মুখোমুখি কানাডা–বসনিয়া

টরন্টো স্টেডিয়ামে শুরু হয়েছে স্বাগতিক কানাডা এবং বসনিয়া ও হার্জেগোভিনার মধ্যকার ম্যাচ।

বসনিয়ার একাদশে নেই জেকো

কানাডার বিপক্ষে বসনিয়ার একাদেশ জায়গা হয়নি দলটির অভিজ্ঞ ও তারকা ফুটবলার এদিন জেকোর। এ বিশ্বকাপের সবচেয়ে বয়সী ৮ ফুটবলারের জেকো একজন।

কানাডার বিশ্বকাপ বরণ

কানাডার প্রথম অধিবাসী আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

আদিবাসী বংশোদ্ভূত কানাডীয় গায়ক উইলিয়াম প্রিন্স ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্যের সমন্বয়ে একটি মনোমুগ্ধকর পরিবেশনা মঞ্চস্থ করেন।

কানাডার বিশ্বকাপ বরণ অনুষ্ঠানে পারফর্ম করেছেন বলিউড তারকা নোরা ফাতেহি, ফ্রেঞ্চ হিপ হপ গায়ক ভেগেড্রিম ও বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়। আকর্ষণীয় ড্রাম বিটে ভরপুর তাদের পরিবেশনা দ্রুতই দর্শকদের মন কাড়ে।

২০২৬ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করছেন শিল্পীরা

বিশ্বকাপ শুরুর আগেই ঘানার ধাক্কা

ঘানার মিডফিল্ডার থমাস পার্টি কানাডায় প্রবেশের অনুমতি না পাওয়ায় টরন্টোতে পানামার বিপক্ষে দলের প্রথম বিশ্বকাপ ম্যাচে খেলতে পারবেন না।

৩২ বছর বয়সী পার্টির বিরুদ্ধে ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে চারজন ভিন্ন নারীর করা অভিযোগের ভিত্তিতে সাতটি ধর্ষণ এবং একটি যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন।

আগামী বছর এ মামলার বিচার শুরু হওয়ার কথা রয়েছে।

থমাস পার্টি

মার্তিনেজ সুস্থ

আর্জেন্টিনার জন্য স্বস্তির খবর— বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ থেকেই এমিলিয়ানো মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা। আজ তাঁর মেডিকেল ‘টেস্ট’ হয়েছিল। আর্জেন্টাইন সাংবাদিক টিওআইসি স্পোর্টস জানিয়েছে, তিনি পুরোপুরি সুস্থ এখন। হাতের ব্যান্ডেজ খুলে গ্লাভস পরেই আজ অনুশীলনও করেছেন।

এমিলিয়ানো মার্তিনেজ

ছিটকে গেলেন ডেভিস

আজ রাত ১টায় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে স্বাগতিক কানাডা। এই ম্যাচ থেকে চোটের কারণে ছিটকে গেছেন দলটির অধিনায়ক আলফোনসো ডেভিস।

দক্ষিণ কোরিয়ার জয়

দক্ষিণ কোরিয়া ২:১ চেক প্রজাতন্ত্র

শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়াই জিতল। ৫৯ মিনিটে ১–০ গোলে পিছিয়ে গিয়েছিল তারা। তবে ৬৭তম মিনিটে হোয়াং ইন–বম ও ৮০তম মিনিটে ওহ হিউয়ান–গিউের গোলে ২–১ চেক প্রজাতন্ত্রকে হারিয়েছে দক্ষিণ কোরিয়া।

ম্যাচ রিপোর্ট পড়ুন এখানে।

জয় দিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার

এবার এগিয়েও গেল দক্ষিণ কোরিয়া

প্রথমে গোল হজম করা দক্ষিণ কোরিয়া টানা দ্বিতীয় গোল করে ম্যাচে এগিয়ে গেছে। ৮০তম মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন ওহ হিউয়ান–গিউ।

দক্ষিণ কোরিয়া ২:১ চেক প্রজাতন্ত্র

সমতায় দক্ষিণ কোরিয়া

পিছিয়ে যাওয়ার আট মিনিট পরই চেক প্রজাতন্ত্রের সঙ্গে সমতা এনেছে দক্ষিণ কোরিয়া। ৬৭তম মিনিটে গোল করেছেন ফেনুর্ডে খেলা মিডফিল্ডার হোয়াং ইন–বম।

দক্ষিণ কোরিয়া ১:১ চেক প্রজাতন্ত্র

চেক প্রজাতন্ত্রই এগিয়ে গেল

‘এ’ গ্রুপের দক্ষিণ কোরিয়া–চেক প্রজাতন্ত্রের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ৫৯তম মিনিটে চেক প্রজাতন্ত্রকে গোল এনে দিয়েছেন অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। ম্যাচের শুরু থেকে সুযোগ বেশি তৈরি করেছে কোরিয়া, কিন্তু গোলমুখে প্রথম শটে (মূলত হেডে) গোল পেয়েছে ইউরোপীয় দেশটি।

দক্ষিণ কোরিয়া ০:১ চেক প্রজাতন্ত্র

চোটে বিশ্বকাপ শেষ জাপান অধিনায়কের

জাপানের অধিনায়ক ওয়াতারু এন্দো চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। এরপর গতকাল আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় জানান তিনি।

তাঁর জায়গায় বরুসিয়া মনশেনগ্লাডবাখের শুতো মাচিনোকে দলে অর্ন্তভুক্ত করেছে জাপান।

বিস্তারিত পড়ুন: চোটে বিশ্বকাপ শেষ, তুলে রাখলেন জাতীয় দলের জার্সিও

ওয়াতারু এন্দো

আর্জেন্টিনার বিশ্বকাপ দলে মার্কোস সেনেসি

মার্কোস সেনেসি

চোটে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া লিওনার্দো বালের্দির জায়গায় আর্জেন্টিনার বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন মার্কোস সেনেসি। টটেনহাম ডিফেন্ডার কানসাস সিটিতে আর্জেন্টিনার বেসক্যাম্পে যোগ দেবেন।

জয়ে শুরু মেক্সিকোর

মেক্সিকোর দ্বিতীয় গোলটি রাউল হিমিনেজের

মেক্সিকো ২–০ দক্ষিণ আফ্রিকা

এই প্রথম উদ্বোধনী ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করল মেক্সিকো। মেক্সিকো সিটিতে আজ ৩ লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২–০ গোলে হারিয়েছে মেক্সিকো। ৯ মিনিটে হুলিয়ান কিনিয়োনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমিনেজ।

৪৯ ও ৮৪ মিনিটে দুই লাল কার্ড দেখে ৯ জনের দল হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পরে যোগ করা সময়ে লাল কার্ড দেখেন মেক্সিকোর সেজার মন্তেস।

লাল কার্ড দেখল মেক্সিকোও

৩ লাল কার্ড দেখে ফেলল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। দক্ষিণ আফ্রিকা ৮৪ মিনিটে ৯ জনের দল হয়ে যাওয়ার পর যোগ করা সময়ের ২ মিনিটে লাল কার্ড দেখেছেন মেক্সিকোর সেজার মন্তেস।

দক্ষিণ আফ্রিকা এখন ৯ জনের

৮৪ মিনিটে আরেকটি লাল কার্ড দেখল দক্ষিণ আফ্রিকা। এবার আক্রমণ করতে গিয়ে মেক্সিকোর খেলোয়াড়কে ফেলে দিয়ে লাল কার্ড দেখেছেন মিডফিল্ডার থেম্বা জেওয়ানে। এর আগে লাল কার্ড দেখেন স্ফেফেলো সিথোলে।

মোরার ইতিহাস, হিমিনেজের গোলে ২–০ গোলে এগিয়ে মেক্সিকো

৬৬ মিনিটে মাঠে নামলেন বিশ্বকাপ ইতিহাসে মেক্সিকোর সর্বকনিষ্ঠ খেলোয়াড় গিলবার্তো মোরা, পরের মিনিটেই মেক্সিকোকে ২–০ গোলে এগিয়ে দিলেন রাউল হিমিনেজ।

সিথোলের লাল কার্ডে দক্ষিণ আফ্রিকা ১০ জনের

২০২৬ বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে। ৫০ মিনিটে পেনাল্টি বক্সের মাথায় মেক্সিকোর এক খেলোয়াড়কে আটকাতে গিয়ে ফাউল করার শাস্তি পেলেন সিথোলে। ফ্রি কিক পায় মেক্সিকো।

মেক্সিকো ১–০ দক্ষিণ আফ্রিকা, খেলায় বিরতি

প্রথমার্ধ শেষে ১–০ গোলে এগিয়ে স্বাগতিক মেক্সিকো।

৯ মিনিটে গোলটি করেন মেক্সিকো ফরোয়ার্ড হুলিয়ান কিনিয়োনেস।

প্রথমার্ধের শেষ দিকে গোল করার তিনটি সুযোগ নষ্ট করে মেক্সিকো।

প্রথম গোল মেক্সিকোর কিনিয়োনেসের

২০২৬ বিশ্বকাপে প্রথম গোলটি করছেন মেক্সিকোর হুলিয়ান কিনিয়োনেস

২০২৬ বিশ্বকাপের প্রথম গোলটি এল মেক্সিকোর হুলিয়ান কিনিয়োনেসের পা থেকে। ৯ মিনিটে গোলটি করেছেন এই ফরোয়ার্ড।

শুরু হয়ে গেল ২০২৬ বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর বিশ্বকাপের উদ্বোধনী বাঁশি বাজিয়েছেন রেফারি। মেক্সিকো সবুজ জার্সি ও দক্ষিণ আফ্রিকা হলুদ জার্সি পরে খেলছে।

তিন বছরের জন্য রিয়ালের কোচ মরিনিও

জোসে মরিনিও রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিচ্ছেন সেটি একরকম নিশ্চিতই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। সেই পর্বও আজ সারা হয়ে গেছে। বিশ্বকাপের ডামাডোলের মধ্যেই আজ তিন বছরের জন্য পর্তুগিজ কোচের সঙ্গে চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ।

ওচোয়া নেই মেক্সিকোর একাদশে

অনুশীলনে গিয়ের্মো ওচোয়া

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে আসা গিয়ের্মো ওচোয়া অনুমিতভাবেই নেই মেক্সিকোর একাদশে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের গোলবার সামলাবেন রাউল রানহেল। মেক্সিকান ক্লাব গুয়াদালাহারায় খেলেন ২৬ বছর বয়সী রানহেল। জাতীয় দলের জার্সিতে এটি তাঁর ১৫তম ম্যাচ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ম্যাচের জন্য অপেক্ষা

উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইছেন বার্না বয় ও শাকিরা

উদ্বোধনী অনুষ্ঠান শেষ। এবার ম্যাচ শুরুর অপেক্ষা। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা দল এরইমধ্যে গা গরম করতে মাঠে ঢুকে গেছে। দক্ষিণ আফ্রিকা দল গান গাইতে গাইতেই ঢুকেছে মাঠে।

আজতেকায় চলছে উদ্বোধনী অনুষ্ঠান

আজতেকা স্টেডিয়ামে চলছে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

বাংলাদেশ সময় রাত ১টা মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। তার আগে ম্যাচের ভেন্যু মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে চলছে উদ্বোধনী অনুষ্ঠান। মূলত বিখ্যাত সব সংগীত তারকাদের গান দিয়েই সাজানো হয়েছে অনুষ্ঠান।

এবারের বিশ্বকাপে অনেক কিছুই নতুন...

জেনে নিন খেলোয়াড়দের নাম

২০২৬ বিশ্বকাপে খেলছে ৪৮ দল। প্রতি দল স্কোয়াডে ২৬ জন খেলোয়াড় রাখার সুযোগ আছে। দেখুন কোন দলের স্কোয়াডে কারা আছেন।

বিশ্বকাপের ৪৮ দল: জেনে নিন সব খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কখন, কী কী থাকছে

‘প্রাসাদের নগরী’ মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিকেরা। এ ম্যাচের ৯০ মিনিট আগে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান, বাংলাদেশ সময় রাত ১১টায়।

বিস্তারিত পড়ুন নিচের লেখায়:

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কখন, কী কী থাকছে

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন শাকিরা।

প্রথম আলোর বিশেষ আয়োজন

বিশ্বকাপ উপলক্ষ্যে এরই মধ্যে প্রথম আলো প্রকাশ করেছে ১১২ পৃষ্ঠার ম্যাগাজিন বিশ্বকাপের বাঁশি, যা পাওয়া যাচ্ছে বাজারে। যা পড়লে জানতে পারবেন ৪৮ দলের শক্তি-দুর্বলতা-সম্ভাবনা। সঙ্গে থাকছে ঝলমলে ফিকশ্চারও।

এ ছাড়া বিশ্বকাপ নিয়ে আজ প্রকাশিত হয়েছে ৪ পৃষ্ঠার মলাট ও ৮ পৃষ্ঠার প্রথম আলোর বিশেষ সংখ্যা। বিশেষ সংখ্যার লেখাগুলো পড়তে পারেন প্রথম আলো অনলাইনে।

ফুটবলের মহাযজ্ঞে আপনাকে স্বাগত!

আজ ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় পর্দা উঠছে বিশ্বকাপের। আগামী ১৯ জুলাই ফাইনাল পর্যন্ত স্থবির হয়ে থাকবে পুরো বিশ্ব। ৪৮ দলের এই বিশ্বযুদ্ধের প্রতিটি মুহূর্তের রোমাঞ্চ আপনাদের কাছে পৌঁছে দিতে শুরু হলো প্রথম আলোর লাইভ ব্লগ।

মাঠের লড়াই, ম্যাচের ফলাফল ও পয়েন্ট তালিকার সর্বশেষ অবস্থা জানতে চোখ রাখুন এখানে। প্রতি মুহূর্তের রিয়েল-টাইম আপডেট, গোল, ম্যাচের বিশ্লেষণ ছাড়াও থাকছে নজরকাড়া সব ছবি ও ভিডিওর লিংক। উত্তর আমেরিকার সঙ্গে সময়ের ব্যবধান ভুলে মাঠের উত্তেজনা সরাসরি অনুভব করতে যুক্ত থাকুন আমাদের সঙ্গে।

ফুটবলের এই মহোৎসবে আপনাকে স্বাগতম!

Saturday, June 13, 2026
কানাডার উদ্বোধন মাতালেন নোরা ফাতেহি ও বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment