এক সদস্যের দলত্যাগের পর প্রথমবারের মতো ছয় সদস্য নিয়ে ফিরছে কে-পপ বয় ব্যান্ড এনহাইপেন। আগামী আগস্টে নতুন অ্যালবাম প্রকাশ করবে ব্যান্ডটি।

এর আগে জানুয়ারিতে সপ্তম ইপি ‘দ্য সিন: ভ্যানিশ’ প্রকাশ করেছিল এনহাইপেন। এর সাত মাস পর কোনো অ্যালবাম নিয়ে আসছে ব্যান্ডটি।

গত মার্চে গ্রুপটি ছেড়েছে হিসুং। এর মাঝে আর কোনো গান প্রকাশ করেনি এনহাইপেন। ফলে গ্রুপটির ফেরা নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ দেখা গেছে।

এই বছরের শুরুতে ‘দ্য সিন: ভ্যানিশ’ অ্যালবামটি এনহাইপেনকে বড় সাফল্য এনে দেয়। অ্যালবামটি কিনতে শ্রোতারা হুমড়ি খেয়ে পড়েন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিলবোর্ড ২০০ অ্যালবামের তালিকায় টানা ১০ সপ্তাহ ধরে জায়গা ধরে অবস্থান করেছিল।

এনহাইপেন ছাড়ছেন হিসুং

সংগীতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন অ্যালবামের প্রস্তুতিতে এখন ব্যস্ত সময় পার করছে এনহাইপেন। বছরের প্রথমার্ধে বিভিন্ন কার্যক্রমে সক্রিয় থাকার পর এবার তারা নতুন সংগীত নিয়ে ভক্তদের সামনে হাজির হতে চায়।

অভিষেকের পর থেকেই ভ্যাম্পায়ার-ভিত্তিক গল্প ও কনসেপ্টের জন্য আলাদা পরিচিতি তৈরি করেছে এনহাইপেন। নতুন সদস্যসংখ্যা নিয়ে দলটির সংগীত ও গল্পের ধারায় কী পরিবর্তন আসে, তা দেখার অপেক্ষায় ভক্তরা।

এই মুহূর্তে ‘ব্লাড সাগা’ ওয়ার্ল্ড ট্যুরে রয়েছে এনহাইপেন। ২১টি শহরে ৩৩টি কনসার্ট করার পরিকল্পনা রয়েছে তাদের। গত মাসে সিউলে সফর শুরু হয়েছে। জুলাই ও আগস্টে উত্তর ও দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠান করবে দলটি।

এরপর অক্টোবরের ম্যাকাও এবং ডিসেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত জাপানে কনসার্ট করবে। আগামী বছরের মার্চ থেকে এশিয়া ও ইউরোপেও সফর চালিয়ে যাওয়ার কথা রয়েছে।

কোরিয়া টাইমস অবলম্বনে

No comments:
Post a Comment