ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবের কারণে দেশটির ফুটবল দলকে ২১ দিন আইসোলেশনে (বিচ্ছিন্ন) থাকতে হবে। নয়তো বিশ্বকাপে অংশ নিতে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না–ও দেওয়া হতে পারে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

শুক্রবার ইএসপিএনকে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস ওয়ার্ল্ড কাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি।

কঙ্গোজুড়ে ইবোলা ছড়িয়ে পড়ায় দেশটির ফুটবল দল রাজধানী কিনশাসায় নির্ধারিত প্রস্তুতি ক্যাম্প বাতিল করে বর্তমানে বেলজিয়ামে অবস্থান করছে।

জুলিয়ানি বলেন, যুক্তরাষ্ট্র ফিফা, কঙ্গো জাতীয় দল এবং কঙ্গো সরকারকে জানিয়ে দিয়েছে তাদের অবশ্যই বেলজিয়ামে একটি বায়ো-বাবল (সুরক্ষাবলয়) বজায় রাখতে হবে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা কঙ্গোর কাছে খুব স্পষ্ট করে দিয়েছি যে আগামী ১১ জুন হিউস্টনে আসার আগে ২১ দিন পর্যন্ত তাদের সুরক্ষাবলয়ে অবস্থান বজায় রাখতে হবে। আমরা কঙ্গো সরকারকেও এটি খুব পরিষ্কারভাবে জানিয়েছি যে তাদের এই বাবল বজায় রাখা প্রয়োজন, অন্যথায় তারা যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে না পারার ঝুঁকিতে পড়বে। আমরা এর চেয়ে স্পষ্ট করে আর বলতে পারি না।’

যুক্তরাষ্ট্র বিশ্বকাপের স্বাস্থ্য ও সুরক্ষাকে অত্যন্ত গুরুত্বসহকারে দেখছে জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে এ–সংক্রান্ত কোনো কিছুই যেন আমাদের সীমান্তের ভেতরে বা কাছাকাছি না আসে।’

ইবোলা প্রাদুর্ভাব: ডিআর কঙ্গোর বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প বাতিল, বাড়ছে অন্য উদ্বেগও

ডিআর কঙ্গোর খেলোয়াড়দের বেশির ভাগই ফ্রান্সে খেলেন। কঙ্গোতে অবস্থানরত কিছু দলীয় স্টাফ এ সপ্তাহে দেশ ছেড়েছেন। হোয়াইট হাউস টাস্কফোর্সের নির্বাহী পরিচালক বলেন, ‘যদি অন্য কোনো লোক আসতে চায়, তবে তাদের ওই দল থেকে আলাদা একটি বাবলে থাকতে হবে। তারা যদি শেষ পর্যন্ত আসে এবং তাদের মধ্যে কেউ উপসর্গযুক্ত বলে প্রমাণিত হয়, তবে তারা এই বিশ্বকাপে অংশ নেওয়ার ক্ষেত্রে পুরো দলটির আসার সুযোগকে ঝুঁকির মধ্যে ফেলবে।’

জুলিয়ানি জানান, রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) কর্মীরা ইউরোপে ইবোলার সংস্পর্শে আসার পর কোয়ারেন্টিনে থাকা দুই মার্কিন চিকিৎসকের ওপর নজর রাখছেন এবং তাঁরা বেলজিয়ামে ‘দলের খোঁজখবর নিতে’ কর্মী পাঠানোর বিষয়ে আলোচনা করছেন।

গত সপ্তাহে কঙ্গো সরকার ‘বুন্দিবুগিও’ নামে পরিচিত একটি বিরল ধরনের ইবোলার প্রাদুর্ভাব নিশ্চিত করেছে। যা এরই মধ্যে ১৩০ জনের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

দর্শকদের পর এখন ডিআর কঙ্গোর ফুটবল দলেরই যুক্তরাষ্ট্রে যাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে আন্তর্জাতিক উদ্বেগের একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের সিডিসি জানিয়েছে, সর্বশেষ তিন সপ্তাহের মধ্যে ডিআর কঙ্গো, উগান্ডা বা দক্ষিণ সুদান সফর করেছেন—এমন কেউ আপাতত যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। এই নিষেধাজ্ঞা ৩০ দিন পর্যন্ত কার্যকর থাকবে।

ডিআর কঙ্গোর ফুটবল দল দেশ ছাড়ার আগে কিনশাসায় একটি বিদায়ী অনুষ্ঠানের পরিকল্পনা করলেও পরে তা বাতিল হয়েছে। আগামী ৩ জুন বেলজিয়ামের মাটিতে ডেনমার্কের বিপক্ষে এবং ৯ জুন স্পেনের মাটিতে চিলির বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে কঙ্গোর।

১৯৭৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের টিকিট কাটা ডিআর কঙ্গো ‘কে’ গ্রুপে পর্তুগাল, কলম্বিয়া ও উজবেকিস্তানের সঙ্গে খেলার কথা। প্রথম ম্যাচ ১৭ জুন হিউস্টনে পর্তুগালের বিপক্ষে।

ডিআর কঙ্গোর বিশ্বকাপ দলে কারা

No comments:
Post a Comment