চা-বাগানের চা-শিল্পীদের মুখে মুখে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা একটি লোকগান নতুন সংগীতায়োজনে এনেছে কোক স্টুডিও বাংলা।

গতকাল রাতে ‘মুল্লুক’ শিরোনামে গানটি প্রকাশিত হয়েছে। চতুর্থ মৌসুমের এটি চতুর্থ গান। গানে চা-শিল্পীদের ইতিহাস, শিকড়ে ফেরার আকাঙ্ক্ষা, পরিচয় ও নিজের ঠিকানা খোঁজার গল্প তুলে ধরা হয়।

শতবর্ষ আগে চা-শিল্পীদের জীবন ও ‘মুল্লুক চলো আন্দোলন’-এর ইতিহাস থেকে গানটির ভাবনা নেওয়া হয়েছে। সেই সময়ের সংগ্রামের পাশাপাশি গানটিতে উঠে এসেছে নিজের মাটিতে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা।

কোক স্টুডিও বাংলা ফেরার খবর মিলল

লোকগানের অংশবিশেষের সঙ্গে নতুন কথা জুড়ে দেন শিবু কুমার শীল। সুরও করেছেন তিনি। গানটিতে কণ্ঠ দিয়েছেন চা-শিল্পী রনজু তাঁতি ও রঞ্জিত তাঁতি। তাঁদের কণ্ঠের সঙ্গে যুক্ত হয়েছে মেঘদলের সংগীত। ব্যবহার করা হয়েছে শ্রীমঙ্গলের ঢোলের ছন্দও।

কোক স্টুডিও বাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গানটি তাঁদের জন্যও উৎসর্গ করা হয়েছে, যাঁরা পরিশ্রম করে ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখেন।

কোক স্টুডিও বাংলার অফিশিয়াল চ্যানেল ও বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি শোনা যাচ্ছে।

No comments:
Post a Comment