সাফের হ্যাটট্রিক মিশনে মালদ্বীপের সঙ্গে কোনোমতে ৪-২ গোলে জয়। গ্রুপ সেরা হওয়ার ম্যাচে আজ ভারতের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত দল। এমন হারের জন্য ম্যাচ শেষে কোনো অজুহাত দেননি বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার।

গোয়ায় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হারের কাটাছেঁড়া করেছেন কোচ। কখনো খেলোয়াড়দের প্রশংসা করেছেন, কখনো তাদের ভুল–ত্রুটি তুলে ধরেছেন। এই হারের জন্য খেলোয়াড়দেরই কাঠগড়ায় তুলেছেন তিনি।

দল পুনর্গঠন ও সিনিয়র খেলোয়াড়দের প্রসঙ্গে কোচ বলেন, ‘আমি আসলে দলটাকে নতুন করে গড়ার চেষ্টা করছি; কারণ, আমি জানি কিছু খেলোয়াড় তাঁদের ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে এসেছে।’ তিনি আরও যোগ করেন, ‘আমি খেলোয়াড়দের আগুনের মুখ থেকে বাঁচানোর চেষ্টা করছি। কারণ, আমি জানি আসলে কী ঘটছে।’

পিটার বাটলার, কোচ, বাংলাদেশ নারী ফুটবল দলআপনি যদি একজন ভারতীয় খেলোয়াড়কে ওয়ার্ম-আপ করতে বলেন, সে দৌড়ে যাবে। কারণ, সে মাঠে নামার জন্য উদগ্রীব; কিন্তু আমাদের কিছু খেলোয়াড়কে বললে তারা হেঁটে হেঁটে যায়, সময়মতো ওয়ার্ম-আপ এলাকায় যায় না।

তরুণদের দলে নেওয়া প্রসঙ্গে বাটলারের সাহসী মন্তব্য, ‘যখন আপনি তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে চাইবেন, তখন আপনাকে সাহসী হতে হবে, অকুতোভয় হতে হবে এবং মাঝে মাঝে কিছুটা বোকামিও করতে হবে।’

ভারতীয়দের পায়েই বেশি ছিল বল

আজ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে ভারতের কাছে ৩-০ গোলে হারার পর তিনি বলেন, ‘কোনো অজুহাত নেই। আমরা স্রেফ হেরে গেছি।’ ম্যাচের ভাগ্য নির্ধারণী মুহূর্তগুলো নিয়ে তিনি বলেন, ‘পুরো খেলাটাই কিছু নির্দিষ্ট মুহূর্তের ব্যাপার, দুর্ভাগ্যবশত আমাদের সামনে যে সুযোগগুলো এসেছিল, আমরা সেগুলো কাজে লাগাতে পারিনি। কিছু খেলোয়াড় ভালো করেছে, কয়েকজন হতাশ করেছে।’

দলের খেলোয়াড়দের পেশাদারত্ব নিয়েও কিছুটা অসন্তোষ প্রকাশ করে রীতিমতো বিস্ফোরক এক মন্তব্যই করেছেন কোচ, ‘আপনি যদি একজন ভারতীয় খেলোয়াড়কে ওয়ার্ম-আপ করতে বলেন, সে দৌড়ে যাবে। কারণ, সে মাঠে নামার জন্য উদগ্রীব; কিন্তু আমাদের কিছু খেলোয়াড়কে বললে তারা হেঁটে হেঁটে যায়, সময়মতো ওয়ার্ম-আপ এলাকায় যায় না।’

৩ গোল খেয়ে ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ

খেলোয়াড়দের আরও বেশি চেষ্টা করতে হবে বলেও মনে করেন কোচ। তিনি বলেন, ‘খেলোয়াড়েরা যদি আমাকে ১০০ পার্সেন্ট দেয়, তবে আমিও তাদের ১০০ পার্সেন্ট সমর্থন দেব।’ আফঈদাকে বিশ্রাম দেওয়া প্রসঙ্গে বলেন, ‘আমি তাকে কড়াই থেকে সরিয়ে নিয়েছি যাতে তাকে সরাসরি আগুনের মুখে পড়তে না হয়...এটি তার উন্নতিরই একটি অংশ।’

বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার

ব্যর্থতার মাঝেও আশাবাদী কোচ, ‘যেখানে আশা আছে, যেখানে ইচ্ছা আছে, সেখানে সব সময়ই একটি সম্ভাবনা থাকে।’ সঙ্গে যোগ করেন, ‘আমরা আগামীকাল সব ঝেড়ে ফেলে আবার অনুশীলনে ফিরব এবং এমন একটি দল মাঠে নামাব, যারা আসলেই খেলতে চায়।’

এবার নেদারল্যান্ডসের কাছে হার বাংলাদেশের মেয়েদের

No comments:
Post a Comment