ইউরোপের চারটি প্রধান ফুটবল লিগ—ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ, স্পেনের লা লিগা, ইতালির সিরি ‘আ’ ও জার্মানির বুন্দেসলিগা শুক্রবার ফিফার সংস্কারের দাবি জানিয়েছে। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বেশ কিছুদিন ধরেই সংকটের ভেতর দিয়ে যাচ্ছে।

ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা প্রকাশের পর এই সংকটের শুরু। প্রতিষ্ঠানটিতে বেসরকারি বিনিয়োগকারীদের অংশগ্রহণের সুযোগ রাখার পরিকল্পনা করা হয়েছিল। পরে অবশ্য সেই পরিকল্পনা স্থগিত করা হয়।

এএফপিকে পাঠানো এক যৌথ বিবৃতিতে চার লিগ বলেছে, ‘ফিফার সাংবিধানিক কাঠামোর সীমানা স্পষ্ট করতে মৌলিক সংস্কার জরুরি। এর মাধ্যমে এমন আস্থা ফিরিয়ে আনতে হবে যে ব্যক্তিবিশেষের শাস্তিমূলক বিষয়গুলো রাজনৈতিক হস্তক্ষেপ থেকে স্পষ্টভাবে মুক্ত থাকবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা ইউরোপিয়ান লিগস ও ওয়ার্ল্ড লিগস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে একসঙ্গে কথা বলছি। কারণ, ফিফার অবিরাম সম্প্রসারণবাদ কীভাবে সবাইকে প্রভাবিত করছে, তা আমরা বুঝতে পারছি।’

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এফএফই পরিকল্পনার কারণে সমালোচনার মুখে পড়ার কয়েক দিন পরই এই বিবৃতি এল। পুরুষ ও নারী বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা ছিল এফএফইর। এর পরিপ্রেক্ষিতে ফিফার শাসনব্যবস্থা সংস্কারের লক্ষ্যে সদস্যদেশগুলোর ফুটবল ফেডারেশনগুলোর সঙ্গে ‘পরামর্শ’ করার প্রস্তাব দিয়েছেন ইনফান্তিনো।

ইউরোপের চার প্রধান লিগ বিবৃতিতে জানিয়েছে, ‘ফিফা সভাপতি এখন সংস্কারের প্রয়োজনীয়তা স্বীকার করেছেন। কিন্তু এফএফইর ঘটনার পর শুধু প্রক্রিয়াগত বা ওপরে ওপরে কিছু পরিবর্তন খতিয়ে দেখাই যথেষ্ট নয়।’

বিবৃতিতে তারা এফএফই প্রকল্পকে ‘ফিফার ইতিহাসে ক্ষমতার সবচেয়ে বড় অপব্যবহারগুলোর একটি’ বলেও উল্লেখ করেছে। তবে চার লিগের বক্তব্যে পুরো দায় ইনফান্তিনোর ওপর চাপানো হয়নি। তারা বলেছে, ‘ফিফার শাসনব্যবস্থার সমস্যা একজন ব্যক্তির ভূমিকার চেয়েও অনেক বড়।’

ফিফার টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসছে উয়েফা

তারা পুরুষ ও নারী দুই ধরনের ফুটবলের জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন, লিগ, ক্লাব ও খেলোয়াড়দের প্রতিনিধিত্বকারী একটি স্থায়ী সংস্থা গঠনের প্রস্তাব দিয়েছে। চার লিগ বলেছে, নতুন এই সংস্থাকে নতুন যেকোনো উদ্যোগ সম্পর্কে পুরোপুরি অবহিত করতে হবে এবং ফিফার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদের অর্থবহ ভূমিকা থাকতে হবে।

পরবর্তী মেয়াদে ফিফা সভাপতি পদে যাঁরা প্রার্থী হবেন, তাঁদের প্রতি দায়িত্ব নেওয়ার প্রথম ১০০ দিনের মধ্যেই তাঁদের নীতিগুলোকে সমর্থন করার আহ্বান জানিয়েছে চার শীর্ষ লিগ। এখন পর্যন্ত ২০২৭ সালের ১৮ মার্চ অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনে একমাত্র প্রার্থী ইনফান্তিনো। প্রার্থিতা জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর।

আগস্টে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা, উত্তর আমেরিকার কনক্যাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ইনফান্তিনোর এফএফই পরিকল্পনার বিরুদ্ধে কঠোর ভাষায় একটি যৌথ চিঠি দিয়েছিল। সেখানে তারা লিখেছিল, ‘ফুটবলের নেতৃত্ব কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। নেতৃত্ব মানে ক্ষমতা নিজের হাতে ধরে রাখা বা ক্ষমতা ধরে রাখার দাবি করা নয়।’

তবে ইনফান্তিনোর সমর্থকের সংখ্যাও কম নয়। ২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব গত মাসে তাঁর প্রতি সমর্থন জানিয়েছে। আফ্রিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সিএএফ ও দক্ষিণ আমেরিকার কনমেবলও ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে।

ফিফা সংস্কারের জন্য আলোচনায় আগ্রহী ইনফান্তিনো

No comments:
Post a Comment