বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে তিউনিসিয়া। কোচ সাব্রি লামুশির এই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন নরউইচ সিটির মিডফিল্ডার আনিস বিন সিলমানে এবং ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের তরুণ ফরোয়ার্ড রায়ান এলুমি। অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে গড়া এই দলটি নিয়ে এবার বড় স্বপ্ন দেখছে ‘কার্থেজ ইগল’রা।

আজ বিকেলে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করে। আগামী মাসে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে বসছে বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞ। টুর্নামেন্টের গ্রুপ ‘এফ’-এ তিউনিসিয়ার সঙ্গী জাপান, নেদারল্যান্ডস ও সুইডেন।

তিউনিসিয়া তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৫ জুন। মেক্সিকোর মনটেরি স্টেডিয়ামে তাদের প্রথম প্রতিপক্ষ সুইডেন। একই ভেন্যুতে ২১ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে লামুশির শিষ্যরা।

এবারের দলে বড় চমক রায়ান এলুমি। ২৫ বছর বয়সী এই ফুটবলারের আন্তর্জাতিক ক্যারিয়ারের গল্পটা বেশ নাটকীয়। গত জানুয়ারিতে কানাডার হয়ে গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল তাঁর। তবে ম্যাচটি ‘বি’ লেভেলের হওয়ায় ‘অফিশিয়াল সিনিয়র ম্যাচ’ ছিল না। এলুমি পরে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে তিউনিসিয়াকেই বেছে নেন। গত মার্চ উইন্ডোতে তিউনিসিয়ার হয়ে অভিষেকেই কোচ সাব্রি লামুশির নজর কাড়েন এলুমি। ক্লাব ফুটবলে ভ্যাঙ্কুভারের হয়ে ২৪ ম্যাচে দুটি গোল ও দুটি অ্যাসিস্ট আছে তাঁর ঝুলিতে।

এক সপ্তাহ আগে জাতীয়তা বদলানো বনি আইভরিকোস্টের বিশ্বকাপ দলে

কোচ লামুশি মূলত ইউরোপীয় লিগগুলোতে খেলা প্রতিভাবান তরুণদের সঙ্গে অভিজ্ঞ ফুটবলারদের মিশেলে এই দল সাজিয়েছেন। মাঝমাঠের দায়িত্ব থাকছে সিলমানে, হানিবাল মেজবরি ও এলিয়েস সখিরিদের কাঁধে। রক্ষণে ভরসা জোগাবেন ডিলান ব্রন ও ওমর রিকিকরা।

তিউনিসিয়ার বিশ্বকাপ স্কোয়াড:

গোলকিপার: আয়মেন দাহমেন, সাবরি বিন হাসিন ও মুহিব আল-শামিখ।
ডিফেন্ডার: মোন্তাসার তালবি, ডিলান ব্রন, ওমর রিকিক, ইয়ান ভ্যালেরি, আলি আবদি, মোয়াতাজ নাফাতি, রায়েদ শেখাউই ও আদম আরুস।
মিডফিল্ডার: এলিয়েস সখিরি, হানিবাল মেজবরি, আমিন বিন হামিদা, আনিস বিন সিলমানে, মোহামেদ হাজ মাহমুদ, রানি খেদিরা ও মোর্তাদা বিন উনাস।
ফরোয়ার্ড: এলিয়েস আচৌরি, ইসমাইল গারবি, এলিয়েস সাদ, সেবাস্তিয়ান তুনেক্তি, ফিরাস চাউয়াত, খলিল আইয়ারি, হাজেম মেস্তৌরি ও রায়ান এলুমি।

‘আনফিট’ লুকাকুকে নিয়ে বেলজিয়ামের বিশ্বকাপ দল

No comments:
Post a Comment