টানা তিন বিশ্বকাপে ইতালি নেই! শুনলে অবিশ্বাস্য মনে হতে পারে; কিন্তু চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য এটাই এখন নিষ্ঠুর বাস্তবতা। ২০২৬ বিশ্বকাপেও দেখা যাবে না নীল জার্সিধারীদের।
উত্তর আমেরিকা-মেক্সিকোর বিমানের টিকিট কাটতে না পারার এই ব্যর্থতায় এখন টালমাটাল ইতালিয়ান ফুটবল। অবিশ্বাস্য এই ব্যর্থতার কারণে দেশটির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি সরাসরি ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রধান গাব্রিয়েল গ্রাভিনার পদত্যাগ দাবি করেছেন।
গতকাল মঙ্গলবার রাতে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে পেনাল্টি শুট-আউটে হেরে প্লে-অফ থেকেই বিদায় নেয় আজ্জুরিরা। এর আগে ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপেও দর্শক হয়ে থাকতে হয়েছিল তাদের। এই হ্যাটট্রিক ব্যর্থতার পর এক বিবৃতিতে ক্রীড়ামন্ত্রী আবোদি বলেন, ‘ইতালিয়ান ফুটবলকে একদম গোড়া থেকে নতুন করে গড়তে হবে। আর সেই সংস্কার শুরু হতে হবে ফেডারেশনের শীর্ষ পর্যায় থেকে।’
তবে পদত্যাগের চাপ থাকলেও এখনই সরছেন না গ্রাভিনা। ২০১৮ সালে কার্লো তাভেচ্চিওর বিদায়ের পর দায়িত্ব নেওয়া এই কর্তা জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। তবে আগামী সপ্তাহে বোর্ডের সভায় তাঁর ভাগ্যের ফয়সালা হবে। আপাতত পরিস্থিতি সামলাতে বৃহস্পতিবার বিকেলে পেশাদার লিগের তিন বিভাগ, খেলোয়াড় ও রেফারি অ্যাসোসিয়েশনের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন তিনি।
এদিকে মাঠের হারের ক্ষোভ গিয়ে পড়েছে ফেডারেশনের সদর দপ্তরে। রোমে এফআইজিসি ভবনের সামনে বিক্ষুব্ধ সমর্থকেরা ডিম ছুড়ে তাঁদের ক্ষোভ প্রকাশ করেছেন। ফুটবলারদের ব্যর্থতার দায় এখন বড় কর্তাদের কাঁধে গিয়ে বর্তেছে।
পাল্টা আক্রমণ করতে ছাড়েননি গ্রাভিনা নিজেও। হারের পর গণমাধ্যমের সামনে তিনি দাবি করেন, রাষ্ট্র ফুটবলের পাশে দাঁড়াচ্ছে না। উল্টো অন্যান্য খেলার অ্যাথলেটদের সরকারি চাকরিতে সুযোগ দেওয়ার বিষয়টিকে খোঁচা দিয়ে তিনি সেগুলোকে ‘রাষ্ট্রীয় খেলা’ বা ‘অপেশাদার’ বলে মন্তব্য করেন। গ্রাভিনার দাবি, ‘ইতালিয়ান ফুটবল গভীর সংকটে। এর জন্য শুধু ফেডারেশন নয়, রাজনীতিবিদদেরও ভাবতে হবে, যাঁরা শুধু পদত্যাগই চাইতে জানেন।’
গ্রাভিনার এই মন্তব্য ইতালির ক্রীড়াঙ্গনে আগুনে ঘি ঢেলেছে। ইয়ানিক সিনারের মতো টেনিস তারকা কিংবা প্যারিস অলিম্পিকে ৪০টি পদক জয়ী ইতালির অন্য ডিসিপ্লিনের অ্যাথলেটদের প্রতি এমন তুচ্ছতাচ্ছিল্য ভালোভাবে নেননি ক্রীড়ামন্ত্রী। আবোদি মনে করিয়ে দিয়েছেন, নিজের ব্যর্থতা ঢাকতে অন্য খেলাকে ছোট করা মস্ত বড় ভুল। শীতকালীন অলিম্পিকে দুই সোনাজয়ী স্পিড স্কেটার ফ্রান্সেস্কা ললোব্রিজিদা ইনস্টাগ্রামে গ্রাভিনাকে খোঁচা দিয়ে লিখেছেন, ‘হ্যাঁ, আমি তো একজন অপেশাদার!’

No comments:
Post a Comment