দুই দশকের বেশি সময় ধরে বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন, প্রেম, বন্ধুত্ব, বিয়ে, বিচ্ছেদ থেকে শুরু করে নানা বিতর্কিত মন্তব্য—সবকিছুরই সাক্ষী হয়েছে যে সোফা, এবার সেখানে শেষবারের মতো বসবেন করণ জোহর। ২২ বছর পর জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ’ বন্ধ করার ঘোষণা দিয়েছেন তিনি। অনুষ্ঠানটির নবম মৌসুমই হবে শেষ মৌসুম। ১৪ অক্টোবর থেকে জিওহটস্টারে শুরু হয়েছে এই শেষ অধ্যায়।

২০০৪ সালে যাত্রা শুরু করা অনুষ্ঠানটি এখন পর্যন্ত আটটি মৌসুমে মোট ১৬১টি পর্ব প্রচার করেছে। দীর্ঘ এ সময়ে ভারতীয় বিনোদনজগতের তারকারা বসেছেন করণের সেই বিখ্যাত ‘কফি কাউচে’। তাঁদের কেউ বলেছেন প্রেমের কথা, কেউ জানিয়েছেন সম্পর্ক ভাঙার গল্প, কেউ প্রকাশ করেছেন বন্ধুত্বের অন্দরমহলের খবর। আবার কখনো অতিথির একটি মন্তব্যই পরদিন হয়ে উঠেছে বড় সংবাদ। জেনে নেওয়া যাক, অনুষ্ঠানটি এমন ১০ বিতর্কের কথা।

রণবীরকে নিয়ে দীপিকা-সোনমের খোঁচা
অনুষ্ঠানটির সবচেয়ে স্মরণীয় বিতর্কগুলোর একটি ২০১০ সালের তৃতীয় মৌসুমে। অতিথি হয়ে এসেছিলেন দীপিকা পাড়ুকোন ও সোনম কাপুর। দুজনের কথার কেন্দ্রে চলে আসেন দীপিকার সাবেক প্রেমিক রণবীর কাপুর। সোনম মন্তব্য করেছিলেন, রণবীরের একজন স্টাইলিস্ট প্রয়োজন। প্রেমিক হিসেবে তিনি ভালো নন, বন্ধুবান্ধব হিসেবে ভালো—এমন ইঙ্গিতও দিয়েছিলেন সোনম। দীপিকার অতীত সম্পর্কের প্রসঙ্গ টেনে কথাবার্তা আরও জমিয়ে তোলেন তাঁরা।

রণবীরের ব্যক্তিগত জীবন নিয়ে এভাবে প্রকাশ্যে আলোচনা করায় তাঁর পরিবারের সদস্যরাও নাখোশ হয়েছিলেন বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। পরে করণ জোহরও স্বীকার করেছিলেন, ওই পর্বে রণবীরকে নিয়ে কিছু মন্তব্য সীমা ছাড়িয়ে গিয়েছিল। ঘটনাটি দেখিয়ে দিয়েছিল, তারকাদের নিয়ে বন্ধুত্বপূর্ণ আড্ডাও কীভাবে ব্যক্তিগত আক্রমণের রূপ নিতে পারে।

‘কনডমের বিজ্ঞাপন করুক রণবীর’, দীপিকার মন্তব্যে তোলপাড়
একই মৌসুমের আরেকটি ঘটনায় রণবীরকে নিয়ে দীপিকার মন্তব্য সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছিল। দ্রুত প্রশ্নোত্তরপর্বে করণ জানতে চেয়েছিলেন, রণবীর কোন পণ্যের বিজ্ঞাপন করলে ভালো হবে। দীপিকার উত্তর ছিল, কনডমের বিজ্ঞাপন।
রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর করা এই মন্তব্যকে অনেকে সাবেক প্রেমিককে খোঁচা দেওয়ার চেষ্টা হিসেবে দেখেছিলেন। রণবীরের বাবা-মা ঋষি কাপুর ও নীতু কাপুরও মন্তব্যটি নিয়ে অসন্তুষ্ট হয়েছিলেন বলে খবর প্রকাশিত হয়েছিল। পরে দীপিকা ব্যাখ্যা করেন, কথাটি তিনি মজা করেই বলেছিলেন। কিন্তু টেলিভিশনের সেই কয়েক সেকেন্ডের রসিকতা বছরের পর বছর ধরে বলিউডের আলোচিত ঘটনা হয়ে আছে।

করণের মুখের ওপর ‘স্বজনপ্রীতির পতাকাবাহক’ বলেছিলেন কঙ্গনা
২০১৭ সালে ‘রেঙ্গুন’ সিনেমার প্রচারে করণের অনুষ্ঠানে এসেছিলেন কঙ্গনা রনৌত ও সাইফ আলী খান। সেই পর্বে কঙ্গনা সরাসরি করণকে বলেছিলেন, তিনি বলিউডে স্বজনপ্রীতির পতাকাবাহক। তাঁর অভিযোগ ছিল, করণ তারকা সন্তানদের সুযোগ দেন, অথচ বহিরাগতদের প্রতি তাঁর আচরণে অভিজাতসুলভ ঔদ্ধত্য দেখা যায়।

তারকাদের ব্যক্তিগত জীবন, প্রেম, বন্ধুত্ব, বিয়ে, বিচ্ছেদ থেকে শুরু করে নানা বিতর্কিত মন্তব্য—সবকিছুরই সাক্ষী হয়েছে যে সোফা, সেখানে শেষবারের মতো বসবেন করণ জোহর। এক্স থেকে

করণ প্রথমে অপ্রস্তুত হয়ে পড়লেও পরে কঙ্গনার বক্তব্যের সমালোচনা করেন। এরপর স্বজনপ্রীতি নিয়ে দুজনের বিরোধ আরও প্রকাশ্য হয়। একই বছর আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমি পুরস্কারের মঞ্চে করণ, সাইফ ও বরুণ ধাওয়ান স্বজনপ্রীতি নিয়ে ঠাট্টা করায় নতুন করে সমালোচনা শুরু হয়। করণ পরে দুঃখ প্রকাশও করেন।
এ ঘটনাকে শুধু একটি টেলিভিশন বিতর্ক বললে কম বলা হয়। বলিউডে কারা সুযোগ পান, তারকা সন্তানদের সুবিধা কতটা, আর বহিরাগতদের সংগ্রাম কেমন—এসব প্রশ্নকে মূলধারার আলোচনায় আনতে কঙ্গনার বক্তব্য বড় ভূমিকা রেখেছিল।

হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের মন্তব্যে ক্রিকেটেও ঝড়
‘কফি উইথ করণ’-এর সবচেয়ে গুরুতর বিতর্ক সম্ভবত ২০১৯ সালের এই ঘটনা। ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল অতিথি হয়ে এসে নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করেন। বিশেষ করে নারীদের সঙ্গে সম্পর্ক ও নাইট ক্লাবে তাঁদের আচরণ নিয়ে হার্দিকের বক্তব্যে তীব্র সমালোচনা হয়। তাঁর একটি মন্তব্যকে বর্ণবাদী বলেও সমালোচনা করা হয়েছিল।

প্রতিক্রিয়া শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে সীমাবদ্ধ থাকেনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসক কমিটি দুজনকে সাময়িকভাবে বরখাস্ত করে দেশে ফিরিয়ে আনে। অনুষ্ঠানটির ওই পর্ব ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়। পরে বোর্ড দুজনকে জরিমানাও করে।

ভারতের রাষ্ট্রপতির নাম বলতে পারেননি আলিয়া, তৈরি হলো অসংখ্য মিম
২০১৩ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার সহশিল্পী বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অনুষ্ঠানে এসেছিলেন আলিয়া ভাট। দ্রুত প্রশ্নোত্তরপর্বে তাঁকে ভারতের তৎকালীন রাষ্ট্রপতির নাম জিজ্ঞেস করা হয়। আলিয়া উত্তর দেন, পৃথ্বীরাজ চৌহান। অথচ তখন রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি।

ভুল উত্তরটি দ্রুত ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে আলিয়ার সাধারণ জ্ঞান নিয়ে অসংখ্য মিম তৈরি হয়। দীর্ঘদিন তাঁকে নিয়ে চলেছে বুদ্ধিমত্তা নিয়ে ঠাট্টা। তবে আলিয়া বিষয়টি এড়িয়ে না গিয়ে পরে নিজের ভুল নিয়ে নিজেই হাস্যরস করেন। ‘জিনিয়াস অব দ্য ইয়ার’ নামের একটি ব্যঙ্গাত্মক ভিডিওতেও অংশ নেন।

ঐশ্বরিয়াকে ‘প্লাস্টিক’ বলেছিলেন ইমরান হাশমি
২০১৪ সালে ‘কফি উইথ করণ’-এর দ্রুত প্রশ্নোত্তরপর্বে ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম শুনে ইমরান হাশমি এক শব্দে উত্তর দিয়েছিলেন—‘প্লাস্টিক’। সৌন্দর্য ও বাহ্যিক রূপ নিয়ে এমন মন্তব্যকে অনেকে অপমানজনক বলে মনে করেছিলেন।

বছর কয়েক পর ঐশ্বরিয়া জানান, তাঁর সম্পর্কে বলা সবচেয়ে খারাপ কথাগুলোর একটি ছিল তাঁকে ‘ফেক’ ও ‘প্লাস্টিক’ বলা। ইমরানও পরে মন্তব্যটির জন্য অনুশোচনা প্রকাশ করেন এবং বলেন, মুহূর্তের উত্তেজনায় কথাটি বলে ফেলেছিলেন।

‘কফি উইথ করণ’–এ আমির খান ও করণ জোহর। এক্স থেকে

কারিনার প্রশ্ন, প্রিয়াঙ্কার পাল্টা জবাব—অ্যাকসেন্ট নিয়ে লড়াই
বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়ার মধ্যে একসময় প্রতিদ্বন্দ্বিতার গুঞ্জন ছিল। তৃতীয় মৌসুমে সাইফ আলী খানের সঙ্গে অনুষ্ঠানে এসে কারিনা প্রিয়াঙ্কার উচ্চারণ নিয়ে খোঁচা দেন। জানতে চান, প্রিয়াঙ্কা ওই ধরনের অ্যাকসেন্ট কোথা থেকে পেয়েছেন।

পরে প্রিয়াঙ্কা যখন শহীদ কাপুরের সঙ্গে অনুষ্ঠানে আসেন, তখন পাল্টা জবাব দেন। তিনি বলেন, কারিনার তৎকালীন প্রেমিক সাইফ আলী খান যেখান থেকে তাঁর উচ্চারণ পেয়েছেন, তিনিও সেখান থেকেই পেয়েছেন।

আনুশকাকে নিয়ে রণবীর সিংয়ের মন্তব্য, অস্বস্তিতে দর্শক
‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমার সাফল্যের পর রণবীর সিং ও আনুশকা শর্মা একসঙ্গে ‘কফি উইথ করণ’-এ এসেছিলেন। সেই পর্বে আনুশকাকে উদ্দেশ করে রণবীর এমন একটি যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন, যা দর্শকের একাংশের কাছে আপত্তিকর মনে হয়েছিল। আনুশকাও তাঁকে থামিয়ে দিয়ে বলেন, তাঁর সঙ্গে এভাবে কথা না বলতে।
ঘটনাটি প্রথম প্রচারের সময় যতটা আলোচিত হয়েছিল, পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ক্লিপ ছড়িয়ে পড়ায় নতুন করে সমালোচনা শুরু হয়। বিশেষ করে হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের বিতর্কের সময় ক্লিপটি আবার সামনে আসে।

‘কফি উইথ করণ’–এর শেষ মৌসূমের প্রথম পর্বের অতিথি ছিলেন সালমান খান। এক্স থেকে

‘আমি এখনো ভার্জিন’
২০১৩ সালে চতুর্থ মৌসুমের প্রথম পর্বে প্রথমবারের মতো করণের সোফায় বসেছিলেন সালমান খান। তাঁর বিয়ে না করা নিয়ে বহুদিনের কৌতূহল ছিল দর্শকের। করণের প্রশ্নের জবাবে সালমান বলেছিলেন, তিনি এখনো ভার্জিন।

সালমানের বক্তব্য তখন সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভক্তদের মধ্যে শুরু হয় নানা জল্পনা, সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয় মিম। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা না বলা সালমানের এমন মন্তব্য তাই বিশেষভাবে নজর কেড়েছিল।

শাহরুখ–কাজলকে দিয়ে শুরু, ২২ বছর পর শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’

তুষার কাপুরের ‘বোটক্স’ উত্তর, প্রীতি জিনতার অস্বস্তি
তৃতীয় মৌসুমে ‘বোটক্স’ শব্দ শুনে অভিনেতা তুষার কাপুরের মনে পড়েছিল প্রীতি জিনতার নাম। উত্তরটি নিয়ে প্রশ্ন ওঠে, কারণ এটি প্রীতির চেহারা ও সম্ভাব্য প্রসাধনী চিকিৎসা নিয়ে ব্যক্তিগত ইঙ্গিত হিসেবে দেখা হয়েছিল।

তুষার পরে দুঃখ প্রকাশ করেন। তাঁর যুক্তি ছিল, দ্রুত উত্তর দেওয়ার খেলায় বেশি ভাবার সময় থাকে না।

নতুন মৌসুমে অতিথি কারা
২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর করণ জোহর ঘোষণা করেন, নবম মৌসুমের পর আর ফিরবে না ‘কফি উইথ করণ’। ১৪ অক্টোবর শুরু হয়েছে এই বিদায়ী মৌসুম। প্রথম অতিথি সালমান খান। এ ছাড়া এবারের মৌসুমে দেখা যেতে পারে শাহরুখ খান, কারিনা কাপুর, সাইফ আলী খান, কিয়ারা আদভানি, সিদ্ধার্থ মালহোত্রা, রাশমিকা মান্দানা, বিজয় দেবরাকোন্ডাসহ হিন্দি ও দক্ষিণি সিনেমার তারকাদের।

হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে ও টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে

No comments:
Post a Comment