লিভারপুল ০–৩ ম্যানচেস্টার সিটি

চিট বা প্রতারক লেখা বিশাল বিশাল ব্যানার নিয়ে ‘স্বাগত’ জানিয়েছিল লিভারপুলের সমর্থকেরা। আর্থিক অনিয়মে দোষী সাব্যস্ত হওয়ার পর প্রথম ম্যাচটা ম্যানচেস্টার সিটি খেলতে নেমেছিল পর্বতপ্রমাণ চাপ সঙ্গী করেই। কিন্তু আজ অ্যানফিল্ডে উল্টো চাপে চিরে চ্যাপ্টা হলো স্বাগতিক লিভারপুল। তাদের যে ঘরের মাঠেই ৩-০ গোলে হারিয়েছে সিটি। আর এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ছয় ম্যাচ খেলে ছয়টিতেই জিতে পয়েন্ট তালিকার শীর্ষেই রইল এনজো মারেসকার দল।

৬২ মিনিটে রায়ার্ন গ্র্যাভেনবার্চ দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে যাওয়ায় ১০ জনের দল হয়ে যায় লিভারপুল। এর ৩ মিনিট পরেই সিটিকে প্রথম গোল এনে দেন আর্লিং হলান্ড। ৬৮ মিনিটে জেরেমি ডোকু ও ৭৮ মিনিটে রায়ান শেরকি আরও দুটি গোল করে দুর্দান্ত এক জয় এনে দেন সিটিকে।

এই জয়ে আর্সেনালের চেয়ে ব্যবধানটা ৩ পয়েন্টই রাখল সিটি। তবে আর্থিক অনিয়মের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্লাবটির আপিলের ফলাফলের ওপরই নির্ভর করছে তাদের শিরোপা লড়াইয়ের ভবিষ্যৎ।

একটি স্বাধীন কমিশন তদন্তে দেখেছে, ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে সিটি ও তাদের আমিরাতি মালিকপক্ষ ভুয়া চুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে আয় বাড়িয়ে দেখায় এবং খরচ কমিয়ে দেখায়—যার আর্থিক মূল্য ১২০ কোটি ডলারেরও বেশি।

লিভারপুলের সমর্থকেরা এমন অনেক ব্যানার নিয়ে গিয়েছিলেন

এখনো কোনো চূড়ান্ত শাস্তি ঘোষণা করা হয়নি। তবে সিটি যদি আপিলে এই সিদ্ধান্ত উল্টে দিতে না পারে, তবে বড় অঙ্কের পয়েন্ট কাটা অথবা প্রিমিয়ার লিগ থেকে বহিষ্কারের মতো কঠোর শাস্তিও আসতে পারে।

এমনকি সিটির জেতা অতীত শিরোপা কেড়ে নেওয়া হতে পারে বলেও গুঞ্জন রয়েছে। প্রিমিয়ার লিগের আইন লঙ্ঘনের এই সময়টিতেই সিটি তিনটি প্রিমিয়ার লিগসহ বেশ কয়েকটি ট্রফি জেতে।

রোনালদোকে নভেম্বরেই দলে ফেরাতে চান পর্তুগাল ফুটবল ফেডারেশন সভাপতি

সিটির প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোর মতে, তৎকালীন অবৈধ খরচের ওপর ভর করেই মূলত তৈরি হয়েছিল সাবেক কোচ পেপ গার্দিওলার সেই সোনালি যুগের ভিত্তি। গত মৌসুম শেষে সিটির দায়িত্ব ছাড়েন গার্দিওলা।

সিটির এই অনিয়মে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ক্লাবগুলোর একটি লিভারপুল। গত ১২ বছরে তিনবার তারা সিটির পেছনে থেকে দ্বিতীয় স্থানে শেষ করেছিল।

২৩ বছর বয়সী লিভারপুল সমর্থক মার্টিন রাইলি ম্যাচের আগে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এমন অনেক স্মৃতি ও মুহূর্ত রয়েছে যেগুলো আমরা আর কখনো ফিরে পাব না। ওদের সবচেয়ে কঠিন শাস্তিই হওয়া উচিত।’

সিটিকে তৃতীয় গোল এনে দেওয়ার পর রায়ান শেরকি

সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি পাহারায় অ্যানফিল্ডে পৌঁছায় সিটির টিম বাস। ২০১৮ সালের চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগে যেভাবে বাস লক্ষ্য করে বোতল ছোঁড়া হয়েছিল, এবার অবশ্য সেই সহিংস ঘটনার পুনরাবৃত্তি হয়নি।

তবে রাস্তা জুড়ে দাঁড়িয়ে সফরকারীদের ‘প্রতারক’ বলে স্লোগান দেয় অলরেড সমর্থকেরা। স্টেডিয়ামের বাইরের মার্চেন্ডাইজ স্টলগুলোতে সিটির আর্থিক কেলেঙ্কারি নিয়ে ব্যঙ্গাত্মক ফ্ল্যাগ ও স্কার্ফ বিক্রি হতে দেখা যায়। ঐতিহাসিক 'কপ' গ্যালারিতে টাঙানো একটি ব্যানার লেখা ছিল—‘একটি প্রজন্মের সব সমর্থকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।’

বিশ্বকাপে সবচেয়ে বেশি আক্রান্ত দল আর্জেন্টিনা

সাম্প্রতিক বছরগুলোতে গার্দিওলার সিটি আর ইয়ুর্গেন ক্লপের লিভারপুলের দ্বৈরথই ছিল প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় আকর্ষণ। পুরো বিশ্বের নজর ছিল এই ম্যাচের দিকে, কিন্তু মাঠের খেলায় সেই উত্তাপ ছড়াতে পারেনি লিভারপুল।

চোটের কারণে দমিনিক সোবোসলাই, অ্যালেক্সান্দার ইসাক ও কোডি গাকপোকে পাননি লিভারপুলের কোচ আন্দোনি ইরাওলা। অলরেডদের ডাগআউটে বসার পর এটিই স্প্যানিশ কোচের প্রথম হার।

সিটির দ্বিতীয় গোলটি জেরেমি ডোকুর

দ্বিতীয়ার্ধে সামান্য সময়ের জন্য ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল স্বাগতিকেরা। কিন্তু প্রিমিয়ার লিগে প্রথমবার শুরুর একাদশে সুযোগ পাওয়া লুইস কুমাসের প্রচেষ্টা দারুণভাবে রুখে দেন সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা।

এরপর গ্রাভেনবার্চ লাল কার্ড দেখার পর পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় সিটি। জেরেমি ডোকুর নেওয়া শট দিক পরিবর্তন হয়ে চলে যায় হলান্ডের পায়ে, নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। এর তিন মিনিট পরেই ব্যবধান ২-০ করেন ডোকু নিজেই। ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক বাঁকানো শটে বল জালে জড়ান এই বেলজিয়ান উইঙ্গার। এরপর ইয়োস্কো গাভার্দিওলের সঙ্গে দারুণ ওয়ান-টু খেলে আলিসন বেকারকে পরাস্ত করে ৩-০ গোলের জয় নিশ্চিত করেন শেরকি।

আর্জেন্টিনার মেসিকে কতটা জানেন আপনি

No comments:
Post a Comment