অভিনেত্রী দানানির মোবিন বলেছেন, সহশিল্পীর সঙ্গে রোমান্টিক সম্পর্ক নিয়ে ভক্তদের অনলাইনে ‘শিপিং’ বা জুটি বানানোর প্রবণতা ভবিষ্যৎ সম্পর্কে অস্বস্তি তৈরি করতে পারে।

দানানিরের ভাষ্য, ভবিষ্যতে যাঁর সঙ্গে তিনি সম্পর্কে থাকবেন, এসব গুজব বা আলোচনা যেন তাঁর জন্য অস্বস্তির কারণ না হয়।

সামথিং হটকে দেওয়া এক সাক্ষাৎকারে দানানির বলেন, এসব অনলাইন আলোচনা তাঁর ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলে। তাঁর পরিবার সাধারণ মানুষ হওয়ায় অনেক সময় তাঁরা জানতে চান, কেন এমন কথা ছড়াচ্ছে।

দানানির মোবিন

দানানির জানান, এটি তাঁর কাজের কারণে নয়, বরং অনলাইনে ছড়ানো গুজবের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়। তবে তিনি জানান, তাঁর মা–বাবা তাঁর নাটক ‘মিম সে মহব্বত’ উপভোগ করেছেন।

দানানির আরও বলেন, তাঁর পরিবার আগে থেকেই মিডিয়া ইন্ডাস্ট্রি নিয়ে কিছুটা উদ্বিগ্ন ছিল। এ জগতের সঙ্গে কোনো পূর্বসম্পর্ক না থাকায় শুরু থেকেই তাঁরা তাঁকে নিয়ে চিন্তিত ছিলেন।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দানানির এখন পরিবারের উদ্বেগ আরও ভালোভাবে বুঝতে পারেন বলে জানান। একই সঙ্গে ইন্ডাস্ট্রিতে নতুন আসা তরুণীদের নিয়েও তিনি আরও সংবেদনশীল হয়ে উঠেছেন।

দানানির মোবিনের বিয়ের গুঞ্জন

সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে দানানির বলেন, তাঁদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ভালো থাকায় গুজব কখনো শুটিং সেটে সমস্যা তৈরি করে না।

গত কয়েক বছরে নিজের পরিবর্তনের কথাও উল্লেখ করেন মোবিন। তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে তিনি অনেক বদলে গেছেন।

জনসাধারণের নজরদারি তাঁকে কিছুটা প্রভাবিত করলেও তিনি তা স্বীকার করেন।

No comments:
Post a Comment