কখনো কলেজপড়ুয়া তরুণ, কখনো পেশিবহুল প্রতিশোধপরায়ণ নায়ক, আবার কখনো মধ্যবয়স্ক কুস্তিগির—চরিত্রের প্রয়োজনে নিজেকে আমূল বদলে ফেলতে আমির খানের জুড়ি মেলা ভার। ‘গজনি’, ‘দঙ্গল’ থেকে ‘লাল সিং চাড্ডা’—বারবার শারীরিক পরিবর্তনে দর্শককে চমকে দিয়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। এবার ৬১ বছর বয়সে আরও বড় চ্যালেঞ্জ নিতে চলেছেন তিনি। পর্দায় তাঁকে দেখা যাবে ২৫ বছরের এক তরুণ ক্রিকেটার হিসেবে!

আমিরের পরবর্তী সিনেমা ‘ললকারা’। দীর্ঘ ২৫ বছর পর পরিচালক আশুতোষ গোয়ারিকরের সঙ্গে আবার কাজ করতে চলেছেন তিনি। স্পোর্টস ড্রামা ঘরানার পিরিয়ড ছবিটি তৈরি হবে কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার লালা অমরনাথের জীবন অবলম্বনে। আর লালা অমরনাথের ভূমিকাতেই দেখা যাবে আমিরকে।

ওজন কমাবেন আমির
ফিল্মফেয়ারের প্রতিবেদন অনুযায়ী, ‘ললকারা’র প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন আমির। চরিত্রটির জন্য বড় ধরনের শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে তাঁকে। এর প্রধান অংশ ওজন কমানো।

কারণও আছে। ছবিতে লালা অমরনাথের জীবনের তরুণ বয়সের অধ্যায় তুলে ধরা হবে। ফলে ৬১ বছর বয়সী আমিরকে পর্দায় বিশ্বাসযোগ্যভাবে ২৫ বছরের তরুণ ক্রিকেটার হয়ে উঠতে হবে। বাস্তব বয়সের চেয়ে ৩৬ বছর কম বয়সী চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়াই এখন তাঁর বড় চ্যালেঞ্জ।

বিশেষ ডায়েট, কঠোর শরীরচর্চা
ছবিসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শুধু ওজন কমালেই হবে না, আমিরকে নিজের শরীরের গড়নও একজন পেশাদার ক্রিকেটারের মতো করে তুলতে হবে। সে কারণেই বিশেষ ডায়েটের পাশাপাশি কঠোর শরীরচর্চার পরিকল্পনা করেছেন অভিনেতা। ইতিমধ্যে তাঁর ওয়ার্কআউটের ধরনেও পরিবর্তন এসেছে বলে খবর।

আমির অবশ্য চরিত্রের জন্য শরীর নিয়ে এমন পরীক্ষা-নিরীক্ষায় নতুন নন। ‘গজনি’র জন্য পেশিবহুল শরীর তৈরি করেছিলেন তিনি। আবার ‘দঙ্গল’-এ একই ছবিতে তাঁকে দেখা গেছে অতিরিক্ত ওজনের মধ্যবয়স্ক মহাবীর সিং ফোগাট এবং তুলনামূলক কম বয়সী, ফিট চেহারায়। ‘লাল সিং চাড্ডা’তেও চরিত্রের বিভিন্ন বয়স ফুটিয়ে তুলতে চেহারা ও শারীরিক গড়নে পরিবর্তন এনেছিলেন।

বলিউড অভিনেতা আমির খান

‘ললকারা’য় চ্যালেঞ্জটা অবশ্য অন্য রকম। শুধু তরুণ দেখালেই হবে না, তাঁকে পর্দায় একজন ক্রিকেটার হিসেবেও বিশ্বাসযোগ্য হয়ে উঠতে হবে।

ক্রিকেটও শিখতে হবে নতুন করে
ছবিটি যেহেতু লালা অমরনাথের জীবন নিয়ে, তাই শারীরিক পরিবর্তনের পাশাপাশি কিংবদন্তি ক্রিকেটারের শরীরী ভাষা, মাঠে চলাফেরা, ব্যাটিংয়ের ধরনসহ খেলার নানা সূক্ষ্ম দিকও রপ্ত করতে হবে আমিরকে।

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে গুরুত্বপূর্ণ নাম লালা অমরনাথ। তাঁর জীবন ও ক্রিকেট ক্যারিয়ারের বিভিন্ন অধ্যায়ই ‘ললকারা’র গল্পের ভিত্তি। ফলে চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে আমিরের প্রস্তুতিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

২৫ বছর পর আশুতোষ–আমির
‘ললকারা’র আরেকটি বড় আকর্ষণ আমির খান ও আশুতোষ গোয়ারিকরের পুনর্মিলন। তাঁদের সম্পর্ক অবশ্য আরও পুরোনো। ১৯৯৫ সালের ‘বাজি’তে আশুতোষের পরিচালনায় অভিনয় করেছিলেন আমির। এরপর ২০০১ সালে আসে ‘লগান’। আমির অভিনীত ও প্রযোজিত ছবিটি পরিচালনা করেছিলেন আশুতোষ।

‘থ্রি ইডিয়টস’ কি সোনম ওয়াংচুকের গল্প? লন্ডনে যা বললেন আমির খান

‘লগান’ শুধু বক্স অফিসে সাফল্যই পায়নি, ভারতীয় সিনেমার ইতিহাসে আলাদা জায়গা করে নেয়। সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কারের মনোনয়নও পেয়েছিল ছবিটি। সেই ছবির ২৫ বছর পর আবার পরিচালক-অভিনেতা হিসেবে একসঙ্গে কাজ করতে চলেছেন আশুতোষ ও আমির।

মজার ব্যাপার হলো, ‘লগান’-এর গল্পের গুরুত্বপূর্ণ অংশজুড়েও ছিল ক্রিকেট। এবারও তাঁদের পুনর্মিলনের কেন্দ্রে ক্রিকেট—তবে কাল্পনিক চরিত্র নয়, বাস্তবের কিংবদন্তি লালা অমরনাথ।

ফারহানের জায়গায় সিদ্ধান্ত
‘ললকারা’য় আমিরের সঙ্গে ফারহান আখতারের অভিনয়ের কথা ছিল। তবে পরে ছবিটি থেকে সরে দাঁড়ান ফারহান। তাঁর পরিবর্তে যুক্ত হয়েছেন অভিনেতা সিদ্ধান্ত গুপ্তা।
এখন অবশ্য ছবিটির গল্পের পাশাপাশি আগ্রহের বড় জায়গা আমিরের রূপান্তর। ৬১ বছর বয়সী অভিনেতা কীভাবে নিজেকে ২৫ বছরের ক্রিকেটার হিসেবে পর্দায় হাজির করেন, সেটিই দেখার অপেক্ষা।

No comments:
Post a Comment