ওয়েস্ট হাম ০–১ আর্সেনাল

নাটক, নাটক আর নাটক! লন্ডন স্টেডিয়ামে রোববার রাতে কী নাটকই না মঞ্চস্থ হলো।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটের খেলা চলছে। আর মিনিট দেড়েক পরেই শেষ বাঁশি বাজার কথা। এমন সময়েই কিনা গোল করে বসলের ওয়েস্ট হামের ক্যালাম উইলসন। ২২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের স্বপ্ন দেখা আর্সেনালকে হতাশায় ডুবিয়ে যে সমতা ফেরাল ওয়েস্ট হাম।

নাটকের শেষ অঙ্কের শুরু তখনই। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) জানাল আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়াকে সম্ভবত ফাউল করা হয়েছে গোলের বিল্ডআপে। অনেক অ্যাঙ্গেলের ভিডিও দেখেও যখন তাঁরা সিদ্ধান্ত দিতে পারেনি, মাঠের পাশের মনিটর দেখতে ছুটলেন রেফারি ক্রিস কাভানা। সময় নিয়েই রিপ্লে দেখে মাঠে ফিরে মাইকে ঘোষণা দিলেন ফাউলের শিকার রায়া, গোল বাতিল, ফ্রিকিক পেয়েছে আর্সেনাল।

ভিএআরে কপাল পুড়েছে ওয়েস্ট হামের

ফল, ১-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হওয়ার আরও কাছে আর্সেনাল। আর অবনমনের শঙ্কা আরেকটু বেড়ে গেল ওয়েস্ট হামের। এই জয়ের পর ৩৬ ম্যাচে ৭৯ পয়েন্ট আর্সেনালের। এক ম্যাচ কম খেলা নিকট প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে দলটি। নিজেদের শেষ দুটি ম্যাচ জিতলেই ২২ বছর পর আবার ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হবে দলটি। অন্যদিকে ৩৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে ওয়েস্ট হাম। ১৭ নম্বরে থাকা টটেনহামের পয়েন্ট ৩৭, তবে স্পাররা ম্যাচ একটি কম খেলেছে।

গ্যারেথ বেলদের সাবেক কোচ কি এবার হামজাদের কোচ হয়ে আসছেন বাংলাদেশে

নাটক কম হয়নি আগেও। আক্রমণের পর আক্রমণ গড়েও গোলের দেখা পাচ্ছিল না আর্সেনাল। ৮৩ মিনিটে অবশেষে গোল পায় গানাররা। মার্টিন ওডেগার্ডের পাস থেকে লিয়ান্দ্রো ত্রোসারের নেওয়া শট ওয়েস্ট হামের এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে ঢুকে যায় জালে।

এই গোলটা ধরে রেখেই আর্সেনাল যখন জয়ের খুব কাছে, তখনই আবার নাটক।
ওয়েস্ট হামের গোল, গোল বাতিল, শিরোপার আরও কাছে আর্সেনাল।

বিশ্বকাপে ফিফা শাস্তির নিয়ম পাল্টানোয় সুবিধা পেল আর্জেন্টিনা

No comments:
Post a Comment