ছয়টি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। এই কীর্তি অবশ্য আরও চারজনের আছে। তবে তিনি একমাত্র খেলোয়াড়, যিনি ছয়টি ফাইনালেরই মূল একাদশে ছিলেন।

উয়েফা চ্যাম্পিয়নস লিগে এই অনন্য কীর্তি গড়া দানি কারভাহাল চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন। ৩৪ বছর বয়সী এই রাইট ব্যাক ও রিয়াল মাদ্রিদ আজ এক যৌথ বিবৃতিতে এ খবর জানিয়েছে। দুই মেয়াদে রিয়ালে ২৩ বছর কাটানো ফুটবলারকে বিদায়বেলায় ‘কিংবদন্তি ও প্রতীক’ হিসেবে অভিহিত করেছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

মাদ্রিদে জন্ম নেওয়া কারভাহাল ২০০২ সালে রিয়ালের একাডেমিতে যোগ দেন। ১০ বছর সেখানে কাটিয়ে ২০১২ সালে যোগ দেন বায়ার লেভারকুসেনে। তবে পাঁচ বছরের চুক্তি করলেও জার্মান ক্লাবটিতে বেশি দিন থাকেননি। রিয়াল তাঁকে পরের মৌসুমেই ফিরিয়ে আনে।

এর পর থেকে টানা ১৩ মৌসুমে মাদ্রিদের দলটির হয়ে খেলেছেন ৪৫০ ম্যাচ, জিতেছেন ৬টি চ্যাম্পিয়নস লিগ, ৪টি লা লিগাসহ মোট ২৭টি ট্রফি। শেষ দিকে পেয়েছেন দলের অধিনায়কত্বও। তবে বেশ কিছুদিন ধরে বারবার চোটের সঙ্গে লড়তে হচ্ছিল কারভাহালকে।

রিয়ালের কিংবদন্তি হয়ে বিদায় নিচ্ছেন কারভাহাল

চোটের কারণে অনিয়মিত হয়ে যাওয়া আর গত বছর ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের আগমনের কারণে চলতি মৌসুমে ম্যাচ-টাইম কমে গিয়েছিল তাঁর। লা লিগায় ৩৭ রাউন্ড পর্যন্ত মাত্র ৮৯২ মিনিট মাঠে ছিলেন। সব মিলিয়ে রিয়াল মাদ্রিদ তার সঙ্গে চুক্তির মেয়াদও আর বাড়াচ্ছে না।

কারভাহালের বিদায়ের ঘোষণার বিবৃতিতে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেন, ‘দানি কারভাহাল রিয়াল মাদ্রিদ এবং এর একাডেমির একজন কিংবদন্তি ও প্রতীক। কারভাহাল সব সময়ই রিয়াল মাদ্রিদের মূল্যবোধ তুলে ধরেছেন। রিয়াল তাঁর ঘর, চিরকাল তা-ই থাকবে।’

টানা দ্বিতীয় বছরের মতো কোনো ট্রফিবিহীন মৌসুম শেষ করতে যাওয়া রিয়াল আগামী শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে লা লিগার শেষ ম্যাচ খেলবে। সেদিন কারভাহালকে সম্মাননা জানাবে রিয়াল।

বার্সেলোনাকে বিদায় বললেন লেভানডফস্কি

No comments:
Post a Comment