৬ উইকেট নেওয়ার পথে হ্যাটট্রিক পেয়েছেন প্রাইম ব্যাংকের আলিস আল ইসলাম। তাঁর সমান ৬ উইকেট পেয়েছেন মোহামেডানের মৃত্যুঞ্জয় চৌধুরী। চতুর্থ রাউন্ড শেষে প্রিমিয়ার লিগে অপরাজিত দল এখন দুটি—মোহামেডান ও প্রাইম ব্যাংক।

মাহফুজের ৫ উইকেট, আবাহনীর জয়

বিকেএসপিতে মাহফুজুর রহমানের ৫ উইকেটে দ্বিতীয় জয় পেয়েছে আবাহনী। রূপগঞ্জ টাইগার্সকে ১৪০ রানে অলআউট করার পর রানটা ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে আবাহনী। বল হাতে ৫ উইকেটের পর ব্যাট হাতেও ৮ বলে ১৩ রান করেছেন বাঁহাতি স্পিনার মাহফুজুর। সৌম্য সরকার ৭৬ বলে ৬৫ আর জাকের আলী ৪০ বলে করেছেন ৪৪ রান।

৫–এর পর আজ ৬ উইকেট মৃত্যুঞ্জয়ের

আগের ম্যাচে পেয়েছিলেন ৫ উইকেট, আজ পেলেন ৬টি। মোহামেডানের হয়ে দারুণ সময় কাটাচ্ছেন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। তাঁর দুর্দান্ত বোলিংয়ে বসুন্ধরা স্ট্রাইকার্স ২৩.৫ ওভারে মাত্র ৮০ রানে অলআউট। ৭.৫ ওভারে ২২ রান দিয়ে ৬ উইকেট পান মৃত্যুঞ্জয়, বাকি ২টি উইকেট পান রিশাদ হোসেন ও সাইফ উদ্দিন। পরে এনামুল হকের ২৮ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫০ ও মোহাম্মদ নাঈমের ২১ বলে ৩১ রানে ভর করে কোনো উইকেট না হারিয়েই ম্যাচ জেতে মোহামেডান।

৬ উইকেট পেয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী

চতুর্থ জয় প্রাইম ব্যাংকের

আলিস আল ইসলামের হ্যাটট্রিকে লিগে টানা চতুর্থ জয় পেয়েছে প্রাইম ব্যাংক। ইউল্যাব ক্রিকেট মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১৯৮ রানের বড় জয় পেয়েছে তারা। দলটির দুই ওপেনারই ফিফটি পান, এর মধ্যে শাহাদাত হোসেনের ৮৮ বলে ৭১ ও আজিজুল হাকিম ১০৭ বলে ৭৮ রান করেন। শেষ দিকে ১৩ বলে আকবর আলীর ২৬ আর আবু হায়দারের ১৭ বলে ৪১ রানে ৩০০ পেরোয় প্রাইম ব্যাংক, ৪৫ বলে ৫১ রানে অপরাজিত থাকেন শামীম হোসেনও।

রান তাড়ায় নামা গাজী গ্রুপের ১০ জন ব্যাটিং করেন, ফিল্ডিংয়ের সময় চোট পাওয়ায় মাঠে নামেননি আজিজুল হাকিম রনি। গাজী গ্রুপের শেষ তিন ব্যাটসম্যানকে আউট করে হ্যাটট্রিক করেছেন আলিস। ২২তম ওভারের পঞ্চম ও শেষ বলে সালমান হোসেন ও মাহফুজুল ইসলামকে আউট করেন, আলিসের পরের ওভারের প্রথম বলে বোল্ড হন আরিদুল ইসলাম। ৯.২ ওভার ২১ রান দিয়ে ৬ উইকেট নেন আলিস।

মাহফিজুলের সেঞ্চুরিতে অগ্রণী ব্যাংকের জয়

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বৃষ্টি আইনে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৭৭ রানে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। আগে ব্যাট করে ওপেনার মাহফিজুল ইসলামের ১৩৮ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১২৭ রানে ভর করে ৭ উইকেটে ২৯৩ রান করে অগ্রণী ব্যাংক। রান তাড়ায় রূপগঞ্জ ৩৪.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান করলে বৃষ্টি নামে। তখন ৩৪ বলে ৪০ রান করে ইরফান শুক্কুর ও ১৬ বলে ১৩ রানে অপরাজিত ছিলেন সামিউন বাসীর।

আরও এক জয় ঢাকা লেপার্ডের

বিকেএসপিতে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে ঢাকা লেপার্ড। ৪৬.৪ ওভারে ১৭৮ রানে অলআউট হয় তারা। পরে রান তাড়ায় নেমে সৈকত আলীর ৯০ বলে ৮৮ ও ইফতেখার হোসেনের ৬৬ বলে ৪৬ রানে সহজ জয় পায় লেপার্ড।

সিটি ক্লাবের জয়

ক্রিকেটার্স একাডেমিতে সিটি ক্লাবকে ডিএলএস নিয়মে ২৬ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। আগে ব্যাট করতে নেমে ২০৪ রানে অলআউট হয় সিটি ক্লাব, ব্রাদার্সের পেসার গোলাম কিবরিয়া পান ৫ উইকেট। সিটি ক্লাব ৪ উইকেটে ১৫০ রান তুললে বৃষ্টি এসে খেলা থামিয়ে দেয়।

র্যাঙ্কিংয়েও সুখবর, টেস্টে ক্যারিয়ার-সর্বোচ্চ অবস্থানে নাজমুল-নাহিদ রানা-তাইজুলরা

No comments:
Post a Comment