কারও চোখে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় অঘটন। কেউ বলছেন, এই হার অত্যন্ত লজ্জার। কেউ আবার একটু ভদ্রস্থ ভাষায় বলেছেন, এ হার অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য বিব্রতকর। দু-একজন আবার সরাসরি প্রশ্ন তুলেছেন, অস্ট্রেলিয়া কি টেস্ট খেলতে ভুলে গেল?

কোন হার নিয়ে অস্ট্রেলিয়ার সাবেক থেকে সাধারণ মানুষ এসব কথা বলছেন, তা না বললেও চলে। ডারউইনে গতকাল টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। সন্দেহ নেই, এই ফলটা অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য বড় ধাক্কার। সেটা হজম করতে না পেরে অনেকে অস্ট্রেলিয়ান ক্রিকেটের তীব্র সমালোচনা করতে গিয়ে অজান্তেই বাংলাদেশ দলের অর্জনটাকে কি ছোট করছেন?

উসমান খাজা, অস্ট্রেলিয়ার সাবেক ওপেনারআমি জানি, আমরা বিশ্বের এক নম্বর দল এবং আমাদের জেতারই কথা ছিল। কিন্তু “লজ্জাজনক” বা “অপমানজনক” শব্দগুলো ব্যবহার করা মানে বাংলাদেশকে অসম্মান করা। শুরু থেকে শেষ পর্যন্ত তারা অস্ট্রেলিয়াকে পাত্তা দেয়নি। তাদের পিঠ চাপড়ে শাবাশ বলা উচিত এবং পরের ম্যাচে মনোযোগ দেওয়া উচিত।

অস্ট্রেলিয়া দলের সাবেক ব্যাটসম্যান উসমান খাজা তেমনই মনে করেন। নিজের ফেসবুক পেজে এ নিয়ে আজ একটি ভিডিও প্রকাশ করেন ৩৯ বছর বয়সী খাজা। সেখানে বলেছেন, ‘আমি কিছু শিরোনাম ও মানুষের নানা কথা দেখেছি। এর মধ্যে একটা কথা আমাকে বেশ বিরক্ত করেছে—অনেকেই বলছেন অস্ট্রেলিয়ার এই হার লজ্জাজনক বা অপমানের। এটা টেস্ট ক্রিকেট। এখানে তো দুই দলেরই জয়ের সুযোগ থাকে, তাই নয় কি? খেলার মূল কথাই তো এটি।’

ডারউইন টেস্টে হারের পর অস্ট্রেলিয়া দল

খাজা এরপর স্পষ্ট করে বলেন, ‘আমি জানি, আমরা বিশ্বের এক নম্বর দল এবং আমাদের জেতারই কথা ছিল। কিন্তু “লজ্জাজনক” বা “অপমানজনক” শব্দগুলো ব্যবহার করা মানে বাংলাদেশকে অসম্মান করা। শুরু থেকে শেষ পর্যন্ত তারা অস্ট্রেলিয়াকে পাত্তা দেয়নি। তাদের পিঠ চাপড়ে শাবাশ বলা উচিত এবং পরের ম্যাচে মনোযোগ দেওয়া উচিত।’

সবচেয়ে বেশি রান, উইকেট, সেঞ্চুরি—ক্রিকেটের বাঁহাতিদের আপনি কতটা জানেন

অস্ট্রেলিয়ার হয়ে ৮৮ টেস্ট ও ৪০ ওয়ানডে খেলা খাজা চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন। এখনো অবশ্য ঘরোয়া ক্রিকেট খেলছেন। বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে খাজা বলেন, ‘মানুষ কেন এভাবে তাদের অসম্মান করছে, আমি সত্যিই বুঝতে পারছি না। আমি তাদের শুধু বলতে চাই অভিনন্দন। সেরা দল জিতেছে।’

ডারউইন টেস্ট শেষে দৃশ্য

খাজা এরপর অস্ট্রেলিয়া দল নিয়ে বলেন, ‘আমার এখনো মনে হয়, নিজেদের ছন্দে খেলতে পারলে সামগ্রিকভাবে অস্ট্রেলিয়াই শ্রেয়তর দল। আশা করি, পরের টেস্ট ম্যাচেই আমরা সেটি দেখতে পাব, যদিও কে জানে কী হবে!’

ক্রিকেট–বিশ্বের অভিনন্দন পাচ্ছে বাংলাদেশ

ভিডিওর শেষ অংশে সমালোচকদের সমালোচনা করে খাজা বলেন, ‘সবশেষে এই অস্ট্রেলিয়া দল নিয়ে বলি। এখন কী হবে? তারা কী ধরনের পরিবর্তন আনবে? আপনারা কত দ্রুতই না মত বদলে ফেলেন। এক বছর আগেও ব্যাটিং লাইনআপ, ওপেনারসহ সবকিছু নিয়ে কত প্রশংসাই–না করেছেন। এসব দেখে আমার কেবলই হাসি পায়।’

ম্যাকাইয়ে আগামী শনিবার শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। দুই ম্যাচের এ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

ডারউইনে স্মিথের সঙ্গে কথার লড়াই লিটনের, স্টাম্প মাইকে যা শোনা গিয়েছিল

No comments:
Post a Comment