১১১তম কিআড্ডার শুরুতেই নালন্দা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ফারহান তানজিম তীর্থ রুবিকস কিউব মিলিয়ে সবাইকে চমকে দেয়। এরপর আড্ডায় উঠে আসে বাবা দিবসের প্রসঙ্গ। বাবাকে দেওয়া নানা চমক ও মজার অভিজ্ঞতার গল্প ভাগাভাগি করে নেয় অংশগ্রহণকারীরা।

কিছুক্ষণ পর কিশোর আলো সম্পাদক আনিসুল হক আড্ডায় যোগ দিলে শুরু হয় বিশ্বকাপ ফুটবল নিয়ে জমজমাট আলোচনা। এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে হবে—এমন প্রশ্নে বরাবরের মতোই ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে শুরু হয়ে যায় দারুণ যুক্তিতর্ক।

আড্ডার বিশেষ অতিথি ছিল ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের শিশু অভিনেত্রী ত্রিধা পাল মান। ক্যামেরার পেছনের নানা মজার অভিজ্ঞতার গল্প শোনায় সে। বিনোদনের পাশাপাশি ছিল সচেতনতার বার্তাও। ছিলেন তরুণ জলবায়ু অধিকারকর্মী আরুবা ফারুক এবং ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান সোহান।

আড্ডার বিশেষ অতিথি ছিল ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের শিশু অভিনেত্রী ত্রিধা পাল মান

আড্ডার শেষ দিকে আলোচনায় আসে মিরপুর-১৪-এর ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রদর্শিত বিশাল এক জার্সির কথা। ফুটবলপ্রেমীদের তৈরি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আর্জেন্টিনার জার্সি নিয়ে আড্ডাজুড়ে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস।

এরপর কিআ কুইজে সঠিক উত্তর দিয়ে তিনজন জিতে নেয় পুরস্কার। কুইজ শেষে দলবেঁধে হাসিমুখে ছবি তোলার পর্ব তো থাকবেই! হইহুল্লোড়, আড্ডা আর ছবি তোলা শেষে চিপস হাতে বাড়ির পথে রওনা দেয় সবাই।

গ্রুপ বি: কোন দল কতটা শক্তিশালী

Sunday, June 21, 2026
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment