কট্টরপন্থীরা আছে, হয়তো কিছু বিপ্লবী চমৎকার কিছু ঘটতে পারে।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কে জানে? আজ রাতেই আমরা জানতে পারব—বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক মুহূর্ত আসছে। ৪৭ বছরের শোষণ, দুর্নীতি, এবং মৃত্যুর, অবশেষে অবসান হবে। ইরানের জনগণকে ঈশ্বর আশীর্বাদ করুন!”
সূত্র: আল–জাজিরা।
যুক্তরাষ্ট্র ‘রেড লাইন’ অতিক্রম করলে ইরানের জবাবে এই অঞ্চলের বাইরে চলে যাবে: আইআরজিসি
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র রেড লাইন অতিক্রম করলে ইরানের জবাব আঞ্চলিক গণ্ডির মধ্যে সীমাবব্ধ থাকবে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলটিমেটামের কথা স্মরণ করিয়ে দিয়েছে, ইরান যদি হরমুজ প্রণালি খুলতে সম্মত না হয় তবে তিনি ইরানি বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলোতে কয়েক ঘণ্টার মধ্যে আঘাত হানবেন।
ট্রাম্পের এই হুমকির জবাবে আইআরজিসি বিবৃতি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি বেসামরিক স্থাপনায় আক্রমণ করে তবে ইরানও পাল্টা আঘাত হানতে দ্বিধা করবে না।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা আমেরিকা এবং তার মিত্রদের অবকাঠামোতে পাল্টা আঘাত হানব। এতে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বহু বছর ধরে এই অঞ্চলের তেল এবং প্রাকৃতিক গ্যাস থেকে বঞ্চিত হবে।’
আইআরজিসি বলেছে, ‘তারা আক্রমণ করলে আমাদের যোদ্ধাদের রেঞ্জের মধ্যে তাদের কত সম্পদ ঝুঁকিতে পড়বে, সেই হিসাব করার ক্ষমতা আমেরিকার নেতাদের নেই।’ বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র রেড লাইন অতিক্রম করলে ইরানের জবাব আঞ্চলিক গণ্ডির মধ্যে সীমাবব্ধ থাকবে না।
সূত্র: আল–জাজিরা।
ইরানের খারগ দ্বীপে বিকট বিস্ফোরণ
ইরানের খারগ দ্বীপে বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরান এই দ্বীপ থেকে তার রপ্তানির প্রায় ৯০ শতাংশ তেল বিদেশে পাঠায়।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহর এ তথ্য জানিয়েছে।
মেহর খারগ দ্বীপে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর দিয়েছে। তবে এ বিষয়ে আর কোনো তথ্য সরবরাহ করেনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দ্বীপটিতে বোমা বর্ষণ বা দখল করার হুমকি দিয়েছেন।
যুক্তরাষ্ট্র বা ইসরায়েল তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছু বলেনি।
ট্রাম্প গত ৩০ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্র, তেল কূপ এবং খারগ দ্বীপ ধ্বংস করতে পারে।
সূত্র: সিএনএন।
ইরানে রেলওয়ে সেতুতে ইসরায়েলি হামলা, নিহত ২
ইরানের কাশান শহরের একটি রেলওয়ে সেতুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইরানের মেহর নিউজ এজেন্সি জানায়, ইরানের কাশান শহরের ইয়াহিয়া আবাদ রেলওয়ে সেতুতে ইসরায়েলে আঘাত হেনেছে। ইসফাহানের ডেপুটি গভর্নরের বরাত দিয়ে জানানো হয়েছে, এই হামলায় দুই জন নিহত হয়েছে।
এর আগে ইসরায়েল ট্রেন ব্যবহার না করতে ইরানের জনগণকে হুমকি দেয়। ওই হুমকির পর এ হামলা চালনো হলো।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিজেদের ফার্সি ভাষার এক্স অ্যাকাউন্টে ইরানিদের উদ্দেশে ‘জরুরি সতর্কবার্তা’ দিয়ে বলে, ইরানিদের আগামী ১২ ঘণ্টা ট্রেন ব্যবহার না করতে, রেললাইন থেকে দূরে থাকতে আহ্বান জানানো হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, ইরানি নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এই মুহূর্ত থেকে ইরানের সময় রাত ৯টা পর্যন্ত দেশজুড়ে ট্রেন ব্যবহার ও ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘ট্রেনে ও রেললাইনের আশেপাশে আপনার উপস্থিতি আপনার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ।’
উল্লেখ্য, ইরানকে চুক্তিতে রাজি হতে মার্কিন প্রসিডেন্ট ট্রাম্পের আলটিমেটাম যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮ টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা) শেষ হচ্ছে। ট্রাম্প বলেছেন, ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব। মঙ্গলবার রাতই সেই রাত হতে পারে।
সূত্র: আল–জাজিরা।
হামলায় আহত হয়ে ২৪ ঘণ্টায় ১৩৩ ইসরায়েলি হাসপাতালে
ইরান ও হিজবুল্লাহর হামলায় আহত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৩৩ জন ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এক্স-এ দেওয়া এক বার্তায় বলেছে, স্থানীয় সময় গতকাল সকাল ৭টা থেকে আজ সকাল ৭টা পর্যন্ত ১৩৩ জনকে হাসপাতলে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, পাঁচজন মাঝারি মাত্রায় আহত হয়েছেন আর ১২৭ জন হালকা আঘাত পেয়েছেন।
ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে।
সূত্র: আল–জাজিরা।
দেশের জন্য জীবন দিতে প্রস্তুত: ইরানের প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এ পর্যন্ত ১ কোটি ৪০ লাখের বেশি সাহসী ইরানি দেশরক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, তিনিও ইরানের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছেন, ভবিষ্যতেও করে যাবেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। এ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির বেশ কয়েকজন উচ্চপর্যায়ের বেসামরিক-সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।
সূত্র: আল-জাজিরাই
এখন পর্যন্ত ইরানের ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা: মার্কিন বাহিনী
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তারা দেশটির ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও পাল্টা জবাব দিচ্ছে। পাঁচ সপ্তাহের বেশি সময় ধরে এই যুদ্ধ চলছে।
ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের সাংকেতিক নাম ‘অপারেশন এপিক ফিউরি’। এই অভিযান সম্পর্কে হালনাগাদ তথ্য দিয়ে সেন্টকম বলে, এখন পর্যন্ত তারা ১৫৫টির বেশি ইরানি নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করেছে।
সেন্টকমের দাবি, যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল ইরানের ইসলামি বিপ্লবী বাহিনীর (আইআরজিসি) সদর দপ্তর, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, নৌবাহিনীর জাহাজ ও সাবমেরিন।
এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে ৩ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ১ হাজার ৬৬৫ জনই বেসামরিক নাগরিক।
তথ্যসূত্র: বিবিসি
ট্রাম্পের দেওয়া সময়সীমা ঘনিয়ে আসছে, হাতে আছে কয়েক ঘণ্টা, কী হতে পারে
ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমা ঘনিয়ে আসছে। কিন্তু তাঁর ‘আল্টিমেটাম’ মেনে নিতে ইরান প্রস্তুত—এমন কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।
বিবিসির উত্তর আমেরিকা সংবাদদাতা অ্যান্থনি জার্কার তাঁর বিশ্লেষণে লিখেছেন, এ অবস্থায় ট্রাম্প একটি জটিল পরিস্থিতির মুখে পড়েছেন।
ট্রাম্প এখন কী করতে পারেন, সে বিষয়ে তাঁর সম্ভাব্য কিছু বিকল্প সামনে এনেছেন অ্যান্থনি জার্কার। তিনি তাঁর বিশ্লেষণে লিখেছেন, যদি কোনো চুক্তি না হয়, তবে ট্রাম্প তাঁর দেওয়া সময়সীমা আবার বাড়াতে পারেন।
তবে ইরানকে এত কঠোর ভাষায় হুমকি দেওয়ার পর এখন যদি ট্রাম্প পিছু হটেন, তাহলে তাঁর বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে, বিশেষ করে যখন যুদ্ধ চলমান।
ট্রাম্পের সামনে অন্য বিকল্প হলো, তাঁর হুমকি বাস্তবায়ন করা। তবে সোমবার ট্রাম্প একাধিকবার বলেছেন, তিনি এমন পথে যেতে চান না।
ট্রাম্প এমনও দাবি করেছেন, ইরানি জনগণ চলমান মার্কিন অভিযান সহ্য করতে প্রস্তুত। কেউ কেউ এমনকি নিজেদের শহরে বোমা হামলাকে স্বাগত জানাচ্ছেন।
তবে ট্রাম্প স্বীকার করেন, যুক্তরাষ্ট্র এখন যা ধ্বংস করবে, পরে তা পুনর্নির্মাণ করতে হবে। আর সেই পুনর্গঠনের কাজেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রেরই অংশ নিতে হতে পারে।
ইরানকে উদ্দেশ করে হুমকি দিয়ে ট্রাম্প গত রোববার বলেন, মঙ্গলবার হবে ‘বিদ্যুৎকেন্দ্র দিবস’, ‘সেতু দিবস’।
সময়সীমা হিসেবে ট্রাম্প উল্লেখ করেছেন, ‘মঙ্গলবার, রাত ৮টা’ (যুক্তরাষ্ট্রের সময়)।
বাংলাদেশ সময় তা বুধবার সকাল ৬টা।
নির্ধারিত সময়সীমার মধ্যে তেহরান হরমুজ প্রণালি খুলতে কোনো চুক্তিতে উপনীত হতে ব্যর্থ হলে ইরানকে ‘এক রাতেই’ নিশ্চিহ্ন করার হুমকি গতকাল সোমবার দেন ট্রাম্প। তিনি বলেন, আর সেই রাতটি হতে পারে মঙ্গলবার রাত।
তথ্যসূত্র: বিবিসি
ইরানিদের ‘জরুরি সতর্কবার্তা’ দিয়ে ট্রেন থেকে দূরে থাকতে বলল ইসরায়েল
ইরানিদের উদ্দেশে একটি ‘জরুরি সতর্কবার্তা’ জারি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এই সতর্কবার্তায় ইরানিদের আগামী ১২ ঘণ্টা ট্রেন ব্যবহার না করতে, রেললাইন থেকে দূরে থাকতে আহ্বান জানানো হয়েছে।
আইডিএফের বিবৃতিতে বলা হয়, ইরানি নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এই মুহূর্ত থেকে ইরানের সময় রাত ৯টা পর্যন্ত দেশজুড়ে ট্রেন ব্যবহার ও ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘ট্রেনে ও রেললাইনের আশেপাশে আপনার উপস্থিতি আপনার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ।’
এই সতর্কবার্তাটি আইডিএফ নিজেদের ফার্সি ভাষার এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেছে।
ইসরায়েলের এই সতর্কবার্তাটি এমন সময় এল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে সময় দিয়েছেন।
ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরান তা না মানলে তিনি দেশটির বেসামরিক অবকাঠামো (যেমন—সেতু ও বিদ্যুৎকেন্দ্র) ধ্বংস করে দেবেন।
বিশেষজ্ঞদের মতে, বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।
তথ্যসূত্র: সিএনএন ও বিবিসি
আবুধাবির মার্কিন এআই কেন্দ্র ইরানি ক্ষেপণাস্ত্রের নিশানায়: ইরান
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্র নিশানা করে হামলার হুমকি দিয়েছে ইরান। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির খবরে এই তথ্য জানানো হয়।
খবরে বলা হয়, ওপেনএআই, ওরাকল ও এনভিডিয়ার সহযোগিতায় আবুধাবিতে নির্মাণাধীন যুক্তরাষ্ট্রের ‘স্টারগেট’ এআই কেন্দ্রটি ইরানি ক্ষেপণাস্ত্রের নিশানার আওতায় রয়েছে।
তাসনিম নিউজ এজেন্সি বলেছে, ইরান এই কেন্দ্রটিকে একটি কৌশলগত লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে। আন্তর্জাতিক আইনের অধীনে পাল্টা জবাব দেওয়ার অধিকার ইরান রাখে।
তথ্যসূত্র: সিএনএন ও তাসনিম নিউজ এজেন্সি
ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কারখানা ধ্বংসের দাবি নেতানিয়াহুর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের সবচেয়ে বড় পেট্রোকেমিক্যাল কারখানা ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, তাঁরা পরিকল্পিতভাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অর্থের উৎস ভেঙে দিচ্ছেন।
এক পৃথক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা ইরানের দুটি বৃহত্তম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে। এর ফলে দেশটির ৮৫ শতাংশের বেশি পেট্রোকেমিক্যাল রপ্তানি অকার্যকর হয়ে পড়েছে।
আইডিএফের দাবি, ইরানের আসালুয়ের একটি স্থাপনা দেশটির ক্ষেপণাস্ত্র শিল্পের জন্য প্রয়োজনীয় উপাদান তৈরির কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।
তথ্যসূত্র: বিবিসি
মার্কিন উড়োজাহাজ ‘ধ্বংসের’ নতুন ভিডিও প্রকাশ করল ইরান পুলিশ
ইরানের দক্ষিণ ইসফাহানে যুক্তরাষ্ট্রের সি-১৩০ সহায়তা উড়োজাহাজ ‘ভূপাতিত, ধ্বংসের’ অভিযানের নতুন ভিডিওচিত্র প্রকাশ করেছে ইরানি পুলিশ। ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ইরানের পুলিশের দাবি, আগ্রাসনকারী মার্কিন বাহিনীর একটি সহায়তা উড়োজাহাজ ৫ এপ্রিল ভূপাতিত, ধ্বংস করা হয়েছে। ইরানি পুলিশের বিশেষ বাহিনীর গুলিতে উড়োজাহাজটি ভূপাতিত, ধ্বংস হয়।
স্থানীয় সূত্রগুলো বলছে, ইসফাহান প্রদেশের দক্ষিণাঞ্চলে উড়োজাহাজটি ভূপাতিত করা হয়।
ইরানি গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে উড়োজাহাজটির পাইলটের ফেলে যাওয়া নথিপত্রসহ অন্যান্য সরঞ্জামের ছবি দেখা যায়। বলা হচ্ছে, উড়োজাহাজটির পাইলট ছিলেন একজন নারী।
তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়, ভিডিওটি প্রকাশের মাধ্যমে এই অভিযানের নতুন তথ্য সামনে এল। আবার প্রমাণিত হলো, শত্রুর হুমকি মোকাবিলায় ইরানের পুলিশের বিশেষ বাহিনী সক্ষম ও প্রস্তুত।
তথ্যসূত্র: তাসনিম নিউজ এজেন্সি
ট্রাম্প যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন: ইরান
ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্র বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৌশলগতভাবে পরাজিত করেছে তেহরান। ট্রাম্পের ইরানবিরোধী ক্রমবর্ধমান কঠোর বক্তব্য তাঁর যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারানোর ইঙ্গিত দেয়।
গতকাল সোমবার ইরান নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দেন ট্রাম্প। তাঁর এই বক্তব্যের জবাবে ইরানি জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্রটি এসব কথা বলে।
সূত্রটি বলে, ইরানের দক্ষিণ ইসফাহানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সমন্বয় করে ট্রাম্পের নেওয়া সামরিক পদক্ষেপ কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে।
সূত্রটির ভাষ্য, ইরানি জনগণের বিরুদ্ধে ট্রাম্পের ‘অপমানজনক ও উসকানিমূলক ভাষার’ ব্যবহার বাড়ছে, যা প্রমাণ করে তিনি যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন।
ইরানের এই জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্রটি আরও বলে, ইরান যুদ্ধের অবসান চায়, তবে ট্রাম্প যে সময়সীমা বা শর্ত দিয়েছেন, সে অনুযায়ী নয়।
তথ্যসূত্র: সিএনএন
শীর্ষ কমান্ডারদের হত্যা ইরানি বাহিনীকে দমাতে পারবে না: সর্বোচ্চ নেতা
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, তাঁর দেশের শীর্ষ কমান্ডারদের হত্যাকাণ্ড ইরানি বাহিনীকে দমাতে পারবে না।
গতকাল সোমবার ভোরে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দাপ্রধান মাজিদ খাদেমি নিহত হওয়ার পর এ মন্তব্য করলেন মোজতবা খামেনি। তিনি আরও বলেন, ইরান সত্যের পথে থাকা যোদ্ধা ও আত্মত্যাগী সশস্ত্র বাহিনী মিলে এমন এক শক্তিশালী, গভীরভাবে প্রোথিত ফ্রন্ট গঠন করেছে, যাদের সংকল্প সন্ত্রাস ও অপরাধ ভাঙতে পারে না।
মোজতবা খামেনির এ বক্তব্য লিখিত বিবৃতি আকারে এসেছে। ইরান যুদ্ধের শুরুতেই তাঁর বাবা দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তিনি নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা হন তাঁর ছেলে মোজতবা খামেনি। ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর তিনি জনসমক্ষে আসেননি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তখন থেকে ইরানের বহু জ্যেষ্ঠ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাকে নিশানা করে হামলা চালানো হচ্ছে। এতে ইরানের অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।
আইআরজিসির গোয়েন্দাপ্রধান সম্পর্কে মোজতবা খামেনি বলেন, মাজিদ খাদেমি ইরানের নিরাপত্তা, গোয়েন্দা ও প্রতিরক্ষা ক্ষেত্রে নীরবে, নিষ্ঠার সঙ্গে কয়েক দশক কাজ করেছেন।
খাদেমিকে হত্যার দায় নিয়েছে ইসরায়েল। এ ছাড়া গতকাল ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করে, তারা আইআরজিসির কুদস ফোর্সের বিশেষ অভিযান ইউনিটের কমান্ডার আসগর বাঘেরিকে হত্যা করেছে। তবে এ দাবির বিষয়ে তেহরান এখনো কোনো মন্তব্য করেনি।
তথ্যসূত্র: সিএনএন
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হরমুজ নিয়ে প্রস্তাবে আজ ভোট হতে পারে
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুরক্ষায় একটি প্রস্তাবের ওপর আজ মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হতে পারে।
তবে ভেটো ক্ষমতাধারী চীন বল প্রয়োগের অনুমোদনের বিরোধিতা করায় প্রস্তাবটি উল্লেখযোগ্যভাবে দুর্বল করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কূটনীতিকেরা।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে। হামলা শুরুর পর তেলের দাম বেড়ে যায়।
পাঁচ সপ্তাহের বেশি সময় ধরে এ যুদ্ধ চলছে। এই সময়ে তেহরান বেশির ভাগ সময়ের জন্য বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ রাখে।
যুক্তরাষ্ট্রের প্রবল চাপের মুখেও ইরান এই প্রণালি খুলতে অনীহা দেখাচ্ছে। তারা যুদ্ধের স্থায়ী অবসান চায়।
রয়টার্সের খবরে বলা হয়, চীনের আপত্তির মুখে খসড়া প্রস্তাব থেকে বল প্রয়োগের অনুমোদন বাদ দিয়ে প্রতিরক্ষামূলক সমন্বয়ের আহ্বান রাখা হয়েছে।
কূটনীতিকেরা বলছেন, প্রস্তাবটি দুর্বল করায় তা পাসের সম্ভাবনা বেড়েছে। তবে ভোটাভুটির ফলাফল এখনো অনিশ্চিত।
তথ্যসূত্র: রয়টার্স
ট্রাম্পের এক রাতে গুঁড়িয়ে দেওয়ার হুমকি অযৌক্তিক বলল ইরানের সেনাবাহিনী
এক রাতেই ইরানকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির কড়া জবাব দিয়েছে ইরান। ইরানের সেনাবাহিনী বলেছে, ট্রাম্পের আক্রমণাত্মক ভাষা ও অযৌক্তিক হুমকিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অভিযান ব্যাহত হবে না।
ট্রাম্পের আলটিমেটাম অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আগামীকাল মঙ্গলবারই (বাংলাদেশ সময় বুধবার সকাল) সেই রাত হতে পারে।
ইরানের বিষয়ে জানাতে গতকাল হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। সেখানেই তিনি এমন হুমকি দেন।
তথ্যসূত্র: এএফপি
সৌদি আরবে সাতটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তাদের সামরিক বাহিনী। এই ক্ষেপণাস্ত্রগুলোর ধ্বংসাবশেষ বেশ কিছু জ্বালানি স্থাপনার কাছাকাছি এলাকায় গিয়ে পড়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ধ্বংসাবশেষের আঘাতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা নিরূপণের কাজ চলছে।
সূত্র: আল–জাজিরা
ইরাকে ইরানি ড্রোন হামলায় দম্পতি নিহত
ইরাকের উত্তরাঞ্চলীয় ইরবিল প্রদেশে ইরানের ড্রোন হামলায় এক দম্পতি নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে।
ইরবিলের গভর্নর উমিদ খোশনব এ হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছেন।
স্থানীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় সোমবার মধ্যরাতের পর ইরবিল প্রদেশের দারাশাকরান জেলার জারকা জোয়ি গ্রামে একটি বিস্ফোরকবাহী ড্রোন আঘাত হানে। ইরান থেকে পাঠানো ড্রোনটি সরাসরি একটি বেসামরিক বাড়িতে গিয়ে আছড়ে পড়ে। এতে ঘরে থাকা ওই দম্পতি প্রাণ হারান।
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, ১৫ মার্কিন নাগরিক আহত
কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিতে রাতভর ইরানের ড্রোন হামলায় অন্তত ১৫ মার্কিন নাগরিক আহত হয়েছেন। দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে অধিকাংশেরই আঘাত গুরুতর নয়। তাঁরা ইতিমধ্যে নিজেদের কাজে ফিরেছেন। খবর আল–জাজিরার
হিজবুল্লাহর ড্রোন-রকেট হামলা
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা লেবাননের অভ্যন্তরে ও ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহরগুলোতে ইসরায়েলি সেনা ও ট্যাংক লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, লেবাননের আইনাতা ও মারকাবাহ শহরে অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর রকেট ও ‘ডাইভ-বম্বিং’ ড্রোন (আত্মঘাতী ড্রোন) দিয়ে হামলা চালানো হয়েছে।
লেবাননের সীমান্ত ছাড়িয়ে ইসরায়েলের অভ্যন্তরেও হিজবুল্লাহর তৎপরতা অব্যাহত রয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলের কিরিয়াত শমোনাং ও সাসা শহরের ভেতরে ও আশপাশে অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপরও তারা সফলভাবে লক্ষ্য ভেদ করেছে।
সূত্র: আল–জাজিরা
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, তায়ার জেলার তাইর দেব্বা এলাকায় ইসরায়েলি হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে।
এনএনএর প্রতিবেদনে আরও বলা হয়েছে, টায়ার জেলার মারাকাহ এলাকায় আরেকটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে দেখতে উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন।
মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি নাকচ সেন্টকমের
মার্কিন উভচর যুদ্ধজাহাজে হামলার বিষয়ে ইরানের রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। আইআরজিসি দাবি করেছিল, তাদের বাহিনীর হামলায় মার্কিন ওই জাহাজ পিছু হটে ভারত মহাসাগরের দক্ষিণ অংশে চলে যেতে বাধ্য হয়েছে।
এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’ কোনো হামলার শিকার হয়নি। বর্তমানে জাহাজটি মার্কিন যুদ্ধচেষ্টার অংশ হিসেবে আরব সাগরে অবস্থান করছে।
ইরানে মার্কিন যুদ্ধবিমানের সঙ্গে লড়াইয়ে ৪ সেনা নিহত
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, সোমবার দেশটির মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশে মার্কিন যুদ্ধবিমান প্রতিহত করার সময় তাদের ৪ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজের প্রতিবেদনে বলা হয়, ইসফাহানের মাহইয়ার এলাকায় শত্রু পক্ষের যুদ্ধবিমান, হেলিকপ্টার, সশস্ত্র ড্রোন ও সহায়তাকারী বিমানের সঙ্গে ওই কর্মকর্তারা ‘সরাসরি যুদ্ধে’ লিপ্ত হয়েছিলেন। একপর্যায়ে হামলার শিকার হয়ে তাঁরা প্রাণ হারান।
এক রাতেই ইরানকে ‘গুঁড়িয়ে’ দেওয়া সম্ভব, আগামীকালই সেই রাত হতে পারে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এক রাতেই ইরানকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব। তাঁর আলটিমেটাম অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আগামীকাল মঙ্গলবারই সেই রাত হতে পারে।
ইরানের বিষয়ে জানাতে আজ হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।
ট্রাম্প ইরানে আটকে পড়া মার্কিন বিমানবাহিনীর সদস্যদের উদ্ধারে পরিচালিত অভিযানকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন। সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমাদের সাহসী যোদ্ধাদের ঘরে ফিরিয়ে আনতে আমি মার্কিন সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলাম।’ তিনি জানান, এই উদ্ধার অভিযানে ২১টি মার্কিন সামরিক উড়োজাহাজ অংশ নিয়েছে।
ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ‘বেশ ভালোভাবেই এগোচ্ছে’ বলে দাবি করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন বাহিনী চাইলে মাত্র এক রাতেই পুরো ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দিতে পারে। তিনি বলেন, এক রাতেই পুরো দেশটিকে (ইরান) নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব। আর আগামীকাল রাতেই সেটা হতে পারে।
এর আগে ট্রাম্প হোয়াইট হাউসে আরেক অনুষ্ঠানে ইরান যুদ্ধ নিয়ে বিভিন্ন কথা বলেন। ট্রাম্প বলেন, তিনি ইরানকে চুক্তিতে রাজি হতে মঙ্গলবার রাত ৮ টা পর্যন্ত যে আলটিমেটাম দিয়েছেন সেটাই চূড়ান্ত। ইরান যে প্রস্তাব দিয়ে তা যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে ট্রাম্প চূড়ান্ত আলটিমেটাম দিয়ে লিখেছিলেন, ‘মঙ্গলবার, রাত ৮টা ইস্টার্ন টাইম!’ মার্কিন প্রেসিডেন্টের এই সময়সীমা অনুযায়ী, তেহরানের স্থানীয় সময় তখন বুধবার ভোর সাড়ে ৩টা এবং গ্রিনিচ মান সময় (জিএমটি) মঙ্গলবার দিবাগত রাত ১২টা। [বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা]
সূত্র: আল–জাজিরা।
হোয়াইট হাউসে ইরান প্রসঙ্গে কী কী বললেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইরান সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। এখানে তাঁর বক্তব্য থেকে মূল বিষয়গুলো তুলে ধরা হলো—
আবার সেতু–বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য বেসামরিক অবকাঠামোতে আবারও হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। যা যুদ্ধাপরাধের সমতুল্য হবে।
তেলের মজুদ ‘দখলের’ ইচ্ছা
ট্রাম্প বলেন, যদি তাঁর ইচ্ছামতো সুযোগ থাকত, তবে তিনি ইরানের বিশাল তেলের মজুদ ‘দখল’ করতে চাইতেন। সাংবাদিকদের তিনি বলেন, এর মাধ্যমে তিনি ‘প্রচুর অর্থ উপার্জন করতেন’।
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরোধী মানুষেরা বোকা
বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে যে বেশিরভাগ আমেরিকান যুদ্ধের বিরোধিতা করছে। ট্রাম্প জোর দিয়ে বলেন, তাঁর ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ ভিত্তিক সদস্যদের মধ্যে দৃঢ় সমর্থন রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরোধী মানুষদের সম্পর্কে তিনি বলেন,‘তারা বোকা’।
ইরানে সরকারবিরোধীদের কাছে বন্দুক পাঠিয়েছিলেন
ট্রাম্প বলেন, তাঁর প্রশাসন সরকারবিরোধী বিক্ষোভকারীদের সমর্থনে ইরানে বন্দুক পাঠিয়েছিল। কিন্তু তিনি দাবি করেছেন, অস্ত্রগুলি ‘একটি গোষ্ঠীর কাছে’ ছিল। তিনি কোন গোষ্ঠীটির দিকে ইঙ্গিত করছেন তা সুনির্দিষ্ট করে উল্লেখ করেননি।
আলটিমেটাম চূড়ান্ত
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানকে হরমুজ প্রণালি পুনরায় চালু করার জন্য তাঁর মঙ্গলবারের আলটিমেটাম চূড়ান্ত। তিনি বলেন, মার্কিন প্রস্তাবের প্রতি ইরানের প্রতিক্রিয়া ‘গুরুত্বপূর্ণ’ কিন্তু তা ‘যথেষ্ট ভালো নয়’।
সূত্র: আল–জাজিরা।
আলটিমেটাম চূড়ান্ত, ইরানের দেওয়া প্রস্তাব যথেষ্ট নয়: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানকে চুক্তিতে রাজি হতে মঙ্গলবার রাত ৮ টা পর্যন্ত যে আলটিমেটাম দিয়েছেন সেটাই চূড়ান্ত। ইরান যে প্রস্তাব দিয়ে তা যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।
আজ হোয়াইট হাউসে এ কথা বলেন ট্রাম্প। এর আগে বেশ কয়েকবার আলটিমেটাম দিয়েও তা পিছিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
গতকাল নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে ট্রাম্প চূড়ান্ত আলটিমেটাম দিয়ে লিখেছিলেন, ‘মঙ্গলবার, রাত ৮টা ইস্টার্ন টাইম!’ মার্কিন প্রেসিডেন্টের এই সময়সীমা অনুযায়ী, তেহরানের স্থানীয় সময় তখন বুধবার ভোর সাড়ে ৩টা এবং গ্রিনিচ মান সময় (জিএমটি) মঙ্গলবার দিবাগত রাত ১২টা। [বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা]
এর আগে কয়েকবার আলটিমেটাম দিয়েছিলেন ট্রাম্প।
প্রথম আলটিমেটাম (২১ মার্চ): ট্রাম্প ঘোষণা করেন, ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি নৌপথটি খুলে না দেয়, তবে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলো ‘পুরোপুরি গুঁড়িয়ে’ দেওয়া হবে। বিশেষ করে বড় বিদ্যুৎকেন্দ্রগুলোকে আগে লক্ষ্যবস্তু করার হুমকি দেন তিনি।
দ্বিতীয় আলটিমেটাম (২৩ মার্চ): দুই দিন পর ট্রাম্পের সুর কিছুটা নরম হয়। দুই দেশের মধ্যে ‘খুবই ফলপ্রসূ আলোচনা’ হয়েছে দাবি করে তিনি জ্বালানি অবকাঠামোতে হামলার সিদ্ধান্ত পাঁচ দিনের জন্য পিছিয়ে দেন।
তৃতীয় আলটিমেটাম (২৭ মার্চ): ট্রাম্প জানান, ‘ইরান সরকারের অনুরোধে’ তিনি বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা আরও ১০ দিন পিছিয়ে দিচ্ছেন। এর ফলে নতুন সময়সীমা দাঁড়ায় ৬ এপ্রিল।
৪৮ ঘণ্টার চূড়ান্ত সতর্কতা (৪ এপ্রিল): ৬ এপ্রিলের ডেডলাইন ঘনিয়ে আসায় গতকাল ট্রাম্প ইরানকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে বলেন, তাদের হাতে আর মাত্র ‘৪৮ ঘণ্টা’ সময় আছে। এরপর তিনি দেশটিতে ‘নরক’ বানিয়ে ছাড়বেন।
সর্বশেষ হুমকি (৫ এপ্রিল): গতকাল আবারও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একই হুমকির পুনরাবৃত্তি করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, চুক্তি করতে রাজি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো গুঁড়িয়ে দেওয়া হবে।
এরপর ট্রাম্প আজ বললেন মঙ্গলবারের আলটিমেটাম চূড়ান্ত। সংঘাত শেষ করার জন্য মার্কিন প্রস্তাবে ইরান যে প্রতিক্রিয়া দিয়েছে, তা তাৎপর্যপূর্ণ তবে যথেষ্ট নয়। তিনি বলেন, ‘যদি তারা (ইরান) যা করতে হবে তা করে, তবে যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে। তাদের কিছু কাজ করতে হবে। তারা জানে এটা, আমি মনে করি তারা ভালো বিশ্বাসে আলোচনা করছে।’
সূত্র: আল–জাজিরা ও বিবিসি।
আবার ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের
ইরানকে যুক্তরাষ্ট্র ‘ধ্বংস’ করে দিচ্ছে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা তাদের (ইরান) নিশ্চিহ্ন করে দিচ্ছি। আমি এটা করতে চাই না—কিন্তু আমরা তাদের ধ্বংস করছি।’
ট্রাম্প বলেন, ‘তাদের (ইরান) কোনো সেতু থাকবে না, কোনো বিদ্যুৎকেন্দ্র থাকবে না। তাদের কিছুই থাকবে না। আমি আর বিস্তারিত বলব না, কারণ আরও কিছু জিনিস রয়েছে যা এগুলোর থেকেও ভয়াবহ।’
আন্তর্জাতিক আইনের মতে, বেসামরিক অবকাঠামোতে আক্রমণ যুদ্ধাপরাধ।
সূত্র: আল–জাজিরা।
ইরান অস্থায়ী যুদ্ধবিরতি নয়, যুদ্ধের অবসান চায়
যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটি স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ চায়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের স্থায়ী অবসান প্রয়োজন।
ইরান অস্থায়ী যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে আর কিছু দাবি তুলেছে। যার মধ্যে রয়েছে অঞ্চলে সংঘাতের অবসান, হরমুজ প্রণালিতে নিরাপদ পথের জন্য প্রোটোকল এবং ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার।
সূত্র: আল–জাজিরা।
ইসরায়েলের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে বিকট বিস্ফোরণ
ইসরায়েলের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। জেরুজালেম, তেল আবিব এবং এলিয়াতে এসব বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, ইসরায়েলের সামরিক বাহিনী ইরান থেকে নতুন দফায় আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর সতর্কতা সংকেত বাজানো হয়। এরপর এসব বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ইসরায়েলি সামরিক বাহিনীর সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল বলেছে, এলিয়াতকে ইয়েমেন থেকে আসা ড্রোনের লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েলের আরুৎজ সেভা মিডিয়া জানিয়েছে, ইরান, লেবানন এবং ইয়েমেন থেকে সমন্বিত হামলা চালানো হয়েছে।
সূত্র: আল–জাজিরা।
পার্সের পর ইরানের আরেক পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ইসরায়েলি হামলা
ইরানের আরেকটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে। ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মারভদাশত পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে শত্রুরা।
ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, হামলার পর পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ঘটে। যা কয়েক মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
মারভদাশত কাউন্টি গভর্নরের অফিসের বরাত দিয়ে আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, এই হামলা উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি।
এর আগে ইরানের দক্ষিণাঞ্চলে সাউথ পার্স পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে হামলা চালায় ইসরায়েল।
সূত্র: বিবিসি।
এবার আইআরজিসির গোপন ইউনিটের নেতাকে হত্যার দাবি ইসরায়েলের
ইসরায়েল বলেছে, তারা কুদস ফোর্সে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) গোপন ইউনিটের এক নেতাকে হত্যা করেছে।
ইসরায়েলি সামরিক মুখপাত্র নাদাভ শোশানি দাবি করেন, ইসরায়েলি বাহিনী আইআরজিসির গোপন ইউনিটের নেতা আসগার বাকেরিকে হত্যা করেছে।
ইরান এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
আজ এর আগে আইআরজিসির গোয়েন্দাপ্রধান মাজিদ খাদেমিকে হত্যার কথা জানায় ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই হত্যার দায় স্বীকার করে।
সূত্র: আল–জাজিরা।
ইরানের সাউথ পার্স পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল
ইরানের আসালুয়েহ এলাকায় সাউথ পার্স পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলছেন, ইসরায়েলি সেনাবাহিনী এই হামলা চালিয়েছে।
কাৎজ বলেন, ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল স্থাপনায় শক্তিশালী আঘাত করেছে ইসরায়েল। এটি ইরানের প্রায় ৫০ শতাংশ পেট্রোকেমিক্যাল উৎপাদন করে। তাই এই স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
সূত্র: আল–জাজিরা।
ইরানের সর্বশেষ দফার হামলায় ইসরায়েলের ২৮ স্থানে ক্ষয়ক্ষতি
ইরানের সর্বশেষ দফার হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলের অন্তত ২৮টি স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এই হামলায় এক ব্যক্তি মাঝারি মাত্রায় আহত হয়েছেন।
ইসরায়েলের জরুরি সেবাবিভাগের তথ্যমতে, ইরান ক্ষেপণাস্ত্রে গুচ্ছ বোমা ব্যবহার করায় ইসরায়েলের অন্তত ২৮ স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। চিকিৎসাকর্মীরা জানান, রামাত গান, বনে ব্রাক এবং গিভাতায়িমে হামলার ঘটনা ঘটেছে। ইরানের এই হামলায় চল্লিশের কোঠায় থাকা এক ব্যক্তি মাঝারি মাত্রার আহত হয়েছেন।
সূত্র: আল–জাজিরা।
জ্বালানি স্থাপনায় হামলা ‘অবৈধ এবং অগ্রহণযোগ্য’ হবে: ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট
জ্বালানি স্থাপনা লক্ষ্যবস্তু করে হামলা ‘অবৈধ এবং অগ্রহণযোগ্য’ হবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্টা।
ইরানকে আলটিমেটাম দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওই সময়সীমার মধ্যে চুক্তি করতে রাজি না হলে এবং হরমুজ প্রণালি খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করে দেবেন।
ট্রাম্পের মন্তব্যের কথা সরাসরি উল্লেখ না করে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট বলেন, ‘বেসামরিক অবকাঠামো, বিশেষত জ্বালানি স্থাপনা লক্ষ্যবস্তু করা অবৈধ এবং অগ্রহণযোগ্য।’
কোস্টা বলেন, উপসাগরীয় দেশগুলির জ্বালানি স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ইরানকে অনুরোধ করছে, এই দেশগুলির বিরুদ্ধে তাদের আক্রমণ বন্ধ করতে এবং হরমুজ প্রণালি দিয়ে নৌযানে স্বাধীনভাবে চলাচলের অনুমতি দিতে।
সূত্র: সিএনএন।
ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দাপ্রধান নিহত
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দাপ্রধান মাজিদ খাদেমি নিহত হয়েছেন। তাঁকে হত্যার দায় নিয়েছে ইসরায়েল।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের পাশাপাশি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে এই হত্যার দায় স্বীকার করা হয়।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আইডিএফ বলেছে, এই হত্যাকাণ্ড ইরানের বিপ্লবী গার্ডের জন্য আরও একটি বড় ধাক্কা।
অবশ্য ইসরায়েলের আগেই ইরানের পক্ষ থেকে খাদেমির নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়, আজ সকালে তিনি নিহত হয়েছেন। তাঁকে হত্যার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করে আইআরজিসি।
২০২৫ সালের ১৫ জুন ইসরায়েলি হামলায় আইআরজিসির তৎকালীন গোয়েন্দাপ্রধান মোহাম্মদ কাজেমি নিহত হন। এর চার দিন পর তাঁর স্থলাভিষিক্ত হন খাদেমি। এখন তাঁকেও হত্যা করল ইসরায়েল।
তথ্যসূত্র: বিবিসি
শান্তি প্রস্তাব নিয়ে ‘রাতভর’ যোগাযোগ পাকিস্তানের সেনাপ্রধানের
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসানসহ অবিলম্বে যুদ্ধবিরতির একটি প্রস্তাব আজ সোমবার সামনে এসেছে। প্রস্তাবটিকে আপাতত ‘ইসলামাবাদ অ্যাকর্ড’ বলা হচ্ছে।
সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সংঘাতের সমাপ্তি টানার লক্ষ্যে একটি শান্তি প্রস্তাবের রূপরেখা পাকিস্তান সাজিয়ে তা গত রাতে ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিনিময় করেছে।
প্রস্তাবটি সম্পর্কে অবগত একটি সূত্র আজ সোমবার রয়টার্সকে জানিয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির রাতভর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে যোগাযোগ চালিয়ে গেছেন।
তথ্যসূত্র: রয়টার্স
অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাবটিতে কী আছে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসানসহ অবিলম্বে যুদ্ধবিরতির যে প্রস্তাব ইরান ও যুক্তরাষ্ট্র হাতে পেয়েছে, তাতে কী রয়েছে, তা বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে।
সূত্রের বরাত দিয়ে রয়টার্স প্রস্তাবটির কিছু বিষয় উল্লেখ করেছে। এগুলো হলো—
*চুক্তির প্রস্তাবটিকে আপাতত ‘ইসলামাবাদ অ্যাকর্ড’ বলা হচ্ছে।
*চুক্তির প্রস্তাবটি দুই ধাপের।
*প্রথমে যুদ্ধবিরতি, এরপর চূড়ান্ত চুক্তি।
*প্রস্তাবটি সোমবার চূড়ান্ত হওয়ার কথা।
*সে ক্ষেত্রে প্রস্তাবটি আজই কার্যকর হতে পারে।
*যুদ্ধবিরতি হলে সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালি খুলে যেতে পারে।
*১৫–২০ দিনের মধ্যে হবে চূড়ান্ত চুক্তি।
*চূড়ান্ত চুক্তিতে থাকবে পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা শিথিল।
*প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পায়নি রয়টার্স।
*পাকিস্তান কোনো মন্তব্য করতে চায়নি।
সূত্রের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, পাকিস্তান এই প্রস্তাবের রূপরেখা ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে।
তথ্যসূত্র: রয়টার্স
সংঘাতের অবসানসহ অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব ইরান ও যুক্তরাষ্ট্রের হাতে
ইরান ও যুক্তরাষ্ট্র এমন একটি প্রস্তাব পেয়েছে, যা সোমবার থেকেই কার্যকর হয়ে চলমান সংঘাতের অবসান ঘটাতে পারে। একইসঙ্গে হরমুজ প্রণালি আবার খুলে যেতে পারে। সংশ্লিষ্ট প্রস্তাব সম্পর্কে অবগত একটি সূত্র এসব তথ্য জানিয়েছে।
সূত্রটি আরও জানায়, পাকিস্তান এই প্রস্তাবের একটি রূপরেখা (ফ্রেমওয়ার্ক) তৈরি করে তা রাতারাতি ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে। এতে দুই ধাপের একটি প্রক্রিয়ার কথা বলা হয়েছে। প্রথমে অবিলম্বে যুদ্ধবিরতি, এরপর একটি পূর্ণাঙ্গ চুক্তি।
তথ্যসূত্র: রয়টার্স
ইরানে মার্কিন ক্রু উদ্ধারের অভিযানে ইসরায়েলের সহায়তা ছিল, দাবি নেতানিয়াহুর
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধারের অভিযানে যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে তাঁর দেশ।
আজ সোমবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী এই দাবি করেন।
নেতানিয়াহু বলেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। শত্রুর ভূখণ্ড (ইরান) থেকে ক্রু উদ্ধারের সাহসী সিদ্ধান্তের পাশাপাশি নিখুঁতভাবে মার্কিন অভিযান সম্পন্ন করার জন্য তিনি তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এই অভিযানে ইসরায়েলের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ট্রাম্প।
নেতানিয়াহু বলেন, যুদ্ধক্ষেত্রের ভেতরে–বাইরে তাঁদের সহযোগিতা নজিরবিহীন। একজন সাহসী আমেরিকান যোদ্ধাকে বাঁচাতে ইসরায়েল অবদান রাখতে পারায় তিনি খুবই গর্বিত।
যুক্তরাষ্ট্রের একটি এফ–১৫ই যুদ্ধবিমান গত শুক্রবার দক্ষিণ-পশ্চিম ইরানে ভূপাতিত হয়। ইরানের পক্ষ থেকে বলা হয়, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে তারা যুদ্ধবিমানটি ভূপাতিত করে।
দুই দিন ধরে অনুসন্ধান চালানোর পর গত সপ্তাহান্তে ইরানের একটি পাহাড়ি এলাকা থেকে যুদ্ধবিমানটির নিখোঁজ এক ক্রুকে উদ্ধার করেন মার্কিন কমান্ডোরা।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
সংবাদ সম্মেলনে আসছেন ট্রাম্প, এবার কী বলবেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টায় হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সংবাদ সম্মেলন করবেন।
এই সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক ক্রুর উদ্ধার অভিযান নিয়ে তিনি কথা বলবেন।
এর আগে ট্রাম্প বলেছিলেন, তিনি হোয়াইট হাউসের ওভাল অফিসে সংবাদ সম্মেলন করবেন।
এখন জানানো হলো, সংবাদ সম্মেলনটি হবে হোয়াইট হাউসের ব্রিফিং রুমে।
গত শুক্রবার ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। ইরানের পক্ষ থেকে বলা হয়, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে তারা যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত করে।
যুদ্ধবিমানটিতে দুজন ক্রু ছিলেন। একজন পাইলট, অন্যজন অস্ত্রব্যবস্থা–সংক্রান্ত কর্মকর্তা। যুদ্ধবিমানটিতে ইরানি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আঘাত হানলে দুজনই ককপিট থেকে বেরিয়ে (ইজেক্ট) যান।
পাইলটকে দ্রুতই উদ্ধার করে যুক্তরাষ্ট্র। কিন্তু অস্ত্রব্যবস্থা–সংক্রান্ত কর্মকর্তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে জরুরি ভিত্তিতে ব্যাপক পরিসরে অভিযান চালিয়ে তাঁকেও উদ্ধার করে মার্কিন বাহিনী।
তথ্যসূত্র: সিএনএন, বিবিসি ও নিউইয়র্ক টাইমস
ইসরায়েলের হাইফা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২
ইসরায়েলের হাইফা শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় দুজন নিহত হয়েছেন। তাঁদের মরদেহ উদ্ধার করেছেন ইসরায়েলি উদ্ধারকর্মীরা। ইসরায়েলি গণমাধ্যমে এই তথ্য জানানো হয়।
ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, এই দুই ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছিলেন। পরে সেখান থেকে তাঁদের নিথর অবস্থায় উদ্ধার করা হয়।
ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বা নিখোঁজ থাকা আরও দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে বলে খবরে জানানো হয়।
ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রোববার ইরান থেকে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইফার একটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে ভবনটিতে আগুন ধরে যায়। ছয়তলা ভবনটি ধসে পড়ার ঝুঁকিতে আছে।
আল–জাজিরার খবরে বলা হয়, ঘটনাস্থলে গতকাল রাতের পর আজ সোমবার সকালেও তল্লাশি ও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছিল।
এ ছাড়া হাইফায় নতুন করে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। উদ্ধারকর্মীরা সেখানেও কাজ করছেন।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান ও আল–জাজিরা
তেহরান প্রদেশে মার্কিন-ইসরায়েলি হামলায় ৬ শিশু নিহত
ইরানের তেহরান প্রদেশে গতকাল রাতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চালানো হামলায় ছয় শিশু নিহত হয়েছে। ইরানের ফার্স নিউজ এজেন্সির খবরে এই তথ্য জানানো হয়।
খবরে বলা হয়, নিহত ছয় শিশুর মধ্যে চারজন মেয়ে, দুজন ছেলে। তাদের সবার বয়স ১০ বছরের নিচে।
ফার্স নিউজ এজেন্সি তেহরান প্রদেশের বাহারিস্তান জেলার একটি আবাসিক এলাকায় হওয়া এক হামলার প্রসঙ্গ টেনে এই হালনাগাদ তথ্য প্রকাশ করে।
এই হামলায় মোট ১৩ জন নিহত হয় বলে আগেই জানিয়েছিল সংবাদ সংস্থাটি।
তথ্যসূত্র: আল–জাজিরা
ট্রাম্পের হুমকির জবাবে ‘আরও অনেক বেশি বিধ্বংসী’ পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের
ইরানের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হলে ‘আরও অনেক বেশি বিধ্বংসী’ পাল্টা জবাব দেওয়া হবে বলে আজ সোমবার সতর্ক করেছে দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র বলেন, ‘বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার পুনরাবৃত্তি হলে আমাদের আক্রমণাত্মক ও প্রতিশোধমূলক অভিযানের পরবর্তী ধাপগুলো হবে আরও অনেক বেশি বিধ্বংসী ও বিস্তৃত।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছেন। হরমুজ প্রণালি খুলে দিতে একটি চুক্তিতে আসতে তেহরানের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে তিনি এই হুমকি দেন। এখন পাল্টা হুমকি দিল ইরান।
তথ্যসূত্র: এএফপি
তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ে হামলা, কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ
ইরানের রাজধানী তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে। হামলার পর তেহরানের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। আজ সোমবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এই তথ্য জানিয়েছে।
স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির খবরে বলা হয়, শরিফ বিশ্ববিদ্যালয়ের গ্যাস স্টেশনে হামলা চালানো হয়েছে। এর ফলে শরিফ এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহে বিঘ্ন দেখা দেয়।
তথ্যসূত্র: এএফপি
৪৫ দিনের যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা: অ্যাক্সিওস
যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক কয়েকটি মধ্যস্থতাকারী দেশ সম্ভাব্য ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির শর্তাবলি নিয়ে আলোচনা করছে। এই আলোচনা শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের স্থায়ী অবসানের পথ তৈরি করতে পারে। গতকাল রোববার এমনটাই জানিয়েছে মার্কিন অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
যুদ্ধবিরতির শর্তা নিয়ে আলোচনার বিষয়ে জানাশোনা আছে—যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আঞ্চলিক চারটি সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস এই খবর দিয়েছে।
তবে বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদনটি যাচাই করতে পারেনি।
তথ্যসূত্র: রয়টার্স
ইস্টার সানডেতে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৪
গতকাল রোববার ইস্টার সানডের দিনে লেবাননজুড়ে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। গত ২ মার্চ লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে নতুন করে হামলা শুরুর পর থেকে এটি অন্যতম রক্তক্ষয়ী দিন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের কাফরহাতা গ্রামে একটি হামলায় সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে চার বছর বয়সী একটি শিশুও রয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, বৈরুতের জনাহ এলাকায় আরেকটি হামলায় চারজন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন।
আল-জাজিরার এক প্রতিবেদনে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, বৈরুতের পূর্বে অবস্থিত আইন সাদেহ এলাকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
লেবাননের খ্রিষ্টান ধর্মাবলম্বীরা যখন ইস্টার সানডে পালন করছিলেন, ঠিক সেই মুহূর্তেই এই হামলাগুলো চালানো হয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালি আর কখনো আগের অবস্থায় ফিরবে না: ইরান
হরমুজ প্রণাল আর কখনো আগের অবস্থায় ফিরবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য তা চিরতরে বদলে গেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, পারস্য উপসাগরের জন্য ইরানের কর্মকর্তারা যাকে ‘নতুন ব্যবস্থা’ বলে জানিয়েছেন, তা কার্যকর করার লক্ষ্যে তাঁরা এখন সামরিক প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছেন।
হরমুজ প্রণালি নিয়ে ইরানের পার্লামেন্টারি কমিটিতে একটি খসড়া আইন অনুমোদনের কয়েক দিন পর এই বিবৃতি দেওয়া হয়েছে। ওই আইনে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ট্রানজিট ফি বা যাতায়াত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই প্রস্তাবনায় যা যা রয়েছে— যাতায়াত শুল্ক ইরানের জাতীয় মুদ্রায় পরিশোধ করতে হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা। যেসব দেশ ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা দিচ্ছে, তাদের ওপর বিধি-নিষেধ আরোপ।
তা ছাড়া ওই পরিকল্পনায় প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্ব, সশস্ত্র বাহিনীর কর্তৃত্ব, সামুদ্রিক নিরাপত্তা, পরিবেশগত বিষয় এবং ওমানের সঙ্গে আইনি সহযোগিতার বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
হরমুজ প্রণালি খুলে দিতে গত কয়েক সপ্তাহে ইরানকে বেশ কয়েকবার আলটিমেটাম বা সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। অন্যথায় তিনি দেশটির বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন।
ইরান ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তিতে রাজি না হলে দেশটি ‘সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় সময় রোববার তিনি এ হুমকি দেন।
রোববার এবিসি নিউজকে সাক্ষাৎকার দেওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের প্রতি সুনির্দিষ্ট এক নতুন সময়সীমা বেঁধে দেন। পোস্টে তিনি লেখেন ‘মঙ্গলবার, পূর্ব উপকূলীয় সময় রাত ৮টা!’ (তেহরানের সময় বুধবার মধ্যরাত)।
একই দিন এর আগে ওয়াল স্ট্রিট জার্নালকে ট্রাম্প বলেন, আমার দেওয়া আলটিমেটামের মধ্যে ইরান ‘কিছু না করলে’ তাদের কোনো বিদ্যুৎকেন্দ্র বা সেতু অক্ষত থাকবে না।
ট্রাম্পের এ আলটিমেটাম নিয়ে রাশিয়া ও চীনসহ বিশ্বের অনেক দেশ উদ্বেগ প্রকাশ করেছে।
সূত্র: আল-জাজিরা ও এবিসি নিউজ
ইসরায়েলের হাইফা শহরে ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ার আশঙ্কা
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা শহরের একটি ভবন ধসে পড়ার পর সেখানে আটকা পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল।
ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের এক কর্মকর্তার বরাতে ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানায়, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের কাছে পৌঁছাতে উদ্ধারকর্মীরা ‘আপ্রাণ চেষ্টা’ চালাচ্ছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের উত্তরাঞ্চল বারবার আক্রান্ত হচ্ছে। এখন পর্যন্ত সেখানে যেসব জটিল পরিস্থিতির তৈরি হয়েছে, তার মধ্যে এটি অন্যতম।
ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিসের তথ্যমতে, ইরানের ক্ষেপণাস্ত্রটি একটি পাঁচতলা ভবনে আঘাত হানে। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ইসরায়েলের সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনথ জানিয়েছে, চারজন নিখোঁজ রয়েছেন। আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: মিডল ইস্ট আই
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি কুয়েতের
কুয়েতের সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে।
বিবৃতিতে সেনাবাহিনী আরও জানায়, কুয়েতজুড়ে যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে তা মূলত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আকাশে ওই ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ধ্বংস করার শব্দ।
সূত্র: আল–জাজিরা
প্রতি ব্যারেল তেল বিক্রি হচ্ছে ১১১.৪৩ ডলারে
আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ২ দশমিক ৪ ডলার বা ২ দশমিক ২ শতাংশ বেড়ে গ্রিনিচ মান সময় (জিএমটি) ২২: ১৫ নাগাদ ব্যারেল প্রতি ১১১ দশমিক ৪৩ ডলারে কেনাবেচা হচ্ছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচারসের দাম ৩ ডলার বা ২ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১১৪ দশমিক ৫৭ ডলারে লেনদেন হচ্ছে।
সূত্র: আল-জাজিরা
এবার পুরো ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প
ইরান ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তিতে রাজি না হলে দেশটি ‘সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় সময় রোববার তিনি এ হুমকি দেন।
ট্রাম্পকে এবিসি নিউজের জ্যেষ্ঠ রাজনৈতিক প্রতিবেদক র্যাচেল স্কট প্রশ্ন করেন, চুক্তি করার জন্য ইরানকে দুই থেকে তিন সপ্তাহের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তা কি এখনো বজায় আছে? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ওই হুমকি দেন।
ট্রাম্প বলেন, ‘এটি কয়েক সপ্তাহ নয়, কয়েক দিন হওয়া উচিত।’ তিনি দাবি করেন, ইরান ‘তছনছ হয়ে গেছে, একেবারে তছনছ। প্রতিদিন তা আরও খারাপের দিকে যাবে।’
ট্রাম্প বলেন, ‘প্রতিদিন তাদের (ইরানের) আরও বেশি সেতু নির্মাণ করতে হবে, আরও বিদ্যুৎকেন্দ্র বানাতে হবে এবং সবকিছু নতুন নতুন তৈরি করতে হবে। এর আগে কোনো দেশ এভাবে মার খায়নি।’
ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা এবং এর পরিণাম নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। এমন এক পরিস্থিতিতে ট্রাম্প এ হুমকি দেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন শুরুর কয়েক দিন পর ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে। তারা জানায়, হামলাকারীদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ এই জলপথ ব্যবহার করতে পারবে না।
হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ প্রায় বন্ধ থাকায় বিশ্ববাজারে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম এরই মধ্যে ১০০ ছাড়িয়ে গেছে। এটা বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওপরেও চাপ তৈরি করেছে।
হরমুজ প্রণালি খুলে দিতে গত কয়েক সপ্তাহে ইরানকে বেশ কয়েকবার আলটিমেটাম বা সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। অন্যথায় তিনি দেশটির বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন।
রোববার এবিসি নিউজকে সাক্ষাৎকার দেওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের প্রতি সুনির্দিষ্ট এক নতুন সময়সীমা বেঁধে দেন। পোস্টে তিনি লেখেন ‘মঙ্গলবার, পূর্ব উপকূলীয় সময় রাত ৮টা!’ (তেহরানের সময় বুধবার মধ্যরাত)।
একই দিন এর আগে ওয়াল স্ট্রিট জার্নালকে ট্রাম্প বলেন, আমার দেওয়া আলটিমেটামের মধ্যে ইরান ‘কিছু না করলে’ তাদের কোনো বিদ্যুৎকেন্দ্র বা সেতু অক্ষত থাকবে না।
ট্রাম্পের এ আলটিমেটাম নিয়ে রাশিয়া ও চীনসহ বিশ্বের অনেক দেশ উদ্বেগ প্রকাশ করেছে।
সূত্র: এবিসি নিউজ ও আল-জাজিরা
হরমুজ প্রণালিতে আটকা ৩ হাজার জাহাজ, চলাচল কমেছে ৯৪ শতাংশ
ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ৯৪ শতাংশ কমেছে। তথ্য অনুযায়ী, বৈশ্বিক তেলের চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ পরিবহনের এই জলপথটি প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতে অপূরণীয় ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
ইরানের তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে লয়েড’স লিস্টসহ প্রধান বৈশ্বিক সংস্থাগুলোর তথ্য উল্লেখ করে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে এই প্রণালি দিয়ে প্রতিদিন ১৩৮টি জাহাজ চলাচল করত। কিন্তু গত কয়েক দিনে তা ১০টির নিচে নেমে এসেছে।
আল জাজিরার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে প্রায় ২ থেকে ৩ হাজার জাহাজ পার হওয়ার অপেক্ষায় হরমুজ প্রণালির আশপাশে আটকা পড়ে আছে।
ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন জানিয়েছে, পারস্য উপসাগরে প্রায় ৩ হাজার ২০০ জাহাজ আটকা পড়ায় প্রায় ২০ হাজার নাবিক কর্মহীন হয়ে পড়েছেন।
তাসনিম নিউজের তথ্যমতে, মার্চের শুরু থেকে এ পর্যন্ত মাত্র ১৮১টি জাহাজ বা ট্যাংকার হরমুজ পার হতে পেরেছে, যার মধ্যে ১২৫টি ইরান বা তার মিত্রদের মালিকানাধীন। ইরান তাদের ঘনিষ্ঠ মিত্র ইরাককে এই বিধিনিষেধ থেকে মুক্ত রেখেছে। তা ছাড়া চীন, ভারত, পাকিস্তান ও তুরস্ক ইরানের কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে তাদের জাহাজ পার করতে সক্ষম হয়েছে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, গত ১ মার্চ থেকে হরমুজ প্রণালি ও এর আশপাশে অন্তত ২৪টি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। এতে ৮ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন শুরুর কয়েক দিন পর ইরান এই প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে। তারা জানায়, হামলাকারীদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ এই জলপথ ব্যবহার করতে পারবে না।
হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ প্রায় বন্ধ থাকায় বিশ্ববাজারে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম এরই মধ্যে ১০০ ছাড়িয়ে গেছে। এটা বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওপরেও চাপ তৈরি করেছে।
হরমুজ প্রণালি খুলে দিতে গত কয়েক সপ্তাহে ইরানকে বেশ কয়েকবার আলটিমেটাম বা সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। অন্যথায় তিনি দেশটির বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে রোববার ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের প্রতি সুনির্দিষ্ট এক নতুন সময়সীমা বেঁধে দেন। পোস্টে তিনি লেখেন ‘মঙ্গলবার, পূর্ব উপকূলীয় সময় রাত ৮টা!’ (তেহরানের সময় বুধবার মধ্যরাত)।
একই এর আগে ওয়াল স্ট্রিট জার্নালকে ট্রাম্প বলেন, আমার দেওয়া আলটিমেটামের মধ্যে ইরান ‘কিছু না করলে’ তাদের কোনো বিদ্যুৎকেন্দ্র বা সেতু অক্ষত থাকবে না।
ট্রাম্পের এ আলটিমেটাম নিয়ে রাশিয়া ও চীনসহ বিশ্বের অনেক দেশ উদ্বেগ প্রকাশ করেছে।
সূত্র: প্রেস টিভি
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিতের দাবি জর্ডানের
জর্ডানের সামরিক বাহিনী গত ২৪ ঘণ্টায় দেশটির আকাশসীমায় ইরান থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে। জর্ডান নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।
জর্ডানের পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেটের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানান, একই সময়ে আকাশ থেকে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ও প্রজেক্টাইল পড়ার ১৮টি ঘটনার বিষয়ে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।
মুখপাত্র আরও জানান, এসব ঘটনায় কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা
যুক্তরাষ্ট্রের হামলায় ‘একই ধরনের’ পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সাক্ষাৎকারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
ইসমাইল বাঘাই বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী পরিষ্কার করে বলেছে, ইরানের অবকাঠামোতে হামলা চালানো হলে আমরাও একইভাবে পাল্টা জবাব দেব।’
বাঘাই আরও বলেন, যুক্তরাষ্ট্রের মালিকানাধীন কিংবা তাদের সঙ্গে যেকোনোভাবে সংশ্লিষ্ট অথবা ইরানের বিরুদ্ধে আগ্রাসনে সহায়ক—এমন যেকোনো অবকাঠামোকে আমাদের সশস্ত্র বাহিনী লক্ষ্যবস্তু বানাবে।’
সূত্র: আল–জাজিরা
লেবাননের লিতানি নদীর দক্ষিণে ‘অপারেশনাল জোন’ তৈরির ঘোষণা ইসরায়েলের
হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান আরও জোরদার করতে লেবাননের লিতানি নদীর দক্ষিণাঞ্চলকে ‘অপারেশনাল জোন’ বা সামরিক অভিযানের এলাকা হিসেবে ঘোষণা করেছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির।
ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, সেনাপ্রধান রোববার লেবাননের দক্ষিণে রাস আল-বায়াদা এলাকায় মোতায়েন করা সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বিবৃতিতে জামির বলেন, লেবানন থেকে ছোড়া রকেট ও ক্ষেপণাস্ত্রের আঘাত কমিয়ে আনতে এবং তা পুরোপুরি বন্ধ করতে ইসরায়েলি বাহিনী কাজ করছে। তবে এ কাজে ‘সময় লাগবে’ বলে উল্লেখ করেন তিনি।
ইসরায়েলের তীব্র হামলা ও লেবাননের দক্ষিণে স্থল অভিযানের কারণে এরই মধ্যে দেশটির ১১ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল লেবাননের বেসামরিক অবকাঠামো ধ্বংস করছে এবং লেবাননের দক্ষিণাঞ্চল দীর্ঘ মেয়াদে দখলের প্রস্তুতি নিচ্ছে।
সূত্র: আল-জাজিরা
হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের যত আলটিমেটাম
হরমুজ প্রণালি খুলে দিতে গত কয়েক সপ্তাহে ইরানকে বেশ কয়েকবার আলটিমেটাম বা সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় তিনি দেশটির বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন।
কিন্তু ইরান বারবার বলেছে, তারা ট্রাম্পের অন্যায় হুমকির কাছে মাথা নত করবে না। তা ছাড়া হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং এ দুই দেশের মিত্র ছাড়া বাকিদের জন্য খোলা রয়েছে। হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এ প্রণালি দিয়ে এসব দেশের কোনো জাহাজ চলাচল করতে পারবে না।
এই পরিস্থিতিতে পারস্য উপসাগরীয় অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। আশঙ্কা করা হচ্ছে, ট্রাম্পের সর্বশেষ আলটিমেটামের মধ্যে ইরান হরমুজ প্রণালি খুলে না দিলে হুমকি অনুযায়ী তিনি দেশটির অবকাঠামোতে হামলা শুরুর নির্দেশ দেবেন।
এমন এক উত্তেজনাপূর্ণ সময়ে ট্রাম্পের আলটিমেটামগুলো এক নজরে দেখে নেওয়া যাক—
২১ মার্চ: ৪৮ ঘণ্টার আলটিমেটাম। ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার নির্দেশ। অন্যথায় বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি।
২৩ মার্চ: তেহরানের সঙ্গে আলোচনার অগ্রগতির কথা জানিয়ে সময়সীমা আরও পাঁচ দিন বাড়ান ট্রাম্প।
২৬ মার্চ: নতুন ১০ দিনের সময়সীমা ঘোষণা। যার মেয়াদ ওয়াশিংটনের স্থানীয় সময় ৬ এপ্রিল রাত ৮টায় (ইরানের স্থানীয় সময় ৭ এপ্রিল মধ্যরাত) শেষ হওয়ার কথা।
৪ এপ্রিল: ইরানকে ৬ এপ্রিলের সময়সীমার কথা স্মরণ করিয়ে দিয়ে ট্রাম্প বলেন, চুক্তি করার জন্য তেহরানের হাতে ৪৮ ঘণ্টা সময় রয়েছে।
৫ এপ্রিল: সময়সীমা ওয়াশিংটনের স্থানীয় সময় অনুযায়ী আরও একদিন বাড়িয়ে ৭ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত করার আভাস দেন ট্রাম্প। এ দিন ওয়াল স্ট্রিট জার্নালকে ট্রাম্প বলেন, এর মধ্যে ইরান ‘কিছু না করলে’ তাদের কোনো বিদ্যুৎকেন্দ্র বা সেতু অক্ষত থাকবে না।
৫ এপ্রিল (পরবর্তীতে): সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প একদম সুনির্দিষ্ট এক নতুন সময়সীমা ঘোষণা করেন। এতে তিনি লেখেন ‘মঙ্গলবার, পূর্ব উপকূলীয় সময় রাত ৮টা!’ (তেহরানের সময় বুধবার মধ্যরাত)।
সূত্র: বিবিসি
ইরানের ‘বেশ কিছু ড্রোন’ ভূপাতিত করেছে যুক্তরাজ্য
ইরানের ‘বেশ কিছু ড্রোন’ ভূপাতিত করেছে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ)। এক হালনাগাদ তথ্যে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি) এ খবর জানিয়েছে।
এমওডি জানায়, গত রাতে পূর্ব ভূমধ্যসাগর, জর্ডান, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় যুক্তরাজ্যের টাইফুন ও এফ-৩৫ যুদ্ধবিমানগুলো প্রতিরক্ষামূলক অভিযান চালিয়েছে। এসব অভিযানে আরএএফের ভয়েজার (আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান) এবং রয়্যাল নেভির মার্লিন ও ওয়াইল্ডক্যাট হেলিকপ্টার সহায়তা করছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, ওই অঞ্চলে বর্তমানে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে। তা ছাড়া মিত্রদের সঙ্গে তারা ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে।
সূত্র: বিবিসি
ট্রাম্প ‘বিপজ্জনক ও মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তির মতো কথা বলছেন: বার্নি স্যান্ডার্স
ইরানকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির তীব্র সমালোচনা করেছেন দেশটির জ্যেষ্ঠ সিনেটর বার্নি স্যান্ডার্স। ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোকে ‘বিপজ্জনক এবং মানসিকভাবে ভারসাম্যহীন ব্যক্তির মতো প্রলাপ’ বলে অভিহিত করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে স্যান্ডার্স লিখেছেন, ‘ইরানে যুদ্ধ শুরু করার এক মাস পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছ থেকে এ ধরনের বিবৃতি আসছে!’
মার্কিন কংগ্রেসের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘কংগ্রেসকে এখনই পদক্ষেপ নিতে হবে। এই যুদ্ধ বন্ধ করুন।’
সূত্র: আল–জাজিরা।
ইরানকে দেওয়া চূড়ান্ত আলটিমেটামের সুনির্দিষ্ট সময় ঘোষণা ট্রাম্পের
ইরানকে দেওয়া নিজের আলটিমেটামের দিন, সময় ও ক্ষণ সুনির্দিষ্ট করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরের হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার রাত ৮টা (ইস্টার্ন টাইম) পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘মঙ্গলবার, রাত ৮টা ইস্টার্ন টাইম!’ মার্কিন প্রেসিডেন্টের এই সময়সীমা অনুযায়ী, তেহরানের স্থানীয় সময় তখন বুধবার ভোর সাড়ে ৩টা এবং গ্রিনিচ মান সময় (জিএমটি) মঙ্গলবার দিবাগত রাত ১২টা। [বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা]
এর আগে মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি সতর্ক করে বলেছিলেন, ‘মঙ্গলবার সন্ধ্যার মধ্যে তারা (ইরান) যদি কোনো ব্যবস্থা না নেয়, তবে দেশটিতে কোনো বিদ্যুৎকেন্দ্র বা সেতু আস্ত থাকবে না।’
মূলত গত ফেব্রুয়ারি থেকে চলা যুদ্ধের জেরে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। সেই প্রেক্ষাপটেই ইরানকে এমন নজিরবিহীন সামরিক হামলার হুমকি দিয়ে আসছেন ট্রাম্প।
সূত্র: আল–জাজিরা।
* আগের লাইভ দেখতে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রকে ‘আলটিমেটামের ভাষা’ পরিহারের আহ্বান রাশিয়ার
ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রকে আলটিমেটাম বা হুমকির ভাষা পরিহার করার আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, সংঘাত না বাড়িয়ে ওয়াশিংটনের উচিত আলোচনার টেবিলে ফিরে আসা।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে লাভরভ আশা প্রকাশ করেন যে, যুদ্ধ প্রশমিত করার চলমান প্রচেষ্টাগুলো সফল হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি হুমকির ভাষা ত্যাগ করে পরিস্থিতিকে আলোচনার ধারায় ফিরিয়ে আনে, তবে তা সংকট সমাধানে সহায়ক হবে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, দুই দেশই জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ সব পক্ষকে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে, যা রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের অবশিষ্ট সুযোগগুলোকে নষ্ট করতে পারে।
সূত্র: আল–জাজিরা।
হরমুজ প্রণালি খুলে দেওয়ার একমাত্র পথ যুদ্ধবিরতি: চীন
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সমস্যা সমাধানের ‘একমাত্র ও প্রধান উপায়’ হলো একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক ফোনালাপে ওয়াং ই এ মন্তব্য করেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ওই অঞ্চলে জাহাজ চলাচল চালু করতে হলে সংঘাত বন্ধ করা এবং একটি কার্যকর যুদ্ধবিরতি বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
সূত্র: আল–জাজিরা।

No comments:
Post a Comment