প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

‘মাইকেল’

ধরন: সিনেমা

স্ট্রিমিং: জিওহটস্টার

দিনক্ষণ: ২৯ আগস্ট

একদিকে সমালোচকদের তীব্র আপত্তি, অন্যদিকে দর্শকের উচ্ছ্বাস—২০২৬ সালের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি হয়ে উঠেছে মাইকেল। অ্যান্টোইন ফুয়াকোয়া পরিচালিত মাইকেল জ্যাকসনের এই বায়োপিক বিশ্বজুড়ে ১০০ কোটি ডলারের বেশি আয় করে এখন পর্যন্ত ইতিহাসের সর্বোচ্চ আয় করা মিউজিক বায়োপিক। জুলাইয়ে সিনেমাটি ১০০ কোটি ডলারের মাইলফলক ছোঁয়ার পর এর মোট আয় ১০২ কোটি ডলারের কাছাকাছি পৌঁছেছে। এবার আসছে ওটিটিতে। এতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তাঁরই ভাতিজা জাফর জ্যাকসন। প্রযোজনা সংস্থা এরই মধ্যে সিনেমাটির সিক্যুয়েলের ঘোষণা দিয়েছে।

‘বান্দর’

ধরন: সিনেমা

স্ট্রিমিং: জি৫

দিনক্ষণ: চলমান

সমর মেহরা। বিনোদন-দুনিয়ার পঞ্চাশোর্ধ্ব এই চেনা মুখের সুসময় এখন অতীত। পকেটে টান, ইনস্যুরেন্সের মেয়াদ শেষ, এমনকি পিঠের যন্ত্রণায় যে অস্ত্রোপচার দরকার, সেই টাকাও তাঁর কাছে নেই। কিন্তু তাঁর খাটো হয়ে আসা ভাগ্যের ওপর আসল বিপর্যয় নেমে আসে এক মধ্যরাতে। দুই দুঁদে পুলিশ কর্মকর্তা দরজায় কড়া নাড়ে। কারণ? সমরের সাবেক বান্ধবী তাঁর বিরুদ্ধে ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ এনেছেন! এরপর কী হয়, তা নিয়েই অনুরাগ কশ্যপের সিনেমাটি। সমালোচকদের কাছে প্রশংসিত সিনেমাটি এবার দেখা যাচ্ছে ঘরে বসেই। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল, সাবা আজাদ, সানিয়া মালহোত্রা, ঋদ্ধি সেন, স্বপ্না পাব্বি প্রমুখ।

‘বান্দর’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

‘দ্য হুইসপার ম্যান’

ধরন: সিনেমা

স্ট্রিমিং: নেটফ্লিক্স

দিনক্ষণ: চলমান

অ্যালেক্স নর্থের ২০১৯ সালের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটির গল্পে আছে সন্তান অপহরণ, পুরোনো সিরিয়াল কিলার এবং বাবা-ছেলের জটিল সম্পর্ক। ছবির কেন্দ্রীয় চরিত্র টম কেনেডি—একজন ক্রাইম লেখক। তাঁর আট বছর বয়সী ছেলে নিখোঁজ হয়ে গেলে দিশাহারা টম সাহায্যের জন্য ফিরে যান বাবার কাছে, যিনি একসময় পুলিশ কর্মকর্তা ছিলেন এবং বহু বছর আগে ভয়ংকর এক সিরিয়াল কিলারকে গ্রেপ্তার করেছিলেন। ছেলের নিখোঁজের তদন্ত যত এগোয়, ততই বেরিয়ে আসে পুরোনো সেই খুনির সঙ্গে নতুন ঘটনার অদ্ভুত যোগসূত্র। রবার্ট ডি নিরো ও অ্যাডাম স্কট অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন জেমস অ্যাশক্রফট।

‘দ্য হুইসপার ম্যান’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

‘দ্য লাস্ট সানরাইজ’

ধরন: সিনেমা

স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও

দিনক্ষণ: চলমান

মায়া রেফিকো, ফার্নান্দো লিন্দেজ ও ইভা লঙ্গোরিয়া অভিনীত এই রোমান্টিক ড্রামা তৈরি হয়েছে আনা টডের একই নামের উপন্যাস অবলম্বনে। সিনেমাটি পরিচালনা করেছেন কার্লসন ইয়ং, চিত্রনাট্য লিখেছেন আনা ক্লাসেন। ছবির কেন্দ্রীয় চরিত্র ২২ বছর বয়সী ওরিয়াহ ‘রাই’পেরা। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার সঙ্গে লড়তে থাকা রাইয়ের জীবন অনেকটাই নিয়ন্ত্রিত তাঁর অতিরিক্ত সুরক্ষাপ্রবণ মায়ের কারণে। অসুস্থতার কারণে রাইয়ের সামনে ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারের সিদ্ধান্তও আসে। কিন্তু তিনি অস্ত্রোপচারের বদলে ওষুধের মাধ্যমে নিজের জীবন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। মায়ের কাজের সূত্রে রাই চলে যান স্পেনের মনোরম দ্বীপ মায়োর্কায়। নতুন পরিবেশে এসে তিনি প্রথমবারের মতো নিজের জীবনকে নিজের মতো করে উপভোগ করার সুযোগ পান।

‘দ্য লাস্ট সানরাইজ’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

ধরন: সিনেমা

স্ট্রিমিং: চরকি

দিনক্ষণ: চলমান

আকাশ হকের সিনেমাটিতে উঠে এসেছে ছাত্ররাজনীতিতে ক্ষমতার পালাবদল, পদ পাওয়ার প্রতিযোগিতা, গ্রুপিং, হল-রাজনীতি, টাকার লেনদেন এবং ক্ষমতার দ্বন্দ্বে তরুণদের জড়িয়ে পড়ার চেনা বাস্তবতা। হাস্যরসের মোড়কে বিষগুলোকে পর্দায় তুলে ধরেছেন নির্মাতা। চলচ্চিত্র উৎসব, প্রেক্ষাগৃহের পর সিনেমাটি এখন মুক্তি পেয়েছে ওটিটিতে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, আবু সায়ীদ, ইফাদ হাসান, চয়ন মন্ডল, এস এ জীবন, মেহেদী হাসান সোহানসহ আরও অনেকে। পরিচালনার পাশাপাশি এটি প্রযোজনা, চিত্রনাট্য, সম্পাদনা ও চিত্রগ্রহণের কাজও করেছেন আকাশ হক।

সেই ‘বাজে’ সিনেমাই বাংলাদেশে শীর্ষে, কারণ কি রাশমিকা

‘ডার্ক ম্যাটার ২’

ধরন: সিরিজি

স্ট্রিমিং: অ্যাপল টিভি+

দিনক্ষণ: ২৮ আগস্ট

একজন মানুষ, কিন্তু তাঁর অসংখ্য সংস্করণ। এক বাস্তবতায় তিনি বিজ্ঞানী ও পরিবারের দায়িত্বশীল বাবা, অন্য বাস্তবতায় তাঁর জীবন সম্পূর্ণ আলাদা। আর এই দুই জীবনের সংঘাত নিয়েই সায়েন্স ফিকশন থ্রিলারটি। প্রথম মৌসুমের প্রায় দুই বছর পর আসছে দ্বিতীয় কিস্তি। দ্বিতীয় মৌসুমে থাকছে মোট ১০টি পর্ব, প্রতি শুক্রবার ১টি নতুন পর্ব মুক্তি পাবে; শেষ পর্ব ৩০ অক্টোবর। সিরিজটি তৈরি হয়েছে ব্লেক ক্রাউচের একই নামের উপন্যাস অবলম্বনে। তবে দ্বিতীয় মৌসুমে এসে গল্পটি উপন্যাসের সীমানা পেরিয়ে যাচ্ছে। কারণ, ক্রাউচের মূল উপন্যাসে দ্বিতীয় মৌসুমের জন্য কোনো সরাসরি গল্প নেই। ফলে এবার দর্শকের জন্য অনেকটাই নতুন ও অজানা জগৎ তৈরি করেছেন নির্মাতারা। ব্লেক ক্রাউচের সিরিজটিতে অভিনয় করেছেন জোয়েল এজারটন, জেনিফার কনেলি, অ্যালিস ব্রাগা, জিমি সিম্পসন, ডেও ওকেনিয়ি, ওকস ফেগলি।

Friday, August 28, 2026
ঝড় তোলা ‘মাইকেল’, ওটিটিতে আরও যা দেখবেন
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment