মুঠোফোনটা হঠাৎ সেপটিক ট্যাংকে পড়ে গেছে। সেটি তুলতে একজন নিচে নামলেন। কিছুক্ষণ পর তাঁর কোনো সাড়া নেই। তাঁকে উদ্ধার করতে আরেকজন নামলেন। তিনিও অচেতন। এভাবে একে একে কয়েকজন মানুষ ট্যাংকের ভেতরে ঢুকে পড়লেন। শেষ পর্যন্ত তাঁদের কেউই আর জীবিত ফিরলেন না।

বাংলাদেশে এমন ঘটনা বারবার ঘটছে। ২০২৫ সালের জুলাইয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি সেপটিক ট্যাংকে মুঠোফোন তুলতে গিয়ে চারজনের মৃত্যু হয়। একই বছরের আগস্টে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ট্যাংকে নেমে প্রাণ হারান তিন শ্রমিক। ২০২৬ সালের ২৪ নভেম্বর সাতক্ষীরার কালীগঞ্জেও সেপটিক ট্যাংকের গ্যাসে দুজনের মৃত্যু এবং আরও দুজন অসুস্থ হওয়ার খবর প্রকাশিত হয়েছে।

প্রতিটি ঘটনায় দেখা গেছে, কোথাও ট্যাংক পরিষ্কার করতে গিয়ে, কোথাও নির্মাণকাজ করতে গিয়ে, আবার কোথাও কাউকে বাঁচাতে গিয়ে মানুষ প্রাণ হারিয়েছেন। এ ক্ষেত্রে দায়ী সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা গ্যাস।

সেপটিক ট্যাংকে আসলে কী গ্যাস থাকে? কীভাবে তৈরি হয় এসব গ্যাস? আর কেন একজন অচেতন হয়ে পড়লে তাঁকে উদ্ধার করতে যাওয়া মানুষটিও একই বিপদে পড়েন?

৫টি বিশাল বাওবাবগাছ পাচার আটকে দিয়েছে দক্ষিণ আফ্রিকা

এই বাড়ির সেপটিক ট্যাংক ও প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি। ছবি: আবদুর রব

পচন থেকেই গ্যাসের জন্ম

সেপটিক ট্যাংক হলো বাড়ির পয়োনিষ্কাশনব্যবস্থার একটি অংশ। শৌচাগার থেকে বর্জ্য এসে জমা হয় এখানে। ট্যাংকের ভেতরে থাকা ব্যাকটেরিয়া বর্জ্যের জৈব উপাদান ভেঙে ফেলতে থাকে। এই প্রক্রিয়ায় বর্জ্যের কিছু অংশ পচে যায়, কিছু অংশ তরল হয়ে যায়, আর কিছু কঠিন পদার্থ তলানিতে জমে থাকে।

ট্যাংকের ভেতরে অক্সিজেনের পরিমাণ খুব কম থাকে। তাই সেখানে এমন ব্যাকটেরিয়া কাজ করে, যারা অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে। এদের বলা হয় অ্যানারোবিক ব্যাকটেরিয়া। বর্জ্য ভাঙার সময় এরা নানা ধরনের গ্যাস তৈরি করে। এর মধ্যে আছে মিথেন, কার্বন ডাই-অক্সাইড ও হাইড্রোজেন সালফাইড।

এই গ্যাসগুলো স্বাভাবিক অবস্থায় ট্যাংকের ভেন্ট বা বায়ু চলাচলের পাইপ দিয়ে বাইরে বেরিয়ে যায়। কিন্তু ট্যাংক বন্ধ থাকলে, বাতাস চলাচলের ব্যবস্থা ঠিকমতো কাজ না করলে কিংবা ট্যাংকের ভেতরে গ্যাসের উৎপাদন বেশি হলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে।

হাইড্রোজেন সালফাইড

সেপটিক ট্যাংকের সবচেয়ে পরিচিত গ্যাসগুলোর একটি হাইড্রোজেন সালফাইড। গ্যাসটি বর্ণহীন। কম ঘনত্বে এর গন্ধ পচা ডিমের মতো। তাই অনেকেই নর্দমা বা পয়োনিষ্কাশনব্যবস্থার দুর্গন্ধ হিসেবে এই গ্যাসকে চেনেন।

হাইড্রোজেন সালফাইড তৈরি হয় বর্জ্যের মধ্যে থাকা সালফারযুক্ত জৈব উপাদানকে ব্যাকটেরিয়ার মাধ্যমে ভেঙে ফেললে। গ্যাসটি শ্বাসের সঙ্গে শরীরে ঢুকলে চোখ, নাক ও গলায় জ্বালাপোড়া হতে পারে। মাথাব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব কিংবা শ্বাসকষ্টও দেখা দিতে পারে। বেশি ঘনত্বে এটি খুব দ্রুত মানুষকে অচেতন করে ফেলতে পারে, এমনকি মৃত্যু ঘটাতে পারে।

এখানে সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, হাইড্রোজেন সালফাইডের গন্ধের ওপর ভরসা করা যায় না। গ্যাসের ঘনত্ব বেশি হলে গ্যাসটি নাকের গন্ধ বোঝার ক্ষমতা সাময়িকভাবে নষ্ট করে দিতে পারে। তখন গ্যাসের উপস্থিতি থাকলেও মানুষ আর গন্ধ পায় না। কেউ ভাবতে পারেন, গন্ধ চলে গেছে বলে বিপদও কেটে গেছে। বাস্তবে তখন বিপদ আরও বেশি হতে পারে।

সবচেয়ে পরিষ্কার প্রাণী কোনটি

বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের মাত্রা বাড়ছে

মিথেন: গন্ধহীন ও দাহ্য গ্যাস

সেপটিক ট্যাংকে আরেকটি গুরুত্বপূর্ণ গ্যাস মিথেন। বর্জ্য পচনের সময় অ্যানারোবিক ব্যাকটেরিয়া মিথেন তৈরি করে। গ্যাসটি বর্ণহীন ও গন্ধহীন।

মিথেনের একটি বড় বিপদ হলো, এটি বাতাসের সঙ্গে নির্দিষ্ট অনুপাতে মিশলে আগুন ধরে যেতে পারে, এমনকি বিস্ফোরণও ঘটতে পারে। তাই সেপটিক ট্যাংকের আশপাশে আগুন জ্বালানো, দেশলাই বা লাইটার ব্যবহার করা বিপজ্জনক। মিথেন নিজে মানুষের শরীরে বিষের মতো কাজ করে না, তবে বন্ধ জায়গায় জমে বাতাসের অক্সিজেন সরিয়ে দিতে পারে। তখন মানুষ পর্যাপ্ত অক্সিজেন পায় না। অক্সিজেন না পেলে মানুষ দমবন্ধ হয়ে মারা যেতে পারে।

কার্বন ডাই-অক্সাইডও বিপদ তৈরি করে

সেপটিক ট্যাংকে কার্বন ডাই-অক্সাইডও তৈরি হয়। আমরা শ্বাস ছাড়ার সময়ও এই গ্যাস ফুসফুস থেকে ছেড়ে দিই। কিন্তু বন্ধ জায়গায় এর ঘনত্ব বেশি হলে শরীর অক্সিজেন পায় না। তখন এটি বিপজ্জনক হয়ে ওঠে।

কার্বন ডাই-অক্সাইড বেশি জমে গেলে বাতাসে অক্সিজেনের অনুপাত কমে যায়। ফলে মানুষ শ্বাস নিতে পারলেও শরীর প্রয়োজনীয় অক্সিজেন পায় না। এতে মাথা ঘোরা, শ্বাসকষ্ট, অচেতন হয়ে পড়া এবং মৃত্যু হতে পারে।

অক্সিজেনের ঘাটতিতে আসল বিপদ

সেপটিক ট্যাংকের ভেতরে মৃত্যুর কারণ সব সময় একটি নির্দিষ্ট বিষাক্ত গ্যাস না। কখনো হাইড্রোজেন সালফাইডের বিষক্রিয়া, কখনো মিথেন বা কার্বন ডাই-অক্সাইডের কারণে অক্সিজেনের ঘাটতি, আবার কখনো একাধিক গ্যাসের সম্মিলিত প্রভাব প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

অক্সিজেনের ঘাটতিযুক্ত বাতাসে মানুষ দ্রুত দুর্বল হয়ে পড়ে। মাথা ঘুরতে পারে, ভারসাম্য হারাতে পারে, শ্বাস নিতে কষ্ট হতে পারে। একসময় অজ্ঞান হয়ে যায়। তখন নিজের শক্তিতে ট্যাংক থেকে বেরিয়ে আসার সুযোগও থাকে না।

সেপটিক ট্যাংকের ভেতরের বাতাসের অবস্থা সব সময় একই রকম থাকে না। বর্জ্যের ধরন, পচনের মাত্রা, তাপমাত্রা, ট্যাংকের নকশা এবং বাতাস চলাচলের ব্যবস্থার ওপর গ্যাসের পরিমাণ নির্ভর করে। তাই কোনো একটি ট্যাংকে আগে ঢুকে নিরাপদে বেরিয়ে আসা মানে পরেরবারও সেখানে নিরাপদ থাকা যাবে, এই নিশ্চয়তা নেই।

যে রঙের পোশাক পরলে এই গরমে রক্ষা পাওয়া যাবে

একজন অচেতন হলে আরেকজন কেন মারা যান

সেপটিক ট্যাংকের দুর্ঘটনায় প্রায়ই দেখা যায়, একজন ভেতরে ঢুকে অচেতন হওয়ার পর তাঁকে উদ্ধার করতে আরেকজন নামেন। এরপর উদ্ধার করতে যান আরও কেউ। এভাবেই কয়েকজন মানুষ একই ট্যাংকে প্রাণ হারান।

কারণ, বাইরে থেকে একজন মানুষকে অচেতন দেখলে মনে হয় তাঁকে দ্রুত টেনে তুললেই বাঁচানো যাবে। কিন্তু ট্যাংকের ভেতরে থাকা বাতাস তখনো প্রাণঘাতী। উদ্ধার করতে যাওয়া মানুষটি সেখানে ঢুকেই একই গ্যাসের সংস্পর্শে আসেন, অক্সিজেনের অভাবে অচেতন হয়ে পড়েন।

এ ধরনের জায়গাকে বলা হয় কনফাইন্ড স্পেস। মানে সীমিত ও বদ্ধ জায়গা, যেখানে বাতাস চলাচল কম এবং ভেতরের পরিবেশ দ্রুত বিপজ্জনক হয়ে উঠতে পারে। নর্দমা, ম্যানহোল, সেপটিক ট্যাংক ও গভীর গর্ত এমন ঝুঁকিপূর্ণ জায়গার উদাহরণ।

কীভাবে বাঁচানো যায় প্রাণ

সেপটিক ট্যাংকে কাজ করার আগে ভেতরের বাতাস পরীক্ষা করা জরুরি। প্রশিক্ষিত কর্মীরা বিশেষ গ্যাস শনাক্তকারী যন্ত্র দিয়ে অক্সিজেনের মাত্রা এবং বিষাক্ত বা দাহ্য গ্যাসের উপস্থিতি পরীক্ষা করতে পারেন। প্রয়োজন অনুযায়ী বাতাস চলাচলের ব্যবস্থা করেন তাঁরা। ট্যাংকের ভেতরে প্রবেশের কাজ করতে হলে প্রশিক্ষণ, উপযুক্ত সুরক্ষা সরঞ্জাম ও উদ্ধারব্যবস্থা থাকা জরুরি।

সাধারণ কাপড়ের মাস্ক বা মুখে গামছা বেঁধে ট্যাংকে নামলে এই গ্যাস থেকে সুরক্ষা পাওয়া যায় না। অক্সিজেনের ঘাটতিও এমন মাস্কে পূরণ হয় না। তাই কেউ মাস্ক বা গামছা মুখে পরে ট্যাংকে নামতে গেলে বাধা দিতে হবে।

সবচেয়ে জরুরি হলো, ট্যাংকের ভেতরে কেউ অচেতন হয়ে পড়লে তাঁকে উদ্ধার করতে নিজে নিচে নামা যাবে না। দ্রুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিতে হবে। প্রশিক্ষিত উদ্ধারকারীরা প্রয়োজনীয় শ্বাসপ্রশ্বাসের সরঞ্জাম ব্যবহার করে উদ্ধারকাজ করবেন। বিষাক্ত গ্যাসের কারণে উদ্ধারকারীদের মৃত্যুর ঘটনাও এর আগে ঘটেছে।

সেপটিক ট্যাংকের ভেতরটা বাইরে থেকে সাধারণ একটি গর্তের মতো মনে হতে পারে। কিন্তু সেখানে জমে থাকতে পারে এমন গ্যাস, যা চোখে দেখা যায় না, সব সময় গন্ধেও ধরা পড়ে না। তাই ট্যাংকের ঢাকনা খোলা বা ভেতরে নামার আগে নিরাপত্তার নিয়ম জানা জরুরি। একটি মুঠোফোন, কোনো যন্ত্র বা সামান্য কাজের জন্য জীবনের ঝুঁকি নেওয়া উচিত নয়।

সূত্র: ওএসএইচএ ডট গভ, ইউএসএ

অস্ত্রোপচারের খরচ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ফুটবলার প্রতিমা, পাশে দাঁড়াল কিশোর আলো

No comments:
Post a Comment