রেকর্ডভাঙা মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা - অজানা ১০১

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Tuesday, June 23, 2026

রেকর্ডভাঙা মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

আর্জেন্টিনা ২–০ অস্ট্রিয়া (খেলা শেষ)

লিওনেল মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারাল আর্জেন্টিনা। প্রথম গোলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন মেসি (১৭ তম)।

এবার বিশ্বকাপে ২ ম্যাচে ৫ গোল দিলেন মেসি। এখন পর্যন্ত মেসিই বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা।

২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৩ পয়েন্ট দ্বিতীয় অস্ট্রিয়ার। তৃতীয় জর্ডান ও চতুর্থ আলজেরিয়া পয়েন্ট পায়নি এখনো।

অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে ওঠা নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

জয়ের পর আর্জেন্টিনা দলের উদ্‌যাপন। মেসিই মধ্যমণি

গোল! আর্জেন্টিনা ২–০ অস্ট্রিয়া, মেসির দ্বিতীয় গোল

যোগ করা সময়ের খেলা (৯৫ মিনিট)।

অস্ট্রিয়া বক্সের ভেতরে ছোটখাটো একটা ঝড়ই বয়ে গেল। সেই ঝড়ে শেষ পর্যন্ত মেসির মুখেই ফুটল শেষ হাসি।

প্রথমে আলভারেজের শট অস্ট্রিয়া ডিফেন্ডারের গায়ে লাগল। ফিরতি বলটা পেলেন মেসি। এক ডিফেন্ডারকে কাটিয়ে তাঁর শট ঠেকান আরেক ডিফেন্ডার। আবারও ফিরতি বলে মেসির শট এবং গোল!

ডালাসের গ্যালারিতে শাকিরা

ডালাস স্টেডিয়ামের গ্যালারিতে কলম্বিয়ান গায়িকা শাকিরা। আর্জেন্টিনার খেলা দেখছেন

মেদিনা, দি পল উঠলেন

৮১ মিনিটে ফাকুন্দো মেদিনা ও রদ্রিগো দি পল উঠলেন। নামলেন নিকোলাস তালিয়াফিকো ও লিয়ান্দ্রো পারেদেস।

অল্পের জন্য মিস

অল্পের জন্য মিস করলেন গঞ্জালেস। মেসির কর্নারে তাঁর হেডটা পোস্টের একদম কাছ দিয়ে গেছে। ২–০তে এগিয়ে যাওয়া হলো না আর্জেন্টিনার।

আর্জেন্টিনার খেলার মাঝে অস্ট্রিয়া!

আর্জেন্টিনা উইং ধরে খেলে অভ্যস্ত না। আর্জেন্টিনার খেলার চিরায়ত স্টাইলও এটা নয়। কিন্তু অস্ট্রিয়া তাদের এভাবে খেলতে বাধ্য করছে। কারণ?

আর্জেন্টিনার চিরায়ত মিডফিল্ড–প্লেতে বাধ সাধছে অস্ট্রিয়ান মিডফিল্ড। স্কালোনির দল সাধারণ মাঠের মাঝ দিয়ে আক্রমণে উঠতে অভ্যস্ত। মাঝপথের সেই খেলাটা আর্জেন্টিনাকে সেভাবে খেলতে দিচ্ছে না অস্ট্রিয়া।

আর্জেন্টিনার একমাত্র গোলটি উইং প্লে থেকেই এসেছে।

দ্বিতীয়ার্ধের হাইড্রেশন ব্রেক শেষ হলো।

উঠলেন মার্তিনেজ, নামলেন আলভারেজ

৬৫ মিনিট।

লাওতারো মার্তিনেজ ও এনজো ফার্নান্দেজ উঠে গেলেন। নামলেন হুলিয়ান আলভারেজ ও নিকো গঞ্জালেস।

আর্জেন্টিনা বুঝি আরও আক্রমণাত্বক হতে চায়! এক গোলে এগিয়ে থাকা কখনোই নিরাপদ কিছু নয়!

রোমেরো উঠে গেলেন

অস্বস্তি অনুভব করছিলেন আর্জেন্টিনা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। ৫৮ মিনিটে তাঁকে তুলে নিয়ে অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিকে মাঠে নামান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

প্রথমার্ধে নির্মম আর্জেন্টিনা

২০১৪ বিশ্বকাপের শুরু থেকে এই টুর্নামেন্ট সর্বশেষ ২০ ম্যাচে আর্জেন্টিনা সব সময়ই এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে।

থ্রু পাস থেকে মেসির দৌড় এবং অফসাইড

বিরতির পর ৫০ মিনিটে প্রথম দারুণ মুভ আর্জেন্টিনার।

রদ্র্রিগো দি পলের থ্রুস পাস ধরতে দারুণ একটা দৌড় দিয়ে বলও ধরেছিলেন মেসি। কিন্তু অফসাইড হয়ে যান।

মাঝমাঠে বল কাড়াকাড়ির লড়াই চলছে। অস্ট্রিয়া বল হারালে আর্জেন্টিনাকে বেশ চাপে রাখছে। আর্জেন্টিনা এক টানা বেশিক্ষণ পাস খেলতে পারছে না। অস্ট্রিয়া গুছিয়ে ওঠার চেষ্টা করছে। ঝামেলা একটাই—

আর্জেন্টাইন মিডফিল্ড ও মেসি নামের একজন আছেন মাঠে।

ছকে কষা ফুটবল খেলে কুলিয়ে উঠতে কষ্ট হচ্ছে রালফ রাংনিকের দলের।

ভালো খেলার চেষ্টা করছে অস্ট্রিয়া। গুছিয়ে ওঠার চেষ্টা করছে

প্রথমার্ধ শেষ: আর্জেন্টিনা ১–০ অস্ট্রিয়া

প্রথমার্ধে শুরুটা খুব ভালো করতে পারেনি আর্জেন্টিনা। ভিএআরের হস্তক্ষেপে ৯ মিনিটে পাওয়া পেনাল্টি মিস করেন মেসি। তারপর ধীরে ধীরে খোলস ছেড়ে বের হতে শুরু করে আর্জেন্টিনার আক্রমণভাগ। অস্ট্রিয়া অব দ্য বল মুভমেন্টে ভালো করতে পারেনি কারণ আর্জেন্টিনার মিডফিল্ড চাপে ভেঙে পড়েনি। এর মধ্যেই ৩৮ মিনিটে দলীয় আক্রমণের ম্যাজিক!

বাঁ প্রান্ত থেকে মেদিনার ক্রস আলমাদা ডামি করার আগে কেউ বুঝতে পারেননি, গোলে শটটি আসলে নেবেন মেসি! তাঁর বাঁ পায়ের শটের জবাব ছিল না অস্ট্রিয়া গোলকিপার আলেকজান্ডার শ্লাজারের।

ওই গোলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়লেন মেসি। প্রথমার্ধ তাই ভালোভাবেই শেষ হলো আর্জেন্টিনার।

বিরতির সময় পড়তে পারেন—ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোল মেসির

প্রথমার্ধ শেষে হাসিমুখেই মাঠ ছেড়েছে আর্জেন্টিনা দল

টানা ৬ ম্যাচে গোলের রেকর্ডে ভাগ মেসির

বিশ্বকাপে টানা ৬ ম্যাচে গোলের রেকর্ডে ভাগ বসালেন মেসি। ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮ বিশ্বকাপ) এবং ব্রাজিলের জেয়ারজিনহোর (১৯৭০ বিশ্বকাপ) দখলে ছিল রেকর্ডটি।

গোল! আর্জেন্টিনা ১–০ অস্ট্রিয়া

ক্ল্যাসিক লাতিন আমেরিকান গোল!

৩৮ মিনিটে বাঁ প্রান্ত থেকে ফাকুন্দো মেদিনার ক্রসে ডামি করেন থিয়াগো আলমাদা। এরপর মেসির বাঁ পায়ের শট অস্ট্রিয়ার জালে! কেউ ভাবেনি শটটি আসলে মেসির নেওয়ার কথা ছিল!

(২০০২ বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিপক্ষে ফাইনালেও রিভালদোর এমন ডামিতে গোল পেয়েছিলেন রোনালদো)

চোখ জুড়ানো এক গোলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের বিশ্ব রেকর্ড গড়লেন মেসি।

বিশ্বকাপে মেসির এখন ২৮ ম্যাচে গোলসংখ্যা ১৭টি। জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডটি এখন একার দখলে নিলেন কিংবদন্তি।

গোল করে মেসির উদ্‌যাপন

গ্যালারিতে মারিও কেম্পেস

১৯৭৮ বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানো কিংবদন্তি মারিও কেম্পেস ডালাসের গ্যালারিতে। সেই বিশ্বকাপে সর্বোচ্চ ৬ গোল গোল্ডেন বুট জিতেছিলেন কিংবদন্তি।

বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিস মেসির!

বিশ্বকাপে এতদিন ঘানার আসামোয়া জিয়ানের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ দুটি পেনাল্টি মিস করেছিলেন মেসি।

আজ অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করে অনাকাঙ্খিত রেকর্ডটি রেকর্ডটি একার দখলে নিলেন। বিশ্বকাপে এখন সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ড মেসির।

২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ড, ২০২২ বিশ্বকাপে পোল্যান্ড এবং এবার অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন।

প্রথম দুবার গোলকিপার তাঁর শট ঠেকান। এবার মেরেছেন পোস্টের বাইরে।

পেনাল্টি শট নিচ্ছেন মেসি। আজ অস্ট্রিয়ার বিপক্ষে

৩৩ তম পেনাল্টি মিস মেসির

মেসির ক্যারিয়ারে এটি ৩৩ তম পেনাল্টি মিস (ট্রান্সফারমার্কেট)। টাইব্রেকার বাদে এ পর্যন্ত মোট ১৪৯টি পেনাল্টি শট নিয়েছেন মেসি।

পেনাল্টিতে অ্যালেক্সিস ম্যাক–অ্যালিস্টারের কনভার্সন রেট ভালো (১৩ ম্যাচে ১২ গোল)। এনজো ফার্নান্দেজ ১২ ম্যাচে ১১টি গোল করেছেন।

মেসি পেনাল্টি মিস করলেন!

অবিশ্বাস্য!

পোস্টের বাইরে পেনাল্টি শট মেসির! তাঁর ডান দিকের পোস্টের বাইরে বল মারলেন! অস্ট্রিয়ান গোলকিপার আলেকজান্ডার শ্লাজার অবশ্য সঠিক দিকেই ডাইভ দিয়েছিলেন।

ম্যাচে তখন ৯ মিনিট।

এবারের বিশ্বকাপে এটাই প্রথম পেনাল্টি মিস।

পেনাল্টি মিসের পর মেসি

পেনাল্টি!

মার্তিনেজকে বক্সের ভেতর ফাউল করেছেন অস্ট্রিয়ান ডিফেন্ডার স্তেফান পশ—ভিএআরের রায়।

ফাউলের শিকার হন মার্তিনেজ

প্রথম আক্রমণ আর্জেন্টিনার

৪ মিনিটে বক্সের ভেতর ভালো সুযোগ পেয়েছিলেন আর্জেন্টিনা স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ। অস্ট্রিয়ার দুই ডিফেন্ডারের চাপে বল রাখতে পারেননি।

পেনাল্টির আবেদন আর্জেন্টিনার।

ডালাসে শুরু হলো লড়াই

ডালাস স্টেডিয়ামে শুরু হলো আর্জেন্টিনা–অস্ট্রিয়া ম্যাচ। আকাশি–সাদা ও লাল জার্সিতে কানায় কানায় পরিপূর্ণ ৮০ হাজার আসন।

মেসির সামনে যেসব রেকর্ড

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেই কিছু রেকর্ড গড়তে পারেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। কী রেকর্ড তাঁর সামনে, জানতে ক্লিক করুন নিচের লিংকে

বিশ্বকাপে পরের ম্যাচেই যে তিনটি রেকর্ড ভাঙতে পারেন মেসি

গা গরমে লিওনেল মেসি

মেসিরা এখন মাঠে

মাঠে চলে এসেছেন লিওনেল মেসিরা। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত এগারোটায়। আলবিসেলেস্তে ফুটবলারদের মাঠে আসার ছবি দিয়েছে ফিফা।

মেসি ও দুই মার্তিনেস

একটি বদল নিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা।

আলজেরিয়া ম্যাচ থেকে একটি পরিবর্তন নিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। রাইট ব্যাক গঞ্জালো মন্তিয়েলের জায়গায় নামছেন নাহুয়েল মলিনা।

আর্জেন্টিনা একাদশ : এমি মার্তিনেজ, মলিনা, রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, মেদিনা, দি পল, এঞ্জো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, আলমাদা, মেসি, লাওতারো মার্তিনেজ

বিশ্বকাপ দেখতে এসেছেন কঙ্গোর সেই ভাইরাল ফ্যান

ভিসা জটিলতা কাটিয়ে মেক্সিকোতে এসে পৌঁছেছেন কঙ্গোর ভাইরাল ফ্যান লুমুম্বা ভেয়া। গুয়াদালহারায় কলম্বিয়ার বিপক্ষে কঙ্গোর ম্যাচেই গ্যালারিতে দেখা যেতে পারে তাঁকে।

ভাঙা চোয়াল নিয়ে মেসিদের বিপক্ষে নামছেন অস্ট্রিয়া ডিফেন্ডার

জর্ডানের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে চোয়াল ভেঙে গিয়েছিল অস্ট্রিয়া ডিফেন্ডার স্টেফান পশের। কিন্তু মুখরক্ষাকারী মাস্ক পরে অস্ট্রিয়ার অনুশীলনে ফিরেছেন পশ, আজ আর্জেন্টিনার বিপক্ষে একাদশেও দেখা যেতে পারে তাঁকে।

বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছে শ্লটারবেক

চোটে বিশ্বকাপ শেষ হয়ে যেতে পারে জার্মান ডিফেন্ডার নিকো শ্লটারবেকের। আইভরিকোস্টের বিপক্ষে ম্যাচে পায়ে চোট পেয়েছিলেন তিনি। স্কাই জার্মানি ও বিল্ড জানিয়েছে, বরুসিয়া ডর্টমুন্ডের এই ডিফেন্ডার টুর্নামেন্টের বাকি সময়ে খেলতে পারবেন না।

তবে জার্মান ফুটবল ফেডারেশন এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

এবারের বিশ্বকাপে জার্মানির প্রথম ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে একটি গোল করেছিলেন শ্লটারবেক।

আইভরিকোস্টের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন শ্লটারবেক

এমবাপ্পে জানেন, মেসি আরও গোল করবেন

এখন পর্যন্ত এবারের আসরে একটি করে ম্যাচ খেলেছেন মেসি ও এমবাপ্পে। এর মধ্যে মেসি করেছেন তিন গোল, এমবাপ্পে দুটি। গত বিশ্বকাপে মেসিকে টপকে গোল্ডেন বুট জেতা এমবাপ্পে আজ সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন তারকাকে নিয়ে কথা বলেন।

২৭ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘আমি আগেই জানতাম মেসি গোল করা থামাবে না।’ নিজের লক্ষ্যের প্রসঙ্গ টেনে তিনি যোগ করেন, ‘সে (মেসি) সবসময়ই গোল করে। আমার চেয়ে এগিয়ে আছে, আর পেছনে। দলকে যত দূর সম্ভব সামনে নিয়ে যেতে আমিও গোল করে যেতে চাই।’

২০২২ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন মেসি–এমবাপ্পে

মিসর ৩ : ১ নিউজিল্যান্ড (ফুল টাইম)

অবশেষে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয়ের দেখা পেল মিসর। ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে মোহাম্মদ সালাহর দল নিউজিল্যান্ডকে ৩–১ গোলে হারিয়েছে।

এবারের আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে খেলেছিল মিসর। আজকের আগপর্যন্ত খেলা ৮ ম্যাচের কোনোটিতে তাদের জয় ছিল না।

আজও ম্যাচের শুরুতেই পিছিয়েই পড়েছিল মিসর। ১৫ মিনিটে ফিন সারম্যানের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধে মাত্র ২৪ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মিসর। ৫৮ মিনিটে মোস্তাফা জিকো, ৬৭ মিনিটে মোহাম্মদ সালাহ এবং ৮২ মিনিটে ত্রেজেগে গোল করেন।

শেষ বাঁশির পর মোস্তাফা জিকোদের উচ্ছ্বাস

গোল! আরও এগিয়ে মিসর

মিসর ৩ : ১ নিউজিল্যান্ড

ম্যাচে আরও এগিয়ে গেল মিসর। ৮২ মিনিটে গোল করেছেন ত্রেজেগে। ২৪ মিনিটের মধ্যে তৃতীয় গোল পেয়ে গেল মিসর।

সালাহর কর্নারে পোস্টের কাছাকাছি বল পেয়েছিলেন ত্রেজেগে। বদলি নামা এই ফরোয়ার্ড অরক্ষিত থাকায় সহজেই হেডে বল জালে জড়িয়েছেন।

ত্রেজেগের হেডে বল যাচ্ছে নিউজিল্যান্ডের জালে

সালাহর গোলে মিসরের লিড

নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক আক্রমণে ম্যাচের ৬৭ মিনিটে মিসরকে এগিয়ে দিলেন মোহাম্মদ সালাহ। প্রথম গোলের নায়ক মোস্তফা জিকোর সহায়তায় বাঁ পায়ের শক্তিশালী ও বাঁকানো শটে গোলটি করেছেন লিভারপুল কিংবদন্তি।

গোল করেছেন মোহাম্মদ সালাহ

মিসর ১ : ১ নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে সমতা ফিরিয়েছে মিসর। ডান প্রান্ত থেকে মোহাম্মদ হানি দারুণ একটি ক্রস ভাসিয়ে দেন বক্সে। তাতে লাফিয়ে উঠে শক্তিশালী হেড করেন মোস্তাফা জিকো। বল মাটিতে বাউন্স খেয়ে জালে জড়ায়।

পিছিয়ে থেকে বিরতিতে সালাহর মিসর

নিউজিল্যান্ড ১ : ০ মিসর

ভ্যাঙ্কুভারে মিসরের বিপক্ষে ১–০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে নিউজিল্যান্ড। ম্যাচের ১৫ মিনিটে একমাত্র গোলটি এসেছে ফিন সারম্যানের কাছ থেকে। দারুণ এক হেডে গোল করেন এই ডিফেন্ডার। বিরতির পর কি ঘুরে দাঁড়াতে পারবে সালাহর মিসর?

নিউজিল্যান্ড ১ : ০ মিসর

ভ্যাঙ্কুভারে ম্যাচের ১৫ মিনিটে ফিন সারম্যানের গোলে মিসরের বিপক্ষে লিড নিয়েছে নিউজিল্যান্ড। কর্নার থেকে উড়ে আসা বলে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেছেন এই ডিফেন্ডার।

নিউজিল্যান্ডের গোল উদ্‌যাপন

নিউজিল্যান্ডের মুখোমুখি সালাহর মিসর

বিশ্বকাপে গ্রুপ ‘জি’–তে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছে মিসর–নিউজিল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামকে ১–১ গোলে রুখে দিয়েছে মিসর। আর নিউজিল্যান্ড ২–২ গোলে ড্র করেছে ইরানের বিপক্ষে। রাতের অন্য ম্যাচে ইরান–বেলজিয়াম ড্র করেছে, ফলে মিসর–নিউজিল্যান্ডের যারা জিতবে তারাই শীর্ষে উঠবে।

উরুগুয়ে ২ : ২ কেপ ভার্দে (ফুলটাইম)

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে কেপ ভার্দে। এর মধ্য দিয়ে মাত্র এক সপ্তাহের ব্যবধানে টুর্নামেন্টে আরেকটি স্মরণীয় ফল তুলে নিল দলটি। এর আগে আরেক সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য রুখে দিয়েছিল কেপ ভার্দে। আজকের এই ড্র শুধু একটি পয়েন্ট নয়, এর ফলে কেপ ভার্দের বিশ্বকাপ অভিযানের ইতিহাসে আরেকটি গর্বের অধ্যায় যোগ হলো।

২১তম মিনিটে অসাধারণ এক সরাসরি ফ্রি-কিক থেকে গোল করে কেপ ভার্দেকে এগিয়ে দেন কেভিন পিনা। এটি ছিল বিশ্বকাপের ইতিহাসে কেপ ভার্দের প্রথম গোল।

উরুগুয়ের বিপক্ষে অসাধারণ ফুটবল খেলেছে কেপ ভার্দে

তবে প্রথমার্ধের শেষ দিকে ঘুরে দাঁড়ায় উরুগুয়ে। মাক্সিমিলিয়ানো আরাউহো ও গুস্তিন কানোবিও গোল করে কয়েক মিনিটের ব্যবধানে স্কোরলাইন উল্টে দেন। কিন্তু ম্যাচের এক ঘণ্টা পার হওয়ার পর আবার সমতায় ফেরে কেপ ভার্দে। উরুগুয়ের রক্ষণভাগের ভয়াবহ ভুলের সুযোগ নিয়ে গোল করেন হেলিও ভারেলা। শেষ দিকে ম্যাচে ফেরার অনেক চেষ্টা করেছে উরুগুয়ে, কিন্তু জয়সূচক গোলটি আদায় করতে পারেনি তারা।

এর ফলে গ্রুপ ‘এইচ’–এ ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল স্পেন। ২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে উরুগুয়ে এবং সমান পয়েন্ট নিয়ে তিনে কেপ ভার্দে।

কেপ ভার্দের সমতাসূচক গোল

উরুগুয়ে ২ : ২ কেপ ভার্দে

অবিশ্বাস্য কাণ্ড! সমতায় ফিরেছে কেপ ভার্দে।

মাঠে নামার কিছুক্ষণ পরই গোল করেছেন হেলিও ভারেলা। জাতীয় দলের হয়ে এটিই তাঁর প্রথম গোল।

৬১ মিনিটে গোলটি হয়েছে উরুগুয়ের ডিফেন্ডার মাতিয়াস অলিভেরা ও গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার ভয়াবহ ভুল বোঝাবুঝিতে। বল ক্লিয়ার করতে গিয়ে অলিভেরা বলটিতে ঠিকমতো পা লাগাতে পারেননি। এদিকে মুসলেরা ছিলেন নিজের জায়গা থেকে অনেকটা এগিয়ে। সেই সুযোগে ভারেলা বলের কাছে পৌঁছে ভালোভাবে নিয়ন্ত্রণে নেন এবং দূরপাল্লার শটে বল জালে পাঠিয়ে দেন।

গোল! উরুগুয়ে ২–১ কেপ ভার্দে

প্রথমার্ধ শেষ হলো।

যোগ করা সময়ের ৬ মিনিটে সতীর্থের হেড থেকে পায়ের টোকায় গোল করেন উরুগুয়ে মিডফিল্ডার আগুস্তিন কানোবিও।

গোল! উরুগুয়ে ১–১ কেপ ভার্দে

৪৪ মিনিটে বক্সে উড়ে আসা বলে হেড করার চেষ্টা করেন দুই দলের দুই খেলোয়াড়। কেউই বলে ঠিকমতো মাথা ছোঁয়াতে পারেননি। বলটি কেপ ভার্দের পোস্টে লেগে ফিরলেও ফিরতি বলকে জালে পাঠান উরুগুয়ে মিডফিল্ডার মাক্সিমিলিয়ানো আরাউহো।

গোলের পর উরুগুয়ের আরাউহোর উদ্‌যাপন

এমন কিছু আগে কখনো দেখেনি উরুগুয়ে

বিশ্বকাপে এই প্রথম সরাসরি ফ্রি–কিক থেকে গোল হজম করল উরুগুয়ে।

সেই গোলটি যিনি করলেন কেপ ভার্দের ডিফেন্সিভ মিডফিল্ডার কেভিন পিনা—আফ্রিকার তৃতীয় খেলোয়াড় হিসেবে সরাসরি ফ্রি–কিক থেকে গোল করলেন।

এর আগে বড় টুর্নামেন্টে উরুগুয়ে সর্বশেষ সরাসরি ফ্রি–কিক থেকে গোল হজম করেছিল ২০০৭ কোপা আমেরিকায় ভেনেজুয়েলার বিপক্ষে।

১৯ বছর পর আবারও সরাসরি ফ্রি–কিক থেকে গোল হজম করল দলটি।

গোলের পর পিনাকে (৬ নম্বর জার্সি) নিয়ে কেপ ভার্দের উন্মাতাল উদ্‌যাপন

গোল! বিশ্বকাপে প্রথম গোল কেপ ভার্দের!

উরুগুয়ে ০–১ কেপ ভার্দে

অবিশ্বাস্য স্কোরলাইন!

বিশ্বকাপে কত বিস্ময়কর ঘটনাই না ঘটে!

মায়ামি স্টেডিয়ামে ২১ মিনিটে তেমনই এক ঘটনা দেখা গেল। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের জালে ৩০ গজ দূরত্বের ফ্রি–কিক থেকে গোল করলেন কেপ ভার্দের কেভিন পিনা।

কেপ ভার্দের এটাই প্রথম বিশ্বকাপ। জনসংখ্যার হিসাবে বিশ্বকাপে অংশ নেওয়া তৃতীয় ক্ষুদ্রতম দেশ তারা। বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে এসে দ্বিতীয় ম্যাচেই প্রথম গোলের দেখা পেল কেপ ভার্দে এবং সেই গোলে ম্যাচে এগিয়েও গেল উরুগুয়ের বিপক্ষে। অবিশ্বাস্য!

মায়ামিতে মুখোমুখি উরুগুয়ে–কেপ ভার্দে

মায়ামি স্টেডিয়ামে শুরু হয়েছে উরুগুয়ে–কেপ ভার্দে ম্যাচ। ‘এইচ’ গ্রুপে দুই দলই আগে একটি করে ম্যাচ খেলে ১ পয়েন্ট করে পেয়েছে।

মায়ামি স্টেডিয়ামে শুরু হয়েছে উরুগুয়ে–কেপ ভার্দে ম্যাচ

ইরানের প্রশংসায় ভিয়েরা

ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘বেলজিয়াম সন্তুষ্ট করতে পারেনি। ইরানেরই পয়েন্ট প্রাপ্য ছিল। ১০ জন নিয়ে বেলজিয়াম বেশ কিছু ভালো সুযোগ তৈরি করলেও তারা সন্তুষ্ট করতে পারেনি। ইরানকে অভিনন্দন। তারা খুবই গোছানো খেলেছে। রক্ষণে খুব ভালো ছিল।’

বেলজিয়াম ০ : ০ ইরান (ফুলটাইম)

লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে রক্ষণে অবিশ্বাস্য শক্তি দেখিয়েছে ইরান। ম্যাচজুড়ে আধিপত্য ধরে রেখেও জিততে পারেননি কেভিন ডি ব্রুইনা–থিবো কোর্তোয়ারা। ম্যাচে ২৩টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রেখেছিল বেলজিয়াম। কিন্তু কোনোটিই ইরানের রক্ষণ ও গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দকে ফাঁকি দিয়ে জালে প্রবেশ করতে পারেনি। বেইরানভান্দ একাই ৭টি সেভ করেন।

সুযোগ অবশ্য ইরানও পেয়েছিল। বিশেষ করে ৬৬ মিনিটে ডিফেন্ডার নাথান এনগয় লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর ১০ জনের দলে পরিণত হয় বেলজিময়া। এ সময় কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল এশিয়ান দেশটি। কিন্তু শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি। দুই অর্ধে বেলজিয়ামের হয়ে দারুণ দুটি সেভ করেছেন থিবো কোর্তোয়া।

গ্রুপ ‘জি’ তে এখন পর্যন্ত কোনো দলই জিততে পারেনি। বেলজিয়াম ও ইরান নিজেদের দুটি ম্যাচ ড্র করে ২ পয়েন্ট করে পেয়েছে। আর মিসর ও নিউজিল্যান্ড একটি ম্যাচ খেলে পেয়েছে এক পয়েন্ট করে।

১৯৬৬ সালে বিশ্বকাপের তথ্য–উপাত্ত সংরক্ষণ শুরুর পর এই ম্যাচে সবচেয়ে বেশি বয়সী একাদশ মাঠে নামিয়েছে ইরান। গড় বয়স ৩১ বছর ১৮১ দিন। (১৯৬৬ সাল থেকে) বিশ্বকাপের ইতিহাসে এটাই সবচেয়ে বয়স্ক একাদশ।

ম্যাচ শেষে দর্শক অভিবাদনের জবাবে ইরানের খেলোয়াড়রা। বেলজিয়ামের হান্স ফানাকানের সঙ্গে জার্সি বদল করেন ইরান ফরোয়ার্ড মেহদি তারেমি

বেলজিয়াম এখন ১০ জনের দল

৬৬ মিনিটে বেলজিয়ান ডিফেন্ডার নাথান এনগয় লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন। বলটা এনগয়ের কাছেই বল ছিল, আর মেহদি তারেমি তখনও প্রায় ১০ গজ দূরে। এনগয় প্রথমে বল নিয়ন্ত্রণে নেন, কিন্তু এরপর আরেকটি টাচ নিতে গিয়ে দেরি করে ফেলেন। সেই সুযোগে তারেমি বলের দখল নিয়ে নেন।

এরপর তাকে থামানোর চেষ্টা করতে গিয়ে এনগয় তারেমির জার্সি টেনে ধরেন। পরিস্থিতি বিবেচনায় রেফারির লাল কার্ডের সিদ্ধান্ত দিয়েছেন।

লাল কার্ড দেখেন বেলজিয়ামের নাথান এনগয়

অবিশ্বাস্য সেভ

অবিশ্বাস্য সেভ!

৬০ মিনিটে বক্সের ভেতরে কয়েক দফা খেলোয়াড়দের গায়ে লেগে বল এদিক-ওদিক ছিটকে বেড়ানোর পর সেটি গিয়ে পড়ে ম্যাক্সিম ডি কুইপারের সামনে। তিনি জোরালো শট নেন গোলমুখে।

কিন্তু ইরানের গোলরক্ষক অবিশ্বাস্য দক্ষতায় হাত ছুঁইয়ে বলটি ফিরিয়ে দেন। নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় বেলজিয়াম।

কোর্তোয়ায় আবারও গোলবঞ্চিত ইরান

প্রথমার্ধে একবার বেলজিয়ামকে বাঁচিয়েছিলেন কোর্তোয়া। দ্বিতীয়ার্ধে আবারও দলকে রক্ষা করলেন তিনি। দারুণ এক আক্রমণে ইরানের প্রচেষ্টা অবিশ্বাস্য দক্ষতায় রুখে দেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক।

৫৩ মিনিটে বক্সের ভেতর বল পান মেহদি তারেমি। তিনি ঘুরে দাঁড়িয়ে জোরালো শট নেন। কিন্তু কোর্তোয়া শটটি ঠেকিয়ে দেন।

গোলশূন্য সমতায় বিরতিতে বেলজিয়াম–ইরান

লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে রক্ষণে দারুণ শক্তি দেখিয়েছে ইরান। ম্যাচের প্রথম ৪৫ মিনিটে স্পষ্টতই আধিপত্য ছিল বেলজিয়ামের। একের পর এক আক্রমণে গিয়ে দারুণ কিছু সুযোগ তৈরি করেছেন লুকাকু–ডি ব্রুইনারা। কিন্তু এসব আক্রমণকে গোলে রূপান্তর করতে দেয়নি ইরানি ডিফেন্স। এমনকি ইরানের গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দ প্রথমার্ধেই সেভ করেছেন ৪টি গোল।

অন্যদিকে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইরানও। এশিয়ান দলটির দারুণ এক প্রচেষ্টা রুখে দেন বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া। এরপর কৌশলী ফ্রি–কিক থেকে ইরান বল জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয় সেই গোলটি।

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

কৌশলী ফ্রি–কিকে বেলজিয়ামের বিপক্ষে দারুণ এক গোল আদায় করেছিল ইরান। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয় সেই গোল।

বেলজিয়ামকে বাঁচালেন কোর্তোয়া

নিজের গুরুত্ব বোঝালেন থিবো কোর্তোয়া। স্রোতের বিপরীতে দারুণ এক আক্রমণ শানায় ইরান। ডিফেন্ডার হোসেইন কানানি ঘুরে দাঁড়িয়ে নিচের কোণ লক্ষ্য করে দুর্দান্ত একটি শট নেন। বলটি প্রায় জালেই জড়িয়ে যাচ্ছিল, কিন্তু অসাধারণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে সেটি ঠেকিয়ে দেন কোর্তোয়া।

বেলজিয়ামের এই তারকা গোলরক্ষকের দুর্দান্ত সেভে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় ইরান।

ইরানের প্রতিরোধ

ম্যাচে এখন পর্যন্ত ১৩ মিনিট খেলা হয়েছে, যেখানে স্পষ্ট আধিপত্য বেলজিয়ামের। একের পর এক আক্রমণ করে যাচ্ছে তারা। শটও নিয়েছে ৪টি। তবে ইরানি রক্ষণভাগের প্রতিরোধের মুখে সাফল্য পায়নি বেলজিয়াম।

গ্রুপ ‘জি’-তে সবার পয়েন্ট ১

গ্রুপ ‘জি’-তে প্রথম রাউন্ডের সব ম্যাচই ড্র হয়েছে। ফলে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করতে এখন বেলজিয়ামের জন্য জয়ের কোনো বিকল্প নেই। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নেওয়াই তাদের জন্য সবচেয়ে জরুরি। তবে ছেড়ে কথা বলবে না ইরানও।

লস অ্যাঞ্জেলেসে মুখোমুখি ইরান–বেলজিয়াম

‘এইচ’ গ্রুপ থেকে পরের ম্যাচে লস অ্যাঞ্জেলসে মুখোমুখি হবে ইরান ও বেলজিয়াম। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

স্পেন ৪–০ সৌদি আরব

খেলা শেষ।

সৌদি আরবের বিপক্ষে বড় জয়ে মাঠ ছাড়ল স্পেন। প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোল করতে না পারার দুঃখ কি খুব ভালোভাবে মেটাতে পারল?

লুইস দে লা ফুয়েন্তের দল গোল করতে পারত আরও বেশি। তবু নিজের ৬৫ তম জন্মদিন উদ্‌যাপনে এই জয়টা উপভোগ করবেন স্পেন কোচ।

এই জয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে উঠল স্পেন। ২ ম্যাচে দলটির পয়েন্ট ৪। ‘এইচ’ গ্রুপের শীর্ষে তিনে থাকাও নিশ্চিত হয়েছে স্পেনের। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তিনে সৌদি আরব।

স্পেনের বড় জয়ের পর নিকো উইলিয়ামসের সঙ্গে ছবি তুলছেন লামিনে ইয়ামাল

প্রথমার্ধে ২৪ মিনিটের মধ্যে ৩ গোল করে স্পেন। এরপর আর গোল করতে পারেনি। চতুর্থ গোলটি সৌদি আরবের ‘উপহার’—আত্মঘাতী গোল। ৪৯ মিনিটে সৌদি ডিফেন্ডার হাসান আল–তাম্বাকতি আত্মঘাতী গোল করেন।

ম্যাচে ২২ টি শট নিয়ে ৮টি সৌদির পোস্টে রাখতে পেরেছে স্পেন। ৫টি সেভ করেন সৌদি গোলকিপার।

ভিএআরে গোল বাতিল, স্পেন ৪–০ সৌদি আরব

ভিএআরের হস্তক্ষেপে স্পেনের পঞ্চম গোলটি বাতিল হলো। অফসাইড ছিলেন তোরেস।

এবার বিশ্বকাপে প্রথম গোল পাওয়ার অপেক্ষা বাড়ল স্পেন তারকার।

গোল! স্পেন ৫–০ সৌদি আরব

যোগ করা (৯২) সময়ে ডান প্রান্ত থেকে পেদ্রো পোরোর ক্রসে পা ছুঁইয়ে গোল ফেরান তোরেসের।

আত্মঘাতী গোলে এখনই দ্বিতীয় সর্বোচ্চ

এখন পর্যন্ত ৮টি আত্মঘাতী গোল হয়েছে এবারের বিশ্বকাপে। শুধু ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেই এর চেয়ে বেশি আত্মঘাতী গোল (১২) হয়েছে।

৪–০ গোলে এগিয়ে স্পেন

প্রথমার্ধেই ৩–০ গোলে এগিয়ে যাওয়া স্পেন দ্বিতীয়ার্ধের শুরুতেও গোল পেয়েছে। এবার অবশ্য নিজেদের জালেই বল জড়িয়েছে সৌদি আরব। ৪৯ মিনিটে মার্ক কুকুরেয়ার ভলি সৌদি গোলরক্ষক ফিরিয়ে দিলেও হাসান আল তামবাকতির শরীরে লেগে ঢুকে যায় জালে।

সৌদি আরবের সামনে কি ২০০২-এর ভূত

মাঠে স্পেনের যে দাপট, তাতে সৌদি সমর্থকদের মনে পুরনো এক দুঃস্বপ্ন উঁকি দিতে বাধ্য। ২০০২ বিশ্বকাপে জার্মানির কাছে সেই বিখ্যাত ৮-০ গোলে বিধ্বস্ত হওয়ার স্মৃতি আজও ভোলেনি আরব ফুটবল। আজ আটলান্টার মাঠে স্প্যানিশরা যেভাবে খেলছে এবং প্রথমার্ধেই যেভাবে ৩-০ গোলে পিছিয়ে পড়েছে সৌদি আরব, তাতে প্রশ্নটা উঠেই যাচ্ছে—২০০২ সালের পর বিশ্বকাপে এটিই কি হতে যাচ্ছে তাদের সবচেয়ে বড় পরাজয়? খেলা যেদিকে গড়াচ্ছে, তাতে ব্যবধান আরও বাড়লে অবাক হওয়ার কিছুই থাকবে না!

ওইয়ারসাবালের জোড়া গোল, উড়ছে স্পেন

অবিশ্বাস্য শুরু স্পেনের! ইউরোপীয় চ্যাম্পিয়নদের গোলবন্যা যেন থামছেই না। মাঠের এক প্রান্ত থেকে উড়ে আসা এক কোণাকুণি ক্রস দারুণ দক্ষতায় বুক দিয়ে নিয়ন্ত্রণে নেন মার্ক কুকুরেয়া। সেখান থেকে দানি ওলমো মাথা ছুঁইয়ে বল বাড়িয়ে দেন সামনে। আর বল পেয়েই নিখুঁত শটে জালে জড়াতে একদম ভুল করেননি মিকেল ওইয়ারসাবাল।

অল্প সময়ের ব্যবধানে এটি ওইয়ারসাবালের দ্বিতীয় গোল! সৌদি আরব কিছু বুঝে ওঠার আগেই স্কোরলাইন ৩-০ করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের মুঠোয় নিয়ে নিল স্পেন।

আবারও গোল, স্পেনের ব্যবধান দ্বিগুণ

আটলান্টায় সৌদি আরবকে চেপে ধরেছে ‘লা রোজা’রা। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি স্পেনের হাতে, স্কোরলাইন এখন ২-০!

একটি কর্নার কিক থেকে জটলার সৃষ্টি হয়েছিল। বল পেয়ে যান দানি ওলমো, তিনি দারুণ এক ফ্লিকে বল বাড়িয়ে দেন সিক্স-ইয়ার্ড বক্সের দিকে। সৌদি ডিফেন্ডাররা বলটি ক্লিয়ার করতে পুরোপুরি ব্যর্থ হলে সুযোগসন্ধানী এমেরিক লাপোর্ত মাথা ছুঁইয়ে বলের দিক বদলে দেন। একদম ফাঁকায় বল পেয়ে যান মিকেল ওইয়ারসাবাল। সৌদি রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়াতে কোনো ভুল করেননি তিনি। ডান কোণ দিয়ে বল জড়াল জালে। ২-০ গোলে এগিয়ে স্পেন!

পেলের পাশে লামিনে ইয়ামাল!

মাঠে স্পেনের একক আধিপত্য চলছেই। শুরুর একাদশে লামিনে ইয়ামালকে রাখার সুফল হাতেনাতে পাচ্ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। বার্সেলোনা তারকা আজ শুধু গোলই করেননি, নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়।

বিশ্বকাপের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড় হিসেবে ম্যাচের প্রথম গোল করার কীর্তি ছিল এত দিন মাত্র একজনের। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে মাত্র ১৭ বছর বয়সে ব্রাজিলের হয়ে ডেডলক ভেঙেছিলেন মহানায়ক পেলে। দীর্ঘ ৬৮ বছর পর পেলের সেই অনন্য রেকর্ডে ভাগ বসালেন ১৮ বছর বয়সী ইয়ামাল।

বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পেয়ে গেলেন ইয়ামাল।

১০ মিনিটেই লামিনে ইয়ামালের জাদু!

করে দেখালেন লামিনে ইয়ামাল! বিশ্বকাপের মঞ্চে নিজের প্রথম শুরুটা রাঙাতে মাত্র ১০ মিনিট সময় নিলেন বার্সেলোনা তারকা। প্রথমবার শুরুর একাদশে সুযোগ পেয়েই বাজিমাত! দুর্দান্ত এক গোলে স্পেনকে শুরুতেই এগিয়ে নিলেন এই তরুণ তুর্কি। বিশ্বকাপের ইতিহাসে নিজের প্রথম গোলের দেখা পেয়ে গেলেন ইয়ামাল। স্প্যানিশ ফুটবলের নতুন রাজপুত্রের শুরুটা হলো রাজকীয়ভাবেই।

বুড়োদের সৌদি আরব

গড়ে ২৮ বছর ২৭২ দিন বয়সী এক একাদশ নিয়ে আজ মাঠে নামছে সৌদি আরব। বিশ্বকাপে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ বয়সী শুরুর একাদশ। এর চেয়ে বেশি বয়সী একাদশ নিয়ে তারা খেলেছিল কেবল ২০১৮ বিশ্বকাপে, স্বাগতিক রাশিয়ার বিপক্ষে (২৯ বছর ১৯৭ দিন)। সৌদি ফুটবলপ্রেমীরা অবশ্য সেই ম্যাচের স্মৃতি মনে রাখতে চাইবেন না, সেবার স্বাগতিকদের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হতে হয়েছিল তাদের।

স্পেনের একাদশে ইয়ামাল

কেপ ভার্দের বিপক্ষে ড্রয়ের পর চাপেই আছে স্পেন। আজ সৌদি আরবের বিপক্ষে ম্যাচে তাঁরা প্রথম একাদশে রেখেছে লামিনে ইয়ামালকে। আগের ম্যাচে ৭১ মিনিটের সময় বদলি হিসেবে নেমেছিলেন তিনি। ইয়ামাল ছাড়াও কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে আরও তিনটি পরিবর্তন এনেছে স্পেন। সৌদির বিপক্ষে তাদের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায়।

তিউনিসিয়ার বিদায়

এবারের বিশ্বকাপের তৃতীয় দল হিসেবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হলো তিউনিসিয়ার। এর আগে হাইতি ও তুরস্ক বিদায় নিয়েছিল। তবে সব দলেরই গ্রুপে একটি করে ম্যাচ এখনও বাকি।

টানা দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হেরেছে তিউনিসিয়া

জাপান ৪ : ০ তিউনিসিয়া (ফুল টাইম)

আবারও বড় ব্যবধানে হারল তিউনিসিয়া। আজ মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে জাপানের কাছে ৪–০ গোলে হেরেছে আফ্রিকান দলটি। এর আগে প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫–১ গোলে হেরেছিল তিউনিসিয়া।

টানা দুই হারে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তিউনিসিয়ার। আর নকআউটের সম্ভাবনা উজ্জ্বল করল জাপান। আজ জাপানের হয়ে দুটি গোল করেছেন আয়াসে উয়েদা, একটি করে দাইচি কামাদা ও জুনিয়া ইতো।

চার নম্বর গোলও পেয়ে গেল জাপান

তিউনিসিয়ার বিপক্ষে ব্যবধান আরও বাড়িয়েছে জাপান। ম্যাচের ৮৩তম মিনিটে দলের চতুর্থ গোল করেছেন উয়েদা। এটি তাঁর দ্বিতীয় গোল।

তিউনিসিয়ার বিপক্ষে আরও একটি গোলের উদ্‌যাপন জাপানের খেলোয়াড়দের। আফ্রিকান দলটির বিপক্ষে ৪–০ গোলে এগিয়ে এশিয়ান পরাশক্তিরা

আবার এগিয়ে গেল জাপান

ম্যাচের এখনো বাকি ২০ মিনিট। তবে ম্যাচের ভাগ্য হয়তো এরইমধ্যে লিখেই ফেলেছে জাপান! প্রথমার্ধে দুই গোল করা জাপান ম্যাচের ৬৯ মিনিটে পেয়েছে তৃতীয় গোল। গোল করেছেন জুনিয়া ইতো।

বিরতিতে এগিয়ে জাপান

জাপান ২ : ০ তিউনিসিয়া

‘এফ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে ২–০ গোলে এগিয়ে বিরতিতে গেছে জাপান। চতুর্থ মিনিটে দাইচি কামাদা আর ৩১তম মিনিটে আয়াসে উয়েদা গোল করেছেন।

২ গোলে এগিয়ে গেল জাপান

আবারও তিউনিসিয়ার রক্ষণ দুর্বলতা কাজে লাগিয়ে গোল পেয়ে গেল জাপান। ৩১তম মিনিটে গোল করেছেন আয়াসে উয়েদা।

প্রতি–আক্রমণে উয়েদা বল পেয়েছিলেন মাঝমাঠ থেকে একটু ভেতরে। এরপর তিউনিসিয়ান ডিফেন্ডারদের তেমন কোনো চ্যালেঞ্জ ছাড়াই বক্সের মাথা থেকে কোনাকুনি শট নেন জালের উদ্দেশে। ডিফেন্ডার মন্তাসার তালবির পায়ের ফাঁক দিয়ে বল পৌঁছে যায় লক্ষ্যে।

শুরুতেই জাপানের গোল

দারুণ গোল জাপানের। ম্যাচের ৪ মিনিটেই দলকে এগিয়ে দিয়েছেন দাইচি কামাদা। গোল হতে পারত আরও। ম্যাচের ৯ মিনিটে আরো একটি গোল পেতে পারত জাপান। তিউনিসিয়ার গোলকিপারের দৃঢ়তায় সেটি আর হয়নি।

জাপান এগিয়ে গেছে কামাদার গোলে

বিশ্বকাপের হাজারতম ম্যাচ

এই ম্যাচটি যারাই দেখছেন, সবাই ইতিহাসের অংশ হয়ে গেলেন! বিশ্বকাপের হাজারতম ম্যাচ বলে কথা! খেলছে জাপান–তিউনিসিয়া।

১৯৩০ সালে মেক্সিকো-ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ দিয়ে শুরু হয়েছিল বিশ্বকাপের যাত্রা। প্রথম বিশ্বকাপ হয়েছিল ১৩ দল নিয়ে, এবার বিশ্বকাপে খেলছে ৪৮টি দল।

বিশ্বকাপের হাজারতম ম্যাচে এক দর্শক

ইরানের ঝামেলা কমছে না

ইরান ফুটবল দলের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা উঠছে না। সংবাদ সংস্থা রয়টার্সকে হোয়াইট হাউস টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, আপাতত সবকিছু আগের পরিকল্পনা অনুসারেই চলবে। মানে আজ লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ খেলে ইরানকে আবার বেস ক্যাম্প মেক্সিকোতে ফিরতে হবে।

তবে এ বিষয় নিয়ে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ শেষে আলোচনা হবে বলেও জানিয়েছেন অ্যান্ড্রু জুলিয়ানি।

যেখানে সবার ওপরে এলয় রম

ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে এলয় রম ১৫টি সেভ করেছেন, যা ১৯৬৬ সালের পর থেকে অতিরিক্ত সময় ছাড়াই অনুষ্ঠিত কোনো বিশ্বকাপ ম্যাচে একজন গোলরক্ষকের সর্বোচ্চ সেভের রেকর্ড।

ইকুয়েডর ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ চালালেও এলয় রুম ছিলেন যেন অদম্য প্রাচীর। তার অসাধারণ ক্ষিপ্রতা, অবস্থানজ্ঞান ও আত্মবিশ্বাসী গোলকিপিংয়ের সামনে বারবার ব্যর্থ হয়েছেন ইকুয়েডরের ফরোয়ার্ডরা।

বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি গোল বাঁচানোর রেকর্ড যুক্তরাষ্ট্রের সাবেক গোলরক্ষক টিম হাওয়ার্ডের। ২০১৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে হাওয়ার্ড রেকর্ড ১৬টি সেভ করেছিলেন।

অবিশ্বাস্য সব গোল বাঁচিয়েছেন কুরাসাও গোলরক্ষক

ইকুয়েডর ০ : ০ কুরাসাও (ফুল টাইম)

কানসাস সিটিতে আজ ইতিহাস গড়েছে কুরাসাও। ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করে স্মরণীয় একটি পয়েন্ট পেয়েছে ক্যারিবীয় দ্বীপদেশটি।

এই সাফল্যের নায়ক গোলরক্ষক এলয় রম। অবিশ্বাস্য পারফরম্যান্সে তিনি একাই ঠেকিয়েছেন ইকুয়েডরের ১৫টি শট। তাঁর একের পর এক দুর্দান্ত সেভে হতাশ হতে হয়েছে দক্ষিণ আমেরিকার দলটিকে।

ম্যাচের আগে স্পষ্ট ফেভারিট ছিল ইকুয়েডর। কিন্তু মাঠে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারেনি তারা। কুরাসাওয়ের দৃঢ় ও সংগঠিত রক্ষণভাগ ভেদ করার কোনো কার্যকর উপায় খুঁজে পায়নি দলটি। ফলে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ইকুয়েডরকে, আর কুরাসাও ম্যাচ শেষে মেতেছে উদ্‌যাপনে।

৬৮ মিনিটে ১১ সেভ

অবিশ্বাস্য গোলকিপিং করে চলেছেন কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রম। ম্যাচের দ্বিতীয়ার্ধে হাইড্রেশন ব্রেক চলার সময় তিনি গোল সেভ করেছেন ১১টি। যার মধ্যে ইকুয়েডরের একাধিক প্রচেষ্টা ছিল নিশ্চিত গোল হওয়ার মতো। বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি গোল বাঁচানোর রেকর্ড যুক্তরাষ্ট্রের সাবেক গোলরক্ষক টিম হাওয়ার্ডের। ২০১৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে হাওয়ার্ড রেকর্ড ১৬টি সেভ করেছিলেন।

গোলহীন ইকুয়েডর–কুরাসাওয়ের ম্যাচের প্রথমার্ধ

ইকুয়েডর ও কুরাসাওয়ের ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হয়েছে। প্রথমার্ধে দুই দলের গোলের একাধিক সুযোগ পেয়েছে, কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় গোল পায়নি কোনো দল। এখন দ্বিতীয়ার্ধে কি গোলের দেখা মিলবে?

ইকুয়েডরের মুখোমুখি হবে কুরাসাও

বাংলাদেশ সময় সকাল ৬টায় ইকুয়েডরের মুখোমুখি হবে জনসংখ্যায় বিশ্বকাপের ক্ষুদ্রতম দেশ কুরাসাও।

উনদাভের জোড়া গোল জেতাল জার্মানিকে

জার্মানি ২ : ১ আইভরিকোস্ট

বদলি নেমে জার্মানির ত্রাতা হলেন ডেনিজ উনদাভ। ৩০ মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে পিছিয়ে পড়া জার্মানি ৬৮ মিনিটে সমতায় ফেরান উনদাভ। এরপর যোগ করা সময়ে আবার জার্মানির হয়ে গোল করলেন সেই উনদাভ। শেষ পর্যন্ত তাঁর করা জোড়া গোলেই টরোন্টোতে আইভরিকোস্টকে ২–১ ব্যবধানে হারাল জার্মানি।

বদলি হিসেবে নেমে গুরুত্বপূর্ণ সময়ে গোল করার জন্য উনদাভ ইতিমধ্যেই পরিচিত। আর এবারও তিনি প্রমাণ করলেন, ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা আছে তাঁর। অন্যদিকে ম্যাচে দারুণ খেলেও শেষ পর্যন্ত হতাশা সঙ্গী হয়েছে আইভরিকোস্টের।

জার্মানি ১ : ১ আইভরিকোস্ট

পিছিয়ে থাকার পর অবশেষে সমতা ফেরাল জার্মানি। ৬৮ মিনিটে নাদিম আমিরির ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে সমতাসূচক গোলটি করেন ডেনিজ উনদাভ।

রাফিনিয়ার চোটের অবস্থা জানাল সিবিএফ

হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ডান উরুর পেছনে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। বিভিন্ন পরীক্ষা–নীরিক্ষার পর রাফিনিয়ার চোটে ব্যাপারে বিস্তারিত জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

সিবিএফের বরাত দিয়ে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, রাফিনিয়ার ডান উরুর পেছনের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। ফলে স্কটল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে তিনি খেলতে পারবেন না। তবে বিশ্বকাপ স্কোয়াড থেকে তাঁকে বাদ দেওয়ার পরিকল্পনা নেই বলেও জানিয়েছে সিবিএফ।

পিছিয়ে থেকে বিরতিতে জার্মানি

টরোন্টোতে আইভরিকোস্টের বিপক্ষে ১–০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেল জার্মানি। প্রথমার্ধের ৩০ মিনিটের সময় একমাত্র গোলটি করেছেন আইভরিকোস্ট তারকা ফ্রাঙ্ক কেসি। বিরতির পর জার্মানি কি ঘুরে দাঁড়াতে পারবে?

জার্মানির গোল বাতিল

কাই হাভার্টজ ভেবেছিলেন, তিনি জার্মানির সমতাসূচক গোলটি করে ফেলেছেন। কিন্তু গোল উদ্‌যাপন বেশিক্ষণ স্থায়ী হয়নি।

হাভার্টজের শট জালে জড়ালেও রেফারি গোলটি বাতিল করেন। কারণ, তার কয়েক সেকেন্ড আগে আইভরি কোস্টের ডিফেন্ডার ইমানুয়েল আগবাদু ফাউলের শিকার হন।

গোল! জার্মানি ০–১ আইভরিকোস্ট

টরন্টোয় ম্যাচের ৩০ মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে জার্মানির বিপক্ষে এগিয়ে গেল আইভরিকোস্ট। বক্সের মধ্যে জটলার ভেতর ফিরতি বলে নেওয়া শটে গোল করেন কেসি।

এখন জার্মানির সামনে আইভরিকোস্ট

২০০৬ সালের পর বিশ্বকাপে আর কখনো টানা দুটি ম্যাচ জেতেনি জার্মানি। এবার তাদের সামনে সুযোগ আছে সেই ইতিহাস বদলানোর। প্রথম ম্যাচে কুরাসাওকে ৭–১ গোলে উড়িয়ে দেওয়া জার্মানির প্রতিপক্ষ এখন আইভরিকোস্ট। টরোন্টোর এই ম্যাচটিতে জিতলে ইতিহাস বদলানোর পাশাপাশি নকআউটও নিশ্চিত হবে জার্মানির। ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পারেনি। তবে এবার বোধহয় গল্পটা বদলাতে যাচ্ছে।

অন্যদিকে আইভরিকোস্ট নিজেদের প্রথম ম্যাচে ১–০ গোলে হারায় ইকুয়েডরকে।

নেদারল্যান্ডস ৫ : ১ সুইডেন (ফুল টাইম)

সুইডেনের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে নেদারল্যান্ডস। দারুণ খেলা ডাচদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি সুইডিশরা। উড়ে গেছে ৫–১ গোলের বিশাল ব্যবধানে। নেদারল্যান্ডসের জয়ে জোড়া গোল করেছেন কোডি গাকপো ও ডেনজেল ডামফ্রাইস।

এই জয়ে গ্রুপ ‘এফ’–এর শীর্ষে উঠে এল নেদারল্যান্ডস। নিজেদর প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২–২ গোলে করেছিল তারা। আর সুইডেন প্রথম ম্যাচে ৫–১ গোলে হারিয়েছিল তিউনিসিয়াকে।

সুইডেনের জালে ডাচদের ৫ম গোল

সুইডেনের বিপক্ষে এবার ম্যাচের শেষ মুহূর্তে ৫ম গোলের দেখা পেল নেদারল্যান্ডস। ম্যাচের ৮৯ মিনিটে দারুণ ফিনিশিংয়ে ৫ম গোলটি করেন ক্রিসেনসিও সামারভিল।

এক গোল শোধ করল সু্ইডেন

চার গোল খাওয়ার পর এক গোল শোধ করল সুইডেন। ৫৯ মিনিটে প্রতি–আক্রমণে গোলটি করেন বদলি নামা অ্যান্থনি এলাঙ্গা।

গাকপোর জোড়া গোল

সুইডেনের বিপক্ষে নেদারল্যান্ডসের হয়ে প্রথমার্ধে জোড়া গোল করেছিলেন ব্রায়ান ব্রবি। বিরতির পর নেদারল্যান্ডসের হয়ে জোড়া গোল করলেন কোডি গাকপো। ৫৪ মিনিটে দারুণ এক শটে দলের চার নম্বর ও নিজের দ্বিতীয় গোলটি করেন এই লিভারপুল তারকা।

এটি চলতি বিশ্বকাপের ১০০তম গোল। ৩৩তম ম্যাচেই এই মাইলফলক স্পর্শ করা হলো। ১৯৫৮ সালের পর এত দ্রুত ১০০ গোলের দেখা আর মেলেনি বিশ্বকাপে।

সতীর্থের সঙ্গে গাকপোর গোল উদ্‌যাপন

তিন গোলে এগিয়ে নেদারল্যান্ডস

বিরতির পরপরই ব্যবধান ৩–০ করল নেদারল্যান্ডস। ৪৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের সহায়তায় দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন লিভারপুল ফরোয়ার্ড কোডি গাকপো।

বিরতি: নেদারল্যান্ডস ২–০ সুইডেন

প্রথমার্ধে শেষ দিকে দুটি দারুণ সেভ করেন ডাচ গোলকিপার বার্ট ভারব্রুগেন।

শেষ হলো প্রথমার্ধ।

৫ ও ১৭ মিনিটে ডাচদের হয়ে গোল করেন ফরোয়ার্ড ব্রায়ান ব্রবি।

১৭ মিনিটেই ২–০ গোলে এগিয়ে ডাচরা

জোড়া গোল করেছেন ব্রায়ান ব্রবি (ডানে)

আবারও গোল পেয়েছেন ব্রায়ান ব্রবি। ডান পাশ থেকে ডেনজেল ডামফ্রিসের বাড়ানো পাসে পা ছুঁয়ে গোল করেছেন সান্ডারল্যান্ড ফরোয়ার্ড। ডাচ জাতীয় দলের জার্সিতে এটি তাঁর তৃতীয় গোল।

৫ মিনিটেই এগিয়ে গেল ডাচরা

হিউস্টনে ৫ মিনিটেই এগিয়ে গেছে নেদারল্যান্ডস। কোডি গাকপোর দারুণ এক পাসে পা ছুঁয়ে গোলটি করেছেন ব্রায়ান ব্রবি।

হিউস্টনে মুখোমুখি নেদারল্যান্ডস ও সুইডেন

হিউস্টনে মুখোমুখি নেদারল্যান্ডস ও সুইডেন

বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হচ্ছে নেদারল্যান্ডস–সুইডেন ম্যাচ। প্রথম ম্যাচে তিউনিসিয়াকে হারিয়ে এফ গ্রুপের শীর্ষে আছে সুইডিশরা। অন্যদিকে অন্যতম ফেবারিট নেদারল্যান্ডস প্রথম ম্যাচে ড্র করেছে এশিয়ান দল জাপানের সঙ্গে।

হাজারতম ম্যাচের অপেক্ষা

বিশ্বকাপ ইতিহাসের ১০০০তম ম্যাচ বাংলাদেশ সময় কাল সকাল ১০টায়, মুখোমুখি হবে জাপান-তিউনিশিয়া।

মন্তিয়েলের চোট

ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে অস্ট্রিয়া ম্যাচ থেকে ছিটকে গেছেন গঞ্জালো মন্তিয়েল। গতকাল তিনি এই চোটে দলের সঙ্গে অনুশীলনও করেননি।

বিস্তারিত পড়ুন—

আর্জেন্টিনার পরের ম্যাচে নেই মন্তিয়েল

প্যারাগুয়ে ১ : ০ তুরস্ক (ফুল টাইম)

ম্যাচের অর্ধেকের বেশি সময় একজন কম নিয়ে খেলেও তুরস্ককে ১–০ গোলে হারিয়েছে প্যারাগুয়ে। এই জয়ে নকআউটে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখল লাতিন আমেরিকার দলটি।

বিপরীতে, টানা দুই ম্যাচ হেরেছে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তুরস্কের। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২–০ গোলে হেরেছিল তারা।

আজ সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে ম্যাচের ৬৫ সেকেন্ডেই প্যারাগুয়ে এগিয়ে যায় মাতিয়াস গালারজার গোলে। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে আলমিরন লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও দলটি তুরস্ককে সমতা আনতে দেয়নি।

প্রথমার্ধে প্যারাগুয়ে ১–০ গোলে এগিয়ে

প্যারাগুয়ে–তুরস্ক ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে দুই দলই খেলেছে গতিময় ফুটবল। আক্রমণে, প্রতি–আক্রমণে সুযোগ তৈরির চেষ্টা করেছে দুই দলই। এর মধ্যেই মের্ত মুলদুরকে মুখ ঢেকে কিছু একটা বলে লাল কার্ড দেখেছেন প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন। ফিফার নতুন নিয়মে এটিই প্রথম লাল কার্ড।

এর আগে কিক অফ বাঁশির মাত্র ৬৫ সেকেন্ডেই গোল করে প্যারাগুয়েকে এগিয়ে দেন মাতিয়াস গালারজা। প্রথম ৪৫ মিনিটের খেলা শেষেও দলটি সেই ব্যবধানেই এগিয়ে। যদিও এই মুহূর্তে দলটি ১০ জনের।

নতুন নিয়মের প্রথম লাল কার্ড আলমিরনের

প্রথমার্ধের যোগ করা সময়ে ১০ জনের দল হয়ে পড়ল প্যারাগুয়ে। লাল কার্ড দেখেছেন মিডফিল্ডার মিগুয়েল আলমিরন। মুখ ঢেকে মের্ত মুলদুরকে কিছু একটা বলেছেন তিনি। ফিফার নতুন নিয়ম অনুযায়ী রেফারি তা ভিএআরে চেক করেন। এরপর দেখান লাল কার্ড।

মুখ ঢেকে কথা বললে কেন লাল কার্ড, পড়ে নিতে পারেন প্রথম আলোর এই প্রতিবেদন থেকে: বিশ্বকাপে প্রতিপক্ষের সঙ্গে মুখ ঢেকে কথা বললে লাল কার্ড

তুরস্কের মুরদুলকে মুখ ঢেকে কিছু একটা বলায় লাল কার্ড দেখেছেন প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন (ছবিতে নেই)

৬৫ সেকেন্ডেই গোল প্যারাগুয়ের

তুরস্কের বিপক্ষে ম্যাচের মাত্র ৬৫ সেকেন্ডেই গোল করেছেন প্যারাগুয়ের মাতিয়াস গালারজা। এটি এবারের আসরের দ্রুততম গোল। আজই স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর ইসমায়েল সাইবারি গোল করেছিলেন ৭১ সেকেন্ডে।

সবার আগে হাইতির বিদায়

এবারের বিশ্বকাপের প্রথম দল হিসেবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির। আজ ব্রাজিলের কাছে ৩–০ গোলে হারার আগে তারা স্কটল্যান্ডের কাছে হেরেছিল ১–০ গোলে। ‘সি’ গ্রুপে ব্রাজিল ও মরক্কোর পয়েন্ট ৪ করে, স্কটল্যান্ডের ৩। অর্থাৎ, হাইতি গ্রুপপর্বের শেষ ম্যাচে জিতলেও শীর্ষ তিনে ওঠার সুযোগ নেই।

ব্রাজিল ৩ : ০ হাইতি (ফুল টাইম)

ড্র দিয়ে শুরু। মরক্কোর বিপক্ষে জয় না পাওয়ায় বেশ চাপেই পড়েছিল ব্রাজিল। সেই চাপ ব্রাজিল উড়িয়ে দিয়েছে হাইতির বিপক্ষে ৩–০ গোলে জিতে। কুনিয়া করেছেন জোড়া গোল, ভিনিসিয়ুস করেছেন একটি।

ব্রাজিল বল জালে জড়িয়েছে আরও দুইবার। অফসাইডে ১২ মিনিটে রাফিনিয়ার গোল এবং বদলি নামা এনদ্রিকের গোল বাতিল হয় ৭৮ মিনিটে। পাশাপাশি আরও অন্তত তিনটি গোলের সুযোগ নষ্ট করে আনচেলত্তির দল।

এনদ্রিকের গোল বাতিল

ম্যাচের ৭৮ মিনিটে ব্রাজিলের হয়ে বল জালে জড়িয়েছিলেন বদলি নামা এনদ্রিক। কিন্তু সেই গোল বাতিল হলো অফসাইডের কারণে।

দুই পরিবর্তন আনলেন আনচেলত্তি

৬৪ মিনিটে জোড়া গোল করা মাতেউস কুনিয়া এবং লুকাস পাকেতাকে বদলি করেছেন আনচেলত্তি। তাদের দুজনের বদলে মাঠে নেমেছেন এনদ্রিক ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।

বিরতি, ব্রাজিল ৩–০ হাইতি

মরক্কোর বিপক্ষে ড্র থেকে ঘুরে দাঁড়িয়ে হাইতির বিপক্ষে গোল উৎসবের ইঙ্গিত দিচ্ছে ব্রাজিল। কুনিয়ার জোড়া গোল ও ভিনিসিয়ুসের গোলে ৩–০ ব্যবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করেছে কার্লো আনচেলত্তির দল।

হাইতিকে প্রথম ১০ মিনিট ম্যাচে বেশ গোছাল মনে হয়েছে। তারপর ব্রাজিলের আক্রমণের সামনে ধীরে ধীরে অসহায় হয়ে উঠেছে তাদের ডিফেন্স।

গোল! ‘ক্লিনিক্যাল’ ভিনিসিয়ুস

ব্রাজিল ৩–০ হাইতি

প্রথমার্ধে যোগ করা সময়ের ৩ মিনিটে হাইতি গোলকিপার জনি প্লাসিডকে একা পেয়ে তাঁর দুই পায়ের ভেতর দিয়ে ক্লিনিক্যাল ফিনিশিংয়ে গোল ভিনিসিয়ুসের। বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে অনেকখানি এগিয়ে গিয়েছিলেন ভিনিসিয়ুস।

রাফিনিয়া মাঠ ছাড়লেন, নামলেন রায়ান

চোটের কারণে ৪০ মিনিটে মাঠ ছাড়লেন রাফিনিয়া। তাঁর বদলি হিসেবে মাঠে নামলেন বোর্নমাউথ উইঙ্গার ১৯ বছর ৩২০ দিন বয়সী রায়ান।

গোল! ব্রাজিল ২–০ হাইতি

৩৬ মিনিটে কুনিয়ার দ্বিতীয় গোল! ছন্দে ফেরার ইঙ্গিত ব্রাজিলের।

মাঝমাঠ থেকে দারুণ এক মুভ শুরু করেন ভিনিসিয়ুস। দৌড়ে তাঁর বাঁ দিকে চলে যাওয়া কুনিয়াকে ডিফেন্সচেরা থ্রু পাস দেন ভিনি। সেখান থেকে বাঁ পায়ের শটে ম্যাচে দ্বিতীয় গোল কুনিয়ার।

এবারের বিশ্বকাপে এই প্রথম ব্রাজিলের আক্রমণভাগকে ব্রাজিলের মতো মনে হচ্ছে!

গোলের পর কুনিয়া

কুনিয়ার গোলে এগিয়ে গেল ব্রাজিল

ব্রাজিল ১–০ হাইতি

অবশেষে ২৩ মিনিটে গোলের দেখা পেল ব্রাজিল। গোলদাতা মাতেউস কুনিয়া।

ডান প্রান্ত থেকে বল নিয়ে হাইতির বক্সে ঢুকে শট নেন ভিনিসিয়ুস। হাইতি গোলকিপার জনি প্লাসিড শটটি ঠেকালেও ফিরতি বলে ব্রাজিলের মাতেউস কুনিয়ার শট আশ্রয় নেয় জালে।

সতীর্থদের সঙ্গে কুনিয়ার গোল উদ্‌যাপন

রাফিনিয়ার অবিশ্বাস্য মিস!

২২ মিনিটে ডান দিক থেকে থ্রু পাস পেয়ে হাইতি গোলকিপারকে একা পেয়ে যান রাফিনিয়া। চিপ করলেও অবিশ্বাস্যভাবে ফাঁকা পোস্টে গোল মিস করেন।

১২ মিনিটে রাফিনিয়ার গোল বাতিল

অফসাইডের কারণে ম্যাচের ১২ মিনিটে রাফিনিয়ার গোল বাতিল করেন রেফারি। বাঁ পায়ের শটে বল জালে পাঠান বার্সেলোনা তারকা। ফলস স্টার্ট!

রাফিনিয়া

জয়ের খোঁজে ব্রাজিল

মরক্কো ম্যাচে ড্র করার পর এখন জয়ের খোঁজে হাইতির বিপক্ষে খেলছে ব্রাজিল। ব্রাজিল দলে এসেছে দুই পরিবর্তন। ইবানিয়েজ ও ইগর থিয়াগো বাদ পড়েছেন, একাদশে এসেছেন দানিলো ও মাতেউস কুনিয়া।

২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল কিংবদন্তি রোনালদিনিও ফিলাডেলফিয়ার ম্যাচটি দেখতে গ্যালারিতে এসেছেন

এই বিশ্বকাপের দ্রুততম গোলে স্কটল্যান্ডকে হারাল মরক্কো

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ১–০ গোলে হারিয়েছে মরক্কো। মাত্র ৭১ সেকেন্ডেই করা ইসমায়েল সাইবারির গোলই ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছে।

শুরুর বাঁশি বাজার পরপরই স্কটল্যান্ডের গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে ফাঁকি দিয়ে জোরাল শটে জালে বল পাঠান সাইবারি। বিশ্বকাপের এবারের আসরে এটি তাঁর দ্বিতীয় গোল। এর আগে গত সপ্তাহে ব্রাজিলের বিপক্ষে মরক্কোর ১–১ ড্র ম্যাচেও গোল করেছিলেন তিনি।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে স্কটল্যান্ড। বিশেষ করে শেষ দিকে আক্রমণের চাপ বাড়ায় দলটি। এক পর্যায়ে দুটি পেনাল্টির আবেদনও জানায় স্কটিশরা, কিন্তু কোনোটিই আমলে নেননি রেফারি।

শেষ পর্যন্ত সমতায় ফেরার মতো গোল আর পায়নি স্কটল্যান্ড। ফলে মূল্যবান তিন পয়েন্ট নিয়ে গ্রুপ সিতে স্কটল্যান্ডকে টপকে ওপরে উঠে গেছে মরক্কো।

হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশ

আলিসন (গোলরক্ষক), দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারাইস ও লুকাস পাকেতা, রাফিনিয়া, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

মরক্কোর গোল

স্কটল্যান্ডের বিপক্ষে খেলা শুরু হওয়ার ৭১ সেকেন্ডের মধ্যে লিড নিয়েছে মরক্কো। ব্রাজিলের বিপক্ষে ১–১ ড্র ম্যাচে গোল করা ইসমায়েল সাইবারি স্কটল্যান্ডের বিপক্ষেও এগিয়ে দিয়েছেন দলকে। দুর্দান্ত ফিনিশিংয়ে গোলটি করেছেন তিনি।

মেক্সিকোর পর শেষ ৩২–এ যুক্তরাষ্ট্র

সিয়াটলে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র।

প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের জয়ের মতোই এই ম্যাচেও শুরু থেকেই দারুণ গতিতে আক্রমণে ওঠে যুক্তরাষ্ট্র। দ্রুত আক্রমণের ফলও তারা পায়। ফোলারিন বালোগুনের বাড়ানো পাস নিজেদের জালে পাঠিয়ে আত্মঘাতী গোল করেন অস্ট্রেলিয়ার ক্যামেরন বার্জেস।

এরপর সের্হেনিও দেস্তের শট প্রতিপক্ষের গায়ে লেগে দিক বদলে গেলে হেড করে বল জালে পাঠান অ্যালেক্স ফ্রিম্যান। এই দুই গোলেই যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত হয়।

এই জয়ের ফলে সহ-আয়োজক মেক্সিকোর পর যুক্তরাষ্ট্রও জায়গা করে নিল বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ।

বিরতির আগেই ২–০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র

অ্যালেক্স ফ্রিম্যানের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২–০ গোলের লিড নিয়েছে যুক্তরাষ্ট্র। ফ্রি-কিক থেকে বল প্রথমে চলে আসে সের্হেনিও দেস্তের কাছে। বক্সের প্রান্ত থেকে নেওয়া তাঁর শট প্রতিপক্ষের গায়ে লেগে ওপরে উঠে যায়। সেই বলেই মাথা ছুঁইয়ে গোল করেন ফ্রিম্যান।

শুরুতে অবশ্য গোল দেননি রেফারি। পরে ভিএআরের পর্যালোচনার পর রেফারিকে জানানো হয়, ফ্রিম্যান অফসাইডে ছিলেন না। সিদ্ধান্ত মিলতেই ফ্রিম্যান ও তাঁর সতীর্থরা দৌড়ে গিয়ে উদ্‌যাপনে মেতে ওঠেন নিজেদের সমর্থকদের সামনে। এই ব্যবধান ধরে রেখেই পরে বিরতিতে গেছে অস্ট্রেলিয়া।

আত্মঘাতী গোলে পিছিয়ে অস্ট্রেলিয়া

সিয়াটলে ক্যামেরন বার্জেসের আত্মঘাতী গোলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের ১১ মিনিটেই পিছিয়ে গেল অস্ট্রেলিয়া।

ছয় গজের বক্সে ফোলারিন বালোগুনের বাড়ানো পাস বার্জেসের পায়ে লেগে জড়িয়ে যায় জালে।

গোলের পর স্টেডিয়ামজুড়ে শুরু হয়েছে তুমুল উল্লাস। কী অসাধারণ শব্দ চারদিকে!

দ্বিতীয় জয়ের খোঁজে যুক্তরাষ্ট্র–অস্ট্রেলিয়া

বিশ্বকাপের এবারের আসরের নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। গ্রুপ ‘ডি’–তে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪–১ গোলে হারিয়েছিল যুক্তরাষ্ট্র। আর অস্ট্রেলিয়া ২–০ গোলে জিতেছিল তুরস্কের বিপক্ষে। আজকের ম্যাচে যারা জিতবে তাদের নকআউটে খেলা প্রায় নিশ্চিত হবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে নেই পুলিসিচ

কাফের চোট পুরোপুরি না সারায় বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না ক্রিস্টিয়ান পুলিসিচ।

এক সপ্তাহ আগে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিরতির সময় মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল পুলিসিচকে। এরপর থেকেই সিয়াটলের লুমেন ফিল্ডে শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত সেই ম্যাচে তাঁকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র দল।

আলাদা অনুশীলন করেন পুলিসিচ

আবার অবসরের ঘোষণা নয়্যারের

৪০ বছর বয়সী ম্যানুয়াল নয়্যার ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন। এবারের বিশ্বকাপে অবসর ভেঙে ফিরেছেন। তবে এই অধ্যায়টা খুব দীর্ঘ হচ্ছে না। বিশ্বকাপ শেষেই আবার অবসরে যাচ্ছেন এই গোলকিপার। গতকাল সংবাদ সম্মেলনে নিজেই এই খবর জানিয়েছেন।

এলিয়ে ওয়াহির কানাডা যাওয়ার অনুমতি

অবশেষে কানাডা যাওয়ার অনুমতি পেয়েছেন এলিয়ে ওয়াহি। এর আগে আইভরিকোস্ট ফুটবল ফেডারেশন (এফআইএফ) জানিয়েছে, কানাডায় প্রবেশের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় দলের সঙ্গে ভ্রমণ করতে পারবেন না ওয়াহি। তাঁর বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ তদন্তাধীন ছিল।

পরে এলিয়ে ওয়াহির কানাডা ভ্রমণের অনুমতি পাওয়ার কথা আইভরিকোস্ট ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে নতুন করে জানানো হয়।

শনিবার টরন্টোয় জার্মানির মুখোমুখি হবে আইভরিকোস্ট।

৩

বিশ্বকাপে এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তিনবার জিতেছে মেক্সিকো, কোনো নির্দিষ্ট দলের বিপক্ষে যা তাদের সর্বোচ্চ।

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

মেক্সিকো ১ : ০ দক্ষিণ কোরিয়া

প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছে মেক্সিকো। আজ গুয়াদালাহারায় গ্রুপের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১–০ গোলে হারিয়েছে তারা।

এর আগে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২–০ গোলে জিতেছিল মেক্সিকো। দুই ম্যাচে দলটির মোট পয়েন্ট ৬। দক্ষিণ কোরিয়ার পয়েন্ট ৩। গ্রুপের অন্য দুই দল দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্রের পয়েন্ট ১ করে হওয়ায় মেক্সিকোর শীর্ষ দুইয়ে থাকা এখনই নিশ্চিত হয়ে গেছে।

এক ম্যাচ হাতে রেখে দ্বিতীয় রাউন্ড নিশ্চিতের পথে মেক্সিকোর জয়সূচক গোলটি করেছেন লুইস রোমো।

সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

এগিয়ে মেক্সিকো

৫০ মিনিটের মাথায় দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং–গিউয়ের ভুলে এগিয়ে গেল মেক্সিকো। একটি ক্রস ধরতে বেরিয়ে এসে তিনি নিজের এক সতীর্থের সঙ্গে ধাক্কা খান এবং বল হাত থেকে ফেলে দেন। সেই সুযোগটি কাজে লাগাতে একটুও দেরি করেননি লুইস রোমো। বক্সের ভেতর দারুণ এক ভলিতে বল জালে জড়িয়ে মেক্সিকোকে এগিয়ে দেন তিনি। গোলটি ছিল পুরোপুরি দক্ষিণ কোরিয়ার রক্ষণ ও গোলরক্ষকের সমন্বয়হীনতার ফল, আর রোমো সেই ভুলের সুযোগ দারুণভাবে কাজে লাগান।

মেক্সিকো ০ : ০ দক্ষিণ কোরিয়া

বিশ্বকাপে গ্রুপ ‘এ’–তে মেক্সিকো–দক্ষিণ কোরিয়া ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়। প্রথমার্ধে দুই দলই সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার, কিন্তু কাঙ্ক্ষিত গোলটি পায়নি কোনো দল। এই ম্যাচে যে দল জিতবে, সেই দল নকআউটে চলে যাবে।

এখন মুখোমুখি দক্ষিণ কোরিয়া–মেক্সিকো

বিশ্বকাপের উত্তেজনা থেমে নেই। এখন গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়া।

দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে। তাই আজকের ম্যাচে যে দল জিতবে, তারাই সবার আগে শেষ ৩২ বা নকআউট পর্বে ওঠা নিশ্চিত করবে।

কাতারের জালে কানাডার ৬,  ডেভিডের ৩

ভ্যাঙ্কুভারে জোনাথান ডেভিডের হ্যাটট্রিকের রাতে কানাডার বিপক্ষে বিধ্বস্ত হয়েছে ৯ জনের কাতার। বিশ্বকাপে নিজেদের ঐতিহাসিক প্রথম জয় আদায় করার পথে কাতারকে ৬–০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্বকাপের সহ–আয়োজকরা। ম্যাচের শুরু থেকে কাতারের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছে কানাডা। এর মধ্যে দুই অর্ধে দুজন লাল কার্ড দেখলে কাতার আরও দুর্বল হয়ে পড়ে।

শেষ দিকে ভঙ্গুর ও নড়বড়ে কাতারকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতেছিল কানাডা। কোনো সুযোগই হাতছাড়া করেনি তারা। ডেভিডের হ্যাটট্রিকের পাশাপাশি গোল করেছেন কাইল লারিন ও নাথান সালিবা। অন্য গোলটি ছিল আত্মঘাতী। এই জয়ে সুইজারল্যান্ডকে টপকে শীর্ষে উঠল কানাডা। দুই দলের পয়েন্ট ২ ম্যাচ শেষে চার। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে কানাডা।

কানাডার দুর্দান্ত এই জয় কিছুটা ম্লান হয়েছে তাদের ইসমায়েল কোনে পা ভেঙে মাঠ ছাড়ায়।

দারুণ এক জয় পেয়েছে কানাডা

ডেভিডের হ্যাটট্রিক

লিওনেল মেসির পর এই বিশ্বকাপে দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পেলেন জোনাথন ডেভিড। আজ কাতারের বিপক্ষে কানাডার ৬–০ গোলে জয়ের পথে একাই তিন গোল করেছেন ডেভিড।

কানাডা ৫ : ০ কাতার

কানাডার বিপক্ষে এবার ৫ম গোলটি হজম করল কাতার। ৭৫ মিনিটে স্বাগতিকদের হয়ে এই গোলটি করেন কাতারের মোহাম্মদ মানাই। অর্থাৎ আত্মঘাতী গোল।

কানাডার বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পথে কাতার

কাতারের জালে চতুর্থবার বল জড়াল কানাডা। ফ্রি–কিক থেকে ৬৪ মিনিটে চতুর্থ গোলটি করেছেন নাথান সালিবা। গোলের পর পা ভেঙে মাঠ ছাড়া ইসমায়েল কোনের জার্সি দেখিয়ে উদ্‌যাপন করেছেন সালিবা।

দ্বিতীয় লাল কার্ড দেখল কাতার

বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে দ্বতিীয় লাল কার্ড দেখল কাতার। কানাডার ইসমায়েল কোনেকে ফাউল করে এই লাল কার্ডটি দেখেন কাতারের আসিম মাদিবো। মাদিবোর ফাউলের কারণে পা ভেঙে মাঠ ছাড়েন কোনে।

বিরতির আগেই কানাডার ৩ গোল

আক্রমণের ঝড় বইয়ে দিয়ে বিরতির আগেই কাতারের বিপক্ষে ৩–০ গোলের লিড নিল কানাডা। স্বাগতিকদের হয়ে জোড়া গোল করলেন জোনাথন ডেভিড।

কাতার এখন ১০ জনের দল

কানাডিয়ান ফরোয়ার্ড তেজন বুকানানকে বক্সের কাছাকাছি জায়গায় ফাউল করেন কাতারের হোমাম আহমেদ। এই ফাউলের কারণে প্রথমে পেনাল্টি দেন রেফারি। পরে ভিএআর যাচাইয়ের পর পেনাল্টির বদলে ফ্রি–কিক পায় কানাডা। কিন্তু লাল কার্ড দেখেন হোমাম। ম্যাচের আধঘণ্টা পেরোতেই দুই গোলে পিছিয়ে পড়া কাতার এখন ১০ জনের দল।

কানাডা ২–০ কাতার

কাতারকে চাপে রেখে আবারও লিড নিল স্বাগতিক কানাডা। এবার ম্যাচের ২৯ মিনিটে দলের হয়ে দারুণভাবে দ্বিতীয় গোলটি করেন জোনাথন ডেভিড।

গোল! কানাডা ১–০ কাতার

আবারও সেই কাইল লারিন!

কানাডা ফরোয়ার্ড জোনাথন ডেভিডের জোরাল শট ঠেকালেও হাতে রাখতে পারেননি কাতার গোলকিপার মাহমুদ আবুনাদা। ফিরতি বলে নেওয়া শটে গোল করেন লারিন।

বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে কানাডার প্রথম ম্যাচে সমতাসূচক গোলটিও করেন লারিন।

গোল করে উদ্‌যাপন লারিনের

মুখোমুখি কানাডা–কাতার

ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে স্বাগতিক কানাডার মুখোমুখি হয়েছে কাতার।

সুইজারল্যান্ডের বড় জয়

লস অ্যাঞ্জেলসেে যোগ করা সময়ে গ্রানিত জাকার পেনাল্টি গোলে শেষ হলো বসনিয়া ও হার্জেগোভিনা –সুইজারল্যান্ড ম্যাচ। শেষ দিকে গোলবন্যায় বসনিয়াকে ৪–১ গোলে হারিয়েছে সুইসরা। বেশিরভাগ সময় গোলশূন্য থাকা ম্যাচটিতে শেষ ২৩ মিনিটে গোল হয়েছে ৫টি। তারিক মুহারেমোভিচ ৮০ মিনিটে লাল কার্ড দেখায় ১০ জনে পরিণত হয় বসনিয়া ও হার্জেগোভিনা।

এই জয়ে গ্রুপ ‘বি’তে শীর্ষে সুইজারল্যান্ড। ২ ম্যাচে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। গ্রুপে বাকি তিন দল ১ পয়েন্ট করে পেয়েছে।

গোল করে উদ্‌যাপন ভারগাসের

এক গোল শোধ বসনিয়ার

তিন গোল খাওয়ার পর অবশেষে এক গোল শোধ করল বসনিয়া। যোগ করা সময়ে গোলটি করেন আমর মেমিচ।

মানজাম্বির জোড়া গোল

দারুণ নৈপুণ্যে বসনিয়ার বিপক্ষে ৩–০ গোলে এগিয়ে গেল সুইজারল্যান্ড। সুইসদের হয়ে তৃতীয় গোলটি করেন ইয়োহান মানজাম্বি। এটি মানজাম্বির দ্বিতীয় গোল।

২–০ গোলে এগিয়ে সুইজারল্যান্ড

১০ জনের দলে পরিণত হওয়ার খেসারত দিতে বেশি সময় লাগল না বসনিয়ার। লাল কার্ডের কারণে একজন কমে যাওয়ার সুযোগ নিয়ে ৮৪ মিনিটে ২–০ গোলে এগিয়ে যায় সুইসরা। ম্যাচের দ্বিতীয় গোলটি করেন রুবেন ভারগাস।

লাল কার্ডে ১০ জনের দল বসনিয়া

দারুণ এক আক্রমণে ৮০ মিনিটে বসনিয়ার ডি–বক্সে ঢুকে পড়া ব্রিল এমবোলোকে থামাতে মারাত্মকভাবে ফাউল করে বসেন বসনিয়ার তারিক মুহারেমোভিচ। রেফারির তাৎক্ষণিকভাবে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন মুহারেমোভিচকে।

সুইসদের দারুণ গোল

অবশেষে বসনিয়ার রক্ষণ দেয়াল ভেঙে গোলের দেখা পেল সুইজারল্যান্ড। দারুণ এক ভলিতে ম্যাচের ৭৪ মিনিটে গোলটি করেন ইয়োহান মানজাম্বি।

সুইজারল্যান্ড ০–০ বসনিয়া ও হার্জেগোভিনা

লস অ্যাঞ্জেলেসে প্রথমার্ধে কোনো দলই ভালো ফুটবল খেলতে পারেনি। সুইজারল্যান্ড ৪টি শট নিয়ে একটি পোস্টে রাখতে পেরেছে। বসনিয়া ও হার্জেগোভিনা ৩টি শটের একটি রাখতে পেরেছে পোস্টে। একটি করে সেভ করেছেন দুই দলের গোলকিপার। দুই দল মিলে ফাউল করেছে ১২ বার। মোট ৪৯৭ পাস খেলেও দুই দলের কারও গোল না পাওয়াটা দর্শকদের দৃষ্টিকোণ থেকে হতাশার।

প্রথমার্ধে খেলার একটি মুহূর্ত

রোনালদো–মদরিচের পাশে জেকো

৪০ বছর ৯৩ দিন বয়সে মাঠে নেমে এদিন জেকো বিশ্বকাপের ইতিহাসে ৪০ বা তার বেশি বয়সে খেলা চতুর্থ আউটফিল্ড খেলোয়াড়ের তালিকায় নাম লেখালেন। এর আগে এই কীর্তি গড়েছিলেন রজার মিলা, যিনি ১৯৯৪ বিশ্বকাপে খেলেছিলেন। আর গতকালই সেই তালিকায় যোগ দিয়েছিলেন লুকা মদরিচ ও ক্রিস্টিয়ানো রোনাদলো।

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের একটি মুহূর্তে বসনিয়া ও হার্জেগোভিনার স্ট্রাইকার এদিন জেকো

চেক প্রজাতন্ত্র ১: ১ দক্ষিণ আফ্রিকা

দারুণ খেলে চেক প্রজাতন্ত্রকে রুখে দিল দক্ষিণ আফ্রিকা। আজ ম্যাচের শুরুতেই অবশ্য গোল খেয়ে বেস দক্ষিণ আফ্রিকা। ম্যাচের ৬ মিনিটে গোলটি করেন মিখাল সাদিলেক। পিছিয়ে পড়েও অবশ্য হাল ছাড়েনি দক্ষিণ আফ্রিকা। লড়াই চালিয়ে যায় তারা। যার ফল দক্ষিণ আফ্রিকা পায় ম্যাচের ৮৩ মিনিটে। পেনাল্টি থেকে গোল করে দক্ষিণ আফ্রিকাকে সমতায় ফেরান তেবোহো মোকোয়েনা।

এই ম্যাচ ড্র হওয়ায় পরের ম্যাচে মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়ার ম্যাচে যদি কোনো দল জয় পায়, তাহলে সেই দলই হবে ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২ (নকআউট) পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করা প্রথম দল।

পেনাল্টি গোলে সমতায় দক্ষিণ আফ্রিকা

পেনাল্টি থেকে গোল করার পর দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার তেবোহো মোকোয়েনা (৪ নং জার্সি)

৬ মিনিটে গোল খাওয়া দক্ষিণ আফ্রিকা সমতা ফেরাল ৮৩ মিনিটে। পেনাল্টি থেকে গোল করেছেন তেবোহো মোকোয়েনা। ম্যাচের ৬ মিনিটে মিখাল সাদিলেকের গোলে এগিয়ে গিয়েছিল চেক প্রজাতন্ত্র।

দুই দলই বিশ্বকাপ শুরু করেছিল হার দিয়ে। তাই আজ হেরে গেলে দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন প্রায় শেষই হয়ে যাবে।

দক্ষিন কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধ শেষে ১–০ গোলে এগিয়ে চেক প্রজাতন্ত্র

৬ মিনিটে দেওয়া মিখাল সাদিলেকের গোলটি ধরে রেখেই মাঝবিরতিতে গেছে চেক প্রজাতন্ত্র। বিরতির ঠিক আগে গোল শোধ করার ভালো সুযোগ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচটি হেরে গেলে দ্বিতীয় রাউন্ডে ওঠা কঠিন হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার জন্য।

নেইমারের জন্য অপেক্ষা বাড়ল ব্রাজিলের

হাইতির বিপক্ষেও খেলতে পারবেন না নেইমার।

পয়ের মাংসপেশির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন ব্রাজিল ফরোয়ার্ড। ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আজ এক বিবৃতিতে জানিয়েছে, দলের সঙ্গে ম্যাচের ভেন্যু ফিলাডেলফিয়ায় যাবেন না ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

১-০ ব্যবধানে এগিয়ে গেল চেক প্রজাতন্ত্র!

এই বিশ্বকাপে এখন পর্যন্ত দ্রুততম গোলটি দেখে ফেললাম আমরা। ম্যাচের প্রথম ৫ মিনিটের পারফরম্যান্স বিবেচনায় গোলটি তাদের প্রাপ্যই ছিল।

ডান প্রান্ত ধরে বাড়ানো একটি লম্বা থ্রো তাড়া করে বল নিয়ন্ত্রণে নেন হ্লোজেক, এরপর ডি-বক্সে বল বাড়িয়ে দেন। সেখানে সোইকার সঙ্গে দারুণ এক ওয়ান-টু পাসে বল দেয়া-নেয়া করে নিচু শটে গোল করেন চেক প্রজাতন্ত্রের সাদিলেক।

চেক দলে অনেক পরিবর্তন

ছয় দিন আগের ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলের হতাশাজনক হারের পর, আজ নিজেদের একাদশে পাঁচটি পরিবর্তন এনেছে চেক প্রজাতন্ত্র। দল থেকে বাদ পড়া খেলোয়াড়দের মধ্যে আছেন ওয়েস্ট হ্যামের মিডফিল্ডার সুচেক। তাঁর সঙ্গে আজ মূল একাদশে জায়গা হারিয়েছেন খালোপেক, জেলেনি, প্রোভোদ ও শুলৎস। তাঁদের পরিবর্তে আজ দলে সুযোগ পেয়েছেন হোলেশ, সাদিলেক, দারিদা, চের্ভ এবং হ্লোজেক। আক্রমণেরভাগে শিকের সঙ্গী হচ্ছেন হ্লোজেক।

অন্যদিকে, মেক্সিকোর কাছে হারের পর দক্ষিণ আফ্রিকা একাদশে তিনটি পরিবর্তন এনেছেন কোচ হুগো ব্রুস। গত ম্যাচে লাল কার্ড দেখায় স্ফেফেলো সিথোলে আজকের ম্যাচে নিষিদ্ধ, বাদ পড়েছেন থেম্বা জেওয়ানে। এ ছাড়া ফস্টার ও সিবিসিকে আজ রাখা হয়েছে বদলি খেলোয়াড়ের তালিকায় (বেনঞ্চে)। তাঁদের জায়গায় আজ দলে সুযোগ পেয়েছেন এমবাথা, মাসেকো ও অ্যাপোলিস।

পর্তুগালের ড্রতে লাভ হলো ব্রাজিল–মরক্কোর

ডিআর কঙ্গোর সঙ্গে ১–১ গোলে ড্র করেছে পর্তুগাল। তাতে তারা ফিফা র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছে দুই ধাপ, ৫ থেকে নেমে পর্তুগাল এখন আছে ৭ নম্বরে। ছয়ে থাকা ব্রাজিল পাঁচে আর সাতে থাকা মরক্কো উঠে এসেছে ছয়ে। এক নম্বরে আছে আর্জেন্টিনা, দুইয়ে ফ্রান্স।

ম্যাচ পাতানোর অভিযোগের তদন্তে কানাডায় বিশ্বকাপ ম্যাচে খেলতে পারছেন না ওয়াহি

ম্যাচ পাতানোর অভিযোগে তদন্তাধীন থাকায় জার্মানির বিপক্ষে আইভরিকোস্টের বিশ্বকাপের পরের ম্যাচে খেলতে কানাডায় যেতে পারছেন না স্ট্রাইকার এলিয়ে ওয়াহি। শনিবার টরন্টোয় জার্মানির মুখোমুখি হবে তারা।

আইভরিকোস্ট ফুটবল ফেডারেশন (এফআইএফ) জানিয়েছে, কানাডায় প্রবেশের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় দলের সঙ্গে ভ্রমণ করতে পারবেন না ওয়াহি। বিশ্বকাপের প্রথম ম্যাচে ইকুয়েডরকে ১–০ গোলে হারানোর ম্যাচে একাদশে ছিলেন এই ফরোয়ার্ড। ফেডারেশন জানিয়েছে, দলের ফেরার আগ পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রেই অবস্থান করবেন।

বুধবার ফরাসি ফুটবল লিগ জানায়, মে মাসে নিসের হয়ে একটি লিগ ওয়ান ম্যাচে ওয়াহির হলুদ কার্ড দেখাকে কেন্দ্র করে আন্তর্জাতিকভাবে ‘অস্বাভাবিক পরিমাণ’  বাজি ধরা হয়েছিল। বাজির বাজার পর্যবেক্ষণকারী অংশীদারদের কাছ থেকে সন্দেহজনক কার্যক্রমের তথ্য পাওয়ার পর বিষয়টি নিয়ে সতর্ক হয় ফরাসি লিগ কর্তৃপক্ষ।

এলিয়ে ওয়াহি

রিয়ালে নাম লেখালেন কোনাতে

বিশ্বকাপের মধ্যে ক্লাব ফুটবলে দলবদল করলেন আরও এক ফুটবলার। ফ্রান্সের ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে চার বছরের জন্য রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি সই করেছেন। ২৭ বছর বয়সী কোনাতে ৩০ জুন পর্যন্ত লিভারপুলে চুক্তিবদ্ধ আছেন।

দেশের হয়ে বিশ্বকাপ খেলতে এসেছেন, এমন আরও দুই খেলোয়াড় রিয়ালের সঙ্গে চুক্তি করেছেন। স্পেন দলে থাকা চেলসির মার্ক কুকুরেয়া এবং পর্তুগাল দলে থাকা ম্যানচেস্টার সিটির বের্নার্দো সিলভাও লা লিগার ক্লাবটিতে নাম লিখিয়েছেন।

আগামী মাসে রিয়াল তাদের নতুন মৌসুম শুরু করবে জোসে মরিনিওর কোচিংয়ে।

লিভারপুল ও চেলসির জার্সিতে বল দখলের লড়াইয়ে থাকা ইব্রাহিমা কোনাতে ও মার্ক কুকুরেয়া আগামী মৌসুমে একসঙ্গে রিয়াল মাদ্রিদে খেলবেন

রেফারির সমালোচনায় দক্ষিণ আফ্রিকার কোচ

মেক্সিকো ম্যাচে দক্ষিণ আফ্রিকার থেম্বা জেওয়ানে সরাসরি লাল কার্ড দেখেন। তাতে তিন ম্যাচের জন্য নিষিদ্ধও করা হয়েছে তাঁকে। দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস জানিয়েছেন, জেওয়ানের লাল কার্ড ও তিন ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন তারা।

একই সঙ্গে মেসিকে লাল কার্ড না দেখানো নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন এভাবে, ‘আমি চাই না মেসি লাল কার্ড পাক। তাঁর মতো একজন খেলোয়াড়কে সবসময় মাঠেই দেখতে চাই। কিন্তু নিয়মের ক্ষেত্রে এই পার্থক্য কেন?’

তিনি আরও বলেছেন, ‘জেওয়ানেকে যে লাল কার্ড দেওয়া হয়েছে, এটা বাড়াবাড়ি মনে হয়েছে। পুরো ঘটনাটি আবার দেখেছি। আমার মনে হয় না ওটা লাল কার্ড দেওয়ার মতো কোনো ফাউল ছিল। মেসির ঘটনার সঙ্গে যখন আমি এই ঘটনার তুলনা করি, তখন আমি কোনোভাবেই রেফারির সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারি না। মেসির ক্ষেত্রে তো ভিএআর দিয়ে চেকও করা হয়নি।’

ভোজিনিয়ার ইচ্ছে পূরণ

উরুগুয়ে ম্যাচের আগেই দেখা হচ্ছে কেপ ভার্দের গোলকিপার ভোজিনিয়া ও তাঁর মায়ের। স্পেনের বিপক্ষে ম্যাচসেরা হওয়ার পর ভোজিনিয়া বলেছিলেন, যুক্তরাষ্ট্রের ভিসার খরচ অনেক বেশি হওয়ায় তাঁর মা বিশ্বকাপে আসতে পারেননি। সেই সমস্যার সমাধান হয়েছে।

ভোজিনিয়ার মা আনা ক্যান্ডিদা এভোরা বিবিসিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য তাঁর সব ব্যবস্থা হয়ে গেছে। তিনি বলেছেন এভাবে, ‘সবকিছু খুব দ্রুত হচ্ছে, আমি সত্যিই খুশি। ঈশ্বর চাইলে আমি আমার ছেলেকে বিশ্বকাপে খেলতে দেখব। আমি সেখানে ওকে সমর্থন দিতে যাচ্ছি। ওকে সাহস আর শক্তি জোগাতে চাই। ম্যাচের পর ওকে জড়িয়ে ধরব।’

কলম্বিয়া ৩ : ১ উজবেকিস্তান (ফুল টাইম)

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের সর্বশেষ ‘প্রথম ম্যাচ’টিতে জিতেছে কলম্বিয়া। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা উজবেকিস্তানকে ৩–১ গোলে হারিয়েছে দক্ষিণ আমেরিকার দলটি।

ম্যাচের প্রথম চল্লিশ মিনিটে কোনো গোলই পায়নি কলম্বিয়া। বিরতির আগে দানিয়েল মুনিওজের গোলে এগিয়ে যায় দলটি। তবে বিরতির পর ৬০তম মিনিটে উজবেকিস্তানকে ম্যাচে ফেরান আব্বোসবেগ ফাইজুল্লায়েভ। ১–১ সমতা অবশ্য বেশিক্ষণ থাকেনি। পাঁচ মিনিট পরই কলম্বিয়াকে এগিয়ে দেন লুইস দিয়াজ। আর শেষ দিকে যোগ করা সময়ের নবম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন হামিন্তন কাম্পাজ।

৩–১ গোলের জয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে উঠেছে কলম্বিয়া। একই গ্রুপের অন্য ম্যাচে পর্তুগাল–ডিআর কঙ্গো ১–১ ড্র করেছে।

কলম্বিয়ার শেষ গোলটি করেছেন মিডফিল্ডার হামিন্তন কাম্পাজ (২১ নম্বর জার্সি)

পাঁচ মিনিট পরই আবারও এগোল কলম্বিয়া

কলম্বিয়া ২–১ উজবেকিস্তান

ম্যাচে সমতা বেশিক্ষণ থাকল না। উজবেকিস্তান সমতা আনার ৫ মিনিট পরই আবার এগিয়ে গেল কলম্বিয়া। বক্সে ঢুকেই ডান পায়ের কোনাকুনি শটে বল দূরের পোস্ট দিয়ে জালে পাঠিয়েছেন লুইস দিয়াজ। বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ডের শটে অবশ্য উজবেক গোলকিপার ঝাঁপিয়ে হাত লাগিয়েছিলেন। তবে বলের গতিপথ খুব একটা না পাল্টানোয় জালেই পৌঁছেছে।

সমতা আনল উজবেকিস্তান

৬০তম মিনিটে সমতা এনেছে উজবেকিস্তান। গোল করেছেন আব্বোসবেগ ফাইজুল্লায়েভ। এল্দর শোমুরোদভের ভলি কলম্বিয়া গোলকিপার কামিলো ভার্গাস বিপদমুক্ত করতে না পারলে গোলমুখে বল পেয়ে যান ফাইজুল্লায়েভ। তাঁকে শুধু মাথা ছুঁইয়ে বল জালমুখী করতে হয়েছে।

বিরতিতে কলম্বিয়া ১ : ০ উজবেকিস্তান

গ্রুপ পর্বের শেষ দুই দল হিসেবে প্রথম ম্যাচ খেলতে নেমেছে উজবেকিস্তান–কলম্বিয়া। মেক্সিকো সিটি স্টেডিয়ামের ম্যাচটিতে প্রথমার্ধে ১–০ গোলে এগিয়ে কলম্বিয়া। ৪০ মিনিটে গোল করেছেন ডিফেন্ডার দানিয়েল মুনিওজ।

মুনোজের গোলে এগিয়ে গেল কলম্বিয়া

উজবেকিস্তানের বিপক্ষে প্রথমার্ধের বিরতির আগে এগিয়ে গেল কলম্বিয়া। ৪০ মিনিটে লুইস দিয়াজের বক্সের ভেতরে পাঠানো বলে দারুণভাবে পা ছুঁইয়ে বল জালে পাঠিয়েছেন দানিয়েল মুনিওজ।

দানিয়েল মুনিওজ

ঘানা ১ : ০ পানামা (ফুল টাইম)

অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে ক্যালেব ইরেনকির জয়সূচক গোলে পানামার বিপক্ষে নাটকীয় এক জয় তুলে নিয়েছে ঘানা। মাত্র গত এপ্রিলে ঘানার কোচের দায়িত্ব নেওয়া কার্লোস কুইরোজ আনন্দে মাঠে ছুটে যান শেষ বাঁশি বাজতেই। ঘানার সমর্থকদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। খেলোয়াড় থেকে কোচিং স্টাফ—সবার মাঝেই ছিল উৎসবের আমেজ। এই জয়ের একটি রেকর্ডও হলো ঘানার। আফ্রিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি জয় এখন তাদের (৬টি)।

অন্যদিকে, বিশ্বকাপে নিজেদের চারটি ম্যাচের সবকটিতেই হারল পানামা। তবে এই হারটাই সম্ভবত তাদের সবচেয়ে কষ্টদায়ক, কারণ ম্যাচ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে গোল হজম করে খালি হাতে মাঠ ছাড়তে হলো তাদের।

এই ম্যাচ শেষে ‘এল’ গ্রুপে শীর্ষে থাকল আগের ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪–২ গোলে হারানো ইংল্যান্ড। পানামাকে হারিয়ে ইংল্যান্ডের সমান পয়েন্ট ঘানার, তবে গোল ব্যবধানে পিছিয়ে দুই নম্বরে আছে তারা। যথাক্রমে তিন ও চারে পানামা ও ক্রোয়েশিয়া।

অবশেষে আসল গোল, এগিয়ে গেল ঘানা

গোলশূন্য ড্রয়ের পথে থাকা ঘানা–পানামা ম্যাচ শেষ মুহূর্তে দৃশ্যপট পাল্টাল। শেষ দিকে এসে এগিয়ে গেল ঘানা। ম্যাচের যোগ করা সময়ের ৫ মিনিটে গোল করলেন ক্যালেব ইরেনকি।

গোলকিপার বদলাল ঘানা

বিরতির পর শুরু হলো ঘানা–পানামা ম্যাচ। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলরক্ষক বদল করল ঘানা। গোলরক্ষক আতি–জিগি লরেন্স চোটে পড়ায় তাঁকে বদলি করতে বাধ্য হয়েছে দলটি। লরেন্সের জায়গায় মাঠে গোলকিপিং করতে নেমেছেন আরেক গোলরক্ষক বেঞ্জামিন আসারে।

প্রথমার্ধে গোলহীন ঘানা–পানামা ম্যাচ

‘এল’ গ্রুপে ঘানা–পানামা ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়। দুই দলই চেষ্টা করেছে গোল আদায়ের। যদিও শেষ পর্যন্ত প্রথম ৪৫ মিনিট পর্যন্ত ম্যাচটি ছিল নিষ্ফলা।

এখন মাঠে ঘানা ও পানামা

বিশ্বকাপে ‘এল’—গ্রুপের ম্যাচে এখন মুখোমুখি হচ্ছে ঘানা ও পানামা। এটি ঘানার ৫ম ও পানামার দ্বিতীয় বিশ্বকাপ আসর। এই গ্রুপের আগের ম্যাচে ইংল্যান্ড ৪–২ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে।

ইংল্যান্ড ৪ : ২ ক্রোয়েশিয়া

বিশ্বকাপ মিশনটা মনের মতো শুরু করল ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪–২ গোলে হারাল ইংলিশরা। এই জয়ে ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারার প্রতিশোধও নিল ‘থ্রি লায়ন্স’রা। ইংল্যান্ডের হয়ে অন্য গোল দুটি জুড বেলিংহাম ও মার্কাস রাশফোর্ডের।

ইংল্যান্ডের জন্য এটি বিশাল এক জয়। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠে গেল তারা। গ্রুপ ‘এল’–এর দ্বিতীয় ম্যাচে একটু পর মুখোমুখি হবে ঘানা ও পানামা।

এবার রাশফোর্ডের গোল

বদিল হিসেবে মাঠে নেমে ইংল্যান্ডের হয়ে চতুর্থ গোলটি করলেন মার্কাস রাশফোর্ড। ম্যাচের ৮৫ মিনিটে গোলটি করেছেন এই ইংলিশ তারকা। এই গোলে ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় ম্যাচে জয়ও একরকম নিশ্চিত হলো ইংলিশদের।

গোল! ইংল্যান্ড ৩–২ ক্রোয়েশিয়া

দ্বিতীয়ার্ধের শুরুতেই ইংল্যান্ডের গোল! ৪৭ মিনিটে ডান প্রান্ত দিয়ে বল নিয়ে দৌড়ে বক্সে ঢুকে ক্রোয়েশিয়ার জালে গোল করেন জুড বেলিংহাম।

ম্যাচে এ নিয়ে তৃতীয়বারের মতো এগিয়ে গেল ইংল্যান্ড।

বেলিংহামের গোলের পর ইংল্যান্ডের উদ্‌যাপন

ইংল্যান্ডের বিপক্ষে সমতা ফিরিয়েই বিরতিতে ক্রোয়েশিয়া

ইংল্যান্ডের বিপক্ষে বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সমতা ফেরাল ক্রোয়েশিয়া। যোগ করা সময়ের ৫ম মিনিটে সমতাসূচক গোলটি করেন পেতার মুসা। দ্বিতীয়ার্ধে আরও জমজমাট লড়াইয়ের অপেক্ষা।

কেইনের জোড়া গোল

সমতায় ফিরলেও ইংল্যান্ডকে আটকে রাখতে পারল না ক্রোয়েশিয়া। হ্যারি কেইন দ্বিতীয়বার লক্ষ্যভেদ করলে ইংল্যান্ড এগিয়ে যায় ২–১ গোলে। এবার কর্নার থেকে উড়ে আসা বল হেডে জালে জড়ান ইংলিশ অধিনায়ক।

ক্রোয়েশিয়ার গোল

মার্তিন বাতুরিনার দারুণ এক গোলে সমতায় ফিরল ক্রোয়েশিয়া। ৩৬ মিনিটে বক্সের বাইরে থেকে শট নিয়ে গোল করেন তিনি।

কেইনের গোলে পিছিয়ে ক্রোয়েশিয়া

বক্সের ভেতর ননি মাদুয়েকেকে ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদরিচ ফাউল করায় পেনাল্টি পায় ইংল্যান্ড। হ্যারি কেইনের নেওয়া পেনাল্টি শট ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলকিপার লিভাকোভিচ। কিন্তু শট নেওয়ার আগে গোলকিপার লাইন ছেড়ে বেরিয়ে আসায় আবার শট নেওয়ার সুযোগ পান কেইন। এবার অবশ্য আর ভুল করেননি কেইন। ১২ মিনিটে তাঁর পেনাল্টি গোলে এগিয় গেল ইংল্যান্ড। কেইন এখন বিশ্বকাপের ইতিহাসে (টাইব্রেকার বাদে) সর্বোচ্চ সংখ্যক পেনাল্টি গোলের রেকর্ডের মালিক। ইংল্যান্ডের এই অধিনায়ক বিশ্বকাপে পেনাল্টি থেকে গোল করেছেন ৫টি।

শুরু হচ্ছে ইংল্যান্ড–ক্রোয়েশিয়া ম্যাচ

ইংল্যান্ড একাদশ: জর্ডান পিকফোর্ড, রিস জেমস, জন স্টোনস, জ্যারেল কোয়ানসা, নিকো ও'রাইলি, এলিয়ট অ্যান্ডারসন, ডেকলান রাইস, ননি মাদুয়েকে, জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন, হ্যারি কেইন।

ক্রোয়েশিয়া একাদশ: দমিনিক লিভাকোভিচ, ইওস্কো গভার্দিওল, লুকা ভুসকোভিচ, ইয়োসিপ শুতালো, ইভান পেরিসিচ, পেতার সুচিচ, লুকা মদরিচ, ইয়োসিপ স্তানিসিচ, মার্তিন বাতুরিনা, মালিও পাসালিচ, পেতার মুসা।

নিষ্প্রভ রোনালদো

পর্তুগালের হয়ে বড় কোনো টুর্নামেন্টে টানা ১০ ম্যাচে গোল করতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিই তাঁর সবচেয়ে দীর্ঘ গোলখরা।

পর্তুগাল ১ : ১ ডিআর কঙ্গো

সকালের ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকের পর সবার চোখ ছিল রাতে মাঠে নামা ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে। তবে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন ‘সিআর সেভেন’। গোল পাননি তিনি এবং ম্যাচও জিততে পারেনি পর্তুগাল। ১–১ ড্রয়ে শেষ হয়েছে পর্তুগাল–কঙ্গো ম্যাচ।

পতুর্গালকে রুখে দিয়ে এই ম্যাচে ইতিহাস গড়েছে ডিআর কঙ্গো। বিশ্বকাপে প্রথমবারের মতো গোল ও পয়েন্ট পেয়েছে তারা।

ডিআর কঙ্গোর উদ্‌যাপন

গোলের খোঁজে পর্তুগাল

ম্যাচের ৮০ মিনিট পরও ১–১ সমতায় পর্তুগাল–ডিআর কঙ্গো। গোলের খোঁজে মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে পর্তুগাল। দুই একবার কাছাকাছি গেলেও মেলেনি গোল।

অফসাইডে বাতিল পর্তুগালের গোল

৫৫ মিনিটে দুর্দান্ত এক গোল করেছিলেন জোয়াও ক্যানসেলো। তবে সঙ্গে সঙ্গেই সহকারী রেফারির পতাকা উঠে যায়—অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

গোল! পর্তুগাল ১–১ ডিআর কঙ্গো

‘উই হ্যাভ হিস্টরি ইন হিউস্টন!’

ধারাভাষ্যকারের কণ্ঠে আবেগ! ৫২ বছর পর বিশ্বকাপে ফিরে প্রথম গোলেই পর্তুগালের বিপক্ষে সমতায় ফিরল ডিআর কঙ্গো!

প্রথমার্ধে যোগ করা সময়ের ৫ মিনিটে ডান প্রান্ত থেকে উড়ে আসা ক্রসে হেডে গোল করেন ইওয়ান উইসা। ক্রসটি দেন আর্থার মাসুয়াকু।

আফ্রিকার দলটি সমতায় ফেরার পরই শেষ হয় প্রথমার্ধ।

হেডে গোল করছেন উইসা

রোনালদোর আরেক রেকর্ড

৪১ বছর ১৩২ দিন বয়সে পর্তুগাল একাদশের হয়ে খেলতে নেমেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপের ইতিহাসে দলের একাদশের হয়ে মাঠে নামা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড় এখন রোনালদো।

আগের রেকর্ডটি ছিল কানাডার আতিবা হাচিনসনের। ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ৩৯ বছর ২৯২ দিন বয়সে মাঠে নামেন সাবেক এ মিডফিল্ডার।

৬ মিনিটেই এগিয়ে গেল পর্তুগাল

পর্তুগাল ১–০ ডিআর কঙ্গো

ডিআর কঙ্গোর বিপক্ষে ষষ্ঠ মিনিটেই পর্তুগালকে গোল এনে দিলেন জোয়াও নেভেস। পিএসজি মিডফিল্ডারের পর্তুগালের জার্সিতে এটি চতুর্থ গোল। নেতোর পাস থেকে গোলটি করেছেন নেভেস।

হেডে নেভেসের গোল

মেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো

পর্তুগাল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো

হিউস্টনে শুরু হয়েছে পর্তুগাল–ডিআর কঙ্গো ম্যাচ। এই ম্যাচ খেলতে নেমেই রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। টানা ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসালেন পর্তুগিজ মহাতারকা। বাংলাদেশ সময় আজ সকালেই রেকর্ডটি গড়েছিলেন মেসি। মেক্সিকোর গিয়ের্মো ওচোয়াও ষষ্ঠ বিশ্বকাপ খেলতে এসেছেন। তবে ওচোয়া দুটি বিশ্বকাপে মাঠে নামার সুযোগ পাননি, খেলেননি এবারের প্রথম ম্যাচও।

পর্তুগালের একাদশ ঘোষণা

ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের একাদশ ঘোষণা করা হয়েছে।

পর্তুগালের একাদশ: কস্তা; কানসেলো, আরাউজো , ভেইগা, মেন্দেস; ভিতিনিয়া, নেভেস; ফার্নান্দেজ, বের্নার্দো, নেতো; ক্রিস্টিয়ানো রোনালদো।

রিয়াল মাদ্রিদে বের্নার্দো সিলভা

২ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভা। রিয়ালের সঙ্গে তাঁর চুক্তি ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।

ম্যানচেষ্টার সিটির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত মৌসুম শেষে।

জর্ডানকে ৩ : ১ গোলে হারাল অস্ট্রিয়া

ম্যাচজুড়ে লড়াই করলেও শেষ দিকে দুই গোল হজম করে হতাশা নিয়েই মাঠ ছাড়ল জর্ডান। প্রথমবার বিশ্বকাপে পা রাখা এশিয়ান দলটি অস্ট্রিয়ার কাছে হেরেছে ৩–১ গোলে।

শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রিয়া

২০ মিনিটে রোমানো স্মিড অস্ট্রিয়াকে এগিয়ে দেওয়ার পর ৫০ মিনিটে সেটি শোধ দেন আলী ওলওয়ান। ৭৬ মিনিটে জর্ডান আবার পিছিয়ে যায় আত্মঘাতী গোলে। কর্নার থেকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন ইয়াজান আল–আরব।

ম্যাচের যোগ করা সময়ের শেষ দিকে সেলিম ওবাইদের হ্যান্ডবলে পেনাল্টি পায় অস্ট্রিয়া। যা কাজে লাগিয়ে গোল করেন মার্কো আরনাউতোভিচ।

‘জে’ গ্রুপে আর্জেন্টিনার মতো অস্ট্রিয়ার পয়েন্টও তিন। তবে গোল হজম করায় পয়েন্ট তালিকায় অস্ট্রিয়া দুইয়ে।

প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা জর্ডানের খেলোয়াড়েরা দর্শকদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান

আত্মঘাতী গোল জর্ডানের

অস্ট্রিয়া ২–১ জর্ডান

৭৬ মিনিটে দ্বিতীয় গোল হজম করেছে জর্ডান। এটি ছিল আত্মঘাতী। কর্নার থেকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন ইয়াজান আল–আরব।

ভিএআরে গোল বাতিল

অস্ট্রিয়া ১–১ জর্ডান

৬৭ মিনিটে জর্ডানের জালে বল পাঠিয়েছিলেন মার্কো আরনাউতোভিচ। অস্ট্রিয়ার খেলোয়াড়দের উদ্‌যাপনের এক পর্যায়ে হস্তক্ষেপ করেন ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি। রিপ্লেতে দেখা যায়, আরনাউতোভিচকে যিনি বল পাঠিয়েছিলেন, সেই স্টেফান পশের হাতে বল লেগেছিল। হ্যান্ডবলে গোল বাতিল।

সমতা ফেরাল জর্ডান

অস্ট্রিয়া ১–১ জর্ডান

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতা এনেছে জর্ডান। ৫০ মিনিটে গোল করেছেন আলী ওলওয়ান।

জর্ডানের বিপক্ষে এগিয়ে অস্ট্রিয়া

অস্ট্রিয়া ১–০ জর্ডান

বিশ্বকাপ অভিষেক হওয়া জর্ডান প্রথম ম্যাচের প্রথমার্ধে অস্ট্রিয়ার বিপক্ষে পিছিয়ে গেছে। সান ফ্রান্সিসকো বে অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে গোল করেছেন রোমানো স্মিড।

গোলের পর স্মিডের উল্লাস

মেসি ৩: ০ আলজেরিয়া

কাতার বিশ্বকাপ যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করলেন লিওনেল মেসি। এবারের বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই মেসি করলেন জাদুকরী এক হ্যাটট্রিক। মেসির মায়া ছড়ানোর ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় ৩–০ গোলে।

এই ম্যাচে হ্যাটট্রিক করে মেসি ছুঁয়ে ফেললেন বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোসার করা সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড। এখন আরেক গোল করলে এককভাবে শীর্ষে উঠবেন আর্জেন্টাইন মহাতারকা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলটি করেন মেসি। দি পলের কাছ থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে করেন চোখধাঁধানো এক গোল।

এরপর আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের ভুলে মেসি নিজের দ্বিতীয় গোলটি পান ম্যাচের ৬০ মিনিটে। ৭৬ মিনিটে আরেকটি দুর্দান্ত গোলে মেসি আদায় করে নেন বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক।

সব মিলিয়ে বিশ্বকাপ ধরে রাখার মিশনটা মেসি ও আর্জেন্টিনা শুরু করল বড় বার্তা দিয়ে। কাতারে বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ হলেও, ক্ষুধাটা এখনো চার বছর আগের মতোই আছে।

আর্জেন্টিনা–আলজেরিয়া ম্যাচ নিয়ে প্রথম আলোর প্রতিবেদনগুলো দেখে নিতে পারেন:

মেসির হ্যাটট্রিক, মেসির রেকর্ড, মেসির চোখে জল

পৃথিবীটা এখনো মেসির

তিন ‘কবিতা’য় শুরু মেসির শেষের ‘কবিতা’

‘মেসিকে নিয়ে কী বলব, ভাষায় প্রকাশ করা কঠিন’

ছবিতে ছবিতে আলজেরিয়ার বিপক্ষে অদম্য মেসি

দুর্দান্ত মেসি

মেসি ছুঁলেন ক্লোসাকে

অবিশ্বাস্য! হ্যাট্রটিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠলেন মেসি। রোনালদো নাজারিওর ১৫ গোল ছাড়িয়ে ছুঁয়ে ফেললেন সর্বোচ্চ গোল করা ক্লোসাকে। বিশ্বকাপে মেসির গোল এখন ক্লোসার সমান ১৬টি। হ্যাটট্রিকের পরপর ৮০ মিনিটে মাঠ ছাড়েন মেসি। মাঠ ছাড়ার সময় মেসিকে দেয়া হলো ‘স্ট্যান্ডিং অভেশন।’

স্ট্যান্ডিং অভেশন নিয়ে মাঠ ছেড়েছেন মেসি

বিশ্বকাপে মেসির প্রথম হ্যাট্রটিক

আটকে রাখা গেল না মেসিকে। হ্যাটট্রিকটা পেয়েই গেলেন জাদুকর–মেসি। ম্যাচের ৭৬ মিনিটে দারুণ এক গোলে আদায় করে নিলেন বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক।

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করলেন মেসি

অল্পের জন্য হ্যাটট্রিক হলো না মেসির

মেসিকে হ্যাটট্রিক বঞ্চিত করলেন লুকা জিদান। মেসির দ্বিতীয় গোলটিতে ভুল করেছিলেন আলজেরিয়ান গোলরক্ষক। তবে একটু পর পুষিয়ে দিলেন সেটি। ৬৬ মিনিটে মেসির গোলের লক্ষ্যে নেওয়া শট অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দিয়েছেন জিনেদিন জিদান–পুত্র।

বিশ্বকাপে মেসির ১৫তম গোল

আবারও মেসি মোমেন্ট! ম্যাচের ৬০ মিনিটের মাথায় আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে ২–০ গোলে এগিয়ে দিলেন আর্জেন্টাইন অধিনায়ক। অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের বক্সের বাইরে থেকে নেওয়া শট নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন আলজেরিয়ার গোলরক্ষক। ফিরতি শটে গোল করে বল জালে জড়ান মেসি।

এটি বিশ্বকাপে মেসির ১৫তম গোল। এই গোলে মেসি ছুঁয়ে ফেললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকে (১৫)। মেসির সামনে এখন শুধুই ১৬ গোল করা মিরোস্লাভ ক্লোসা।

আর্জেন্টিনার আরও দুই বদল

দলে আরও দুটি পরিবর্তন আনলেন স্কালোনি। ৫৫ মিনিটে লাওতারো মার্তিনেজের বদলে মাঠে নেমেছেন হুলিয়ান আলভারেজ। একই সময়ে থিয়াগো আলমাদার বদলে মাঠে নামেন নিকোলাস গঞ্জালেস।

মার্তিনেজের শট ঠেকালেন আলজেরিয়ার গোলরক্ষক

৫৫ মিনিটে লাওতারো মার্তিনেজের শট দারুণভাবে ঠেকিয়ে দিলেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান।

মন্তিয়েলের বদলে মাঠে নামলেন মলিনা

দ্বিতীয়ার্ধের শুরুতেই দলে পরিবর্তন আনলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। গঞ্জালো মান্তিয়েলের জায়গায় মাঠে নামালেন নাহুয়েল মলিনাকে।

মেসিময় প্রথমার্ধ

আর্জেন্টিনা–আলজেরিয়া ম্যাচের প্রথমার্ধের পুরোটা জুড়ে ছিলেন লিওনেল মেসি। খেলার মাত্র পাঁচ মিনিটেই বল জালে পাঠান মেসি। গ্যালারিতে শুরু হয় উল্লাস, কিন্তু মুহূর্তের মধ্যেই সহকারী রেফারির পতাকা উঠলে সেই উদ্‌যাপন থেমে যায়। এরপর বাতিল হয় আলজেরিয়ার একটি গোলও।

তবে ১৭ মিনিটে আবারও দৃশ্যপটে মেসি। দি পলের কাছ থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে করলেন অসাধারণ এক গোল। বিশ্বকাপে মেসির করা ১৪তম গোলটি নিয়েই বিরতিতে গেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। বিরতির পরও কি হবে মেসি জাদু?

অপ্রতিরোধ্য মেসি

বিশ্বকাপে মেসির ১৪তম গোল

এমন কিছুর জন্য অপেক্ষায় ছিল সবাই! ম্যাচের ১৭ মিনিটে আসল সেই জাদুকরী মুহূর্তটি। লিওনেল মেসির দুর্দান্ত এক গোলে আলজেরিয়ার বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে নিজের ২০০তম ম্যাচে খেলতে নামা মেসির এটি জাতীয় দলের হয়ে ১১৮তম এবং বিশ্বকাপে ১৪তম গোল।

মিডফিল্ড থেকে রদ্রিগো দি পল বল বাড়িয়ে দেন মেসির কাছে। বল পেয়ে তিনি পরিচিত ভঙ্গিতে এগিয়ে যান এবং প্রায় ২৫ গজ দূর থেকে নেন জোরালো শট।

আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান দুই হাত লাগাতে পারলেও সেই দুর্দান্ত শট ঠেকাতে পারেননি। বল জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

মেসির অসাধারণ এক গোল

আলজেরিয়ার গোলও বাতিল

মেসির গোল বাতিল হওয়ার পর একই অভিজ্ঞতার সাক্ষী হলো আলজেরিয়াও। অফসাইডের কারণে বাতিল হলো তাদের গোলও।

মেসির গোল বাতিল

আর্জেন্টিনা ও লিওনেল মেসির জন্য স্বপ্নের মতো শুরু হতে পারত ম্যাচটি।

খেলার মাত্র পাঁচ মিনিটেই বল জালে পাঠান মেসি। গ্যালারিতে উল্লাস শুরু হয়ে যায়, কিন্তু মুহূর্তের মধ্যেই সহকারী রেফারির পতাকা উঠলে সেই উদ্‌যাপন থেমে যায়।

রিপ্লেতে দেখা যায়, মেসি খুব অল্প ব্যবধানে অফসাইড ছিলেন। ফলে তার গোলটি বাতিল হয়।

এটি হতে পারত বিশ্বকাপে মেসির ১৪তম গোল, কিন্তু ইতিহাসের সেই মুহূর্তের জন্য তাঁকে আরও অপেক্ষা করতে হবে।

আর্জেন্টিনার জার্সিতে মেসির ২০০ তম ম্যাচ

ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলবেন মেসি। এর আগে এই মাইলফলকের দেখা পেয়েছেন শুধু পর্তুগাল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও কুয়েতের সাবেক ফরোয়ার্ড বাদের আল–মুতওয়া। মেসির জন্য এই দিনটা আরেকটি কারণে বিশেষ। ২০ বছর আগে এই দিনেই বিশ্বকাপে অভিষেক হয়েছিল তাঁর।

তবে বিশ্বকাপে দেশের হয়ে ২০০ তম ম্যাচ খেলার অভিজ্ঞতায় মেসিই প্রথম!

এটি মেসির ষষ্ঠ বিশ্বকাপ। ছেলেদের বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ছয়টি আসরে খেলার রেকর্ড গড়তে যাচ্ছেন কিংবদন্তি। এবারের আসরে পর্তুগাল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও মেক্সিকোর গোলকিপার গিয়ের্মো ওচোয়া মাঠে নামলে তাঁরাও মেসির এ রেকর্ডে ভাগ বসাবেন।

মাঠে পৌঁছেছেন মেসিরা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আর্জেন্টিনা দল এরই মধ্যে কানসাস সিটি স্টেডিয়ামে পৌঁছে গেছেন। আজ বাংলাদেশ সময় সকাল ৭টায় বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আলজেরিয়া।

কানসাস সিটি স্টেডিয়ামের মাঠে ম্যাচের আগে ওয়ার্ম আপ করেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি

এবার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মাঠে নামার পালা

বিশ্বকাপে এবার বিশ্বচ্যাম্পিয়নের মাঠে নামার পালা। গ্রুপ ‘জে’-এর প্রথম ম্যাচে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা।

কানসাস সিটি স্টেডিয়ামে ওয়ার্ম আর্পে আর্জেন্টিনা দল

কাতার ২০২২ বিশ্বকাপ জয়ের সাড়ে তিন বছর পরও আলবিসেলেস্তেদের নেতৃত্বে আছেন লিওনেল মেসি। এই ম্যাচের মধ্য দিয়ে তিনি নিজের ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছেন। যার ফলে যৌথভাবে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার রেকর্ডও গড়বেন আর্জেন্টাইন মহাতারকা। এই রেকর্ডে তাঁর সঙ্গী পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও মেক্সিকোর অভিজ্ঞ গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া।

ম্যাচটি পরিচালনা করবেন পোলিশ রেফারি শিমোন মারচিনিয়াক, যিনি ফ্রান্সের বিপক্ষে ২০২২ বিশ্বকাপের ফাইনালেও দায়িত্বে ছিলেন।

মেসি ও রদ্রিগো দি পল

জোড়া গোলে নরওয়েকে জিতিয়ে বিশ্বকাপ মিশন শুরু হলান্ডের

নরওয়ে ৪ : ১ ইরাক

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরাকের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে নরওয়ে। দলের জয়ে জোড়া গোল করেছেন প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা ‘গোলমেশিন’ খ্যাত আর্লিং হলান্ড। ম্যাচের ২৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে ডেভিড মোলারের দেওয়া ক্রসে পা ছুঁইয়ে গোল করেন হলান্ড। ম্যানচেস্টার সিটি তারকার এই ট্রেডমার্ক গোলের পর ৩৯ মিনিটে লিড হারায় নরওয়ে। বাঁ প্রান্ত থেকে আমির আল আম্মারির ক্রসে লাফিয়ে উঠে হেডে গোল করেন ইরাক স্ট্রাইকার আইমেন হুসেইন।

তবে ফের ব্যবধান বাড়াতে হলান্ডের লেগেছে মাত্র ৪ মিনিট। দৌড়ে আসা হলান্ডের সামনে থেকে বল ‘ক্লিয়ার’ করতে গিয়ে ভুল করেন ইরাকের গোলকিপার জালাল হাসান। তাঁর ফিরিয়ে দেওয়া বল হলান্ডের পায়ে লেগে জালে জড়ায়। বিরতির পর এই ব্যবধান ৩–১ করেন লিও স্কিরি অস্টিগার্ড। এরপর ম্যাচের শেষ মুহূর্তে আইমেন হুসেইনের আত্মঘাতী গোলে ৪–১ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে। সব মিলিয়ে দারুণ এক জয়ে মিশন শুরু করল বিশ্বকাপের অন্যতম আলোচিত ‘ডার্ক হর্স’ নরওয়ে।

ম্যাচ শেষে হাত মেলাচ্ছেন দুই দলের খেলোয়াড়রা

নরওয়ে ৪ : ১ ইরাক

ম্যাচের শেষ মুহূর্তে নরওয়েকে চতুর্থ গোলটি উপহার দিয়েছেন ইরাকি ফরোয়ার্ড আইমেন হুসেইন।

৩–১ গোলে এগিয়ে গেল নরওয়ে

হলান্ডের জোড়া গোলের পর নরওয়ের হয়ে ৭৬ মিনিটে তৃতীয় গোলটি করলেন লিও স্কিরি অস্টিগার্ড। ম্যাচে জয়ের পথে থাকা নরওয়ে এখন এগিয়ে ৩–১ গোলে।

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশ:

এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাওতারো মার্তিনেজ।

চলছে হলান্ড ‘শো’—আবারও এগিয়ে নরওয়ে

নরওয়ে ২–১ ইরাক

সমতায় ফেরা ইরাকের খেলোয়াড়দের মনে মনে একটু খুশি হওয়ার সময়ও দিলেন না হলান্ড!

গোল হজমের ৪ মিনিটের মাথায় (ম্যাচে ৪৩ মিনিট) আবারও গোল করলেন নরওয়ে স্ট্রাইকার। দৌড়ে আসা হলান্ডের সামনে থেকে বল ‘ক্লিয়ার’ করতে গিয়ে ভুল করেন ইরাকের গোলকিপার জালাল হাসান। তাঁর শট হলান্ডের পায়ে লেগে জালে জড়ায়।

দ্বিতীয় গোলটি এভাবে করেন হলান্ড

গোল! সমতায় ইরাক

ইরাক ১–১ নরওয়ে

হলান্ডের গোলে নরওয়ের লিড টিকল মাত্র ১০ মিনিট। কারণ ইরাক পিছিয়ে পড়েও হাল ছাড়েনি।

৩৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে আমির আল আম্মারির ক্রসে লাফিয়ে উঠে হেডে গোল করেন ইরাক স্ট্রাইকার আইমেন হুসেইন।

গোলের পর আইমেন হুসেইনের উদ্‌যাপন

২৯ মিনিটে গোল হলান্ডের

নরওয়ে ১–০ ইরাক

বাঁ প্রান্তে ডেভিড মোলারের দেওয়া ক্রসে পা ছুঁইয়ে গোল নরওয়ে স্ট্রাইকার আর্লিং হলান্ডের। ম্যানচেস্টার সিটিতে নিয়মিতই এভাবে গোল করেন।

বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই গোল পেলেন হলান্ড।

গোলের পর হলান্ডের চিরাচরিত উদ্‌যাপন

শুরু হলো নরওয়ে–ইরাক ম্যাচ

বোস্টন স্টেডিয়ামে গ্রুপ ‘আই’–এর ম্যাচে এখন মুখোমুখি হচ্ছে নরওয়ে ও ইরাক। এর আগে সেনেগালের বিপক্ষে ৩–১ গোলে জিতে এই গ্রুপের শীর্ষে উঠেছে ফ্রান্স।

বিশ্বকাপে গোলের দৌড়ে এমবাপ্পে কোথায়

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা:

মিরোস্লাভ ক্লোসা—১৬ গোল (২৪ ম্যাচ)

রোনালদো নাজারিও—১৫ গোল (১৯ ম্যাচ)

গার্ড মুলার—১৪ গোল (১৩ ম্যাচ)

কিলিয়ান এমবাপ্পে—১৪ গোল (১৫ ম্যাচ)

জাস্ট ফন্টেইন—১৩ গোল (৬ ম্যাচ)

লিওনেল মেসি—১৩ গোল (২৬ ম্যাচ)

পেলে—১২ গোল (১৪ ম্যাচ)

এমবাপ্পেকে অভিনন্দন জানান ফ্রান্স কোচ দিদিয়ের দেশম

এমবাপ্পের রেকর্ডের জাদু

ফ্রান্স ৩ : ১ সেনেগাল

নিউ জার্সিতে প্রথমার্ধে খুঁজে পাওয়া না যাওয়া ফ্রান্সকে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফেরালেন কিলিয়ান এমবাপ্পে। ৬৬ মিনিটে ফ্রান্সের হয়ে এবারের বিশ্বকাপে নিজের প্রথম গোলটি করেন অধিনায়ক এমবাপ্পে। এর ফলে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলে অলিভিয়ের জিরুর পাশে বসেন এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। দুজনের গোল তখন ৫৭।

ফ্রান্সের বিপক্ষে পারল না সাদিও মানের সেনেগাল

যোগ করা সময়ের ৬ মিনিটে গোল করে জিরুকে পেছনে ফেলে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে ওঠেন এমবাপ্পে (৯৯ ম্যাচে ৫৮ গোল)। বক্সের বাইরে থেকে অবিশ্বাস্য এক শটে গোল করেন ২০১৮ আসরে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের নায়ক। বিশ্বকাপে এমবাপ্পের মোট গোল এখন ১৪টি।

এমবাপ্পে রেকর্ড গড়ার আগে ৮২ মিনিটে ফ্রান্সের হয়ে গোল করেন বদলি নামা ব্র্যাডলি বারকোলা। সেনেগালের হয়ে যোগ করা সময়ে এক গোল শোধ করেন ইব্রাহিমা এমবায়ে।

প্রথমার্ধে ভালো খেলতে না পারলেও বিরতির পর ৩ গোল করেছে ফ্রান্স। জয় উদ্‌যাপন খেলোয়াড়দের

এমবাপ্পের রেকর্ড গড়া গোল

এমব্বাপের রেকর্ড গড়া গোলে সেনেগালের বিপক্ষে ফ্রান্স এগিয়ে গেল ৩–১ গোলে। যোগ করা সময়ের ৫ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে অবিশ্বাস্য এক শটে লক্ষ্যভেদ করেন এই ফরাসি তারকা। এই গোলে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা মুকুটও পরলেন এমবাপ্পে। অলিভিয়ের জিরুর ৫৭ গোল ছাড়িয়ে এমবাপ্পের গোল এখন ৫৮। বিশ্বকাপে তাঁর গোল ১৪।

সেনেগালের গোল শোধ

এক গোল শোধ করেছে সেনেগাল। সেনেগালের হয়ে যোগ করা সময়ের ৫ম মিনিটে গোলটি করেছেন ইব্রাহিমা এমবায়ে।

নেমেই গোল করলেন বারকোলা

মাঠে নামার মাত্র তিন মিনিটের মধ্যে ফ্রান্সকে ২–০ গোলে এগিয়ে দিলেন ব্র্যাডলি বারকোলা। ম্যাচের ৭৯ মিনিটে উসমান দেম্বেলের বদলি হিসেবে মাঠে নামেন এই ফরোয়ার্ড। ৮২ মিনিটে আদ্রিয়াঁ রাবিওর লম্বা করে বাড়ানো থ্রু পাস ধরে ঠাণ্ডা মাথায় গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান এই পিএসজি তারকা।

এমবাপ্পের মাইলফলক

কিলিয়ান এমবাপ্পে আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন। সেনেগালের বিপক্ষে গোল করে তিনি ফ্রান্সের হয়ে নিজের গোলসংখ্যা ৫৭-তে নিয়ে গেছেন। এর ফলে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরুকে ছুঁয়েছেন এমবাপ্পে।

বিশ্বকাপেও বেড়েছে তার গোলসংখ্যা। এই গোল নিয়ে বিশ্বকাপে এমবাপ্পের মোট গোল দাঁড়িয়েছে ১৩। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছুঁতে এখন তার প্রয়োজন আর মাত্র তিনটি গোল।

এমবাপ্পের গোল

প্রথমার্ধের হতাশা ভুলে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফিরেছে ফ্রান্স। একের পর এক আক্রমণের জেরে ম্যাচের ৬৬ মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে গেছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মাইকেল ওলিসের অ্যাসিস্টে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেছেন ফ্রান্স অধিনায়ক। এমবাপ্পের এই গোলের পরপর বল জালে জড়িয়েছিল সেনেগালও। যদিও গোলটি বাতিল হয় অফসাইডের কারণে।

পেনাল্টি পেল না ফ্রান্স

ফ্রান্সের আক্রমণের একপর্যায়ে বক্সের ভেতর কিলিয়ান এমবাপ্পেকে ট্যাকল করেন সাদিও মানে। রেফারি শুরুতে পেনাল্টি না দিলেও পরে ভিএআর যাচাই করে। তবে তাতেও সিদ্ধান্ত পাল্টায়নি। ৬০ মিনিট পেরিয়ে গেলেও এখনো গোলশূন্য সমতায় ম্যাচ।

মেন্দি ঠেকিয়ে দিলেন এমবাপ্পে–ওলিসেকে

দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে স্বরূপে ফেরার ইঙ্গিত দিচ্ছে ফ্রান্স। তবে মাইকেল ওলিসে ও এমবাপ্পেকে ঠেকিয়ে ফ্রান্সকে গোল বঞ্চিত রেখেছেন সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি।

প্রথমার্ধে হতাশ করেছেন এমবাপ্পে–দেম্বেলেরা

ফ্রান্স ০ : ০ সেনেগাল

প্রতিভায় ঠাসা ফ্রান্স দল সেনেগালের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে হতাশ করেছে। দল হিসেবে তারকা খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়ার ঘাটতি ছিল স্পষ্ট। এমবাপ্পে–দেম্বেলেরা একেকজন উজ্জ্বল তারকা, কিন্তু সবাই মিলে একই ছন্দে খেলতে পারেননি।গোল দূরে থাক, প্রথমার্ধে ফ্রান্স লক্ষ্যে কোনো শটও নিতে পারেনি। ফ্রান্সের চেয়ে সেনেগাল বরং বেশি উজ্জ্বল ছিল। গোলের একাধিক সুযোগও পেয়েছিল তারা। কিন্তু পোস্টের বাধা এবং ফিনিশিংয়ের ব্যর্থতায় গোল পায়নি আফ্রিকান দেশটি। হতাশা ভুলে দ্বিতীয়ার্ধে ফ্রান্স কি ছন্দে ফিরতে পারবে?

প্রথমার্ধে হতাশ করেছেন এমবাপ্পে

সমতায় চলছে ফ্রান্স–সেনেগাল ম্যাচ

নিউ জার্সিতে প্রথমার্ধের ৩০ মিনিটে শেষে গোলশূন্য সমতায় আছে ফ্রান্স–সেনেগাল ম্যাচ। দুই দলই চেষ্টা করছে সুযোগ তৈরির। তবে গোলের সবচেয়ে কাছাকাছি গিয়েছিল সেনেগালই। ২৫ মিনিটে নিকোলাস জ্যাকসনের শট পোস্টে লেগে ফিরে আসে। ফ্রান্স এখনো বলার কোনো সুযোগ তৈরি করতে পারেনি।

ফ্রান্স–সেনেগাল ম্যাচের একটি মুহূর্ত

পোস্টে লাগল জ্যাকসনের শট

ম্যাচের ২৫ মিনিটে নিকোলাস জ্যাকসনের শট পোস্টে লেগে প্রতিহত হওয়ায় অল্পের জন্য গোল পাওয়া হলো না। সেনেগালের।

এমবাপ্পে–মানে মুখোমুখি

নিউ জার্সিতে গ্রুপ ‘আই’–এর ম্যাচে এখন লড়ছে ফ্রান্স–সেনেগাল। তারকায় ঠাসা ফ্রান্স দলকে কি চ্যালেঞ্জ জানাতে পারবেন সাদিও মানেরা?

ইতিহাস গড়ার সুযোগ এমবাপ্পের

আজকের ম্যাচে কিলিয়ান এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে।

ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ৫৬ গোল করেছেন ২৭ বছর বয়সী এই তারকা। আর একটি গোল করলেই দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরুর রেকর্ডে ভাগ বসাবেন তিনি।

বিশ্বকাপেও এমবাপের গোলসংখ্যা ঈর্ষণীয়। ফ্রান্সের জার্সিতে তার ৫৬ গোলের ১২টিই এসেছে বিশ্বকাপের মঞ্চে। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোলের মালিক জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের রেকর্ড ছুঁতে এমবাপের দরকার আর মাত্র চারটি গোল।

দিদিয়ের দেশমের কীর্তি

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম এখন একই জাতীয় দলকে চারটি বিশ্বকাপে কোচিং করানো ইতিহাসের ষষ্ঠ কোচ। ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬—টানা চারটি বিশ্বকাপেই তিনি ফ্রান্সের দায়িত্বে আছেন।

এর আগে এই কীর্তি গড়েছিলেন—

সেপ হারবার্গার (জার্মানি) — ১৯৩৮, ১৯৫৪, ১৯৫৮ ও ১৯৬২

ওয়াল্টার উইন্টারবটম (ইংল্যান্ড) — ১৯৫০, ১৯৫৪, ১৯৫৮ ও ১৯৬২

লায়োশ বারোতি (হাঙ্গেরি) — ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭৮

হেলমুট শ্যোন (পশ্চিম জার্মানি) — ১৯৬৬, ১৯৭০, ১৯৭৪ ও ১৯৭৮

অস্কার তাবারেজ (উরুগুয়ে) — ১৯৯০, ২০১০, ২০১৪ ও ২০১৮

ফ্রান্সের বিপক্ষে সেনেগালের একাদশ

এদুয়ার্দ মেন্দি (গোলরক্ষক), ক্রেপিন দিয়াতা, কালিদু কুলিবালি, মুসা নিয়াখাতে, এল হাজি মালিক দিউফ, লামিনে কামারা, ইদ্রিসা গেয়ে, পাপে গেয়ে, ইসমাইলা সার, নিকোলাস জ্যাকসন, সাদিও মানে।

ফ্রান্সের একাদশ

সেনেগালের বিপক্ষে ফ্রান্সের একাদশ

মাইক মাইনিয়ঁ (গোলরক্ষক), দায়োত উপামেকানো, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, থিও হার্নান্দেজ, অরেলিয়াঁ চুয়ামেনি, আদ্রিয়াঁ রাবিও, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, দেজিরে দুয়ে।

মাঠে নামার আগেই আর্জেন্টিনা–আলজেরিয়ার সমর্থকদের মারামারি

বিশ্বকাপের মাঠের উত্তাপ এবার ছড়াল নিউইয়র্কের রাস্তায়। ২০২৬ বিশ্বকাপের ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার আগেই মারামারিতে জড়ালেন আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকেরা। আজ নিউইয়র্কের প্রাণকেন্দ্র ম্যানহাটনের বিখ্যাত টাইমস স্কয়ারে দুই দলের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি পরা একদল সমর্থকের সঙ্গে আলজেরিয়ার জার্সি পরিহিত সমর্থকদের ধস্তাধস্তি ও হাতাহাতি হচ্ছে। ‘ব্রুট অফিশিয়াল’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রথম শেয়ার করা হয়, যা পরে দ্রুতই ভাইরাল হয়ে যায়।

বড় ধাক্কা খেল ইংল্যান্ড

মাঠে নামার আগেই বড় এক ধাক্কা খেল ইংল্যান্ড। বিশ্বকাপ মিশন শুরুর ঠিক আগের দিনই দল থেকে ছিটকে গেলেন টিনো লিভ্রামেন্টো। কাফ ইনজুরির কারণে এই ইংলিশ ডিফেন্ডারের এবারের বিশ্বকাপের স্বপ্নটা এখানেই শেষ হয়ে গেল।

লিভ্রামেন্টোর দুর্ভাগ্য অবশ্য ভাগ্য খুলে দিয়েছে ট্রেভো চালোবাহর। স্কোয়াডে তাঁর বদলি হিসেবে ডাক পেয়েছেন এই চেলসি ডিফেন্ডার।

উদ্‌যাপনটা ‘রাজনৈতিক ছিল’

নিউজিল্যান্ডের বিপক্ষে ইরানের প্রথম গোলটি করেন রামিন রেজাইয়ান। গোলের পর তিনি দর্শকের দিকে ছুটে গিয়ে জার্সি দিয়ে মুখ ঢেকে দেন।

খেলাশেষে তাঁকে এমন উদ্‌যাপনের কারণ সম্পর্কে জিজ্ঞেস করা হলে সম্প্রচার ক্যামেরায় বলেন, ‘এটা কিছুটা রাজনৈতিক ছিল। এ নিয়ে আমি আর কিছু বলতে চাই না।’

লস অ্যাঞ্জেলেসে হওয়া ম্যাচটির সময় সোফাই স্টেডিয়ামের বাইরে প্রবাসী ইরানিদের একটি অংশ বিক্ষোভ করে, যারা দেশটির বর্তমান শাসনকাঠামোর বিরোধী। একটি অংশ খেলা শুরুর আগে জাতীয় সংগীতের সময় দুয়োও দেয়।

খুব সম্ভবত সে দিকে ইঙ্গিত করে রেজাইয়ান বলেন, ‘আমরা এখান ফুটবল নিয়ে কথা বলতে এসেছি। যদি আমাদের মধ্যে (ইরানি দর্শক) কোনো সমস্যা থাকে, আমাদের ভেতরের ব্যাপার।’

রেজাইয়ানের সেউ উদ্‌যাপন

তিউনিসিয়ার নতুন কোচ হার্ভে রেনার্ড

বিশ্বকাপের মাঝপথে হার্ভে রেনার্ডকে কোচ নিয়োগ দিয়েছে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন। মেক্সিকোয় পৌঁছে মঙ্গলবার তিউনিসিয়া দলের অনুশীলনে দায়িত্ব নেওয়ার কথা তাঁর।

এর আগে গতকাল সাব্রি লামুশিকে বরখাস্ত করে তিউনিসিয়া ফেডারেশন। আফ্রিকান দলটি ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫–১ গোলে হারে।

৫৭ বছর বয়সী রেনার্ড এবার নিয়ে টানা তৃতীয় বিশ্বকাপের ডাগআউটে দাঁড়াতে যাচ্ছেন। ২০১৮ বিশ্বকাপে ছিলেন মরক্কোর কোচ। ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের, যে দলটি প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়েছিল। ফরাসি এই কোচের অধীনে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছিল সৌদি আরব। গত ১৭ এপ্রিল তাঁকে বরখাস্ত করা হয়।

২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা–সৌদি আরব ম্যাচের পরের ছবি

৬৮ বছর পর এক দিনে চারটি ড্র

বিশ্বকাপের পঞ্চম দিনে ম্যাচ হয়েছে চারটি, সব কটিই শেষ হয়েছে সমতায়। স্পেন–কেপ ভার্দে ০–০, বেলজিয়াম–মিসর ও সৌদি আরব–উরুগুয়ে ১–১ এবং ইরান–নিউজিল্যান্ড ২–২ ড্র করেছে।

ফিফা বিশ্বকাপের ইতিহাসে এক দিনে চারটি ড্র দেখা গেল ৬৮ বছর পর। সুইডেনে হওয়া ১৯৫৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে ১৫ জুন ড্র করেছিল সুইডেন–ওয়েলস (০–০), যুগোস্লোভিয়া–প্যারাগুয়ে (৩–৩), ইংল্যান্ড–অস্ট্রিয়া (২–২) ও নর্দান আয়ারল্যান্ড–জার্মানি (২–২)।

১৯৩০ থেকে শুরু হওয়া ফিফা বিশ্বকাপে এক দিনে চারটির ড্রর ঘটনা এ দুটিই।

ইরানকে রুখে দিল নিউজিল্যান্ড

ইরান ২–২ নিউজিল্যান্ড

এক যুগ পর বিশ্বকাপে ফেরা নিউজিল্যান্ড আজ ইরানের সঙ্গে ড্র করেছে। ম্যাচে দুই দফায় এগিয়ে গিয়েছিল ওশেনিয়ার দলটি। দুবারই সমতা ফিরিয়েছে ইরান।

নিউজিল্যান্ডের হয়ে দুটি গোলই করেছেন এলিজা জাস্ট (৭ ও ৫৪ মিনিট)। ইরানের হয়ে সমতা ফিরিয়েছেন রামিন রেজাইয়ান (৩২) মোহাম্মদ মোহেবি (৬৪)।

পূর্ণাঙ্গ ম্যাচ রিপোর্ট পড়ুন এখানে: ইরানকে কাঁপিয়ে দিল নিউজিল্যান্ড

কেউ ছিলেন আক্রমণে, কেউ রক্ষণে। শেষ পর্যন্ত সফল কেউই নন। ইরান–নিউজিল্যান্ড ম্যাচে

ইরান আবার সমতায়

ইরান ২ : ২ নিউজিল্যান্ড

ম্যাচে সমতায় ফিরল ইরান। ম্যাচের ৬৩ মিনিটে ডান প্রান্ত দিয়ে রামিন রেজাইয়ানের বাড়ানো বলে মোহাম্মদ মোহেবি জোরালো হেডে বলটি জালে জড়ান।

এই গোলে সহায়তা করা রামিনই করেছিলেন ইরানের প্রথম গোল।

জাস্টের জোড়া গোল

ইরানের বিপক্ষে দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে আবার লিড নিল নিউজিল্যান্ড। এই গোলটিও করেছেন এলিজা জাস্ট।

ইরান ১ : ২ নিউজিল্যান্ড

ইরান ১ : ১ নিউজিল্যান্ড

বিশ্বকাপে আক্রমণ ও প্রতি–আক্রমণে দারুণ এক ম্যাচ উপহার দিচ্ছে ইরান–নিউজিল্যান্ড। প্রথমার্ধ শেষে ম্যাচটি এখন ১–১ সমতায় আছে। ম্যাচের ৭ মিনিটে এলিজা জাস্টের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। পরে ম্যাচের ৩২ মিনিটে সমতা ফেরান ইরানের রামিন রেজাইয়ান।

গোল! নিউজিল্যান্ড ১–১ ইরান

পিছিয়ে পড়ার পর ম্যাচের ২৪ মিনিটেই গোল পেতে পারত ইরান। ফরোয়ার্ড মেহদি তারেমির শট পোস্টে লেগে ফিরে আসে। এর ৮ মিনিট পরই কাঙ্খিত গোলটি পেয়ে গেল ইরান। নিউজিল্যান্ডের বক্সে জটলার ভেতর থেকে নেওয়া শটে গোল করেন ইরানের ডিফেন্ডার রামিন রেজাইয়ান।

নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ল ইরান

বিশ্বকাপের অন্যতম আলোচিত দল ইরানের বিপক্ষে ম্যাচের শুরুতেই লিড নিল নিউজিল্যান্ড। ম্যাচের ৭ মিনিটে দলীয় সমন্বয়ে গড়া আক্রমণ থেকে দুর্দান্ত এক গোলে নিউজিল্যান্ডকে এগিয়ে দিয়েছেন এলিজা জাস্ট।

এখন মুখোমুখি ইরান–নিউজিল্যান্ড

বিশ্বকাপে ‘জি’ গ্রুপের ম্যাচে এখন মুখোমুখি ইরান–নিউজিল্যান্ড। এই ম্যাচটি ইরান ফুটবল দলের জন্য সাধারণ একটি ম্যাচের চেয়ে বেশি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ, ভিসা পাওয়া নিয়ে জটিলতা, বেস ক্যাম্প সরিয়ে নেওয়াসহ বিভিন্ন কারণে ইরানের ফুটবল দল এবারের বিশ্বকাপের আলোচিত দলগুলোর একটি। নিউজিল্যান্ড ম্যাচ সামনে রেখে এক দিন আগে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পা রেখেছিল তারা। ইরান যখন এই ম্যাচ খেলার জন্য মাঠে নেমেছে, তখনো মাঠের বাইরে চলছে নানা ধারনের রাজনৈতিক স্লোগান।

গোলকিপারের জাদুতে উরুগুয়েকে আটকে দিয়েছে সৌদি আরব

২০২২ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারানোর স্মৃতিটা এবারও প্রায় ফিরিয়ে এনেছিল সৌদি আরব। উরুগুয়ের বিপক্ষে ৪১ মিনিটে এগিয়ে গিয়ে সেই লিড ৭৯ মিনিট পর্যন্ত ধরে রাখে তারা। তবে এবার শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি মরুর দেশটি। ৮০ মিনিটে মাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে সমতা ফেরায় উরুগুয়ে। ১–১ সমতাতেই শেষ হয় ম্যাচ।

এই ম্যাচে উরুগুয়ে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছে। কিন্তু একটির বেশি গোল আদায় করতে পারেনি তারা। এই ম্যাচের আসল নায়ক সৌদি আরবের গোলরক্ষক মোহাম্মদ আল–ওয়াইস। ম্যাচে ৯টি গোল সেভ করেছেন তিনি।

পূর্ণাঙ্গ ম্যাচ রিপোর্ট পড়ুন এখানে: উরুগুয়েকে ভয় ধরিয়ে দিয়ে পয়েন্ট কাড়ল সৌদি আরব

উরুগুয়ে ১ : ১ সৌদি আরব

মাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে অবশেষে গোলের দেখা পেল উরুগুয়ে। ৮০ মিনিটে পাওয়া এই গোলে সৌদি আরবের বিপক্ষে ১–১ গোলে সমতা ফেরাল দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সমতা ফেরানোর চেষ্টায় উরুগুয়ে

৭০ মিনিটে পেরোলেও এখনো সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরানোর জন্য লড়ছে উরুগুয়ে। তারা পিছিয়ে ১–০ গোলে। লাতিন দেশটির একাধিক প্রচেষ্টা গোলের কাছাকাছি গিয়ে নষ্ট হয়েছে।

বিরতির আগে সৌদি আরবের গোল

বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে চমক দেখানোর বার্তা দিল সৌদি আরব। আবদুলেলাহ আল–আমরির গোলে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের ৪১ মিনিটে লিড নিল এশিয়ান দেশটি।

কর্নার থেকে ভেসে আসা বলে শক্তিশালী হেড নেন হাসান আল তামবাকতি। উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা বলটি ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি। তাঁর হাত ফসকে বল বেরিয়ে গেলে সুযোগটি লুফে নেন আবদুলেলাহ আল আমরি। কাছ থেকে বল জালে জড়িয়ে সৌদি আরবকে এগিয়ে দেন তিনি। রক্ষণে ভুলের মাশুল দিয়ে ম্যাচে পিছিয়ে পড়ল উরুগুয়ে। এই গোল নিয়েই বিরতিতে গেছে সৌদি আরব।

সৌদি আরবের গোল উদ্‌যাপন

উরুগুয়ের সামনে সৌদি আরব

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে এখন মুখোমুখি হচ্ছে সৌদি আরব ও দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। ২০২২ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সে আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে চমক উপহার দিয়েছিল সৌদি আরব। এবারও কি তেমন কিছু করতে পারবে এশিয়ান দলটি।

আত্মঘাতী গোলে জয় হাতছাড়া মিসরের

সিয়াটল স্টেডিয়ামে বেলজিয়াম–মিসর ম্যাচ ১–১ গোলে ড্র হয়েছে। ১৯ মিনিটে বক্সের বাইরে থেকে মোহাম্মদ সালাহর সহায়তায় মিসরকে এগিয়ে দেন ইমাম আশুর। ৬৬ মিনিটে মিসর ডিফেন্ডার মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে সমতায় ফেরে বেলজিয়াম। ‘জি’ গ্রুপে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ১ পয়েন্ট করে পেল দুই দল।

পূর্ণাঙ্গ ম্যাচ রিপোর্ট পড়ুন এখানে: আত্মঘাতী গোলে প্রথম জয়ের অপেক্ষা বাড়ল মিসরের

মিসরের বিপক্ষে অবশেষে সমতা ফেরাল বেলজিয়াম

মাঠে নেমেই বেলজিয়ামের সমতাসূচক গোলের উপলক্ষ হলেন রোমেলু লুকাকু। ম্যাচের ৬৬ মিনিটে লুকাকুকে ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল জড়ান মিসরীয় ডিফেন্ডার মোহাম্মদ হানি। এটি চলতি বিশ্বকাপের তৃতীয় আত্মঘাতী গোল।

মিসর ১ : ১ বেলজিয়াম

পোস্ট কাঁপালেন ডি ব্রুইনা!

৫৩ মিনিটে ফ্রি কিক থেকে বল মিসরের পোস্টে মারেন বেলজিয়াম তারকা কেভিন ডি ব্রুইনা। দুভার্গ্য!

প্রথমার্ধ শেষে: মিসর ১–০ বেলজিয়াম

বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করল মিসর।

গোল: মিসর ১–০ বেলজিয়াম

১৯ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শটে ইমান আশুরের গোলে এগিয়ে গেল মিসর। আন্তর্জাতিক ফুটবলে এটা তাঁর প্রথম গোল। বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে এগিয়ে গেল মিসর।

ইমান আশুরের গোল

শুরু হলো বেলজিয়াম–মিসর ম্যাচ

বেলজিয়াম ও মিসরের ম্যাচ শুরু হয়েছে। মোহাম্মদ সালাহকে নিয়ে নেমেছে মিসর। স্পেন খেলতে নেমেছে লুকাকুকে ছাড়াই।

এটাই কি বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন?

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে ২০০২ বিশ্বকাপে ১–০ গোলে হারিয়েছিল নবাগত সেনেগাল। ১৯৬৬ বিশ্বকাপে ইতালিকেও একই ব্যবধানে হারিয়েছিল উত্তর কোরিয়া। এমনকি চার বছর আগে সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমকে দিয়েছিল সৌদি আরব।

স্পেন ০–০ কেপ ভার্দে—এই ম্যাচটি তেমন নয়। কিন্তু বিশ্বকাপে অভিষেক ম্যাচে অন্যতম ফেবারিট স্পেনের কাছ থেকে পয়েন্ট কেড়ে নেওয়াও চাট্টিখানি অর্জন নয়! কেপ ভার্দের এই দলটি যে বিশ্বকাপ শেষ হওয়ার আগেই দেশে ‘জাতীয় বীরে’র মর্যাদা পাবেন, তা নিশ্চিত।

আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে কেপ ভার্দে গ্রুপসেরা হয়েছে। ক্যামেরুনের মতো দলকে হারিয়েছে। জিতেছে অ্যাঙ্গোলা ও লিবিয়ার বিপক্ষেও।

কেপ ভার্দেকে সবাই এখন চিনবে। এমনটাই মনে করেন অস্ট্রেলিয়া, টটেনহাম হটস্পার ও নটিংহাম ফরেস্টের সাবেক কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু, ‘ছোট্ট একটি দেশের মানুষ বুক ফুলিয়ে বলতে পারবে যে তারা কেপ ভার্দের নাগরিক, আর আজ সারা বিশ্বের প্রত্যেকেই তাদের এই নতুন পরিচয়কে এক নামে চিনে নিল।’

আসলেই তাই!

অবিশ্বাস্য, বিখ্যাত এক ড্র কেপ ভার্দের!

এটাই কি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত ড্র? স্পেনের খেলোয়াড়দের মুখের দিকে তাকানো যাচ্ছে না! কেপ ভার্দের খেলোয়াড়দের চোখে অশ্রু। আহা! বিশ্বকাপের এই তো মজা!

এবার বিশ্বকাপে অন্যতম ফেবারিট ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ব্যবধানে রুখে দিয়েছে বিশ্বকাপ ইতিহাসে জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ (৫ লাখ ২৫ হাজার) কেপ ভার্দে! সেটাও বিশ্বকাপে তাদের অভিষেক ম্যাচে!

কেপ ভার্দে গোলকিপার ভোজিনিয়ার চোখে অশ্রুর বান। দেশের ইতিহাসে অন্যতম সেরা উৎসবের এই লগ্ন নেমেছে তাঁর হাতে ভর করে। ৭টি দারুণ সেভ করেছেন ম্যাচে।

তারকাখচিত স্পেন, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন—৮০১টি পাস খেলেও ফিফা র‍্যাঙ্কিংয়ে ৬৪ তম কেপ ভার্দের জালে বল পাঠাতে পারেনি!

কেপ ভার্দে ৬টি শট নিতে পেরেছে। পোস্টে রাখতে পেরেছে মাত্র একটি। বেশির ভাগ সময়ই পাঁচজনের ব্যাকলাইন নিয়ে রক্ষণ সামলেছে। কখনো কখনো একজন মিডফিল্ডার নিচে নামিয়েও ছয়জন মিলে ডিফেন্স করেছে।

স্পেনের কাছ থেকে পয়েন্ট কাড়ার পর কেপ ভার্দের খেলোয়াড়দের উদ্‌যাপন

স্পেন যে চেষ্টা করেনি তা নয়, মরিয়া হয়েই খেলেছে। চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে না ওঠা লামিনে ইয়ামালকে বাধ্য হয়ে বদলি নামিয়েছে। ২৭টি শট নিয়ে পোস্টে রাখতে পেরেছে ৭টি। কিন্তু গোলটা আর পাওয়া হয়নি। বল পোস্টেও লেগেছে।

পুরো ম্যাচে গোলের সুযোগ কম বের করেনি স্পেন। কিন্তু প্রায় সময়ই কেপ ভার্দের বক্সে ঢুকে কিংবা তার সামনে মুখ থুবড়ে পড়েছে ফেরান তোরেস, দানি ওলমো, ইয়ামালদের আক্রমণভাগ। কারণ? বুক চিতিয়ে লড়েছে কেপ ভার্দে। স্পেনের বেশির ভাগ শটের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন কেপ ভার্দের ডিফেন্ডাররা। তখন মনে হয়নি দুই দলের মধ্যে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৬১ ধাপের ব্যবধান!

ম্যাচে ৭৪ শতাংশ বল ধরে রেখেছে স্পেন।

গোলকিপার ভোজিনিয়ার বীরত্ব। কেপ ভার্দের ইতিহাসে স্মরণীয় দিন

ইয়ামাল ও ভোজিনিয়ায় রেকর্ড!

কেপ ভার্দের বিপক্ষে বদলি নেমে ১৮ বছর ৩৪২ দিন বয়সে বিশ্বকাপে অভিষেক হলো স্পেন তারকা লামিনে ইয়ামালের। কেপ ভার্দে গোলকিপার ভোজিনিয়ারও এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক ঘটল ৪০ বছর ২২ দিন বয়সে।

ভোজিনিয়া ও ইয়ামালের মধ্যে বয়সের ব্যবধান ২১ বছর ৪৫ দিন!

বিশ্বকাপের ইতিহাসে ম্যাচে দুই প্রতিপক্ষ খেলোয়াড়ের মধ্যে এটাই সবচেয়ে বেশি বয়সের ব্যবধান।

মাঠে নামলেন ইয়ামাল

মিকেল মেরিনোর বদলি হয়ে ৭১ মিনিটে মাঠে নেমেছেন লামিনে ইয়ামাল। অনেক চেষ্টা করেও গোল পাচ্ছে না স্পেন। গোলের পথ বের করতেই সম্ভবত চোটের পর পুরোপুরি সুস্থ হয়ে না ওঠা ইয়ামালকে নামালেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

বদলি নামছেন ইয়ামাল

লড়াকু কেপ ভার্দে!

প্রথমার্ধের খেলা শেষে স্কোরলাইন যে ০-০ থাকবে, তা হয়তো ম্যাচের আগে খুব কম মানুষই ভেবেছিলেন। তবে পুরো কৃতিত্ব দিতেই হবে কেপ ভার্দে এবং তাদের গোলরক্ষক ভোজিনিয়াকে। রক্ষণভাগে রীতিমতো দুর্গ গড়ে তুলে স্পেনকে চমৎকারভাবে আটকে রেখেছেন তারা।

মাঠের লড়াইয়ে বলের দখল পুরোপুরি স্পেনের নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু ম্যাচের শেষ ৫ মিনিটের আগপর্যন্ত সেই বল দখলে রেখে খুব একটা ধার ছড়াতে পারেনি তারা। তবে প্রথমার্ধের শেষ দিকে এসে খোলস ছেড়ে বের হয় স্প্যানিশরা। তোরেস গোল করার এক সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন, তাঁর শটটি প্রতিহত হয় ক্রসবারে লেগে। ফিরতি বলে ওইয়ারসাবালের নেওয়া হেড দুর্দান্তভাবে রুখে দেন ভোজিনিয়া। ৪০ বছর বয়সী কেপ ভার্দের এই গোলরক্ষক যেন আজ দেয়াল হয়ে দাঁড়িয়েছেন। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে তোরেস ও লাপোর্তের দুটি নিশ্চিত আক্রমণ নষ্ট করে আতলান্তা স্টেডিয়ামে প্রথমার্ধের সমতা (০-০) ধরে রাখেন তিনি।

দারুণ সব সেভ করেছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া।

আধঘণ্টা গোলশূন্য

ম্যাচের আধঘণ্টা পেরিয়ে গেছে। কেপ ভার্দেকে কোনো গোল দিতে পারেনি স্পেন। এমনকি শট অন টার্গেটই মাত্র একটা!

বিশ্বকাপে অভিষেক হলো কেপ ভার্দের

চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী একাদশ নিয়ে মাঠে নামার রেকর্ড গড়ল কেপ ভার্দে। আজ স্পেনের বিপক্ষে তাদের শুরুর একাদশের গড় বয়স ৩১ বছর ২৬ দিন। এই একাদশে আছেন দলটির ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়াও।

কাকতালীয়ভাবে, গতকাল জার্মানির হয়ে মাঠে নেমেছিলেন ম্যানুয়েল নয়ার। আর আজ ভোজিনিয়া মাঠে নামতেই ফিফা বিশ্বকাপের ইতিহাসে এক অনন্য রেকর্ড হয়ে গেল। এই প্রথম বিশ্বকাপের একই আসরে ৪০ বা তার বেশি বয়সী দুজন ফুটবলারকে খেলতে দেখল ফুটবল বিশ্ব।

ইয়ামালকে ছাড়াই নামছে স্পেন

কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচের একাদশে নেই লামিনে ইয়ামাল। গত এপ্রিলে বার্সেলোনার হয়ে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান। এরপর গত কয়েক সপ্তাহ মাঠের বাইরেই ছিলেন ইয়ামাল। তাঁর পুর্নবাসন প্রক্রিয়া এখনও শেষ না হওয়ায় এই ম্যাচের শুরু থেকে নেই ইয়ামাল।

স্পেনের প্রথম একাদশ গোলরক্ষক: ২৩–উনাই সিমন। ডিফেন্ডার: মার্কোস ইয়োরেন্তে, ১৪–এমেরিক লাপোর্ত ,২২–পাউ কুবারসি, ২৪–মার্ক কুকুরেয়া। মিডফিল্ডার: ৮– ফাবিয়ান রুইজ, ৯–গাভি, ১৬–রদ্রি, ২০–পেদ্রি। ফরোয়ার্ড: ৭–ফেরান তোরেস, ২১– মিকেল ওইয়ারসাবাল

শুরুতেই বিড়ম্বনায় উরুগুয়ে

ফ্লাইট বিলম্বের কারণে দেরিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে উরুগুয়ে ফুটবল দল। সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে কাল ভোরে বিশ্বকাপ অভিযান শুরু করবে মার্সেলো বিয়েলসার দল।

এর আগে মেক্সিকোর কানকুনে অবস্থান করছিল উরুগুয়ে। সেখান থেকে রোববার দুপুরে ফোর্ট লডারডেলের উদ্দেশ্যে উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বিমান সংক্রান্ত কাগজপত্র জটিলতার কারণে তাদের প্রথম ফ্লাইটটি বাতিল করা হয়।

উরুগুয়ে দলকে নিয়ে যাওয়ার জন্য এরপর দ্বিতীয় একটি বিমানের ব্যবস্থা করা হয়। তবে সেই ফ্লাইটটিও বিলম্বিত হয় এবং শেষ পর্যন্ত মায়ামি স্টেডিয়ামে যখন তারা ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনের জন্য পৌঁছান, ততক্ষণে বেশ কয়েক ঘণ্টা দেরি হয়ে গেছে। এই পরিস্থিতির জন্য দলটি ফিফাকে দায়ী করেছে।

মেক্সিকোর কারাসকো বিমানবন্দরে উরুগুয়ে ফুটবল

স্পেনের প্রথম ম্যাচে শুরুর একাদশে থাকছেন না ইয়ামাল

ফিট থাকার পরও কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন না ইয়ামাল, জানিয়েছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

গত এপ্রিলে বার্সেলোনার হয়ে খেলার সময় চোটে পড়েন ইয়ামাল। আজ ম্যাচের দ্বিতীয়ার্ধে তিনি মাঠে নামতে পারেন।

৫–১ গোলে তিউনিসিয়াকে হারাল সুইডেন

শুরুটা করেছিলেন ইয়াসিন আয়ারি, শেষটাও করলেন তিনিই।

২২ বছর বয়সী এই মিডফিল্ডারের জোড়া গোলের ম্যাচে তিউনিসিয়াকে ৫–১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে সুইডেন। অন্য তিনটি গোল করেছেন ভিক্টর ইয়োকেরেস, আলেকসান্দার ইসাক ও মাটিয়াস সভানবার্গ।

গোল উদ্‌যাপন

সুইডেনের চতুর্থ গোল

সুইডেন ৪:১ তিউনিসিয়া

বদলি নেমেই গোল পেলেন মাটিয়াস সভানবার্গ। ৮৪ মিনিটে হওয়া গোলটি বেশ নাটকীয়তার পরই নিশ্চিত করা হয়েছে।

প্রথম অফসাইডের কারণে বাতিল করা হয়েছিল। পরে ভিএআর দেখে সভানবার্গ শট নেওয়ার আগে ইসাকের পা ছুঁয়েছিল বল।

মাটিয়াস সভানবার্গ মাঠে নেমেই গোল করেছেন (১৯ নম্বর জার্সি)

গোলদাতার খাতায় ইয়োকেরেসও

তিউনিসিয়ার বিপক্ষে গোল ব্যবধান আবারও বাড়াল সুইডেন। ৫৯ মিনিটে গোল করেছেন ভিক্টর ইয়োকেরেস।

এই গোলে ইয়োকেরেসের নৈপূণ্যের চেয়ে তিউনিসিয়ার দায়ই বেশি। গোলকিপার শামাখ হাত দিয়ে বল বাড়িয়েছিলেন স্খিরির দিকে। ইসাক যে কাছাকাছি আছেন খেয়াল করেননি। ক্ষীপ্র সুইডিশ স্ট্রাইকার স্খিরির কাছ থেকে বল কেড়ে নিয়ে পাশে থাকা ইয়োকেরেসকে দেন। কোনাকুনি শটে বল জালে জড়াতে কোনো কষ্টই হয়নি আর্সেনাল ফরোয়ার্ডের।

সুইডেন ৩–১ তিউনিসিয়া

প্রথমার্ধে এগিয়ে সুইডেন

মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে গ্রুপের ‘এফ’–এর ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে গেছে সুইডেন। সপ্তম মিনিটে ইয়াসিন আয়ারি আর ৩০তম মিনিটে আলেকসান্দার ইসাক গোল করেন। ৪৩ মিনিটে তিউনিসিয়ার হয়ে এক গোল শোধ দেন ওমর রেকিক।

তিউনিসিয়ার গোল

সুইডেন ২–১ তিউনিসিয়া

দুই গোলে পিছিয়ে যাওয়ার পর বিরতির আগেই এক গোল শোধ দিয়েছে তিউনিসিয়া। ৪৩ মিনিটে হানিবাল মেজব্রির বাড়ানো ক্রসে হেডে বল জালে জড়িয়েছেন ওমর রেকিক।

হেডে গোল করেছেন ওমর রেকিক (৪ নম্বর জার্সি)

ইসহাকের দারুণ গোল

গোল করেছেন লিভারপুলে খেলা সুইডিশ স্ট্রাইকার আলেকসান্দার ইসাক

৩০ মিনিটে আলেকসান্দার ইসাক গোল করে ২–০ গোলে এগিয়ে দেন সুইডেনকে।

সুইডেন ২–০ তিউনিসিয়া।

সুইডেন ১ : ০ তিউনিসিয়া

ইয়াসিন আয়ারির অসাধারণ এক গোলে তিউনিসিয়ার বিপক্ষে এগিয়ে গেল সুইডেন। ম্যাচের ৭ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে সুইডেনের হয়ে গোলটি করেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার।

শুরু হলো তিউনিসিয়া–সুইডেন ম্যাচ

বিশ্বকাপে এখন মুখোমুখি হয়েছে তিউনিসিয়া–সুইডেন। এর আগে গ্রু ‘এফ’–এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস ও জাপান। ম্যাচটি শেষ হয়েছে ২–২ গোলের ড্রয়ে।

আমাদ দিয়ালো জেতালেন আইভরিকোস্টকে

১–০ গোলের জয়ে ইকুয়েডরের ১৯ ম্যাচের অপরাজিত যাত্রা থামিয়ে দিল আইভরিকোস্ট। ম্যানচেস্টার ইউনাইটেড তারকা আমাদ দিয়ালোর ৯০ মিনিটে করা গোলে এই জয়টি পেয়েছে আফ্রিকার দলটি। তাদের জন্য এই ম্যাচটি স্মরণীয় হয়ে থাকল।

১২ বছর পর বিশ্বকাপে ফিরে নিজেদের প্রথম ম্যাচেই আইভরিকোস্ট হারিয়েছে দারুণ ছন্দে থাকা ইকুয়েডরকে। ম্যাচজুড়ে শারীরিক শক্তি, গতি ও লড়াকু মানসিকতার পরিচয় দেওয়া আইভরিকোস্টের জন্য এই জয়টা প্রাপ্যই ছিল। ম্যাচে অবশ্য ইকুয়েডরও দারুণ কিছু সুযোগ পেয়েছিল, কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারেনি তারা।

এর আগে গ্রুপ ‘ই’র অন্য ম্যাচে কুরাসাওকে ৭–১ গোলে হারিয়েছে জার্মানি। বড় জয় পাওয়ায় শীর্ষেও আছে তারা।

দিয়ালোর গোলে আইভরিকোস্টের লিড

ইকুয়েডরের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে এগিয়ে গেল আইভরিকোস্ট। ম্যাচের ৯০ মিনিটে গোলটি করেছেন আমাদ দিয়ালো।

গোলশূন্য প্রথমার্ধ ইকুয়েডর–আইভরিকোস্টের

ম্যাচে ২২ মিনিট ও ২৮ মিনিটে দুবার আইভরিকোস্টের পোস্টে বল মেরেছে ইকুয়েডর। আইভরিকোস্ট গোল করার মতো ভালো সুযোগ তৈরি করতে পারেনি। দুই দলই বক্সে ঢুকে শট নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু গোল হয়নি।

ইকুয়েডরের মুখোমুখি আইভরিকোস্ট

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে শুরু হয়েছে ইকুয়েডর ও আইভরিকোস্টের মধ্যকার ম্যাচ।

ডাচদের কাছ থেকে পয়েন্ট কাড়ল জাপান

জাপান যে কখনো হাল ছাড়ে না সেটা দেখা গেল আবারও!

ম্যাচে দুবার পিছিয়ে পড়েও ৮৮ মিনিটে কামাদার গোলে শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র করেছে জাপান।

প্রথমার্ধ গোলশূন্য ব্যবধানে শেষ হওয়ার পর চারটি গোলই হয়েছে পরের অর্ধে। ৫১ মিনিটে ডাচ অধিনায়ক ভার্জিন ফন ডাইকের গোল শোধ করেন জাপানের কেইতো নাকামুরা। ৬৪ মিনিটে সামারভিলের গোলে ডাচরা আবারও এগিয়ে গেলেও কামাদার গোলে শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে এশিয়ার দলটি।

নেদারল্যান্ডস ২ : ২ জাপান

নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৯ মিনিটে সমতা ফিরিয়েছে জাপান। জয়ের স্বপ্ন দেখা ডাচদের থমকে দিয়ে গোলটি করেছেন দাইচি কামাদা।

সামারভিলের গোলে নেদারল্যান্ডসের লিড

দ্বিতীয়ার্ধে দারুণভাবে জমে ওঠেছে জাপান–নেদারল্যান্ডস ম্যাচ। ৫১–৬৪ এই ১৩ মিনিটে আসল তিন গোল। ১–১ সমতা ফেরার পর ৬৪ মিনিটে নেদারল্যান্ডসের হয়ে দ্বিতীয় গোলটি করেন ক্রিসেনসিও সামারভিল।

নেদারল্যান্ডস ২ : ১ জাপান।

সমতা ফিরল জাপান–নেদারল্যান্ডস ম্যাচে

নেদারল্যান্ডসের বিপক্ষে পিছিয়ে পড়ার মাত্র ৬ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফিরিয়েছে জাপান। ৫৭ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে গড়া দারুণ এক আক্রমণ থেকে গোলটি করেছেন মিডফিল্ডার কেইতো নাকামুরা।

গোল! নেদারল্যান্ডস ১–০ জাপান

৫১ মিনিটে ভার্জিল ফন ডাইকের গোলে এগিয়ে গেল নেদারল্যান্ডস। ডান প্রান্ত থেকে আসা ক্রসে হেড করে গোল করেন ডাচ তারকা। বক্সে লিভারপুল ডিফেন্ডারের সেই চিরাচরিত হেডে গোল। বল পোস্টে লেগে জালে জড়ায়।

দেশের হয়ে বড় টুর্নামেন্টে এটাই প্রথম গোল ফন ডাইকের।

প্রথমার্ধ শেষে সমতায় জাপান–নেদারল্যান্ড

জাপান–নেদারল্যান্ডস ম্যাচের প্রথমার্ধ ছিল নিষ্ফলা। আক্রমণ ও পাল্টা আক্রমণে দুই দলই চেষ্টা করেছে গোল আদায়ের। কিন্তু প্রথম ৪৫ মিনিটে গোল পায়নি কোনো দলই।

জাপান ০–০ নেদারল্যান্ডস

সেভ!

৩৪ মিনিটে কর্নার থেকে ডাচ ফরোয়ার্ড ডনিয়েল মালেনের হেড কোনোমতে ঠেকান জাপানের গোলকিপার জিওন সুজুকি। তাঁর আরেকটি দারুণ সেভ!

জাপান ০–০ নেদারল্যান্ডস।

বিশ্রাম নেই ফন ডাইকের

লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্ডিল ফন ডাইক ২০২৫-২৬ মৌসুমে ক্লাব (৫৫) ও জাতীয় দল (১১) মিলিয়ে ৬৬তম ম্যাচ খেলতে নেমেছেন। শুধু তাই নয়, ৬৬টি ম্যাচের প্রতিটিতেই তিনি ছিলেন শুরুর একাদশে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা ফুটবলারদের মধ্যে চলতি মৌসুমে এটিই সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড।

মুখোমুখি নেদারল্যান্ডস–জাপান

বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচে নেদারল্যান্ডসের শুরুর একাদশে নেই ডাচ শীর্ষ লিগের কোনো খেলোয়াড়। অথচ প্রতিপক্ষ জাপানের শুরুর একাদশেই ওই লিগে খেলা দুই ফুটবলার রয়েছেন, আয়াসে উয়েদা ও সুয়োশি ওয়াতানাবে।

জার্মানি ৭ : ১ কুরাসাও

ম্যাচটা যে অসম হতে যাচ্ছে সেই ইঙ্গিত আগে থেকেই ছিল। ম্যাচের ৬ মিনিটে ফেলিক্স এনমেচা জার্মানির হয়ে প্রথম গোলটি করেন। কিন্তু এরপর ২১ মিনিটে ইতিহাস গড়া সমতাসূচক গোলটি করে কুরাসাও।

জনসংখ্যার হিসাবে বিশ্বকাপের ইতিহাসে ক্ষুদ্রতম দেশটির হয়ে গোল করনে লিভানো কোমেনেনসিয়া। তবে ম্যাচে কুরাসাওয়ের প্রাপ্তি অইটুকুই।

এরপরের গল্পটা ছিল জার্মানির গোলবন্যার। বিরতির আগেই ব্যবধান ৩–১ করে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিরতির পর আরও চার গোল যোগ করে ম্যাচটা জার্মানি শেষ করে ৭–১ ব্যবধানের জয়ে। এই জয় ব্রাজিলের বিপক্ষে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির ৭–১ গোলের ঐতিহাসিক জয়টাকেই যেন মনে করিয়ে দিল। জার্মানির হয়ে এই ৭ গোল করেছেন আলাদা ৬ জন ফুটবলার। জোড়া গোল করেছেন কাই হাভার্টজ।

জার্মানির হয়ে ৭ম গোল করলেন হাভার্টজ

ব্রাজিলের বিপক্ষে ৭–১ গোলের সেই স্মৃতিই যেন ফিরিয়ে আনল জার্মানি। কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির হয়ে ৭ম গোলটি করেছেন হাভার্টজ। ম্যাচে এটি হাভার্টজের দ্বিতীয় গোল।

জার্মানি ৬ : ১ কুরাসাও

জার্মানির হয়ে এবার ৬ষ্ঠ গোলটি করলেন ডেনিজ উনদাভ। ম্যাচের ৭৮ মিনিটে এসেছে এই গোলটি। জার্মানির ছয় গোলের প্রত্যেকটি এসেছে আলাদা খেলোয়াড়ের কাছ থেকে।

জার্মানির হয়ে ব্রাউনের গোল

কুরাসাওয়ের বিপক্ষে গোল বন্যায় মেতেছে জার্মানি। এবার জার্মানদের হয়ে ৫ম গোলটি করলেন নাথানিয়েল ব্রাউন। ম্যাচের ৬৮ মিনিটে গোলটির করেন এই লেফটব্যাক।

দুই কোচের ইতিহাস

২০২৬ বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক প্রধান কোচ কুরাসাওয়ের ডিক অ্যাডভোকাট। তাঁর বয়স ৭৮ বছর। অন্যদিকে সবচেয়ে কম বয়সী প্রধান কোচ ইউলিয়ান নাগেলসমান, যার বয়স ৩৮। দুজনের বয়সের পার্থক্য ৪০ বছর। ফিফা বিশ্বকাপের ইতিহাসে কোনো ম্যাচে মুখোমুখি হওয়া দুই কোচের মধ্যে এটিই সর্বোচ্চ বয়সের ব্যবধান।

কুরাসাওয়ের জালে মুসিয়ালার গোল

কুরাসাওয়ের বিপক্ষে বিরতির পরপরই ব্যবধান বাড়িয়েছেন জামাল মুসিয়ালা। ইয়োশুয়া কিমিখের পাস ধরে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন মুসিয়ালা। ম্যাচে জার্মানি এগিয়ে ৪–১ গোলে।

গোল! জার্মানি ৩–১ কুরাসাও

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে মুহূর্তে পেনাল্টি পায় জার্মানি। জার্মানির মিডফিল্ডার ফেলিক্স এনমেচা কুরাসাওয়ের বক্সে ফাউলের শিকার হন যোগ করা সময়ে।

পেনাল্টি থেকে গোল করেন জার্মানি ফরোয়ার্ড কাই হাভার্টজ।

৩–১ গোলে এগিয়ে বিরতিতে জার্মানি। বিশ্বকাপে প্রথম গোল পেয়েছে কুরাসাও।

কুরাসাওয়ের গোল উদ্‌যাপন

গোল! আবারও এগিয়ে গেল জার্মানি

সমতায় থাকা মাত্র ১৭ মিনিট সহ্য করল জার্মানি।

৩৮ মিনিটে কর্নার থেকে সহজ হেডে গোল করেন জার্মানির ডিফেন্ডার নিকো শ্লটারবেক। ২–১ গোলে এগিয়ে জার্মানি।

গোলের পর নিকো শ্লটারবেক

গোল! জার্মানির জালে কুরাসাও!

বিশ্বকাপে ২১ মিনিটেই ইতিহাস কুরাসাওয়ে।

জনসংখ্যার হিসাবে বিশ্বকাপের ইতিহাসে তাঁরা ক্ষুদ্রতম দেশ। এবারই বিশ্বকাপে অভিষেক। প্রথম ম্যাচেই চারবারের চ্যাম্পিয়ন জার্মানির মতো প্রতিপক্ষের বিপক্ষে ২১ মিনিটেই গোল শোধ করল!

বক্সের ভেতর থেকে কুরাসাও রাইটব্যাক লিভানো কোমেনেনসিয়ার বাঁ পায়ের শট ঠেকাতে পারেননি জার্মানি গোলকিপার ম্যানুয়েল নয়্যার। গোল!

রেসলার জন সিনার মতো গোল উদ্‌যাপন কোমেনেনসিয়ার। জার্মানির প্রথম গোলে সিনার এই উদ্‌যাপনই করেছিলেন দলটির এক সমর্থক।

বিশ্বকাপে প্রথম গোল কুরাসাওয়ের!

হিউস্টন স্টেডিয়ামের গ্যালারির একটি অংশে ‘নীল ঢেউ’য়ের দলের গর্জন উঠেছে। এই মুহূর্তটা কখনো ভুলবে না ১ লাখ ৫৮ হাজার জনসংখ্যার দেশ কুরাসাও!

ধারাভাষ্যকার ইয়ান ডার্কের কণ্ঠে আবেগ, ‘হিউস্টনে ইতিহাস। মাত্র এক লাখের একটু বেশি মানুষের দেশ স্তব্ধ করে দিল কোটি কোটি মানুষকে!’

কুরাসাওয়ের বিশ্বকাপ ইতিহাসে অমরত্ব পাওয়া গোলের পর কোমেনেনসিয়া

গোল! ৬ মিনিটেই এগিয়ে গেল জার্মানি

কুরাসাওয়ের জালে বল পাঠাতে জার্মানির লাগল মাত্র ৬ মিনিট, গোল করেছেন জার্মান মিডফিল্ডার এনমেচা।

কী সাহস

কুরাসাও কোচ আডভোকাট

কুরাসাও কোচের বিশ্বাস, তাঁর দল জার্মানিকে ভালোই পরীক্ষায় ফেলতে পারবে।

তিনি বলেছেন, ‘কোচেরা সব সময়ই প্রতিপক্ষকে বিপদে ফেলার পরিকল্পনা করেন। আর এই ম্যাচে জার্মানি যে পরিষ্কার ব্যবধানে এগিয়ে, তা বলাই বাহুল্য; এমনকি তারা বিশ্বকাপেরও অন্যতম দাবিদার। তবে ফুটবলে মাঝেমধ্যেই এমন হয় যে, ছোট দলগুলো এই বড় দলগুলোকে হারিয়ে দেয়। জার্মানির পাশে আমরা খুবই ছোট একটা দল, কিন্তু মাঠের লড়াইয়ে ওদের জন্য আমরা বেশ কঠিন প্রতিপক্ষই হব।’

বিশ্বকাপ অভিষেক কুরাসাওয়ের

আহা, দেশের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কুরাসাওয়ের খেলোয়াড়দের চোখে-মুখে কী আবেগটাই না ফুটে উঠেছিল! ওদের জন্য সত্যিই এক অবিস্মরণীয় মুহূর্ত।

ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায় লেখা হতে যাচ্ছে। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ছোট দেশটি আজ মুখোমুখি হচ্ছে পরাশক্তি জার্মানির। ইউরোপের এই জায়ান্টরা কি অনায়াসে জয় তুলে নেবে? নাকি কুরাসাও এমন এক অঘটন ঘটিয়ে দেবে, যার কম্পন টের পাওয়া যাবে পুরো বিশ্বজুড়ে?

পারিশ্রমিক পাবেন সেই রেফারি

যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সোমালি রেফারিকে তাঁর পুরো পারিশ্রমিক দেবে ফিফা। সংশ্লিষ্ট একটি সূত্র বিবিসিকে এ তথ্য জানিয়েছে।

ওমর আরতান নামের এই রেফারিকে বিশ্বকাপের অফিশিয়ালসদের তালিকায় রেখেছিল ফিফা। এ লক্ষ্যে তিনি যুক্তরাষ্ট্রের মায়ামি বিমানবন্দরেও পৌঁছান। তবে যুক্তরাষ্ট্র সরকার তাঁকে তাদের দেশে ঢুকতে দেয়নি। এ নিয়ে বিস্তারিত পড়তে পারেন এখানে ও এখানে।

অস্ট্রেলিয়া ২: ০ তুরস্ক

তুরস্ক পারল না। একের পর এক আক্রমণ করেও একবারও অস্ট্রেলিয়ার জালে বল জড়াতে পারেনি দলটি।

নিজেদের গোলপোস্টের সামনে নিখুঁত দেয়াল তুলে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়া। সেটারই ফল পেয়েছে দলটি। অস্ট্রেলিয়ার হয়ে গোল করেছেন নেস্তরি ইরানকুন্ডা ও কনর মেটকাফ।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় গোল

আবার পাল্টা আক্রমণ, আবার গোল!

গোলপোস্ট থেকে প্রায় ২০ গজ দূরে বল পান কনর মেটকাফ। ম্যাচের ৭৫ মিনিটে সেখান থেকে দারুণ এক শটে বল জালে জড়ান তিনি।

এক গোলে এগিয়ে বিরতিতে অস্ট্রেলিয়া

তুরস্কের বিপক্ষে ১–০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে অস্ট্রেলিয়া। ২৭ মিনিটে গোলটি করেন নেস্তরি ইরানকুন্ডা

সেই ইরানকুন্ডার গোল

এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

ম্যাচের ২৭ মিনিটে পাল্টা আক্রমণে গোল আদায় করে নিল অস্ট্রেলিয়া। গোল করেছেন নেস্তরি ইরানকুন্ডা।

বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচেই গোল পেয়েছেন ইরানকুন্ডা। ২০ বছর বয়সী এই ফুটবলার পৃথিবীর আলো প্রথম দেখেছিলেন তানজানিয়ার এক শরণার্থীশিবিরে।

আরও জানতে চাইলে

শরণার্থীশিবির থেকে বিশ্বকাপের মঞ্চে: অস্ট্রেলিয়ার ফুটবলে আফ্রিকান রূপকথা

হাইতিকে হারাল স্কটল্যান্ড

২৮ মিনিটে জন ম্যাকগিনের করা গোলেই শেষ পর্যন্ত ১–০ গোলে জিতল স্কটল্যান্ড। ৩৬ বছর পর বিশ্বকাপে প্রথম জয় পেল স্কটিশরা।

‘সি’ গ্রুপে প্রথম ম্যাচ খেলেই ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে স্কটল্যান্ড। ১ পয়েন্ট পাওয়া মরক্কো দুইয়ে ও তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে ব্রাজিল। পয়েন্ট না পাওয়া হাইতি চারে।

১–০ গোলে এগিয়ে স্কটল্যান্ড

হাইতির বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে গেছে স্কটল্যান্ড। ম্যাচের ২৮ মিনিটে স্কটিশদের হয়ে গোল করেছেন জন ম্যাকগিন।

লিড নিল স্কটল্যান্ড

হাইতির বিপক্ষে এগিয়ে গেছে স্কটল্যান্ড। ম্যাচের ২৮ মিনিটে স্কটিশদের হয়ে গোল করেছেন জন ম্যাকগিন।

ব্রাজিল ১ : ১ মরক্কো

প্রথমার্ধের হতাশাজনক পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধে কিছুটা গুছিয়ে নেয় ব্রাজিল। কিন্তু মরক্কোর বিপক্ষে জয়ের জন্য তা মোটেই যথেষ্ট ছিল না। অন্যদিকে প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে ম্লান ছিল মরক্কোর পারফরম্যান্সও। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১–১ সমতাতে মাঠ ছেড়েছে দুই দল। ম্যাচে দুই দলের পারফরম্যান্স বিবেচনা করলে ন্যায্য ফলই বলা যায়। ম্যাচ রিপোর্ট পড়ুন এখানে: ভিনিসিয়ুসের জাদুতে বাঁচল ব্রাজিল

ব্রাজিল মরক্কোর কেউ জেতেনি

দুর্দান্ত গোল ভিনিসিয়ুসের

গোল হজম করে একটু অগোছাল হয়ে পড়েছিল ব্রাজিল। দরকার ছিল এমন কাউকে যিনি সমতায় ফেরার পথ দেখাবেন। ঠিক তখনই ভিনিসিয়ুসের পা থেকে উছলে পড়ল জাদু!

৩২ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে মরক্কোর বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে গোল করেন ব্রাজিল তারকা। টিপিক্যাল রিয়াল মাদ্রিদ গোল! স্প্যানিশ ক্লাবটিতে ঠিক এভাবেই বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে গোল করতে অভ্যস্ত ভিনিসিয়ুস। ব্রাজিলের জার্সিতে এটা তাঁর ৫০ তম ম্যাচ।

ব্রাজিল ১–১ মরক্কো।

গেম অন!

ভিনিসিয়ুসের গোল উদ্‌যাপন

গোল হজম করল ব্রাজিল

ম্যাচে যখনই একটু গোছাল ফুটবল খেলতে শুরু করেছে ব্রাজিল, ঠিক তখনই গোল হজম করল! ২১ মিনিটে থ্রু পাস ধরে ব্রাজিলের গোলকিপার আলিসনের মাথার ওপর দিয়ে চিপ করে গোল করেন মরক্কো ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি। পাসটি দেন মরক্কো তারকা ব্রাহিম দিয়াজ।

গোলের পর সাইবারির উদ্‌যাপন

চাপ তৈরি করেছে মরক্কো

ম্যাচে প্রথম ১০ মিনিটে মরক্কোই চড়াও হয়ে খেলছে। হাই প্রেসিংয়ের মাধ্যমে ব্রাজিলের রক্ষণকে চাপে রেখেছে মরক্কো। দুটি শটও নিয়েছে তারা। ব্রাজিল এখন পর্যন্ত পোস্টে শট রাখতে পারেনি।

কাতারের জয়ের সমান ড্র

অবিশ্বাস্য!

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডকে শেষ মুহূর্তের গোলে রুখে দিয়েছে কাতার। ম্যাচে বেশিরভাগ সময় পিছিয়ে থাকা কাতার ড্র করেছে ১–১ গোলে।

ক্যালিফোর্নিয়ায় ১৭ মিনিটে পেনাল্টি থেকে সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলোর গোলে পিছিয়ে পড়ে কাতার। যোগ করা সময়ে (৯৪ মিনিট) বুয়ালেম খুখির গোলে সমতায় ফেরে তারা।

ম্যাচজুড়ে দাপট দেখিয়েছে সুইসরাই। কিন্তু ২৭টি শট নিয়েও একটির বেশি গোাল পায়নি সুইজারল্যান্ড। আর এই সুযোগ কাজে লাগিয়ে শেষ মুহূর্তের গোলে বাজিমাত করেছে কাতার। ‘বি’ গ্রুপে সব দলেরই সমান ১ পয়েন্ট।

সুইজারল্যান্ডের বিপক্ষে সমতাসূচক গোলের পর কাতারের খেলোয়াড়দের উদ্‌যাপন

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ :

আলিসন বেকার (গোলরক্ষক), ইবানিয়েজ, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো ও রাফিনিয়া।

কদিন ধরেই মরক্কোর বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিলের সম্ভাব্য একাদশ দিয়ে আসছিল ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলো, যেখানে ছিলেন দানিলো, অ্যালেক্স সান্দ্রো এবং মাতেউস কুনিয়া। তবে আনচেলত্তির ঘোষিত একাদশে আছেন ইবানিয়েজ, দগলাস সান্তোস এবং ইগর থিয়াগো।

ব্রাজিলের অনুশীলনে ভিনিসিয়ুস

ব্রাজিল ৯২ বছর ধরে অপরাজিত...

বিশ্বকাপে ব্রাজিল সর্বশেষ তাদের প্রথম ম্যাচে হেরেছিল ৯২ বছর আগে, ১৯৩৪ আসরে। স্পেনের বিপক্ষে ম্যাচটিতে ব্রাজিলের হার ৩–১ গোলে। মরক্কো এ পর্যন্ত ছয়টি বিশ্বকাপে খেলেছে। এই ছয়টি আসরেই মরক্কো কখনো নিজেদের প্রথম ম্যাচ জিততে পারেনি। ৩ হারের বিপরীতে আছে ৩ ড্র।

অনুশীলনে ভিনিসিয়ুস

দারুণ খেলেও মাত্র এক গোল পেল সুইজারল্যান্ড

সানফ্রান্সিসকোতে ম্যাচের শুরুতে ১০ মিনিটের মধ্যে সুইজারল্যান্ড–কাতার দুই দলই একটি করে সুযোগ করে হাতছাড়া করে। এরপর ১৩ মিনিটে ব্রিল এমবোলোর হেডে বল নিচে নামার পর সেটির দিকে ছুটে যান রেমো ফ্রয়েলার। বলের কাছে সবার আগে পৌঁছালেও কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা তাঁকে ফাউল করে বসেন। রেফারি তাৎক্ষণিকভাবে পেনাল্টির বাঁশি বাজান। ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন এমোবলো। এটি বিশ্বকাপে পেনাল্টি থেকে পাওয়া প্রথম গোল। এগিয়ে গিয়ে প্রথমার্ধের বাকি সময়েও দুর্দান্ত দাপট দেখায় সুইজারল্যান্ড। যদিও আর কোনো গোল পায়নি তারা।

সুইজারল্যান্ডকে কাতারের পেনাল্টি উপহার দেওয়ার মুহূর্ত

বিশ্বকাপে পেনাল্টি থেকে প্রথম গোল সুইজারল্যান্ডের

ম্যাচের ১৩ মিনিটে ব্রিল এমবোলোর হেডে বল নিচে নামার পর সেটির দিকে ছুটে যান রেমো ফ্রয়েলার। বলের কাছে সবার আগে পৌঁছালেও কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা তাঁকে ফাউল করে বসেন। রেফারি তাৎক্ষণিকভাবে পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন এমোবলো। এটি বিশ্বকাপে পেনাল্টি থেকে পাওয়া প্রথম গোল।

শুরু হলো সুইজারল্যান্ড–কাতার ম্যাচ

বিশ্বকাপে গ্রুপ ‘বি’তে এখন মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড ও কাতার। এর আগে গতকাল রাতে এই গ্রুপের প্রথম ম্যাচে স্বাগতিক কানাডা মুখোমুখি হয়েছিল বসনিয়া ও হার্জেগোভিনার। সেই ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছিল। এই ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে ওঠার সুযোগ আছে কাতার ও সুইজারল্যান্ডের।

আনচেলত্তির আলাদা আলাদা একাদশ

ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত ১২টি ম্যাচে কোচ হিসেবে ডাগআউটে দাঁড়িয়েছেন কার্লো আনচেলত্তি। সবগুলো ম্যাচেই তিনি খেলিয়েছেন আলাদা আলাদা একাদশ।

১৯৮৬ বিশ্বকাপের পর ব্রাজিল দলে নেই ‘নাম্বার টেন’

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচটি একটি দীর্ঘ ঐতিহ্যের অবসান ঘটাবে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে আজ ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না নেইমার। ফলে ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মাঠে কোনো ‘নাম্বার টেন’ ছাড়া খেলতে নামবে ব্রাজিল। এর আগে ১৯৮৬ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচে শারীরিক সমস্যার কারণে খেলতে পারেননি জিকো।

মার্তিনেজের হাতে ব্যথা

অনুশীলনে গ্লাভস হাতে বল ধরতে গিয়ে ব্যথায় কাতরেছেন এমিলিয়ানো মার্তিনেজ। আর্জেন্টিনা দলের অনুশীলনের প্রথম ১৫ মিনিট সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকায় টিওআইসি স্পোর্টসের ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়ে।

রেফারি বদল

চোটের কারণে সরে যেতে হলো রেফারি মাইকেল অলিভারকে। ১৫ তারিখ আইভরিকোস্ট ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ পরিচালনা করার কথা ছিল এই ইংলিশ রেফারির। তাঁর পরিবর্তে এখন এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া ল্যাতেক্সিয়ার।

মাইকেল অলিভার

ইংল্যান্ড দলে চুরি

ইংল্যান্ড ফুটবল দলের বিভিন্ন সরঞ্জাম খোয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজনকে দুজনকে আটক করেছে কানসাস সিটি পুলিশ। বিস্তারিত পড়ুন এখানে।

জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

প্যারাগুয়েকে গোলে ভাসিয়ে জয়ে বিশ্বকাপ শুরু করেছে যু্ক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে স্বাগতিকেরা জিতেছে ৪–১ গোলে।

যুক্তরাষ্ট্রের হয়ে দুটি গোল করেছেন বালোগান, একটি রেইনা। অন্য একটি গোল প্যারাগুয়ের বোবাদিয়ার আত্মঘাতী। লাতিন আমেরিকার দেশটির হয়ে এক গোল শোধ দেন মরিসিও।

ম্যাচের যোগ করা সময়ের অষ্টম মিনিটে গোল করেন জোভান্নি রেইনা

এক গোল শোধ প্যারাগুয়ের

তিন গোল হজমের পর একটি শোধ দিয়েছে প্যারাগুয়ে। ৭৩ মিনিটে গোলটি করেছেন মরিসিও।

দুর্দান্ত যুক্তরাষ্ট্র

প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ খেলছে যুক্তরাষ্ট্র। প্রথমার্ধ শেষে ৩–০ গোলে এগিয়ে গেল তারা। ম্যাচের ৭ মিনিটে আত্মঘাতী গোলে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া। এরপর ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগান। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে (৪৫‍+৫) তৃতীয় গোলটিও করেন বালোগান।

দ্বিতীয় গোলের পর যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের উদ্‌যাপন

যুক্তরাষ্ট্রের সামনে অসহায় প্যারাগুয়ে

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে আধঘণ্টা না পেরোতেই ২–০ গোলের লিড নিল যুক্তরাষ্ট্র। ম্যাচের দ্বিতীয় গোলটি করেন ফোলারিন বালোগান। এর আগে একটি গোল অফসাইডের কারণে বাতিল না হলে ব্যবধান ৩–০ হতে পারত।

শুরুতেই যুক্তরাষ্ট্রের গোল

ম্যাচের শুরুতেই লিড নিল যুক্তরাষ্ট্র। স্বাগতিকদের দুর্দান্ত এক আক্রমণ ঠেকাতে গিয়ে ম্যাচের ৭ মিনিটে নিজেদের জালেই বল জড়ান প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া।

আলো ছড়ালেন কেটি পেরি

অবশেষে মঞ্চ আলোকিত করেছেন কেটি পেরি। মার্কিন এই পপ তারকা পারফর্ম তাঁর বিখ্যাত গান ‘ওয়ান্ডার।’ তবে কেটি পেরি একা নন, তাঁর সঙ্গে মঞ্চে যোগ দেয় একটি ছোট ছেলেও!

কেটি পেরির পারফরম্যান্সের পরই শুরু হয়ে গেল স্বাগতিক যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের ম্যাচ।

কেটি পেরির পারফর‍ম্যান্স

লস অ্যাঞ্জেলেসে তারার মেলা

যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান খুব একটা জমল না। পরিবেশটা বিশ্বকাপের উদ্বোধনের চেয়ে একটি স্বাভাবিক ম্যাচ-পূর্ব আবহই হয়ে রইল।

তবে যুক্তরাষ্ট্রের ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত হয়েছেন বেশ কয়েকজন পরিচিত তারকা। মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব ও ব্যবসায়ী প্যারিস হিলটন, জনপ্রিয় কলম্বীয়-আমেরিকান অভিনেত্রী সোফিয়া ভারগারা এবং হলিউড অভিনেতা ও কৌতুকাভিনেতা ওয়েন উইলসন মাঠে উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

আনচেলত্তি আরও যা বললেন...

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি এক অর্থে তাঁর সব প্রতিপক্ষকেই সতর্কবার্তা দিয়েছেন। ইতালিয়ান এই কোচ বলেছেন, ‘আমাদের দলটা পৃথিবীর যেকোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আমরা এটাই মনে করি। অভিজ্ঞতা ও যোগ্যতার সংমিশ্রণে গড়া দল। যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে—সে বিষয়ে পূর্ণ আস্থা আছে আমাদের।’

মরক্কোর বিপক্ষে খেলতে পারবেন না নেইমার

মরক্কোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নেইমারকে নিয়ে কথা বলেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ফিটনেসের সমস্যায় ভোগা নেইমার রোববার বাংলাদেশ সময় ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে খেলতে পারবেন না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি, ‘নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য খুব কঠোর পরিশ্রম করছে। আশা করা হচ্ছে, সে আগামী সপ্তাহে দলীয় অনুশীলনে ফিরবে।’

সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি

কানাডা–বসনিয়া ম্যাচ ১–১ গোলে ড্র

বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা। টরন্টো স্টেডিয়ামে গতকাল রাতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে দারুণ খেলেও ১–১ গোলে ড্র করেছে স্বাগতিকেরা। এর আগে ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপে মোট ৬ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছিল তারা। কিন্তু এবার ঘরের মাঠে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ড্র করে পয়েন্টের মুখ দেখল কানাডা।

২১ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে বসনিয়াকে এগিয়ে দেন ফরোয়ার্ড ইয়োভো লুকিচ। ৭৯ মিনিটে ফরোয়ার্ড কাইল লারিনের গোলে সমতায় ফেরে কানাডা।

সমতায় কানাডা

৭৯ মিনিটে ফরোয়ার্ড কাইল লারিনের গোলে বসনিয়ার বিপক্ষে ১–১ গোলে সমতায় ফিরেছে কানাডা।

সমতাসূচক গোলের পর লারিনের উদ্‌যাপন

আলফানসো ডেভিস কেন মাঠে নেই?

মৌসুমের শেষ দিকে বায়ার্ন মিউনিখের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন কানাডার লেফট ব্যাক আলফানসো ডেভিস। সেই চোট থেকে পুরো সেরে না ওঠায় আজ বসনিয়ার বিপক্ষে কানাডার বেঞ্চে ঠাঁই হয়েছিল কানাডা তারকা। পরে সংবাদমাধ্যম জানিয়েছে, চোটের কারণে এই ম্যাচ থেকেই ছিটকে গেছেন ডেভিস।

প্রথমার্ধ শেষে বসনিয়া এগিয়ে

স্বাগতিক কানাডার বিপক্ষে ১–০ গোলে এগিয়ে বিরতিতে বসনিয়া ও হার্জেগোভিনা। ২১ মিনিটে জোভো লুকিচের গোলে এগিয়ে যায় বলকান অঞ্চলের দেশটি। লুকিচের আন্তর্জাতিক ক্যারিয়ারে এটাই প্রথম গোল।

গোলের পর লুকিচের উদ্‌যাপন

বসনিয়ার গোল

কর্নার থেকে ২১ মিনিটে হেডে কানাডার জালে গোল করেন বসনিয়া ও হার্জেগোভিনার ফরোয়ার্ড জোভো লুকিচ। ম্যাচে ১–০ গোলে এগিয়ে বসনিয়া ও হার্জেগােভিনা।

গোলের পর বসনিয়ার খেলোয়াড়দের উদ্‌যাপন

মুখোমুখি কানাডা–বসনিয়া

টরন্টো স্টেডিয়ামে শুরু হয়েছে স্বাগতিক কানাডা এবং বসনিয়া ও হার্জেগোভিনার মধ্যকার ম্যাচ।

বসনিয়ার একাদশে নেই জেকো

কানাডার বিপক্ষে বসনিয়ার একাদেশ জায়গা হয়নি দলটির অভিজ্ঞ ও তারকা ফুটবলার এদিন জেকোর। এ বিশ্বকাপের সবচেয়ে বয়সী ৮ ফুটবলারের জেকো একজন।

কানাডার বিশ্বকাপ বরণ

কানাডার প্রথম অধিবাসী আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

আদিবাসী বংশোদ্ভূত কানাডীয় গায়ক উইলিয়াম প্রিন্স ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্যের সমন্বয়ে একটি মনোমুগ্ধকর পরিবেশনা মঞ্চস্থ করেন।

কানাডার বিশ্বকাপ বরণ অনুষ্ঠানে পারফর্ম করেছেন বলিউড তারকা নোরা ফাতেহি, ফ্রেঞ্চ হিপ হপ গায়ক ভেগেড্রিম ও বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়। আকর্ষণীয় ড্রাম বিটে ভরপুর তাদের পরিবেশনা দ্রুতই দর্শকদের মন কাড়ে।

২০২৬ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করছেন শিল্পীরা

বিশ্বকাপ শুরুর আগেই ঘানার ধাক্কা

ঘানার মিডফিল্ডার থমাস পার্টি কানাডায় প্রবেশের অনুমতি না পাওয়ায় টরন্টোতে পানামার বিপক্ষে দলের প্রথম বিশ্বকাপ ম্যাচে খেলতে পারবেন না।

৩২ বছর বয়সী পার্টির বিরুদ্ধে ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে চারজন ভিন্ন নারীর করা অভিযোগের ভিত্তিতে সাতটি ধর্ষণ এবং একটি যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন।

আগামী বছর এ মামলার বিচার শুরু হওয়ার কথা রয়েছে।

থমাস পার্টি

মার্তিনেজ সুস্থ

আর্জেন্টিনার জন্য স্বস্তির খবর— বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ থেকেই এমিলিয়ানো মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা। আজ তাঁর মেডিকেল ‘টেস্ট’ হয়েছিল। আর্জেন্টাইন সাংবাদিক টিওআইসি স্পোর্টস জানিয়েছে, তিনি পুরোপুরি সুস্থ এখন। হাতের ব্যান্ডেজ খুলে গ্লাভস পরেই আজ অনুশীলনও করেছেন।

এমিলিয়ানো মার্তিনেজ

ছিটকে গেলেন ডেভিস

আজ রাত ১টায় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে স্বাগতিক কানাডা। এই ম্যাচ থেকে চোটের কারণে ছিটকে গেছেন দলটির অধিনায়ক আলফোনসো ডেভিস।

দক্ষিণ কোরিয়ার জয়

দক্ষিণ কোরিয়া ২:১ চেক প্রজাতন্ত্র

শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়াই জিতল। ৫৯ মিনিটে ১–০ গোলে পিছিয়ে গিয়েছিল তারা। তবে ৬৭তম মিনিটে হোয়াং ইন–বম ও ৮০তম মিনিটে ওহ হিউয়ান–গিউের গোলে ২–১ চেক প্রজাতন্ত্রকে হারিয়েছে দক্ষিণ কোরিয়া।

ম্যাচ রিপোর্ট পড়ুন এখানে।

জয় দিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার

এবার এগিয়েও গেল দক্ষিণ কোরিয়া

প্রথমে গোল হজম করা দক্ষিণ কোরিয়া টানা দ্বিতীয় গোল করে ম্যাচে এগিয়ে গেছে। ৮০তম মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন ওহ হিউয়ান–গিউ।

দক্ষিণ কোরিয়া ২:১ চেক প্রজাতন্ত্র

সমতায় দক্ষিণ কোরিয়া

পিছিয়ে যাওয়ার আট মিনিট পরই চেক প্রজাতন্ত্রের সঙ্গে সমতা এনেছে দক্ষিণ কোরিয়া। ৬৭তম মিনিটে গোল করেছেন ফেনুর্ডে খেলা মিডফিল্ডার হোয়াং ইন–বম।

দক্ষিণ কোরিয়া ১:১ চেক প্রজাতন্ত্র

চেক প্রজাতন্ত্রই এগিয়ে গেল

‘এ’ গ্রুপের দক্ষিণ কোরিয়া–চেক প্রজাতন্ত্রের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ৫৯তম মিনিটে চেক প্রজাতন্ত্রকে গোল এনে দিয়েছেন অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। ম্যাচের শুরু থেকে সুযোগ বেশি তৈরি করেছে কোরিয়া, কিন্তু গোলমুখে প্রথম শটে (মূলত হেডে) গোল পেয়েছে ইউরোপীয় দেশটি।

দক্ষিণ কোরিয়া ০:১ চেক প্রজাতন্ত্র

চোটে বিশ্বকাপ শেষ জাপান অধিনায়কের

জাপানের অধিনায়ক ওয়াতারু এন্দো চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। এরপর গতকাল আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় জানান তিনি।

তাঁর জায়গায় বরুসিয়া মনশেনগ্লাডবাখের শুতো মাচিনোকে দলে অর্ন্তভুক্ত করেছে জাপান।

বিস্তারিত পড়ুন: চোটে বিশ্বকাপ শেষ, তুলে রাখলেন জাতীয় দলের জার্সিও

ওয়াতারু এন্দো

আর্জেন্টিনার বিশ্বকাপ দলে মার্কোস সেনেসি

মার্কোস সেনেসি

চোটে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া লিওনার্দো বালের্দির জায়গায় আর্জেন্টিনার বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন মার্কোস সেনেসি। টটেনহাম ডিফেন্ডার কানসাস সিটিতে আর্জেন্টিনার বেসক্যাম্পে যোগ দেবেন।

জয়ে শুরু মেক্সিকোর

মেক্সিকোর দ্বিতীয় গোলটি রাউল হিমিনেজের

মেক্সিকো ২–০ দক্ষিণ আফ্রিকা

এই প্রথম উদ্বোধনী ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করল মেক্সিকো। মেক্সিকো সিটিতে আজ ৩ লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২–০ গোলে হারিয়েছে মেক্সিকো। ৯ মিনিটে হুলিয়ান কিনিয়োনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমিনেজ।

৪৯ ও ৮৪ মিনিটে দুই লাল কার্ড দেখে ৯ জনের দল হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পরে যোগ করা সময়ে লাল কার্ড দেখেন মেক্সিকোর সেজার মন্তেস।

লাল কার্ড দেখল মেক্সিকোও

৩ লাল কার্ড দেখে ফেলল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। দক্ষিণ আফ্রিকা ৮৪ মিনিটে ৯ জনের দল হয়ে যাওয়ার পর যোগ করা সময়ের ২ মিনিটে লাল কার্ড দেখেছেন মেক্সিকোর সেজার মন্তেস।

দক্ষিণ আফ্রিকা এখন ৯ জনের

৮৪ মিনিটে আরেকটি লাল কার্ড দেখল দক্ষিণ আফ্রিকা। এবার আক্রমণ করতে গিয়ে মেক্সিকোর খেলোয়াড়কে ফেলে দিয়ে লাল কার্ড দেখেছেন মিডফিল্ডার থেম্বা জেওয়ানে। এর আগে লাল কার্ড দেখেন স্ফেফেলো সিথোলে।

মোরার ইতিহাস, হিমিনেজের গোলে ২–০ গোলে এগিয়ে মেক্সিকো

৬৬ মিনিটে মাঠে নামলেন বিশ্বকাপ ইতিহাসে মেক্সিকোর সর্বকনিষ্ঠ খেলোয়াড় গিলবার্তো মোরা, পরের মিনিটেই মেক্সিকোকে ২–০ গোলে এগিয়ে দিলেন রাউল হিমিনেজ।

সিথোলের লাল কার্ডে দক্ষিণ আফ্রিকা ১০ জনের

২০২৬ বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে। ৫০ মিনিটে পেনাল্টি বক্সের মাথায় মেক্সিকোর এক খেলোয়াড়কে আটকাতে গিয়ে ফাউল করার শাস্তি পেলেন সিথোলে। ফ্রি কিক পায় মেক্সিকো।

মেক্সিকো ১–০ দক্ষিণ আফ্রিকা, খেলায় বিরতি

প্রথমার্ধ শেষে ১–০ গোলে এগিয়ে স্বাগতিক মেক্সিকো।

৯ মিনিটে গোলটি করেন মেক্সিকো ফরোয়ার্ড হুলিয়ান কিনিয়োনেস।

প্রথমার্ধের শেষ দিকে গোল করার তিনটি সুযোগ নষ্ট করে মেক্সিকো।

প্রথম গোল মেক্সিকোর কিনিয়োনেসের

২০২৬ বিশ্বকাপে প্রথম গোলটি করছেন মেক্সিকোর হুলিয়ান কিনিয়োনেস

২০২৬ বিশ্বকাপের প্রথম গোলটি এল মেক্সিকোর হুলিয়ান কিনিয়োনেসের পা থেকে। ৯ মিনিটে গোলটি করেছেন এই ফরোয়ার্ড।

শুরু হয়ে গেল ২০২৬ বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর বিশ্বকাপের উদ্বোধনী বাঁশি বাজিয়েছেন রেফারি। মেক্সিকো সবুজ জার্সি ও দক্ষিণ আফ্রিকা হলুদ জার্সি পরে খেলছে।

তিন বছরের জন্য রিয়ালের কোচ মরিনিও

জোসে মরিনিও রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিচ্ছেন সেটি একরকম নিশ্চিতই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। সেই পর্বও আজ সারা হয়ে গেছে। বিশ্বকাপের ডামাডোলের মধ্যেই আজ তিন বছরের জন্য পর্তুগিজ কোচের সঙ্গে চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ।

ওচোয়া নেই মেক্সিকোর একাদশে

অনুশীলনে গিয়ের্মো ওচোয়া

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে আসা গিয়ের্মো ওচোয়া অনুমিতভাবেই নেই মেক্সিকোর একাদশে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের গোলবার সামলাবেন রাউল রানহেল। মেক্সিকান ক্লাব গুয়াদালাহারায় খেলেন ২৬ বছর বয়সী রানহেল। জাতীয় দলের জার্সিতে এটি তাঁর ১৫তম ম্যাচ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ম্যাচের জন্য অপেক্ষা

উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইছেন বার্না বয় ও শাকিরা

উদ্বোধনী অনুষ্ঠান শেষ। এবার ম্যাচ শুরুর অপেক্ষা। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা দল এরইমধ্যে গা গরম করতে মাঠে ঢুকে গেছে। দক্ষিণ আফ্রিকা দল গান গাইতে গাইতেই ঢুকেছে মাঠে।

আজতেকায় চলছে উদ্বোধনী অনুষ্ঠান

আজতেকা স্টেডিয়ামে চলছে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

বাংলাদেশ সময় রাত ১টা মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। তার আগে ম্যাচের ভেন্যু মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে চলছে উদ্বোধনী অনুষ্ঠান। মূলত বিখ্যাত সব সংগীত তারকাদের গান দিয়েই সাজানো হয়েছে অনুষ্ঠান।

এবারের বিশ্বকাপে অনেক কিছুই নতুন...

জেনে নিন খেলোয়াড়দের নাম

২০২৬ বিশ্বকাপে খেলছে ৪৮ দল। প্রতি দল স্কোয়াডে ২৬ জন খেলোয়াড় রাখার সুযোগ আছে। দেখুন কোন দলের স্কোয়াডে কারা আছেন।

বিশ্বকাপের ৪৮ দল: জেনে নিন সব খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কখন, কী কী থাকছে

‘প্রাসাদের নগরী’ মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিকেরা। এ ম্যাচের ৯০ মিনিট আগে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান, বাংলাদেশ সময় রাত ১১টায়।

বিস্তারিত পড়ুন নিচের লেখায়:

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কখন, কী কী থাকছে

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন শাকিরা।

প্রথম আলোর বিশেষ আয়োজন

বিশ্বকাপ উপলক্ষ্যে এরই মধ্যে প্রথম আলো প্রকাশ করেছে ১১২ পৃষ্ঠার ম্যাগাজিন বিশ্বকাপের বাঁশি, যা পাওয়া যাচ্ছে বাজারে। যা পড়লে জানতে পারবেন ৪৮ দলের শক্তি-দুর্বলতা-সম্ভাবনা। সঙ্গে থাকছে ঝলমলে ফিকশ্চারও।

এ ছাড়া বিশ্বকাপ নিয়ে আজ প্রকাশিত হয়েছে ৪ পৃষ্ঠার মলাট ও ৮ পৃষ্ঠার প্রথম আলোর বিশেষ সংখ্যা। বিশেষ সংখ্যার লেখাগুলো পড়তে পারেন প্রথম আলো অনলাইনে।

ফুটবলের মহাযজ্ঞে আপনাকে স্বাগত!

আজ ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় পর্দা উঠছে বিশ্বকাপের। আগামী ১৯ জুলাই ফাইনাল পর্যন্ত স্থবির হয়ে থাকবে পুরো বিশ্ব। ৪৮ দলের এই বিশ্বযুদ্ধের প্রতিটি মুহূর্তের রোমাঞ্চ আপনাদের কাছে পৌঁছে দিতে শুরু হলো প্রথম আলোর লাইভ ব্লগ।

মাঠের লড়াই, ম্যাচের ফলাফল ও পয়েন্ট তালিকার সর্বশেষ অবস্থা জানতে চোখ রাখুন এখানে। প্রতি মুহূর্তের রিয়েল-টাইম আপডেট, গোল, ম্যাচের বিশ্লেষণ ছাড়াও থাকছে নজরকাড়া সব ছবি ও ভিডিওর লিংক। উত্তর আমেরিকার সঙ্গে সময়ের ব্যবধান ভুলে মাঠের উত্তেজনা সরাসরি অনুভব করতে যুক্ত থাকুন আমাদের সঙ্গে।

ফুটবলের এই মহোৎসবে আপনাকে স্বাগতম!

No comments:

Post a Comment