প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয়েছে মাত্র ১৯৮ রানে। ২ উইকেট হারিয়েই লিড নিয়ে ফেলেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে নাজমুল হোসেনের দল এগিয়ে ১৫৩ রানে, হাতে এখনো ৪ উইকেট। ডারউইন টেস্টের প্রথম দুই দিনে বাংলাদেশের দাপট দেখে কেউ কেউ তো অস্ট্রেলিয়ার হারও দেখে ফেলছেন।

তবে যে দলের ডিএনএতে আছে শেষ পর্যন্ত হার না মানার মানসিকতা, তারা কি আর এত দ্রুত হাল ছাড়ে! দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা বো ওয়েবস্টারের কণ্ঠেও শোনা গেছে একই প্রতিধ্বনি।

সামনের কাজ কঠিন মেনে নিয়েও ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার বলেছেন, ‘আমার বিশ্বাস, সবাই এখনো হিসাব-নিকাশ করছে কীভাবে এই ম্যাচটা জেতা যায়। অবশ্যই আমাদের প্রথম লক্ষ্য হবে শেষের এই চারটি উইকেট যত দ্রুত সম্ভব তুলে নেওয়া। তারপর হয়তো টানা দুই দিন খুব ভালো ব্যাটিং করতে হবে—যা নিঃসন্দেহে কঠিন কাজ হবে। তবে ছেলেদের নিজেদের সামর্থ্যের ওপর পুরো ভরসা আছে এটা করে দেখানোর।’

প্রথম ইনিংসে বাংলাদেশের বোলারদের বিপক্ষে ভালো করতে পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। স্টিভেন স্মিথ ছাড়া ত্রিশের ঘরেও পৌঁছাতে পারেননি। তবে বাংলাদেশের হয়ে তানজিদ হাসান সেঞ্চুরি পেয়েছেন, অধিনায়ক নাজমুলও করেছেন ৮৪ রান। বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে।

ওয়েবস্টার মনে করেন এখন উইকেটের ধরনে কিছুটা বদল এসেছে, ‘মাঠে আজ বেশ গরম ছিল, তবে উইকেট দেখে মনে হচ্ছিল এটা আগের চেয়ে কিছুটা ফ্ল্যাট বা ব্যাটিংয়ের উপযোগী হয়ে এসেছে—প্রথম দিনের সকালের মতো আর অতটা কঠিন ছিল না।’

তবে বাংলাদেশের ব্যাটসম্যানদেরও কৃতিত্ব দিতে ভোলেননি তিনি, ‘তারা সত্যিই খুব ভালো ব্যাট করেছে। আমরা উইকেট পাওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়ার চেষ্টা করেছি—ওয়াইড বল, সোজা বল, স্পিন, বাউন্সার—যেন একটা উইকেট পেয়ে ওদের চেপে ধরা যায়। কিন্তু হ্যাঁ, তারা চমৎকার ব্যাটিং করেছে ও আগামীকাল আমাদের নতুন কিছু পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে।’

গিলক্রিস্টের প্রশংসা, ডারউইনে ভালো খেলার রহস্য জানালেন তানজিদ

No comments:
Post a Comment